Showing posts with label Oil. Show all posts
Showing posts with label Oil. Show all posts

Tuesday, 18 October 2022

সৌদিরা কি আসলেই যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীলতা কমাচ্ছে?

১৮ই অক্টোবর ২০২২
 
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন অর্থনীতির উপরে অগাধ বিশ্বাসের কারণেই তারা যুক্তরাষ্ট্রে ৮’শ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে; যার বেশিরভাগই দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সৌদিরা যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে যেতে চায় না; বরং মার্কিন নীতির কারণেই দুই দেশের মাঝে সাম্প্রতিক টানাপোড়েনের জন্ম হয়েছে।

সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলির জোট ‘ওপেক’ এবং রাশিয়ার সমন্বয়ে গঠিত ‘ওপেক প্লাস’এর তেলের উৎপাদন কর্তন করার সিদ্ধান্ত এবং এর প্রত্যুত্তরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সৌদিদের প্রতি কঠোর বার্তা অনেক আলোচনার জন্ম দিচ্ছে। কেউ কেউ প্রশ্ন করা শুরু করেছেন যে, ওয়াশিংটনের সাথে সৌদি রাজ পরিবারের সম্পর্ক শেষ হতে যাচ্ছে কিনা। তবে অনেকেই এখানে যুক্তরাষ্ট্রের উপর সৌদিদের নির্ভরশীলতার শক্ত ভিত্তির দিকে নির্দেশ করছেন।

গত মার্চে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয় যে, তারা চীনের সাথে তেলের বাণিজ্য চীনা মুদ্রা ইউয়ানে করার জন্যে চিন্তাভাবনা করছে। ‘ওয়াল স্ট্রীট জার্নাল’এর এক প্রতিবেদনে বলা হয় যে, সৌদিরা গত ছয় বছর ধরে চীনের সাথে এব্যাপারে কথা বললেও হঠাৎ করেই তারা ইউয়ানে বাণিজ্য করার জন্যে আগ্রহী হয়ে উঠেছে। প্যারিসভিত্তিক আর্থিক বাজারের কোম্পানি ‘জেনেরালি গ্রুপ’এর জ্যেষ্ঠ কৌসুলী গুইলাউমে ত্রেসকা ‘ব্লুমবার্গ’কে বলছেন যে, এই ঘটনাগুলি ঘটে যখনই ভূরাজনীতিতে কোন পরিবর্তন আসতে থাকে। সৌদিরা শুধু ওয়াশিংটনের কাছে বার্তা পাঠাচ্ছে যে, তারা মার্কিনীদের কাছ থেকে আরও কিছু আশা করছে। ‘ব্লুমবার্গ’এর প্রতিবেদনে বলা হচ্ছে যে, মার্কিনীদের সাথে সৌদিদের সম্পর্কে টান পড়া শুরু হয়েছে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকে। সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা এবং ইয়েমেনের যুদ্ধের ব্যাপারে বাইডেন প্রশাসন সৌদিদের সমালোচনায় মুখর থাকার ফলে হোয়াইট হাউজের সাথে সম্পর্কের অবণতি ঘটে। এছাড়াও ইরানের সাথে বাইডেন প্রশাসনের পারমাণবিক চুক্তির আলোচনাকে এগিয়ে নেয়াকেও সৌদিরা ভালো চোখে দেখেনি। তবে সৌদিরা যখন চীনের সাথে বাণিজ্যে ইউয়ান ব্যবহার করার কথা বলছে, তখন সৌদিরা যে সত্যি কথা বলছে না, তার প্রমাণ রয়েছে। প্রথমতঃ সৌদি রিয়ালের মূল্য মার্কিন ডলারের সাথে সমন্বয় করা রয়েছে। এখন যদি ডলারের মূল্য পড়ে যায়, তাহলে সৌদি রিয়ালের মূল্যও পড়ে যাবে। সৌদিরা এত বড় একটা সুবিধা থেকে নিজেদেরকে সরিয়ে নিতে চাইবে না। এছাড়াও সৌদিরা তাদের আর্থিক নীতিকেও মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’এর সাথে সমন্বয় করে চলে।

গত জুনে দুবাই ভিত্তিক পত্রিকা ‘দ্যা ন্যাশনাল’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২২ সালের শেষে ৫’শ ৮১ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে; যা গত এপ্রিল মাসে ছিল প্রায় ৪’শ ৫২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ব্যাপক বৃদ্ধির উপর চড়ে সৌদিরা এই রিজার্ভ তৈরি করার পথে রয়েছে। আর্থিক ব্যবসায়িক কোম্পানি ‘জাদওয়া ইনভেস্টমেন্ট’এর প্রধান অর্থনীতিবিদ আসাদ খান এক লেখায় বলছেন যে, গত এপ্রিল মাস থেকে সৌদিদের রিজার্ভ প্রতিমাসে ৩’শ মিলিয়ন ডলার করে বেড়েছে। মার্চ মাসে এক কোটি ব্যারেল তেল উৎপাদনের ফলস্বরূপ তারা সেই মাসে প্রায় ৩০ বিলিয়ন ডলার আয় করে। কিন্তু সৌদিদের এই আয় কোথায় যাচ্ছে?

গত মার্চে ‘রয়টার্স’এর এক খবরে বলা হয় যে, সৌদি আরবের বাস্তবিক শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সরকারি বার্তা সংস্থা ‘এসপিএ’র সাথে এক সাক্ষাতে বলেন যে, যুক্তরাষ্ট্রে সৌদিদের যা বিনিয়োগ রয়েছে, তা তারা বাড়াতে যেমন পারে, কমাতেও পারে। ‘এসপিএ’ বলে যে, যুক্তরাষ্ট্রে সৌদি আরবের মোট বিনিয়োগ ৮’শ বিলিয়ন ডলারেরও বেশি। চীনের সাথে ইউয়ানে ব্যবসা করার মতো এই হুমকিটাও শুধু মৌখিক বলেই মনে করছেন অনেকে। কারণ এই কথাগুলির পর থেকে সৌদিরা যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ আরও বাড়িয়েছে। এবং এই বিনিয়োগগুলির বেশিরভাগই দীর্ঘমেয়াদী বিনিয়োগ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদিরা যুক্তরাষ্ট্রের উপরে এতটাই নির্ভর করছে যে, তাদের রিজার্ভের প্রায় পুরোটাই তারা রেখেছে মার্কিন ডলারে। অর্থাৎ সৌদিরা তাদের নিজেদের ভাগ্যকে মার্কিন ডলারের উপরে নির্ভরশীল করেছে।

‘দ্যা ন্যাশনাল’এর অগাস্ট মাসের এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, সৌদি সরকারের ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ বা ‘পিআইএফ’এর যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বেড়েই চলেছে। মার্কিন সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, সৌদিরা ১৭টা মার্কিন কোম্পানির স্টকে প্রায় ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের অতিরিক্ত বিনিয়োগ করতে চাইছে। নতুন বিনিয়োগ যাচ্ছে ‘গুগল’, ‘মাইক্রোসফট’, ‘জে পি মরগ্যান চেইজ’, ‘স্টারবাকস’, ‘ব্ল্যাকরক’, ‘কস্টকো’, ‘আমাজন’, ‘হোম ডিপো’, ‘বুকিং হোল্ডিংস’, ইত্যাদি কোম্পানিতে। ‘রয়টার্স’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ২০২১এর ডিসেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জে মার্কিন কোম্পানিগুলিতে সৌদিদের বিনিয়োগ দাঁড়ায় প্রায় ৫৬ বিলিয়ন ডলারে। গত অগাস্টে মার্কিন রাজস্ব দপ্তরের এক প্রতিবেদনে বলা হয় যে, জুন মাসে সৌদি আরবের হাতে মার্কিন সরকারের ট্রেজারি বন্ডের পরিমাণ ১’শ ১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে; যা মে মাসে ছিল ১’শ ১৪ বিলিয়ন ডলার। এর মাঝে সিংহভাগই হলো দীর্ঘমেয়াদী বন্ড।

সৌদিরা যুক্তরাষ্ট্রের উপরে এতটাই নির্ভর করছে যে, তাদের রিজার্ভের প্রায় পুরোটাই তারা রেখেছে মার্কিন ডলারে। ‘সিইআইসি ডাটা’র হিসেবে গত দশ বছর ধরেই সৌদিদের স্বর্ণের রিজার্ভ প্রায় একই জায়গায় রয়েছে; যা প্রায় ৪’শ ৩৩ মিলিয়ন ডলারের সমপরিমাণ। এটা সাইপ্রাস বা বাংলাদেশের স্বর্ণের রিজার্ভের চাইতেও অনেক কম। সংখ্যাটা তাদের গত এপ্রিল মাসের সাড়ে ৪’শ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ১ হাজার ভাগের ১ ভাগেরও কম।

শুধু তা-ই নয়, সৌদি সরকারের এই রিজার্ভ মূলতঃ সৌদি রাজপরিবারের মাঝে ভাগাভাগি করার কারণেই ওঠানামা করে থাকে। ‘ব্লুমবার্গ’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, সৌদি আরবের তেল উৎপাদন কোম্পানি ‘সৌদি আরামকো’র শেয়ারহোল্ডার সৌদি রাজপরিবারের সদস্যদের মাঝে যখন লভ্যাংশ বন্টন করা হয়, তখনই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ওঠানামা করে। যেমন ২০২১ সালে শুধুমাত্র ত্রৈমাসিক লভ্যাংশই ছিল প্রায় ১৯ বিলিয়ন ডলার!

অর্থনৈতিকভাবে সৌদিরা তাদের তেলের ব্যবসার আয়ের প্রায় পুরোটাই মার্কিন ডলারে মজুত রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সৌদিরা তাদের নিজেদের ভাগ্যকে মার্কিন ডলারের উপরে নির্ভরশীল করেছে। মার্কিন অর্থনীতির উপরে অগাধ বিশ্বাসের কারণেই তারা যুক্তরাষ্ট্রে ৮’শ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে; যার বেশিরভাগই দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সৌদি রিয়ালের মূল্যকে ডলারের মূল্যের সাথে সমন্বয় করা হয় এবং সৌদি আর্থিক নীতি মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতিকে অনুসরণ করে করা হয়। এতটা নির্ভরশীলতার মাঝে সৌদিদের ওয়াশিংটন থেকে দূরে চলে যাবার প্রশ্নটা অবান্তরই বটে। সৌদিরা যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে যেতে চায় না; বরং মার্কিন নীতির কারণেই দুই দেশের মাঝে সাম্প্রতিক টানাপোড়েনের জন্ম হয়েছে।

Thursday, 18 June 2020

ককেশাসে বাড়ছে ভূরাজনৈতিক তাপমাত্রা

১৮ই জুন ২০২০

২০১৭ সালে তুরস্ক এবং আজেরবাইজানের সেনাবাহিনীর মাঝে যৌথ মহড়া। ২০১০ সালে দুই দেশের মাঝে কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে এক দেশ বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হলে অপর দেশ তাকে সকল ধরনের সহায়তা দেবে। নিয়মিত বিরতিতে দুই দেশের মাঝে চলছে সামরিক মহড়া। এই মহড়াগুলি আজেরবাইজানকে নাগোর্নো কারাবাখে যুদ্ধের জন্যে প্রস্তুত করছে।


গত ২রা মে আজেরবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে দেখানো হয় যে, আজেরবাইজানের নাখচিভান ছিটমহলে বেশকিছু অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। তুর্কি থিংকট্যাঙ্ক ‘ইডিএএম’এর প্রতিরক্ষা বিশ্লেষক জান কাসাপোগলু বলছেন যে, এই ভিডিওতে তুরস্কে নির্মিত ‘টিআরজি-৩০০ কাপলান’ ৩০০ মিঃমিঃ রকেট আর্টিলারি বিশেষভাবে উল্লেখ করার মতো। এর নির্মাতা কোম্পানি ‘রকেটসান’ বলছে যে, এই রকেটের পাল্লা ১’শ ২০ কিঃমিঃ এবং এর সক্ষমতা রয়েছে এর ১’শ ৫ কেজি ওয়ারহেডকে টার্গেটের ১০ মিটারের মাঝে ফেলার। এই রকেটগুলি সৈন্যদের ব্যারাক, কমান্ড সেন্টার, রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ইত্যাদি গুরুত্বপূর্ণ টার্গেট ধ্বংসে বিশেষভাবে কার্যকর। কাসাপোগলু মনে করিয়ে দিচ্ছেন যে, গত ফেব্রুয়ারিতে সিরিয়ার ইদলিবের যুদ্ধে তুর্কি সেনাবাহিনী এই রকেটগুলিকে ব্যবহার করেছিল। নাখচিভান ছিটমহলে এই রকেট মোতায়েন করার ফলে অত্র অঞ্চলের সামরিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। আজেরবাইজানের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র আর্মেনিয়ার সাথে বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে তুমুল বিরোধ রয়েছে। ১৯৯০এর দশক থেকে চলা একরকম যুদ্ধাবস্থাতে বর্তমানে অস্ত্রবিরতি থাকলেও এই স্থিতাবস্থা কতদিন এভাবে থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। কাসাপোগলু বলছেন যে, নাখচিভান ছিটমহলে সামরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আজেরবাইজান এখন নাগোর্নো কারাবাখে আর্মেনিয় সেনাদের সাপ্লাই লাইনকে হুমকির মুখে ফেলতে পারবে।

সাম্প্রতিক সময়ে আজেরবাইজান সামরিক খাতে ব্যাপক ব্যয় করেছে। একইসাথে তুরস্কের সাথে সম্পর্কোন্নয়নের মাঝে দুই দেশ যৌথ মহড়ায় অংশ নিয়েছে; যার মাধ্যমে আজেরবাইজানের যুদ্ধ করার সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। তুর্কি মিডিয়া ‘ইয়েনি সাফাক’ গত বছর মে মাসে আজেরবাইজানের রাজধানী বাকুর কাছকাছি ‘মুস্তফা কেমাল আতাতুর্ক ২০১৯’ নামের এক সামরিক মহড়ার খবর দেয়। এই মহড়ায় ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকল এবং আর্টিলারির সমন্বয়ে গঠিত আজেরবাইজানের সেনাবাহিনীর মেকানাইজড ফর্মেশনগুলি বড় আকারের আক্রমণাত্মক কৌশলের মহড়ার দেয়। এই মহড়াগুলি আজেরবাইজানকে নাগোর্নো কারাবাখে যুদ্ধের জন্যে প্রস্তুত করছে।

আজেরবাইজান এবং আর্মেনিয়ার উদ্ভট বাউন্ডারি। সোভিয়েতরাই বর্তমান ককেশাসের বাউন্ডারিগুলি এঁকেছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় থেকেই এই সীমানা নিয়ে আর্মেনিয় এবং আজেরিদের মাঝে শুরু হয় জাতিগত সংঘাত। আর্মেনিয়ার নেতৃত্বের সাথে ইস্টার্ন অর্থোডক্স চার্চের সম্পর্ক খুবই গভীর। তৃতীয় শতাব্দী থেকেই আর্মেনিয়া একটা ইস্টার্ন অর্থোডক্স খ্রিষ্টান রাষ্ট্র হিসেবে পরিচিত। তাই ধর্মীয় বিষয়গুলি কখনোই আর্মেনিয়ার রাজনীতির বাইরে ছিল না।




আজেরবাইজান ও আর্মেনিয়ার সংঘাতের ঐতিহাসিক পটভূমি

আর্মেনিয়া ককেশাসের অংশ। খ্রিষ্টীয় তৃতীয় শতকে আর্মেনিয়ার মানুষ খ্রিষ্ঠান হওয়া শুরু করে। সেই সময় থেকে ৭ম শতাব্দী পর্যন্ত বাইজ্যান্টাইন সাম্রাজ্য এবং পারসিক সাম্র্যাজ্যের মাঝে আর্মেনিয়া নামে একটা খ্রিষ্ঠান রাজ্য তার উপস্থিতি ধরে রাখতে সক্ষম হয়। তবে ৮ম শতাব্দীর মাঝামাঝি আর্মেনিয়াসহ পুরো ককেশাস ইসলামের অধীনে চলে যায়। ত্রয়োদশ শতকে মোঙ্গল আক্রমণের পর থেকে এই অঞ্চলের ধরণ পাল্টে যায়। তুর্কিরা এখানকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পঞ্চদশ শতকের মাঝামাঝি ইস্তাম্বুলে উসমানি খিলাফতের আবির্ভাবের পর থেকে ককেশাস অঞ্চল পারস্য এবং উসমানিদের মাঝে প্রতিযোগিতার বস্তু হয়ে যায়। এরপর অষ্টাদশ শতকে রুশদের আবির্ভাবের পর অত্র অঞ্চলে ত্রিমুখী প্রভাবের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। তবে বিংশ শতকে সোভিয়েত ইউনিয়ন তৈরির পর ককেশাস অঞ্চল পুরোটাই সোভিয়েত শক্তির পদানত হয়। সোভিয়েতরাই বর্তমান ককেশাসের বাউন্ডারিগুলি এঁকেছিল। সোভিয়েত নেতা জোসেফ স্টালিন আর্মেনিয়া এবং আজেরবাইজানের সীমানা এঁকে দেন; যেখানে নাগোর্নো কারাবাখ অঞ্চলকে আজেরবাইজানের মাঝে রাখা হয়। আর্মেনিয়রা এটা পছন্দ করেনি; তারা চেয়েছিল যে, খ্রিষ্টান অধ্যুষিত নাগোর্নো কারাবাখ আর্মেনিয়ার অধীন হোক; মুসলিম অধ্যুষিত আজেরবাইজানের অধীন নয়। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় থেকেই এই সীমানা নিয়ে আর্মেনিয় এবং আজেরিদের মাঝে শুরু হয় জাতিগত সংঘাত। আর ১৯৯০এর শুরুতে তা রূপ নেয় পুরোপুরি যুদ্ধে। সোভিয়েত সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার কারণে আর্মেনিয়রা বেশ শক্তিশালী একটা সেনাবাহিনী গঠন করতে পারে; যা কিনা আজেরিরা পারেনি। তুলনামূলকভাবে অনেক ছোট দেশ হওয়া সত্ত্বেও আর্মেনিয়া তার সামরিক দক্ষতাকে কাজে লাগিয়ে নাগোর্নো কারাবাখকে আজেরিদের হাত থেকে ছিনিয়ে নেয়। ১৯৯৪ সালে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হবার পর থেকে এখানে থেকে থেকে সংঘাত চলছে। আর্মেনিয়ার নেতৃত্বের সাথে ইস্টার্ন অর্থোডক্স চার্চের সম্পর্ক খুবই গভীর। তৃতীয় শতাব্দী থেকেই আর্মেনিয়া একটা ইস্টার্ন অর্থোডক্স খ্রিষ্টান রাষ্ট্র হিসেবে পরিচিত। তাই ধর্মীয় বিষয়গুলি কখনোই আর্মেনিয়ার রাজনীতির বাইরে ছিল না।

আজেরবাইজানের বাকুর তেলখনিগুলি থেকে কয়েকটা তেলের পাইপলাইন বের হলেও সবচাইতে গুরুত্বপূর্ণ হলো তুরস্কের মাঝ দিয়ে ভূমধ্যসাগরের চেইহান বন্দর পর্যন্ত যাওয়া পাইপলাইন। এই পাইলাইনের মাধ্যমে তেল বিক্রির অর্থ ব্যবহার করেই আজেরিরা তাদের সামরিক সক্ষমতা গড়ে তুলতে থাকে। রাশিয়া আর আর্মেনিয়াকে বাইপাস করে জর্জিয়ার মাঝ দিয়ে তৈরি করা হয়েছে এই পাইপলাইন। ২০০৮ সালে জর্জিয়াতে রুশ সামরিক হস্তক্ষেপের পর এই পাইপলাইন করিডোর হুমকির মাঝে পড়েছে।



বাকুর তেলের ভূরাজনীতি

ঊনিশ শতকের শেষের দিকে আজেরবাইজানের বাকু তেলখনি থেকে তেল উত্তোলন শুরু করে রুশরা। বিংশ শতকের শুরুতে সারা বিশ্বের মোট তেল বাণিজ্যের অর্ধেক আসতো বাকু থেকে। ১৯১৮ সালে উসমানি খিলাফত ধ্বংসের কাছাকাছি সময়ে উসমানি সেনারা আজেরিদেরকে সাথে নিয়ে বাকুর নিয়ন্ত্রণ নেয়। প্রথম বিশ্বযুদ্ধে উসমানি খিলাফত ধ্বংস করে ব্রিটিশরা এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কিন্তু ১৯২০ সালের এপ্রিলে সোভিয়েত সৈন্যরা বাকুর দখল নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাকুর তেলখনিগুলি জার্মানদের বিরুদ্ধে সোভিয়েত বিজয়ে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বাকুর তেল পশ্চিমা দেশগুলিতে রপ্তানি করার পিছনে ব্যাপক অর্থ বিনিয়োগ শুরু হয়। ১৯৯৭ সালে রুশ বিনিয়োগে বাকু থেকে রাশিয়ার কৃষ্ণ সাগরের বন্দর নভোরোসিস্ক পর্যন্ত তেলের পাইপলাইন চালু হয়। ১ লক্ষ ব্যারেল সক্ষমতার এই পাইপলাইনের চাইতে আরও বেশি সক্ষমতার আরেকটা পাইপলাইন তৈরি করা হয় রাশিয়াকে বাইপাস করে বাকু থেকে জর্জিয়ার সুপসা বন্দর পর্যন্ত। ১৯৯৯ সালে চালু হওয়া এই পাইপলাইনের সক্ষমতা হলো ১ লক্ষ ৪৫ হাজার ব্যারেল। তবে এই দুই পাইপলাইনের চাইতে আরও অনেক বড় এক প্রকল্প গ্রহণ করা হয় আরও আগেই। ১৯৯৩ সালে রাশিয়াকে বাইপাস করে আজেরবাইজানের বাকু তেলখনি থেকে তেল তুরস্কের ভূমধ্যসাগরের চেইহান বন্দরে খালাস করার লক্ষ্যে কাজ শুরু হয়। রাশিয়া এবং আর্মেনিয়াকে এক্ষেত্রে বাইপাস করে জর্জিয়াকে বেছে নেয়া হয়। তবে ২০০৩ সালের আগে এই পাইপলাইনের কাজ শুরু হয়নি। ২০০৬ সালের মে মাসে ১২ লক্ষ ব্যারেল সক্ষমতার এই পাইপলাইন পুরোপুরি চালু হয়। মার্কিন ‘এনার্জি ইনফর্মেশন এডমিনিস্ট্রেশন’র হিসেবে ২০০৪ সালে যেখানে আজেরবাইজানের তেলের উৎপাদন ছিল দৈনিক প্রায় ৩ লক্ষ ব্যারেল, তা ২০০৭ সালে গিয়ে দাঁড়ায় ৭ লক্ষ ব্যারেলের বেশি। এই পাইপলাইন চালুর মাধ্যমে বাকুর তেলখনিগুলির উপর রাশিয়ার নিয়ন্ত্রণ অনেকটাই কমে যায়। তেল বিক্রির অর্থের উপর ভর করে আজেরবাইজানের জিডিপি বিশ্বব্যাঙ্কের হিসেবে ২০০৪ সালে ৯ বিলিয়ন ডলার থেকে লাফ দিয়ে ২০১৪ সালে ৭৫ বিলিয়ন ডলার হয়ে যায়। অর্থাৎ মাত্র দশ বছরে জিডিপি ৮ গুণ বেড়ে যায়! তবে তেলের বাজারে ব্যাপক দরপতনের পর দেশটার জিডিপি ৪৮ বিলিয়নে নেমে আসে। তেল বিক্রির এই অর্থ আজেরবাইজানের সামরিক সক্ষমতাকে পুরোপুরি পাল্টে দেয়। জর্জিয়ার অর্থনীতিও একই সময়ে ৫ বিলিয়ন ডলার থেকে ১৫ বিলিয়ন ডলার হয়ে যায়। আর আর্মেনিয়ার অর্থনীতি সাড়ে ৩ বিলিয়ন ডলার থেকে হয়ে যায় ১২ বিলিয়ন ডলার।

নাগোর্নো কারাবাখকে ঘিরে আর্মেনিয়ার সাথে আজেরবাইজানের যুদ্ধের কারণে বাকু থেকে তেলের পাইপলাইনগুলি খোলা সমুদ্র পর্যন্ত পৌঁছানোটা হয়ে গিয়েছিল কঠিন। এক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ সংযোগের কাজ করে জর্জিয়া। ২০০৩ সালে জর্জিয়াতে পশ্চিমাদের সমর্থিত ‘রোজ রেভোলিউশন’এর মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়। নতুন প্রেসিডেন্ট মিখাইল শালিকাশভিলি পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক রেখে চলেন। তবে একইসাথে রাশিয়ার সাথে জর্জিয়ার সম্পর্ক খারাপ হতে থাকে। জর্জিয়ার মাঝ দিয়ে যাবার কারণে বাকু থেকে আসা পাইপলাইনগুলিকে নাগোর্নো কারাবাখের সংঘাত স্পর্শ করতে পারেনি। তবে এই প্রকল্পগুলিকে রাশিয়া নিজ অঞ্চলে পশ্চিমাদের হস্তক্ষেপ হিসেবেই দেখেছে। ২০০৮ সালের অগাস্টে মাত্র ৩৭ লক্ষ জনসংখ্যার জর্জিয়া রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে যায়। জর্জিয়ার ভেতরে আবখাজিয়া এবং সাউথ অসেটিয়া অঞ্চলকে রাশিয়া সামরিক হস্তক্ষেপের মাধ্যমে জর্জিয়া থেকে আলাদা করে ফেলে এবং এদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। সেসময় আজেরবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে যে, তারা জর্জিয়ার অখন্ডতায় বিশ্বাসী। ২০০৮ সালে রাশিয়ার জর্জিয়া অভিযান নাগোর্নো কারাবাখ নিয়ে আজেরবাইজানের নিরাপত্তাহীনতাকে জাগিয়ে তুলে। ২০১০ সালের অগাস্টে আজেরবাইজান তুরস্কের সাথে দশ বছর মেয়াদী ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এন্ড মিউচুয়াল সাপোর্ট’ নামের এক চুক্তি করে; যার অধীনে এক দেশ বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হলে অপর দেশ তাকে সকল ধরনের সহায়তা দেবে। ২০২০ সালের অগাস্টে এই চুক্তির মেয়াদ শেষ হবার কথা রয়েছে।

২০১৬ সালের এপ্রিল মাসে চার দিনের যুদ্ধের মাঝে নাগোর্নো কারাবাখের আকাশে ইস্রাইল নির্মিত ‘হারোপ’ লোইটারিং সুইসাইড ড্রোন। এই যুদ্ধ তুরস্ক এবং ইস্রাইলকে ককেশাসে গুরুত্বপূর্ণ করে তোলে। আজেরবাইজানের জন্যে এই দুই দেশের সমর্থন অত্র এলাকার সামরিক ব্যালান্সকে যে পরিবর্তন করে দিয়েছে, তা এই যুদ্ধের মাঝেই বোঝা গিয়েছে। ভবিষ্যতের যেকোন সংঘাতেও এই দুই দেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, তা নিশ্চিত।



২০১৬ সালের এপ্রিলের ‘চার দিনের যুদ্ধ’

২০১৬ সালের এপ্রিলে নাগোর্নো কারাবাখের সীমান্তে আজেরিদের সাথে আর্মেনিয়দের ব্যাপক গোলাগুলি শুরু হয়। মোটামুটি ৪ দিনের জন্যে দুই দেশের মাঝে যুদ্ধাবস্তা বিরাজ করে। উভয় পক্ষেই হতাহতের পরষ্পবিরোধী দাবি তোলা হয়। ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’এর এক বিশ্লেষণে বলা হয় যে, আজেরবাইজান এই যুদ্ধে ক্ষুদ্র, কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু এলাকা দখল করে নেয়। ব্রিটিশ থিঙ্কট্যাঙ্ক ‘চ্যাটহ্যাম হাউজ’এর ফেলো জাউর শিরিইয়েভ বলেন যে, এই যুদ্ধের মাধ্যমে আজেরবাইজান এতদিনের স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করে তা বাকি বিশ্বকে জানিয়ে দিয়েছে। এই যুদ্ধের সময় তুরস্ক আজেরবাইজানের সাথে থাকার ঘোষণা দিলে রাশিয়া তুরস্ককে সতর্ক করে বলে যে, তুরস্কের উচিৎ এই সংঘর্ষে শুধু একপক্ষকে সমর্থন না করা। একইসাথে রুশরা বলে যে, তুরস্কের উচিৎ তার আশেপাশের দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সমর্থন না দেয়া। এখানে উল্লেখ্য যে, রাশিয়া সিরিয়াতে বাশার আল-আসাদের সরকারের বিরোধী গ্রুপগুলিকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে থাকে। ঐতিহ্যগতভাবেই রুশরা ককেশাস অঞ্চলকে তাদের প্রভাবের এলাকা হিসেবেই দেখে থাকে। ২০১৬ সালের এপ্রিলের যুদ্ধ তুরস্ক এবং ইস্রাইলকে ককেশাসে গুরুত্বপূর্ণ করে তোলে। আজেরবাইজানের জন্যে এই দুই দেশের সমর্থন অত্র এলাকার সামরিক ব্যালান্সকে যে পরিবর্তন করে দিয়েছে, তা এই যুদ্ধের মাঝেই বোঝা গিয়েছে। ভবিষ্যতের যেকোন সংঘাতেও এই দুই দেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, তা নিশ্চিত। ‘ফরেন পলিসি রিসার্চ ইন্সটিটিউট’এর ক্রিস্টিন ফিলিপ ব্লুমায়ের মতামত দেন যে, ২০১৬ সালের যুদ্ধের সময় রুশ কর্মকর্তাদের কথাবর্তা বলে দিয়েছিল যে, রুশরা আর্মেনিয়ার পক্ষে যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবে না। তবে ব্লুমায়েরের সেই মন্তব্যের পর আরও চার বছর পেরিয়ে গেছে। আর ভূরাজনৈতিকভাবে রাশিয়া এবং তুরস্কের সম্পর্কেও অনেক পরিবর্তন হয়েছে। আবারও যদি আজেরবাইজানের সাথে আর্মেনিয়ার সংঘাত শুরু হয়, তবে সেখানে রাশিয়া চুপচাপ বসে থাকবে কিনা, তা নিশ্চিত নয়। আর যদি আর্মেনিয়রা যুদ্ধে হেরে যাবার অবস্থায় চলে যায়, তাহলেও কি রুশরা বসে থাকবে কিনা?

রুশ নেতৃত্বে ‘কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন’ বা ‘সিএসটিও’এর অধীনে থাকা ৬টা দেশের সাথে রাশিয়ার নিরাপত্তা সম্পর্ক অনেক গভীর। ১৯৯৪ সালে ৯টা দেশ এর মাঝে থাকলেও ১৯৯৯ সালে আজেরবাইজান এবং জর্জিয়া এই সংগঠন থেকে বের হয়ে যায়। ২০০৬ সালে ইউক্রেনও বের হয়ে যায় এখান থেকে। বর্তমানে রাশিয়া ছাড়াও আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান এর সদস্য। আর্মেনিয়ার মিডিয়া ‘আজাতুতইয়ুন’ বলছে যে, ‘সিএসটিও’এর সদস্য হবার কারণে আর্মেনিয়া নামমাত্র মূল্যে বা বিনা পয়সায় রুশ অস্ত্র পায়।

২০১৬ সালে আর্মেনিয়ার সামরিক প্যারেডে রুশ নির্মিত ‘ইস্কান্দার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আর্মেনিয়রা আজেরবাইজানের তেলের স্থাপনাগুলির উপর হামলা করতে সক্ষম হবে।



আর্মেনিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধি কি যথেষ্ট?

মাত্র ৩০ লক্ষ জনসংখ্যার আর্মেনিয়ার জিডিপি ১৩ বিলিয়ন ডলার। বাইরের সহায়তা ছাড়া নিজের শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা আর্মেনিয়ার জন্যে যথেষ্টই কষ্টকর। আর্মেনিয়ার প্রতিদ্বন্দ্বী আজেরবাইজানের জনসংখ্যা ১ কোটি এবং এর জিডিপি প্রায় ৪৫ বিলিয়ন ডলার; যা আর্মেনিয়ার তিন গুণেরও বেশি। দুই দেশের জনসংখ্যা এবং অর্থনীতির আকারের এই পার্থক্য সামরিক শক্তি বৃদ্ধি করাকে যথেষ্টই প্রভাবিত করেছে। ‘ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’এর হিসেবে আর্মেনিয়ার সেনাবাহিনীতে রয়েছে প্রায় ৪৬ হাজার সেনা। ইউনিটগুলি বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে; ১৬টা রাইফেল রেজিমেন্ট, ১টা আর্টিলারি ব্রিগেড, ১টা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্রিগেড, ২টা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট, ১টা আর্টিলারি রেজিমেন্ট, ১টা এন্টি ট্যাঙ্ক রেজিমেন্ট, ৩টা ট্যাঙ্ক ব্যাটালিয়ন, ৪টা আর্টিলারি ব্যাটালিয়ন, এবং আরও বেশকিছু ইউনিট। আর্মেনিয়ার সেনাবাহিনীর সাথে একত্রে যুদ্ধ করছে নাগোর্নো কারাবাখে স্বাধীনতার ঘোষণা দেয়া ‘আর্তসাখ রিপাবলিক’এর সেনাবাহিনী। এই বাহিনীতে রয়েছে আরও প্রায় ২৫ হাজার সেনা এবং প্রায় ৩০ হাজার রিজার্ভিস্ট। নিশ্চিত করা না গেলেও আর্তসাখের বাহিনীতে প্রায় ৩’শ ট্যাঙ্ক, ২’শ আর্মার্ড ভেহিকল এবং ৩’শ আর্টিলারি রয়েছে বলে দাবি করে আর্মেনিয়রা।

রাশিয়া নাগোর্নো কারাবাখের সংঘাতে উভয় পক্ষকেই অস্ত্র সরবরাহ করে আসছে। ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট’ বা ‘সিপরি’র হিসেবে ১৯৯৯ থেকে ২০১৯ সালের মাঝে আর্মেনিয়া বেশকিছু অস্ত্র কিনেছে; যার মাঝে রাশিয়াই সবচাইতে গুরুত্বপূর্ণ সরবরাহকারী। এই অস্ত্রগুলির মাঝে রয়েছে,

১) ২০১৬ সালে রাশিয়ার সরবরাহকৃত ৪টা ‘ইস্কান্দার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার এবং ২৫টা ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা প্রায় ৪’শ থেকে ৫’শ কিঃমিঃ পর্যন্ত। বিশ্লেষকেরা বলছেন যে, ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আর্মেনিয়রা আজেরবাইজানের তেলের স্থাপনাগুলির উপর হামলা করতে সক্ষম হবে।

২) ২০১৭ সালের মাঝে রাশিয়ার সরবরাহকৃত ৬টা ‘বিএম-৯ এ৫২ স্মার্চ’ ৩০০মিঃমিঃ রকেট লঞ্চার। এগুলির পাল্লা প্রায় ৯০ কিঃমিঃ পর্যন্ত। ২০০৭ সালে বেলারুশ সরবরাহ করে ১০টা ১২২ মিঃমিঃএর ‘ডি-৩০’ কামান। ২০১০ সালে মন্টিনেগ্রো থেকেও একই মডেলের ১৬টা কামান আসে। ১৯৯৯ সালে চীন থেকে আসে ৪টা ‘ডব্লিউএম-৮০’ ২৭৩ মিঃমিঃ সেলফ প্রপেল্ড রকেট লঞ্চার।

৩) ২০১০ সালের মাঝে সরবরাহকৃত ২টা ‘এস ৩০০’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ‘সিপরি’ বলছে যে, আর্মেনিয়ার কাছে সরবরাহকৃত ক্ষেপণাস্ত্রগুলি ‘৫ভি৫৫ইউ’ ভার্সনের, যেগুলির পাল্লা দেড়’শ কিঃমিঃ। এর সাথে কমপক্ষে ১’শ ৪৪টা ক্ষেপণাস্ত্র সরবরাহ করে রাশিয়া। ২০১৭ সালের মাঝে রাশিয়ার সরবরাহকৃত ‘৯কে৩৩৩ ভার্বা’ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। কাঁধ থেকে ছোঁড়া স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সাড়ে ৬ কিঃমিঃ। ২’শটা ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়। ২০১৩ সালের মাঝে রাশিয়া সরবরাহ করে ৫ কিঃমিঃ পাল্লার ২’শ ‘ইগলা এস’ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ২০১৬ সালে আরও ২’শ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়। ২০১৯ সালে রুশরা সরবরাহ করে কমপক্ষে ২টা ‘টর এম১’ বিমান প্রতিরক্ষা ব্যাবস্থা এবং এর সাথে ৫০টা ‘৯এম৩৩৮’ ক্ষেপণাস্ত্র। ১২ কিঃমিঃ পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলি ট্যাঙ্ক চ্যাসিসের উপর বসানো। তবে আর্মেনিয়ার মিডিয়া ‘আজাতুতইয়ুন’ বলছে যে, প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান তার ফেইসবুক পেইজে ২০১৭ সালের মে মাসেই এই ক্ষেপণাস্ত্র কেনার ঘোষণা দেন।

৪) ২০১৭ সালে রাশিয়া সরবরাহ করে সাড়ে ৫ কিঃমিঃ পাল্লার ১’শটা ‘৯এম১৩৩ করনেট-ই’ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ‘করনেট’ রুশদের ডেভেলপ করা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলির মাঝে সবচাইতে সক্ষমগুলির একটা।

৫) ২০১৯ সালে রুশরা সরবরাহ করা শুরু করে ‘সুখোই এসইউ-৩০এসএম’ ফাইটার বিমান। এই বিমানগুলি আর্মেনিয়ার বিমান বাহিনীকে আজেরবাইজানের বিমান বাহিনী থেকে অনেক এগিয়ে নিয়ে গেল।

৬) ২০০৪ সালে স্লোভাকিয়ার কাছ থেকে আর্মেনিয়া ১০টা রুশ নির্মিত ‘সুখোই এসইউ-২৫’ গ্রাউন্ড এটাক বিমান কেনে।

৭) ইউক্রেনের কাছ থেকে ২০০৪ সালে ২টা ‘এল-৩৯সি আলবাট্রস’ ট্রেনিং জেট বিমান কেনে। ২০১১ সালের মাঝে আরও ৪টা বিমান পায় আর্মেনিয়া।

৮) ২০১৯ সালে আর্মেনিয়া ১৫ কিঃমিঃ পাল্লার ৪টা ‘অসা’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনে। এর সাথে ছিল ১’শ ২০টা ‘৯এম৩৩’ ক্ষেপণাস্ত্র। এগুলির উৎস নিশ্চিত হওয়া না গেলেও রাশিয়া থেকেই এগুলি এসেছে বলে বলছে ‘সিপরি’।

খেয়াল করলে বোঝা যাবে যে, আর্মেনিয়া তার প্রতিরক্ষা ব্যবস্থার মাঝে বিমান প্রতিরক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ‘সুখোই-৩০’ বিমান এবং দূরপাল্লার ‘এস-৩০০’ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আর্মেনিয়া আকাশকে নিয়ন্ত্রণ করতে চাইছে। একইসাথে ২০১৬ সাল থেকে বিপুল সংখ্যক স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে তারা। এছাড়াও দূরপাল্লার আর্টিলারি এবং এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রও রয়েছে ক্রয়কৃত আস্ত্রের মাঝে। এগুলি ছাড়াও আর্মেনিয়া রাশিয়া থেকে ‘ইনফাউনা’ ইলেকট্রনিক ওয়ারফেয়ার যন্ত্র কিনেছে, যা কিনা তারা ২০১৬ সালের জাতীয় দিবস প্যারেডে দেখায়। এই যন্ত্রের মাধ্যমে শত্রুপক্ষের রেডিও যোগাযোগ জ্যামিং করা সম্ভব। এর বাইরেও আর্মেনিয়রা নিজেরাই ‘থান্ডার’ নামে একটা রেডিও জ্যামার তৈরি করে ২০১৮ সালে ইয়েরেভানে একটা প্রতিরক্ষা মেলায় ডিসপ্লে করে। আর্মেনিয়ার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ‘আরমেন প্রেস’ বলছে যে, এই জ্যামার ২০ কিঃমিঃ দূরত্বে শত্রুর রেডিও জ্যামিং করতে পারবে। সিনিয়র লেফটেন্যান্ট হোভানেস খেলাঘাতিয়ান বলেন যে, ২০১৬ সালে আজেরবাইজানের সাথে সীমান্ত যুদ্ধে এই জ্যামার নাগোর্নো কারাবাখে মোতায়েন করা হয় এবং তা ব্যাপক সফলতাও পায়। ২০১১ সালে আর্মেনিয়া সামরিক প্যারেডে নিজস্ব ডিজাইনের ‘ক্রুংক’ সার্ভেইল্যান্স ড্রোন ডিসপ্লে করে। প্রায় ৫ ঘন্টা আকাশে ওড়ার সক্ষমতা রয়েছে এটির। আর্তসাখ সেনাবাহিনীকেও এই ড্রোন সরবরাহ করা হয়েছে।

২০১৮ সালে আজেরবাইজানের রাস্তায় প্যারেডে তুর্কি ‘এসওএম বি-১’ আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল। এই ক্ষেপণাস্ত্রকে ব্যবহার করে আজেরবাইজানের বিমানগুলি শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে দূরত্ব রেখেই আড়াই’শ কিঃমিঃ দূরের অতি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করলো।



আজেরবাইজানে অস্ত্র কেনার হিড়িক

অন্যদিকে ‘সিপরি’র হিসেবে ১৯৯৯ থেকে ২০১৯ সালের মাঝে আজেরবাইজান বিপুল পরিমাণ অস্ত্র কিনেছে। সরবরাহকারীদের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো রাশিয়া, ইস্রাইল, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, বেলারুশ এবং ইউক্রেন।

আজেরবাইজান যা কিনেছে, তার মাঝে রয়েছে -

১) ট্যাঙ্ক কেনা হয় ৩’শ ৬০টা...

রাশিয়া - ২০০৭ সালে কেনা ৬২টা ‘টি-৭২এম১’ ট্যাঙ্ক; ২০১৫ সালের মাঝে কেনা ১’শটা ‘টি-৯০এস’ ট্যাঙ্ক;

ইউক্রেন - ২০০৬ সালে কেনা ৪৫টা ‘টি-৭২এম১’ ট্যাঙ্ক;

বেলারুশ - ২০০৬ সালে কেনা ৬০টা ‘টি-৭২এম১’ ট্যাঙ্ক; ২০১৩ সালের মাঝে কেনা হয় আরও ৯৩টা;

২) আর্টিলারি কেনা হয় ৬’শ ৯২টা...

বেলারুশ থেকে ২০০৮ এবং ২০০৯ সালে ১২টা ‘২এস৭ পিয়ন’ ২০৩ মিঃমিঃ সেলফ প্রপেল্ড কামান কেনা হয়; ২০১৯ সালের মাঝে ১০টা ‘বি২০০বিএম পলোনেজ’ ৩০০ মিঃমিঃ সেলফ প্রপেল্ড রকেট; ২০১৭ সালে ২৬টা ‘২এ৩৬’ ১৫২ মিঃমিঃ কামান; ২০১০ সালে ৩০টা ‘ডি-৩০’ ১২২ মিঃমিঃ কামান কেনা হয়।

বুলগেরিয়া থেকে ২০০২ সালে ৩৬টা ১৩০ মিঃমিঃ ‘এম-৪৬’ কামান কেনা হয়।

চেক রিপাবলিক থেকে ২০১৮ সালের মাঝে ৩০টা ১২২ মিঃমিঃ ‘আরএম-৭০’ সেলফ প্রপেল্ড রকেট কেনা হয়।

স্লোভাকিয়া থেকে ২০১৮ সালের মাঝে কেনা হয় ৩৬টা ১৫২ মিঃমিঃ ‘ডানা’ সেলফ প্রপেল্ড কামান।

ইস্রাইল থেকে ২০০৬ সালে ৬টা ‘লিংক্স’ সেলফ প্রপেল্ড আর্টিলারি রকেট লঞ্চার কেনা হয়। এরপর ক্রমান্বয়ে ৫০টা ‘এক্সট্রা’ গাইডেড রকেটও কেনা হয়। ২০১০ সালে কেনা হয় ৫টা ১৫৫ মিঃমিঃ সেলফ প্রপেল্ড আর্টিলারি কামান ‘এটমোস ২০০০’। ২০১১ সালের মাঝে কেনা হয় ১০টা ১২০ মিঃমিঃ ‘কারডম’ সেলফ প্রপেল্ড মর্টার। ২০১৮ সালের মাঝে কেনা হয় ৪টা ‘লোরা’ সেলফ প্রপেল্ড রকেট লঞ্চার; সাথে কেনা হয় ৫০টা রকেট। একই বছর কেনা হয় ১০টা ‘স্যান্ডক্যাট স্পিয়ার’ ১২০ মিঃমিঃ সেলফ প্রপেল্ড মর্টার।

রাশিয়া থেকে ২০১৪ সালের মাঝে কেনা হয় ১৮টা ‘২এস১৯ এমএসটিএ-এস’ ১৫২ মিঃমিঃ সেলফ প্রপেল্ড কামান; ১৮টা ‘২এস৩১ ভেনা’ ১২০ মিঃমিঃ সেলফ প্রপেল্ড কামান; ১৮টা বিএম৯ এ৫২ স্মার্চ’ ৩০০ মিঃমিঃ সেলফ প্রপেল্ড রকেট লঞ্চার। ২০১৭এর মাঝে কেনা হয় ৩৬টা ‘টিওএস-১’ ২২০ মিঃমিঃ সেলফ প্রপেল্ড রকেট লঞ্চার।

তুরস্ক থেকে ২০১৩ সালের মাঝে কেনা হয় ৩০টা ১০৭ মিঃমিঃ রকেট লঞ্চার ‘টি-১০৭’; ২০১৪ সালের মাঝে কেনা হয় ৪০টা ‘টি-১২২’ রকেট লঞ্চার; ২০১৬ সালের মাঝে কেনা হয় ৩০০ মিঃমিঃএর ২০টা ‘টি-৩০০’ রকেট লঞ্চার; এর সাথে সরবরাহ করা ১’শ ৮টা ৩০০ মিঃমিঃ ‘টিআরজি-৩০০’ গাইডেড রকেট। এগুলির পিছনে খরচ হয় প্রায় ২’শ ৪৪ মিলিয়ন ডলার।

ইউক্রেন থেকে ২০০২ সালের মাঝে কেনা হয় ৭২টা ‘টি-১২ ২এ১৯’ ১০০ মিঃমিঃ কামান। ২০০৫ সালে কেনা হয় ১২টা ‘বিএম৯ এ৫২ স্মার্চ’ সেলফ প্রপেল্ড রকেট; ২০০৬ সালে কেনা হয় ৮৫টা ‘এম-৪৩’ ১২০ মিঃমিঃ মর্টার; ২০০৭ সালে কেনা হয় ৫৫টা ‘ডি-৩০’ ১২২ মিঃমিঃ কামান; ২০০৮ সালের মাঝে কেনা হয় ৩টা ‘২এস৭ পিওন’ ২০৩ মিঃমিঃ কামান; ২০১০ সালের মাঝে কেনা হয় ৫৪টা ‘২এস১’ ১২২ মিঃমিঃ সেলফ প্রপেল্ড কামান; একই বছরে কেনা হয় ১৬টা ‘২এস৩’ ১৫২ মিঃমিঃ সেলফ প্রপেল্ড কামান।

৩) আর্মার্ড ভেহিকল কেনা হয় ৬’শ ৪৯টা...

২০১০ সালের মাঝে রাশিয়া থেকে কেনা হয় ৭০টা ‘বিটিআর-৮০এ’ এপিসি; ২০১৫ সালের মাঝে কেনা হয় ১’শ ১৮টা ‘বিএমপি-৩’ ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল; ২০১৮ সালের মাঝে কেনা হয় ৭৬টা ‘বিটিআর-৮২এ’ ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল।

২০১১ থেকে ২০১৫এর মাঝে দক্ষিণ আফ্রিকা থেকে কেনা হয় ৮৫টা ‘ম্যারডার’ এবং ৬০টা ‘ম্যাটাডোর’ এপিসি।

২০১১ সালে তুরস্ক থেকে কেনা হয় ৩৫টা ‘কোবরা’ এবং ৩৭টা ‘শোরল্যান্ড’ এপিসি।

ইউক্রেন থেকে ২০০৭ সালে কেনা হয় ১৮টা ‘বিটিআর-৮০’ এপিসি; ২০১০ সালের মাঝে কেনা হয় ১শ ৫০টা ‘বিটিআর-৭০’ এপিসি।

৪) বিমান প্রতিরক্ষা

ইস্রাইলের কাছ থেকে ২০১৬ সালে একটা ‘বারাক এলআর’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হয়। এর সাথে ছিল ১’শ কিঃমিঃ পাল্লার ৪০টা ‘বারাক-৮’ ক্ষেপণাস্ত্র এবং ১৫০ কিঃমিঃ পাল্লার ৪০টা ‘বারাক-৮ ইআর’ ক্ষেপণাস্ত্র; ২টা ‘ইএলএম ২২৮৮’ এয়ার সার্চ রাডার। স্পেন থেকেও কেনা হয় ‘লানজা এলটিআর-২৫’ এয়ার সার্চ রাডার। ইউক্রেন থেকে ২০০৮ সালে কেনা হয় ১৮টা ‘স্ট্রেলা-৩’ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ২০১৩ সালে কেনা হয় ’৮০কে৬এম’ এয়ার সার্চ রাডার।

রাশিয়া থেকে ২০১১ সালে ৩’শ মিলিয়ন ডলার খরচে কেনা হয় ২টা ‘এস-৩০০পিএমইউ-২’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাতে ব্যবহারের জন্যে কেনা হয় ২’শ ‘৪৮এন৬’ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দেড়’শ কিঃমিঃএর বেশি। ২০১৩ সালের মাঝে কেনা হয় স্বল্প পাল্লার ২’শ ‘ইগলা-এস’ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের লঞ্চার এবং ১ হাজার ক্ষেপণাস্ত্র। ২০১৪ সালের মাঝে কেনা হয় ২টা ‘৯কে৩৭ বুক-১এম’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর সাথে কেনা হয় ৪৫ কিঃমিঃ পাল্লার ১’শটা ‘৯এম৩১৭’ ক্ষেপণাস্ত্র এবং ৪২ কিঃমিঃ পাল্লার ১’শটা ‘৯এম৩৮’ ক্ষেপণাস্ত্র।

২০১৬ সালে আজেরবাইজানের ‘আজাদ সিস্টেমস কোম্পানি’তে ইস্রাইলি প্রযুক্তি সহায়তায় ‘জারবা’ লোইটারিং সুইসাইড ড্রোন তৈরির উদ্ভোধন করেন আজেরবাইজানের প্রেসিডেন্ট আলিইয়েভ। ড্রোনের ব্যবহার আজেরবাইজানের সামরিক সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।



৫) আকাশ সক্ষমতা

২০০৬ সালে ইউক্রেন থেকে ১২টা ‘এল-৩৯সি’ প্রশিক্ষণ বিমান কেনা হয়। ২০০৬ থেকে ২০১১ সালের মাঝে ইউক্রেন থেকে কেনা হয় ১৬টা ‘মিগ-২৯’ ফাইটার বিমান। ২০০৭ সালে মিগগুলিতে ব্যবহারের জন্যে কেনা হয় ৪৩টা ‘আর-২৭’ আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। ২০১০ সালের মাঝে ইউক্রেন থেকে ১২টা ‘এমআই-৩৫পি’ এটাক হেলিকপ্টার কেনা হয়। এই হেলিকপ্টার থেকে ছোঁড়ার জন্যে ৪’শ ‘স্কিফ’ এবং ‘ব্যারিয়ার’ এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রও কেনা হয়। বেলারুশ থেকে ২০১২ সালের মাঝে কেনা হয় ১১টা ‘সুখোই এসইউ-২৫’ গ্রাউন্ড এটাক বিমান।

২০১৮ সালে সামরিক প্যারেডে আজেরিরা তুরস্কের তৈরি ‘এসওএম বি-১’ আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ডিসপ্লে করে। ২’শ ৩০ কেজি ওয়ারহেডের এই ক্ষেপণাস্ত্রগুলিকে খুব সম্ভবতঃ আজেরবাইজানি ‘মিগ-২৯’ এবং ‘সুখোই-২৫’ যুদ্ধবিমান থেকে ছোঁড়ার জন্যে প্রস্তুত করা হয়েছে। ২০১৯ সালের মাঝে ১০টা ক্ষেপণাস্ত্র ডেলিভারি করা হয়। এই ক্ষেপণাস্ত্রকে ব্যবহার করে আজেরবাইজানের বিমানগুলি শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে দূরত্ব রেখেই আড়াই’শ কিঃমিঃ দূরের অতি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করলো।

রাশিয়া থেকে ২০১৪ সালের মাঝে ৩’শ ৬০ মিলিয়ন ডলারে কেনা হয় ২৪টা ‘এমআই-২৪/৩৫এম’ এটাক হেলিকপ্টার। ২০১৫ সালের মাঝে কেনা হয় ৬৬টা ‘এমআই-১৭’ এসল্ট হেলিকপ্টার। দক্ষিণ আফ্রিকা থেকে ‘ভেক্টর’ টারেট ক্রয় করে সেগুলিকে ইউক্রেনের সহায়তায় ‘এমআই-২৪’ এটাক হেলিকপ্টারগুলিকে আপগ্রেড করা হয়।

ইস্রাইলের কাছ থেকে ২০০৮ সালে ৩০ মিলিয়ন ডলারে কেনা হয় ১২ ঘন্টা ওড়ার সক্ষমতার ৪টা ‘এরোস্টার’ সার্ভেইল্যান্স ড্রোন; ২০১৩ সালের মাঝে কেনা হয় ৫২ ঘন্টা ওড়ার সক্ষমতার ৫টা হেরন সার্ভেইল্যান্স ড্রোন; ২০ ঘন্টা ওড়ার সক্ষমতার ১০টা ‘হার্মিস-৪৫০’ ছোট সার্ভেইল্যান্স ড্রোন; এবং ১৮ ঘন্টা ওড়ার সক্ষমতার ৫টা ‘সার্চার’ ছোট সার্ভেইল্যান্স ড্রোন। ২০১৬ সালের মাঝে ডেলিভারি দেয়া হয় ৫০টা ‘হারপ’ লোইটারিং সুইসাইড ড্রোন। ২০১৭ সালের মাঝে কেনা হয় ৭ ঘন্টা ওড়ার সক্ষমতার ১০টা ছোট ‘অরবিটার-৩’ সার্ভেইল্যান্স ড্রোন। ২০১৮ সালের মাঝে কেনা হয় ১’শটা ‘স্কাই স্ট্রাইকার’ লোইটারিং সুইসাইড ড্রোন। ৩৬ ঘন্টা ওড়ার সক্ষমতার ২টা ‘হার্মিস-৯০০’ সার্ভেইল্যান্স ড্রোনও কেনা হয়। ২০১৯ সালের মাঝে কেনা হয় ১’শ ‘অরবিটার-১কে’ লোইটারিং সুইসাইড ড্রোন। ‘জেরবা’ নামে এই সুইসাইড ড্রোনগুলি ২০১৯ সাল থেকে আজেরবাইজানের ‘আজাদ সিস্টেমস কোম্পানি’র ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে।

২০১৭ সালের জানুয়ারিতে আজেরবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভ নাখচিভান ছিটমহলে সামরিক সরঞ্জাম পরিদর্শন করছেন। আজেরবাইজানের সাম্প্রতিক সামরিক কর্মকান্ড দেশটা নেতৃত্বকে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলছে। এই আন্মবিশ্বাস নাগোর্নো কারাবাখের যুদ্ধক্ষেত্রকে আবারও ফুঁস তুলতে পারে। তবে এই যুদ্ধের সম্ভাবনা ওঠানামা করবে তুরস্ক এবং রাশিয়ার ভূরাজনৈতিক প্রতিযোগিতার উপর।



আজেরবাইজানের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি

প্রায় সাড়ে ৩’শ ট্যাঙ্ক, প্রায় ৭’শ আর্টিলারি এবং প্রায় সাড়ে ৬’শ আর্মার্ড ভেহিকল কেনার মাধ্যমে আজেরবাইজান তার সেনাবাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করে। ‘ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’এর প্রকাশ করা ‘দ্যা মিলিটারি ব্যালান্স ২০০৩-২০০৪’এর হিসেব অনুযায়ী আজেরবাইজানের সেনাবাহিনীতে সদস্যসংখ্যা ছিল ৫৬ হাজার। মোট ২৩টা মোটর রাইফেল ব্রিগেডের মাঝে এই সেনাদেরকে অর্গানাইজ করা হয়েছিল। ২০০৭ সালের হিসেবে সেনাবাহিনীর সদস্যসংখ্যা ছিল প্রায় ৫৭ হাজার। ২০১৭ সালের মিলিটারি ব্যালান্সেও সদস্যসংখ্যা প্রায় একইরকম ছিল। কিন্তু ইউনিটগুলিতে বেশকিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৪টা ব্রিগেডকে মেকানাইজড ব্রিগেডে পরিবর্তন করা হয়েছে; আর্টিলারি ব্রিগেডের সংখ্যা ১টা থেকে ২টাতে উন্নীত করা হয়েছে। সাড়ে ৬’শ ট্যাঙ্কের সাথে প্রায় ৪’শ সেলফ প্রপেল্ড কামান কেনা হয়। বিমান প্রতিরক্ষা ইউনিটগুলির মাঝেও অনেকগুলিই ছিল মেকানাইজড ইউনিটের সাথে ব্যবহারের জন্যে মোবাইল ইউনিট। এই মেকানাইজড ব্রিগেডগুলি আজেরবাইজানের সেনাবাহিনীর আক্রমণে যাবার সক্ষমতাকে অনেকগুণে বাড়িয়েছে।

ইস্রাইলের ‘বারাক-৮’ এবং রাশিয়ার ‘এস-৩০০’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি আজেরবাইজানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে রক্ষার জন্যে মোতায়েন করা হতে পারে। অপরদিকে মধ্যম ও স্বল্প পাল্লার ‘বুক’ ও ‘ইগলা এস’ ক্ষেপণাস্ত্রগুলি শত্রুপক্ষের ড্রোনগুলির বিরুদ্ধে মোতায়েন করা হতে পারে।

বিরাট পরিবর্তন এসেছে আজেরবাইজানের আকাশ সক্ষমতায়। ইস্রাইলের তৈরি সার্ভেইল্যান্স ড্রোনগুলির সাথে সুইসাইড ড্রোনগুলি যুক্ত হওয়ায় তা আজেরবাইজানকে আকাশ নিয়ন্ত্রণের এক ধরণের সক্ষমতা দিয়েছে। ‘ওয়াশিংটন পোস্ট’এর এক প্রতিবেদনে বলা হয় যে, ২০১৬ সালের এপ্রিলের যুদ্ধে ইস্রাইলের তৈরি ‘হারোপ’ সুইসাইড ড্রোন ব্যবহার করে একটা আর্মেনিয় বাস ধ্বংস করা হয়, যেখানে ৭ জন নিহতের মাঝে ছিল কয়েকজন মধ্যম সাড়ির অফিসার। টার্গেট করে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করার জন্যে ড্রোন ব্যবহৃত হওয়ায় ড্রোন ঠেকাবার জন্যে আজেরবাইজান এবং আর্মেনিয়া উভয়েই উঠেপড়ে লেগেছে। ‘ফ্লাইট গ্লোবাল’ বলছে যে, ২০১৬ সালের যুদ্ধে উভয় পক্ষই খুব সম্ভবতঃ এন্টি ড্রোন ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করেছে। আজেরবাইজান তুরস্ক থেকে ‘এসওএম বি-১’ ক্ষেপণাস্ত্র কেনার ফলে দেশটার পুরোনো মিগ এবং সুখোই বিমানগুলি নতুন ভূমিকা পেয়েছে। আর্মেনিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি এখন এই ক্ষেপণাস্ত্রের নাগালের মাঝে।

আজেরবাইজানের সাম্প্রতিক সামরিক কর্মকান্ড দেশটার নেতৃত্বকে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলছে। আজেরবাইজানের ‘রিপোর্ট নিউজ এজেন্সি’র এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, সক্ষমতার দিক থেকে আজেরবাইজানের সামরিক বাহিনী বর্তমানে বিশ্বের সেরা সামরিক বাহিনীগুলির একটা। রুশ সমর বিশ্লেষক আন্দ্রেই ফ্রোলভের কথায়, ১৫ বছরের আগের আজেরি সেনাবাহিনীর তুলনায় বর্তমানের সেনাবাহিনী বলতে গেলে আলাদা একটা বাহিনী।

আর্মেনিয় ইস্টার্ন অর্থোডক্স খ্রিষ্টানদের সাথে আজেরি মুসলিমদের দ্বন্দ্ব বহু পুরোনো। তবে সোভিয়েতদের রেখে যাওয়া উদ্ভট বাউন্ডারিগুলিই নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজেরবাইজানের বর্তমান দ্বন্দ্বের সূচনা করেছে। আর্মেনিয়ার নেতৃত্বের মাঝে ইস্টার্ন অর্থোডক্স চার্চের প্রভাব যথেষ্ট থাকায় এই দ্বন্দ্বকে ধর্মীয় রঙে দেখেছে অনেকেই। সোভিয়েত সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ পদে থাকার কারণেই ১৯৯০এর দশকে আর্মেনিয়া সামরিক দিক থেকে আজেরিদের থেকে অনেক এগিয়ে ছিল। কিন্তু ২০০৬ সাল থেকে তুরস্কের মাঝ দিয়ে তেলের পাইপলাইন চালু হবার পর তেল বিক্রির অর্থের উপর নির্ভর করে আজেরবাইজান তার সামরিক শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করতে থাকে। আজেরবাইজানের এই তেল মূলতঃ যায় ইউরোপে। মার্কিন ‘এনার্জি ইনফরমেশন এডমিনিস্ট্রেশন’এর হিসেবে ২০১৭ সালে আজেরবাইজানের রপ্তানি করা ৭৩ শতাংশ তেলই যায় ইউরোপে। অন্যদিকে ২০০৮ সালে জর্জিয়াতে রুশ হামলার পর আজেরিরা তুরস্ককে কৌশলগত বন্ধুর হিসেবে দেখতে থাকে। আজেরিরা তাদের নতুন কেনা অত্যাধুনিক অস্ত্রগুলিকে তুর্কিদের সাথে মহড়া দিয়ে কার্যক্ষম একটা সামরিক বাহিনী তৈরি করতে সক্ষম হয়েছে। ২০১৬ সালের চার দিনের যুদ্ধে আজেরিরা তাদের নতুন প্রযুক্তি, বিশেষ করে ড্রোন ব্যবহারে বেশ দক্ষতা দেখায়। এখন তুরস্কও সিরিয়ার ইদলিবের অভিজ্ঞতা এবং সেখানে সফলতা পাওয়া প্রযুক্তিগুলি আজেরবাইজানকে সরবরাহ করছে। এতে ককেশাসে সামরিক ব্যালান্সে যথেষ্ট পরিবর্তন এসেছে। আজেরবাইজান যদি সম্ভাব্য যুদ্ধে জয় পাবার ব্যাপারে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে যায়, তাহলে নাগোর্নো কারাবাখের যুদ্ধক্ষেত্র আবারও ফুঁসে উঠতে পারে। তবে এই যুদ্ধের সম্ভাবনা ওঠানামা করবে তুরস্ক এবং রাশিয়ার ভূরাজনৈতিক প্রতিযোগিতার উপর।

Friday, 12 December 2014

সুন্দরবনের তেলে সন্বিত ফিরবে আমাদের?

১২ ডিসেম্বর ২০১৪

সুন্দরবনের জীববৈচিত্র হুমকির মুখে ফেলেও যদি আমাদের সন্বিত ফেরে আরকি




মাত্র কিছুদিন আগেই গত অগাস্টে মাওয়ার কাছে পিনাক-৬ লঞ্চডুবির সময় একটা ইমার্জেন্সিডিসাসটার ম্যানেজমেন্ট এজেন্সির কথা বলেছিলাম। এরপরে আবার অক্টোবর মাসে ঢাকা কারওয়ান বাজার বাণিজ্যিক এলাকার বিএসইসি ভবনে দ্বিতীয়বারের মতো আগুন লাগলো – মনে করিয়ে দিল সেই একই কথা। কিন্তু এই একই কথা কতবার মনে করিয়ে যেতে হবে, সেটাই এখন প্রশ্ন। ডিসাসটার ম্যানেজমেন্ট যে একটা আলাদা কাজ, সেটাই এখনো আমরা বুঝে উঠতে পারিনি। ঠিক এই কারণেই রিসোর্স জোগার করতে করতেই আমাদের মূল্যবান সময় অপচয় হয়ে যাচ্ছে। কখনো কখনো এভাবে ঝরে যাচ্ছে নিষ্পাপ প্রাণ, কখনো বা ধংস হয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্যতা। সুন্দরবনের তেলবাহী জাহাজের দুর্ঘটনা আমাদের বহুকাল চোখে ঠুলি পড়ে থাকার ফলাফল মাত্র।

গোপালগঞ্জের ১০০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র, যার জন্যে ফার্নেস অয়েল নিয়ে যাওয়া হচ্ছিল সুন্দরবনের মাঝ দিয়ে। গ্যাসের অপ্রতুলতায় বিদ্যুত উতপাদনে ফার্নেস অয়েলের উপরে নির্ভরতা বাড়ছে। আর একই সাথে বাড়ছে নদীপথ এবং পরিবেশের উপরে হুমকি।


তেল কাহিনী

ফার্নেস অয়েল বা হেভি ফুয়েল অয়েল (এইচএফও) হলো অপরিশোধিত তেল শোধন করার পরে প্রাপ্ত অনেকগুলি তেলের মধ্যে একটি। রিফাইনারিতে অপরিশোধিত তেল প্রসেস করলে সবচেয়ে হাল্কা তেলগুলি প্রথমে একে একে আলাদা হয়ে যায় - যেমন কেরোসিন, পেট্রোল, ডিজেল। ঘনত্বের হিসাবে এগুলিকে ১ নম্বর থেকে ৬ নম্বর তেল পর্যন্ত ক্লাসিফাই করা হয়, যেখানে ১ নম্বর হলো সবচাইতে হাল্কা আর ৬ নম্বর হলো সবচাইতে ভারি। ফার্নেস অয়েল হচ্ছে ৬ নম্বর তেল, যেটা একেবারে গাদের মতো। এটার নিচে থাকে শুধু আলকাতরা। প্রথম দিকের তেলগুলি স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলেও আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায়। আর অন্যদিকে ৬ নম্বর তেল গরম না করলে পাইপের মধ্যে দিয়ে নেওয়াই যায় না। এসব কারণে উপরের দিকের তেলগুলি ছোট যানবাহনে ব্যবহার করা গেলেও নিচের দিকের তেলগুলি তাপ দেওয়া ছাড়া যেহেতু ব্যবহার করা যায় না, তাই সেগুলি শুধুমাত্র বড় ইঞ্জিনের জন্যে প্রযোজ্য - যেমন পাওয়ার প্ল্যান্ট এবং বড় জাহাজ। এই তেলে অত্যন্ত ক্ষতিকর সালফারের পরিমাণ অনেক বেশি। সালফার বেশি থাকার কারণে একে হাই সালফার ফুয়েল অয়েলও (এইচএসএফও) বলে। আর ব্যবহারের ক্ষেত্র কম হওয়ার কারণে এই তেলের দামও কম। কিছুদিন আগেই বিপিসি ২০১৫ সালের জন্য বিদেশ থেকে ফার্নেস অয়েল আমদানির চুক্তি করেছে, যেখানে অপেক্ষাকৃত কম সালফারের লো সালফার ফুয়েল অয়েলের আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুন্দরবনে ডুবে যাওয়া জাহাজটিতে ছিল হাই সালফার ফুয়েল অয়েল, যা এটা নিয়ে যাচ্ছিল গোপালগঞ্জের পাওয়ার প্ল্যান্টের জন্যে। মংলা বন্দরে যেসব সমুদ্রগামী জাহাজ ভিড়ছে, সেগুলিও কিন্তু এই ফার্নেস অয়েলেই চলে। জাহাজের ভিতরে একেবারে তলায় পড়ে থাকে বলে এই তেলকে বাংকার তেলও বলে। একেকটি জাহাজে শুধুমাত্র নিজের চলার জন্যেই এরকম প্রচুর পরিমাণ তেল থাকে। কাজেই এই ধরনের দুর্ঘটনা বারে বারে ঘটার সম্ভাবনা কেউই উড়িয়ে দিতে পারবে না। কিছুদিন আগেও আরও একটি জাহাজ দুর্ঘটনায় পতিত হয়েছিল; কিন্তু সেটা সিমেন্ট ক্লিংকারবাহী হবার কারণে পরিবেশের উপরে সেটার প্রভাব কম। কিন্তু বিদ্যুত উতপাদনের গুরুত্ব বাড়ার সাথে সাথে জ্বালানি তেলের গুরুত্বও যেভাবে বেড়ে চলেছে, তাতে তেলবাহী জাহাজের দুর্ঘটনায় পতিত হওয়া সময়ের ব্যাপার ছিল মাত্র। গ্যাসের রিজার্ভ কমে যাবার কারণে তেল-পুড়ানো পাওয়ার প্ল্যান্টের সংখ্যা বেড়েছে অনেক। গাদের মতো এই ফার্নেস অয়েল জাহাজ ছাড়া পরিবহণ খুবই দুরূহ। কাজেই অচিরেই জাহাজের সংখ্যা কমানোর কোন পদ্ধতি দেখি না। এটা মোটামুটি ঠিক যে আমরা আমাদের ভাগ্যের উপরেই চড়ে বেড়াচ্ছিলাম। আমরা শুধু দোয়া করছিলাম যেন বড় কোন দুর্ঘটনা না হয়। কিন্তু এভাবে আমরা নিজেদের ক’দিন বাঁচাতে পারি, সেটার উত্তর আজ আমরা পেয়ে গেছি।

সুন্দরবনের মাঝ থেকে এই ২৩-তলা সমান উঁচু সাইলো বিল্ডিং দেখা যাচ্ছে। এই স্থাপনা এখানে জন্ম দেবে নতুন কর্মযজ্ঞের। এই স্থাপনা সুন্দরবনের কফিনে শেষ পেরেকগুলির মধ্যে একটি।


পসুর নদী - আর. আই. পি.

দক্ষিণাঞ্চলের প্রধান শহর খুলনা এবং যশোর তৈরি হবার পিছনে সুন্দরবনের পসুর নদীর উপরে সমুদ্রবন্দরের গুরুত্বই সবচাইতে বেশি। সমুদ্রবন্দরের স্থান নাব্যতার কারণে বারে বারে পরিবর্তন হলেও সেটা পসুর নদীর উপরেই রয়েছে। এই নদীটা সুন্দরবনকে দুই ভাগে ভাগ করেছে। প্রতিদিন এখানে জাহাজ আসছে মালামাল নিয়ে। এই বন্দরের উপরে নির্ভর করেই এখানে গড়ে উঠেছে কয়েকটি সিমেন্ট কারখানা। পসুর নদীতে যত জাহাজ চলে, তার সবচাইতে বেশি হলো ক্লিংকারবাহী জাহাজ। মংলার উত্তরে এই একই নদীর উপরে রামপালে কয়লা-ভিত্তিক বিদ্যুত কেন্দ্র এখানে কয়লাবাহী জাহাজের আনাগোনার সূচনা করবে। প্রতিদিন ১০,০০০ টন কয়লার যোগান দিতে কি-রকম সংখ্যক জাহাজের এই নদী ব্যবহার করতে হবে, তা সহজেই অনুমেয়। মংলা বন্দরের সাথেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তৈরি করছে ১ লক্ষ টন ক্ষমতার ফুয়েল ডিপো। খুলনায় তৈরি হচ্ছে নতুন তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্ট। এগুলি তেলবাহী জাহাজের আসাযাওয়া আরও বাড়াবে। এখন পর্যন্ত মংলায় তৈরি হয়েছে তিনটি এলপিজি বটলিং প্ল্যান্ট; আরও তৈরি হতে যাচ্ছে। খুলনা থেকে মংলা পর্যন্ত তৈরি হচ্ছে রেলপথ, যা কর্মযজ্ঞ বাড়াবে বৈ কমাবে না। মংলা বন্দরের উপরে নির্ভরশীল তিনটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) - সৈয়দপুর, ঈশ্বরদী এবং মংলা। এগুলির ব্যবসার পরিধি বাড়ছে; তাই বাড়ছে কনটেইনার জাহাজের সংখ্যা। বড় কনটেইনার জাহাজ বন্দরের জেটিতে আনার জন্যে করা হচ্ছে ড্রেজিং। সরকারের সিদ্ধান্তে মংলা বন্দর দিয়ে খাদ্য আমদানীর একটা বড় অংশ এখন আসছে। কাজেই বেড়েছে খাদ্যশস্যবাহী জাহাজের সংখ্যা। মংলা বন্দরের ১৭ কিলোমিটার দক্ষিণে জয়মনিরখোল এলাকা হলো অফিশিয়ালি সুন্দরবনের বাউন্ডারি। এখানেই শেলা নদী মুখ, যার দক্ষিণ পাড়ে গহীন বন আর উত্তর পাড়ে তৈরি হচ্ছে খাদ্য অধিদপ্তরের ৫০,০০০ টন ধারণক্ষমতার বিশাল অত্যাধুনিক সাইলো (খাদ্য গুদাম)। মংলা থেকে জয়মনিরখোল পর্যন্ত কিছুই ছিল না; রাস্তার অবস্থা ছিল করুন; নদী-খালের উপরে ছিল না সেতু। এই সাইলো নির্মাণের কারণে এখানে বিদ্যুত লাইন বসানো ছাড়াও তৈরি হচ্ছে রাস্তা এবং সেতু। এই অবকাঠামো এখানে জন্ম দেবে নতুন কর্মযজ্ঞের। এখানকার প্রায় পুরো এলাকাতেই এখন সাইন বোর্ডের বন্যা। এখানে খুলনা শিপইয়ার্ড-এর দ্বিতীয় ইউনিটসহ একাধিক জাহাজ নির্মাণ শিল্প বসার কথা রয়েছে। মোটকথা, রামপাল বিদ্যুত কেন্দ্র থেকে শুরু করে জয়মনিরখোল পর্যন্ত পুরো এলাকাটাই খুব দ্রুত শিল্পাঞ্চলে রূপ নিতে যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে আমরা সুন্দরবন রক্ষায় পয়েন্ট অব নো রিটার্নে চলে গেছি প্রায়। কাজেই সুন্দরবন রক্ষায় যা চোখের পানি ফেলার, তা এখনি ফেলে নেওয়া ভালো হবে। 

ভোলার শাহবাজপুর গ্যাসক্ষত্র পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে মংলার প্রতিদ্বন্দী হিসেবে তৈরি করে দিতে পারতো, এবং একই সাথে সুন্দরবনকে বাঁচার একটা সুযোগ করে দিতে পারতো, যদি আমাদের পলিসিমেকাররা বরিশাল-পটুয়াখালী এলাকাকে খুলনা-যশোরের সাথে ব্যালান্স করার কথা চিন্তা করতে পারতেন।


পায়রা বন্দর - সুন্দরবনের রক্ষাকর্তা হতে পারে কি?

চেষ্টা করলে হয়তো রামপাল বিদ্যুত কেন্দ্র, খাদ্য অধিদপ্তরের সাইলো আর বিপিসি-র ফুয়েল ডিপো পায়রা সমুদ্রবন্দরের পাশে করা যেতে পারতো। এই কয়েকটি স্থাপনা মংলা বন্দরের কর্মচাঞ্চল্যকে পায়রায় স্থানান্তর করতো। সরকারী সিদ্ধান্ত খুব সহজেই জাহাজ নির্মাণ শিল্পকে পসুর নদী থেকে সরিয়ে বরিশাল-পটুয়াখালী এলাকায় নিয়ে আসতে সক্ষম। এক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন সহ যেসব জটিলতা তৈরি হতো, তা হয়তো সদিচ্ছা থাকলে উতড়ানো সম্ভবও হতো। ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র এবং নির্মাণাধীন বিদ্যুত কেন্দ্র যথেষ্ট সাহায্য করতো এক্ষেত্রে। পটুয়াখালীতে চীনের সহায়তায় তৈরি হচ্ছে আরও একটি কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্র। কয়েক বছরের মাঝে পদ্মা সেতু তৈরি হইয়ে গেলে সেটা পায়রার জন্যে তৈরি করতো আরও সুযোগের। এখানে সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড়াতো - মংলা এবং পায়রা বন্দরের ব্যালান্স নিয়ে। একটির উত্থান অপরটির অবনতি ডেকে আনতো। বরিশাল-পটুয়াখালীকে প্রাধান্য দিতে হতো খুলনা-যশোরের উপর। সেই সিদ্ধান্তের জন্যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা কতটুকু প্রস্তুত ছিলেন, সেটা চিন্তা করার বিষয়। সুন্দরবনকে রক্ষা করাটা আমাদের পলিসিমেকারদের গুরুত্বপূর্ণ দায়িত্বের মাঝে পড়ে বলে মনে হয়নি কখনো। পায়রাকে নিয়ে এগুনো গেলে পসুরকে পুরোপুরি রক্ষা হয়তো করা যাবে না; তবে স্যালাইন দিয়ে কিছুদিন বেশি বাঁচিয়ে রাখা সম্ভব হলেও হতে পারে।

বিএসইসি ভবনে আবারো আগুন লাগে অক্টোবর ২০১৪। ডিসাসটার ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের শিক্ষা পুরো হয়েছে কি?


দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি শুধু বন্যা-জলোচ্ছ্বাস বোঝায়?

শুরুতেই বলছিলাম ডিসাসটার ম্যানেজমেন্ট-এর কথা। আমাদের দেশে দুর্যোগের সংজ্ঞা যে খুব ছোট, সেটা সুন্দরবনে জাহাজডুবির পরে সেখানে বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তাদের অগ্রগামী ভূমিকা পালন করতে দেখেই বোঝা গেছে। ডিসাসটার ম্যানেজমেন্ট বলতে এখনো বন্যা-ঝড়ের মাঝেই আমরা আটকে আছি। মনুষ্যসৃষ্ট দুর্যোগ যে একেবারে কম ভয়াবহ নয়, সেটা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। প্রাকৃতিক দুর্যোগের দেশ হবার কারণে আমরা সেইদিকেই চোখ রেখেছি সর্বদা। আর অর্থনৈতিক অনগ্রসরতার কারণে মনুষ্যসৃষ্ট দুর্যোগের সম্ভাবনাও অপেক্ষাকৃত কম ছিল। তবে গত দুই দশকে অর্থনৈতিক দিক থেকে দ্রুত অগ্রগতির সাথে সাথে যেসব ঝুঁকির সৃষ্টি হয়েছে, সেগুলির জন্যে আমরা নিজেদের তৈরি করতে পারিনি। নদীতে জাহাজের সংখ্যা আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে তৈরি হয়নি মনিটরিং এজেন্সিগুলি। জাহাজ তৈরি হচ্ছে যথেচ্ছভাবে, যাত্রী নেওয়া হচ্ছে অতিরিক্ত, ফিটনেসবিহীন জাহাজ চলছে, নদীর পানি দূষণ করছে জাহাজের বর্জ্য, নদীর মাঝে পার্ক করে রাখা হচ্ছে জাহাজ, সঠিক যন্ত্রপাতি ছাড়াই চলছে জাহাজ, চলাচলের সময় ঠিক করে দেয়ার পরেও কেউ মানছেনা – কেউ দেখার নেই। কাজেই দুর্ঘটনার সম্ভাবনা প্রতিদিন বেড়েই চলেছে। আর দুর্ঘটনার সম্ভাবনা বাড়লেও সেটার জন্যে প্রস্তুতি নেই আমাদের। এটা ঘটলে এদের দায়িত্ব; ওটা ঘটলে ওদের দায়িত্ব - এগুলি ছেড়ে দায়িত্ব একজনকেই দিতে হবে। তাকে দিতে হবে পলিসি এবং ইনফ্রাস্ট্রাকচার ব্যাকআপ। দুর্যোগের সময় ডিসাসটার ম্যানেজমেন্ট এজেন্সিকে ক্ষমতা দিতে হবে অন্য যেকোন রিসোর্স ব্যবহার করতে পারার। বিদ্যুত উতপাদন ও সঞ্চালন, গ্যাস সঞ্চালন, পানি সরবরাহ, সড়ক, রেল এবং নদীপথের গুরুত্বপূর্ণ রুট, স্টেশন ও সেতু, বন্দর ব্যবস্থাপনা, টেলিযোগাযোগ, ইন্টারনেট সংযোগ ও সাইবার সিকিউরিটি, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও স্ট্র্যাটেজিক স্থাপনা, পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান, প্রধান পর্যটন কেন্দ্র - এগুলি সবকিছুই ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তো অবশ্যই, আবার ডিসাসটার ম্যানেজমেন্টের চিন্তার ভেতরেও আনতে হবে। এর যেকোনটির ক্ষতিই দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। আর এই হুমকি যে কারুর কাছ থেকেই আসতে পারে- সেটা দেশের ভেতরেও হতে পারে, এমনকি বাইরেও হতে পারে। কাজেই এগুলিকে ছোট করে দেখার সুযোগ নেই। 

দেশের প্রতিটি স্থাপনা এখন টাকার অঙ্কে অনেক মূল্যবান। দেশের প্রতিটি মানুষের মূল্য অনেক বেশি; এখন আমরা আর ফকিরের দেশ নই - একেকটা মানুষ দেশের অর্থনীতিতে তাদের জীবদ্দশায় অনেক অবদান রাখে। একেকটি মানুষ একেকটি জীবন্ত কারখানা। এদের প্রত্যেকের অবদানের উপরেই দেশের অর্থনীতি প্রতিষ্ঠিত। কাজেই তাদের জীবনের মূল্য যেমন দিতে হবে, তেমনি প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনারই নিরাপত্তা দিতে হবে। তৈরি রাখতে হবে ডিসাসটার ম্যানেজমেন্ট এজেন্সিকে, যাতে যেকোন দুর্যোগ সবচাইতে দ্রুততার সাথে মোকাবিলা করা যায়; মানুষের জানমালের সর্বনিম্ন ক্ষতির মাঝেই যেন দুর্যোগ ম্যানেজ করা যায়। আর বেঁচে থাকার পরিবেশ না থাকলে বেঁচে থাকারি বা মানে কি? আস্তাকুঁড়ে বসবাসের কোন মানে হয় না। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই দেশে আমরা পরিবেশের দিকে না তাকালে অচিরেই এদেশ আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য অব্যবহার্য হয়ে পড়বে। আর সেটার জন্যে দায়ী থাকবো আমরাই। নিজেদের সন্তানদের বিদেশ পাঠিয়ে দায়মুক্তির চাইতে বরং আমাদের ভাবা উচিত সন্তানদের এই দেশে বসবাসের জন্যে নিজেদের দায়িত্বটুকু কিভাবে আমরা পালন করতে পারি।

Saturday, 9 November 2013

বাংলাদেশঃ পরাশক্তিদের মিউজিক্যাল চেয়ার



০৯ নভেম্বর ২০১৩

সাংবাদিকদের দেখি বিদেশীদের কাছে প্রশ্ন ছুঁড়তে – “আমাদের দেশ সম্পর্কে আপনাদের ধারনা কি?” অথবা “আমাদের দেশে শান্তি আসবে কিনা বা শান্তি আনতে তারা সাহায্য করবেন কিনা” ইত্যাদি। আমার দৃঢ় বিশ্বাস, এই প্রশ্নগুলি যতটা না সাংবাদিকতার খাতিরে করা, তার চাইতে বেশি একজন সাধারণ নাগরিকের হতাশার বহিঃপ্রকাশ। আমার কাছে এর একটা খুব সহজ মনস্তাত্মিক ব্যাখ্যা রয়েছে। বাবা-মা-র মধ্যে বিবাদ হলে অথবা বাবা-মা বাড়ির সমস্যার সমাধান করতে ব্যর্থ হলে সন্তানের মুরুব্বি খুঁজে ফেরে; আবির্ভাব হয় চাচা-মামা-ফুপাদের। তারাই তখন হয়ে যান পরিবারের রক্ষক। আমাদের ব্যাপারটাও মনে হয় সেরকমই। তবে বরাবরের মত বিদেশীরা সাংবাদিকদের বলেন যে, আমাদের সমস্যা আসলে আমাদেরই সমাধান করতে হবে। অন্য কারো তো বয়েই গেছে যে আমাদের ভালো করার জন্য উঠে পড়ে লাগবে। আমাদের সমস্যা সমাধান করতে গিয়ে কেউ যদি নিজের স্বার্থ দেখে, তাকে আমরা তখন দোষ দিতে পারি না। সবাই নিজের স্বার্থ দেখে; আমাদেরও সময় এসেছে। 
 
বঙ্গোপসাগরের ফানেলের এক্কেবারে গোড়ায় থাকা এই দেশটি এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারন কি? মালাক্কা, সুয়েজ খাল, কলম্বো বা সিংগাপুরের মত কোন আন্তর্জাতিক নৌপথ বা আকাশপথ এই দেশের উপর দিয়ে যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের মত তেলের উপরেও ভাসছে না এই দেশ। তাহলে কিভাবে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে? বাংলাদেশকে গুরুত্বপূর্ণ করে তুলেছে তার ভৌগোলিক অবস্থান আর আর্থসামাজিক অবস্থা। বিগত এক-দুই দশক দেখিয়ে দিচ্ছে সামনে কি আসতে পারে। ১৬ কোটি মানুষের এই দেশ যে কি গতিতে এগিয়ে যেতে পারে, সেটা সম্ভবত দেশের মানুষগুলাও জানে না। প্রধানতঃ মুসলিম হলেও ধর্মীয় দিক থেকে এদেশের মানুষের অপেক্ষাকৃত শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি বিদেশীদের আগ্রহী করে তোলে। ধর্মান্ধতায় অস্থির পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা প্রধান পার্থক্য খুঁজে পায় তাঁরা। এতো সমস্যার পরেও বছর বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি জানান দেয় এদেশের সম্ভাবনার। তবে এগুলি তো আর্থ-সামাজিক গুরুত্বের কথা বলছি। আন্তর্জাতিক কূটনীতিতে ভৌগোলিক দিক থেকে এদেশের কৌশলগত গুরুত্বও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। কিন্তু কিভাবে? 

চীনের জন্য প্রাচীর?
কারো অজানা নয় যে সারা বিশ্বের পুলিশম্যান এখন একজনই – মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই পুলিশম্যানের সবচেয়ে চিন্তার জায়গাগুলির একটি হল চীন। চীনকে অর্থনৈতিক আর সামরিক দিক থেকে আলাদা করার একটা প্রচেষ্টা যুক্তরাষ্ট্র সর্বদাই করে যাচ্ছে। আর সেটা জেনে চীনও সমান বা তার চাইতেও বেশী দ্রুততার সাথে তাদের প্রভাবের পরিধি বাড়িয়েই চলেছে। চীনকে আটকানোর চেষ্টার অংশ হিসেবে মালাক্কা প্রণালী থেকে শুরু করে জাপান পর্যন্ত দ্বীপের এক বেষ্টনি গড়ে তোলার চেষ্টায় ব্যাস্ত যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন এবং অন্যান্য দেশগুলি এই বেষ্টনি তৈরির পার্টনার। মালাক্কা প্রণালী দিয়ে চীনের জ্বালানি তেলের ৮০% যাতায়াত করে। এই জায়গা যে নিয়ন্ত্রণ করবে, সে চীনকে নিয়ন্ত্রণ করতে পারবে। কাজেই বলার অপেক্ষা রাখে না যে চীন খুঁজে বেড়াচ্ছে একটা বিকল্প পথের। এই বিকল্প পথ হতে পারে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের পূর্ব তীরে মিয়ানমারের উপকূলে কায়াকফাউ দ্বীপে চীন তৈরি করছে গভীর সমুদ্রবন্দর। এই সমুদ্রবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আমদানী করা তেল আবতরণ করার পরে একেবারে চীনের সীমানা পর্যন্ত পৌঁছে যাবে দীর্ঘ এক তেলের পাইপলাইনের মাধ্যমে। এরই সমান্তরাল আরেক পাইপলাইনের মাধ্যমে যাচ্ছে বঙ্গোপসাগর থেকে উত্তোলিত গ্যাস। মিয়ানমারের সামরিক শক্তি পুরোপুরিভাবে চীন নির্ভরশীল হলেও সেই নির্ভরশীলতার পরিবর্তন চায় মিয়ানমারের সবাই। যে কারনেই রাশিয়া আর ভারতের দিকে ঝুঁকছে মিয়ানমার। স্বভাবতই চীনও চাইছে এই এলাকায় অবস্থান শক্ত করার জন্য মিয়ানমারের উপরে নির্ভরশীলতা কমাতে। তারাও বঙ্গোপসাগর এলাকা ভারতের হাতে ছেড়ে দিতে নারাজ। এক্ষেত্রে বাংলাদেশ তাদের জন্য অপরিমেয় গুরুত্ব বহন করছে। একই সাথে ভারত মহাসাগরে চীনকে ধরে রাখার জন্য একটা শক্ত সহযোগী চাইছে যুক্তরাষ্ট্র; যে কারণে ভারতকে শক্তিশালী দেখতে চায় আমেরিকানরা। কিন্তু এতকাল সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়ার কাছাকাছি থাকার পর ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা এখনো প্রশ্নাতীত নয়। তারপরেও একই উদ্দ্যেশ্য থাকার কারনে ইন্দো-মার্কিন সহযোগিতা দিন দিন বেড়েই চলেছে। আমেরিকানরা চাইছে ভারতীয়রা বাংলাদেশ-সহ পুরো দক্ষিন এশিয়ার প্রতিনিধি হিসেবে এগিয়ে আসুক। এতে চীনকে ঠেকানোর কাজটি কিছুটা হলেও সহজ হবে। কিন্তু ভারতের পক্ষে দক্ষিন এশিয়ার প্রতিনিধিত্ব করাটা এখনো অনেক দূরের পথ বলেই মনে হয়। তবে ভারত নিজেদের চিন্তাধারার মধ্যে থেকেই সেই চেষ্টা করে যাচ্ছে। 

ভারতের পূর্ব চিন্তা
ভারত মহাসাগরে ভারতকে ব্যালান্স করার জন্য চীন দক্ষিণ এশিয়াতে অনেক আগে থেকেই সম্পর্কোন্নয়নে মনোযোগী। পাকিস্তান, বাংলাদেশ আর মিয়ানমারের সামরিক শক্তির বেশিরভাগটাই চীনের সহযোগীতায় গড়া। এই দেশগুলির জাতীয় নিরাপত্তায় চীনের গুরুত্ব অপরিসীম। আর তাই পারস্পরিক বিশ্বাসও সেইরকমই। মার্কিন যুক্তরাষ্ট্রও জানে যে যাদেরকে আমরা আমাদের বাড়ির নিরাপত্তার দায়িত্ব দিয়েছি, তাদের উপর থেকে আমাদের বিশ্বাস এতো সহজে উঠে যাবে না। তাই যুক্তরাষ্ট্র আমাদের উপরে চীনের প্রভাব কমানোর চেষ্টা না করে বরং আমাদের সাথে সম্পর্কোন্নয়নে বেশি আগ্রহী। উন্নয়নশীল বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায় তারা। ঠিক যেমনটি চাচ্ছে চীন সহ জাপান, ইউরোপীয়ান ইউনিয়ন, রাশিয়া এবং সর্বোপরি আমাদের প্রতিবেশী ভারত। ভারতের ব্যাপারটা অবশ্য কিছুটা অন্যরকম, কারন ভারত আমাদের প্রতিবেশী, যাদের সাথে আমাদের স্থল সীমান্ত রয়েছে। তাই বাংলাদেশের সমরশক্তি গঠনে চীনের ভুমিকা যে ভারত খুব একটা ইতিবাচক দিক থেকে দেখবে না সেটা বলাই বাহুল্য। বিগত বিএনপি সরকারের সময় পাকিস্তানের সাথে সামরিক সহযোগীতাও ভারত খুব একটা ভালো চোখে দেখেনি। সেসময় পাকিস্তান থেকে বিমান বাহিনীর জন্য আধুনিক বিমান প্রতিরক্ষা কমান্ড এন্ড কন্ট্রোল সিস্টেম, এয়ার ম্যানুভারিং-এর ট্রেনিং সিস্টেম (এসিএমআই) এবং সেনাবাহিনীর জন্য ২০০ ‘বাকতার-সিকান’ ট্যাঙ্ক-ধ্বংসী মিসাইল কেনা হয়। এছাড়াও ২০০৬ সালের ফেব্রুয়ারী মাসে ততকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাকিস্তান সফরের পর বাংলাদেশ পাকিস্তান থেকে দুটি সাবমেরিন পাচ্ছে বলে ২০০৬ সালের জুনে ভারতীয় মিডিয়াতে গুজব ছড়ায়; যেটা বাংলাদেশ নৌবাহিনী সংবাদ সন্মেলন করে নাকচ করে দেয়। এরশাদের সময়েও বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্ক ছিল উন্নত। সেসময় পাকিস্তান থেকে বাংলাদেশ ৪০-টার মত ‘এফ-৬’ জঙ্গীবিমান পায়। পাকিস্তানের সাথে সামরিক সম্পর্কের গুরুত্ব কিন্তু চীনকে ডিঙ্গিয়ে নয়। তবে পাকিস্তান হোক আর চীনই হোক সেটা ভারতের জন্য খুব একটা সুখকর নয়। বাংলাদেশের সামরিক বাহিনী গঠনে ভারতের কোন আবদান খুঁজে পাওয়া দুষ্কর –সেটা বাংলাদেশের দিক থেকে না-চাওয়ার কারনে হোক, অথবা ভারতের অনিচ্ছার কারনেই হোক। এটাও ঠিক যে ভারত তাদের পূর্ব দিকে পাকিস্তানের মত আরেকটা প্রতিবেশী চায় না। অনেক ভারতীয়দের কাছে আধিকাংশ মুসলিম অধ্যুসিত বাংলাদেশ ভারত-বিরোধী সন্ত্রাসী তৈরির কারখানা। তাই বাংলাদেশের সাথে ভারতের সীমান্তে অনাকাংক্ষিত শক্তিপ্রোয়োগের ঘটনাগুলিকে তারা অনেকেই সমর্থন করে থাকেন। এতকিছু সত্তেও বাংলাদেশের সাথে কূটনৈতিক ও আর্থসামাজিক সম্পর্কের দিক থেকে ভারতের দূরে থাকার কোন সুযোগ নেই। ভারতের উত্তর-পূর্বের সেভেন সিসটারস প্রদেশগুলিকে হাতের মুঠোয় রাখতে বাংলাদেশের গুরুত্ব অনেক। শুধু এই প্রদেশগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হলেও ভারত সবসময় চাইবে বাংলাদেশের সাথে সম্পর্ক যেন হৃদ্যতাপূর্ণ থাকে। আবার এই প্রদেশগুলিরই রয়েছে চীনের সাথে স্থলসীমান্ত। আর এরপর বিশাল সম্ভাবনাময় বাণিজ্য তো রয়েছেই। বাংলাদেশের মাঝ দিয়ে ট্রানজিট, বিদ্যুত রপ্তানী, রামপাল কয়লা বিদ্যুত কেন্দ্র, দ্বিতীয় ভৈরব রেল সেতু, ইত্যাদি প্রজেক্টগুলি জানান দেয় ভারত বাংলাদেশে নিজেদের বন্ধুপ্রতিম একটা সরকার কতটা চেয়ে থাকে। 

নতুন বাজারে দখলের খেলা
বিএনপির চাইতে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো হলেও চীন থেকে সামরিক সরঞ্জামাদি কেনা কিন্তু অব্যাহত রয়েছে। তবে সেখানেও ব্যালান্সিং চলছে। ২০০৮ সালের নভেম্বরে মিয়ানমারের সাথে সেন্ট মার্টিনের কাছে গ্যাস রিগ নিয়ে বিরোধের পর থেকে বাংলাদেশ সরকার সসস্ত্র বাহিনীকে আধুনিকায়নের বিশাল পরিকল্পনা নিয়েছে। মাত্র চার বছরে দুই বিলিয়ন ডলারের অস্ত্র কেনা হয়েছে; প্রতিরক্ষা বাজেটও বেড়ে হয়েছে দিগুন। আরও অনেক অস্ত্রসস্ত্র সরবরাহের পথে বা পরিকল্পনাতে রয়েছে। এই কেনাকাটাতে চীনের আধিক্য থাকলেও সেখানে অন্যদেরও সুযোগ দেয়া হয়েছে। ‘এফ-৭’ ফাইটার বিমান চীন থেকে কেনা হলেও ‘এমআই-১৭১’ হেলিকপ্টার কেনা হয়েছে রাশিয়া থেকে। ‘এমবিটি-২০০০’ ট্যাঙ্ক চীন থেকে কেনা হলেও ‘নোরা বি-৫২’ স্ব-চালিত আর্টিলারি কেনা হয়েছে সার্বিয়া থেকে। আবার আর্টিলারির জন্য ওয়েপন লোকেটিং রাডার কেনা হয়েছে চীন থেকে। নৌবাহিনীর জন্য ব্রিটেন থেকে কেনা অফশোর প্যাট্রোল ভেসেলে চীনা ‘সি-৭০৪’ মিসাইল সজ্জিত করে বানানো হয়েছে গাইডেড মিসাইল কর্ভেট। বিমান-ধ্বংসী ‘এফএম-৯০’ মিসাইল কেনা হয়েছে চীন থেকে, কিন্তু বিমান প্রতিরক্ষা রাডার কেনা হচ্ছে রাশিয়া থেকে। জার্মানি থেকে নৌবাহিনীর জন্য ম্যারিটাইম প্যাট্রোল বিমান; ফ্রান্স থেকে সেনাবাহিনীর জন্য হেলিকপ্টার; ইটালি থেকে নৌবাহিনীর জন্য হেলিকপ্টার। তবে সবচেয়ে বড় ব্যাবসা করে নিচ্ছে রাশিয়া। এমনিতেই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কয়েক’শ ‘বিটিআর-৮০’ এপিসি কেনা ছাড়াও এগুলির জন্য এদেশে একটা সার্ভিসিং প্ল্যান্ট করার প্রসেস চলছিল বলে জানা গেছে। বাংলাদেশের অস্ত্র বাজার ধরার জন্য ২০১৩-এর জানুয়ারী মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরের সময় ১ বিলিয়ন ডলারের ঋণের ব্যাবস্থাও করে দিলেন। এযাবতকালে এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সামরিক ক্রয়ের চুক্তি। শুধু এ-ই নয়; একই সাথে রূপপুর পারমাণবিক প্রকল্পে বিনিয়োগ আর গ্যাজপ্রমের মাধ্যমে কোন বিডিং ছাড়াই বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানের কাজও পেয়ে গেল রাশিয়া। এর আগে বিএনপি-র সময়ে পারমাণবিক প্রকল্পের জন্য চীনের সহায়তা দেবার কথা শোনা যাচ্ছিল। পুতিন এক মাস্টার স্ট্রোকে চীনের একচেটিয়া বাজারে তো প্রবেশ করলেনই, একই সাথে তেল-গ্যাসের বাজারে মার্কিন-ইউরোপিয়দের টেক্কা দেবার একটা সুযোগ পেয়ে গেলেন। 

বাংলাদেশ শুধুমাত্র সামরিক খাতেই ব্যালান্সিং এক্টে নেই। সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর প্রজেক্ট এরকমই একটা উদাহরণ। সরকার বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি অর্থায়ন ও কারিগরি সহায়তায় এই প্রজেক্ট বাস্তবায়ন করতে চাচ্ছে। কারো কাছেই মনোপলি যাচ্ছে না। ঠিক যেমনটি হয়েছে আমাদের খণিজ গ্যাস আহরণ সেক্টরে। 

মার্কিনী প্রভাব
সামরিক দিক দিয়ে মার্কিনীরা আমাদের দিয়েছে ট্রেনিং। নৌবাহিনীর স্পেসাল ফোর্স ‘সোয়াডস’ আর পুলিশের ‘সোয়াট’ মার্কিন সহায়তার তৈরি করা হয়েছে। ইটালি থেকে নৌবাহিনীর হেলিকপ্টার কেনা হলেও সেগুলি জাহাজের উপর থেকে কিভাবে অপারেট করতে হবে তা দুই-দেশের নৌ-মহড়ার সময় শিখিয়ে গেছে আমেরিকানরা। আমরা জাতিসংঘ মিশনে সৈন্য পাঠিয়ে যে প্রশংসা কুড়িয়েছি, সেটা আমাদের পেশাদারীত্বের জন্য। আর এই পেশাদারীত্বের পেছনে বেশ বড় অবদান রয়েছে আমেরিকানদের। আমাদের বিমান বাহিনীর ‘সি-১৩০’ পরিবহন বিমান ও ‘বেল-২১২’/’বেল-২০৬’ হেলিকপ্টার ও নৌবাহিনীর কিছু স্পেশাল ফোর্সের বোট মার্কিনী। ক্যালিফোর্নিয়া থেকে ইউএস কোস্ট গার্ডের একটি জাহাজ এখন বাংলাদেশের পথে। মজার ব্যাপার হলো, দেশে আসার পর ‘বিএনএস সমুদ্র জয়’ নামের এই জাহাজটি গাইডেড মিসাইল ফ্রিগেট হবার আগে সম্ভবত তাতে চীনা অস্ত্রই শোভা পাবে। তবে বেসামরিক দিকেই মার্কিনীদের আগ্রহ বরাবরের মত বেশি থাকবে। তেল-গ্যাস মার্কেটের দখল নেয়া থাকবে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা; সেখানে রয়েছে বঙ্গোপসাগরের অবারিত সুযোগের হাতছানি। 

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-র অনেক ভুমিকা রয়েছে। এরপর রয়েছে বিশ্ব ব্যাংক; সেটাও মার্কিন বললে ভুল হবে না। তাদের সাথে একই রকমভাবে কাজ করে যাচ্ছে ইউরোপিয়ানরা আর জাপানীরা। মেঘনা সেতু, মেঘনা-গোমতি সেতু, পাকশির লালন শাহ সেতু, রূপসার উপরে খান জাহান আলী সেতু – এগুলি সবই জাপানের সহায়তায় তৈরি। যমুনার উপরে বঙ্গবন্ধু সেতুতেও রয়েছে জাপানের বিরাট অঙ্কের অবদান। ফেঁসে যাওয়া পদ্মা সেতু প্রকল্পেও থাকার কথা। আরও বহু প্রজেক্টে জাপানী সহায়তা রয়েছে। এসব সহায়তা ছাড়াও বাংলাদেশে জাপানের বেশ বড়সর বিনিয়োগও রয়েছে। চীনের উপরে নির্ভরতা কমাতে বাংলাদেশে জাপানের হোন্ডা একটা মোটর সাইকেল সংযোজন কারখানাও স্থাপন করেছে। ব্রিটেনের উন্নয়ন সংস্থা ডিএফআইডি বহু প্রজেক্টের মাঝে অর্থায়ন করেছে ভৈরব সেতু। এতটা সহায়তা দেবার পর যুক্তরাষ্ট্র আর তার সহযোগীরা বিনিময়ে আমাদের কাছ থেকে কিছুটা হলেও কুটনৈতিক সুবিধা চাইবে সেটাই বলাই বাহুল্য। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে টিকফা চুক্তি সই করানোর বহু চেষ্টা করে চলেছে। কিন্তু প্রায় দুই দশক পরেও সেই চেষ্টা শুধু চেষ্টাই রয়ে গেছে। তেল-গ্যাসের প্রজেক্টগুলির ক্ষেত্রে অনেক চেষ্টা করেও একচেটিয়া আধিপত্যের কাছেধারেও যেতে পারেনি যুক্তরাষ্ট্র। এতে প্রমাণ হয় যে বাংলাদেশের উপরে পশ্চিমা দেশগুলির কুটনৈতিক চাপ থাকলেই সেটা সফল হবে তার কোন গ্যারান্টি নেই। 

মিউজিক্যাল চেয়ার
মার্কেটিং-এ পড়েছিলাম, যে বাজারে বিক্রেতার সংখ্যা বেশি, সেখানে ক্রেতার হাতে ক্ষমতা বেশী। বাংলাদেশে প্রায় সেইরকমই অবস্থা তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশ হল ক্রেতা। অপার সম্ভাবনার এই বাজার কেউই হাতছাড়া করতে চাচ্ছে না। সবাই কিছু না কিছু অংশ কামড়িয়ে ধরে রাখছে। অনেকটা মিউজিক্যাল চেয়ারের মত; চেয়ার থেকে উঠলেই অন্য কেউ চেয়ার দখল করে নিবে। চেয়ার হারানোর ভয়ে কেউই এখন বাংলাদেশের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারবে বলে মনে হচ্ছে না। বাংলাদেশকে এখন তাই মনে হচ্ছে পরাশক্তির মিউজিক্যাল চেয়ার। পরাশক্তিরা যখন একে অপরের সাথে প্রতিযোগিতায় নামে, তখন সেটার সুযোগ ছোট একটা দেশের পক্ষেও নেয়া সম্ভব। বাংলাদেশের বর্তমান সময়ের রাজনীতি আর কুটনীতি তা-ই বলছে।