Showing posts with label Defence. Show all posts
Showing posts with label Defence. Show all posts

Sunday, 23 April 2017

ব্যর্থ সফর এবং নিম্নমানের কূটনীতি

২৪শে এপ্রিল ২০১৭

ভারত যেসব দেশের সাথে সামরিক সমঝোতা করতে পারে, যেমন নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান – এরাও যখন ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার চিন্তা করছে, তখন বাংলাদেশের নেতৃত্বের ভারতের পক্ষ থেকে আসা সম্পূর্ণ অপ্রয়োজনীয় সামরিক সমঝোতার প্রস্তাব এড়িয়ে যেতে না পারাটা রাজনৈতিক দুর্বলতার লক্ষণ। অন্তত তিস্তা চুক্তি না হবার কারণেও বাংলাদেশের পক্ষে সহজেই ভারতের উপরে চাপ সৃষ্টি করে সামরিক সমঝোতা এড়ানো যেত।


একটি সম্পূর্ণ অদরকারি সমঝোতা......

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করলেন এবং বাংলাদেশের জনগণের অতি আকাংক্ষিত পানির সমস্যা সমাধান না করেই দেশে ফেরত আসলেন। কাজেই এই সফরকে আপাতদৃষ্টিতে ব্যর্থ সফর বলা ছাড়া গতি থাকে না। ভারত তাঁকে ডেকে নিয়ে গেছে এমন সময়, যখন তিস্তার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশের মানুষ শুধু পানির ব্যাপারেই একটি মিমাংসা চাইছিল। মূল আলোচ্য বিষয় পানিকে পাশে ঠেলে দিয়ে যখন নিরাপত্তা এবং সামরিক বিষয়ে একটি চুক্তির প্রস্তাব করা হলো, তখন সেই সফরের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। ভারত খুব ভালো করেই জানে যে বাংলাদেশের মানুষ ভারতের সাথে যে কোন ধরণের সামরিক সমঝোতার বিরুদ্ধতা করবে; কারণ একে তো মুসলিম বিশ্বাসের বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতের বিজেপি সরকারের মাঝে হিন্দুত্ববাদিতা দেখে, তার উপরে ভৌগোলিক এবং রাজনৈতিক কারণেও ভারতকে একমাত্র শত্রুদেশ হিসেবে চিন্তা করে। এমন একটি রাষ্ট্রের সাথে সামরিক সমঝোতা বাংলাদেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে ছোট করা হবে জেনেই ভারত এই সমঝোতায় বাংলাদেশকে চাপ দেয়।

তবে শুধু ভারতকে দোষারোপ করলেই তো হবে না। বাংলাদেশের তরফ থেকেই বা এই সমঝোতায় সই করা হলো কেন? বাংলাদেশ যখন সাবমেরিন ক্রয় করেছিল, তখন দিল্লীর নীতিনির্ধারকদের ঘর্মাক্ত শরীর জানান দিয়েছিল এমন এক বাংলাদেশের আবির্ভাবের, যা কিনা কারও দাসত্ব স্বীকার করবে না। কিন্তু এর পরবর্তীতে কি এমন ঘটে গেল যে ভারতীয় ইন্টেলিজেন্সের কথায় উদ্বুদ্ধ হয়ে চীন থেকে সমরাস্ত্র ক্রয়কে ব্যালান্স করতে গিয়ে আবার ভারতের সাথেই সামরিক সমঝোতায় বসতে হবে? চীন থেকে সমরাস্ত্র ক্রয়কে যদি ব্যালান্স করতেই হয়, তাহলে ভারতকে দিয়ে সেই ব্যালান্স নয়, করতে হবে অন্য কাউকে দিয়ে; যাতে ভারতও ব্যালান্সে থাকে। ভারত যেসব দেশের সাথে সামরিক সমঝোতা করতে পারে, যেমন নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান – এরাও যখন ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার চিন্তা করছে, তখন বাংলাদেশের নেতৃত্বের ভারতের পক্ষ থেকে আসা সম্পূর্ণ অপ্রয়োজনীয় সামরিক সমঝোতার প্রস্তাব এড়িয়ে যেতে না পারাটা রাজনৈতিক দুর্বলতার লক্ষণ। অন্তত তিস্তা চুক্তি না হবার কারণেও বাংলাদেশের পক্ষে সহজেই ভারতের উপরে চাপ সৃষ্টি করে সামরিক সমঝোতা এড়ানো যেত।


বঙ্গবন্ধু যে মুহুর্তে জুলফিকার আলী ভুট্টোর সাথে করমর্দন করলেন এবং অনান্য মুসলিম দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিলেন, তখন ভারতের পায়ের তলা থেকে মাটি সড়ে গিয়েছিল। আন্তর্জাতিক কূটনীতির এরূপ উদাহরণ থাকতে বাংলাদেশের চীনকে ব্যালান্স করার জন্যে ভারতের সাথে সামরিক সমঝোতা করাটা অত্যন্ত নিম্নমানের কূটনীতির পর্যায়ে পড়ে।

ভারতের সাথে সামরিক সমঝোতা পুরো দক্ষিণ এশিয়াকে ইমব্যালান্স করবে। বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছর পরেও পাকিস্তানের কাছ থেকে যুদ্ধাপরাধের জন্যে একটি ক্ষমা প্রার্থনাও আসেনি; বরং সম্পর্ক আগের মতোই ঠান্ডা রয়ে গেছে। এই বিরোধ মিটমাট করাটাই কি সবচাইতে বড় লক্ষ্য হওয়া উচিত ছিল না, যা করতে পারলে পুরো দক্ষিণ এশিয়ার ব্যালান্সটাই পরিবর্তিত হয়ে যেত। এরকম সমস্যা মিটমাট না করাটি কি ভারতের স্বার্থকেই সমুন্নত করেনি? ভারত কি নিশ্চিন্ত থাকছে না, যে বাংলাদেশ অথবা পাকিস্তানের সাথে সে আলাদাভাবে সামরিক সংঘাতে যেতে পারবে, কারণ একজনকে আক্রমণ করলে অন্যজন ‘নিরপেক্ষ’ থাকবে? বাংলাদেশের ইতিহাসেই ভারত-পাকিস্তানকে ব্যালান্স করার চমৎকার উদাহরণ রয়েছে। বঙ্গবন্ধু যে মুহুর্তে জুলফিকার আলী ভুট্টোর সাথে করমর্দন করলেন এবং অনান্য মুসলিম দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিলেন, তখন ভারতের পায়ের তলা থেকে মাটি সড়ে গিয়েছিল। আন্তর্জাতিক কূটনীতির এরূপ উদাহরণ থাকতে বাংলাদেশের চীনকে ব্যালান্স করার জন্যে ভারতের সাথে সামরিক সমঝোতা করাটা অত্যন্ত নিম্নমানের কূটনীতির পর্যায়ে পড়ে।



   
হিন্দুত্ববাদী ভারতের কাছ থেকে বাংলাদেশ কি মুচলেকা নেবে, যে ভারত তার মার্কিন-নির্মিত এপাচি হেলিকপ্টার বাংলাদেশের ট্যাঙ্কের বিরুদ্ধে ব্যবহার করবে না? কোন গ্যারান্টিতে বাংলাদেশের জনগণ মেনে নেবে যে ভারত তার পি-৮ বিমানকে বাংলাদেশের সদ্য ক্রয় করা সাবমেরিনকে খুঁজে বের করতে ব্যবহার করবে না? ভারতের সাথে সামরিক সমঝোতা করে বাংলাদেশ কি জানান দিলো না, যে ভারতের সাথে চীন বা পাকিস্তানের সংঘর্ষে বাংলাদেশ ভারতের সাথেই থাকবে? আর এরকম সমঝোতার ফলাফল যদি হয় যে বাংলাদেশ তেমন কোন সংঘাতে ভারতের পাশেই থাকবে, তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি ভারতের দ্বারা ঠিক করা হলো না? বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার ক্ষমতা তখন কোথায় গেলো?

ভারত একটি শত্রু রাষ্ট্র

বাংলাদেশের সশস্ত্র বাহিনী থাকার একমাত্র কারণ ভারত। বাংলাদেশের নেতৃবর্গকেও ভুলে গেলে চলবে না যে ভারতীয় সমরাস্ত্র ব্যবহৃত হবার স্থান শুধু পাকিস্তান বা চীনের সীমানা নয়; এখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত। হিন্দুত্ববাদী ভারতের কাছ থেকে বাংলাদেশ কি মুচলেকা নেবে, যে ভারত তার মার্কিন-নির্মিত এপাচি হেলিকপ্টার বাংলাদেশের ট্যাঙ্কের বিরুদ্ধে ব্যবহার করবে না? কোন গ্যারান্টিতে বাংলাদেশের জনগণ মেনে নেবে যে ভারত তার পি-৮ বিমানকে বাংলাদেশের সদ্য ক্রয় করা সাবমেরিনকে খুঁজে বের করতে ব্যবহার করবে না? তাহলে বাংলাদেশই বা কেন ভারতের সাথে সামরিক সমঝোতা করবে, যখন এটি একটি জানা ব্যাপার যে অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সাথে এবং কাশ্মির নিয়ে পাকিস্তানের সাথে ভারতের সংঘর্ষ বাধার সম্ভাবনা সর্বদাই রয়েছে? ভারতের সাথে সামরিক সমঝোতা করে বাংলাদেশ কি জানান দিলো না, যে এধরণের যেকোন আন্তর্জাতিক সংঘর্ষে বাংলাদেশ ভারতের সাথেই থাকবে? আর এরকম সমঝোতার ফলাফল যদি হয় যে বাংলাদেশ তেমন কোন সংঘাতে ভারতের পাশেই থাকবে, তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি ভারতের দ্বারা ঠিক করা হলো না? বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার ক্ষমতা তখন কোথায় গেলো?

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’এর কার্যকলাপ নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীই যখন কথা বলেছেন, তখন কাউকে বলে দিতে হয় না যে ভারত বাংলাদেশের জন্যে একটি নিরাপত্তা সমস্যা। বাংলাদেশের অভ্যন্তরে নিরাপত্তা সমস্যা তৈরি করা একটি দেশের সাথে কোন ধরনের নিরাপত্তা সমঝোতা সম্ভব হতে পারে, সেটার বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যা দেয়া কষ্টকর। সেই সমস্যা সৃষ্টিকারী দেশকেই আবার বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করার সক্ষমতা দিতে হবে – সেটাই বা কোন ধরনের হীন চিন্তার ফসল? প্রধানমন্ত্রী যখন বলেছিলেন যে, ‘আক্রান্ত হলে সমুচিত জবাব দেবার সক্ষমতা আমাদের আছে’, তখন তো তিনি নিশ্চয়ই ভারতকে বাদ দিয়ে বলেননি! তাহলে যার থেকে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে (সবচাইতে বেশিই রয়েছে), তার সাথেই আবার নিরাপত্তা সমঝোতায় যাওয়াটা কোন যুক্তিতে যুক্তিযুক্ত? যাতে আক্রান্ত হওয়া থেকে বাঁচা যায় – এই যুক্তিতে? এটা কি মাথা নোয়াবার পর্যায়ে পড়ে যায় না? মুসলিম হিসেবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করাটা এদেশের মানুষের বাস্তবতা হতে পারে না।
ক্ষয়িষ্ণু পরাশক্তির তোষণের মাঝেই ভারত তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। কোন বুদ্ধিতে পানি চুক্তি না করে বরং একটি সম্পূর্ণ অদরকারি সামরিক সমঝোতায় স্বাক্ষর করার জন্যে বাংলাদেশের উপরে চাপ দিয়ে তারা যেভাবে পুরো বাংলাদেশকে নিজেদের বিরুদ্ধে উজ্জীবিত করলেন, সেটা তারাই ভালো বলতে পারবেন। বুদ্ধিবৃত্তিক দেউলিত্বের প্রকৃষ্ঠ উদাহরণ ছিল ভারতের এই কর্মকান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ব্যর্থতার দায়ভার অনেকাংশেই ভারতের।

নিম্নমানের কূটনীতি এবং রাজনৈতিক চিন্তার দেউলিয়াত্ব

পৃথিবীর সবচাইতে বড় অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব আনতে ভারতের নেতৃবর্গের লজ্জাবোধ হওয়া উচিত ছিল। জাতিসংঘের মিশনে ভারতের সৈন্য প্রেরণের পরে জাতিসংঘ বাজে মানের অস্ত্র ব্যবহারের অভিযোগে ভারতকে জরিমানা করে! আর সেই ভারত কোনরূপ লজ্জাবোধ তো দূরে থাকুক, বরং ক্ষয়িষ্ণু পরাশক্তির তোষণের মাঝেই তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। [১] কোন বুদ্ধিতে পানি চুক্তি না করে বরং একটি সম্পূর্ণ অদরকারি সামরিক সমঝোতায় স্বাক্ষর করার জন্যে বাংলাদেশের উপরে চাপ দিয়ে তারা যেভাবে পুরো বাংলাদেশকে নিজেদের বিরুদ্ধে উজ্জীবিত করলেন, সেটা তারাই ভালো বলতে পারবেন। বুদ্ধিবৃত্তিক দেউলিত্বের প্রকৃষ্ঠ উদাহরণ ছিল ভারতের এই কর্মকান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ব্যর্থতার দায়ভার অনেকাংশেই ভারতের।

বাংলাদেশ শক্তিশালী হবেই। কিন্তু তাই বলে চীনকে ব্যালান্স করার নামে ভারতের সাথে সামরিক সমঝোতা করার মতো নিম্নমানের কূটনৈতিক প্রচেষ্টা? এধরণের সমঝোতা শক্তিশালী বাংলাদেশের পরিপন্থী, তাই এর বাস্তবায়নও বর্জনীয়। বিশেষ করে যে সমঝোতা রাষ্ট্রের নাগরিকদের মনে সন্দেহের উদ্রেক করে এবং বিভাজনের রাজনীতিকে উস্কে দেয়, তা কোনদিনও জনকল্যানকর হতে পারে না। এই রাষ্ট্রের সামরিক বাহিনীর সৃষ্টি হয়েছে যাদের হাত থেকে রাষ্ট্রকে নিরাপত্তা দিতে তাদের সাথেই নিরাপত্তা চুক্তি করাটা রাজনৈতিক চিন্তার দেউলিয়াত্বের লক্ষণ। 



[১] 'যুক্তরাষ্ট্রের ওপর ভারতের নির্ভরশীলতা বাড়ছে', সাম্প্রতিক দেশকাল, ০৮ ডিসেম্বর ২০১৬
'অতঃপর যুক্তরাষ্ট্রের ভারত জয়?', সাম্প্রতিক দেশকাল, ০৮ সেপ্টেম্বর ২০১৬

Sunday, 21 September 2014

ডিফেন্স জার্নালিজমঃ আমরা কোথায়?

২২ সেপ্টেম্বর ২০১৪

সামরিক বাহিনীর কাছাকাছি গিয়ে সাংবাদিকতা করতে হলে বাহিনীর আস্থা অর্জন করতে হবে। আস্থার অভাব থাকলে খবরের একটা গুরুত্বপূর্ণ উতস সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। আর তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে জবাবদিহিতা।




বাংলাদেশের সাংবাদিকতায় অনেক কিছুই পরিবর্তন হয়েছে; অনেক ভালো কিছু হয়েছে; আবার অনেক খারাপ কিছুও চোখের সামনে চলে আসছে। আমি সবার পা মাড়ানোর চেষ্টায় যাবো না; শুধু একদিকেই যাবো - প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক সাংবাদিকতা। এই বিষয়টাতে আসলে এখনো দেশে কোন ভালো সাংবাদিকের আগমণ ঘটেনি। এটা খুবই স্পেশালাইজড একটা বিষয়, তাই খুব সহজে এক্ষেত্রে ভালো লোক চলে আসবে, এটা চিন্তা করাটাও খুব একটা সমিচীন নয়। তবে এখানে একটা বড় ব্যাপার হলো দূরদৃষ্টি। খোলামনে সামনে দেখতে পারার ক্ষমতা কিন্তু অনেক কিছুকেই পালটে দিতে পারে। সবচেয়ে বড় যে পরিবর্তন এটা দিতে পারে, তা হলো শেখার আগ্রহ। মায়ের পেট থেকে বের হয়েই কেউ কোন বিষয়ে এক্সপার্ট হয়ে যায় না; শিখতে শিখতেই হয়। আমার মনে হয় এই শেখার আগ্রহতেও ঘাটতি রয়েছে এই ধরনের সাংবাদিকতায়। যারা এসব বিষয়ে লিখছেন বা রিপোর্ট করছেন, তাদের লেখা দেখে মনে হয় যে কেউ জোর করে তাদের সেগুলি লেখাচ্ছে। নিজের ইচ্ছা না থাকলে কোন কিছু নিয়েই ভালো কোন পর্যায়ে পোঁছানো সম্ভব নয়। তেমনই কয়েকটি সাংবাদিকতার উদাহরণ নিয়ে আজকের এই লেখা। তাহলে এই লেখার সাথে জাতীয় নিরাপত্তার সম্পর্ক কি? বিরাট সম্পর্ক! বহু মানুষ এইসব লেখা পড়ে প্রভাবিত হবে। আর যদি বি-গ্রেডের লেখা পড়ে কেউ প্রভাবিত হয়, আর সেটা যদি জাতীয় নিরাপত্তা বিষয়ক কোন লেখা হয়, তাহলে সেটা আসলেই চিন্তিত হবার বিষয়। 

কাটতির অপব্যবহার!

সেদিন একটা বিশাল কাটতির পত্রিকার প্রথম পাতায় দেখলাম বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ক্রয় নিয়ে লেখা হয়েছে। এরকম রিপোর্ট আমরা এর আগেও বেশ কিছু দেখেছি। রিপোর্টটির ভাষ্য ছিল কিছুটা সামরিক বাহিনী বিমুখ। সেটা কি খারাপ কিছু? বিমুখ হতেই পারে; কেউ হয়তো যুদ্ধাস্ত্র কেনাটা পছন্দ না-ই করতে পারেন। তাতে সমস্যা দেখি না। দুনিয়ার সব যায়গাতেই এধরণের মানুষ রয়েছে। তবে এক্ষেত্রে ব্যাপারটা কিছুটা অন্যদিক থেকে দেখতে হবে। পত্রিকার প্রথম পাতায় কোনরকম একটা রিপোর্ট করলে কিছু বলতেই হয়। রিপোর্ট কতটুকু দায়সাড়া ছিল, সেটার প্রমাণ মেলে একটা ছোট্ট তথ্য থেকে। রিপোর্টে লেখা হয়েছে যে নৌবাহিনী সাবমেরিন পাচ্ছে ২০১৮ সালে। কিন্তু অল্প একটু গুগল সার্চ করলেই তো সে জানতে পারতো যে স্বয়ং প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী, উপদেষ্টা এবং নৌবাহিনী প্রধান আলাদা আলাদাভাবে ২০১৪ সালেই বলেছেন যে আমরা সাবমেরিন পেতে যাচ্ছি ২০১৫ সালে। রিপোর্টে সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে সাবমেরিনের বয়স - ২৪ বছর এবং এর মূল্য - ১৫০০ কোটি টাকা। আর একইসাথে সাবমেরিন কেনাটা জরুরি কিনা সেটা প্রশ্ন করা হয়েছে। আর এই প্রশ্নের উত্তর উদ্ঘাটন করতে উদ্ভট সব সাক্ষাতকারের আবির্ভাব ঘটেছে, যেখানে বীজ বপন করা হয়েছে সন্দেহের। বিষয়টা সম্পর্কে জানেন এমন কোন লোকের সাথে কথা বলা হয়নি, অথবা বলা হয়েছে যে সেটা সম্ভব হয়নি। রিপোর্টার সাবমেরিন কি ও কেন - সেটা আসলেই জানেন না। এবং সেটার উত্তর খোঁজার খুব একটা ইচ্ছেও তার ছিল বলে মনে হয়নি। (সাবমেরিন কেন দরকার সেটা আগের একটা পোস্টে লিখেছি, তাই আজকে আর লিখছি না।) তাই একটা ভাসা-ভাসা ধারণা নিয়ে রিপোর্ট শুরু করে ওভাবেই শেষ করেছেন তিনি। এখানে উল্লেক্ষ্য যে এর আগেও আমরা এধরনের দায়সাড়া রিপোর্ট দেখেছি। আরেকটি ইংরেজি পত্রিকায় লেখা হয়েছিল যে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন চীন বা আমেরিকা থেকে আসার সম্ভাবনা রয়েছে। আমেরিকা থেকে হতেই পারে। কিন্তু এখানে বাগড়া হলো 'অফ দ্যা শেলফ' সাবমেরিন। এর মানে কি? এর মানে হচ্ছে যেটি অলরেডি তৈরি এবং ব্যবহারে আছে; মানে নতুন করে বানাতে হবে না। একটা নতুন সাবমেরিন বানাতে ৪-৫ বছর লেগে যাবে এবং দামও বেশি হবে। একটা অফ দ্যা শেলফ' সাবমেরিন এখনই পাওয়া যাবে। এখানে যে ব্যাপারটা রিপোর্টার একেবারেই জানেন না তা হচ্ছে গত ৫০ বছরে আমেরিকা পারমাণবিক সাবমেরিন ছাড়া আর কোন সাবমেরিন বানায়নি। তাহলে বাংলাদেশ কি আমেরিকার কাছে তাদের পারমাণবিক অফ দ্যা শেলফ' সাবমেরিন আশা করছিলো?? ঠিক এই ব্যাপারটাই পত্রিকার অনলাইন ভার্সনে আমি তুলে ধরার পরে তারা উত্তর দিলেন যে তারা অফ দ্যা শেলফ' সাবমেরিনের কথা বলেছেন, নিউক্লিয়ার সাবমেরিনের কথা বলেননি। পরিষ্কার বোঝা গেল যে পত্রিকার সংশ্লিষ্টদের অফ দ্যা শেলফ'-এর অর্থ জানা নেই! কাজেই আমার পরবর্তী কমেন্টের কোন উত্তর তাদের কাছে ছিল না। 

জাতীয় নিরাপত্তার বিষয়গুলি নিয়ে কোন ধরনের আগ্রহ না থাকলে সেক্ষেত্রে সাংবাদিকতার কোন মানেই হয় না। কোন বিষয়ে আগ্রহ না থাকলে সেই বিষয়ে বেশিদূর যাওয়া কোনদিনই সম্ভব নয়।


মৃত্যুঞ্জয় মজুমদার

এই পত্রিকাগুলিকে বারংবার লেখা হচ্ছে যে জাতীয় নিরাপত্তার কথা বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে তাদের সাথে কেউ কথা বলছেন না। তাহলে প্রশ্ন হচ্ছে এই একই সামরিক সদস্যরা কি করে বিদেশী ডিফেন্স ম্যাগাজিনে বহুল তথ্য দিয়ে সাক্ষাতকার দিচ্ছেন? সমস্যাটা তাহলে অবশ্যই জাতীয় নিরাপত্তার নয়; অন্য কোথাও। একটা উদাহরণ দিই। আমেরিকার প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউজ-এ সাংবাদিক সন্মেলনে কথা বলেন, তখন তিনি প্রত্যেক সাংবাদিককে নাম ধরে ডাকেন। অর্থাৎ মার্কিন রাষ্ট্রপতির সাথে ওই সাংবাদিকদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। এই সম্পর্কের সূত্র ধরেই তারা প্রেসিডেন্টের সাথে বারংবার কথা বলতে পারবেন। তারা জানেন কি করে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। তারা এ-ও জানেন যে এই সম্পর্কে একবার চির ধরলে তাদের সংবাদ পাবার একটা গুরুত্বপূর্ণ স্থান তাদের জন্যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে সামরিক বাহিনীর লোকেদের সাথে সাংবাদিকদের সেই সম্পর্কটা হয়নি। সম্পর্কোন্নয়নে কারুরই শক্ত ভূমিকা ছিল না কখনো। আর এই ধরনের বি-গ্রেডের রিপোর্টের কারণে এই সম্পর্ক যদি উন্নতির পথে যাওয়া শুরুও করে, তবু মুখ থুবড়ে পড়বে। যে মানুষটা আপনার বিষয় সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখেন না এবং অসংলগ্ন প্রশ্ন করে আপনাকে বিব্রত করার চেষ্টায় থাকবেন তার সাথে আপনি কখনোই কথা বলতে চাইবেন না। আন্তর্জাতিক ডিফেন্স জার্নালিস্ট মৃত্যুঞ্জয় মজুমদারকে নৌবাহিনী প্রধান সাক্ষাত দিয়েছেন কিছুদিন আগেই, যেখানে তিনি নৌবাহিনীর বর্তমান অবস্থা থেকে শুরু করে ভবিষ্যত পরিকল্পনা নিয়েও বিষদ আলোচনা করেছেন। আসলে মজুমদার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বলেই নৌবাহিনী প্রধান তাকে সময় দিয়েছেন; গভীরে গিয়ে আলোচনা করেছেন, যদিও তিনি বাংলাদেশী নন। তিনি এমন কিছু তথ্য তার সাথে শেয়ার করেননি যাতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই ধরনের সাক্ষাতকার নেওয়ার মতো যোগ্যতা আমাদের দেশের বর্তমান কোনো সাংবাদিকের নেই। 

সামরিক বাহিনীর সাথে বেসামরিক মানুষের পার্থক্য আসলে খুব বেশি কিছু নয়। উভয়েই রক্তমাংসের মানুষ। সেতুবন্ধন খুব বেশি দূরে কখনোই ছিল না। শুধু ইচ্ছার অভাব।


আসলেই কি এতটাই দূরত্ব?

এখানে মার খেয়ে যাচ্ছে জবাবদিহিতা। ডিফেন্সের বড় বড় কেনাকাটার ব্যাপারে স্বচ্ছতা থাকছে না। আমাদের নেই কোন প্রতিরক্ষা নীতি। কাজেই কোন জিনিসটা কেন কেনা হচ্ছে, সেটার কোন আলোচনা নেই। আমাদের পার্শবর্তী ভারতে সাবমেরিন ফ্লিটের ভবিষ্যত নিয়ে আলোচনার ঝড় বইছে। তারা সবাই চাচ্ছেন দেশের প্রতিরক্ষা জোরদার হোক; তাই সবাই মতামত দিতে চাচ্ছেন। এভাবে তাদের জবাবদিহিতা বাড়ছে। অপরদিকে আমাদের দেশে ডিফেন্স সাংবাদিকতার প্রসার না হওয়ায় আমরা আরও পিছিয়ে যাচ্ছি। সাংবাদিকের প্রথম প্রশ্নই যদি হয় টাকা-পয়সা নিয়ে, তাহলে তারা যে পিছিয়ে যাবেন সেটা বলে দিতে হবে না। প্রথম প্রশ্ন শুনেই তারা দরজা বন্ধ করে দিচ্ছেন। আমার বহু বছরের বাজার গবেষণার অভিজ্ঞতায় বলতে পারি যে একটা মানুষকে যদি তার আয় বা টাকা-পয়সা সম্পর্কে কোন কথা জিজ্ঞেস করতে হয়, তাহলে সেটা করতে হয় সবশেষে; কারণ সেখানেই ইন্টারভিউ বন্ধ হয়ে যেতে পারে। আর বদ্ধ দুয়ারের দু'পাশে বসে সম্পর্ক হয় না। কিন্তু দেশের স্বার্থে এইক্ষেত্রে সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়া গত্যন্তর নেই। আমরা আজকাল মাঝে মধ্যে সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদেরকে টেলিভিশনের টক শো-তেও দেখেছি। সিভিলিয়ান পোষাকে তাদেরকে আসলেই অন্যান্য সাধারন মানুষের মতনই লেগেছে। দেশের উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকাল অনেক সামরিক অফিসারদের দেখা যায়। তাদের সাথে ব্যক্তিগতভাবে আমার আলাপও হয়েছে। প্রতিবারই আমার মনে হয়েছে যে তারা আমাদেরই মতো রক্তমাংসের মানুষ। আমরা যেভাবে চিন্তাভাবনা করি, তারাও একই রকম। সামরিক বাহিনী মানেই ব্যারাকের বাইরের দুনিয়া থেকে আলাদা - এটা আজকাল একেবারেই বলা যাবে না। এটা ইন্টারনেটের যুগ। অনেকেই সামরিক বাহিনীর সদস্যদের ব্যারাকের বাইরে দেখতে চান না; আবার এও অভিযোগ করেন যে তারা বেসামরিক মানুষকে বোঝেন না এবং সুযোগ পেলেই ছোট করে দেখার চেষ্টায় থাকেন। কিন্তু যদি তা-ই হবে, তাহলে সামরিক বাহিনীর অফিসাররা বিজনেস ডিগ্রী নিয়ে চাকুরি ছেড়ে বেসরকারি দুনিয়ায় যাবার প্রচেষ্টায় থাকতেন না। তারা যদি 'সুপেরিয়র'ই হতেন, তাহলে তারা বেসামরিক 'ইনফেরিয়র' জীবনে যাবার চেষ্টায় রত থাকতেন না। ঐ যে বলেছি, তারাও রক্ত-মাংসের মানুষ; তারাও তাদের ক্যারিয়ার নিয়ে ভাবেন; তাদের সন্তানদের কোন স্কুলে পড়াবেন সেটা নিয়ে ভাবেন; ভবিষ্যত নিয়ে ভাবেন। সামরিক আর বেসামরিক এই দুনিয়ার মাঝে ব্রিজ তৈরিটা খুব কঠিন নয়। এখানে বহু কাঠ-খড় পুড়িয়ে পদ্মা ব্রিজ বানাতে হবে না; ছোট্ট একটা কালভার্টই যথেষ্ট।


আমাদের মৃত্যুঞ্জয় কোথায়?

দেশের জন্যেই সামরিক বাহিনী - এটা সকলেরই অনুধাবন করাটা জরুরি। দেশের মানুষ যেমন তাদের কষ্টার্জিত অর্থের বিনিময়ে টিকিয়ে রাখছে এই বাহিনী, ঠিক তেমনি এই দেশের মানুষের কষ্টার্জিত স্বাধীনতাকে টিকিয়ে রাখার গুরু দায়িত্ব পড়েছে এই বাহিনীর উপরেই। একে অপরকে ছাড়া চলতে পারে না। এই চিরসত্যগুলিকে মনে করিয়ে দেবার জন্যেই দরকার জবাবদিহিতা। আর তাতেই দেশের মানুষ আর সামরিক বাহিনীর মাঝে তৈরি হবে সেই সেতু, যেই সেতুর প্রকৃতপক্ষে কোন দরকারই পড়তো না যদি আমাদের রাজনীতিকেরা গত ৪৩ বছর ধরে ঠিক কাজটি করতেন। এখন আর পেছনে ফিরে যাবার সময় নেই। বিশ্বের উন্নত দেশগুলির মতো আমরাও চাই সামরিক আর বেসামরিক সমাজের মাঝে কোন বিভক্তি না থাকুক। এই বিভক্তি সবসময়ই দেশকে করেছে দুর্বল; আন্তর্জাতিক প্রতিদ্বন্দীদের সুযোগ দিয়েছে আমাদের ঘাড়ের উপরে চড়ে বসতে। তাদের এই অশুভ প্রয়াসকে সমূলে উতপাটনের জন্যেই আমাদের এই সেতু তৈরি করতে হবে। এই সেতুর নির্মাতা হতে হবে এমন একজন (বা একাধিক) যিনি সবাইকে অন্তত সন্মান করতে জানেন। বেসামরিক নাগরিকদের অধিকার বুঝতে পারাটাও হতে হবে তার বাধ্যতামূলক যোগ্যতা। আর সামরিক বিষয়ে জ্ঞান থাকাটা হবে তার অতিরিক্ত যোগ্যতা। আমরা দেখতে চাই যে আমাদের বাহিনী প্রধানেরা মৃত্যুঞ্জয় মজুমদারদের সাক্ষাতকার দেবার চাইতে আমাদের দেশের সাংবাদিকদের সাক্ষাতকার দিতেই যেন বেশি সাচ্ছন্দ্য বোধ করেন।

Wednesday, 16 July 2014

বিশ্বব্যাপী নৌ-কূটনীতির গুরুত্ব বাড়ছে কি?

১৬ জুলাই ২০১৪



বিশ্বের বিভিন্ন দেশের নৌবহর দেখে একটা ধারণা কিন্তু নেওয়া সম্ভব যে তাদের পররাষ্ট্রনীতি কেমন হতে পারে। কারণ নৌবহর হলো এমন একটা জিনিস যেটা সমুদ্রে ভেসে যেতে পারে বহুদূর; যেখানে দেশের জাতীয় নিরাপত্তা তাদের দাবি করে, সেখানেই গিয়ে হাজির হতে পারে। এজন্যেই পররাষ্ট্রিনীতিতে পরাক্রমশালী দেশগুলি বরাবরই শক্তিশালী নৌবহর তৈরিতে মনোনিবেশ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত অনেক দেশ এই লিস্টের মধ্যে থাকলেও শেষ পর্যন্ত মার্কিনীরাই একচ্ছত্র প্রাধান্য বিস্তার করেছে এই ক্ষেত্রে। আর নৌবহর চেনারও কিছু উপায় আছে! একটা নৌবহরের কিছু জাহাজ দেখলেই একটা ধারণা করে নেওয়া সম্ভব তাদের নৌবহরের প্রধান কাজ কি। ঠিক এই ধরণেরই কিছু জাহাজের সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা এখানে করবো; যা পরবর্তী আলোচনার জন্য গুরুত্বপূর্ণ। তাই একটু ধৈর্য্য ধরতে হবে আরকি।


পররাষ্ট্রনীতির সাথে যুদ্ধজাহাজের ধরণের সম্পর্ক

একটা দেশের নৌবহর পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তখনই, যখন সেই নৌবহর অন্য কারো সাহায্য ছাড়াই দেশ থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে কোন মিশন শেষ করে আসতে পারবে। এই ধরণের দূরবর্তী মিশন চালাতে একটা নৌবহরের তিন ধরণের জাহাজের কথা আলাদাভাবে বলতে হবে – ১) বিমানবাহী যুদ্ধজাহাজ, ২) উভচর বাহিনী এবং ৩) সরবরাহকারী জাহাজ। এই জাহাজগুলিকে রক্ষা করার জন্যে আরও অন্যান্য জাহাজও লাগে, যেমন ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন, মাইনসুইপার, ইত্যাদি। এই জাহাজগুলি অবশ্য অনেক দেশেরই থাকে। শুধুমাত্র একা একা এই ধরণের জাহাজগুলি পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিতে পারে না; তাদেরকে প্রথমে বলা ঐ তিন ধরনের জাহাজের অন্তত একটি বা দু’টির সাহায্য নিতে হবে। বিমানবাহী যুদ্ধজাহাজ দেশ থেকে অনেক দূরে নিজেদের বাহিনীর উপরে বিমান প্রতিরক্ষা দেবে আর শত্রুপক্ষের বাহিনীকে আক্রমণ করবে। এটা না থাকলে অন্য দেশের বিমান বাহিনী নিজেদের নৌবহরের বারোটা বাজাবে। উভচর বাহিনী দেশ থেকে হাজার মাইল দূরে শত্রুভাবাপন্ন কোন দেশের সমুদ্রসৈকতে জোর করে অবতরণ করতে পারবে, আর স্থলযুদ্ধের মাধ্যমে শেষ করতে পারবে যুদ্ধ। এই বাহিনী না থাকলে নৌবহরকে শুধুমাত্র উপকূলে ঘুরাঘুরি করেই দেশে ফেরত যেতে হবে। সরবরাহকারী জাহাজ দেশ থেকে হাজার মাইল দূরে নিজেদের নৌবহরকে সমুদ্রে টিকে থাকতে সহায়তা করবে। এই জাহাজগুলি না থাকলে নৌবহরকে মিশন শেষ না করেই দেশে ফেরত আসতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ঐ তিন ধরনের জাহাজে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে জাপানকে মোকাবিলা করতে যেয়ে তারা এই জাহাজগুলির বিশেষজ্ঞ বনে গেছে। আর যুদ্ধের শেষে এই জাহাজগুলিকে তারা ডিজাইনের দিক থেকে আরও অনেক বেশি কর্মক্ষম করেছে। 

চীনা বিমানবাহী যুদ্ধজাহাজ 'লিয়াওনিং'। চীনা নৌ-কূটনীতি এখন দ্রুত ভারত মহাসাগরে বিস্তৃত হচ্ছে।

বিমানবাহী যুদ্ধজাহাজ

১৯৪৫ সালে বিশ্বযুদ্ধের শেষে মার্কিনীদের ধারেকাছেও কেউ ছিল না; এখনো অনেকটা নেই বললেই চলে। বিশ্বযুদ্ধের শেষে হাজার হাজার যুদ্ধজাহাজ রাতারাতি অদরকারি হয়ে পড়ে। তখন অনেক দেশই ব্রিটিশ আর মার্কিনীদের থেকে নৌবহর সাজানোর সরঞ্জামাদি পেয়েছিল। কেউ কেউ পেয়েছিল বিমানবাহী যুদ্ধজাহাজ অথবা উভচর মিশনে যাবার মতো যুদ্ধজাহাজ। ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া ছাড়াও যুদ্ধ শেষ হবার পরে বিমানবাহী যুদ্ধজাহাজের মালিক হয়েছিল হল্যান্ড (১৯৪৮), ব্রাজিল (১৯৫৬), আর্জেন্টিনা (১৯৫৮), ভারত (১৯৫৭) ও স্পেন (১৯৬৭)। এই পুরোনো জাহাজগুলিকে তারা বেশ অনেকদিন সার্ভিসে রেখেছিল; অর্জন করেছে এইরকম জাহাজ পরিচালনা করার দক্ষতা। সেই দক্ষতা আজ পর্যন্ত ধরে রেখেছে ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, ভারত ও স্পেন। এরা পুরোনো জাহাজকে নতুন জাহাজ দিয়ে প্রতিস্থাপন করতে পেরেছে। বাকিরা অর্থনীতির ভারে বাধ্য হয়েছে তাদের নৌবাহিনীর নীতিতে পরিবর্তন আনতে। ইটালি (১৯৮৫) ও থাইল্যান্ড (১৯৯৭) নতুন করে বিমানবাহী যুদ্ধজাহাজের মালিক হয়েছে। এখানে উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে খরচ। একটা বিমানবাহী যুদ্ধজাহাজ কেনা আর পরিচালনা করার মতো অর্থনীতি খুব বেশি দেশের নেই। থাইল্যান্ডে তাদের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘চাক্রি নারুয়েবেট’ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কারণ সেটা কেনার পরবর্তীতে দেশের দুর্যোগ ব্যাবস্থাপনায় অংশ নেয়া ছাড়া কোন কাজেই আসেনি; পররাষ্ট্রনীতিতে সাহায্য করা তো বহুদূর! স্পেন তাদের অর্থনৈতিক সমস্যার কারণে ২০১৩ সালে বিমানবাহী যুদ্ধজাহাজ ‘প্রিনসিপে ডে এস্তুরিয়াস’ ডিকমিশন করে দিতে বাধ্য হয়েছে; তবে অন্য আরেকটি (‘হুয়ান কার্লোস ১’) তার স্থলাভিষিক্ত হয়েছে। ব্রিটেন, ফ্রান্স, ইটালি, স্পেন, ভারত – এরা সবাই তাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিতে বিমানবাহী যুদ্ধজাহাজ ব্যবহার করেছে। সোভিয়েট ইউনিয়ন তাদের প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ তৈরি করে ১৯৭৫ সালে। রাশিয়া সেই নৌবহরের কিছুটা পেলেও সেটাকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ব্যবহার করার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি। এর একটা বড় কারণ হলো আন্তর্জাতিক বিবাদে রাশিয়া যে পক্ষে থেকেছে, সেই পক্ষে নৌশক্তি দিয়ে রাশিয়াকে সাহায্য করার মতো কোন দেশ ছিল না। আর রাশিয়ার একার পক্ষেও সমুদ্রে তেমন কিছু করার ক্ষমতা ছিল না। অপরদিকে ব্রিটেন, ফ্রান্স, ইটালি, স্পেন – এরা সকলে একত্রে একপক্ষে থেকেছে; একে অপরকে পরিপূর্ণ করেছে। একের দুর্বলতা অন্যে ঢেকে দিয়েছে। আর তার সাথে অপার শক্তিশালী যুক্তরাষ্ট্র তো রয়েছেই। চীন বর্তমানে ব্যাপক চেষ্টা চালাচ্ছে নৌশক্তিকে পররাষ্ট্রনীতির একটা দিক হিসেবে ব্যবহার করতে। আর এই কারণেই চীন ইউক্রেন থেকে সোভিয়েত সময়ের অর্ধসমাপ্ত একটা বিমানবাহী যুদ্ধজাহাজ ক্রয় করে ২০১২ সালে ‘লিয়াওনিং’ নামে কমিশন করেছে। এতক্ষণ যেই বিমানবাহী যুদ্ধজাহাজের কথা বললাম, সেগুলি মার্কিন নৌবাহিনীর ডজনখানেক বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে বহু পিছিয়ে। আসলে মার্কিনিদের উভচর নৌবহরে ১০টার মতো জাহাজ আছে যেগুলি উপরের বেশিরভাগ দেশের বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে অনেক বড় এবং বেশি শক্তিশালী। এগুলিকে আমেরিকানরা বিমানবাহী যুদ্ধজাহাজ বলেই না! উভচর এই নৌবহর মার্কিন পররাষ্ট্রনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই ব্যাপারটা পৃথিবীর অনেক দেশ বুঝতে পেরে সেই দিকেই এগুচ্ছে।

ব্রিটিশ 'উভচর এসল্ট শিপ' এইচএমএস ওশান। দেখতে বিমানবাহী যুদ্ধজাহাজের মতো হলেও এটাকে বিমানবাহী যুদ্ধজাহাজ বলা হয় না।



উভচর বাহিনী

মার্কিন নৌবাহিনী উভচর যুদ্ধে অবিসংবাদিত নেতৃত্ব পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে। তারা নতুন নতুন থিওরি আবিষ্কার করেছে; নতুন নতুন প্রযুক্তির জন্ম দিয়েছে, যা এখন পৃথিবীর সকলে উভচর যুদ্ধের বাইবেল হিসেবে দেখে। তাদের তৈরি করা এই বাইবেলের সমুদ্রগামী সবচেয়ে ছোট উভচর যুদ্ধজাহাজ হচ্ছে ‘ল্যান্ডিং শিপ ট্যাঙ্ক’ (Landing Ship Tank or LST)। এই জাহাজগুলি সমুদ্র সৈকতে উঠে যায়; সামনের বিরাট একটা দরজা খুলে ভেতর থেকে ট্যাঙ্ক ও অন্যান্য রসদ সরাসরি ভূমিতে নেমে আসে। এই জাহাজগুলি বেশ বড় (৩,০০০ থেকে ৮,০০০টন) হলেও এদের সমস্যা হচ্ছে রসদ উঠানামা করতে এদের প্রধানত সৈকতে উঠে আসতে হয় (যুক্তরাষ্ট্রের তৈরি জাহাজগুলি অবশ্য এর চাইতে আরও বেশি কার্যকর)। পররাষ্ট্রনীতিতে সবসময় সৈকতে উঠে কাজ করার সুযোগ থাকে না। সেদিক থেকে ‘ল্যান্ডিং ট্র্যান্সপোর্ট ডক’ (Landing Transport Dock or LPD) অনেক বেশি কার্যকরী। এই জাহাজগুলি সকল সৈন্য এবং রসদ ছাড়াও ল্যান্ডিং ক্রাফট এবং উভচর যান বহন করে; যেগুলি জাহাজের পেছনের ডক থেকে সরাসরি পানিতে নেমে আসে। এরা আবার হেলিকপ্টারও বহন করতে পারে। এভাবে বিশাল (৮,০০০-২৫,০০০টন) এই জাহাজগুলি উপকূলের কিছুটা দূরে থেকেই সৈন্য ও রসদ উঠানামা করতে পারে। ২০০ থেকে ১,০০০ পর্যন্ত সৈন্য বহন করতে পারে এই ধরণের জাহাজ। এই ‘এলপিডি’-গুলি একটা দেশের নৌবহরকে দূরের দেশে নিজেদের জাতীয় নিরাপত্তা অক্ষুন্ন রাখতে সহায়তা করতে পারে। একই রকমের জাহাজ ‘ল্যান্ডিং শিপ ডক’ (Landing Ship Dock or LSD) যেগুলি কিছু কম সৈন্য নেয় ল্যান্ডিং ক্রাফট বেশি নেবার জন্য। শুধু যুক্তরাষ্ট্রই অবশ্য এগুলি ব্যবহার করে। এরও উপরে যে জাহাজগুলি আছে সেগুলির চেহারা অনেকটাই বিমানবাহী যুদ্ধজাহাজের মতো। এগুলিকে সাধারণভাবে বললে ‘উভচর এসল্ট শিপ’ (Amphibious Assault Ship) বলা যায়। এরা প্রচুর সৈন্য ও রসদ বহন করা ছাড়াও হেলিকপ্টার এবং অনেক ক্ষেত্রে ফাইটার বিমান বহন করতে পারে। এই ধরনের যে জাহাজগুলির পিছনে ডক রয়েছে, সেগুলি ‘ল্যান্ডিং হেলিকপ্টার ডক’ (Landing Helicopter Dock or LHD; Landing Helicopter Assault or LHA); আর যেগুলির ডক নেই, সেগুলি ‘ল্যান্ডিং প্ল্যাটফর্ম হেলিকপ্টার’ (Landing Platform Helicopter or LPH)। এগুলি যথেষ্ট বড় (১৮,০০০-৪৫,০০০টন) এবং ব্যয়বহূল জাহাজ। অনেক দেশই আলাদাভাবে বিমানবাহী যুদ্ধজাহাজ আর উভচর বাহিনী রাখতে পারছে না বাজেটে সঙ্কুলান না হওয়ায়। তারা এই ধরনের ‘উভচর এসল্ট শিপ’-এর দিকে যাচ্ছে। এতে এক জাহাজ কয়েক ধরনের মিশন নিতে পারছে। যুক্তরাজ্য (১টি LPH), ফ্রান্স (৩টি LHD), স্পেন (১টি LHD), দক্ষিণ কোরিয়া (১টি LPH) – এই পথেই এগিয়েছে। রাশিয়া (২টি LHD) এবং অস্ট্রেলিয়াও (২টি LHD) ভবিষ্যতে এগুচ্ছে সেদিকে। এই জাহাজগুলি এখন হয়ে দাঁড়িয়েছে ‘পুওর ম্যানস এয়ারক্রাফট ক্যারিয়ার’! তবে এখানে সবচাইতে বড় ব্যাপার হলো, এই দেশগুলি তাদের পররাষ্ট্রনীতিতে আন্তর্জাতিক সমুদ্রসীমায় শক্তি প্রদর্শনকে প্রাধান্য দিয়েছে বলেই এই জাহাজগুলি বানিয়েছে বা ক্রয় করেছে। আর যারা ‘উভচর এসল্ট শিপ’-ও যোগার করতে পারেনি, তারা অন্তত ‘ল্যান্ডিং ট্র্যান্সপোর্ট ডক’ (Landing Transport Dock or LPD)-এর দিকে অগ্রসর হয়েছে। সিঙ্গাপুর (৪টি), ইন্দোনেশিয়া (৪টি), আলজেরিয়া (১টি তৈরি হচ্ছে), হল্যান্ড (২টি), চিলি (১টি), পেরু (২টি তৈরি হচ্ছে), ফিলিপাইন (২টি অর্ডারে করেছে) এই ক্ষেত্রে উল্লেখযোগ্য। আরও বেশ কিছু দেশ একই লাইনে চিন্তা ভাবনা করছে। ডেনমার্ক ও নিউজিল্যান্ডও নিজেদের মতো কিছু জাহাজ বানিয়েছে; তবে তাদের উদ্দেশ্যও কিন্তু উপরের বাকি সবার মতোই। আবার এদের চাইতে বড় নৌবহরগুলিও এই ধরনের (LPD) জাহাজের দিকে ঝুঁকেছে অথবা তৈরি করা অব্যহত রেখেছে – ব্রিটেন (৫টি), ফ্রান্স (১টি), ব্রাজিল (১টি), চীন (৩টি), ইটালি (৩টি), ভারত (১টি), অস্ট্রেলিয়া (১টি)। 

ইন্দোনেশিয়ার 'ম্যাকাসার-ক্লাস' 'ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক'। নৌ-কূটনীতিতে বিমানবাহী যুদ্ধজাহাজ আর 'উভচর এসল্ট শিপের' পরেই এই ধরনের জাহাজের স্থান।



নতুন অর্থনীতি

৩০-৪০ বছর আগের সাথে তুলনা করলে আজকে পৃথিবীর অনেক দেশই কিন্তু একটা মোটামুটি অর্থনীতির অধিকারী। চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালেশিয়া, ইন্দোনেশিয়া – এই দেশগুলি খুব বেশিদিন হয়নি অর্থনৈতিকভাবে এগিয়েছে। আর অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে জাতীয় নিরাপত্তাও নিজেদের সমুদ্রসীমা অতিক্রম করেছে। একসময় যুক্তরাষ্ট্র, ব্রিটেন আর ফ্রান্স ছাড়া অন্য কোন দেশের হাতে বিমানবাহী যুদ্ধজাহাজ, ‘উভচর এসল্ট শিপ’ (Amphibious Assault Ship)  এবং ‘ল্যান্ডিং ট্র্যান্সপোর্ট ডক’ (Landing Transport Dock or LPD) ছিল না। এখন মোটামুটিভাবে ১৪-১৫টা দেশের কাছেই এই ধরনের যুদ্ধজাহাজ রয়েছে; আরও বেশকিছু দেশ এগুলি পেতে চলেছে অচিরেই। ২০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার দিয়ে একটা যুদ্ধজাহাজ কিনতে পারার মতো অর্থনীতি এখন অনেক দেশের। এরা সবাই এখন আন্তর্জাতিক পরিমন্ডলে তাদের প্রভাবের ন্যায্য হিস্যা চাইছে। আর ন্যায্য হিস্যা চাইতে গেলে সেইধরণের উপকরণও যে দরকার, সেটা বুঝেছে অনেকেই। 

জাপানি নৌবহরের ১৪,০০টনের 'ওসুমি-ক্লাস'-এর এই জাহাজগুলি প্রথম জানান দেয় জাপানের 'যুদ্ধ-বিরোধী' সংবিধানের অবাস্তবতার


জাপানি নৌবাহিনীর ১৯,০০টনের 'হাইয়ূগা-ক্লাস' "হেলিকপ্টার ডেস্ট্রয়ার", যাকে বিমানবাহী যুদ্ধজাহাজ বললে দোষ হয় না।




জাপান

আমরা সবাই চীনকে নিয়ে কথা বলতেই ব্যাস্ত। চীনের নৌবহরের জাহাজগুলি আজকাল ভারত মহাসাগরে দেখা যাচ্ছে। কিন্তু কেউ একবারও চিন্তা করে দেখিনি যে চীন সমুদ্রে এগুতে থাকলে তার প্রতিবেশী জাপান আর দক্ষিণ কোরিয়াও থেমে রইবে না। গত বিশ বছরে কোরিয়া তাদের নৌবাহিনীর বিশাল উন্নতি করেছে। আর দশ-পনর বছরের মাঝেই কোরিয়ার নৌবহর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেকটা প্রভাব বিস্তার করবে। তবে সেই প্রভাব জাপানের ধারেকাছেও হবে কিনা সেটা দেখার বিষয় হবে। যেখানে কোরিয়া তাদের জিডিপি-এর ২.৮% সামরিক খাতে খরচ করছে, সেখানে জাপান করছে মাত্র ১%। অথচ তারপরেও জাপানের সামরিক বাজেট (৪৯ বিলিয়ন ডলার) কোরিয়ার (৩৪ বিলিয়ন ডলার) চাইতে অনেক বেশি। এই ১%-এর সামরিক বাজেটেই জাপান পৃথিবীর সবচাইতে বড় নৌবহরের একটির মালিক! এর অর্থ হচ্ছে, প্রায় তেমন কোন পরিশ্রম ছাড়াই জাপান এই নৌবহর অর্জন করতে পারছে। তাদের সামনে এগুনোর পথে সবচাইতে বড় বাধা ছিল তাদের সংবিধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিনীদের প্রণীত এ ‘যুদ্ধ-বিরোধী’ সংবিধান জাপানীরা প্রায় অক্ষরে অক্ষরে মেনে চলেছে বহু বছর। এই সংবিধান জাপানের সামরিক বাহিনীকে জাপানের বাইরে কোথাও মোতায়েনে বাধা দিয়েছে; আক্রমণাত্মক কোন অস্ত্র (যেমন বিমানবাহী যুদ্ধজাহাজ) তৈরিতে বাধা দিয়েছে। তবে মার্কিনীরা অনেকদিন ধরেই বলে আসছিল যে এই পরিবর্তিত বিশ্বে জাপানের আরও বেশী কার্যকর ভূমিকা নেওয়া উচিত। তারাও চাইছিল যে জাপান যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল না থেকে নিজেদের প্রতিরক্ষা যেন নিজেরাই দেখা শুরু করে। জাপানের সংবিধানের সেই বাধা অল্প কিছুদিন আগেই উঠে গেছে। এটা চীনের জন্যে অনেক বড় একটা ভীতির খবর। পুরাতন সংবিধানকে পাশ কাটিয়েই জাপান ১৯৯৫ সাল থেকে নৌবাহিনীর জন্যে এমন কিছু জাহাজ বানানোর প্রস্তুতি নিয়েছে, যা প্রতিবেশী দেশগুলিকে চিন্তিত করেছে। ‘ওসুমি-ক্লাস’-এর ‘ল্যান্ডিং ট্র্যান্সপোর্ট ডক’ (Landing Transport Dock or LPD) গোছের তিনটি জাহাজ বানাবার পরে অনেকেই প্রশ্ন তুলেছিল, কারণ ১৪,০০০টন এই জাহাজগুলি দেখতে ছোটখাটো বিমানবাহী যুদ্ধজাহাজের মতো। জাপান তখন বলেছিল – এগুলি ‘ল্যান্ডিং শিপ ট্যাঙ্ক’; জাপান থেকে দূরে ব্যবহারের জন্য নয়। এরপরে ২০০৬ সালে বানানো শুরু করে ১৯,০০০টনের ‘হাইয়ূগা-ক্লাস’-এর দু’টি জাহাজ; যেগুলিকে জাপান ‘হেলিকপ্টার ডেস্ট্রয়ার’ বললেও সেগুলিকে প্রায় পুরোপুরিই বিমানবাহী যুদ্ধজাহাজ বলা চলে। যদি এটাও কম হয়ে যায়, তাহলে ২০১২ সালে শুরু হয়েছে আরও দু’টা জাহাজের কাজ। ২৭,০০০টনের ‘ইজুমো-ক্লাস’-এর এই দু’টি জাহাজ এর আগে বানানো যেকোন জাহাজের চাইতে অনেক অনেক বড়!  এবারেও জাপানি নৌবাহিনীর ওই একই কথা - এগুলি আসলে ‘হেলিকপ্টার ডেস্ট্রয়ার’। এসবই হয়েছিল সংবিধানের ‘আর্টিকেল-৯’-কে পাশ কাটিয়ে। এখন এর চাইতেও আরও বড় ও শক্তিশালী জাহাজ বানাতে জাপানের কোন বাধাই থাকলো না। উত্তর কোরিয়া আর চীন জাপানকে উঠতে সাহায্য করছে। এই দুই দেশের সামরিক প্রস্তুতি জাপানিদের নৌবহর বৃদ্ধিতে, আর সংবিধান সংশোধনে উদ্বুদ্ধ করেছে। 

জার্মান ফ্রিগেট 'এমডেন' ও আমেরিকান ডেস্ট্রয়ার 'শোউপ'-কে সমুদ্রে সাপ্লাই দিচ্ছে ফ্রেঞ্চ সাপ্লাই জাহাজ 'মার্ন'। পারস্পরিক সহযোগিতার কারণে আমেরিকা ও তার মিত্ররা সমুদ্রে অনেক বেশি শক্তিশালী



সাপ্লাই চেইন

এরই মাঝে জাপানি নৌবহরে যুক্ত হয়েছে ১৫,০০০টনের ৩টি ও ২৫,০০০টনের দু’টি সরবরাহ বা সাপ্লাই জাহাজ। উপরে বর্ণিত এত্ত বড় বড় জাহাজের বিতর্কের গভীরে এই সাপ্লাই জাহজগুলি হারিয়েই গেছে। খুব কম লোকই প্রশ্ন করেছে যে এই জাহাজগুলি কি বানানো হয়েছে জাপানের উপকূল প্রহরায় সহায়তা দিতে, নাকি ভারত মহাসাগর পর্যন্ত পাহারা দিতে? যুক্তরাষ্ট্র ছাড়াও বেশ কিছু দেশ  তাদের নৌবহরের আকৃতির অনুপাতে অনেক বেশি এবং বড় সাপ্লাই জাহাজ রাখে, যেমন –যুক্তরাজ্য (৮টি), ফ্রান্স (৪টি), ইটালি (৩টি), স্পেন (২টি), জার্মানি (১১টি), হল্যান্ড (১টি), অস্ট্রেলিয়া (২টি), কানাডা (২টি)। বিভিন্ন মিশনে এরা একজন আরেকজনকে পরিপূর্ণ করছে। একজন হয়তো পাঠাচ্ছে বিমানবাহী যুদ্ধজাহাজ; আরেকজন পাঠাচ্ছে ফ্রিগেট; আরেকজন সাপ্লাই জাহাজ। এভাবে একত্রে তারা খুব দ্রুত একটা শক্তিশালী নৌবহরের জন্ম দিচ্ছে। এটা হচ্ছে তাদের ‘কালেকটিভ সিকিউরিটি’-এর একটা অংশ। 

বাংলাদেশ নৌবাহিনী ফ্রিগেট বিএনএস ওসমান ভূমধ্যসাগরে জাতিসঙ্ঘ মিশনে অংশ নিচ্ছে। বাংলাদেশের নৌ-কূটনীতি সবে শুরু হয়েছে। আগামী ১০-১৫ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির সাথে সাথে নৌবহরেও ব্যাপক পরিবর্তন দেখার সম্ভাবনা রয়েছে।



কে কোথায়? আমরা কোথায়?

এভাবেই যুক্তরাষ্ট্র ছাড়াও তাদের ইউরোপীয় এবং অন্যান্য মিত্ররা একত্রে সহজেই ভারত মহাসাগরে অথবা পারস্য উপসাগরে অথবা ভূমধ্যসাগরে তাদের নৌবহর পাঠিয়ে দিচ্ছে, এবং অনেকদিন সেখানে রাখতেও পারছে। এদের সাথে যোগ দিতে অথবা এদেরকে চ্যালেঞ্জ করতে যোগ দিয়েছে বা অচিরেই যোগ দিচ্ছে চীন, জাপান, ভারত ও কোরিয়া। এদের মাঝে চলবে প্রধান প্রতিযোগিতা। এর মাঝে ছোট ছোট অনেক নৌবাহিনী তাদের স্থান খুঁজে নিচ্ছে; নেবে। তাদের মাঝেও থাকবে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাংলাদেশও আছে তাদের ছোট্ট নৌবহর নিয়ে। বাংলাদেশ নৌবাহিনী দু’টি জাহাজ (একটি ফ্রিগেট ও একটি প্যাট্রোল জাহাজ) ভূমধ্যসাগরে জাতিসঙ্ঘের মিশনে মোতায়েন রেখেছে ২০১০ সাল থেকে। উপরে যে ধরনের জাহাজ নিয়ে আলোচনা করেছি, সেগুলি কেনার বা বানাবার মতো অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের এখনো হয়নি; তবে অচিরেই হতে চলেছে। ইউরোপীয় দেশগুলি বাজেটের ঘাটতির কারণে তাদের নৌবহরের আকৃতিতে ব্যাপক পরিবর্তন এনেছে। অন্যদিকে এশিয়াতে অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে নৌবহরের আকৃতি বেড়েই চলেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সমুদ্রসীমা, খনিজ সম্পদ, প্রতিবেশী রাজনীতি, ইত্যাদি কারণে বাংলাদেশে নৌবাহিনীর গুরুত্ব বেড়েই চলেছে। নৌবাহিনী হতে চলেছে কূটনীতির একটা অংশ। সামনের বছরগুলিতে বাংলাদেশের অর্থনীতিই বলে দেবে যে আগামী ১০-১৫ বছরে বাংলাদেশের নৌ-কূটনীতি বঙ্গোপসাগরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভারত মহাসাগর এবং অন্যান্য সমুদ্রেও তার অবস্থান খুঁজবে।