Showing posts with label maritime. Show all posts
Showing posts with label maritime. Show all posts

Monday, 19 September 2022

ইন্দোপ্যাসিফিকে চীনের সাথে দ্বন্দ্বে লজিস্টিক্যাল সমস্যায় পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১৯শে সেপ্টেম্বর ২০২২
 
ঠান্ডা যুদ্ধের পর থেকে গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের লজিস্টিকস ব্যবস্থা কার্যকারিতার দিকে ফোকাস না দিয়ে কম বাজেটে কম বিনিয়োগে কর্মসম্পাদনের দিকে মনোযোগী হয়েছে। এতে বিশ্বব্যাপী মার্কিন সামরিক বাহিনীকে সর্বনিম্ন খরচায় ছড়িয়ে ছিটিয়ে রাখা সম্ভব হয়েছে। কিন্তু বড় কোন শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নামলে এই লজিস্টিকস ব্যবস্থা কেমন কাজ করবে, তা প্রশ্নবিদ্ধ। বিশেষ করে মার্কিন সাপ্লাই ব্যবস্থা বেসামরিক সরবরাহকারীদের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হওয়ায় সেখানে নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি কঠিন হতে পারে।

বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির শ্রেষ্ঠত্বের পিছনে মূল কারণ হিসেবে সকলেই প্রযুক্তিকে ধরে নিলেও এখানে লজিস্টিকসের গুরুত্ব যে অপরিসীম, তা পশ্চিমা চিন্তাবিদদের কাছে অজানা নয়। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে সারা বিশ্বে জাহির করতে এবং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শতশত সামরিক ঘাঁটিকে বাস্তবিকভাবে কার্যক্ষম রাখতে লজিস্টিকসই মূল ভূমিকা রেখেছে। মার্কিন সামরিক শক্তির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো লজিস্টিকস। বাকি বিশ্বের চাইতে মার্কিনীদের অবস্থান এক্ষেত্রে বেশ কিছুটা অন্যরকম। কারণ মার্কিনীরা সারা দুনিয়াতে পুলিশম্যানের দায়িত্ব পালন করলেও তাকে সেটা করতে হচ্ছে নিজেদের দেশ থেকে হাজারো মাইল দূরে। নিজেদের দেশের দুই পাশে দুই মহাসাগর পরিবেষ্টিত হওয়ায় তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে সুসংহত করলেও সারা দুনিয়ার পুলিশম্যান হবার জন্যে তা অনেক বেশি চ্যালেঞ্জিং। হাজার মাইল দূরে গিয়ে নিজেদের সেনাদের লজিস্টিকসের সমস্যাগুলি মেটানো অত্যন্ত চ্যালেঞ্জিং এক ব্যাপার। আর সেই চ্যালেঞ্জ ঠান্ডা যুদ্ধের পর থেকে একভাবে মোকাবিলা করা সম্ভব হলেও এখন ‘গ্রেট পাওয়ার’ প্রতিযোগিতার বাস্তবতায়, বিশেষ করে ইন্দোপ্যাসিফিকে, নতুন করে সমস্যায় পড়তে যাচ্ছে।

লজিস্টিকসের বাস্তবতা

মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা মাইকেল ট্রিম্বল এবং ‘ইউনাইটেড এয়ারলাইন্স’এর কর্মকর্তা জোবি টার্নার ‘দ্যা স্ট্র্যাটেজি ব্রিজ’এর এক লেখায় বলছেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে লজিস্টিকসের কারণে বাকি দুনিয়ার সামরিক বাহিনী থেকে মার্কিনীরা এগিয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত কোরিয়া, ভিয়েতনাম এবং আফগানিস্তানে স্বল্প সময়ের জন্যে নিজেদের লজিস্টিকস সমস্যার মাঝে পড়লেও কোন শত্রু দীর্ঘ সময়ের জন্যে যুক্তরাষ্ট্রের সামরিক লজিস্টিকসকে সমস্যায় ফেলতে পারেনি। তবে তারা বলছেন যে, যুক্তরাষ্ট্রের এই সুবিধার কিছু দুর্বলতাও রয়েছে; যেগুলি অনেকেই আলোচনা করছেন না। এই দুর্বলতাগুলি সাম্প্রতিক সময়ে সামনে চলে এসেছে; বিশেষ করে করোনাভাইরাসের লকডাউন এবং এর পরবর্তী সাপ্লাই চেইন সমস্যা শুরুর পর থেকে। তারা বলছেন যে, মার্কিন সামরিক লজিস্টিকসের তিনটা প্রধান বাস্তবতার মাঝে একটা হলো মার্কিন সামরিক বাহিনী উৎপাদন থেকে শুরু করে পরিবহণ পর্যন্ত বেসামরিক সরবরাহকারীদের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল। এছাড়াও তারা আরও বলেন যে, দু’টা বাস্তবতা অনেকেই ভুলে যায়; যা কিনা যুদ্ধক্ষেত্রে জয়পরাজয় নির্ধারণ করে ফেলতে পারে। প্রথমতঃ লজিস্টিকস হলো বাস্তবিকপক্ষে এমন কিছু বস্তুর সরবরাহ, যা কিনা দেখা যায়, শোনা যায় এবং অনুভব করা যায়। অর্থাৎ সামরিক বাহিনীকে যুদ্ধক্ষেত্রে বাঁচিয়ে রাখতে হলে তাদের হাতে সরবরাহ পৌঁছে দিতে হবে; যা সৈন্যরা ব্যবহার করবে। দ্বিতীয়তঃ লজিস্টিকসের মূল বিষয় হলো মানুষের জন্যে সরবরাহ। যদিও সৈন্যরা যুদ্ধ করার জন্যে অস্ত্রসস্ত্র ব্যবহার করে, তথাপি মানুষ হিসেবে তারা খাদ্য, বস্ত্র এবং অন্যান্য চাহিদার উপর নির্ভরশীল; যেগুলি সরবরাহ না করতে পারলে সৈন্যরা যুদ্ধ করতে পারবে না; এমনকি শত্রুর বুলেটের আঘাত ছাড়াও মারা যেতে পারে। তবে যে প্রকারের সরবরাহই হোক না কেন, মার্কিনীরা অভ্যস্ত হয়ে গেছে যে, তাদের সাপ্লাই ব্যবস্থার উপর কেউ আক্রমণ করবে না। মূলতঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিনীরা যেসকল শত্রুর মোকাবিলা করেছে, তাদের কেউই যুক্তরাষ্ট্রের লজিস্টিক্যাল ব্যবস্থার উপর হামলা করার মতো সক্ষম ছিল না। আর বেসামরিক সরবরাহকারীদের উপর নির্ভরশীল এই লজিস্টিকস ব্যবস্থা শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্যে মোটেই প্রস্তুত নয়।

ইন্দোপ্যাসিফিকে নতুন চিন্তা এবং লজিস্টিকসের নতুন চ্যালেঞ্জ

মার্কিন ম্যারিন কোরের ‘ফোর্স ডিজাইন ২০৩০’এর মূল চিন্তাটা হলো বাহিনীকে ইন্দোপ্যাসিফিকের দ্বীপগুলিতে ছড়িয়ে ছিটিয়ে দেয়া, যাতে করে চীনারা তাদের ক্ষেপণাস্ত্রের বহর ব্যবহার করে কোন বড় আকারের ক্ষতি করতে না পারে। অর্থাৎ বাহিনী ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যাবার ফলে তাদের সম্ভাব্য ক্ষয়ক্ষতিও হবে কম। মার্কিন বন্ধুদের হাতে থাকা সেই দ্বীপগুলিকে ব্যবহার করে মার্কিনীরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে চীনাদের সামরিক টার্গেটে আঘাত হানতে পারবে। তবে ম্যারিন কোরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে ফেললে প্রতিটা গ্রুপকে ভালোমতো সরবরাহ করাটা খুবই কঠিন কাজ হয়ে যেতে পারে বলে অনেকেই বলছেন। ‘দ্যা ইউরেশিয়ান টাইমস’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, বাহিনীকে ছড়িয়ে দেয়ার এই চিন্তাটায় যুদ্ধক্ষেত্র থেকে যুক্তরাষ্ট্রের দূরত্বের ব্যাপারটা চিন্তা করা হয়নি। পেন্টাগনের জন্যে ‘দ্যা র‍্যান্ড কর্পোরেশন’এর করা ভার্চুয়াল যুদ্ধ মহড়ায় মার্কিন এবং তাইওয়ানি বাহিনী চীনাদের সাথে পুরোপুরিভাবে হেরেছে। এর কারণ হলো চীনারা কাছাকাছি হবার কারণে তাদের মূল ভূখন্ড থেকে সাপ্লাই নিয়ে এসে তাদের ক্ষতিগুলিকে দ্রুতই পুষিয়ে উঠতে পেরেছে; যা কিনা মার্কিনীরা পারেনি। এখানে মূল সমস্যা হলো, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে দূরবর্তী একটা যুদ্ধক্ষেত্রে অনায়াসে সরবরাহ পাঠানো কঠিন হয়ে যেতে পারে।
 
ম্যারিনদের পরিকল্পনার মূলে রয়েছে ছোট জাহাজ দ্বারা সরবরাহের প্রাপ্তি। জাপান, কোরিয়া এবং ফিলিপাইনের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন দ্বীপগুলিকে যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারবে; যেখানে মার্কিনীরা আগে থেকেই বিভিন্ন সাপ্লাই জমা করে রাখবে। মার্কিন সামরিক রসদ সরবরাহকারী জাহাজগুলি চীনা ক্ষেপণাস্ত্রের পাল্লার মাঝে এসে কিভাবে তাদের মালামাল নামাবে, তা চিন্তার বিষয়।

মার্কিন থিঙ্কট্যাঙ্ক ‘দ্যা স্টিমসন সেন্টার’এর এক আলোচনায় মার্কিন ম্যারিন কোরের উপপ্রধান জেনারেল এরিক স্মিথ বলেন যে, ইন্দোপ্যাসিফিকে যুক্তরাষ্ট্রের লজিস্টিক্যাল চ্যালেঞ্জগুলি হলো বাজে ধরণের গোপন জিনিস, যেগুলি নিয়ে কেউই কথা বলতে ইচ্ছুক নয়। এখানে মূল চ্যালেঞ্জ হলো দৌড়ে পিছিয়ে পড়া। এই মুহুর্তে মার্কিন ম্যারিন কোরের যুদ্ধ পরিকল্পনা বাস্তবায়নের জন্যে যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট লজিস্টিক্যাল সক্ষমতা নেই। ম্যারিনরা এখন বিশাল জাহাজগুলি সাপ্লাই দিয়ে ভরার জন্যে ৩০ দিন অপেক্ষা করতে পারবে না। ম্যারিনদের পরিকল্পনার মূলে রয়েছে ছোট জাহাজ দ্বারা সরবরাহের প্রাপ্তি। জাপান, কোরিয়া এবং ফিলিপাইনের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন দ্বীপগুলিকে যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারবে; যেখানে মার্কিনীরা আগে থেকেই বিভিন্ন সাপ্লাই জমা করে রাখবে। তবে এই দ্বীপগুলিতে মার্কিন ম্যারিন কোরের সহায়তায় জাহাজ ধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েনের যে পরিকল্পনা তাদের রয়েছে, সেটা বাস্তবায়ন এখনই সম্ভব নয়। আর মার্কিন সামরিক রসদ সরবরাহকারী জাহাজগুলি চীনা ক্ষেপণাস্ত্রের পাল্লার মাঝে এসে কিভাবে তাদের মালামাল নামাবে, তা চিন্তার বিষয়।

মার্কিন বন্ধুদের কাছ থেকে লজিস্টিক্যাল সহায়তা নেয়ার চিন্তাগত চ্যালেঞ্জ

ম্যারিন কোর পরিকল্পনা করছে যে, অস্ত্র ও গোলাবারুদ বাদে বাকি সাপ্লাইগুলি তারা মার্কিন বন্ধু দেশগুলির থেকেই নেয়ার ব্যবস্থা করবে। এটা মার্কিনীদের অনেকেই পছন্দ না করলেও জেনারেল এরিক স্মিথ বলছেন যে, এর মাধ্যমে দূরবর্তী সাপ্লাই চেইনের উপরে নির্ভরশীলতা কমবে। এই পরিকল্পনার মাঝে রয়েছে ‘লাইট এম্ফিবিয়াস ওয়ারশিপ’ বা ‘এলএডব্লিউ’ নামের ছোট উভচর জাহাজ, যেগুলি ৮০ থেকে ১’শ জনের ছোট গ্রুপে ম্যারিন সেনাদের বিভিন্ন দ্বীপে নামিয়ে দিতে পারবে এবং তাদেরকে সেখানে সকল ধরণের সরবরাহ দেবে। যেখানে মার্কিনীরা যুদ্ধ করবে, সেখান থেকে যতটুকু সম্ভব সাপ্লাই যোগাড় করার চিন্তাটা নতুন নয়। তবে এর পক্ষে যুক্তরাষ্ট্রে জনমতের কিছুটা অভাব রয়েছে।

মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন জেনারেল কার্টার বি ম্যাগ্রুডার তার ‘রিকারিং লজিস্টিক প্রবলেমস, এজ আই হ্যাভ অবজার্ভড দেম’ বইতে যুদ্ধক্ষেত্র থেকে মার্কিনীদের সাপ্লাই যোগাড় করার শিক্ষাগুলির কথা বর্ণনা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালে ব্রিটিশদের অনুকরণে মার্কিনীরা ইতালিয় সরবরাহকারী এবং ইঞ্জিনিয়ারদেরকে ব্যবহার করে রেললাইন এবং সেতু নির্মাণ করেছিল। এরপর কোরিয়া যুদ্ধের সময় মার্কিনীরা কোরিয় মাছের হ্যাচারি থেকে বিপুল পরিমাণে মাছ কেনে। আর একই সময়ে জাপানিরা মার্কিনীদের জন্যে বিপুল পরিমাণে হার্ডওয়্যার যন্ত্রপাতি ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’এর মাধ্যমে তৈরি করে দিয়ে সময় এবং খরচ বাঁচিয়ে দেয়। ভিয়েতনাম যুদ্ধের সময়েও জাপানিদের এই সহায়তা অব্যহত ছিল। জেনারেল ম্যাগ্রুডার বলছেন যে, যুক্তরাষ্ট্রে অন্যান্য দেশ থেকে সাপ্লাই নেবার ব্যাপারে ভিন্ন মতামত রয়েছে। ব্রিটিশরা নিজেদের দেশে সম্পদের অভাবের কারণে উপনিবেশের সম্পদের উপর নির্ভর করেছে। কিন্তু মার্কিনীরা নিজস্ব সম্পদের উপর নির্ভরশীল থাকার কারণে অন্য কারুর সম্পদ ব্যবহারে খুব একটা আগ্রহী ছল না। অনেক মার্কিনীই মনে করে যে, যুক্তরাষ্ট্র ছাড়া বাকিদের পণ্য নিম্নমানের। তবে এই যুক্তি যথেষ্টই দুর্বল হয়ে যায়, যখন জাপান এবং কোরিয়া মার্কিনীদেরকে সরবরাহ করতে গিয়ে মার্কিন স্ট্যান্ডার্ড অনুযায়ী বিভিন্ন জিনিস উৎপাদন করতে শুরু করে।

 
ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে লজিস্টিকস কিভাবে চলবে, সেটার একটা কাঠামো বিদ্যমান। দু’জায়গাতেই সম্ভাব্য যুদ্ধক্ষেত্র মূলতঃ স্থলে। যেকারণে সেনাবাহিনী সেই অঞ্চলের কমান্ডে থাকে। একইসাথে যুক্তরাষ্ট্র থেকে সাপ্লাই আসার পর সেটা বন্টনের দায়িত্ব সেনাবাহিনীই নিয়ে নেয়। কিন্তু ইন্দোপ্যাসিফিকে সমস্যা হলো, এখানকার বেশিরভাগ এলাকাই সমুদ্র। তাই স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব নৌবাহিনীর নেয়ার কথা। কিন্তু ইন্দোপ্যাসিফিকের মাঝে এই সাপ্লাই বন্টনের দায়িত্ব নৌবাহিনীকে যেমন দেয়া হয়নি; তেমনি যুদ্ধের সময়ে সেটা কিভাবে কাজ করবে, সেটা নিয়েও কেউই মাথা ঘামায়নি।

মার্কিন সামরিক বাহিনীর লজিস্টিকসের সংস্কৃতির চ্যালেঞ্জ

মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক্যাল কর্মকর্তা এবং সেনাবাহিনীর একাডেমিতে শিক্ষক ক্যাপ্টেন ফ্রেড ব্রাউন ‘ওয়েস্ট পয়েন্ট’ একাডেমির ‘মডার্ন ওয়ার ইন্সটিটিউট’এর এক লেখায় বলছেন যে, মার্কিন সেনাবাহিনীতে কয়েকটা সংস্কৃতিগত সমস্যা রয়েছে; যা কিনা লজিস্টিকসকে সর্বদা সমস্যায় জর্জরিত রাখছে। প্রথমতঃ শান্তির সময়ে লজিস্টিকসের জনবলের ট্রেনিংএর জন্যে সময় বের করা যায় না; কাজেই লজিস্টিকসের কোন মহড়া হয় না। কারণ তখন বিভিন্ন ফর্মেশন কমান্ডাররা লজিস্টিকসের মহড়ার চাইতে তাদের যুদ্ধক্ষেত্রের মহড়াকেই প্রাধান্য দিয়ে থাকেন। এর ফলস্বরূপ যখন হঠাৎ করেই সেনাবাহিনীকে কোথাও মোতায়েন করা হয়, তখন লজিস্টিকস ইউনিটগুলি একেবারেই অপ্রস্তুত থাকে। দ্বিতীয়তঃ লজিস্টিকসের ক্ষেত্রে চাহিদা নির্ধারিত হয় কতটুকু স্টক অবশিষ্ট আছে সেটার উপর ভর করে। ফর্মেশন কমান্ডাররা বেশিরভাগ ক্ষেত্রেই স্টক ফুরাবার অনেক আগেই নতুন করে সাপ্লাইএর অর্ডার দিয়ে বসেন এবং সেগুলি ঐ মুহুর্তেই ডেলিভারি প্রত্যাশা করেন। শুধু তাই নয়, লজিস্টিকস অফিসাররা সাধারণতঃ হয় ফর্মেশনের কমান্ডারের অধীনে জুনিয়র অফিসার। কাজেই চাহিদার ব্যাপারটা কোন প্রশ্ন না করেই তাকে বাস্তবায়নে ব্যস্ত থাকতে হয়। ফর্মেশন কমান্ডাররা লজিস্টিকসের অফিসারদের সাথে কথা বলে তাদের চাহিদা ঠিক করেন না কখনোই। যেকারণে সাপ্লাইয়ের যে অংশটা স্টকে ঘাটতি পড়েছে, যা জানা যায় ঠিকই; কিন্তু কোন অংশ যদি অতিরিক্ত রয়ে যায়, তাহলে সেটা আর জানা সম্ভব হয় না এবং তা অব্যবহৃত থাকে। তৃতীয়তঃ লজিস্টিকস যে সর্বদাই শত্রুর আক্রমণ ছাড়াই নির্বিঘ্নে চলতে পারবে তা কিন্তু নয়। ভিয়েতনাম যুদ্ধের সময়ে মার্কিন সেনা সদস্যরা যুদ্ধক্ষেত্রেই নিজেদের চেষ্টায় তাদের ট্রাকগুলিকে বর্মাবৃত করেছিল এবং সেগুলির উপর অস্ত্র বসিয়েছিল সাপ্লাই মিশনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে। কিন্তু সেই শিক্ষাগুলি সেনাবাহিনী নেয়নি। ২০০৩ সালে ইরাকে ৫০৭তম মেইনটেন্যান্স কোম্পানির গাড়ি বহরে হামলায় ১১ জন সেনা নিহত হয়েছিল। সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র থেকে যা শেখে, তা শান্তিকালীন সময়ে ভুলে যায়। সামনের দিনগুলিতে লজিস্টিকসের উপর শত্রুর হামলা হলে আবারও বিপদে পড়তে হতে পারে। চতুর্থতঃ নতুন কোন প্রযুক্তি আসার সাথেসাথেই সেনাবাহিনী সেটা বাহিনীর অন্তর্গত করতে উঠেপড়ে লেগে যায়। কেউই চিন্তা করে না যে, সেটা কতটুকু ব্যবহার করা সম্ভব হবে। যেকারণে কিছুদিন পরেই নতুন প্রযুক্তি ব্যবহারে সকলেই বিমুখ হয়ে পড়ে এবং একসময় সেটা সকলেই ভুলে যায়। নতুন প্রযুক্তি গ্রহণ করার ক্ষেত্রে ফর্মেশনগুলি বেশ ভালো করে। কিন্তু লজিস্টিকস ইউনিটগুলির নতুন প্রযুক্তির ব্যাপারে ট্রেনিং নেয়ার সময়ও নেই। আর ফর্মেশন কমান্ডাররাও কখনোই চান না যে লজিস্টিকসের জনবল ট্রেনিংএ ব্যস্ত থাকুক। অথবা যখন তারা ট্রেনিংএ ব্যস্ত থাকবে, তখন তাদের জন্যে অতিরিক্ত জনবলের ব্যবস্থা করার ব্যাপারেও কেউই ইচ্ছুক নয়। কারণ এতে করে ফর্মেশনগুলিতেই জনবলের সংকট হতে পারে।

ইন্দোপ্যাসিফিকে লজিস্টিকসের কাঠামোগত সমস্যা

মার্কিন থিঙ্কট্যাঙ্ক ‘দ্যা র‍্যান্ড কর্পোরেশন’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, মার্কিনীরা ইন্দোপ্যাসিফিকে লজিস্টিকসের ব্যাপারে তেমন কোন চিন্তা করেনি। বিশেষ করে ইন্দোপ্যাসিফিক অঞ্চলের ভেতরে এক স্থান থেকে অন্য স্থানে সাপ্লাই কিভাবে নেয়া হবে, তা নিয়ে কেউই চিন্তা করেনি। মূল সমস্যাটা শুরু হয় কৌশলগত সাপ্লাই পৌঁছাবার পর। কৌশলগত সাপ্লাই হলো যেগুলি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিশ্বের বিভিন্ন স্থানে জাহাজে বা বিমানে করে পৌঁছায়। সেখান থেকে ঐ অঞ্চলের বাকি এলাকাগুলিতে সেই সাপ্লাই কি করে পৌঁছাবে, সেখানেই চ্যালেঞ্জ। ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে লজিস্টিকস কিভাবে চলবে, সেটার একটা কাঠামো বিদ্যমান। দু’জায়গাতেই সম্ভাব্য যুদ্ধক্ষেত্র মূলতঃ স্থলে। যেকারণে সেনাবাহিনী সেই অঞ্চলের কমান্ডে থাকে। একইসাথে যুক্তরাষ্ট্র থেকে সাপ্লাই আসার পর সেটা বন্টনের দায়িত্ব সেনাবাহিনীই নিয়ে নেয়। কারণ ভূমির উপর দিয়ে পরিবহণ করতে গেলে সেটা রেলগাড়ি বা ট্রাকের মাধ্যমে করতে হবে; যা কিনা সেনাবাহিনীর দায়িত্বের মাঝে পড়ে। কিন্তু ইন্দোপ্যাসিফিকে সমস্যা হলো, এখানকার বেশিরভাগ এলাকাই সমুদ্র। তাই স্বাভাবিকভাবেই সেই দায়িত্ব নৌবাহিনীর নেয়ার কথা। কিন্তু ইন্দোপ্যাসিফিকের মাঝে এই সাপ্লাই বন্টনের দায়িত্ব নৌবাহিনীকে যেমন দেয়া হয়নি; তেমনি যুদ্ধের সময়ে সেটা কিভাবে কাজ করবে, সেটা নিয়েও কেউই মাথা ঘামায়নি। যদি সেখানে লজিস্টিকসের জন্যে ব্যবহার করা জাহাজের দায়িত্ব সেনাবাহিনীর হাতেও দেয়া হয়, সেটাও তো নির্দিষ্ট করেই দিতে হবে। নৌবাহিনী মূলতঃ যুক্তরাষ্ট্র থেকে সাপ্লাই কিভাবে ইন্দোপ্যাসিফিকে আসবে, সেটা নিয়ে কাজ করছে। কিন্তু সেই সাপ্লাইয়ের বন্টনের ক্ষেত্রে কে বেশি গুরুত্ব পাবে, সেটা নির্দিষ্ট নয়। যেমন, বিমান বাহিনী সাধারণতঃ সাপ্লাইয়ের একটা বড় অংশ পায়। বিমান বাহিনীর সাপ্লাইগুলি কে কিভাবে বন্টন করবে? ইন্দোপ্যাসিফিকে নিজেদের সাপ্লাই কতটা প্রয়োজন, সেটা কেউই যেমন সংগঠিতভাবে হিসেব করতে পারছে না, তেমনি কে সাপ্লাইয়ের কতটা পাবে, সেটার ব্যাপারেও কোন কনসেপ্ট নেই।

 
৪৬টা জাহাজ রয়েছে পরিবহণ দপ্তরের ‘ম্যারিটাইম এডমিনিস্ট্রেশন’ বা ‘মারাড’এর অধীনে। এগুলি অনেক ক্ষেত্রেই ৩০ বছরের বেশি পুরোনো। 'মারাড' একটা মহড়া দিয়েছিল পরীক্ষা করার জন্যে যে, হঠাত করে নির্দেশ দিলে কয়টা পরিবহণ জাহাজ সমুদ্রে যেতে পারে। এর ফলাফল ছিল খুবই খারাপ। মাত্র ৪০ শতাংশ জাহাজ সমুদ্রে যেতে সক্ষম হয়েছিল।

মার্কিনীদের সমুদ্র পরিবহণের সংকট

মার্কিন থিঙ্কট্যাঙ্ক ‘দ্যা সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড বাজেটারি এসেসমেন্টস’ বা ‘সিএসবিএ’র ২০২০ সালের এক প্রতিবেদনে বলা হয় যে, যুক্তরাষ্ট্রের পুরো ম্যারিটাইম শিল্পের অবস্থা খুবই খারাপ পর্যায়ে রয়েছে। একদিকে যেমন যুক্তরাষ্ট্রের নিজস্ব মালিকানায় থাকা পরিবহণ জাহাজগুলির অবস্থা সঙ্গীন, অপদিকে বেসরকারি শিপইয়ার্ডগুলি, যারা জাহাজ তৈরি করার অর্ডার পাচ্ছে, তাদের অবস্থাও ভালো নয়। এছাড়াও যারা এই পরিবহণ জাহাজগুলি পরিচালনা করবে, তারাও খুব ভালো নেই। যুক্তরাষ্ট্রকে যদি কোন বড় আকারের সামরিক মিশনে যেতে হয়, তাহলে মার্কিন জাহাজগুলি পেন্টাগনের রসদপাতি এবং জ্বালানি পরিবহণের চাহিদা পূরণে সক্ষম হবে না। এই মুহুর্তে যুক্তরাষ্ট্র যদি কোন সংঘাতে জড়ায়, তাহলে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ড থেকে মালামাল পরিবহণ করতে হবে দুই সংস্থার জাহাজে; ৪৬টা জাহাজ, যা কিনা পরিবহণ দপ্তরের ‘ম্যারিটাইম এডমিনিস্ট্রেশন’ বা ‘মারাড’এর অধীনে; আর ১৫টা জাহাজ, যা কিনা ‘মিলিটারি সীলিফট কমান্ড’ বা ‘এমএসসি’র অধীনে। দ্বিতীয় ধাপে মালামাল নেয়ার জন্যে ওয়াশিংটনকে নির্ভর করতে হবে মার্কিন মালিকানায় থাকা বেসরকারি পরিবহণ জাহাজের উপরে। এছাড়াও বিদেশী জাহাজও মার্কিন সরকার চার্টার করতে পারে।

মার্কিন সরকারের অধীনে থাকা জাহাজগুলি অনেক ক্ষেত্রেই ৩০ বছরের বেশি পুরোনো। আর এদের ক্রুরাও অনেক ক্ষেত্রেই বয়সের ক্ষেত্রে তরুণ নয়। সকল জাহাজ একত্রে চালাতে গেলে লোকবল বর্তমানে ২ হাজার কম রয়েছে। এছাড়াও শিপইয়ার্ডগুলিতেও সক্ষমতার ব্যাপক অভাব রয়েছে। মার্কিন মালিকায়া থাকা বেসরকারি জাহাজের সংখ্যাও কমে গেছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয় সরকারের কর নীতি, বিদেশী শিপিং লাইনের সাথে পেরে না ওঠা এবং পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি। ২০২০এর জানুয়ারিতে ‘মারাড’এর কর্মকর্তা প্রাক্তন রিয়ার এডমিরাল মার্ক বুজবি এক সিম্পোজিয়ামে বলেন যে, তারা একটা মহড়া দিয়েছিলেন পরীক্ষা করার জন্যে যে, হঠাত করে নির্দেশ দিলে কয়টা পরিবহণ জাহাজ সমুদ্রে যেতে পারে। এর ফলাফল ছিল খুবই খারাপ। মাত্র ৪০ শতাংশ জাহাজ সমুদ্রে যেতে সক্ষম হয়েছিল। এছাড়াও ‘সিএসবিএ’র প্রতিবেদনে বলা হয় যে, সরকারি সকল জাহাজ কার্যকর করা গেলেও আরও ৫ লক্ষ বর্গফুট জায়গার ঘাটতি থাকবে, যা কিনা মার্কিন বা বিদেশী বেসরকারি জাহাজ দিয়ে পুরণ করতে হবে। এছাড়াও নিজেদের বাহিনীর জন্যে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করতে যত জাহাজ প্রয়োজন, তার মাঝে মাত্র ১০ শতাংশ এখন মার্কিন সরকারের কাছে রয়েছে। পেন্টাগনকে আরও ৭৬টা জ্বালানিবাহী ট্যাংকার জাহাজ চার্টার করতে হবে। আর এই পরিস্থিতি আরও খারাপ হবে; কারণ এক দশকের মাঝেই সরকারি বেশিরভাগ জাহাজ রিটায়ার করিয়ে দিতে হবে। আর ম্যারিন কোর সামনের দিনে যে নতুন নীতির দিকে এগুচ্ছে, তাতে জ্বালানি আরও বেশি প্রয়োজন হবে। এর সমাধান হিসেবে প্রতিবেদনে মার্কিন সরকারকে আরও জাহাজ কেনার এবং মার্কিন মালিকানায় আরও বেসরকারি জাহাজ আনার ব্যবস্থা করতে বলা হয়।

‘ডিফেন্স নিউজ’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় সকল রসদপাতি পরিবহণ করতে ৩’শ জাহাজের পাঁচ মাস লেগেছিল। শুধু তাই নয়, এরপরেও বহু অভিযোগ ছিল। ‘আমেরিকান সোসাইটি অব নেভাল ইঞ্জিনিয়ার্স’এর এক অনুষ্ঠানে কংগ্রেসম্যান রব উইটম্যান বলেন যে, এই মুহুর্তে তাইওয়ান ইস্যুতে কোন জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্র হয়তো প্রথম ধাপে দ্রুত রসদপাতি ইন্দোপ্যাসিফিকে নিয়ে যেতে পারবে। কিন্তু জাহাজের সংখ্যা এবং বয়সের কারণে পরের ধাপে রসদ পাঠানো খুবই কঠিন হয়ে যাবে। চীনকে মোকাবিলায় অনেক কিছুকেই গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু লজিস্টিকসকে একেবারেই আমলে নেয়া হয়নি। অপরদিকে নৌবাহিনী যখন পুরোনো জাহাজ কেনার কথা বলছিল, সেখানেও ছিল অনেক সমস্যা। যেমন, বেসামরিক জাহাজ, যেগুলিতে গাড়ি বহণ করা হয়, সেগুলির ভেতরে প্রায় অর্ধেক জায়গাতেই সামরিক গাড়ি বহণ করা যায় না। কারণ হয় ডেকগুলি সামরিক ভাড়ি গাড়ি বহণের জন্যে যথেষ্ট মজবুত নয়; অথবা ছাদ অতিরিক্ত নিচু; অথবা গাড়ি ঘোরাবার স্থান খুব কম; অথবা গাড়ি ওঠানামার জন্যে র‍্যাম্পগুলি খুবই খাড়া। শুধু তাই নয়, পুরোনো জাহাজগুলিকে যেকোন সময় দরকারে ডাকার জন্যে সরকার ১৮ বছর ধরে বেসারকারি কোম্পানিকে প্রতি বছর ৫ মিলিয়ন ডলার করে অর্থায়ন করে এবং এরপর তারা সেগুলিকে পুরোপুরি কিনে ফেলে। এই সমস্যাগুলিকে মাথায় রেখেই গত জুন মাসে মার্কিন কংগ্রেস ২০২৩ সাল থেকে ১০টা নতুন জাহাজ মার্কিন শিপইয়ার্ডগুলিতে তৈরি করার জন্যে বিল পাস করেছে। একেকটা জাহাজে দেড় লক্ষ বর্গফুট জায়গা থাকবে এবং একেকটা জাহাজের জন্যে খরচ হবে প্রায় ৩’শ ৩০ মিলিয়ন ডলার। একটা শিপইয়ার্ড কাজ করলে বছরে একটা করে জাহাজ ডেলিভারি দেবে। আর সকল শিপইয়ার্ড একত্রে কাজ করলে ১৫ বছরে ৪০টা জাহাজ তৈরি সম্ভব। তবে সেখানে কংগ্রেসের কাছ থেকে অর্থায়ন এখনও নিশ্চিত নয়। অপরদিকে পুরোনো জাহাজ কিনতে গিয়ে একেকটা জাহাজে খরচ হচ্ছে ৪৫ মিলিয়ন ডলার। কংগ্রেসম্যান উইটম্যান মনে করছেন যে, শেষ পর্যন্ত কিছু নতুন এবং কিছু পুরাতন জাহাজ কিনেই হয়তো সমস্যার সমাধান করা সম্ভব।

যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

‘নিকেই এশিয়া’র এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর মনে করছে যে, এশিয়াতে মার্কিন সামরিক বাহিনীকে জ্বালানি ও রসদ সরবরাহের ক্ষেত্রে বিরাট ঘাটতি রয়েছে। গত এপ্রিল মাসে কংগ্রেসের কাছে দেয়া ‘প্যাসিফিক ডিটারেন্স ইনিশিয়েটিভ’ বা ‘পিডিআই’এর অধীনে এক প্রকল্প পরিকল্পনায় বলা হচ্ছে যে, ইন্দোপ্যাসিফিকে কোনপ্রকার যুদ্ধাবস্থার মাঝে সামরিক বাহিনীকে সাপ্লাই দিয়ে কর্মক্ষম রাখা কঠিন হবে। ‘পিডিআই’এর অধীনে পেন্টাগন ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে পাঁচ বছরের মাঝে ২৭ বিলিয়ন ডলার ব্যয় করতে চাইছে; যার মাঝে ১ বিলিয়ন ডলার রাখা হয়েছে লজিস্টিকসের জন্যে। যেকোন যুদ্ধের মাঝে চীনারা ইন্দোপ্যাসিফিকে মার্কিন সামরিক সাপ্লাই আসতে বাধা দেবে। মার্কিন পরিবহণ এবং ট্যাঙ্কার বিমানগুলি নিঃসন্দেহে চীনাদের আক্রমণের শিকার হবে। প্রতিবেদনে বলা হয় যে, একারণে আগে থেকেই অত্র এলাকায় রসদপাতি, জ্বালানি, মেডিক্যাল দ্রব্যাদি এবং খাবার যথেষ্ট পরিমাণে মজুদ করে রাখতে হবে। জাপানের টোকিও এবং ইওয়াকুনির কাছে মার্কিন ঘাঁটিগুলিতে যথেষ্ট পরিমাণে জেট ফুয়েল মজুদের কথা বলা হয়েছে। এগুলি জ্বালানিবাহী জাহাজ পৌঁছাবার আগ পর্যন্ত কাজে লাগবে।

যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে, চীনাদেরকে সময় দিলে তারা সামনের দিনগুলিতে যুক্তরাষ্ট্রকে শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, সামরিক দিক থেকেও অতিক্রম করে যাবে। একারণেই চীনারা প্রস্তুত হবার আগেই যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। লজিস্টিকস কোন ‘গ্ল্যামারাস’ কাজ নয়; তাই কেউই এটার পিছনে সময় ব্যয় করতে ইচ্ছুক নয়। কিন্তু এই ব্যাপারটাকে কম গুরুত্ব দিয়ে দেখার কোন সুযোগই নেই। ইতিহাসে জয়ের পিছনে লজিস্টিকস ভালো থাকার অনেক উদাহরণ রয়েছে। তবে লজিস্টিকসের জন্যেই কেউ জিতেছে, তেমনটা হয়তো কেউ দেখাতে পারবে না। তথাপি লজিস্টিকস ভালো না থাকার কারণে হারতে হয়েছে, এমন উদাহরণ রয়েছে বহু। ‘দ্যা র‍্যান্ড কর্পোরেশন’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ঠান্ডা যুদ্ধের পর থেকে গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের লজিস্টিকস ব্যবস্থা কার্যকারিতার দিকে ফোকাস না দিয়ে কম বাজেটে কম বিনিয়োগে কর্মসম্পাদনের দিকে মনোযোগী হয়েছে। এতে বিশ্বব্যাপী মার্কিন সামরিক বাহিনীকে সর্বনিম্ন খরচায় ছড়িয়ে ছিটিয়ে রাখা সম্ভব হয়েছে। কিন্তু বড় কোন শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নামলে এই লজিস্টিকস ব্যবস্থা কেমন কাজ করবে, তা প্রশ্নবিদ্ধ। বিশেষ করে মার্কিন সাপ্লাই ব্যবস্থা বেসামরিক সরবরাহকারীদের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হওয়ায় সেখানে নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি কঠিন হতে পারে। মার্কিন সামরিক বাহিনী চিন্তাগত, সংস্কৃতিগত, কাঠামোগত এবং জাহাজের সংখ্যার সমস্যাগুলিকে কতটা শুধরে নিতে পারবে, তা নিশ্চিত করে বলা না গেলেও যে ব্যাপারটা নিশ্চিত তা হলো, মার্কিনীদের কাছে এখন নিজেদের প্রস্তুতি নয়, বরং চীনের সাথে প্রস্তুতির প্রতিযোগিতার দৌড় এবং সেই দৌড়ের টাইমলাইন বেশি গুরুত্বপূর্ণ। ঘড়ির কাঁটা দ্রুত সংঘাতের দিকেই এগুচ্ছে।



সূত্রঃ

‘Asymmetric Advantage or Achilles Heel: Logistics in the U.S. Military’ by Michael Trimble and Jobie Turner, in The Strategy Bridge, 14 June 2022

‘America’s ‘Dirty Secret’- USMC General Admits ‘Wicked’ Logistics Problems In Western Pacific To Battle China’ in The Eurasian Times, 19 June 2022

‘The Four Logistics Dilemmas Awaiting the Army on the Modern Battlefield’ by Captain Fred Brown in Modern War Institute at West Point, 29 November 2018

‘The Problem of Intra-Theater Lift: Moving Things Around in the Pacific Area of Responsibility’ in The RAND Corporation, 06 September 2022

‘Lethal and Effective: Marine Corps Force Design 2030 and U.S. – Japan Defense Cooperation’ in The Henry L Stimson Center, 16 June 2022

‘Recurring Logistic Problems: As I have Observed Them’ by General Carter B Magruder, 1991

‘Military and Defense-Related Supply Chains’ in The RAND Corporation, 22 June 2021

‘U.S. lacks Asian logistics support for armed conflict: Pentagon’ in Nikkei Asia, 04 May 2022

‘Report: U.S. Sealift Lacks Personnel, Hulls, National Strategy’ in USNI News, 14 February 2020

‘House defense bill calls for US-built ships to modernize strategic sealift fleet’ in Defense News, 24 June 2022

Thursday, 4 July 2019

ভারত মহাসগরে একা হয়ে যাচ্ছে চীন


চীনের ৮০ শতাংশ জ্বালানি তেলের সরবরাহ ভারত মহসাগর দিয়ে আশা-যাওয়া করে। চীনের ‘বেল্ট-এন্ড-রোড’ পরিকল্পনাকে হুমকি ভেবেই ভারত, যুক্তরাষ্ট্র এবং সমমনা অন্যান্য রাষ্ট্রগুলি ভারত মহাসাগরে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে।
৪ঠা জুলাই ২০১৯

ভারত মহাসাগরে বিভিন্ন দেশের নৌবাহিনীর মহড়া বেড়েই চলেছে। গত ১৭ থেকে ২৫শে মে বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হয়ে গেল নৌ-মহড়া ‘লা পেরৌজি’; যাতে অংশ নেয় ফ্রান্স, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের মোট ৬টা যুদ্ধজাহাজ। মহড়ার বিষয়বস্তুর মাঝে সাবমেরিন-ধ্বংসী এবং বিমান-ধ্বংসী সক্ষমতার পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল। মহড়ার নেতৃত্ব ছিল ফ্রান্সের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘শার্ল দ্য গল’এর কাছে। জাপানের শক্তিশালী ফ্লোটিলার অংশ ছিল হেলিকপ্টার ক্যারিয়ার ‘ইজুমো’ এবং ডেস্ট্রয়ার ‘মুরাসামে’। অস্ট্রেলিয়া থেকে ফ্রিগেট ‘টুঊম্বা’ এবং সাবমেরিন ‘কলিন্স’ অংশ নেয়। যুক্তরাষ্ট্র থেকে অংশ নেয় ডেস্ট্রয়ার ‘উইলিয়াম পি লরেন্স’। ‘ফ্রি এন্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ ধারণাকে প্রতিষ্ঠা করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছিল। ‘ফ্রি’ এবং ‘ওপেন’ বলতে যে চীনের প্রভাবমুক্ততাকেই বোঝানো হয়েছে, সেব্যাপারে বিশ্লেষকেরা মোটামুটি একমত। মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার ভাইস এডমিরাল ফিল সইয়ার বলেন যে, এই মহড়ার মাধ্যমে বোঝা যায় যে, তারা ইন্দো-প্যাসিফিকের যেকোন স্থানেই অপারেট করতে সক্ষম। একইসাথে তিনি এ-ও বলেন যে, এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলির চিন্তার একাত্মতা প্রকাশ পায়। এই মহড়া শুরুর আগেই ১৪ই মে ফরাসী নৌবহরের সাথে মার্কিন নৌবাহিনী যৌথ মহড়ায় অংশ নেয়। সেখানে ফরাসী নৌবাহিনীর বিমানবাহী যুদ্ধজাহাজ’ শার্ল দ্য গল’এর সাথে ছিল এয়ার-ডিফেন্স ডেস্ট্রয়ার ‘ফোরবিন’, ‘ডুর‍্যান্স’-ক্লাসের জ্বালানি সরবরাহকারী জাহাজ ‘মার্ন’, এন্টি-সাবমেরিন ফ্রিগেট ‘লা-টুশে-ট্রেভিল’ এবং ‘প্রোভেন্স’। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল সাবমেরিন-ধ্বংসী সক্ষমতাগুলিকে ঝালাই করে নেয়া।

এখানেই শেষ নয়। ফরাসীদের এই ফ্লোটিলাই পহেলা মে থেকে ১০ই মে পর্যন্ত আরব সাগরে ভারতের পশ্চিম উপকূলে ভারতীয় নৌবাহিনীর সাথে ‘ভারুনা’ নামে আরেক নৌমহড়ায় অংশ নেয়। উভয় দেশের মোট ১১টা যুদ্ধজাহাজ সেই মহড়ায় অংশ নেয়। এই একই মহড়ার দ্বিতীয় অংশটা অনুষ্ঠিত হয় পূর্ব আফ্রিকার জিবুতির কাছে একই মাসের ২২ থেকে ২৫ তারিখ। সেখানে ফরাসী নৌবাহিনীর একটা পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের সাথে অংশ নেয় আরেকটা ভারতীয় সাবমেরিন। জিবুতিতে অন্যান্য দেশ ছাড়াও চীনের প্রথম ওভারসিজ নৌঘাঁটি প্রতিষ্ঠিত হয়েছে। আর ভারতীয় নৌবাহিনী এর বাইরেও এপ্রিলের ১৫ তারিখে ভারত মহাসাগরে মার্কিন নৌঘাঁটি দিয়েগো গার্সিয়ার কাছে মার্কিন নৌবাহিনীর সাথে সাবমেরিন-ধ্বংসী মহড়ায় অংশ নেয়। এখানে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘স্প্রুয়্যান্স’এর সাথে যোগ দেয় মার্কিন এবং ভারতীয় নৌবাহিনীর দু’টি অত্যাধুনিক ‘পি-৮’ সাবমেরিন-ধ্বংসী বিমান। এছাড়াও অস্ট্রেলিয়ার নৌবাহিনীর সাথে ভিশাখাপত্তম-এর কাছাকাছি বঙ্গোপসাগরে ‘অসইনডেক্স-১৯’ নামের আরেক মহড়ায় অংশ নেয় ভারতীয় নৌবাহিনী। ৩রা এপ্রিলে শুরু হওয়া সাবমেরিন-বিধ্বংসী এই মহড়ায় অংশ নেয় অস্ট্রেলিয়ার হেলিকপ্টার ক্যারিয়ার ‘ক্যানবেরা’, ফ্রিগেট ‘নিউকাসল’ ও ‘পারামাত্তা’ এবং জ্বালানীবাহী জাহাজ ‘সাকসেস’।

২০১৫ সাল থেকে বঙ্গোপসাগরে নৌমহড়া ‘মালাবার’এর মাঝে যুক্ত হয়েছে জাপান। ভারত এবং যুক্তরাষ্ট্র ১৯৯২ সাল থেকে এই মহড়ার আয়োজন করে আসছে। গত বছরের জুনেও এর আয়োজক ছিল ভারত। বঙ্গোপসাগরে নিয়মিত আয়োজনের পাশাপাশি এক বছর এই মহড়া প্রশান্ত মহাসাগরের ফিলিপাইন সাগরেও হয়েছে। অস্ট্রেলিয়াকে এই মহড়ায় নেবার জন্যে বিভিন্ন মহলের চাপ থাকলেও ভারত সরকার অস্ট্রেলিয়াকে এই মহড়ার অংশ করেনি। অন্ততঃ লোক দেখানো হলেও এই মহড়া থেকে অস্ট্রেলিয়াকে বাইরে রেখে ভারত বোঝাতে চাইছে যে, তারা চীনকে রাগাতে চায় না। অথচ এটা অনেকেই ভুলে যাচ্ছেন যে, ‘মালাবার’ মহড়া এখন পুরোপুরিভাবেই চীনকে নিয়ন্ত্রণের চিন্তা দিয়ে পরিচালিত হচ্ছে। তদুপরি অস্ট্রেলিয়ার সাথে ভারতের আলাদাভাবে মহড়া তো হচ্ছেই। 

অস্ট্রেলিয়ার নৌবাহিনীর সাথে ভিশাখাপত্তম-এর কাছাকাছি বঙ্গোপসাগরে ‘অসইনডেক্স-১৯’ নামের আরেক মহড়ায় অংশ নেয় ভারতীয় নৌবাহিনী। অন্ততঃ লোক দেখানো হলেও 'মালাবার' মহড়া থেকে অস্ট্রেলিয়াকে বাইরে রেখে ভারত বোঝাতে চাইছে যে, তারা চীনকে রাগাতে চায় না। অথচ এটা অনেকেই ভুলে যাচ্ছেন যে, ‘মালাবার’ মহড়া এখন পুরোপুরিভাবেই চীনকে নিয়ন্ত্রণের চিন্তা দিয়ে পরিচালিত হচ্ছে। তদুপরি অস্ট্রেলিয়ার সাথে ভারতের আলাদাভাবে মহড়া তো হচ্ছেই।


দ্বিতীয়বারের মতো নির্বাচিত হবার পরপরই জুন মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদ্বীপ এবং শ্রীলংকা সফর করে আসেন। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ-এর সাথে বৈঠক ছাড়াও মোট ৬টা চুক্তি সই করেন মোদি; যার মাঝে ছিল ‘হোয়াইট শিপিং ইনফরমেশন’এর উপর চুক্তি। এর মাধ্যমে মালদ্বীপ সরকার মালদ্বীপের সীমানায় আসা যেকোন জাহাজের সম্পর্কে তথ্য ভারতীয় নৌবাহিনীর কাছে সরবরাহ করবে। উভয় নেতা একত্রে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ট্রেনিং সেন্টার এবং উপকূলীয় রাডার সিস্টেম-এর উদ্ভোধন করেন। এই রাডারগুলির মাধ্যমে মালদ্বীপ ও এর আশেপাশের এলাকায় যেকোন জাহাজের উপস্থিতি সম্পর্কে মালদ্বীপ সরকার ওয়াকিবহাল থাকবে এবং এসব তথ্য ভারতীয় নৌবাহিনীকে সরবরাহ করবে। শ্রীলঙ্কা সফরের সময়েও নরেন্দ্র মোদি সামরিক প্রশিক্ষণ সহায়তার চুক্তি সই করেন। শ্রীলংকার নৌবাহিনীর জন্যে যুদ্ধজাহাজ সরবরাহ করছে ভারত এবং যুক্তরাষ্ট্র। সেখানে চীন তার স্থান করে নিতে চাইলেও তা তাদের জন্যে মোটেই সহজ ঠেকছে না।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকার এক লেখায় ভারতীয় চিন্তাবিদ রাজা মোহন বলেন যে, মালে এবং কলম্বো সফরের মাধ্যমে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রগুলিকে ভারত তার আঞ্চলিক ভূগোলের মাঝে শক্তভাবে অন্তর্ভুক্ত করতে চাইছে। একেবারে ছোট দ্বীপগুলিও এখন ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। ভারত চাইছে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আফ্রিকার উপকূল থেকে মধ্যপ্রাচ্য হয়ে পূর্ব এশিয়া পর্যন্ত সমুদ্রপথ নিয়ন্ত্রণ করতে। চীনের ৮০ শতাংশ জ্বালানি তেলের সরবরাহ এই পথেই আশা-যাওয়া করে। চীনের ‘বেল্ট-এন্ড-রোড’ পরিকল্পনাকে হুমকি ভেবেই ভারত, যুক্তরাষ্ট্র এবং সমমনা অন্যান্য রাষ্ট্রগুলি ভারত মহাসাগরে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে।

আফ্রিকার উপকূলেও ভারত তার সামরিক অবস্থান দৃঢ় করেছে। দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে গত মার্চ মাসে সাইক্লোন ‘ইদাই’ আঘাত হানার পর সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভারতীয় নৌবাহিনীর চারটি জাহাজ সবার আগে সেখানে ত্রানসামগ্রী নিয়ে পৌঁছায়। জুনের প্রথম সপ্তাহে মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নাইয়ুসি নরেন্দ্র মোদিকে ফোন করে ভারতের এই সহায়তার জন্যে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঞ্জানিয়ার সাথে ভারতীয় নৌবাহিনীর সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে দিনদিন। ২০১৭ সালে ভারতীয় নৌবাহিনীর জাহাজ তাঞ্জানিয়ার উপকূলে হাইড্রোগ্রাফিক সার্ভের কাজও করে। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে পূর্ব আফ্রিকার দেশগুলিকে সাথে নিয়ে হয়ে গেল ‘কাটল্যাস এক্সপ্রেস-২০১৯’ নামের নৌ-মহড়া, যাতে নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড। পূর্ব আফ্রিকার ৯টা দেশের পাশাপাশি এই মহড়ায় অংশ নেয় ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, কানাডা এবং ভারত। ভারতীয় নৌবাহিনীর ফ্রিগেট ‘ত্রিকান্দ’ জিবুতির কাছে এই মহড়ায় অংশ নেয়। ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ মরিশাসের সাথে ভারতের সামরিক সহযোগিতার সম্পর্ক আরও গভীর হচ্ছে। মরিশাসের কোস্ট গার্ডের জন্যে যুদ্ধজাহাজ সরবরাহ করেছে ভারত। আবার পূর্ব আফ্রিকার উপকূলে মোজাম্বিক চ্যানেলে সেইশেল দ্বীপের অধীনে থাকা এসাম্পশন দ্বীপেও ভারত নৌঘাঁটি করতে চাইছে। 

ভারতীয় নৌবাহিনীর ফ্রিগেট 'ত্রিকান্দ' তাঞ্জানিয়ার রাজধানী দার-এস-সালাম-এ। ভারত চাইছে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আফ্রিকার উপকূল থেকে মধ্যপ্রাচ্য হয়ে পূর্ব এশিয়া পর্যন্ত সমুদ্রপথ নিয়ন্ত্রণ করতে। ভারত মহাসাগরের মাঝ দিয়ে যাওয়া চীনের সমুদ্র বাণিজ্য রুটগুলিকে নিজস্ব নৌবহরের মাধ্যমে রক্ষা করার সক্ষমতা থেকে চীনা এখনও বহুদূরে রয়েছে। ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজের ব্যবহার করতে পারার মতো বন্দর খুব বেশি একটা নেই। মার্কিন বলয়ে থাকা দেশগুলি ভারত মহাসাগর জুড়ে নৌ-মহড়া চালিয়ে চীনকে সেই বার্তাই দিচ্ছে।  


গত বছরের মে মাসে ভারত মহাসাগরের অপর প্রান্তে ইন্দোনেশিয়া সফরের সময় নরেন্দ্র মোদি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সাথে সামরিক সহযোগিতার ব্যাপারে একমত হন। সে অনুযায়ী ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্তে সাবাং-এ একটা নৌঘাঁটি করার প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এই নৌঘাঁটির মাধ্যমে মালাক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগরে ঢোকার সময় যেকোন সামরিক জাহাজের উপর নজরদারি করা সম্ভব হবে। মিয়ানমারের সাথেও ভারতীয় নৌবাহিনী গত বছরের মার্চ এবং সেপ্টেম্বরে যৌথ মহড়া করে। ২০১৭ সালে মিয়ানমারের সাথে করা চুক্তি অনুযায়ী মিয়ানমার ভারতীয় নৌবাহিনীকে তার নিজস্ব সীমানায় আসা সকল জাহাজের তথ্য সরবরাহ করছে। মিয়ানমারে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সফর বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে। আরব সাগরেও ওমানের দুকম বন্দর ভারতীয় নৌবাহিনী ব্যবহারের অনুমতি পেয়েছে। ব্রিটিশ নৌবাহিনীও দুকমে বড় আকারের নৌঘাঁটি তৈরি করছে; যেখানে ‘কুইন এলিজাবেথ-ক্লাস’এর বিমানবাহী যুদ্ধজাহাজগুলি ঢুকতে পারবে।

চীন তার ‘বেল্ট-এন্ড-রোড’ পরিকল্পনার অধীনে ভারত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক বিনিয়োগ করছে। মিয়ানমার, পাকিস্তান, তাঞ্জানিয়া এবং শ্রীলংকায় সমুদ্রবন্দর উন্নয়নের কাজও করছে চীন। কিন্তু ভারত মহাসাগরের মাঝ দিয়ে যাওয়া চীনের সমুদ্র বাণিজ্য রুটগুলিকে নিজস্ব নৌবহরের মাধ্যমে রক্ষা করার সক্ষমতা থেকে চীনা এখনও বহুদূরে রয়েছে। ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজের ব্যবহার করতে পারার মতো বন্দর খুব বেশি একটা নেই। মার্কিন বলয়ে থাকা দেশগুলি ভারত মহাসাগর জুড়ে নৌ-মহড়া চালিয়ে চীনকে সেই বার্তাই দিচ্ছে। মিয়ানমার, পাকিস্তান এবং শ্রীলংকা – এই সবগুলি দেশেই চীনের সমুদ্রবন্দরগুলি রাজনৈতিক অস্থিরতার মাঝে পরার আশংকা থেকে মুক্ত নয়। পাকিস্তানে বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের জন্যে ভারতীয় সমর্থন রয়েছে। অন্যদিকে মিয়ানমারের রাখাইনে মুসলিম-বিরোধী গণহত্যা এবং ফলশ্রুতিতে প্রতিবেশী বাংলাদেশের অভ্যন্তরে ১০ লাখ মানুষের শরণার্থী হিসেবে পালিয়ে যাবার পর থেকে রাখাইন অস্থিতিশীল রয়েছে। শ্রীলংকার গৃহযুদ্ধ শেষ হলেও নতুন করে উগ্রবাদী হামলা হবার পর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন উঠছে।

এমতাবস্থায় চীনের কাছে দু’টা পথ খোলা রয়েছে। প্রথমতঃ নিজেদের সামরিক শক্তির উন্নয়নের মাধ্যমে ভারত মহাসাগরের কর্তৃত্ব নিয়ে নেয়া। এবং দ্বিতীয়তঃ ভারত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী বন্ধু খোঁজা, যার কিনা শক্তিশালী নৌবহর থাকবে। ভারত মহাসাগরে যথেষ্ট সংখ্যক সামরিক ঘাঁটি না থাকায় প্রথম অপশনটা চীনের জন্যে বর্তমানে প্রায় অসম্ভব। ভারত মহাসাগর চীনের সমুদ্রবন্দর থেকে যথেষ্ট দূরে থাকায় চীনের কাছে দ্বিতীয় অপশন ছাড়া আর গতি নেই। যুক্তরাষ্ট্রও ভারত মহাসাগরে এভাবেই চলছে। সুদূর যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধজাহাজ ভাসিয়ে এনে ভারত মহাসাগর পাড়ি দেয়াটা অত্যন্ত কঠিন কাজ। এক্ষেত্রে ভারত মহাসাগরীয় দেশগুলি যুক্তরাষ্ট্রকে লজিস্টিক সহায়তা না দিলে এটা মার্কিনীদের পক্ষে একেবারেই সম্ভব ছিল না। আর দ্বিতীয় অপশনটা এখন যুক্তরাষ্ট্রই ব্যবহার করছে; কারণ যুক্তরাষ্ট্রের পক্ষে এখন একা সারা দুনিয়ার সমদ্রপথ টহল দেয়া সম্ভব নয়। তাই যুক্তরাষ্ট্র এখন তার কাজ অন্যদের মাঝে ভাগ করে দিচ্ছে। ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি যুক্তরাষ্ট্রের দায়িত্বের বেশিরভাগটাই নিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন এতে সহায়তা দিচ্ছে মাত্র। নৌ-মহড়া ‘লা পেরৌজি’তে ৬টা যুদ্ধজাহাজের মাঝে যুক্তরাষ্ট্রের ছিল মাত্র একটা। ‘কাটল্যাস এক্সপ্রেস-২০১৯’এও মার্কিন জাহাজ ছিল মাত্র একটা। আর মহড়ার মাধ্যমে এই সহযোগিতার মূল লক্ষ্যই হলো অত্র অঞ্চলে চীনা প্রভাব বিস্তারকে নিয়ন্ত্রণ করা। মার্কিন-ব্রিটিশ-ফরাসী প্রভাব বলয়ে ভারত মহাসাগরে যে নৌশক্তির নেটওয়ার্ক গড়ে উঠেছে, চীনের হাতে এর ধারেকাছেও কিছু নেই। ভারত মহাসাগরে শক্তিশালী নৌশক্তি-সম্পন্ন বন্ধু তৈরি নিয়ে চীনকে নতুন করে ভাবতে হবে। অন্ততঃ ২০১৯ সালের প্রথম ছয় মাসে ভারত মহাসাগরে চীন-বিরোধী নৌ-মহড়ার জমজমাট আসর সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। এক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের মাধ্যমে ভারত মহাসাগরে নতুন কোন নৌশক্তির আবির্ভাব ঘটানো দুষ্কর। যদিও উভয় দেশই শুধুমাত্র চীনের প্রভাবে থাকতে চাইছে না; যদিও তারা চীনের বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে।

Friday, 6 May 2016

‘জার্নি বাই বোট’ থেকে ‘জার্নি বাই ক্রুজ লাইনার’

০৬ মে ২০১৬

 
প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ক্যামুফ্লাজ পেইন্টে দেখা যাচ্ছে ক্রুজ লাইনার Olympic-কে, যা কিনা Titanic এবং Britannic-এর সিস্টার শিপ ছিল। ছয় হাজার সৈন্য নিয়ে যখন জাহাজখানা দার্দানেলিস প্রণালীর দিকে রওয়ানা দেয়, তখন জাহাজখানা তার বেসামরিক পরিচয়কে প্রশ্নের মুখেই ফেলে বৈকি!


সমুদ্রগামী বিলাশবহুল ক্রুজ লাইনারের নাম বললে বিলাশবহুল জীবনযাপন অথবা যথেচ্ছা খরচাপাতি করা করা ব্যাতীত খুব বেশি কিছু অনেকের মনে না-ই আসতে পারে। কিন্তু একটু গভীরে গেলে আরও অনেক কিছুই বের করা যায়। বেশ কিছুদিন আগে একখানা লেখায় সামরিক ও বেসামরিক ব্যাপার-স্যাপারের মাঝে অত্যন্ত চিকন পার্থক্যটুকু দেখানোর জন্যে উদাহরণস্বরূপ ক্রুজ লাইনারের কথা তুলেছিলাম। আজকে এই ক্রুজ লাইনারের অন্য রকম কিছু ইতিহাস তুলে ধরতে চাই যাতে পাঠক অন্য একটা দিক নিয়ে চিন্তা করতে পারেন। কৌশলগত দিক থেকে এই চিন্তার রয়েছে বিশেষ গুরুত্ব।

ক্রুজ লাইনারে ভ্রমণ একধরনের জীবনযাত্রার অংশ। যারা নদী-সমুদ্র-পানিকে কাছের মনে করে, এটা সেই মানুষগুলির জীবনযাত্রার অংশ। একসময় এই লাক্সারী লাইনার ছিল না। তবে ছিল সমুদ্রগামী জাহাজের বহর; হাজার হাজার বছর ধরেই ছিল। এই জাহাজগুলি হয়তোবা শুধুমাত্র যাত্রী পরিবহণের জন্যে তৈরি হয়নি; আবার শুধু যুদ্ধের জন্যেও তৈরি হয়নি। তবে যাত্রীরা সেগুলিতে চড়তে আলাদা কিছু চিন্তা করেননি; কারণ তখন এ ধরনের জাহাজে চড়াটাই ছিল স্বাভাবিক ব্যাপার। এখন নাহয় কার্গো জাহাজ আলাদা; সামরিক যুদ্ধজাহাজও আলাদা; যাত্রীবাহী জাহাজতো বটেই। তবে মজার ব্যাপার হলো দরকারের সময়ে এই বিভাগের সংজ্ঞা পাল্টে ফেলেন অনেকেই। যারা সংজ্ঞায়িত করেন, তারাই কিন্তু সংজ্ঞা ভাঙ্গেন। যারাই সামরিক-বেসামরিক জাহাজের সংজ্ঞা দিয়েছেন, তারাই কিন্তু সর্বপ্রথম সেই সংজ্ঞাকে নতুর রূপ দেন। তারাই বেসামরিক যাত্রীবাহী জাহাজের রঙ পরিবর্তন করেন; অস্ত্রসজ্জিত করেন; যাত্রীদের সীটে সৈন্যদের স্থান দেন। ষোড়শ শতকে ব্রিটিশ নৌ-অফিসার ফ্রান্সিস ড্রেইক যেমন এই সামরিক-বেসামরিক সংজ্ঞাকে ভূলুন্ঠিত করেছিলেন, ঠিক সেই কাজটাই ব্রিটিশরা চার’শ বছর পর করেছিল ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধের সময়ে। অর্থাৎ এই নিয়মগুলি আমাদের কাছে অর্থবহ হলেও যারা নিয়ম বানিয়েছেন, তাদের কাছে অর্থহীন; তারা যখন ইচ্ছে সেটা পরিবর্তন করেন।

 
২০০৩ সালে ক্রুজ লাইনার Queen Elizabeth 2-এর উপরে হেলিপ্যাডের মার্কিং দেখা যাচ্ছে। এর ২১ বছর আগে এই জাহাজখানা হাজার হাজার সৈন্য বহণ করে নিয়ে গিয়েছিল ফকল্যান্ড দ্বীপে, যা কিনা ব্রিটেন থেকে ৮ হাজার মাইল দূরে! ছবিটা এত বছর পরেও জাহাজটার আসল উদ্দেশ্য বর্ণনা করে।

ক্রুজ লাইনারের রূপান্তরের কাহিনী

যুদ্ধের সময়ে বিলাশবহুল ক্রুজ লাইনারকে সৈন্যবাহী জাহাজে রূপান্তর করার কাহিনীর সামনের দিকে যে জাহাজগুলি থাকবে, সেগুলি হলো - Mauretania, Olympic, Leviathan, Nieuw Amsterdam (II), Queen Mary এবং Queen Elizabeth. এই জাহাজগুলি একেতো প্রচুর সৈন্য নিতে পারতো, আবার যেহেতু যাত্রী পরিবহণ করতো মহাসাগর পেরিয়ে, তাই এগুলি ছিল বেশ দ্রুতগামী; ঠিক যেমনি আমাদের ঢাকা-চট্টগ্রাম যাত্রীবাহী বিরতিহীন ট্রেনগুলি মালবাহী ট্রেনের চাইতে অনেক বেশি গতিতে চলে। এই জাহাজগুলির দ্রুতি এদেরকে শত্রুর সাবমেরিন থেকে বাঁচতে সাহায্য করতো। দুই বিশ্বযুদ্ধের সময়ে বেশিরভাগক্ষেত্রেই এই জাহাজগুলি কোন এসকর্ট জাহাজ ছাড়াই আটলান্টিক পাড়ি দিয়েছে। জেট বিমানের আগমণে যুদ্ধে ক্রুজ লাইনারের ব্যবহারের গুরুত্ব প্রশ্নবিদ্ধ হলেও সেটা আবার নতুনভাবে জীবন পেয়েছে ১৯৮২-এর ফকল্যান্ড যুদ্ধের সময়।

দুই বিশ্বযুদ্ধের সময়ে ক্রুজ লাইনারগুলিকে বিশেষ ধরনের রঙ করা হতো, যাকে কিনা “Dazzle paint” বলে। এর মাধ্যমে জাহাজের আকৃতি, গতি, দিক ও টাইপ যাচাই করা শত্রুর জন্যে কিছুটা হলেও কঠিন হতো বলে অনেকে মনে করতেন। অনেক সময়ে গ্রে পেইন্টও করা হতো। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে Titanic-এর সিস্টার শিপ Olympic এবং Britannic উভয়কেই বর্তমান তুরস্কের দার্দানেসিল প্রণালীর গ্যালিপোলিতে উভচর অপারেশনের সময়ে ব্যবহার করা হয়েছিল।১৯১৫ সালের সেপ্টেম্বরে উসমানিয়া খিলাফতের বিরূদ্ধে চালিত ওই অপারেশনে অংশ নিতে Olympic জাহাজখানা ব্রিটেন থেকে ৬,০০০ সৈন্য পরিবহণ করে গ্রীসে নিয়ে গিয়েছিল।Britannic-কে ব্যবহার করা হয়েছিল ভাসমান হাসপাতাল হিসেবে। ওই অপারেশনে থাকার সময়েই ১৯১৬ সালের নভেম্বরে Britannic জার্মান সাবমেরিনের পেতে রাখা মাইনে আঘাতপ্রাপ্ত হয়ে ডুবে যায় (জার্মানী আর উসমানিয়া খিলাফত ব্রিটেন-ফ্রান্সের বিপক্ষে যুদ্ধ করেছিল)। ১,০৬৫ জন মানুষের মাঝে মাত্র ৩০ জনের প্রাণহানি ঘটেছিল এতে। এই দুই জাহাজের সাথে Mauretania এবং Aquitania নামের আরও দুইটি বিশাল লাইনার হাজার হাজার সৈন্য পরিবহণ করেছিল আর যখন গ্যালিপোলিতে ব্রিটিশরা জিততে পারছিল না, তখন জাহাজগুলিকে হসপিটাল শিপ হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে Olympic-এর জন্যে প্রথম বিশ্বযুদ্ধ বেশ ঘটনাবহুল ছিল। ১৯১৬-১৭-এর মাঝে জাহাজখানা কানাডা থেকে হাজার হাজার সৈন্য ইউরোপের যুদ্ধক্ষেত্রে নিয়ে যায়। আর যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগদান করার পর জাহাজটি হাজার হাজার মার্কিন সেনাদের ইউরোপে নিয়ে যায়। ১৯১৮-এর মে মাসে এরকম এক মিশনের মাঝেই জাহাজটা এক জার্মান সাবমেরিনের (U-103) সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এবং এর মাঝে ধাক্কা দিয়ে সাবমেরিনটাকে ডুবিয়েও দেয়।


সাদা রঙের পেইন্টে (যাতে কেউ আক্রমণ না করে) দেখা যাচ্ছে হসপিটাল শিপ Mauretania-কে। প্রথম বিশ্বযুদ্ধে জাহাজটি গ্যালিপোলি অপারেশনের সময়ে আহত সৈন্যদের সেবা করেছে। কিন্তু এর মাত্র কিছুদিন আগেই জাহাজটি কয়েক হাজার সৈন্য পরিবহণ করেছে। আবার এই ছবির মাত্র সাত মাসের মাঝেই জাহাজটি মার্কিন মুল্লুক থেকে হাজার হাজার সৈন্য নিয়ে এসে জার্মানদের বিরূদ্ধে মোতায়েন করতে থাকে। জার্মানরা কিন জানতো না যে এই একই জাহাজ কিছুদিন পরে এই কাজে লিপ্ত হবে? অবশ্যই জানতো। তারা শুধু ম্যারিটাইম বিশ্বের নেতা ব্রিটেনের তৈরি করা নিয়মের মারপ্যাঁচে পড়ে গিয়েছিল!


সংজ্ঞা পরিবর্তন

এখানে বলে রাখা গুরুত্বপূর্ণ যে ব্রিটিশ সরকার এধরনের জাহাজের সামরিক ব্যবহারের জন্যে সর্বদাই প্রস্তুত ছিল। কারণ এটা ছিল তাদের শত বছরের ম্যারিটাইম নীতির এক অংশ। জাহাজ তৈরির আগেই ব্রিটিশ এডমিরালটি (নৌ মন্ত্রণালয়) এসবক্ষেত্রে জড়িতে হয় এবং ডিজাইন থেকে শুরু করে অনেকভাবে সাহায্য-সহায়তা করে। ব্রিটিশ সরকার Olympic এবং Britannic তৈরি করতে (Titanic-সহ) White Star Line-কে এবং Mauretania এবং Aquitania তৈরি করতে (Lusitania-সহ) Cunard Line-কে সাহায্য করেছিল। অর্থাৎ তৈরি করার সময়েই এই জাহাজে সৈন্য পরিবহণ করার ব্যবস্থা ব্রিটিশরা রেখেছিল। বেসামরিক জাহাজকে সামরিক ব্যবহারের চিন্তা করে তৈরি করার চমতকার উদাহরণ এটি। আরও একটা মজার ব্যাপার হলো উপরে যে সংজ্ঞা তৈরি এবং পরিবর্তনের কথা বলছিলাম, সেটারই একটা চমতকার উদাহরণ প্রথম বিশ্বযুদ্ধে পাওয়া যায়। গ্যালিপোলি অপারেশনের সময়ে হসপিটাল শিপ হিসেবে ব্যবহার হবার সময়ে জাহাজগুলিকে সাদা রঙ করে রেডক্রসের মার্কিং দেয়া হয়েছিল, যাতে শত্রুর জাহাজ এগুলিকে আক্রমণ না করে। কিন্তু এই অপারেশনে আক্রান্ত না হয়ে বেঁচে যাবার মাত্র সাত মাস পরেই Mauretania এবং Aquitania কানাডা থেকে হাজার হাজার সৈন্য ইউরোপে নিয়ে আসতে থাকে; আর মার্কিনীরা যুদ্ধে যোগ দেবার পরে হাজার হাজার মার্কিন সৈন্য পরিবহণ করে। জার্মানরা হয়তো ঐ সংজ্ঞার মারপ্যাঁচে পড়ে গিয়ে চিন্তাই করেনি যে এই একই হসপিটাল শিপ তাদের বিরূদ্ধে যুদ্ধ করার জন্যে হাজারো সৈন্য পরিবহণ করবে! ব্রিটিশরা সত্যিই বোকা বানিয়েছিল জার্মানদের! ব্রিটিশরা ম্যারিটাইম দেশ হবার কারণেই সমুদ্রের আইনকানুন ও সংজ্ঞাগুলি তারাই লিখতো। জার্মানরা খুব অল্প সময়ের জন্যে ব্রিটিশদেরকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছিল। কিন্তু intellectual ability-তে ব্রিটিশদের কাছে হেরে গিয়েছিল। যুদ্ধ শেষে জার্মানির HAPAG লাইনের জাহাজগুলিকে মার্কিনীরা ব্যবহার করেছিল ইউরোপের যুদ্ধক্ষেত্র থেকে তাদের সৈন্যদের নিজ দেশে ফেরত নিতে। অর্থাৎ জার্মানি তার জাহাজগুলিকে যুদ্ধে ব্যবহার তো করতে পারেই নাই, বরং তার শত্রুরা তাদের হারাবার পরে সেগুলি ব্যবহার করেছে!

নতুন যুগে ক্রুজ লাইনার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও ব্রিটিশদের ওই ম্যারিটাইম সংস্কৃত অব্যাহত ছিল। Queen Mary এবং Queen Elizabeth-কে ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে সৈন্য পরিবহণ করে ব্রিটেনে নিয়ে আসার জন্যে। এই জাহাজগুলি প্রথম বিশ্বযুদ্ধের জাহাজগুলি থেকেও অনেক বড় ছিল; ১৫,০০০-এরও বেশি সৈন্য এগুলি বহণ করতো। প্রথম বিশ্বযুদ্ধে Olympic যেখানে মোট ২ লক্ষ ১ হাজার সৈন্য পরিবহণ করেছিল, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে Queen Mary বহণ করেছিল ৭ লক্ষ ৬৫ হাজার ৪২৯ জন সৈন্য, আর Queen Elizabeth বহণ করেছিল আরও ৭ লক্ষ ৫০ হাজারের বেশি সৈন্য। এ থেকেই বোঝা যাচ্ছে যে অন্তত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ক্রুজ লাইনারের সামরিক গুরুত্ব কমেনি। প্রশ্ন হলো, বিশ্বযুদ্ধের পর জেটলাইনারের যুগে এসব জাহাজের গুরুত্ব কি আগের স্থানেই আছে? অবশ্যই নেই; পরিবর্তন হয়েছে। ১৯৫২ সালে যুক্তরাষ্ট্র ব্রিটিশদেরকে অনুকরণ করে SS United States নামের ক্রুজ লাইনার তৈরি করে, যার ডিজাইন করা হয়েছিল সৈন্য পরিবহণকে মাথায় রেখে। মার্কিন সরকার জাহাজটা তৈরির সময় জাহাজের মালিকপক্ষ United States Lines-কে সাবসিডি দিয়েছিল। এমনকি সামরিক গুরুত্ব বিবেচনায় তৈরি করার সময়ে জাহাজের হাল তৈরির পদ্ধতিকে গোপন রাখা হয়েছিল। বাকি বিশ্বের ক্রুজ লাইনারগুলি মোটামুটি ২০ নটিক্যাল মাইল গতিতে চলতে পারলেও এই মার্কিন জাহাজখানা টেস্ট করার সময়ে ৪৩ নটের উপরে গতি অর্জন করেছিল। মাত্র কয়েকদিনের মাঝে এই জাহাজটাকে ক্রুজ লাইনার থেকে সৈন্য পরিবহণের জন্যে তৈরি করা যেত। ১৯৬৯ সালে জাহাজটা রিটায়ার করে। ৪০ বছরেরও বেশি সময় পরে জাহাজখানা মার্কিনীর কৌশলগত রিজার্ভ হিসেবে রেখে দিয়েছে; যদি কখনো দরকার হয়!

আর এসব জাহাজের গুরুত্ব যে এখনো রয়ে গেছে, সেটার প্রমাণ হলো ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ। ব্রিটিশরা খুব দ্রুত কয়েকটা ক্রুজ লাইনারকে সৈন্য পরিবহণের জন্যে তৈরি করে ফেলে। Queen Elizabeth 2 জাহাজখানার উপরে একটা হেলিপ্যাডও বসিয়ে ফেলা হয় ঝড়ের গতিতে। জাহাজটার বিশাল রেঞ্জ ৮ হাজার মাইল পাড়ি দিয়ে দক্ষিণ আটলান্টিকের এই মিশনে যাবার জন্যে বিরাট সহায়তা ছিল। নিরাপত্তার গুরুত্ব বিবেচনা করে জাহাজের রাডার সার্বক্ষণিকভাবে বন্ধ রাখা হয়েছিল। সবগুলি পোর্টহোল বন্ধ করে দেয়া হয়েছিল যাতে কোন বাতি রাতের বেলায় দেখা না যায়। পৃথিবীর সকল স্থানে সকল সময়ে পরিবহণ বিমানের বহর যে নামানো যাবে না, তা পশ্চিমা বিশ্বের চিন্তাবিদেরা জানেন। তাই তারা আজও যখন এসব ক্রুজ লাইনারের ডিজাইন করেন, সৈন্য পরিবহণের কথাটা তারা মাথায় রাখেন।


১৯৪৫ সালের জুন মাস। ক্রুজ লাইনার Queen Mary যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেরত এসেছে। এর কার্গো হিসেবে এসেছে যুদ্ধফেরত কয়েক হাজার মার্কিন সেনা। এই জাহাজটা ১৫ হাজারেরও বেশি সৈন্য বহণ করতে পারতো। ম্যারিটাইম সংস্কৃতি গড়ার যে ভিত্তি ব্রিটিশরা গেঁড়েছিল, সেটার উপরেই দাঁড়িয়ে আছে এইসব জাহাজের ইতিহাস। সেই ভিত্তি না জেনে ইতিহাস পড়লে আসল গল্প কিছুই জানা হবে না।

‘জার্নি বাই বোট’এর সংস্কৃতি

আগেই বলেছি যে ক্রুজ লাইনারে ভ্রমণ একটা সংস্কৃতি। যদি গতিই হতো পরিবহণের একমাত্র চাহিদা, তাহলে কেউ জাহাজে উঠতো না। সব ট্রিপই তো বিজনেস ট্রিপ নয়। এখানেই চলে আসে ‘জার্নি বাই বোট’ রচনার কথা। জীবনের হাজার হাজার বিজনেস ট্রিপের মাঝে একটা কাহিনীও কেউ বলতে পারে না। ‘জার্নি বাই জেটপ্লেন’ নিয়ে আসলে লেখার কিছুই নেই। সেটা তো আসলে বিজনেস ট্রিপ। কয়েক ঘন্টা বায়ুমন্ডলের উপর দিয়ে চলার পরে ধপাস করেই আরেক এয়ারপোর্টে এসে নেমে পড়া। যারা ওই ‘জার্নি’ ব্যাপারটাকে অনুভব করতে পারেন, তাদের জন্যেই অপেক্ষাকৃত গদাইলস্কর চালের বাহণগুলি। তাদের কাছে সমুদ্র এবং বিশাল জলরাশিকে ‘অনুভব’ করাটা একটা সংস্কৃতি। আমরা যেমন এককালে নদীমাতৃক দেশ বলে রচনা লিখেছি, ঠিক সেরকমই ব্যাপারটা। পানিতে পা ভেজানো; বৈঠা মারা; পালতোলা নৌকার দড়ি ধরে বাতাসের সাথে যুদ্ধ; দাঁড় টেনে এগিয়ে যাওয়া; সাঁতড়িয়ে পাড়ে ওঠা – এগুলি হচ্ছে পানির সংস্কৃতি। এই ব্যাপারটা নিয়েও লিখেছি এর আগেই। ক্রুজ লাইনারের সাথে সম্পর্কটা ঠিক এখানেই। এই পানির সংস্কৃতিই একদিন ক্রুজ লাইনারকে জাতীয় নিরাপত্তার রক্ষাকর্তারূপে আবির্ভূত করায়। ব্রিটিশরা এই জাহাজগুলিকে তৈরি করেছিল কেন? মিউজিয়ামে রাখার জন্যে? যুদ্ধতো প্রতিদিন হয় না। তাহলে কি যুদ্ধ হবার আগ পর্যন্ত জাহাজগুলি বসিয়ে রাখার জন্যে বানানো হয়েছে? না; তাদের রয়েছে ‘ক্রুজ লাইনার’ সংস্কৃতি – মানুষ জাহাজে ভ্রমণ করতে ভালোবাসে। সমুদ্রে ভ্রমণকে কেন্দ্র করে গড়ে ওঠে মানুষের চিন্তা; তৈরি হয় অর্থনীতি; রচিত হয় সাহিত্য। রাষ্ট্র তৈরি করে সেই সংস্কৃতি; আর সেই সংস্কৃতি তৈরি করে ম্যারিটাইম দেশ। সেই সংস্কৃতিই সমাজের বিত্তবানদের অনুপ্রাণিত করে ক্রুজ শিপ তৈরি করতে। আর এভাবেই তৈরি হয় সমুদ্র জয়ের এক একখানা ভিত্তি।

আমরা এখন ‘জার্নি বাই বোট’ সংস্কৃতি থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছি। তাড়াতাড়ি পৌঁছানোটাই যেন সবকিছু; অথচ সেই তাড়াতাড়ি পৌঁছানোর জন্যে এতটা মারামারি করেও শেষ পর্যন্ত রাস্তায় ট্রাফিক জ্যামেই আটকে থাকছি! এভাবে না পারলাম আমরা গতিময় জাতি হতে; না পারলাম ‘জার্নি বাই বোট’ রচনা লিখতে। যে জাতি ‘জার্নি বাই বোট’ কি জিনিস সেটা ভুলতে বসেছে, তাকে সমুদ্র পর্যন্ত নিয়ে যাওয়া কষ্টকর। সে সাধারণ ভ্রমণগুলিকেও বিজনেস ট্রিপ বানিয়ে ফেলেছে। তাই সকল ভ্রমণই তার কাছে বিমানে ভ্রমণ। অথচ বিমানে ভ্রমণ হবার কথা শুধু সময় বাঁচানোর জন্যে। বিদেশে কাজ করার জন্যে দলবেঁধে যাবার সময় কি এমন সময়ের স্বল্পতা? একসময় এই এলাকার মানুষ হজ্জ্ব করতে যেত জাহাজে চড়ে; এখন হজ্জ্বযাত্রাও হয়ে গেছে বিজনেস ট্রিপ! যে জাতি সমুদ্রকে চেনেই না, সে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার লাখ লাখ জনগণের দেখভাল কিভাবে করবে? বিশ্বে নিজেদের বন্ধুদের দিকে সাহায্যের হাত বাড়াবে কি করে? জরুরী সময়ে জিহ্বা কামড় দিয়ে বৈরি দেশের পায়ে পড়ে তাদের জাহাজের উপরে নির্ভর করাও যেন জায়েজ হয়ে যাবে! দেশের স্বার্থ রক্ষা করার আগে বুঝতে হবে দেশের স্বার্থ কোনটা; তারপর কথা আসবে কিভাবে সেই স্বার্থকে রক্ষা করা যায়। দেশের স্বার্থ অন্তর্নিহিত রয়েছে সেই সংস্কৃতিতে; সেই ‘জার্নি বাই বোট’ রচনার মাঝে! সংস্কৃতি তৈরি না করে ক্রুজ লাইনার পেতে চাইলে সেটা আমাদের না, বরং বিদেশী স্বার্থের তৈলমর্দন হবে!

‘জার্নি বাই বোট’ রচনাই শিশুদেরকে পানির সাথে যোগাযোগ করাবে। মুখস্ত করা রচনা নয়; জীবন থেকে নেয়া রচনা। ‘জার্নি বাই বোট’ সংস্কৃতিই স্থান করে দেবে ‘জার্নি বাই ক্রুজ লাইনার’-এর। নদীর সাথে তার বন্ধন হলেই সে একসময় নদীর মোহনায় সমুদ্রকে খুঁজে পাবে; নদীর লঞ্চ একসময় স্থান করে দেবে সমুদ্রগামী ক্রুজ লাইনারের।

Tuesday, 22 September 2015

ফ্রান্সিস ড্রেইক এবং আমাদের নৌ-চিন্তার ভিত্তি

২২ সেপ্টেম্বর ২০১৫

ফ্রান্সিস ড্রেইক কে ছিলেন সেটা নিয়ে একেক দেশের মানুষের মাঝে দ্বিমত থাকলেও তিনি যে ব্রিটেনকে একটা ম্যারিটাইম দেশ হিসেবে তৈরি করতে বিরাট ভূমিকা রেখেছিলেন, সেটা অস্বীকার করার উপায় কারুরই নেই।


ফ্রান্সিস ড্রেইক (Sir Francis Drake, 1540-1596) ইতিহাসে কি হিসেবে পরিচিত? সেটা অবশ্য নির্ভর করছে সেই ইতিহাস কে রচনা করেছিল। কারণ স্প্যানিশ-পর্তুগীজ-ফ্রেঞ্চদের কাছে ড্রেইক ছিলেন একজন জসদস্যু; আর ব্রিটিশদের কাছে তিনি একজন জাতীয় বীর। তিনি আসলে কি করতেন? ড্রেইক ইংল্যান্ডের শত্রু দেশের বাণিজ্য জাহাজ এবং বাণিজ্য কেন্দ্র হামলা করে লুট করতেন। ইংল্যান্ডের রানী এলিজাবেথ (রানী ছিলেন ১৫৫৮ খ্রিঃ-১৬০৩ খ্রিঃ) ড্রেইককে পছন্দ করতেন বলেই তিনি তাকে জলদস্যুতার জন্যে সাজা দেননি। বরং যখন স্পেনের সাথে ইংল্যান্ডের যুদ্ধ (১৫৮৫ খ্রিঃ-১৬০৪খ্রিঃ) বেধে গেল, তখন এলিজাবেথ তাকে ভাইস এডমিরাল পদে নিয়োগ দেন। এর আগেই পৃথিবী প্রদক্ষিণের (১৫৭৭ খ্রিঃ-১৫৮০খ্রিঃ) পরপরেই ড্রেইককে নাইট উপাধি দেন রানী। স্প্যানিশদের কাছ থেকে সমুদ্রের দখল নিতে ইংল্যান্ডের জন্যে ড্রেইকের অবদান অনস্বীকার্য। ড্রেইকের আসল অবদান অবশ্য স্প্যানিশদের বিরূদ্ধে যুদ্ধ করা বা দস্যুবৃত্তি নয়। ১৫৭৭ সালে দুনিয়া প্রদক্ষিণের মিশনে বের হবার সময় ড্রেইক বেশ কিছু সম্ভান্ত বংশীয় যুবককে তার সাথে নেন। এই ব্যাপারটার গুরুত্ব অনেকে না বুঝলেও স্প্যানিশ নীতিনির্ধারকেরা ঠিকই বুঝেছিলেন। তারা যেটা সন্দেহ করেছিলেন তা হচ্ছে, ড্রেইক ইংলিশ নৌবাহিনীর অফিসার কোর তৈরি করার জন্যেই তার সাথে ওই যুবকদের নিয়েছিলেন। ড্রেইকের মিশনে রানী এলিজাবেথ নিজেও গোপনে বিনিয়োগ করেছিলেন, যা কিনা ওই মিশনের গুরুত্ব বুঝিয়ে দেয়। ড্রেইক এই মিশনের মাধ্যমে রয়্যাল নেভির অফিসার কোর তৈরি করার যে ট্র্যাডিশন তৈরি করেছিলেন, সেটা পরবর্তীতে ব্রিটিশদের সমুদ্রের রানী বানাতে ব্যাপক সাহায্য করেছিল।


শুধুই বাণিজ্য, নাকি আরও কিছু?


এখানে একটা ব্যাপার কিছুটা অদ্ভুত ঠেকলেও বিশেষভাবে বিবেচ্য। ড্রেইকের মিশনটা কি বেসামরিক ছিল, নাকি সামরিক ছিল? প্রাইভেট ছিল, নাকি সরকারী ছিল? এই প্রশ্নগুলির উত্তর দিতে হলে কিছু ব্যাপার ক্ষতিয়ে দেখতে হবে। ড্রেইক কয়েকবার স্প্যানিশদের আমেরিকান উপনবেশের বিরূদ্ধে মিশনে বের হন। ষোড়শ শতকে ক্যাথোলিক স্প্যানিশ এবং পর্তুগীজরা তাদের আমেরিকান কলোনিগুলিতে আফ্রিকান কৃষ্ণাঙ্গ ক্রীতদাস, সোনা, রূপা, চিনি, ইত্যাদির একচেটিয়া ব্যবসা করতো। ইংলিশ এবং ফ্রেঞ্চরা এই ব্যবসা থেকে ছিল বঞ্চিত। স্প্যানিশ-পর্তুগীজরা শক্তি দিয়ে এই বাণিজ্য রক্ষা করতো। কাজেই এই বাণিজ্যে ভাগ বসাতে হলেও শক্তির প্রয়োজন হতো। নব্য পুঁজিবাদের এই সময়ে মার্কেন্টিলিস্ট পলিসি অনুসরণ করতো সবাই – অর্থাৎ অর্থনীতি ছিল রপ্তানি নির্ভর; কমদামে বেসিক পণ্য আমদানী করে বেশি দামে ফিনিশড গুডস রপ্তানি করেই চলতো এসব দেশের অর্থনীতি। এই নীতিতে একে অপরকে নিজের আফ্রিকান এবং আমেরিকান বাণিজ্য কেন্দ্রের কাছে আসতেই দিত না; ব্রিটিশ-ফ্রেঞ্চ জাহাজ দেখলেই স্প্যানিশ-পর্তুগীজরা আক্রমণ করে বসতো, অথচ এসব দেশের মধ্যে তখন যুদ্ধাবস্থা ছিল না! ইংল্যান্ড থেকে যেসব জাহাজ আমেরিকায় বাণিজ্য করার উদ্দেশ্যে রওয়ানা হতো, তারা গোপনে ইংল্যান্ড ছাড়তো। কিন্তু তারা ইংল্যান্ড ছাড়ার আগেই স্প্যানিশ চর মারফত স্প্যানিশ সরকার খবর পেয়ে যেত এবং স্প্যানিশ রাষ্ট্রদূত এলিজাবেথের কাছে আর্জি নিয়ে যেত সেই মিশন বন্ধ করার জন্যে। এই ধরনের প্রতিযোগীতার কারণে ড্রেইক এবং অন্যান্য যারা আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমাতো, তারা তাদের জাহাজগুলিকেই শুধু অস্ত্রসজ্জিত করে ক্ষান্ত হয়নি, তারা তাদের নাবিকদের সিলেক্ট করার ক্ষেত্রেও একই রকম সাবধানতা অবলম্বন করতো। তাদের জাহাজের নাবিকদের বেশিরভাগই অস্ত্র চালনায় দক্ষ হতো। অথচ তারা কিন্তু ‘বাণিজ্যের’ উদ্দেশ্য নিয়েই বের হতো সমুদ্রে।

আটলান্টিক মহাসাগরে বাণিজ্য ছিল ক্রীতদাস বাণিজ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বাণিজ্যের দখল নিতেই ইউরোপিয় দেশগুলির মাঝে হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা

একচেটিয়া ব্যবসার রক্ষার্থে

প্রথমে পশ্চিম আফ্রিকার উপকূলে গিয়ে তারা ইংল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে আনা পণ্য বিক্রি করতো এবং সেখান থেকে কৃষ্ণাঙ্গ ক্রীতদাস দিয়ে জাহাজ ভর্তি করতো। এরপরে আটলান্টিক পাড়ি দিয়ে এই ক্রীতদাসদের তারা আমেরিকায় স্প্যানিশ উপনিবেশগুলিতে বিক্রি করতো, যেখানে আদিবাসীদের নির্মমভাবে নিধনের কারণে চাষাবাদ এবং অন্যান্য অর্থনৈতিক কাজের জন্যে জনবলের বড়ই অভাব ছিল। আফ্রিকার উপকূলে এলেই পর্তুগীজরা ইংলিশ জাহাজগুলিকে আক্রমণ করে বসতো। ইংলিশরা নিজেদেরকে রক্ষা করেই জোরপূর্বক আফ্রিকায় তাদের বাণিজ্য সম্পন্ন করতো; আবার আমেরিকাতে গিয়েও জোরপূর্বক তারা বাণিজ্য করতো। স্প্যানিশ উপনিবেশের অধিকর্তারা তাদের সরকারের নির্দেশের বিরূদ্ধে না গিয়ে ইংলিশ জাহাজকে বাণিজ্য করতে না দিলে ইংলিশরা তাদের জাহাজ থেকে উপকূলে অস্ত্রধারী নাবিকদের নামিয়ে দিত। তারা পরে অস্ত্রের মুখে বাণিজ্য করতো। ড্রেইক এবং বাকিরা এরকম অস্ত্রের মুখে বাণিজ্য করেই ক্ষান্ত হননি। তারা সরাসরি স্প্যানিশ জাহাজে হামলা করে জাহাজ লুট করেছেন, জাহাজের নাবিকদের মাঝে কিছু লোককে বন্দী করে পরবর্তীতে আলোচনায় ব্যবহার করেছেন, এবং যেখানেই সুযোগ পেয়েছেন সেখানেই স্থলভাগে সৈন্য নামিয়ে (উভচর উভিযান) ব্যাপক লুটতরাজ এবং ক্ষতিসাধন করেছেন। এই ব্যাপারগুলি ইংলিশরা খারাপ চোখে দেখেনি। তারা চেয়েছে আমেরিকার নতুন বাজারে বাণিজ্য করতে, কারণ সেই বাণিজ্যের মাঝেই তারা নিজেদের সমৃদ্ধি দেখতে পেয়েছিল। স্প্যানিশ-পর্তুগীজদের একচেটিয়া বাণিজ্য তারা দেখতে আগ্রহী ছিল না। অন্যদিকে স্প্যানিশ-পর্তুগীজরা মনে করতো যে – আমরাই আমেরিকায় প্রথম এসেছি; আমরাই সেই ভূমি খুঁজে পেয়েছি অনেক কষ্ট করে; যদি কারও বাণিজ্য করার অধিকার সেখানে থাকে, তাহলে সেটা আমাদের। এটা ছিল একটা এলাকার বাণিজ্যসহ পুরো ভূমি কপিরাইট করার এক অনন্য উদাহরণ। আপাতদৃষ্টে এই মনোপলি ব্যাবসার বিরূদ্ধে ইংলিশদের একটা ভালো জাতি মনে হলেও পরবর্তীতে সারা বিশ্বে নিজেদের বাণিজ্য আধিপত্য প্রতিষ্ঠায় ব্রিটিশরা ঠিক এই কাজটাই করেছে; তখন অবশ্য ব্রিটিশদের কাছে এটা মনে হয়েছে নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষার যুক্তিযুক্ত সংগ্রাম।



স্প্যানিশদের বাণিজ্য জাহাজগুলির হাত থেকে বাণিজ্যের কতৃত্ব ছিনিয়ে নেবার জন্যে ব্রিটিশরা তাদের বাণিজ্য জাহাজগুলিকে সাজাতো যুদ্ধজাহাজের আঙ্গিকে; নাবিকগুলিকেও তারা সেভাবেই নিত।


বাণিজ্যের জন্যে জাহাজ, নাকি যুদ্ধের জন্যে?


ইংলিশ রাজ দেখেছেন তার দেশের উন্নতির দিকগুলি। যেকারণে তিনি তার দেশের ব্যবসায়ীদের স্বার্থ দেখেছেন। যেখানেই দরকার হয়েছে, সেখানেই তিনি ব্যবসায়ীদের সাথে অংশীদারীত্বে গিয়েছেন - ব্যবসা করার জন্যে নয়, বরং দেশের স্বার্থ রক্ষার জন্যে। দেশের স্বার্থ এখানে সরকারী-বেসরকারী মালিকানার উর্ধে ছিল সবসময়। নিজের দেশের বাণিজ্যকে রক্ষা করার জন্যে সবকিছু করেছেন ইংলিশ রাজ। এমনকি যখন তারা এটা বুঝতে পেরেছেন যে স্প্যানিশ সমুদ্র বাণিজ্যে ভাগ বসানোর মাঝেই তাদের উন্নতি নিহিত, তখন তারা স্প্যানিশদের বিরূদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতেও পিছপা হননি। এই ব্যাপারগুলিকে খুব হিংসাত্মক মনে হলেও এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে এরকম হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা পুঁজিবাদ স্বাভাবিকভাবেই তৈরি করে। কাজেই যতদিন পৃথিবীতে পুঁজিবাদী শাসন চালু থাকবে, ততদিন সব দেশেরই নিজের বাণিজ্যিক স্বার্থকে নিজেরই দেখতে হবে। এখানে লজ্জা পেয়ে অভদ্রতা মনে করে কেউ যদি অন্য কোন বাণিজ্য-শক্তিকে ছাড় দিয়ে বসে, সেটা হবে কৌশলগত দিক থেকে বিরাট এক ভুল। ব্রিটিশরা লজ্জা করেনি বলেই ছোট্ট একটা দেশ হয়েও তারা দুনিয়ার রাজা বনে গিয়েছিল। বাণিজ্য করা এবং বাণিজ্য রক্ষার মাঝে তারা কোন পার্থক্য করেনি। দুই-ই তাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ ছিল। যেকারণে তাদের বাণিজ্য জাহাজের বহর দেখলে বোঝা সম্ভব ছিল না যে সেগুলি বাণিজ্যের জন্যে, নাকি যুদ্ধের জন্যে তৈরি। তাদের বাণিজ্য জাহাজের সব নাবিকেরাই যুদ্ধের জন্যে প্রস্তুত থেকেছে সর্বদা। যেসব জাহাজ সরাসরি বিপক্ষের যুদ্ধজাহাজের বিরূদ্ধে যুদ্ধে নামেনি, সেসব জাহাজ সৈন্য পরিবহণ করেছে এবং উভচর অভিযানে অংশ নিয়েছে। বিপক্ষের সম্পদবাহী বাণিজ্য জাহাজ দখলের মাঝে তারা তাদের দেশের উন্নতিই শুধু দেখেনি, বরং এটা ছিল পরবর্তীতে বিংশ শতকের অর্থনৈতিক অবরোধ এবং যুদ্ধের চিন্তার শুরু। বিশেষ করে সমুদ্র বাণিজ্যের উপরে নির্ভরশীল একটা দেশকে কুপোকাত করতে হলে সেই দেশের সমুদ্র বাণিজ্যকেই যে কুপোকাত করতে হবে, এই থিওরিটা বুঝতে খুব একটা কষ্ট করতে হয়নি কারুর। বিপক্ষের বাণিজ্য জাহাজ আক্রমণ থেকে লজ্জাবশতঃ দূরে থাকলে নিজেদেরই ক্ষতি – এটা ইউরোপিয়দের মাঝে ব্রিটিশরাই প্রথম বুঝেছিল। নিজের উপরে এই থিওরি কার্যকর হলে কেমন লাগে, সেটাও অবশ্য ব্রিটিশরা হাড়ে হাড়ে টের পেয়েছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মান সাবমেরিন বহর ব্রিটেনকে না খাইয়ে মারার উপক্রম করেছিল।



ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত, ১৮০৫ সাল। যদি কোম্পানি হয় বেসরকরারী সংস্থা, তাহলে তারা ভারতে রাজনীতি এবং সমরনীতিতে কি করছিল? তাহলে ১৮০৫ সালের এই ম্যাপ কি বেসরকারী না সরকারী??


দেশের স্বার্থ কি সরকারী-বেসরকারী বা সামরিক-বেসামরিকের মাঝে আলাদা?

দেশের স্বার্থের মাঝে সরকারী-বেসরকারী অথবা সামরিক-বেসামরিক কিছু নেই; দেশের স্বার্থ মানেই সেটাকে রক্ষা করতে হবে সর্বশক্তি দিয়ে – এটাই ছিল ড্রেইকের সময়ের পুঁজিবাদী সমাজের নীতিনির্ধারকদের চেতনা। এই চেতনার উপরে নির্ভর করেই তারা দুনিয়া শাসন করেছে এবং যেসব জাতির উপরে ছড়ি ঘুরিয়েছে, সেসব জাতির মাঝে যাতে এই চেতনাগুলির জন্ম না হয়, সেটার ব্যবস্থা করেছে। এমন এক বিশ্বব্যবস্থার জন্ম তারা দিয়েছে, যেখানে সমুদ্র বাণিজ্য থাকবে অল্প কিছু কোম্পানির হাতে, যেগুলির মালিকানা থাকবে পশ্চিমা পুঁজিবাদী দেশগুলির হাতে। আর এই বিশ্বব্যবস্থা এমন একটা নিয়ম করে রাখবে, যার কারণে ওই বাণিজ্যকে চ্যালেঞ্জ করার একমাত্র পদ্ধতি থাকবে বেসামরিক-বাণিজ্যিক, যা কিনা বেশিরভাগ আপশ্চিমা দেশের জন্যে পুঁজিভিত্তিক অর্থনৈতিক কারণে সম্ভব হবে না। কাজেই যেকোন মুহূর্তে খুব সহজেই যেকোন দেশের বাণিজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া বা অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করা সম্ভব হবে। অথচ ব্রিটিশসহ অন্যান্য পশ্চিমা দেশগুলি যখন নিজেদের বাণিজিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, তখন কিন্তু সামরিক-বেসামরিক কোন আলাদা কিছু ছিল না। আমরা সকলেই ভুলে যাই যে ভারতীয় উপমহাদেশ প্রথম একশ’ বছর শাসন করেছে ব্রিটিশ সরকার নয়, বরং ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি, যা কিনা প্রাচ্যে ব্রিটিশদের সকল বাণিজ্যের দেখভাল করতো। তারা সৈন্য এবং যুদ্ধজাহাজ দিয়ে উপমহাদেশের বাণিজ্যকেন্দ্রগুলি দখল করেছে এবং সকল ধরণের কূটকৌশল অবলম্বন করেছে এই দেশের রাজনীতিতে প্রবেশ করে দেশের বাণিজ্যসহ স্থলভূমি দখল করে এদেশের মানুষকে ক্রীতদাসে পরিণত করতে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি সরকারী প্রতিষ্ঠান ছিল, নাকি বেসরকারী প্রতিষ্ঠান ছিল? সামরিক প্রতিষ্ঠান ছিল, নাকি বেসামরিক? আজ আমাদের দেশের এফবিসিসিআই যদি ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির মতো কাজ করতে যায়, তাহলে শুধু উদ্ভটই শোনাবে না, পশ্চিমা শক্তিগুলি তাদের কূটনৈতিক-অর্থনৈতিক-সামরিক সকল শক্তিকে কাজে লাগাবে এই ধরনের কার্যকলাপের বিরূদ্ধে। যে কাজটা পশ্চিমা দেশগুলি একসময় নির্দ্বিধায় করেছে, সেটাকে তারা আজ খারাপ বলবে – এটা হতে পারে না। বরং তারা চায় না যে তাদের পথ অনুসরণ করে তাদেরই সাম্রাজ্য অন্য কেউ দখল করে নিক। চীনারা যখন এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় তাদের বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধি করে, পশ্চিমা দেশগুলি তখন এই বিপদটাই দেখে। চীনারাও গত কয়েকশ’ বছরের ইতিহাস ভুলে না গিয়ে তাদের বাণিজ্য জাহাজের পিছনে পিছনে যুদ্ধজাহাজ পাঠাতে ভুলেনি। তারা পশ্চিমা ক্রীতদাসের শৃংখল থেকে বের হয়ে আসার আপ্রাণ চেষ্টায় রত।

বিখ্যাত মার্কিন জিওস্ট্র্যাটেজিস্ট এবং জিওপলিটিশিয়ান আলফ্রেড মাহান একটা জাতিকে ম্যারিটাইম জাতিতে পরিণত করতে ‘রিজার্ভের’ কথা বলেছিলেন। এই রিজার্ভে তিনি বলেছিলেন সেই জাতির সী-ফেয়ারিং মানুষের সংখ্যার কথা – অর্থাৎ কত মানুষ সমুদ্র-চারণের উপরে নির্ভরশীল। সেই দেশের সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজ পরিচালনা করা ছাড়াও সেই জাহাজ তৈরি এবং মেরামতের দক্ষ জনশক্তিকে মাহান রিজার্ভের অন্তর্ভুক্ত করেছিলেন। ষোড়শ শতকে ব্রিটিশ নাবিক এবং পরবর্তীতে রয়্যাল নেভির এডমিরাল ফ্রান্সিস ড্রেইক যখন তার জাহাজে সম্ভ্রান্ত যুবকদের ট্রেনিং দিচ্ছিলেন, তখন কিন্তু তিনিও এই ‘রিজার্ভ’ তৈরি করছিলেন। এই রিজার্ভই পবর্তীতে ব্রিটিশদের নৌবাহিনীকে করেছে জগদ্বিখ্যাত। মাহান সামরিক সমুদ্রশক্তিকে বেসামরিক সমুদ্রশক্তির পিছনে রেখেছিলেন। কারণ তার কথায় বাণিজ্য জাহাজ ছাড়া একটা জাতি খামোকা যুদ্ধজাহাজ বানাবে না। আর বাণিজ্য জাহাজ চালাতে না জানলে সেই জাতি সমুদ্রকেও চিনবে না এবং যুদ্ধজাহাজও চালাতে শিখবে না; অর্থাৎ সেই জাতির ম্যারিটাইম জাতি হবার কোন সম্ভাবনাই থাকবে না।

ব্রিটিশরা যখন দুনিয়ার দখল নিয়েছিল, তখন তারা সামরিক-বেসামরিক বা সরকারী-বেসারকারীর মাঝে দাগ টানেনি। কিন্তু তাদের উপনিবেশগুলিকে স্বাধীনতা দেবার সময় কিন্তু এই দাগগুলি টেনে দিতে তারা ভুলেনি

আসলে চিন্তার ভিত্তিটা কোথায়?

এই সামরিক-বেসামরিক আলোচনার ইতি টানতে ষোড়শ শতকে তৈরি ব্রিটেনের ‘এডমিরালটি এন্ড ম্যারিন এফেয়ার্স’ অফিসের দিকে তাকাতে হবে। এই অফিস তাদের ম্যারিটাইম সকল কিছু দেখাশুনা করতো, যার সর্বোচ্চ পদাধারী ছিলেন লর্ড হাই এডমিরাল, যিনি বেশিরভাগ সময়েই ছিলেন একজন রাজনৈতিক ব্যাক্তি। তার দায়িত্ব বর্তমান যুগের বাণিজ্য, নৌ, নৌবাহিনী এবং কোস্ট-গার্ড একত্র করে মন্ত্রণালয় তৈরি করলে সেটার সমান হতে পারে। তার অধীনে দ্বিতীয় ব্যক্তি ছিলেন ভাইস এডমিরাল অব ইংল্যান্ড, যিনি ছিলেন আসলে নেভি-এর চীফ অব স্টাফ। নৌবাহিনীর ব্যাপারে তিনি সিভিলিয়ান লর্ড হাই এডমিরালকে উপদেশ দিতেন। এই দু’জনের নিচে একই এডমিরালটি অফিসের অধীনে ছিল অর্ডন্যান্স, ট্রেজারার, সার্ভেয়র, কন্ট্রোলার এবং ক্লার্ক, যারা জাহাজ তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজ করতেন এবং ম্যারিটাইম শক্তি ধরে রাখার জন্যে সব ধরনের রিজার্ভের দিকে খেয়াল রাখতেন। নৌ-বিষয়ক সকল কিছু একটা অফিসের অধীনে হওয়াতে সমুদ্রকেন্দ্রিক জাতীয় নিরাপত্তার ব্যাপারে সবসময় একই নীতি অনুসরণ করা হয়েছে। এই নীতিই কিছু পরিবর্তনের মাধ্যমে বর্তমানে চালু আছে। এই নীতির সুবিধা হিসেবে উদাহরণস্বরূপ বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাহাজের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে। ব্রিটেনের বেশিরভাগ ফিশিং ট্রলারই মিলিটারি সার্ভিসের জন্যে উপযুক্ত ছিল এবং শত শত জাহাজ নৌবহরে শুধু যুক্তই হয়নি, বেসামরিক জাহাজের ডিজাইন কপি করে হাজার হাজার জাহাজ তৈরি করা হয়েছিল যেগুলি যুদ্ধের সময়ে জার্মান সাবমেরিনের হাত থেকে আটলান্টিক নৌ-বাণিজ্যপথ রক্ষা করতে এন্টি-সাবমেরিন জাহাজ হিসেবে ব্যবহার করা হয়েছিল, অথবা নৌপথ নিরাপদ রাখতে মাইন-সুইপার হিসেবে ব্যবহার হয়েছে, অথবা প্যাট্রোল বোট হিসেবে ব্রিটিশ উপকূল রক্ষায় ব্যবহৃত হয়েছে। ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধের সময়েও ব্রিটিশরা অবিশ্বাস্য দ্রুততায় সিভিলিয়ান লাইনার জাহাজ সৈন্য পরিবহণের জন্যে প্রস্তুত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আটলান্টিক মহাসাগরের পরিবহণ জাহাজের কনভয়গুলির কমান্ডার থাকতেন একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ নৌবাহিনী অফিসার। এগুলি সম্ভব হতো না কোনদিনই যদি ব্রিটিশদের ম্যারিটাইম চিন্তায় সরকারী-বেসরকারী বা সামরিক-বেসামরিক চিন্তার বিভেদ থাকতো।

বাংলাদেশ ইতিহাসের এমন একটা অবস্থানে পৌঁছেছে, যেখানে আমাদের চিন্তা করতে হচ্ছে সমুদ্র নিয়ে। আমরা চিন্তা কোন ভিত্তির উপরে করবো, সেটার উপরে নির্ভর করবে চিন্তাটা কতটা শক্তিশালী হবে। অন্যের তৈরি করে দেওয়া ভিত্তির উপরে দাঁড়াতে চাইলে অন্যের স্বার্থই দেখা হবে। তবে এটাও জেনে রাখা প্রয়োজন যে নিজেদের ভিত্তি নিজেরা তৈরি করতে চাইলে যেসব বাধা আসবে সামনে, সেগুলি অতিক্রম করার মতো শক্ত নীতি-নির্ধারনী ভূমিকা নিতে পারার মতো স্বাধীনতা আমাদের নেতৃত্বের থাকতে হবে।

Tuesday, 15 September 2015

ব্রিটিশ-ডাচ বিরোধ এবং আমাদের জন্য শিক্ষা

১৫ সেপ্টেম্বর ২০১৫
  
ইংলিশরা রানী এলিজাবেথের সময় তেমন শক্তিশালী না হলেও তার সময়েই ইংল্যান্ড সমুদ্রে তার প্রথম প্রতিদ্বন্দী স্পেনকে তার রাস্তা থেকে সড়াতে সক্ষম হয়।



ইউরোপের ছোট্ট রাষ্ট্র ইংল্যান্ডের সারা বিশ্বের মধ্যে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভাব এবং তাদের দ্বারা পরবর্তীতে বিশ্বের এক বিশাল অংশের ভাগ্য নির্ধারণী রাজনৈতিক এবং সামাজিক বিভাজন এক সত্যিকারের আশ্চর্য্য ইতিহাস। দুই শতকের বেশি সময় ধরে দুনিয়ার রাজা বনে যাওয়া এই রাষ্ট্রের ইতিহাস পর্যালোচনার মাঝে নিহিত রয়েছে অনেক রাষ্ট্রের বর্তমান উত্থান বা পতনের মূল গল্প, যা কিনা সেই রাষ্ট্রসমূহের ভবিষ্যত চিন্তার পেছনে ভিত্তি হিসেবে কাজ করতে পারে। কিছুদিন আগে মার্কিন জিওপলিটিশিয়ান আলফ্রেড মাহানের থিওরির উপরে ভিত্তি করে ব্রিটিশদের (তথা ইংলিশদের) ভারতীয় উপমহাদেশের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র বাংলাকে বিভাজনের কাহিনী নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনারই ধারাবাহিকতায় বঙ্গোপসাগরে বাংলাদেশের সামনের দিনগুলি নিয়ে কথা বলতে গিয়ে বাণিজ্য জাহাজের গুরুত্ব তুলে ধরেছিলাম। এই সমুদ্র বাণিজ্য নিয়েই আজকে কিছু কথা বলতে চাই, যা থেকে ভারত মহাসাগর এবং অন্যত্র ব্রিটিশদের সমুদ্র বাণিজ্য-কেন্দ্রিক চিন্তাধারার কিছু প্রধান দিক পাওয়া সম্ভব। আর এই চিন্তাধারাগুলি বাংলাদেশের মানুষের জন্যে ভারত মহাসাগর নিয়ে চিন্তার জন্যে দেবে নতুন খোরাক।

ইংল্যান্ডের কাহিনী কি শুধু ইংল্যান্ডে?

ইংল্যান্ড নিয়ে কথা বলতে চাইলেও ইংল্যান্ডের ইতিহাস এখানে বর্ণনা করতে চাই না। বরং ইউরোপের কঠিন বাস্তবতা পেরিয়ে ইংল্যান্ড কিভাবে অন্য শক্তিশালী রাষ্ট্রগুলির সামনে চলে আসে, সেটা নিয়েই কথা বলবো। অর্থাৎ ইংল্যান্ডের সাথে ইউরোপের অন্য দেশগুলির সম্পর্কই হবে আজকের আলোচনার মূল ভিত্তি। এর আগের লেখাগুলিতে বলার চেষ্টা করেছি যে ইংল্যান্ড (তথা ব্রিটেন) সমুদ্র বাণিজ্যকে কাজে লাগিয়ে বিশাল সম্পদের মালিক বনে যায়। সেই ইতিহাস ঘাটতে হলে ইউরোপের অন্য দেশগুলির সমুদ্র বাণিজের ইতিহাসও ঘাটতে হবে; কারণ এদের সকলের ইতিহাস একই সূত্রে গাঁথা। একজনের উত্থান আরেকজনের পতন ঘটিয়েছে। ইউরোপের এই পুঁজিবাদী রাষ্ট্রগুলি পুঁজিবাদের প্রধান স্তম্ভগুলিকে কাজে লাগিয়েই একে অপরকে পেছনে ফেলতে চেয়েছে। একত্রে চলার নীতি তারা পুঁজিবাদ থেকে কখনো পায়নি বলেই কোন কোন ক্ষেত্রে তাদেরকে একত্রে হতে দেখা গেলেও সেটা ছিল মূলত স্বল্প সময়ের রাজনৈতিক সিদ্ধান্ত; দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনা নয়। দীর্ঘমেয়াদী চিন্তা বলতে রাষ্ট্রের উত্থানই তাদের একমাত্র পাথেয় হিসেবে কাজ করেছে। ইউরোপে রেনেসাঁর সময় থেকে শুরু করে ইংল্যান্ডের বিরূদ্ধে সবচাইতে বড় প্রতিদ্বন্দী হয়ে দাঁড়ায় স্পেন এবং পর্তুগাল। এই দুইটি দেশ আফ্রিকা এবং আমেরিকায় নতুন ভূমি খুঁজে পাওয়া এবং সেখানে উপনিবেশ স্থাপনের মাধ্যমে বিশাল সম্পদের অধিকারী হতে থাকে। তারা পুঁজিবাদের মার্কেন্টিলিস্ট পলিসির উদাহরণ টেনে একচেটিয়া (মনোপলি) ব্যবসা করতে থাকে সেই নতুন জায়গাগুলিতে। এখানে ইংলিশ এবং ফ্রেঞ্চদেরকে তারা দাঁড়াতেই দেয়নি। ইংল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশগুলি তখন দক্ষিণ ইউরোপের সাথে উত্তর এবং পূর্ব ইউরোপের দেশগুলিরে মাঝে সমুদ্র বাণিজ্য করেই দেশ চালাতো। এই বাণিজ্য তাদের জন্যে ছিল অপেক্ষাকৃত কম লাভজনক, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ডাচদের হাতে, যারা ছিল স্প্যানিশ রাজ্যের একটা অংশ। এই ডাচদের কাহিনীই হয়ে দাঁড়ালো ইউরোপের সবচাইতে গুরুত্বপূর্ণ কাহিনী।

 
https://en.wikipedia.org/wiki/Anglo-Dutch_Wars
ইংলিশরা সপ্তদশ শতকে ডাচদের বিরূদ্ধে তিন দফা যুদ্ধ করেও তাদের নৌশক্তিকে পুরোপুরি খর্ব করতে ব্যর্থ হয়। তবে তৃতীয় দফা যুদ্ধই বলে দেয় যে ডাচদের দুর্বলতা কোথায়।

ডাচদের উত্থান ও পতন

ষোড়শ শতকের শেষ দিকে ইংলিশদের সাথে স্প্যানিশ এবং পর্তুগীজদের বাণিজ্য দ্বন্দ শুরু হয়। ক্যাথোলিক এই দুই দেশ ‘নিউ ওয়ার্ল্ড’ বা আমেরিকাতে ইংলিশ এবং ফ্রেঞ্চদের বাণিজ্য করার অনুমতি না দেয়ায় শেষোক্ত দেশদু’টি জলদস্যুতার আশ্রয় নেয়। সমুদ্রগামী জাহাজ তৈরি এবং চালনায় ইংলিশরা এগিয়ে থাকায় তারাই একমাত্র স্প্যানিশদের জন্যে সত্যিকারের বিপদ হয়ে দাঁড়ায়। স্পানিশরা বহু দূরদুরান্তে উপনিবেশ স্থাপন করলেও স্প্যানিশরা জাতি হিসেবে সমুদ্রের প্রতি খুব বেশি ভালোবাসা রাখতো না। তাদের বাণিজ্য জাহাজের একটা বিরাট অংশ চালনা করতো ডাচরা, যারা বহু আগে থেকেই সমুদ্রগামী জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল (এ বিষয়ে এর আগেও আলোচনা করেছি)। ডাচদের সমস্যা ছিল তাদের প্রায় উন্মুক্ত স্থলসীমান্ত। স্প্যানিশরা স্থলশক্তি হওয়ায় তারা ডাচদের সীমানা প্রহরার জন্যে সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করতো, যা কিনা ডাচদের নিজেদের জন্যে ছিল বেশ কষ্টকর। ডাচরা এর বিনিময়ে স্পানিশদের সমুদ্রগামী জাহাজগুলি চালনা করতো। শুধু তা-ই নয়, ইউরোপের উপকূলের ঠিক মাঝামাঝি হবার কারণে দক্ষিণ ইউরোপ এবং উত্তর-পূর্ব ইউরোপের মাঝে বেশিরভাগ বাণিজ্যই তারা নিয়ন্ত্রণ করার সুযোগ পায়। এর সাথে সাথে রাইন নদী নেদারল্যান্ডের মাঝে দিয়ে সমুদ্রে পড়ায় তাদের দেশের মাঝ দিয়ে এই নদী ব্যবহার করে জার্মানরা তাদের প্রায় সকল বাণিজ্য সম্পাদন করতো। রাইন ছিল মধ্য-ইউরোপের সুপার হাইওয়ে; আর সেটার চাবি ছিল ডাচদের হাতে। ডাচদের হাতে ছিল ইউরোপের সমুদ্রগামী বাণিজ্য জাহাজের বহরের বেশিরভাগ। ডাচরা আমেরিকা এবং এশিয়াতে অনেক উপনিবেশ স্থাপন করে এবং বিশাল সম্পদের মালিক হয়ে যায়। তবে ডাচরা স্প্যানিশদের অধীনে থাকতে চায়নি। তারা স্প্যানিশদের কাছ থেকে স্বাধীনতার জন্যে ১৫৬৮ সাল থেকে ১৬৪৮ পর্যন্ত ৮০ বছর সংগ্রাম করেছে। স্প্যানিশদের থেকে ডাচরা আলাদা হবার সাথে সাথেই ডাচদের স্থলসীমান্ত পাহাড়া দেবার দায়িত্ব পড়ে যায় নিজেদের ঘাড়ে। সেনাবাহিনীর ভার সামলাতে গিয়ে তারা নৌবাহিনীকে দুর্বল করতে বাধ্য হয়। আর শক্তিশালী নৌবহর না থাকার কারণে তাদের সমুদ্র বাণিজ্যকে শত্রু দেশগুলি থেকে রক্ষা করার কোন পদ্ধতিই রইলো না। আর অপরদিকে এমনিতেই সমুদ্রাভিমুখী না হবার কারণে স্প্যানিশরা ইংলিশদের কাছে শুধু হেরেই যাচ্ছিলো। আর ডাচদের হারিয়ে স্প্যানিশদের দুর্বল হবার ইতিহাসের শেষ হয়।

সপ্তদশ শতাব্দীকে ডাচদের স্বর্ণযুগ বলা হয়; যার অবসান হয় ব্রিটিশদের সাথে টিকতে না পেরে। স্বাধীনতা পাবার পরপরেই ডাচদের উপরে চড়াও হয় ইংলিশরা। সমুদ্র বাণিজ্য থেকে ডাচদের বের করার চেষ্টায় ১৬৫২ সালে ইংলিশরা যুদ্ধ শুরু করে ডাচদের সাথে। যুদ্ধে ইংলিশরা ডাচদের ১,২০০ থেকে ১,৫০০ বাণিজ্য জাহাজ দখল করে নেয়, কিন্তু তারপরেও ১৬৫৪ সালে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত সমুদ্র থেকে ডাচদের বিতাড়িত করতে ব্যর্থ হয়। এই কারণে ১৬৬৫-৬৭ সালের মধ্যে ইংলিশদের সাথে ডাচদের আরেক দফা যুদ্ধ হয় সমুদ্র বাণিজ্যের দখল নিয়ে। এবারেও ইংলিশরা ৪৫০টা ডাচ জাহাজ দখল করলেও যুদ্ধ জিততে ব্যর্থ হয়। পরপর দু’টা যুদ্ধ শেষপর্যন্ত ডাচদের দিকে হেলেই শেষ হয়। কিন্তু ইংলিশরা হাল ছাড়েনি। ১৬৭২ সালে ইংলিশরা ফ্রেঞ্চদের সাথে একত্রিত হয়ে যুদ্ধ শুরু করে ডাচদের বিরূদ্ধে। ফ্রেঞ্চরা ডাচদের স্থলভূমি দিয়ে আক্রমণ করায় এবারে যুদ্ধের প্রকৃতি পরিবর্তন হয়ে যায়। সমুদ্র থেকে ইংলিশ এবং ফ্রেঞ্চ নৌবহর আক্রমণ করে ডাচদের হারাতে ব্যর্থ হয়, কিন্তু ফ্রেঞ্চ সেনাবাহিনীকে প্রতিহত করতে গিয়ে ডাচদের সেনাবাহিনীতে বিনিয়োগ করতে হয়। ইংলিশরা ১৬৭৪ সালে যুদ্ধ থেকে ঝরে পরে, কিন্তু ফ্রেঞ্চরা ১৬৭৮ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়। এই যুদ্ধের ফলে ডাচদের সমুদ্র শক্তি দুর্বল হতে থাকে।

 
http://skepticism.org/timeline/july-history/7162-protestant-king-william-iii-england-defeats-catholic-king-james-ii-battle-boyne.html
ডাচ রাজা তৃতীয় উইলিয়াম ইংল্যান্ডেরও রাজা হবার পরে ডাচদের সমুদ্রশক্তির কফিনের শেষ পেরেকগুলি গাঁথা হয়। ডাচদের রাজা হয়েও উইলিয়ামের নীতি ভেতর থেকে ডাচ শক্তির বিরূদ্ধে এজেন্টের মতো কাজ করেছে।


রাজার এক দেশ; মনে-প্রাণে দুই দেশ

১৬৮৯ সালে ডাচ রাজা তৃতীয় উইলিয়াম ব্রিটিশদের আমন্ত্রণে ব্রিটিশদেরও রাজা (রাজা ছিলেন ১৬৮৯ খ্রিঃ-১৭০২ খ্রিঃ) হয়ে যান। ব্রিটিশ এবং ডাচদের নৌবাহিনী তখন একত্রিত হয়ে যায়। এসময় একই দেশের অংশ হওয়া সত্তেও ব্রিটিশরা ডাচদের নিজেদের সমকক্ষ করতে চাননি। ঠিক করা হয় যে, পুরো নৌবহরের ৮ ভাগের ৫ ভাগ হবে ব্রিটিশ এবং বাকি ৩ ভাগ হবে ডাচ। অর্থাৎ ডাচ নৌবহরের আকৃতি হবে ব্রিটিশ নৌবহরের প্রায় অর্ধেক (৩/৫), যা কিনা আগে শক্তির দিক থেকে যথেষ্ট কাছাকাছি ছিল। এভাবে একই রাজের সুযোগ নিয়ে ব্রিটিশ নীতিনির্ধারকেরা ডাচদের নৌবহরকে ছোট করে ফেলে। উইলিয়াম ডাচদের স্থলসীমানা রক্ষার জন্যে বড়সড় একটা সেনাবাহিনীও গড়ে তোলেন, যা কিনা বড় নৌবহর রক্ষণাবেক্ষণ করার পেছনে অন্তরায় হয়ে দেখা দেয়। শুধু ফ্লীটের আকৃতি ছোট করাই নয়, একজন ডাচ এডমিরালকে একজন ব্রিটিশ ক্যাপ্টেনের নিচে স্থান দেওয়া হতো। একই রাজা থাকা সত্তেও ব্রিটিশরা ডাচদেরকে সবসময়েই নিজেদের সমুদ্রনীতিতে প্রতিদ্বন্দী হিসেবেই দেখেছে। উইলিয়ামের শাসনকে ব্রিটিশরা ইতিহাসে ছোট একটা ঘটনা হিসেবে দেখেছে, তাই তারা তাদের দীর্ঘমেয়াদী নীতিতে পরিবর্তন আনেনি। উইলিয়ামের নীতির কারণে ইউরোপের বাণিজ্যের কেন্দ্র হল্যান্ড থেকে লন্ডনে চলে যায়। ১৭২০ সাল নাগাদ ডাচদের অর্থনীতি স্থবির হয়ে যায়। আর ১৭৮০ সাল নাগাদ ইংল্যান্ড (এখন গ্রেট ব্রিটেন)-এর মাথাপিছু জিডিপি ডাচদের অতিক্রম করে যায়। ১৭৮০ থেকে ১৭৮৪ সালের আরেক দফা যুদ্ধে ডাচরা ব্রিটিশদের বিরূদ্ধে দাঁড়ানোর সকল ক্ষমতা হারিয়ে ফেলে। এভাবে সপ্তদশ শতকের স্বর্ণযুগের অধিকর্তা ডাচদের করুন পরিণতি হয়। ফ্রেঞ্চ বিপ্লবের পর ন্যাপোলিয়নের আবির্ভাবে ডাচদের স্বাধীনতাও শেষ হয়ে যায়।

 
http://www.returnofkings.com/37944/10-life-lessons-from-louis-xiv
ফ্রেঞ্চ রাজা চতুর্দশ লুই ফ্রান্সকে শক্তিশালী স্থলশক্তিতে পরিণত করেন। কিন্তু একইসাথে ডাচদের বিরূদ্ধে স্থলযুদ্ধে অবতীর্ণ হয়ে ব্রিটিশ সমুদ্র বাণিজ্যের জন্য পথ উন্মুক্ত করে দেন।

ব্রিটিশদের পরবর্তী শিকার – ফ্রান্স

স্প্যানিশদের থেকে আলাদা হবার সাথে সাথেই ডাচদের উপরে চড়াও হয় ইংলিশরা। ফ্রেঞ্চরা ইংলিশদের পক্ষ নেয় ডাচদের বিরূদ্ধে। আলফ্রেড মাহানের মতে এটা ছিল ফ্রেঞ্চদের একটা বিরাট ভুল। স্প্যানিশদের মতো ফ্রেঞ্চরাও ইউরোপের মূল ভূখন্ডের স্থলশক্তি ছিল; সমুদ্র ছিল তাদের জন্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেক্টর। ফ্রেঞ্চরা ডাচদেরকে তাদের বন্ধু না বানিয়ে শত্রু বানিয়ে ফেলায় ফ্রেঞ্চরা একটা শক্তিশালী সমুদ্রাভিমুখী বন্ধু থেকে বঞ্চিত হয়। এর ফলশ্রুতিতে সেনাবাহিনী তৈরি করতে গিয়ে ডাচদের নৌশক্তি দুর্বল হতে থাকে এবং সমুদ্র বাণিজ্যের প্রায় পুরোটাই ব্রিটিশদের (তথা ইংলিশদের) নিয়ন্ত্রণে চলে যায়। এভাবে পর পর স্প্যানিশ এবং ডাচদের মতো দু’টা বিরাট শক্তিকে নিজের পথ থেকে সরিয়ে দিতে সফল হয় ব্রিটিশরা। এখন তাদের সামনে রইলো শুধু ফ্রান্স। ঐতিহাসিকভাবেই ফ্রেঞ্চরা সমুদ্র বাণিজ্যকে খুব একটা গৌরবোদ্দীপ্ত কাজ মনে করতো না, সে কারণে ব্রিটিশরা যে সমুদ্রের রাণী, এটা ফ্রেঞ্চরা একরকম মেনেই নিল। একসময় ব্রিটিশদের ১৩০ খানা যুদ্ধজাহাজের বিপক্ষে ফ্রেঞ্চদের পক্ষে ৪৫টার বেশি মোতায়েন করা সম্ভব ছিল না। ফ্রান্সের প্রতাপশালী রাজা চতুর্দশ লুই-এর সময়ে (রাজা ছিলেন ১৬৪৩ খ্রিঃ- ১৭১৫ খ্রিঃ) অর্থমন্ত্রী জঁ-বাতিস্ত কলবের (মন্ত্রী ছিলেন ১৬৬৫ খ্রীঃ-১৬৮৩ খ্রীঃ) ফ্রেঞ্চ সরকারের সমুদ্র নিয়ে ভাবনায় কিছুটা পরিবর্তন আনলেও তার পরবর্তী নীতিনির্ধারকেরা তাকে অনুসরণ করেননি। যার কারণে ফ্রান্স ইউরোপের মূল ভূখন্ডে অনেক কিছু জয় করতে পারলেও ব্রিটেনের মতো সম্পদশালী হতে পারেনি কখনোই। ব্রিটেন ইংলিশ চ্যানলের ওই পাড়ে থেকেই ফ্রান্সের আশেপাশের সকল সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করেছে। শুধু তা-ই নয়, ব্রিটিশরা আমেরিকা, আফ্রিকা এবং এশিয়াতেও ঐপনিবেশিক শক্তি হিসেবে ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং ডাচদের ছাড়িয়ে যায়। এভাবে একে একে স্প্যানিশ, ডাচ এবং ফ্রেঞ্চদের পেছনে ফেলে উপরে উঠে আসে ব্রিটিশরা।

ডাচদের থেকে কি কিছু শেখার আছে?

ডাচদের সমুদ্রশক্তির বিরূদ্ধে ব্রিটিশদের এই গ্র্যান্ড স্ট্র্যাটেজি থেকে কিছু জিনিস বের করা যায়। প্রথমত, সমুদ্র বাণিজ্য যারা নিয়ন্ত্রণ করে, তারা অন্যের হাতে সেটার নিয়ন্ত্রণ কখনোই ছেড়ে দেবে না। কারণ এই বাণিজ্যই হচ্ছে উতপাদন কেন্দ্র এবং পণ্যের বাজারের মাঝে একমাত্র যোগসূত্র। সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করার মাঝেই পুঁজিবাদী বিশ্বে একটা দেশ অন্য দেশের উপরে কর্তৃত্ব করে। নতুন কোন শক্তি যাতে সমুদ্র বাণিজ্যের উপরে ভাগ বসাতে না পারে, সেটা বর্তমান কর্তারা খেয়াল রাখবে; দরকার হলে কয়েকজন একত্রিত হয় নতুন শক্তিকে প্রতিহত করতে চেষ্টা করবে। দ্বিতীয়ত, সমুদ্র শক্তির একটা দেশকে সমুদ্র থেকে সরানোর একটা পদ্ধতি হলো তাকে স্থলভাগে ব্যতিব্যস্ত রাখা। ব্রিটিশরা ফ্রেঞ্চদের সাথে একত্রিত হবার সাথেসাথেই ডাচদের স্থলসীমানায় ফ্রেঞ্চদেরকে আবির্ভাব ঘটে। তৃতীয়ত, নিজেদের স্থলসীমানা নিরাপদ করতে একটা সমুদ্র-শক্তির যদি অন্য একটা স্থলশক্তির সাহায্য লাগে, সেক্ষেত্রে তৃতীয় শক্তি চাইবে এই সমুদ্র-শক্তি এবং স্থলশক্তির মাঝে দূরত্ব তৈরি করতে। বাইরের শক্তির উপরে নিজের সীমানা রক্ষার জন্যে নির্ভর করার কারণে ঐ সমুদ্র-শক্তি সবসময়েই বিপদের মুখে থাকবে। চতুর্থত, কোন নব্য সমুদ্রশক্তির দেশ যদি নিজেদের নীতিনির্ধারণে আরেকটি প্রতিষ্ঠিত সমুদ্রশক্তিকে ডেকে আনে বা সুযোগ করে দেয়, তাহলে সেই নব্য সমুদ্রশক্তির দেশের সমুদ্রশক্তি হবার সম্ভাবনা নিঃশেষ হয়ে যাবার সম্ভাবনাই বেশি।

কি করা, আর কি না করা

বাংলাদেশ এখন বঙ্গোপসাগরের দিকে তাকাচ্ছে; যা নিয়ে এর আগেই বিস্তর আলোচনা করেছি। এখন এদেশের নেতৃত্বের খেয়াল রাখতে হবে যে ব্যাপারগুলির দিকে, তা হচ্ছে – এক. সমুদ্রশক্তি হতে গেলে বাধা আসবেই, এমনকি সমন্বিত বাধাও আসতে পারে। এক্ষেত্রে পুঁজিবাদী বিশ্বের শক্তিদের সাথে পেরে ওঠা ছাড়া দ্বিতীয় কোন পথ খালি নেই। নেতৃত্বের কঠোর ভূমিকাই একমাত্র দেশকে এগিয়ে নিতে পারে। কিন্তু পুঁজিবাদী বিশ্বে যারা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে, তারা নিজেদের স্বার্থ দেখে এবং কখনো দরজা ছেড়ে সড়ে দাঁড়ায় না। আরেকজনের নিয়ন্ত্রিত দরজা দিয়ে কতদিন নিজের খেয়ালখুশিমতো যাতায়াত করা সম্ভব, সেটা প্রশ্নাতীত নয়। দুই. অপর কোন সমুদ্রশক্তিকে কোন অবস্থাতেই দেশের নীতি নির্ধারণে ঢুকতে দেওয়া যাবে না। সেটা দেওয়া হলে সমুদ্র বাণিজ্য তো ক্ষতিগ্রস্ত হবেই, এমনকি তারা ছলে বলে কৌশলে দেশের স্থলসীমানায় অস্থিরতা সৃষ্টি করে অভ্যন্তরীণ সম্পদ নষ্ট করার পদ্ধতি করে দিতে পারে, যাতে সমুদ্রশক্তি তৈরি করার জন্যে অর্থের সঙ্কুলান না হয়।

Friday, 28 August 2015

মাহানের থিওরি এবং প্রাসঙ্গিক কিছু প্রশ্ন

২৮ আগস্ট ২০১৫

কিছুদিন আগে মার্কিন জিওস্ট্র্যাটেজিস্ট আলফ্রেড মাহানের থিওরির উপরে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে বঙ্গোপসাগরে একটি ম্যারিটাইম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাব হতে চলেছে। এখন প্রশ্ন এসে পড়ে যে সেটা কিভাবে হবে? কিভাবে হবে, সেটা নিয়ে কথা বলার আগে কিছু কথা সম্পর্কে নিশ্চিত ধারণা রাখা জরুরি। মাহান তার চিন্তাতে এনেছিলেন যে, মানুষের চিরাচরিত চিন্তার ফসল আন্তর্জাতিক পরিসরে কিভাবে প্রয়োগ হতে পারে। এক্ষেত্রে যেহেতু ঐতিহাসিক কারণে তিনি পুঁজিবাদী বিশ্বের বাইরে চিন্তা করতে পারেননি এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বিশ্বে এখন শুধু পুঁজিবাদই বিরাজ করছে, তাই মাহানের থিওরি এসময়ে অনেক কিছুই ব্যাখ্যা করতে পারছে। তবে এখানে বলে রাখা ভালো যে কারো পক্ষেই হলফ করে বলা যায় না যে পুঁজিবাদী বিশ্বব্যাবস্থা চিরস্থায়ী হবে। বিশেষ করে পুঁজিবাদের স্পন্সর পশ্চিমা রাষ্ট্রগুলি এখন অর্থনৈতিক, সামাজিক এবং সামরিক দিক থেকে বিশ্বের উপরে তাদের নিয়ন্ত্রণ হারাতে বসেছে। এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশগুলি বেশ দ্রুতই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যা কিনা ভবিষ্যতে বিশ্ব নেতৃত্বতে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। তখন পুঁজিবাদ সহ বা পুঁজিবাদ ছাড়া বিশ্বের অবস্থা কেমন দাঁড়াবে, সেটা এখন বলা দুষ্কর। চীন এখন তার সমাজতন্ত্রকে ছেড়ে দিয়ে পুঁজিবাদ থেকে নিজেদের ইচ্ছেমতো কিছু সুবিধা নিয়ে দেশকে গড়ার চেষ্টায় রয়েছে। চীন, জাপান এবং জার্মানি-সহ অনেক দেশ এখন মার্কেন্টিলিস্ট ইকনমি অনুসরণ করছে, যার অর্থ হচ্ছে, রপ্তানির পিছনে সর্বশক্তি নিয়োগ, অথচ আমদানি নিরুতসাহিত করা। এই নীতি ইউরোপিয়রা অনুসরণ করেছিল কয়েকশ’ বছর, যখন তারা উপনিবেশগুলিকে নিজেদের তৈরি পণ্যের বাজারে পরিণত করেছিল এবং একেবারে বেসিক কাঁচামাল ছাড়া উপনিবেশের তৈরি যেকোন জিনিসের উপরে উচ্চ কর আরোপ করেছিল। মুক্ত বাজার অর্থনীতির অগ্রপথিক ব্রিটেন এবং আমেরিকা নিজেরাও নিজেদের কৃষকদের ভর্তুকি দেয়, যা কিনা মুক্ত বাজারের নীতি-বিরূদ্ধ। যাইহোক, সামনের দিনগুলিতে মাহানের থিওরি পুরোপুরি কাজ করবে, সেটা হলফ করে বলা যাচ্ছে না। তবে এটাও ঠিক মাহানের থিওরির কিছু ব্যাপার মানুষের জন্মগত কিছু চাহিদাকে ঘিরে, যেকারণে সমাজব্যাবস্থা এবং সরকার নির্বিশেষে সেগুলি বাস্তবে রূপ নেবার সম্ভাবনা প্রচুর। উদাহরণস্বরূপ, যেকোন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে সে কিন্তু শক্তভাবে দাঁড়াবার চেষ্টা করে – ঠিক যেমনটি হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। এমন অবস্থায় এদেশের মানুষ সারভাইভাল ইন্সটিংক্ট কাজে লাগিয়ে বঙ্গোপসাগরে (এবং বঙ্গোপসাগর পার হয়ে) পাড়ি জমাবে।

বহিঃবাণিজ্য-নির্ভরতা বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এমন একদিকে যেখানে অনেকেরই পা মাড়াতে বাধ্য হবে দেশ। এমতাবস্থায় শক্ত নেতৃত্ব না দিতে পারলে দেশ মহা বিপদে পড়বে




পুঁজিবাদ এবং পরিবর্তিত বাংলাদেশ

ব্রিটিশদের রেখে যাওয়া বহিঃবাণিজ্য-নির্ভর বাংলাদেশ তার বিশাল জনসংখ্যার চাপেই বঙ্গোপসাগরকে নিজেদের সাগর হিসেবে দেখতে শুরু করবে। বহিঃবাণিজ্যের উপরে ব্যাপক নির্ভরশীলতার কারণে বাণিজ্য রক্ষা করাকে সে তার বেঁচে থাকার প্রধান কর্মকান্ডের সমান গুরুত্ব দিয়ে দেখবে। বিশ্বে পুঁজিবাদ না থাকলেও বাংলাদেশের মানুষ এদিকেই এগুবে, কারণ ব্রিটিশদের চিন্তা এবং কর্মকান্ডের (প্রধাণত ভৌগোলিক সীমা নির্দেশ সংক্রান্ত কর্মকান্ড) কারণে ভবিষ্যতে কখনো এদেশের মানুষের পুরোপুরি স্বনির্ভর হবার সম্ভাবনা নেই বললেই চলে। বেঁচে থাকার জন্যে জরুরি বেশকিছু গুরুত্বপূর্ণ বেসিক কাঁচামালের উতস এখন বাংলাদেশে নেই এবং ভবিষ্যতেও সেটার তৈরি হবার সম্ভাবনা কম। এখন এটা বলাই বাহুল্য যে সরকারের নীতি এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে; কিন্তু কিছু ব্যাপার সংঘটিত হবে মানুষের প্রকৃতিগত চাপে, যা কিনা সরকারের পক্ষে আটকানো কঠিন, অথবা সরকারই বাধ্য হবে মানুষের দেখভালের অংশ হিসেবে কিছু পদক্ষেপ নিতে, যা কিনা সে আগে কখনো নেয়নি। এসব পদক্ষেপ অনেক ক্ষেত্রেই নির্ভর করবে সরকারের আন্তরিকতার উপরে এবং বহিঃশক্তির কবল থেকে মুক্ত হয়ে নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপরে। প্রথম কারণটি অবশ্য অনেকাংশেই দ্বিতীয়টির উপরে নির্ভরশীল থাকবে জিওপলিটিক্সের কারণে। এদেশের মানুষ সারভাইভাল ইন্সটিংক্ট কাজে লাগিয়ে যেসব কাজ করবে, তা বঙ্গোপসাগর, তথা ভারত মহাসাগর, তথা এশিয়া, তথা পুরো বিশ্বের স্ট্র্যাটেজিক ব্যালান্সে প্রভাব ফেলবে। আর সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্বশক্তিদের ব্যাপক আগ্রহের কারণ হবে। এরকম বাস্তবতায় শক্তিশালী এবং বিচক্ষণ নেতৃত্বের অভাব ঘটলে দেশ মহাবিপদে পতিত হবে। পুঁজিবাদী ব্যবস্থা আর যাই হোক, মানুষকে নিজের স্বার্থ জ্বলাঞ্জলি দিতে শেখায় না। নেতৃত্বের দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। নির্ভরশীলতার উপরে স্বাধীনতা দাঁড়িয়ে থাকে না।

নেতৃত্ব ও নীতি

উপরে বর্ণিত ব্যাপারগুলি বুঝেই বাংলাদেশকে এগুতে হবে। বিশ্বব্যবস্থার বর্তমান অবস্থা বুঝতে পারা থেকে শুরু করে সামনের দিনগুলিকে কি কি ঘটার সম্ভাবনা রয়েছে সেগুলি চিন্তা করেই প্রস্তুতি নিতে হবে। বিশ্বরাজনীতি এবং বিশ্বঅর্থনীতিতে সম্ভাব্য পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার মতো মানসিকতা তৈরি এবং প্রস্তুতি নেবার দায়িত্বও নেতৃত্বের। এক্ষেত্রে মানুষের বৃহত স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ব্যাক্তি এবং বহিঃস্বার্থকে পিছনে ফেলে নীতি নির্ধারণের মাঝেই আসল সাফল্য নিহিত থাকবে। ম্যারিটাইম দেশ গঠনে কেন, দেশের যেকোন নীতি নির্ধারণেই এই বিষয়গুলি প্রাধাণ্য পাওয়া উচিত। আর দেশের ভেতরে যা কিছু ঘটবে, তার সবকিছুই ম্যারিটাইম ক্ষেত্রে প্রতিফলিত হবে। উদাহরণস্বরূপ, দেশের নদনদী সঠিকভাবে ড্রেজিং-এর পরে এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে, এবং সেটার কারণে বহিঃবাণিজ্য থেকে শুরু করে জাহাজ নির্মাণ, কূটনীতি, এমনকি সামরিক প্রস্তুতিতেও আসবে পরিবর্তন। এসব বিভিন্ন ক্ষেত্রে আগাম প্রস্তুতি নিতে পারার ক্ষমতা শুধু সেধরণের নেতৃত্বেরই থাকবে, যারা কিনা আলফ্রেড মাহান এবং অন্যান্য বিখ্যাত থিওরিস্টরা যেসব বেসিক প্রশ্নের উপরে নির্ভর করে তাদের চিন্তাভাবনাকে এগিয়েছিলেন, সেসব প্রশ্নের গ্রহণযোগ্য উত্তর খুঁজে পাবেন, এমনকি দরকার বিশেষে ব্যাকরণ পরিবর্তন করার সক্ষমতা এবং সাহস রাখবেন।

যারা এর আগের লেখাটি পড়ে মনে করছেন যে বাংলাদেশ নিয়ে এরকম চিন্তা করাটা অবান্তর, তাদের জন্যে শুধু এটাই বলতে চাই যে তারা খুব সম্ভবত ভূগোল, রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস এবং আরও কিছু জিনিসের সমন্বয়ে তৈরি খিচুরির স্বাদ নেননি; এই খিচুরির নামই হচ্ছে জিওপলিটিক্স। হল্যান্ড, বেলজিয়াম এবং পর্তুগালের মতো ছোট্ট দেশগুলিও একসময় ঔপনিবেশিক শক্তি ছিলো। ব্রিটিশ ভারতে মাত্র কয়েক হাজার ব্রিটিশ শাসন করতো কোটি কোটি ভারতীয়কে। আসলে যারা এগুলির গভীরতা বুঝতে অক্ষম, তারা সামনের দিনগুলিতে এদেশের নীতি তৈরিতেও অক্ষমতার পরিচয় দেবেন। সঠিক দূরদর্শী নীতিতে অনেক কিছুই থাকতে পারে, যার সবকিছু একবারে লিখে শেষ করা কঠিন। এই লেখার মাধ্যমে এ ধরণের পদক্ষেপগুলির উপরে আলোচনা শুরু করতে পারি কেবল। আজ শুরু করে সামনের দিনগুলিতে আরও কিছু পদক্ষেপ নিয়ে কথা বলার প্রয়াস রাখছি।
 
ম্যারিটাইম দেশ হবার জন্যে বাংলাদেশের কাছে তার সবচাইতে বড় সম্পদ হলো বিরাট জনসংখ্যা। সামনের দিনগুলিতে এই জনসম্পদকে সঠিক দিকনির্দেশনা দেওয়াটা জরুরি


জনসংখ্যা সমস্যা, নাকি জনসম্পদ?

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলির ভেতরে সবচাইতে বড় সম্পদ হচ্ছে এর জনসংখ্যা। একসময় বাইরে থেকে প্রচুর ডলার এসেছে এদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্যে। অথচ এখন জনসংখ্যার কারণেই বাংলাদেশ-সহ বিশ্বের অনেকগুলি দেশ এখন সামনের দিনগুলিতে শক্তিশালী দেশরূপে আবির্ভাব হতে যাচ্ছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের ফল হিসেবে পশ্চিমা দেশগুলি এখন বিশ্বের নিয়ন্ত্রন হারাতে বসেছে এবং নিজেদের সম্ভুক গতির অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে সারা বিশ্ব থেকে জনশক্তি আমদানি করে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছে। বাংলাদেশকে ম্যারিটাইম দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে জনশক্তির অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করাটা জরুরি। মাহান ডাচদের উদাহরণ দিয়েছিলেন - কিভাবে তারা একটা ম্যারিটাইম দেশে পরিণত হয়। ডাচদের চিন্তাশীল লোকেরা হিসেব করে বের করেছিলেন যে হল্যান্ডের ভূখন্ডের পক্ষে তাদের জনসংখ্যার মাত্র আট ভাগের এক ভাগের ভরণপোষণ যোগান দেওয়া সম্ভব। ডাচরা প্রথমে সাগরে মাছ ধরতে বের হলো। এরপরে তার মাছ প্রসেসিং করতে শিখলো এবং সেই প্রসেস করা মাছ ইউরোপের অন্যান্য দেশে রপ্তানি করতে শুরু করলো। এক্ষেত্রে ইউরোপের উপকূলের ঠিক মাঝামাঝি হওয়ায় এবং রাইন নদীর মোহনায় অবস্থিত হওয়ায় গোটা ইউরোপের সাথে চমতকার যোগাযোগ ব্যবস্থা তাদের সাহায্য করেছিল। খুব শিগগিরই ডাচরা নাবিকের জাতি হয়ে উঠলো। একসময় স্প্যানিশ রাজের বেশিরভাগ জাহাজই ডাচরা চালাতো। নিজেদের দেশে ম্যানুফ্যাকচারিং শিল্পও গড়ে উঠতে থাকলো বাণিজ্যের সাফল্যের সাথে সাথে। এভাবে ডাচদের বিরাট এক বাণিজ্য নৌবহর গড়ে উঠলো, যা কিনা ইউরোপে বাণিজ্য করতে গিয়ে অন্যান্য শক্তিশালী দেশের স্বার্থের রোষানলে পড়লো এবং জলদস্যুদের কবলেও পড়তে থাকলো। এভাবেই ডাচরা তৈরি করলো তাদের নৌবাহিনী এবং নৌ-নিরাপত্তা, যা কিনা পরবর্তীতে তাদেরকে অন্যান্য ইউরোপীয় দেশের সাথে প্রতিযোগিতা করে বিশ্ব আবিষ্কারের স্পৃহা যোগায় এবং এক ঐপনিবেশিক শক্তিতে পরিণত করে। এখানে ডাচদের দ্রুত বর্ধনশীল জনস্ংখ্যা এবং দেশে অভাবের কারণে জাহাজের নাবিক হবার জন্যে অনেক মানুষ পাওয়া যায়। প্রাকৃতিক সম্পদের তুলনায় বেশি জনসংখ্যার চাপেই তারা বাণিজ্য জাহাজ তৈরিতে মনোনিবেশ করে। জনসংখ্যা একেবারে কম থাকলে কিন্তু ডাচরা সমুদ্রে আধিপত্য লাভের চেষ্টাই করতে পারতো না। সমুদ্র তাদেরকে কর্মসংস্থান এবং নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে। সমুদ্র দেখে তারা ভয় পায়নি; বরং এই নতুন এডভেঞ্চারকে তারা তাদের জীবনের অপরিহার্য অংশ হিসেবে মেনে নিয়েছে।


ডাচদের উত্থানের পিছনে তাদের ফিশিং ইন্ডাস্ট্রি একটা বিরাট ভূমিকা রাখে। সমুদ্রের দিকে ডাচদের আগ্রহী করে তোলার জন্যে মাছ আহরণ একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল

মাছ থেকে উপনিবেশ – ডাচদের উত্থান

ডাচদের জনশক্তির কর্মসংস্থান হয়েছে মূলত জাহাজ, জাহাজ-নির্মাণ, মাছ আহরণ, সমুদ্র-বাণিজ্যের সাথে সম্পর্কিত বিভিন্ন কারখানা, নৌবাহিনী, ইত্যাদিতে সেক্টরে। অনেকেই আবার বিশ্বব্যাপী ডাচদের স্থাপিত ব্যবসাকেন্দ্রগুলিতে জীবিকা খুঁজে নিয়েছে। এই প্রতিটা সেক্টরেই বিপুল জনসম্পদের দরকার ছিল তাদের। ডাচদের কাছ থেকে শেখার রয়েছে বাংলাদেশেরও। রাইনের সবগুলি শাখানদী হল্যান্ডের মাঝ দিয়ে সমুদ্রে পড়ায় ডাচরা এমনিতেই পানির দেশের মানুষ ছিল। নদীপথে ডাচরা জার্মানিসহ এবং ইউরোপের অন্য দেশের সাথে বাণিজ্য করতো; এখনও ডাচরা নদী এবং খাল ব্যবহার করে নিজেদের বেশিরভাগ পণ্য পরিবহণ করে এবং জার্মানিতে রপ্তানি করে। বাংলাদেশের দু’টি বিশাল নদী গঙ্গা এবং ব্রহ্মপুত্র ব্রিটিশরা মানচিত্রে কেটে দিয়ে গেছে, যাতে এখানে রাইনের মতো কোন শক্তিশালী নদীপথের উত্থান না হয়। ব্রিটিশরা চলে যাবার পরে তাদের মিত্র ভারত সরকার গঙ্গা নদীতে বাঁধ দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত করেছে, যা নিয়ে এর আগের লেখায় বিস্তারিত লিখেছি। নদীপথে ডাচদের আন্তর্জাতিক বাণিজ্য বিরাট লাভবান হলেও আমরা এই উদাহরণটুকু কাজে লাগাতে পারছি না। তবে দেশের অভ্যন্তরীণ নৌপথকে কাজে লাগাতে মনোনিবেশ করতে পারি।

ক্যাপিটাল ড্রেজিং করার মাধ্যমে পুরাতন নদীপথগুলিকে জীবন দিতে পারি আমরা। ড্রেজার এবং এর আনুষাঙ্গিক যন্ত্রপাতি এবং বালুবাহী জাহাজ তৈরি করতে গিয়ে জাহাজ নির্মাণ শিল্প চাঙ্গা হবে। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, চাপাই নবাবগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, সিলেট, ইত্যাদি শহরকে নদীপথে পুণরায় যুক্ত করতে পারলে দেশের ভেতরে শিল্প এবং বাণিজ্যের বিকেন্দ্রীকরণ হবে এবং জাহাজ নির্মাণ শিল্প আরও একটা অণুপ্রেরণা পাবে। ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল সরকারীভাবে একটা তৈরি করা হলেও আরও দরকার নদনদীর পাশে। এখন পর্যন্ত এসব টার্মিনালে ব্যবহৃত হবে বলে অনেক কনটেইনাল জাহাজ দেশীয় শিপইয়ার্ডগুলিতে তৈরি হচ্ছে। এই জাহাজগুলি চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ঢাকার আশেপাশের জায়গায় পরিবহণ করবে এবং ব্যয়বহুল ও যনজটপূর্ণ ঢাকা-চট্টগ্রাম হাইওয়েকে বাইপাস করবে। নদীপথগুলি উন্মুক্ত করা গেলে দেশের অনেকস্থানে নদীর তীরে খাদ্যশস্য, জ্বালানি তেল এবং রাসায়নিক সারের গুদাম তৈরি করা যাবে; এতে দেশীয় জাহাজ আরও দেখা যাবে। যাত্রীবাহী জাহাজের সংখ্যাও বাড়বে একইসাথে; মানুষ ব্যয়বহুল সড়কপথের উপরে নির্ভর না করে সাশ্রয়ী নৌপথের দিকেই যাবে। একই সাথে ছোট-বড় সকল ধরনের পণ্যবাহী জাহাজের সংখ্যাও বৃদ্ধি পাবে। বঙ্গোপসাগরে মাছ আহরণের জন্যে ফিশিং ট্রলার তৈরি করা শুরু হয়েছে কেবল; এর সংখ্যা সামনের দিনগুলিতে আরও বাড়বে। বর্তমানে বাংলাদেশে জাহাজ শিল্পের সবচাইতে উল্লেখযোগ্য অংশের মধ্যে রয়েছে লাইটার জাহাজ; এরকম হাজার খানেক জাহাজ চট্টগ্রাম এবং মংলা বন্দর থেকে তেল এবং অন্যান্য পণ্য দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। এই নৌ-পরিবহণ শিল্প যেন অটুট থাকে, সেদিকে খেয়াল রাখাটা জরুরি। কোন ধরনের সরকারী বা বেসরকারী প্রজেক্ট যদি এই নৌপরিবহণের বিকল্প তৈরি করতে চায়, সেটা প্রতিরোধ করাটা দেশের ম্যারিটাইম ভবিষ্যতকে চিন্তা করে জরুরী কর্তব্য।


বাংলাদেশের বাণিজ্য জাহাজের ক্ষুদ্র বহর যেভাবে কমছে, তাতে জাতীয় নিরাপত্তার প্রশ্ন দেখা দিচ্ছে। দেশের নেতৃত্ব ম্যারিটাইম দেশের স্বপ্ন দেখতে চাইলে মার্চেন্ট নেভি নিয়ে ভাবতে হবে এখনই।



বাংলাদেশের মার্চেন্ট নেভির গুরুত্ব

তবে এইসকল জাহাজই হচ্ছে অভ্যন্তরীণ নৌপথের জন্যে জাহাজ (ফিশিং ট্রলার বাদে)। এগুলি জাহাজে কর্মসংস্থান হতে কাউকে সমুদ্রের সাথে অভ্যস্ত হতে হয় না। ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের সংখ্যা ছিল ২৪টি। ওই বছর দেশে সমুদ্রগামী জাহাজ নিবন্ধন সহজ করা হয় এবং শুল্ক কমানো হয়।এর ফলশ্রুতিতে চার বছরে নতুন যুক্ত হয় ৪৭টি জাহাজ। কিন্তু বিশ্বমন্দায় পড়ে জাহাজ মালিকেরা তাদের জাহাজগুলি স্ক্র্যাপ করে ফেলতে থাকেন। যেখানে ২০১৩ সালে বাংলাদেশের পতাকাবাহী জাহাজের সংখ্যা দাঁড়ায় ৬৮-এ, সেটা ২০১৫ সালের মাঝামাঝি কমে এসে দাঁড়ায় মাত্র ৩৮-এ; এবং সামনের দিনগুলিতে সেটা আরও কমতে যাচ্ছে। সরকারী বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এখন মাত্র ৫টি, যা ’৯০-এর আগে ছিল ৩৮টি! ২০১২ সালে যেখানে দেশী জাহাজে নাবিক এবং অফিসার ছিল ১,৬০০, সেটা ২০১৫ সালের মাঝামাঝি মাত্র ৮০০-তে এসে ঠেকেছে।২০১৪ সালের এক হিসাব অনুযায়ী দেশে ৮৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নাবিক ও অফিসার বেকার রয়েছে। নৌ একাডেমিগুলা প্রতিবছরই আরও নাবিক প্রশিক্ষণ দিয়ে চলেছে। সরকারী এবং বেসরকারী প্রায় সব জাহাজই অনেক পুরোনো। পুরোনো জাহাজ পশ্চিমা দেশগুলির বন্দরগুলিতে ভিড়তে পারেনা; তাই এই জাহাজগুলি শুধু এশিয়া এবং আফ্রিকার কিছু দেশগুলিতেই যেতে পারে। আর পুরোনো বিধায় জাহাজগুলির মেইনটেন্যান্স খরচ বেশি, যা কিনা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্যে কঠিন। এরই মধ্যে বিশ্বমন্দার কারণে শিপিং কোম্পানিগুলির লোকসান আরও বেড়ে যায়। এসব জাহাজের প্রায় সবই বাল্ক কার্গো ক্যারিয়ার; কনটেইনার জাহাজ একটাও নেই। অর্থাৎ প্রতিবছর চট্টগ্রাম বন্দর যে ১৬ লক্ষ টিইউএস কনটেইনার হ্যান্ডলিং করে, তার পুরোটাই বিদেশী জাহাজে পরিবহণ করা হয়। বিদেশী জাহাজের শিপিং চার্জ ব্যয়বাবদ বাংলদেশ প্রতিবছর ৬ বিলিয়ন ডলার ব্যয় করছে, যা বিদেশে চলে যাচ্ছে। এমতাবস্থায় সরকারের সামনে সিদ্ধান্ত – বাংলাদেশ কি সব সামুদ্রিক বাণিজ্য জাহাজ হারাবে, নাকি এই নৌবহরকে রক্ষা করার চেষ্টা করবে? সরকার সবকিছুতে টাকা-পয়সার লাভ-লোকসানের হিসাব করতে পারে না। উদাহরণস্বরূপ, সরকার লাভ-লোকসান চিন্তা করলে শিক্ষা এবং স্বাস্থ্য চিন্তা থেকে পুরোপুরি বাদ দিয়ে দেবার কথা; কৃষিতে ভর্তুকি দেবার চিন্তাও সরকার করতো না কখনো। জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শুধু টাকার চিন্তা করবে কেন? ম্যারিটাইম দেশ গড়াটা বাংলাদেশের মানুষের জন্যে সারভাইভাল ইন্সটিংক্ট। এখানে সরকার যদি মানুষিকে ঠিকমতো পথপ্রদর্শন না করে, তাহলে দেশের বিপদ আসন্ন। আর ম্যারিটাইম দেশ গড়ার পেছনে একটা বিশাল অবদান থাকবে এই বাণিজ্যিক নৌবহর বা মার্চেন্ট নেভির। বঙ্গোপসাগরে যদি কোন গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল ঘটনা বাংলাদেশের বিরূদ্ধে যায়, তাহলে বাংলাদেশের ফ্ল্যাগ উড়ানো মার্চেন্ট জাহাজ অতীব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ সরকার বিপদের সময়ে অন্য কোন দেশ, সংস্থা বা মানুষের উপরে নির্ভর করতে পারে না, যেখানে এই বাণিজ্যপথের সাথে দেশের মানুষের অস্তিত্বের প্রশ্ন জড়িত। এধরনের একটা জাতীয় নিরাপত্তার বিষয় সরকার উপেক্ষা করতে পারে না কোনভাবেই।
https://en.wikipedia.org/wiki/SS_Canberra
ফকল্যান্ড যুদ্ধ। সিভিলিয়ান লাইনার 'ক্যানবেরা'-কে এসকর্ট করছে রয়্যাল নেভির ফ্রিগেট 'এন্ড্রোমিডা'। ক্যানবেরা ৩,০০০ সৈন্য পরিবহণ করে ফকল্যান্ডে নিয়ে যায়। একটা দেশের জাতীয় নিরাপত্তায় বেসামরিক জাহাজ কতটা গুরুত্বপূর্ণ, তার জ্বলন্ত উদাহরণ এটি।

বেসামরিক জাহাজ এবং জাতীয় নিরাপত্তা

১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধের সময়ে ব্রিটেনের নৌবাহিনীর কাছে সৈন্য পরিবহণের জন্যে যথেষ্ট সংখ্যক জাহাজ ছিল না। তখন তারা ‘কুইন এলিজাবেথ-২’ নামের একটা যাত্রীবাহী ক্রুজ লাইনার ব্যবহার করে ৫ম ইনফ্যান্ট্রি ব্রিগেডের ৩,০০০ সৈন্যকে পরিবহণ করতে। এই উদাহরণ যদি একমাত্র উদাহরণ হতো তাহলেও হতো। আসলে বেসামরিক জাহাজ ব্যবহার করে সামরিক সরঞ্জাম এমনকি সৈন্য পরিবহণের ঘটনা বহু রয়েছে। আর শুধু সামরিকই বা কেন? একটা দেশকে সমুদ্র অবরোধের মধ্যে ফেললে সেই জনগোষ্ঠী যদি না খেয়ে মারা যেতে থাকে, সেটা জাতীয় নিরাপত্তার বিষয় বৈকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশরা আশংকাজনকভাবে জার্মান সাবমেরিনের কাছে তাদের বাণিজ্য জাহাজগুলি হারাতে থাকে। যে হারে জাহাজ বানানো যাচ্ছিল, তার চাইতে আরও বেশি গতিতে জাহাজ চলে যাচ্ছিল আটলান্টিকের নিচে। যুক্তরাষ্ট্র থেকে ভর্তি হয়ে আসা এই জাহাজগুলি কোন রকমে ব্রিটেনকে বাঁচিয়ে রেখেছিল। জার্মান সাবমেরিনগুলি ব্রিটেনকে না খাইয়ে মারার চেষ্টায় ছিল; সামরিক-বেসামরিকের কোন বাছ-বিচার ছিল না সেখানে। যুদ্ধের সময়ে এই বাছ বিচার নিয়ে সর্বদাই সমস্যা হয়। বাণিজ্যিক অবরোধের কথা বললে কোন পণ্য বেসামরিক আর কোনটা সামরিক সেটাও তো আলাদা করা সম্ভব হয় না। একই পণ্যের সামরিক এবং বেসামরিক ব্যবহার থাকতে পারে। আবার বেসামরিক পণ্যের মাঝে সামরিক পণ্যও থাকতে পারে। এসব বিষয় চিন্তাতে আনার অর্থই হচ্ছে - বাণিজ্যিক অবরোধে আসলে কেউই পার পায় না। নিজেদের দেশের উপরে অন্য কোন বহিঃশক্তি বাণিজ্যিক অবরোধ দিয়ে দয়া দাক্ষিণ্য দেখাবে – এটা চিন্তা করাটা যতটা অবান্তর, ঠিক তেমনিভাবে বাণিজ্যিক অবরোধে পরার ভয়ে দেশের জাতীয় সত্তা বিকিয়ে দিয়ে বহিঃশক্তিকে তোয়াক করাটাও দেশদ্রোহিতার শামিল। পশ্চিমা দেশগুলি আর যাই হোক এসব বাস্তবতা পার হয়ে এসেছে। তাদের তাত্ত্বিক চিন্তা তাদেরকে অনেক গভীরে নিয়েছে। গভীর থেকে চিন্তা করার ফলেই তাদের জাতীয় নীতি সকল ক্ষেত্রে একই পথ অনুসরণ করেছে। অপরদিকে এশিয়া-আফ্রিকার দেশগুলি পশ্চিমাদের অধীনে থাকার ফলে চিন্তাগত দিক থেকে কোন গভীরতাতেই পৌঁছাতে পারেনি। আন্তর্জাতিক রীতি, পার্শ্ববর্তী দেশের চোখ-রাঙ্গানি, পরাশক্তির-সমর্থিত সাহায্য সংস্থার বৈরি আচরণ ইত্যাদি কথা চিন্তা করে এই দেশগুলি জাতীয় স্বার্থকে জ্বলাঞ্জলি দিয়েছে সময়ে সময়ে।


সান ফ্রান্সিস্কো-এর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ডিফেন্স রিজার্ভ ফ্লীট'এর একাংশ। পুরোনো এই জাহাজগুলি রেখে দেওয়া হয় বছরের পর বছর - যদি কখনো কাজে লেগে যায়।


ওল্ড ইজ গোল্ড

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশরা চিন্তা করে শুধুমাত্র একটা ডিজাইনের জাহাজ বানানোর, কিন্তু তাদের শিপইয়ার্ডগুলি তখন প্রচন্ড চাপের মুখে। তাই মার্কিনীরা এই জাহাজগুলি বানাবার দায়িত্ব নিল। ১৮টা আমেরিকান শিপইয়ার্ড ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সালের মধ্যে মোট ২,৭১০টা জাহাজ তৈরি করে, যেগুলি ‘লিবার্টি শিপ’ নামে পরিচিত ছিল। ১০,০০০ টন ক্যাপাসিটির এই জাহাজগুলি ১৩৪ মিটার লম্বা ছিল। এসময় বিশাল জাহাজ তৈরি করাটা তেমন সমীচিন ছিল না; কারণ যুদ্ধের মাঝে ডুবে গেলে বড় জাহাজের ক্ষতি পুষানো বেশি কঠিন ছিল। এই জাহাজগুলি তৈরিতে ইতিহাসের সকল রেকর্ড ভেঙ্গেছে মার্কিনীরা। প্রথম জাহাজটা তৈরি করতে ২৩০ দিন লাগলেও পরবর্তীতে গড় সময় নেমে এসেছিল মাত্র ৪২ দিনে! অর্থাৎ প্রতি ৪২ দিনে একটি করে নতুন জাহাজ তারা ডেলিভারি দিয়েছিল। পাবলিসিটি করার জন্যে একটা জাহাজ মাত্র ৪ দিন ১৫ ঘন্টায় পানিতে ছাড়া হয়েছিল! লিবার্টি শিপ-এর একটু ইম্প্রুভড ভার্সনের ৫৩৪ খানা ‘ভিক্টোরি শিপ’-ও তৈরি করা হয়েছিল ১৯৪৪-৪৫ সালের মাঝেই। এই ধরনের জাহাজগুলি প্রধানত মালামাল পরিবহণ করলেও বেশকিছু জাহাজ সৈন্য পরিবহণেও ব্যবহার করা হয়েছিল।

যুদ্ধ শেষ হয়ে যাবার পরে কয়েক হাজার জাহাজ পুরোপুরি বেকার হয়ে যায়। কিছু কিছু জাহাজ নৌবাহিনী বিভিন্ন টেকনিক্যাল কাজে ব্যবহার করেছিল। ১৯৪৬ থেকে ১৯৬৩ পর্যন্ত মার্কিন সরকার ৫০০ জাহাজ স্টোর করে রাখে। এই জাহাজগুলিকে এমনভাবে রেখে দেওয়া হয় যেন সর্বনিম্ন ক্ষয়ের মধ্যে এই জাহাজগুলি অনেকদিন টিকে থাকতে পারে। ‘ন্যাশনাল ডিফেন্স রিজার্ভ ফ্লীট’ নামে এই নৌবহরে বেশিরভাগ জাহাজই ছিল বাণিজ্যিক জাহাজ। যদি ভবিষ্যতে কোন ইমার্জেন্সি কাজে দরকার লাগে – এই কথা ভেবে এগুলিকে রেখে দেওয়া হতো। কোরিয়ার যুদ্ধের সময়ে ৫৪০টা জাহাজ কাজে লাগানো হয়েছিল। ১৯৫১-৫৩ সালে কয়লা এবং খাদ্যশস্য পরিবহণের জন্যে ৬০০ জাহাজ ডেকে পাঠানো হয়েছিল। ১৯৫৫ থেকে ১৯৬৪-এর মাঝে ৬০০ জাহাজ ব্যবহার করা হয়েছিল খাদ্যশস্যের ভাসমান মজুদ হিসেবে। ১৯৫৬ সালে সুয়েজ খাল বন্ধ হয়ে গেলে ২৫২টা জাহাজ ব্যবহার করা হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের সময়ে ব্যবহার করা হয়েছিল ১৭২টা জাহাজ। তবে ১৯৫০ সালে এই ফ্লীটে ২,২৭৭টা জাহাজ থাকলেও ২০০৭ সাল নাগাদ এই সংখ্যা ২৩০-এ নেমে আসে। এই পুরোনো ‘অদরকারি’ জাহজগুলি রেখে দেওয়ার অর্থ মার্কিন সরকার চিন্তা করতে পারতো বলেই অনেক অর্থ খরচ করে হলেও জাহাজগুলিকে রিজার্ভে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ধনী দেশ বলে এটা পেরেছে – এটা অনেকেই বলবেন। কিন্তু আসল কথা তো শুধু সেখানে নয়; তারা যে তাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোথাও ছাড় দেয়নি, এটা তার প্রকৃষ্ঠ প্রমাণ। তারা তাদের অনেক জাহাজই বহু বছর রেখে দিয়েছে – অর্ধশত বছর পেরিয়েও – আন্তর্জাতিক নিয়মকানুনের তোয়াক্কা করেনি।

বাংলাদেশের জাতীয় নিরাপত্তার চিন্তায় বাণিজ্যিক জাহাজের বহর এবং পুরোনো জাহাজের বহর আসা উচিত। অভ্যন্তরীণ জাহাজ তৈরি দেশের জাহাজ শিল্পকে এগিয়ে নেবে, কিন্তু দেশকে ম্যারিটাইম দেশে রূপ দিতে হলে সমুদ্রগামী জাহাজের বহরের বিকল্প নেই। দেশের শিপইয়ার্ডগুলি এখন সমুদ্রগামী জাহাজ তৈরিতে যথেষ্ট পারঙ্গম। এটাই সময় সরকারের নীতি নিয়ে ভাবনার। আলফ্রেড মাহান যে পথের কথা বলেছেন, সে পথে অনেক কাঁটা থাকবে। শক্ত নেতৃত্ব না হলে দেশের মানুষের মঙ্গলের জন্য সবল নীতি নির্ধারণ করা সম্ভবপর হবে না।