Showing posts with label Colombia. Show all posts
Showing posts with label Colombia. Show all posts

Tuesday, 4 November 2025

ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধি - পশ্চিম গোলার্ধে হারানো মার্কিন প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা

০৫ই নভেম্বর ২০২৫
ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলি স্বল্পমেয়াদী হতে পারে; আবার লম্বা সময়ের জন্যে অত্র অঞ্চলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অপারেশনেও ব্যবহৃত হতে পারে। ১৯৯৪ সালে হাইতিতে সামরিক অপারেশনের পর থেকে ক্যারিবিয়ানে এটা যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় সামরিক কর্মকান্ড।


মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি - তিন দশকে সর্বোচ্চ

‘রয়টার্স'এর এক বিশ্লেষণে বলা হচ্ছে যে, যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে দীর্ঘ মেয়াদী সামরিক অবস্থানের জন্যে প্রস্তুতি নিচ্ছে। সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রের উপনিবেশ পুয়ের্তো রিকো দ্বীপে ২০০৪ সালে বন্ধ করে দেয়া রুজভেল্ট রোডস ঘাঁটিকে নতুন করে তৈরি করা শুরু হয়েছে। এছাড়াও পুয়ের্তো রিকো এবং ইউএস ভার্জিন আইল্যান্ডসের বেসামরিক বিমানবন্দরগুলিতেও নতুন করে অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। গত অগাস্ট মাস থেকে ক্যারিবিয়ানে মার্কিন যুদ্ধজাহাজ, সাবমেরিন, ফাইটার বিমান এবং গোয়েন্দা বিমান মোতায়েন শুরু হয়েছে। বিমানবাহী যুদ্ধজাহাজ 'জেরাল্ড ফোর্ড' বর্তমানে ক্যারিবিয়ানের পথে রয়েছে। এছাড়াও ইতোমধ্যেই অত্র এলাকায় মোতায়েন করা গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজগুলির মাঝে রয়েছে উভচর এসল্ট শিপ 'আইও জিমা', স্পেশাল ফোর্সের মিশনের জাহাজ 'ওশান ট্রেডার', ক্রুজার 'লেক এরি', ডেস্ট্রয়ার 'গ্রেভলি', ‘স্টকডেল', 'জেসন ডানহ্যাম' এবং উভচর ডক ল্যান্ডিং প্ল্যাটফর্ম 'স্যান এন্টোনিও'। এর বাইরেও পুয়ের্তো রিকোতে বিমান বাহিনীর ১০টা 'এফ-৩৫' স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

অক্টোবরে মার্কিন বিমান বাহিনীর 'বি-১' এবং 'বি-৫২' বোমারু বিমান ভেনিজুয়েলার উপকূল ঘেঁষে উড়ে যায়। 'রয়টার্স'এর ধারণ করা ভিডিওতে দেখা যায় যে, ইউএস ভার্জিন আইল্যান্ডসের সেইন্ট ক্রোয়া-তে 'হেনরি ই রোহলসেন' বিমানবন্দরে দূরপাল্লার বিমান প্রতিরক্ষা রাডার স্থাপন করেছে মার্কিন সামরিক বাহিনী। পুয়ের্তো রিকোর রাফায়েল হেরনানডেজ বেসামরিক বিমানবন্দরে বিমান বাহিনীর 'এমকিউ-৯ রীপার' ড্রোন মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে অত্র অঞ্চলে মার্কিন 'সি-১৭' সামরিক পরিবহণ বিমান এবং 'পি-৮' গোয়েন্দা বিমানের ফ্লাইটও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন থিঙ্কট্যাংক 'সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ' বা 'সিএসআইএস'এর সিনিয়র ফেলো ক্রিস্টোফার হেরনানডেজ-রয়-এর মতে, এগুলি সবই করা হচ্ছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সমর্থিত জেনারেলদেরকে ভয় দেখাবার জন্যে। প্রাক্তন মার্কিন সামরিক কর্মকর্তা মার্ক ক্যানসিয়ানের মতে, এই সামরিক স্থাপনাগুলি স্বল্পমেয়াদী হতে পারে; আবার লম্বা সময়ের জন্যে অত্র অঞ্চলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অপারেশনেও ব্যবহৃত হতে পারে। ১৯৯৪ সালে হাইতিতে সামরিক অপারেশনের পর থেকে ক্যারিবিয়ানে এটা যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় সামরিক কর্মকান্ড। গত সেপ্টেম্বর মাস থেকে শুরু করে কমপক্ষে ১৪টা হামলায় যুক্তরাষ্ট্র তথাকথিত মাদক ব্যাবসায়ীদের ৬১ জনকে হত্যা করেছে। এই হত্যাকান্ডগুলিকে কেন্দ্র করে ভেনিজুয়েলা এবং কলম্বিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে।
 
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো ফিলিস্তিনের পক্ষে মিছিলে নেতৃত্ব দেয়ার পর মার্কিন সরকার প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিল করে। 'বিবিসি' বিশ্লেষণে বলা হচ্ছে যে, কলম্বিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে।


যুক্তরাষ্ট্র-কলম্বিয়া সম্পর্কের অবনতি

সকলেই শুধু ভেনিজুয়েলা নিয়ে কথা বললেও যুক্তরাষ্ট্রের সমস্যা শুধু ভেনিজুয়েলাই নয়। অত্র অঞ্চলের বেশকিছু নেতৃত্বের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সংঘর্ষে নেমেছেন। কলম্বিয়ার বামপন্থী লিবারাল প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো 'বিবিসি'র সাথে সাক্ষাতে হামলাগুলিকে জুলুম বলে আখ্যা দেন এবং এই হত্যাকান্ডের জন্যে দায়ী মার্কিন কর্মকর্তাদের বিচার দাবি করেন। এর জবাবে ট্রাম্প কলম্বিয়াতে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ ঘোষণা করেন এবং হুমকি দেন যে, পেত্রো যদি নিজে কলম্বিয়ার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে যুক্তরাষ্ট্র নিজেই সেটা করবে এবং সেটা সুখকর ভাবে করা হবে না। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে, ট্রাম্পের কথাগুলি মূলতঃ কলম্বিয়াতে যুক্তরাষ্ট্রের বেআইনী হস্তক্ষেপের হুমকি। বহু দশক ধরে কলম্বিয়ায় মার্কিন সহায়তায় বামপন্থীদের গ্রুপগুলি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ চলেছে। তবে ২০১৬ সালে বিদ্রোহীদের সাথে শান্তিচুক্তি স্বাক্ষরিত হবার পর থেকে কলম্বিয়াতে মার্কিন সামরিক এবং আর্থিক সহায়তা কমতে থাকে; সেইসাথে কমতে থাকে রাজনৈতিক প্রভাবও। ট্রাম্প ক্ষমতায় আরোহণের পরপরই শেষ মুহুর্তে কোনক্রমে কলম্বিয়ার সাথে বাণিজ্য যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল। তবে জুন মাসে কলম্বিয়ার রাজধানী বোগোটাতে প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগেল উরিবে তুরবে হত্যাকান্ডের শিকার হবার পর মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও সেই ঘটনার সাথে কলম্বিয়ার শীর্ষ নেতৃত্বের জড়িত থাকার অভিযোগ করেন। উভয় দেশের রাষ্ট্রদূতদেরকে নিজ দেশে ডেকে পাঠানো হয়। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভার পর প্রেসিডেন্ট পেত্রো ফিলিস্তিনের পক্ষে মিছিলে নেতৃত্ব দেয়ার পর মার্কিন সরকার প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিল করে। 'বিবিসি' বিশ্লেষণে বলা হচ্ছে যে, কলম্বিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে।

কিউবার সাথে ভেনিজুয়েলা এবং নিকারাগুয়ার বন্ধুত্ব

মার্কিন মিডিয়া এবং প্রাইভেট সেক্টরের অর্থায়নে তৈরি 'প্রজেক্ট সিন্ডিকেট'এর ২০২৪এর অক্টোবরের এক লেখায় বলা হচ্ছে যে, ২০০২ সালে ভেনিজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকে কিউবা ভেনিজুয়েলাতে হাজার হাজার ডাক্তার, নার্স, খেলাধূলা প্রশিক্ষক, নিরাপত্তা উপদেষ্টা এবং ইন্টেলিজেন্স এজেন্ট পাঠিয়েছে। কিউবার এই সমর্থনই ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতায় টিকে থাকতে পারার মূল কারণ। নিকারাগুয়া থেকে পরিচালিত মিডিয়া 'হাভানা টাইমস'এর ২০২৪এর অগাস্টের এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, গত ১৫ বছর ধরে কিউবা ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী এবং ইন্টেলিজেন্স সার্ভিসকে নতুন করে তৈরি করতে সহায়তা দিয়েছে। 'রয়টার্স'এর ২০১৯ সালের এক তদন্তের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হচ্ছে যে, ২০০৮ সালে দুই দেশের মাঝে স্বাক্ষরিত চুক্তির বলে তৈরি 'জেনারেল ডিরেক্টরেট অব মিলিটারি কাউন্টারইন্টেলিজেন্স' বা 'ডিজিসিআইএম' নামের এক সংস্থার মাধ্যমে ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর ব্যাপক নজরদারি শুরু হয়। একইসাথে কিউবা ভেনিজুয়েলার সামরিক সদস্যদেরকে ট্রেনিং দেয়, বাহিনীর কাঠামোতে পরিবর্তন আনে, হাভানাতে ভেনিজুয়েলার ইন্টেলিজেন্স সদস্যদেরকে ট্রেনিং দেয়, এবং ইন্টেলিজেন্সের মূল কাজকে অন্য দেশের উপর গোয়ান্দাগিরি থেকে সরিয়ে নিজ দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর কেন্দ্রীভূত করে। ভেনিজুয়েলা থেকে পালিয়ে আসা প্রাক্তন জেনারেল এন্টোনিও রিভেরো বলেন যে, ২০০৮ সালে দুই দেশের মাঝে ১৫টা গোপন চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ভেনিজুয়েলার সেনাবাহিনীকে কিউবার বাহিনীর ধাঁচে গড়ে তোলা হয়। বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে ভেনিজুয়েলার সামরিক বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ উঠে এসেছে।

২০০২ সালে ভেনিজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকে কিউবা ভেনিজুয়েলাতে হাজার হাজার ডাক্তার, নার্স, খেলাধূলা প্রশিক্ষক, নিরাপত্তা উপদেষ্টা এবং ইন্টেলিজেন্স এজেন্ট পাঠিয়েছে। কিউবার এই সমর্থনই ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতায় টিকে থাকতে পারার মূল কারণ।

 
মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও গত ফেব্রুয়ারিতে কোস্টারিকা ভ্রমণে গিয়ে বলেন যে, কিউবা, ভেনিজুয়েলা এবং নিকারাগুয়ার সরকার হলো মানবতার শত্রু। তিনি আরও বলেন যে, এই তিন দেশের কারণে পশ্চিম গোলার্ধে শরণার্থী সমস্যার সৃষ্টি হয়েছে; কারণ এই দেশগুলির ব্যবস্থা ঠিকমতো কাজ করছে না। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল রুবিওর এই মন্তব্যকে নির্লজ্জ বলে আখ্যা দেন। তিনি বলেন যে, কিউবার উপর অর্থনৈতিক অবরোধের কারণেই কিউবানরা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। মার্কিন রাজনীতিবিদদের নব্য ফ্যাসিস্ট চিন্তার কারণে মানবিক বিপর্যয় হচ্ছে। অর্ধেক দুনিয়াতে অরাজকতা এবং দৈন্যতার জন্যে মার্কিন যুদ্ধবাজরাই দায়ী। আর ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন যে, রুবিও এই তিন দেশ নিয়ে করুণ এবং অসুস্থ্য চিন্তার মাঝে রয়েছেন।

কিউবা যে সমস্যার কেন্দ্রে রয়েছে, তার নিশ্চয়তা পাওয়া যায় গত ফেব্রুয়ারিতে; যখন নিকারাগুয়ার বামপন্থী সরকারের সেনাপ্রধান জেনারেল জুলিও আভিলেসের অভিষেক অনুষ্ঠানে কিউবার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলভারো লোপেজ মিয়েরা উপস্থিত ছিলেন বলে বলছে 'কিউবান নিউজ এজেন্সি'। ১৯৭৯ সালে নিকারাগুয়াতে বামপন্থী স্যান্ডানিস্টা সরকারের উত্থানের সময় থেকে কিউবার সাথে নিকারাগুয়ার গভীর সম্পর্ক বিদ্যমান। ক্যারিবিয়ানে চলমান উত্তেজনার মাঝেই ৮ই অক্টোবর নিকারাগুয়ার সেনাপ্রধান জেনারেল আভিলেস কিউবার রাজধানী হাভানা ভ্রমণ করেন।
 

কিউবা ক্যারিবিয়ান সাগরে এমন অবস্থানে রয়েছে, যেখান থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকো উপসাগরের উপকূলে সমুদ্রবন্দরগুলির সমুদ্র বাণিজ্যকে হুমকির মাঝে ফেলে দেয়া সম্ভব। কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপদ্বীপের মাঝে সমুদ্রপথ মাত্র ১৪৫কিঃমিঃ চওড়া। যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক বাণিজ্য হয় এই বন্দরগুলির মাধ্যমে। ১৯৬২ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিউবাতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল। আর পুরো ঠান্ডা যুদ্ধের সময় ল্যাটিন আমেরিকাতে মাদক ব্যবসায়ীদেরকে এবং বামপন্থী বিদ্রোহী গ্রুপ এবং সরকারগুলিকে সোভিয়েত ইন্টেলিজেন্স সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারগুলিকে সমস্যায় ফেলার জন্যে। আর এই পুরো অপারেশনের কেন্দ্র ছিল কিউবা। 


রাশিয়ার ভূমিকা এবং কিউবার কৌশলগত গুরুত্ব

তবে ভেনিজুয়েলা এবং কিউবার সামরিক সহযোগিতার খবরগুলি নতুন নয়। কাজেই হঠাত করেই বা কেন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে তার সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকবে, তা অন্ততঃ এই দুই দেশের নিরাপত্তা চুক্তির মাঝে পাওয়া যায় না। মার্কিন ভূরাজনৈতিক চিন্তাবিদ জর্জ ফ্রীডম্যান 'জিওপলিটিক্যাল ফিউচার্স'এর এক লেখায় তার ধারণা প্রকাশ করছেন যে, ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধির পেছনে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের 'টোমাহক' ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকির সম্পর্ক থাকতে পারে। হয়তো রাশিয়া যুক্তরাষ্ট্রের সেই হুমকি মোকাবিলায় কিউবার সাথে সামরিক যোগাযোগ বৃদ্ধি করেছে এবং ল্যাটিন আমেরিকার ড্রাগ ব্যাবসায়ীদের সাথে সম্পর্ক পুনর্নিমাণ করেছে। অক্টোবরের শুরুতেই রুশ পার্লামেন্টে কিউবার সাথে গত মার্চে স্বাক্ষরিত সামরিক চুক্তিকে অনুমোদন দেয়া হয়। এই চুক্তি মোতাবেক দুই দেশের মাঝে যৌথ সামরিক মহড়া, অস্ত্র সরবরাহ সহ কিউবাতে রুশ সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ফ্রীডম্যান বলছেন যে, যুক্তরাষ্ট্রের জন্যে এটা মোটেই সুখকর খবর নয়। কিউবা ক্যারিবিয়ান সাগরে এমন অবস্থানে রয়েছে, যেখান থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকো উপসাগরের উপকূলে সমুদ্রবন্দরগুলির সমুদ্র বাণিজ্যকে হুমকির মাঝে ফেলে দেয়া সম্ভব। কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপদ্বীপের মাঝে সমুদ্রপথ মাত্র ১৪৫কিঃমিঃ চওড়া। যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক বাণিজ্য হয় এই বন্দরগুলির মাধ্যমে। ১৯৬২ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিউবাতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল। আর পুরো ঠান্ডা যুদ্ধের সময় ল্যাটিন আমেরিকাতে মাদক ব্যবসায়ীদেরকে এবং বামপন্থী বিদ্রোহী গ্রুপ এবং সরকারগুলিকে সোভিয়েত ইন্টেলিজেন্স সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারগুলিকে সমস্যায় ফেলার জন্যে। আর এই পুরো অপারেশনের কেন্দ্র ছিল কিউবা। ফ্রীডম্যানের কথাগুলি সপ্তাখানেক পরেই মস্কোতেও প্রতিফলিত হয়। ২৯শে অক্টোবর রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির ডেপুটি চেয়ারপার্সন আলেক্সেই ঝুরাভলিয়ভ বলেন যে, রাশিয়া ভেনিজুয়েলা বা কিউবাতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে; যা কিনা রাশিয়ার প্রধান ভূরাজনৈতিক প্রতিযোগী যুক্তরাষ্ট্রের খুব কাছে অবস্থিত। রাশিয়ার কাছে বহু ধরণের ক্ষেপণাস্ত্র রয়েছে; যেগুলি প্রয়োজনমাফিক ব্যবহার করা যেতে পারে। মার্কিন সামরিক থিঙ্কট্যাঙ্ক 'ইন্সটিটিউট ফর দ্যা স্টাডি অব ওয়ার' বা 'আইএসডব্লিউ' বলছে যে, ঝুরাভলিয়ভের এই হুমকি ১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিসের কথা মনে করিয়ে দেয়।

'ডিফেন্স নিউজ'এর খবরে বলা হচ্ছে যে, একটা রুশ 'ইলিউশিন-৭৬' পরিবহণ বিমান ২৬শে অক্টোবর ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবতরণ করে। এর দু'দিন পর বিমানটা কিউবার রাজধানী হাভানাতে যায়; সেখান থেকে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়াতে গিয়ে ২৯শে অক্টোবর নাগাদ আবারও কারাকাসে ফেরত আসে। পরদিন বিমানটা রাশিয়ার উদ্দেশ্যে কারাকাস ছেড়ে যায়। বিমানটা রুশ সরকারের না হলেও তা সরকারের সাথে সম্পর্ক রাখা বিমান সংস্থা 'এভিয়াকন জিটোট্রান্স'এর। যাবার পথে তা আফ্রিকার মৌরিতানিয়ার নুয়াকছোট এবং আলজেরিয়ার আলজিয়ার্সে অবতরণ করে। 'ডিফেন্স নিউজ' বলছে যে, বারবার অবতরণ করার একটা কারণ হতে পারে যে, বিমানটা অতিরিক্ত ভার বহণ করছিলো। অথবা রাশিয়ার উপর অবরোধের কারণে উদ্ভূত সমস্যাকে বাইপাস করার জন্যে বিমানটা কোথা থেকে এসেছে, সেটা ঘোলাটে করার কৌশল হতে পারে। যদিও বিমানটার মিশন সম্পর্কে কিছু জানা যায় না, তথাপি যেহেতু বিমানটার মালিক সংস্থার উপর যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জাম পরিবহণ করার কারণে অবরোধ আরোপ করেছে, তাই এর উদ্দেশ্য ধোঁয়াশার মাঝেই থাকবে।

কিউবাতে রাশিয়ার উপস্থিতি ছাড়াও চীনের উপস্থিতি নিয়েও কথা শুরু হয়েছে। মার্কিন থিঙ্কট্যাঙ্ক 'সিএসআইএস' ২০২৪এর ডিসেম্বরে এক প্রতিবেদন প্রকাশ করে; যেখানে বলা হয় যে, এতকাল নির্দিষ্ট কোন তথ্য না থাকলেও এখন প্রায় নিশ্চিত যে, কিউবার কমপক্ষে চার স্থানে চীনারা যুক্তরাষ্ট্রের উপর নজরদারি করার জন্যে গোয়ান্দা স্থাপনা বসিয়েছে। সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক চাপে পড়ার কারণে কিউবা চীনের আরও কাছে গিয়েছে।

কিউবা-মেক্সিকো বন্ধুত্ব

কিউবা যে পুরো ক্যারিবিয়ান এবং ল্যাটিন আমেরিকাতে যুক্তরাষ্ট্রের চক্ষুশূল, তা নিশ্চিত। ‘মেক্সিকানস এগেইনস্ট করাপশন এন্ড ইমপিউনিটি' নামক থিঙ্কট্যাঙ্কের বরাত দিয়ে 'মায়ামি হেরাল্ড' বলছে যে, মেক্সিকোর বর্তমান বামপন্থী লিবারাল প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাউম ক্ষমতায় আসার পর থেকে মেক্সিকো কিউবাতে জ্বালানি তেলের সরবরাহ তিন গুণ করেছে। গত মে মাস থেকে অগাস্টের মাঝে প্রায় ৩ বিলিয়ন ডলার সমমূল্যের তেল ভর্তুকি মূল্যে বিক্রি করেছে মেক্সিকো। আগের প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল ওব্রাদরের সরকার দুই বছরে ১ বিলিয়ন ডলারের তেল সরবরাহ করেছিল। শুধু তা-ই নয়, প্রেসিডেন্ট শাইনবাউম কিউবাকে রাজনৈতিকভাবেও জোরালো সমর্থন দিচ্ছেন। ১৩ই অক্টোবর তিনি ঘোষণা দেন যে, ডিসেম্বরে ডোমিনিকাতে অনুষ্ঠেয় আমেরিকা মহাদেশের দেশগুলির শীর্ষ সন্মেলন তিনি বয়কট করেছেন; কারণ সেই সন্মেলন থেকে কিউবা, ভেনিজুয়েলা এবং নিকারাগুয়াকে বাদ দেয়া হয়েছে। এর আগে ২০২২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও লস এঞ্জেলেসে অনুষ্ঠিত সন্মেলনে যুক্তরাষ্ট্রের অপছন্দনীয় রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ জানাননি।

ট্রাম্প প্রশাসনের উপ-পররাষ্ট্র সচিব ক্রিস্টোফার ল্যানডাউ জাতিসংঘের সাধারণ পরিষদে কিউবাকে সমর্থন দেয়ার জন্যে মেক্সিকোর ব্যাপক সমালোচনা করেন। স্প্যানিশ ভাষার পত্রিকা 'এল পাইস'এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ১৯৯২ সাল থেকে প্রতি বছর জাতিসংঘে ভোটাভুটি হয়ে চলেছে কিউবার উপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ উঠিয়ে দেয়ার জন্যে। মেক্সিকো এই প্রস্তাবে প্রতি বছর কিউবাকে সমর্থন দিয়ে গেছে। এবছরও মেক্সিকো কিউবাকে সমর্থন করায় ল্যানডাউ বলেন যে, মেক্সিকোর বন্ধু হিসেবে তিনি কষ্ট পেয়েছেন। কিউবার প্রতি মেক্সিকোর সমর্থন বিভিন্ন সরকারের আমলে অটুট থেকেছে। প্রেসিডেন্ট শাইনবাউমের আগে তার দলেরই প্রেসিডেন্ট ওব্রাদর কিউবাকে তেল সরবরাহের বিনিময়ে কিউবা থেকে ডাক্তার পেয়েছেন। করোনা মহামারির সময় মেক্সিকোকে ডাক্তার দিয়ে সহায়তার করার জন্যে ওব্রাদর ২০২৩ সালে কিউবার নেতা মিগেল দিয়াজ-কানেলকে মেক্সিকোর সর্বোচ্চ পুরষ্কার 'অর্ডার অব দ্যা আজটেক ঈগল'এ ভূষিত করেছিলেন। ওব্রাদরের আগে 'পিআরআই' পার্টির প্রেসিডেন্ট পেনা নিয়েতোর সময় মেক্সিকো কিউবার বড় অংকের ঋণ মওকুফ করে দেয়। 'ইবেরো আমেরিকান ইউনিভার্সিটি'র বিশ্লেষক পিয়া তারাসেনা 'এল পাইস'কে বলছেন যে, ঠান্ডা যুদ্ধকে মোকাবিলার সময় মেক্সিকো কিউবা এবং যুক্তরাষ্ট্রের মাঝে সেতু হিসেবে কাজ করেছে। এর ফলে অত্র অঞ্চলে মেক্সিকোর অবস্থানও শক্তিশালী হয়েছে। জাতিসংঘে মেক্সিকোর দূত হেক্টর ভাসকনচেলস যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন যে, যুক্তরাষ্ট্র এখনও ঠান্ডা যুদ্ধের চিন্তাধারা পরিত্যাগ করতে পারেনি। কিউবার উপর অবরোধ বজায় রেখে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত বেশিরভাগ জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আবেলারডো রডরিগেজ 'এল পাইস'কে বলছেন যে, ট্রাম্প প্রশাসন এখন তাদের অপছন্দের কথা বলা কাউকেই সহ্য করতে পারছে না। যুক্তরাষ্ট্র বর্তমানে 'মনরো ডকট্রাইন'কে কাজে লাগিয়ে পশ্চিম গোলার্ধে হারিয়ে যাওয়া প্রভাবকে পুনরূদ্ধার করতে চাইছে। 'জিওপলিটিক্যাল ফিউচার্স'এর লেখায় জর্জ ফ্রীডম্যানও 'মনরো ডকট্রাইন'কে মার্কিন ভূরাজনৈতিক স্বার্থ এবং সাম্রাজ্যবাদী হাতিয়ার হিসেবেই উল্লেখ করেন। কারণ যুক্তরাষ্ট্র বাকি বিশ্বে জনসমর্থনের কথা বললেও পশ্চিম গোলার্ধ বা আমেরিকা মহাদেশে রাজনৈতিক হস্তক্ষেপের ক্ষেত্রে জনসমর্থনের কোন তোয়াক্কা করেনি কখনও।
 
১৯৭৯ সালে নিকারাগুয়াতে বামপন্থী স্যান্ডানিস্টা সরকারের উত্থানের সময় থেকে কিউবার সাথে নিকারাগুয়ার গভীর সম্পর্ক বিদ্যমান। ক্যারিবিয়ানে চলমান উত্তেজনার মাঝেই ৮ই অক্টোবর নিকারাগুয়ার সেনাপ্রধান জেনারেল আভিলেস কিউবার রাজধানী হাভানা ভ্রমণ করেন।


কিউবার অর্থনীতিতে মার্কিন অবরোধের প্রভাব

কিউবার অর্থনীতি অনেকটাই পর্যটনের উপর নির্ভরশীল। ‘হাভানা টাইমস'এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, কিউবাতে সবচাইতে বেশি পর্যটক আসে কানাডা, যুক্তরাষ্ট্র, বিদেশে কিউবান সম্প্রদায় এবং রাশিয়া থেকে। ২০২৪ সালের পর্যটক সিজন জানুয়ারি-ফেব্রুয়ারিতে কিউবায় ২ লক্ষ ৬১ হাজারের বেশি কানাডিয় পর্যটক গিয়েছিল; বিদেশে থাকা কিউবানরা গিয়েছিল ৪৫ হাজার, মার্কিনীরা গিয়েছিল ২৮ হাজার এবং রুশরা গিয়েছিল ৪৩ হাজার। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে কিউবাতে পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ইউরোপিয়রাও কিউবাতে যাওয়া কমিয়ে দিয়েছে। কিউবার সরকার বলছে যে, এর মূল কারণ হলো কিউবার উপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নিয়ন্ত্রণ। কারণ ইউরোপিয়রা কিউবাতে গেলে যুক্তরাষ্ট্রে যাবার জন্যে আলাদাভাবে ভিসা নিতে হবে। ২০২৪ সালে কিউবাতে ২৭ লক্ষ পর্যটক গিয়েছিল। ২০২৫ সালে ২৬ লক্ষ টার্গেট থাকলেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে, এই টার্গেটও পুরণ হবে না।

কিউবা পশ্চিম গোলার্ধে একটা বড় রাজনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন পায় কানাডার কাছ থেকে। যুক্তরাষ্ট্রের অবরোধের মাঝে কানাডা কিউবাকে অতি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে। কানাডার লিবারাল সরকার সর্বদাই কিউবার সমাজতান্ত্রিক সরকারের সাথে ভালো সম্পর্ক রেখে এসেছে। কানাডার সরকারি ওয়েবসাইটে বলা হচ্ছে যে, কানাডার সাথে কিউবা সরকারের রাজনৈতিক সম্পর্ক ভালো এবং কানাডা কিউবার গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর কানাডিয় পর্যটকদের প্রিয় গন্তব্য হলো কিউবা। আর কিউবার জন্যে কানাডা হলো পর্যটকের সবচাইতে বড় উৎস। করোনা মহামারির আগ পর্যন্ত বছরে প্রায় ১০ লক্ষ কানাডিয় কিউবাতে যেতো। বর্তমানে কিউবাতে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশী বিনিয়োগ কানাডার; যা মূলতঃ খনিজ, জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরে। কিউবার নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, অবকাঠামো এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কানাডা উন্নয়ন সহায়তা দিয়ে থাকে। এছাড়াও জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে কিউবাকে সহায়তা দিচ্ছে কানাডা।

কিউবার অর্থনীতি অনেকটাই নির্ভরশীল ছিল ভেনিজুয়েলার তেল-ভিত্তিক অর্থনীতির উপর। তবে 'ট্রেডিং ইকনমিকস'এর হিসেবে ২০১২ সাল থেকে ২০২০ সালের মাঝে ভেনিজুয়েলার জিডিপি প্রায় চার ভাগের এক ভাগ হয়ে যায়। এর প্রভাব কিউবার অর্থনীতিতেও পড়েছে। ভেনিজুয়েলার পর রাশিয়া এবং মেক্সিকো কিউবার তেলের উৎস হিসেবে দেখা দিয়েছে। ২০২৫ সালে রাশিয়া কিউবাতে প্রায় ১ লক্ষ টন তেল রপ্তানি করেছে। 'মায়ামি হেরাল্ড' বলছে যে, অর্থনৈতিক মন্দা কাটাতে কিউবা ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্যে যোদ্ধা পাঠিয়ে থাকতে পারে। অপরদিকে চীন কিউবার প্রধান রপ্তানি বাজার। ২০২১ সালে কিউবা চীনে প্রায় তিন'শ মিলিয়ন ডলারের নিকেল এবং অন্যান্য খনিজ দ্রব্য রপ্তানি করে। প্রায় ৪ লক্ষ চিনি একসময় চীনে রপ্তানি হলেও সাম্প্রতিক সময়ে কিউবার চিনি উৎপাদনে ধ্বস নেমেছে।

ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের প্রভাব প্রশ্নের মুখে পড়েছে বহুদিন ধরেই। কিউবার বামপন্থী সরকারকে উৎখাত করতে না পেরে অর্থনৈতিক অবরোধের মাঝে রেখে যুক্তরাষ্ট্র প্রকৃপক্ষে কিউবার সমর্থন বৃদ্ধিই করেছে। বিশেষ করে কিউবায় সরকার পরিবর্তন না করতে পারা, অথবা পশ্চিম গোলার্ধে কিউবাকে পুরোপুরিভাবে একঘরে না করতে পারাটা যুক্তরাষ্ট্রের জন্যে বড় ব্যার্থতা। মধ্য আমেরিকাতে বিভিন্ন দেশে, বিশেষ করে মেক্সিকো, কলম্বিয়া, নিকারাগুয়া এবং ভেনিজুয়েলাতে বামপন্থী এবং লিবারালরা ক্ষমতায় আসীন হওয়ার কারণে কিউবা রাজনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন পেয়েছে। অর্থনৈতিক ধ্বসের আগ পর্যন্ত ভেনিজুয়েলা কিউবার অর্থনীতিকে সবচাইতে বড় সহায়তা দিয়েছে। এখন সেই ভার বহণ করছে মেক্সিকো, কানাডা, রাশিয়া এবং অন্যান্যরা। তবে পশ্চিম গোলার্ধে কিউবার সবচাইতে বড় বন্ধু হলো কানাডা; যার সমর্থন না পেলে মার্কিন অবরোধের মাঝে কিউবার পক্ষে টিকে থাকাটাই দুষ্কর হতো। এই সম্পর্কের মাধ্যমে কানাডাও ক্যারিবিয়ানের মতো ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় প্রভাব ধরে রাখছে। কানাডার এই প্রচেষ্টা 'গ্লোবাল ব্রিটেন'এর অংশ। ক্যারিবিয়ানে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাবার কারণে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলি, বিশেষ করে রাশিয়া এবং চীনের জন্যে সুযোগ সৃষ্টি হয়েছে; যা কিনা যুক্তরাষ্ট্রের জন্যে কৌশলগত হুমকি। নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের টার্গেট ভেনিজুয়েলার সরকার উৎখাত নয়; বরং পুরো ক্যারিবিয়ান এবং ল্যাটিন আমেরিকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা। তবে শুধুমাত্র সামরিক হুমকির মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়।

Wednesday, 4 July 2018

ভেনিজুয়েলা-কলম্বিয়া-ইকুয়েডরের পতাকা একইরকম কেন?

ঊনিশ শতকে গ্র্যান কলম্বিয়া তৈরি হয় স্পেন থেকে আলাদা হয়ে। এরপরে গ্র্যান কলম্বিয়া ভেঙ্গে তৈরি হয় ভেনিজুয়েলা, কলম্বিয়া এবং ইকুয়েডর। দেশগুলির পতাকায় মিল এতটাই যে, এদের উৎস সম্পর্কে প্রশ্ন আসাটা স্বাভাবিক। 


 ০৫ জুলাই ২০১৮
 
দক্ষিণ আমেরিকার দেশগুলি একসময় ছিল স্প্যানিস এবং পর্তুগীজ উপনিবেশ। পঞ্চদশ শতকের শেষে ক্রিস্টোফার কলম্বাসের অভিযানের পর থেকে ঐ এলাকার মানুষগুলিকে প্রায় নির্মূল করে ইউরোপীয় ঔপনিবেশিকেরা সেখানে বসতি গড়ে। জনসংখ্যার পুরোটাই প্রকৃতপক্ষে ইউরোপিয়ান বংশোদ্ভূত। এদের ভাষা এবং সংস্কৃতি একই। তবুও অনেকগুলি দেশে বিভক্ত এই মহাদেশ। অনেকগুলি পতাকা; জাতীয় সঙ্গীত; জাতীয় প্রতীক। এই বিভক্তির কারণ খুঁজতে যেতে হবে অষ্টম শতাব্দীতে, যখন ল্যাটিন আমেরিকার দেশগুলি আলাদা হবার প্রক্রিয়া শুরু হয়।
  
স্প্যানিস সামরিক অফিসার ফ্রাঞ্চিসকো ডে মিরান্ডা ব্রিটিশদের সহায়তায় স্পেনের কাছ থেকে ল্যাটিন আমেরিকার দেশগুলিকে আলাদা করার ব্যবস্থা করেন। তার কর্মকান্ডের মাধ্যমে সবচাইতে বেশি লাভবান হয়েছে তৎকালীন সুপারপাওয়ার ব্রিটেন। স্প্যানিসরা ফ্রাঞ্চিসকোকে ব্রিটিশ গুপ্তচর সন্দেহ করতো।


ফ্রাঞ্চিসকো ডে মিরান্ডা – যিনি দক্ষিণ আমেরিকাকে স্পেন থেকে আলাদা করেন

১৭৫০ সালে ভেনিজুয়েলাতে জন্ম নেয়া স্প্যানিস সামরিক অফিসার ফ্রাঞ্চিসকো ডে মিরান্ডা বহু দেশের বহু যুদ্ধে অংশ নেন। মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময় স্প্যানিসরা সুযোগ কাজে লাগিয়ে ব্রিটিশদের কিছু উপনিবেশ বাগিয়ে নিতে চায়। ১৭৮১ থেকে ১৭৮৪ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয় দ্বীপপুঞ্জে স্প্যানিস বাহিনীর অধীনে যুদ্ধে করেন ফ্রাঞ্চিসকো। ১৭৮১ সালে ফ্রাঞ্চিসকোকে ব্রিটিশ উপনিবেশ জামাইকাতে গোয়েন্দাগিরি করতে পাঠানো হয়। সেখানে তিনি তার কর্মসম্পাদনের মাঝে ব্রিটিশ ব্যবসায়ী ফিলিপ অলউডের সাথে এক চুক্তিও করে ফেলেন। চুক্তি মোতাবেক ব্রিটিশদেরকে তিনি স্পেনের সাথে বাণিজ্যের আড়ালে স্পেনে যাবার একটা চ্যানেল খুলে দেন। স্প্যানিসরা পরবর্তীতে ফ্রাঞ্চিসকোকে গুপ্তচর আখ্যা দেয় এবং অবিশ্বাস করতে থাকে। ফ্রাঞ্চিসকো স্পেন এবং ফ্রান্সের এক যৌথ অপারেশনে অংশ নেন, যার উদ্দেশ্য ছিল ক্যারিবিয়ানে ব্রিটিশদের সবচাইতে শক্ত ঘাঁটি জামাইকাকে দখল করা। পুরো দলের মাঝে ফ্রাঞ্চিসকোরই ব্রিটিশদের সম্পর্কে সবচাইতে ভালো ধারণা ছিল, কারণ তাকে ব্রিটিশদের উপরে গোয়ান্দাগিরিতে পাঠানো হয়েছিল। কিন্তু এই অভিযান চলার মাঝেই কিভাবে যেন ব্রিটশরা আগেভাগে পরিকল্পনা জেনে ফেলে এবং আগেই আক্রমণ করে বসে; ভেস্তে যায় অভিযান। জামাইকা ব্রিটিশদের হাতেই থাকে। আভিযান ব্যর্থ হবার পর ফ্রাঞ্চিসকোর বিরুদ্ধে ব্রিটিশদের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আবারও গভীর হয়। ফ্রাঞ্চিসকো ১৭৮৩ সালের জুলাই মাসে স্প্যানিস কিউবা থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান, এবং পরের বছরের ডিসেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি জর্জ ওয়াশিংটন, হেনরি নক্স, থমাস পেইন, আলেক্সান্ডার হ্যামিল্টন, স্যামুয়েল এডামস এবং থমাস জেফারসনের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপন করেন।

ফ্রাঞ্চিসকো কি ব্রিটিশ গুপ্তচর ছিলেন?

১৭৮৫ সালে ফ্রাঞ্চিসকো লন্ডনে আসেন। সেখান থেকে মার্কিন দূতাবাসের এক সামরিক কূটনীতিবিদ কর্নেল উইলিয়াম স্টিফেন স্মিথের সাথে তিনি প্রুশিয়া যান সামরিক মহড়া দেখতে। পুরো ইউরোপ ঘুরে তিনি অনেকের সাথে বন্ধুত্ব করেন।স্প্যানিয়ার্ডরা সবসময়েই তার উপরে নজর রাখছিল। তারা ফ্রাঞ্চিসকোকে গ্রপ্তার করার চেষ্টাও করেছিল, কিন্তু শক্তিশালী বন্ধুরা ফ্রাঞ্চিসকোকে রক্ষা করে। ফ্রাঞ্চিসকো ডে মিরান্ডা অনেকদিন থেকেই দক্ষিণ আমেরিকায় স্পেনের উপনিবেশের একটা বড় অংশের দায়িত্বে থাকা ‘ক্যাপ্টেন্সি জেনারেল অব ভেনেজুয়েলা’র কর্তৃত্ব নিতে এক পরিকল্পনা করেন। এই ক্যাপ্টেন্সির অধীনে বর্তমান ভেনিজুয়েলা, কলম্বিয়া, পানামা, ইকুয়েডর এবং পেরুর বিরাট অঞ্চল ছিল। তিনি ১৭৯০ সালে প্রথম ব্রিটিশ রাজনীতিবিদের সাথে দক্ষিণ আমেরিকায় আলাদা রাষ্ট্র গঠনের চিন্তাটা আলোচনা করেন। তখন ব্রিটিশদের সাথে স্প্যানিয়ার্ডদের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তবে দু’দেশের সম্পর্কে বসন্ত এসে গেলে এই প্রকল্পে ব্রিটিশরা আগ্রহ হারায়।

১৭৯১ থেকে ১৭৯৭ পর্যন্ত সময় ফ্রাঞ্চিসকো ফ্রান্সে কাটান এবং সেখানকার ফরাসী বিপ্লবে সরাসরি অংশ নেন। তিনি ফরাসি বিপ্লবের বিপক্ষে রাজতন্ত্রকামীদের সাথে থাকেন। একাধিকবার বিপ্লবীদের হাতে গ্রেপ্তার হবার পরেও তাকে নিয়ে কি করা হবে, সেটা ঠিক করতে না পেরে তাকে বারংবার ছেড়ে দেয়া হয়। ছাড়া পাবার পরেও তিনি তার কর্মকান্ড অব্যহত রাখেন এবং ১৭৯৬-৯৭ সালের মাঝে দু’দু’বার রাজতন্ত্রপন্থীদের পক্ষে অভ্যুত্থানের চেষ্টা করেন। অবশেষে সকল চেষ্টা ভেস্তে গেলে ১৭৯৮ সালে গোপনে ব্রিটেনে পালিয়ে যান, যেখানে সবসময়ই তার নিরাপদ আশ্রয় আপেক্ষা করছিল। ব্রিটেন সবসময়েই ফরাসী বিপ্লবের বিরুদ্ধে রাজতন্ত্রীদের সহায়তা দিয়েছিল। আর ১৭৯৯ সাল থেকে ফরাসী বিপ্লব থেকে উত্থিত ন্যাপোলিয়ন আবির্ভূত হন ব্রিটেনের বিশাল শত্রু হিসেবে।

ল্যাটিন আমেরিকায় ফ্রাঞ্চিসকোর প্রথম অভিযান - যুক্তরাষ্ট্রের সহায়তা


তার দক্ষিণ আমেরিকার পরিকল্পনা বাস্তবায়নে ১৮০১ সালে ব্রিটিশদের সহায়তা চান ফ্রাঞ্চিসকো। স্পেন তখন ব্রিটেনের শত্রু দেশ, কেননা ১৭৯৬ থেকে ফ্রান্সের সাথে স্পেন হাত মিলিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট দ্যা ইয়াংগার ১৮০৫ সালে রিয়ার এডমিরাল হোম রিগস পপহ্যামকে দায়িত্ব দেন ফ্রাঞ্চিসকোর পরিকল্পনাটি খতিয়ে দেখার জন্যে। পপহ্যাম ব্রিটিশ নেতৃত্বকে বোঝান যে, দক্ষিণ আমেরিকায় স্প্যানিস উপনিবেশকে স্পেন থেকে আলাদা করতে গেলে ভেনিজুয়েলা নয়, বরং বর্তমান আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের ফলাফল বয়ে আনার সম্ভাবনা বেশি। সেখানে ব্রিটিশ হামলা হলে স্প্যানিস নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেয়া যাবে অপেক্ষাকৃত সহজে।

ফ্রাঞ্চিসকো এতে মনোক্ষুন্ন হলেন। তিনি তার পরিকল্পনা পাল্টে ১৮০৫-এর নভেম্বরে যুক্তরাষ্ট্রের সরণাপন্ন হলেন। ফ্রাঞ্চিসকো মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসন এবং পররাষ্ট্র সচিব জেমস ম্যাডিসনের সাথেও একান্ত বৈঠক করেন। যুক্তরাষ্ট্র ফ্রাঞ্চিসকোকে সরাসরি সহায়তা করতে অস্বীকৃতি জানান, কারণ ব্রিটেন এবং ফ্রান্সের যুদ্ধে যুক্তরাষ্ট্র তখনও পক্ষ নেয়নি। ফ্রাঞ্চিসকো থেমে যাননি। তিনি যুক্তরাষ্ট্রে অর্থ এবং জনবল যোগাড় করায় মনোনিবেশ করেন, যা ব্যবহার করে তিনি ভেনিজুয়েলাতে সামরিক অপারেশনে যাবেন। দু’শ-এর মতো ভাড়াটে সৈন্য এ অভিযানে যেতে রাজি হয়। তার সাথে থাকে ফ্রাঞ্চিসকোর পুরোনো বন্ধু মার্কিন কর্নেল উইলিয়াম স্টিফেন স্মিথ। মার্কিন ব্যবসায়ী স্যামুয়েল ওগডেনের কাছ থেকে তিনি ২০টি কামানের একটা জাহাজ ভাড়া নেন; নাম দেন ‘লিয়্যান্ডার’। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ফ্রাঞ্চিসকো আরও দু’টা জাহাজ সাথে নেন। এই সময়েই তিনি ভেনিজুয়েলার পতাকার ডিজাইন করে ১২ই মার্চ উত্তোলন করেন। পতাকাটা ছিল তিনটি রঙের সমান্তরাল দাগ – হলুদ, নীল এবং লাল। তবে ফ্রাঞ্চিসকোর মিশন সফল হলো না। ১৮০৬ সালের ২৮শে এপ্রিল ভেনিজুয়েলার উপকূলে অবতরণ করতে গিয়ে ফ্রাঞ্চিসকো স্প্যানিশ নৌবাহিনীর কাছে তার ক্যারিবিয়ান থেকে সংগৃহীত দু’টি জাহাজই হারান। ৬০ জন নাবিক বন্দী হয়, যাদের বিচারের পরে ১০ জনের মৃত্যুদন্ড দিয়ে মরদেহ কয়েক খন্ড করে ঝুলিয়ে রাখা হয়। ফ্রাঞ্চিসকো অবশ্য লিয়্যান্ডার-এ চড়ে প্রাণ নিয়ে পালান। তাকে পলায়নে সহায়তা দেয় ব্রিটিশ রয়াল নেভির যুদ্ধজাহাজ ‘লিলি’। ব্রিটিশরা ফ্রাঞ্চিসকোকে ব্রিটিশ উপনিবেশ বার্বাডোসে নিয়ে যায়, এবং ফাঞ্চিসকোকে আরেকবার সামরিক অভিযানে সহায়তা দিতে আগ্রহী হয়।

ফ্রাঞ্চিসকোর দ্বিতীয় অভিযান - যুক্তরাষ্ট্রের স্থানে ব্রিটেন

১৮০৬ সালের ২৪শে জুলাই ত্রিনিদাদের পোর্ট অব স্পেন থেকে ফ্রাঞ্চিসকোর নতুন অভিযানের শুরু হয়। তার যুদ্ধজাহাজ লিয়্যান্ডার-এর সাথে রয়েছে রয়াল নেভির ৪টা যুদ্ধজাহাজ। ফ্রাঞ্চিসকোর ভাড়াটে সেনারা এবং ব্রিটিশ নৌবাহিনীর নাবিকেরা উপকূলে নেমে কিছুদিন তাদের দখলের চেষ্টা চালিয়ে যান। কিন্তু স্প্যানিশ সৈন্যদের সংখ্যাধিক্যের কারণে অগাস্টের মাঝেই তিনি তার অভিযান গুটিয়ে নিতে বাধ্য হন। এই ব্যর্থ অভিযানের পর যুক্তরাষ্ট্র সরকার ফ্রাঞ্চিসকোকে সহায়তা করার জন্যে কর্নেল উইলিয়াম স্মিথ এবং ব্যবসায়ী স্যামুয়েল ওগডেনের বিরুদ্ধে মামলা করে। অভিযোগ ছিল যে, তারা দস্যুতা করেছেন এবং যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতাকে নষ্ট করেছেন। আদালতে হাজির হয়ে কর্নেল স্মিথ বীরদর্পে বলেন যে, তিনি এই অপারেশনে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসন এবং পররাষ্ট্র সচিব জেমস ম্যাডিসনের নির্দেশে। এই রাজনীতিবিদেরা উভয়েই আদালতে যেতে অস্বীকৃতি জানান এবং ফলশ্রুতিতে স্মিথ এবং ওগডেন উভয়কেই নির্দোষ ঘোষণা করা হয়। আসলে এই অপারেশনটা প্রথমে ছিল মার্কিন। এরপর প্রথম ব্যর্থতার পর ব্রিটিশরা সেটার নিয়ন্ত্রণ নিয়ে ফেলাতেই যতো বিপত্তির সৃষ্টি হয়। ভেনিজুয়েলাকে স্পেন থেকে আলাদা করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন উভয়েই সেটার নিয়ন্ত্রণ চাইছিল।


  
আর্জেন্টিনার প্রতিষ্ঠাতা হোজে ডে স্যান মার্টিন এবং চিলির প্রতিষ্ঠাতা বার্নার্ডো ও'হিগিন্স আন্দিজ পর্বত পাড়ি দিচ্ছেন চিলির উদ্দেশ্যে। ব্রিটিশরা আর্জেন্টিনায় অভিযান চালানোর পর পুরো ল্যাটিন আমেরিকা স্প্যানিস শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। আপাতদৃষ্টিতে ব্রিটিশ অপারেশনকে ব্যর্থ মনে হলেও প্রকৃতপক্ষে ল্যাটিন আমেরিকাকে স্পেন থেকে আলাদা করাই ছিল ব্রিটিশ পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাস্তবায়নে স্বাধীনতাকামী নেতারা বিরাট ভূমিকা পালন করে। 


ব্রিটিশরা কি দক্ষিণ আমেরিকায় ব্যার্থ হয়েছিল?

এর মাঝেই ১৮০৬-০৭ সালের মাঝে ব্রিটিশ সরকার বর্তমান আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে একটা সামরিক অভিযান পরিচালনা করে। স্প্যানিসদের বেশিরভাগ সামরিক শক্তি কেন্দ্রীভূত ছিল ভেনিজুয়েলাতে; আর্জেন্টিনার আশেপাশে শক্তি ছিল খুবই কম; যেকারণেই ব্রিটিশরা সেখানে অপারেশনে যায়। এরপরেও সরাসরি সাফল্য না পেয়ে ব্রিটিশরা সেখান থেকে চলে আসে। ফ্রাঞ্চিসকো এবার লন্ডন যান এবং নতুন করে ভেনিজুয়েলা আভিযানের জন্যে ব্রিটিশ সহায়তা চাইতে থাকেন। কিন্তু ঠিক সেসময় বিরাট এক রাজনৈতিক পরিবর্তন হয়ে যায়। ১৮০৫ সালে ফরাসী-স্প্যানিস নৌবহর ব্রিটিশদের হাতে ত্রাফালগার-এর যুদ্ধে পরাজিত হলে পর্তুগীজরা আত্মায় শক্তি পায় এবং ব্রিটিশদের পক্ষে চলে যায়। এতে ন্যাপোলিয়ন ক্ষেপে গিয়ে স্পেন এবং পর্তুগালে সৈন্য পাঠান। এভাবে স্পেন হয়ে যায় ব্রিটিশ বন্ধু; এবং দক্ষিণ আমেরিকায় স্প্যানিস উপনিবেশকে স্পেন থেকে আলাদা করার পরিকল্পনা মুলতুবি করা হয়। কিন্তু ততদিনে যা হবার, তা হয়ে গেছে। ব্রিটিশ আক্রমণের ফলশ্রুতিতে ভেনিজুয়েলা এবং আর্জেন্টিনায় বিদ্রোহ শুরু হয়ে গেছে। ১৮১০ সালের মে মাসে আর্জেন্টিনায় বিদ্রোহীরা স্প্যানিস নেতৃত্বের কাছ থেকে ক্ষমতা দখল করে নেয়। আর্জেন্টিনার বিদ্রোহীরা হোজে ডে স্যান মার্টিনের নেতৃত্বে এরপর চিলি এবং পেরুকে স্পেন থেকে আলাদা করে ফেলে।

প্রায় তিন’শ বছর ধরে ব্রিটিশরা দক্ষিণ আমেরিকায় বড় কোন অপারেশনে যায়নি। ন্যাপোলিয়নের অভিযানকে উপজীব্য করে ব্রিটিশরা স্পেনের উপনিবেশগুলিকে স্পেন থেকে আলাদা করার প্রক্রিয়া শুরু করে। সেই প্রক্রিয়াতে ফ্রাঞ্চিসকো ডে মিরান্ডা সহায়তা করেছিলেন শুধু। মিরান্ডার আঁকা পতাকাকেই পরবর্তীতে ভেনিজুয়েলা, কলম্বিয়া এবং ইকুয়েডর নিজেদের জাতীয়তার কেন্দ্রবিন্দুতে স্থান দেয়। ১৮১০ সালের ১৯শে এপ্রিল ভেনিজুয়েলার কারাকাসে বিদ্রোহীরা স্প্যানিস নেতৃত্বকে বন্দী করে ফেলে। সিমন বলিভার এবং আন্দ্রেস বেলোর নেতৃত্বে তারা লন্ডনে প্রতিনিধিদল পাঠিয়ে ব্রিটিশদের কাছ থেকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চায় এবং সরাসরি ব্রিটিশদের হস্তক্ষেপ কামনা করে। তারা ফ্রাঞ্চিসকো ডে মিরান্ডাকেও তাদের সাথে ভেনিজুয়েলাতে নিয়ে আসে। ১৮১১ সালের জুলাই মাসে স্বাধীন ভেনিজুয়েলার ঘোষণা দেয়া এবং ফ্রাঞ্চিসকোর ব্যবহার করা তিন রঙের ভেনিজুয়েলার পতাকাকে অনুমোদন দেয়া হয়। কিন্তু ১৮১২ সালে এক প্রতিবিপ্লবের মাঝ দিয়ে স্পেনপন্থীরা আবারও ক্ষমতা দখল করে নেয়। ফ্রাঞ্চিসকো ডে মিরান্ডা স্প্যানিসদের সাথে চুক্তি করতে গেলে সিমন বলিভার এতে নাখোশ হন। বলিভারের হিসবে সেটা ছিল রাষ্ট্রদ্রোহিতার সামিল। ফ্রাঞ্চিসকোকে তারা স্প্যানিস নেতৃত্বের হাতে তুলে দেয়, আর এর বিনিয়মে চুক্তি মোতাবেক সিমন বলিভারকে নিরাপদে স্পেনে ভ্রমণ করার অনুমতি দেয় স্প্যানিয়ার্ডরা। ১৮১৬ সালের ১৪ই জুলাই ফ্রাঞ্চিসকো ডে মিরান্ডা বিচারাধীন অবস্থায়ই স্পেনে মৃত্যুবরণ করেন এবং তার লাশ গণকবরে দাফন করা হয়, যাতে কোনটা তার কবর, সেটা যেন খুঁজে পাওয়া না যায়।
  

জার্মান দার্শনিক উলফগ্যাং ফন গোথে ভেনিজুয়েলার পতাকার রংগুলি বেছে নিতে সহায়তা করেছিলেন। পতাকার ডিজাইন করেছিলেন ফ্রাঞ্চিসকো ডে মিরান্ডা। পরবর্তীতে এই তিন রঙের পতাকাই ভেনিজুয়েলা, কলম্বিয়া এবং ইকুয়েডরের পতাকায় স্থান পায়। উৎস একই বলে ল্যাটিন আমেরিকার এই দেশগুলির মাঝে পার্থক্য করা কঠিন।

যেভাবে তিন দেশের পতাকা আঁকা হলো

ফ্রাঞ্চিসকো ভেনিজুয়েলার পতাকার ধারণাকে আকারে রূপ দিতে কথা বলেছিলেন জার্মান দার্শনিক জোহান উলফগ্যাং ফন গোথে এবং রুশ কূটনীতিবিদ সাইমন রোমানোভিচ ভরনজফের সাথে। গোথের সাথে ফ্রাঞ্চিসকোর পতাকা নিয়ে কথা হয় ১৭৮৫ সালে। গোথে তাকে বলেন যে, তিনটা মূল রঙ থেকেই আলোর সৃষ্টি হয় – হলুদ, নীল এবং লাল। এই তিনটা রঙ আলাদাভাবে শুরু হলেও শেষ হয় এক লক্ষ্যে। ফ্রাঞ্চিসকোরও তাই এরকমই এক লক্ষ্যে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিৎ। ফ্রাঞ্চিসকো চাইছিলেন আমেরিকাতে পুরো স্প্যানিস উপনিবেশ মিলিয়ে বিশাল এক রাজত্ব প্রতিষ্ঠা করা। একেবারে বর্তমানের যুক্তরাষ্ট্রের পশ্চিম এবং মধ্যাংশ থেকে শুরু করে মেক্সিকো, মধ্য আমেরিকা, কিউবা সহ, দক্ষিণ আমেরিকার বর্তমান ভেনিজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর মিলে সেই রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ফ্রাঞ্চিসকো। ব্রিটিশদের কাছে উপস্থাপিত তার পরিকল্পনা তেমনই ছিল। মূলতঃ স্পেন থেকে আলাদা হবার কাজটাই তিনি করেছিলেন। বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ স্থানে উপস্থিত থাকায় স্পেন তাকে ব্রিটিশ গুপ্তচর হিসেবে মনে করতো। ফরাসী বিপ্লবের সময়ে বিপ্লবের বিপক্ষের রাজতন্ত্রকামীদের (যাদেরকে ব্রিটিশরা সহায়তা করতো) পক্ষে একাধিক অভ্যুত্থানের চেষ্টা তার স্প্যানিস দোষারোপকে মুছে ফেলতে সহায়তা করে না। স্পেন ন্যাপোলিয়নের পক্ষে থাকার সময় তিনি ব্রিটিশদের সহায়তায় ল্যাটিন আমেরিকার বিদ্রোহ উস্কে দেন। এরপর স্পেন ব্রিটিশদের পক্ষে গেলেও তার কর্মকান্ড চালিয়ে যান, এবং স্পেন থেকে তার সকল ল্যাটিন আমেরিকার উপনিবেশ আলাদা করে ফেলেন। তিনি স্থিতিশীল কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করে যেতে পারেননি; যে কাজটা পরে সিমন বলিভার করেছিলেন।
 

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সিমন বলিভারের ছবির সামনে কথা বলছেন। সিমন বলিভার ল্যাটিন আমেরিকার জাতীয়তাবাদী নেতা হিসেবে স্বীকৃত হলেও তিনি আসলে কয়েকটা দেশের জন্মদাতা। ফ্রাঞ্চিসকো ডে মিরান্ডা যেখানে ল্যাটিন আমেরিকাকে স্পেন থেকে আলাদা করেছিলেন, বলিভার সেই আলাদা হওয়া ল্যাটিন আমেরিকাকে টুকরো টুকরো করায় অংশ নিয়েছেন।

 
সিমন বলিভার এবং ল্যাটিন আমেরিকার বিভক্তি

সিমন বলিভার ল্যাটিন আমেরিকার স্প্যানিস অঞ্চলগুলিকে টুকরো টুকরো করতে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ১৮১৯ সালে রিপাবলিক অব কলম্বিয়া তৈরি করে নিজে প্রেসিডেন্ট হন, এবং দুই জন ভাইস প্রেসিডেন্টের অধীনে দেশটাকে দুই ভাগ করেন। একটার নাম দেয়া হয় ভেনিজুয়েলা, আর আরেকটা নিউ গ্রানাডা (পরবর্তীতে কলম্বিয়া)। তবে দেশগুলি যে একই উৎস থেকে এসেছিল, তা ভেনিজুয়েলা, কলম্বিয়া এবং ইকুয়েডরের পতাকা দেখলেই বোঝা যায়। তিন দেশের পতাকাতেই একই রঙ ব্যবহার করা হয়েছে, যা কিনা ফ্রাঞ্চিসকোর আঁকা। বলিভার এবং ফ্রাঞ্চিসকোর চিন্তাধারায় কিছুটা দ্বিমত ছিল। যেখানে ফ্রাঞ্চিসকো ছিলেন ব্রিটিশপন্থী, বলিভার ছিলেন সমাজতন্ত্রী। বলিভারের সমাজন্তন্ত্রী চিন্তাধারা তার শিক্ষক ডন সিমন রদ্রিগেজ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল। তারা দু’জনে মিলে ইউরোপ ভ্রমণে বের হয়েছিলেন এবং ১৮০৫ সালে মিলানে ইতালির রাজা হিসেবে ন্যাপোলিয়নের রাজকীয় অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। রদ্রিগেজ ১৭৯৭ সালেই স্প্যানিস শাসনের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকার অপরাধে ভেনিজুয়েলা ছেড়েছিলেন। বলিভার ১৮২১ সালে ক্রিস্টোফার কলম্বাসের নামানুসারে ‘গ্র্যান কলম্বিয়া’ নামে আরেকটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যার মাঝে ছিল বর্তমানের ভেনিজুয়েলা, কলম্বিয়া, পানামা, ইকুয়েডর। আর্জেন্টিনার জেনারেল হোজে ডে স্যান মার্টিন-এর সাথে একত্রিত হয়ে বলিভার পেরু এবং ইকুয়েডরকে আলাদা করেন। সকলের কাছে এই কাজটি ছিল স্পেন থেকে মুক্ত করার কাজ। প্রকৃতপক্ষে তারা আলাদা কয়েকটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যাদের মাঝে আলাদা হবার কোন কারণই ছিল না। আলাদা আলাদা নেতৃত্ব দেয়া হয় এসব স্থানে, যারা খুব শিগগিরই নিজেদের আখের গোছাতে আলাদা রাষ্ট্র চাইতে থাকেন। ১৮২৫ সালের ৬ই অগাস্ট নতুন আরেকটি দেশের জন্ম দেয়া হয়; যার নামকরণ করা হয় সিমন বলিভারের নামে – বলিভিয়া। এই সবগুলিই তখন ছিল গ্র্যান কলম্বিয়ার অধীনে, যার একচ্ছত্র অধিপতি ছিলেন বলিভার। কিন্তু ১৮৩০ সালের মাঝেই গ্র্যান কলম্বিয়া ভেঙ্গে ভেনিজুয়েলা, নিউ গ্রানাডা (কলম্বিয়া) এবং ইকুয়েডর তৈরি হয়; প্রত্যেকটির একচ্ছত্র অধিপতি হন বলিভারেরই সমালোচকেরা, যারা একসময় বলিভারের একনায়কোচিত কার্যকলাপের বিরোধী ছিলেন।
  
খুব অল্প সময়ের মাঝেই ল্যাটিন আমেরিকার পুরো এলাকা স্প্যানিসদের হাতছাড়া তো হয়ই, তদুপরি অনেকগুলি দেশে বিভক্ত হয়ে যায়। সুপারপাওয়ার ব্রিটেন ল্যাটিন আমেরিকাকে একত্রিত দেখতে চায়নি।


ব্রিটেন – সুপারপাওয়ারের রাজনীতিই সবকিছু

ন্যাপোলিয়নের আবির্ভাবের আগ পর্যন্ত ব্রিটিশরা দক্ষিণ আমেরিকায় উপনিবেশ স্থাপন করেনি। গায়ানা উপকূলের অল্প কিছু অঞ্চল ডাচ এবং ফ্রেঞ্চদের অধীনে ছাড়া এর প্রায় পুরোটাই ছিল পর্তুগাল এবং স্পেনের অধীনে। ১৮৩০ সাল নাগাদ পর্তুগীজদের অধীনে ব্রাজিল ছাড়াও সৃষ্টি হয় রিও ডে লা প্লাটা (আর্জেন্টিনা), উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া এবং ভেনিজুয়েলা। ব্রিটিশরাও গায়ানা উপকূলে একটা উপনিবেশ করে ফেলে। স্প্যানিস উপনিবেশিক এলাকাটা কেটে টুকরা টুকরা করে ৯টা দেশ তৈরি হলেও ব্রাজিল একত্রেই থাকে; কেউ একে ভাঙ্গেনি। কারণ ব্রাজিল ছিল ব্রিটিশদের বন্ধু পর্তুগালের উপনিবেশ। ব্রিটিশরা চায়নি ব্রাজিল ভেঙ্গে যাক।

ল্যাটিন আমেরিকার দেশগুলি স্বপ্নে পাওয়া জাতীয়তার উপরে প্রতিষ্ঠিত। নেতৃস্থানীয় ব্যক্তিরা নিজেদের মাঝে ক্ষমতার ভাগাভাগি করতে গিয়ে দেশগুলিকে টুকরো টুকরো করেছে। আলাদা করে জাতীয় পতাকা ডিজাইন করার সময় রয়েছে কার? ফ্রাঞ্চিসকো তো কষ্ট করে ডিজাইন করেই দিয়ে গেছেন; তাই ওটার উপরেই কেটে-চিরে দাঁড়িয়ে আছে আজকের পতাকাগুলি। এই পতাকাকে ঘিরেই কতনা আবেগ; উচ্ছ্বাস! কেউ চিন্তাও করেনি যে ৯টা পতাকা মানে ৯টা আলাদা জাতিরাষ্ট্রে বিভক্ত তারা; যদিও তাদের ভাষা, সংস্কৃতি, আকৃতি, সকলকিছুই এক! এদের সকলেই একবাক্যে ফ্রাঞ্চিসকো, বলিভার, স্যান মার্টিন-এর মতো কয়েক ব্যক্তিকেই স্মরণ করে; কারণ তাদের সকলেরই জন্ম এদের হাতে। আর এরা আবার কাজটা সম্পাদন করেছে তৎকালীন সুপারপাওয়ার ব্রিটিশদের হাত ধরে। ব্রিটিশরা স্পেন থেকে ল্যাটিন আমেরিকার অঞ্চলকে আলাদা করলেও এদেরকে একত্রে বিরাট এক দেশ হিসেবে দেখতে চায়নি। ছোট ছোট দেশে বিভক্ত হয়ে তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করে নিজেদের মাঝে ব্যাস্ত থেকেছে। জাতীয় পতাকা, সঙ্গীত এবং প্রতীকগুলি তাদের সেই ইন্ধন যুগিয়েছে। হাল্কা বিষয়গুলি তাদের আবেগকে নাড়া দিয়েছে এবং আবেগ হয়েছে তাদের চালিকাশক্তি। ফ্রাঞ্চিসকো, বলিভার, স্যান মার্টিন-এর সৃষ্ট দেশগুলি ভূরাজনীতিতে তাই শিশুই রয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ
আর্জেন্টিনা কি পারবে?

Tuesday, 23 February 2016

রিভারাইন ফোর্স নিয়ে চিন্তা করার সময় এসেছে

২৩ ফেব্রুয়ারী ২০১৬


নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা কোন বাহিনী খুব একটা বেশি দেখা যায় না। তবে নদী-কেন্দ্রিক বাহিনীর ইতিহাস পৃথিবীতে কম নয়। বিশেষ করে নদী-কেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার স্থানগুলিতে এরকম বাহিনীর আবির্ভাব দেখা গেছে বেশ নিয়মিতই। তবে নদী থাকলেই যে নদী-কেন্দ্রিক বাহিনী থাকবে, তা কিন্তু নয়। বাহিনীর দরকার হয়েছে সর্বদাই রাজনৈতিক কারণে। রাজনীতিই নদীকে খুঁজে পেয়েছে শক্তি এবং সম্পদ গড়ার কেন্দ্রে। আর সেখানেই শুরু হয়েছে নদী নিয়ে টানাটানি। নদী মানেই পানি; আর পানি মানেই শক্তি। সেই শক্তি নিয়েই রাজনীতির খেলায় নদী পরিণত হয়েছে সামরিক কর্মকান্ডের উতসভূমিতে। উদাহরণস্বরূপ ইউরোপের দানিয়ুব নদীর কথা বলা যায়। বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরী, অস্ট্রিয়া, জার্মানি – এই সব দেশগুলিই এই নদীর পানিতে সিক্ত হয়েছে, এবং ইতিহাসের অনেক বড় বড় রাজনৈতিক এবং সামরিক সঙ্ঘাত এই নদী বরাবর সংঘটিত হয়েছে। অর্থনৈতিক দিক থেকে গুরুত্ববহ হওয়ায় এবং একে একটা শক্ত ভৌগোলিক বাধা হিসেবে চিন্তা করার কারণে অনেক রাজনৈতিক শক্তিই এই নদীকে মানচিত্রে খুঁজে ফিরেছে। নদী হয়েছে রাজনৈতিক শক্তিকে ভৌগোলিকভাবে নির্দিষ্ট আকৃতি দানের সীমানা প্রাচীর। যে নদী এই প্রাচীর রচনা করেছে বা প্রাচীর দিয়ে যে নদীকে কাটাকুটি করা হয়েছে, সেখানেই রাজনীতির খেলার সম্ভাবনা তৈরি হয়েছে অপেক্ষাকৃতভাবে বেশি। ইন্দোচীনের মেকং নদী, ভারতীয় উপমহাদেশের গঙ্গা এবং ব্রহ্মপুত্র, আফ্রিকার নীলনদ, উত্তর আমেরিকার সেন্ট লরেন্স এবং হাডসন নদী, দক্ষিণ আমেরিকার পারানা-প্যারাগুয়ে-উরুগুয়ে-রিও ডে লা প্লাটা নদী – এরকম বেশ কিছু উদাহরণ দেয়া যাবে, যেখানে রাজনৈতিক সীমানা নদীকে কেন্দ্র করে বা নদীকে উপেক্ষা করে তৈরি করা, যার ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে নদীকে নিয়ে হয়েছে সংঘাত।

রাজনৈতিক সীমানা নদী থেকে সড়ে গেলেই আবার সেখান থেকে সংঘাত চলে গেছে – এমন উদাহরণও রয়েছে। যেমন, বর্তমান পোল্যান্ডের সীমানা মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তৈরি। প্রথম বিশ্বযুদ্ধের পরেও পোল্যান্ডের সীমানা বর্তমান বেলারুশের অনেকটা ভেতরে ছিল। একারণে প্রিপইয়াত নদীর বেশ কিছু অংশ এবং তার সাথে প্রিপইয়াত জলাভূমির কিছু অংশ পোল্যান্ডের অধীন ছিল। ১৯২০-এর দশকে পোল্যান্ড সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করে; আর সেই যুদ্ধের কেন্দ্রে থাকে প্রিপইয়াত জলাভূমি। এই জলাভূমি আমাদের দেশের হাওড় অঞ্চলের মতো। সেখানে অন্য কোন যোগাযোগের পদ্ধতি না থাকায় পোল্যান্ড ‘রিভার ফ্লোটিলা’ বা নদী-কেন্দ্রিক নৌবাহিনী তৈরি করেছিল। এরকম জলাভূমিতে যুদ্ধ করা খুব কষ্টকর বলেই সোভিয়েতরা সুযোগ বুঝে ১৯৩৯ সালে জার্মানরা পোল্যান্ড আক্রমণ করার সময়ে প্রিপইয়াত নদীর পুরোটা দখলে নিয়ে ফ্রন্টলাইন আরও পশ্চিমে ঠেলে দিয়ে বাগ নদীতে নিয়ে আসে। আজকের দিন পর্যন্ত সেই বাগ নদীই পোল্যান্ড এবং বেলারুশের সীমানা। প্রিপইয়াত জলাভূমি পুরোটাই বেলারুশের। কাজেই পোল্যান্ডের রিভার ফ্লোটিলাও আজ নেই।

কলম্বিয়ার নৌবাহিনীর Patrullera de Apoyo Fluvial (PAF) or Riverine Support Patrol Boat পৃথিবীর সবচাইতে অন্যরকম যুদ্ধজাহাজের একটি। উপরের ডিজাইনটি এর চতুর্থ জেনারেশনের সংস্করণ। বর্মাবৃত এই জাহাজ ছোট ছোট বোটের এসল্ট ইউনিটকে সাপোর্ট দেয়।

কলম্বিয়ার জঙ্গলে…

তবে পুরো নদী নিজের দেশের ভেতরে থাকলেই যে সেখানে সংঘর্ষের সম্ভাবনা নেই, তা কিন্তু নয়। সংঘর্ষের কারণ নদী না হলেও সংঘর্ষ নদীকে কেন্দ্র করেই হতে পারে। তখন রাজনৈতিক কারণেই নদী-কেন্দ্রিক বাহিনী তৈরি করা লাগতে পারে। সবচাইতে চমতকার উদাহরণ হলো কলম্বিয়া। প্রায় ছয় দশক ধরে কলম্বিয়াতে বিভিন্ন ধরনের জঙ্গী গোষ্ঠীর আবির্ভাবের কারণে কলম্বিয়া নদী-কেন্দ্রিক বাহিনী গঠনের এক্সপার্ট হয়ে দাঁড়িয়েছে। ১৯৫৬ সালে গঠন করা হয় Flotilla Avispa (Wasp Flotilla), যা কিনা কলম্বিয়ার নদী-কেন্দ্রিক বাহিনীর মূল। গত ছয় দশকে এই বাহিনী কখনোই ভেঙ্গে ফেলা হয়নি, বা এর শক্তিকে কমিয়ে ফেলা হয়নি। বর্তমানে কলম্বিয়ার রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যারিন ফোর্স (সদস্যসংখ্যা ২৩,০০০-এর উপরে) এবং পৃথিবীর সর্ববৃহত ‘রিভারাইন ফোর্স’ বা নদীকেন্দ্রিক বাহিনী। কলম্বিয়ার ম্যাগডালেনা নদী কলম্বিয়ার মাঝ দিয়ে প্রবাহিত হলেও এই নদী বরাবর জঙ্গী গোষ্ঠীরা অবস্থান নেয়ায় এই নদীকে রক্ষা করতে হচ্ছে তাদের। এর উপরে আবার রয়েছে রাজনৈতিক সীমানা নির্ধারণকারী নদী, যেগুলিকে নিয়ে কলম্বিয়া সংঘাতে জড়িয়েছে আরও আগে থেকে। ১৯৩২ সালে কলম্বিয়ার সাথে পেরুর সীমানা যুদ্ধ হয়, যা Leticia Conflict নামে পরিচিত। পেরু কলম্বিয়ার দুর্গমতম অঞ্চলের কিছু অংশ দখল করে নেয়। উদ্ভট রকমের সীমানা হওয়ায় কলম্বিয়ার পক্ষে তার পূর্ব এবং দক্ষিণ সীমানা রক্ষা করা ছিল অসম্ভবের কাছাকাছি; পেরুর ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই ছিল। উভয় দেশের কাছেই তাদের ওই দুর্গম সীমানা রক্ষার্থে একমাত্র পদ্ধতি ছিল নদী-কেন্দ্রিক বাহিনী। কিন্তু তাদের দেশের অভ্যন্তর থেকে ওই নদীগুলিতে কিছুই পাঠানো যায় না!! সেই নদীতে জাহাজ পাঠানোর একমাত্র পদ্ধতি হচ্ছে আমাজন নদী, যা কিনা ব্রাজিলের অধীনে। অর্থাৎ উভয় দেশই ব্রাজিলের কাছে অনুমতি চেয়েছে আমাজনের ভেতর দিয়ে তাদের যুদ্ধজাহাজ পাঠানোর জন্যে! কাজেই এদের সংঘাতের চাবি ব্রাজিলের হাতে ছিল অনেকটা। পেরু আমাজন নদীর মোহনায় পাহাড়া দিয়েছে, যাতে কলম্বিয়ার জাহাজ আমাজনের ভেতর দিয়ে গিয়ে কলম্বিয়া-পেরু সীমানা পর্যন্ত না পৌঁছে। পেরু সেসময় কলম্বিয়ার চাইতে সামরিক দিক থেকে বেশি শক্তিশালী থাকায় কলম্বিয়া বিরাট সমস্যায় পড়েছিল। তবে তারা সেখান থেকে শিক্ষা নিয়েছে।

কলম্বিয়া নদী-কেন্দ্রিক বাহিনী গঠনে বেশ নতুন নতুন কিছু চিন্তার আবির্ভাব ঘটিয়েছে। তাদের ডিজাইন এবং তৈরি করা Patrullera de Apoyo Fluvial (PAF) or Riverine Support Patrol Boat একটা সম্পূর্ণ নতুন জিনিস। একেবারেই অগভীর পানিতে (২.৫ ফুট থেকে প্রায় ১.৩ ফুট) চলতে সক্ষম এই জাহাজগুলি জবরজং বর্মে মোড়া, শক্তিশালী অস্ত্র বহণ করে, এমনকি হেলিকপ্টার নামার প্ল্যাটফর্মও রয়েছে এতে। Nodriza (mothership) নামে পরিচিত এই জাহাজগুলিকে নিয়ে তারা অনেকদিন ধরে আস্তে আস্তে এগিয়েছে। এখন তারা তৈরি করছে এর চতুর্থ জেনারেশনের ডিজাইন। কলম্বিয়ার অভ্যন্তরের গৃহযুদ্ধে সরকারী বাহিনীর সাফল্যের পিছনে বিরাট অবদান রয়েছে এই Nodriza-এর। এই জাহাজগুলি কোন অপারেশনে গিয়ে বেশ কয়েকদিন দুর্গম অঞ্চলে অবস্থান করতে পারে। এর সাথে ছোট দ্রুতগামী এসল্ট বোটের একটি বা দুইটি স্কোয়াড থাকে (৪টি বা ৮টি বোট), যেগুলিকে বিভিন্ন অপারেশনে সাপোর্ট দেয় এই জাহাজ। জাহাজের ভেতরে এই এসল্ট বোটের ক্রু-দের থাকার জায়গা থাকে, সাথে বোট চালানোর জ্বালানিও থাকে; অর্থাৎ এটা হচ্ছে একটা ফ্লোটিং বেইস। কোন সৈন্য আহত হলে তাকে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত সড়িয়ে নেবার ব্যবস্থাও থাকছে। এই জাহাজ এবং এর সাথের এসল্ট বোটগুলি গুরুত্বপূর্ণ নদীপথের আশপাশের এবং উপকূলীয় ভূমিতে কর্তৃত্ব রাখতে অতুলনীয়। তবে এই জাহাজ সবধরনের নদী-কেন্দ্রিক মিশনের জন্যে উপযুক্ত নয়। নদীর পাড় যদি অনেক শক্তিশালী স্থলবাহিনীর হাতে থাকে, তাহলে বড় ধরনের উভচর অভিযান চালাতে যে সংখ্যক সৈন্য পরিবহণ করতে হবে, সেটার জন্যে আমাদের কলম্বিয়া থেকে বের হতে হবে।

১৯৩৮ সালে তৈরি ব্রাজিলের নৌবাহিনীর রিভার মনিটর Parnaiba এখনো চলছে। সাম্প্রতিককালে এতে হেলিডেক যোগ করে আধুনিকায়ন করা হয়েছে। তবে আসল ব্যাপার হলো একে এখনো প্রতিস্থাপন করা যায়নি।

ব্রাজিলের নদী পাহাড়া

ব্রাজিলের নৌবাহিনী নদীপথে ব্যবহার করছে বেশ কয়েকটি পরিবহণ জাহাজ, যেগুলি বড় সংখ্যক সৈন্য পরিবহণে সক্ষম। আমাজনের দুর্গম অঞ্চলে সৈন্য নেবার পদ্ধতি এটাই। একই সাথে তাদের রয়েছে কয়েকটি রিভার হসপিটাল শিপ। আরও রয়েছে বড় বড় কিছু amphibious warfare ship, যেগুলি আমাজন নদীতে উভচর অপারেশন চালাতে পারে। আমাজন নদী থেকে কিছু দূরে ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পারানা নদীতে টহল দেয় ১৯৩৮ সালে তৈরি monitor ship ‘Parnaiba’, যা পৃথিবীর সবচাইতে পুরোনো যুদ্ধজাহাজগুলির মধ্যে একটি। ৫৫মিটার এবং ৭২০টনের এই জাহাজে ৭৬মিমি, ৪০মিমি এবং ২০মিমি কামান বহণ করার পাশাপাশি একটা হেলিকপ্টার নামার ব্যবস্থাও এতে রয়েছে। ৫.২ফুট ড্রাফটের এই জাহাজটি বলিভিয়া এবং প্যারাগুয়ের সাথে ব্রাজিলের নদী-কেন্দ্রিক সীমানা পাহাড়া দেয়। ব্রাজিল, প্যারাগুয়ে, আর্জেন্টিনা এবং উরুগুয়ের মাঝ দিয়ে প্রবাহিত পারানা নদী খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ব্রাজিলের জাহাজগুলিকে সমুদ্রে যেতে হলে প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার অনুমতি লাগে। এই নদীকে কেন্দ্র করে উনিশ শতকের শেষের দিকে দক্ষিণ আমেরিকার সবচাইতে ধ্বংসাত্মক ‘প্যারাগুয়ে যুদ্ধ’ (১৮৬৪-১৮৭০) হয়েছিল। যাই হোক, এতো বছরে ব্রাজিল কিন্তু তাদের ওই পুরোনো মনিটর জাহাজটিকে প্রতিস্থাপন করার চেষ্টা করেনি; শুধু আরও উন্নত করেছে। নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ডিজাইন নিয়ে এগুনোর সেই চেষ্টাটা দেখার জন্যে আমাদের যেতে হবে অন্য মহাদেশে; আরেক নদীতে; ইউরোপের রোমানিয়াতে; দানিয়ুব নদীতে।

শক্তির দিক বিচারে রোমানিয়ার নৌবাহিনীর রিভার মনিটরগুলি পৃথিবী-সেরা। দানিয়ুব নদী পাহাড়ায় এরাই সেরা।

দানিয়ুবের দানব

রোমানিয়ার দক্ষিণ সীমানা থেকে এর পূর্বাঞ্চল দিয়ে সমুদ্রে পতিত হয়েছে দানিয়ুব। রোমানিয়া অনেকদিন যাবতই river monitor তৈরি করছে। ১৯৮০-এর দশকের শেষের দিকে ‘Smardan’-class-এর (৫১মিটার, ৩৭০টন। ৪ফুট১১ইঞ্চি ড্রাফট) পাঁচটি এবং ১৯৯০-এর দশকে রোমানিয়া ‘Mihail Kogălniceanu’-ক্লাসের (৫২মিটার, ৫২২টন, ৫ফুট৩ইঞ্চি ড্রাফট) তিনটি মনিটর যুদ্ধজাহাজ তৈরি করে। শেষোক্ত জাহাজগুলি দুইটি ১০০মিমি কামান এবং ৮০টি ১২২মিমি রকেট ছাড়াও ৩০মিমি এবং ১৪.৫মিমি কামানে সজ্জিত। একেবারে ভাসমান আর্টিলারি যাকে বলে আরকি। ‘Smardan’-class-এর জাহাজগুলিও একটি ১০০মিমি কামান, ৮০টি ১২২মিমি রকেট সহ ২৩মিমি ও ১৪.৫মিমি কামানে সজ্জিত। দুই ক্লাসের জাহজই আবার কাঁধে বহণযোগ্য বিমান ধ্বংসী মিসাইল নেয়। এই জাহাজগুলির ড্রাফট মাত্র ৫ ফুটের মতো; অর্থাৎ যুদ্ধের সময়ে অনেক অগভীর পানিতে আবির্ভূত হয়ে এগুলি অত্যন্ত শক্তিশালী অস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। নদীপথে বাণিজ্য নিয়ন্ত্রণ ছাড়াও ব্যাপক আকারে উভচর অভিযানের মাধ্যমে নদীর অপর পাড়ে ব্রিজহেড গড়ার অপারেশনে এসব জাহাজ বিশেষ উপযোগী। এই জাহাজগুলি উভচর অভিযানের সময়ে শত্রুপক্ষের ফর্মেশনের উপরে রকেট এবং কামানের মাধ্যমে ইনিডিরেক্ট ফায়ারিং যেমন করতে পারবে, তেমনি নদীতীরে শত্রুদের স্থির বা চলমান যেকোন লক্ষ্যবস্তুতে সরাসরি কামানের গোলাবর্ষণ (ডিরেক্ট ফায়ারিং) করতে পারবে। কলম্বিয়ার PAF যুদ্ধজাহাজগুলির ফায়ার সাপোর্ট যেখানে কম হয়ে হতে যেতে পারে, সেখানে রোমানিয়ার এই river monitor-গুলি যথেষ্ট শক্তিশালী হতে পারে। তবে PAF-এর মতো এই monitor-গুলি কোন রিভার এসল্ট বোটের গ্রুপকে সাপোর্ট দিতে পারে না। দ্রুতগামী জিআরপি এসল্ট বোট নিয়ে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের পোস্টে লিখেছি। এখানে সেই একই বোট নিয়ে আবার লিখছি না। তবে যদি দ্রুততার স্থানে বর্মাবৃত বোটের দরকার হয় রিভার এসল্ট অপারেশনে? এটা দরকার হতে পারে যখন শত্রুরা সংখ্যায় বেশি এবং যথেষ্ট পরিমাণে অস্ত্রে সজ্জিত, যেমন হেভি মেশিন গান, মর্টার, রকেট লঞ্চার, গ্রেনেড ইত্যাদি। এধরনের পরিবহণ খুঁজতে হলে আমাদের আবার এশিয়াতে ফেরত আসতে হবে; ইন্দোচীনের মেকং নদীতে।

ভিয়েতনামে মার্কিন নৌবাহিনী Armored Troop Carrier (ATC) তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপকহারে তৈরি করা LCM-6 ল্যান্ডিং ক্রাফটকে ওয়ার্কশপে নিয়ে পরিবর্তনের (conversion) মাধ্যমে। এর উপরের কভারটি দেওয়া হয়েছিল মর্টার রাউন্ড থেকে বাঁচার জন্যে, আর বডির উপরে লোহা দিয়ে স্ট্রাকচার বানানো হয়েছিল এন্টি-ট্যাঙ্ক রকেট থেকে বাঁচার জন্যে।

মেকং নদীর বদ্বীপে এসল্ট ফোর্স

ভিয়েতনাম যুদ্ধের সময়ে দক্ষিণ ভিয়েতনামের গুরুত্বপূর্ণ নদীপথগুলিকে সচল রাখতে যুক্তরাষ্ট্র ঠিক করে যে পুরো মেকং নদীর বদ্বীপ থেকে কমিউনিস্ট গেরিলাদের উতখাত করতে হবে। তারা পুরো উপকূলে নৌ-অবরোধ দেয়া ছাড়াও বদ্বীপ অঞ্চলে Mobile Riverine Force (MRF) নামে এক বাহিনী গঠন করে ১৯৬৭ সালে। MRF-এর নৌবাহিনীর অংশকে বলা হতো Task Force 117 (TF-117) এবং এতে ছিল চারটি River Assault Division, যার প্রতিটিতে ছিল ১৩টি করে Armored Troop Carrier (ATC), তিনটি করে monitor, একটি Command and Control Boat (CCB) এবং ৮টি করে Assault Support Patrol Boat (ASPB)। ATC, monitor এবং CCB – এই তিনটি জলযানই তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত LCM-6 ল্যান্ডিং ক্রাফটকে ওয়ার্কশপে নিয়ে পরিবর্তনের (conversion) মাধ্যমে। ৫৬ফুট লম্বা এবং সাড়ে তিন ফুট ড্রাফটের ATC-গুলি মোটাগুলি ৪০ জনের মতো একটা প্লাটুন পরিবহণ করতো, এবং তাতে একইসাথে ২০মিমি কামান, দু’টা ১২.৭মিমি হেভি মেশিন গান এবং গ্রেনেড লঞ্চার থাকতো। “Tango” বোট নামে পরিচিত এই বোটের বডিতে আলগাভাবে রডের তৈরি স্ট্রাকচার লাগিয়ে দেওয়া হয়, যেগুলি নদীর পাড় থেকে কেউ রিকোয়েললেস রাইফেল বা এন্টি-ট্যাঙ্ক রকেট ছুঁড়লে সেটা থেকে বোটকে বাঁচাতো। এর উপরে ত্রিকোণাকৃতির একপ্রকার ক্যানভাসের ঢাকনা দিয়ে দেওয়া হয়, যেটা বোটের উপরে ছুঁড়ে দেওয়া গ্রেনেডকে বোটের পাশে পানিতে ফেলে দিতে সাহায্য করতো। Monitor-গুলির ক্ষেত্রে অবশ্য ল্যান্ডিং ক্রাফটের সামনের র‌্যাম্প সড়িয়ে চোখা করে দেওয়া হয়। ATC-এর অস্ত্রের উপরে এই বোটগুলিতে থাকতো ৪০মিমি কামান এবং ৮১মিমি মর্টার। ৬০ ফুট লম্বা এই বোটগুলিকে “নদীর ব্যাটলশিপ” বলে ডাকতো অনেকেই। তবে রোমানিয়ার নৌবাহিনীর মনিটরগুলির কাছে এগুলি যে কিছুই না, সেটা বলাই বাহুল্য। কিছু মনিটর জাহাজকে মার্কিনরা Flame Thrower দিয়ে সজ্জিত করে, যেগুলিকে তারা সিগারেট লাইটারের ব্র্যান্ডের নামানুসারে “Zippo Boat” বলে ডাকতো! CCB-গুলি মনিটরের মতোই ছিল, শুধু ৮১মিমি মর্টারের স্থানে এতে থাকতো রেডিও এবং যোগাযোগ যন্ত্রপাতি। CCB এবং মনিটরে নৌচলাচলে সুবিধার জন্যে রাডার থাকতো। এই একই ল্যান্ডিং ক্রাফট থেকে ১০,০০০ গ্যালন জ্বালানি পরিবহণের জন্য রিফুয়েলার বোট, সার্জারির যন্ত্রপাতিসহ হসপিটাল বোট এমনকি আহতদের সড়ানোর জন্যে হেলিকপ্টার প্ল্যাটফর্ম বোটও (বোটের বেশিরভাগটাই হেলিপ্যাড থাকতো) তৈরি করা হয়েছিল। ASPB-গুলি ছিল ভিয়েতনামকে মাথায় রেখে ডিজাইন করা বোট। ৫০ ফুটের এই বোটগুলি শক্ত খোলে তৈরি ছিল বলে পানিতে মাইন বিস্ফোরণ সহ্য করতে পারতো বেশ। মাইন সুইপার হিসেবেও এই বোটগুলি ব্যবহার হতো। ৮২মিমি মর্টার, ২০মিমি কামান এবং মেশিন গান থাকতো এগুলিতে। 
ভিয়েতনামের একটি Mobile Riverine Base or MRB, যেখানে ঘাঁটিটি ছিল কনভার্ট করা ল্যান্ডিং শিপ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৈরি করা হয়েছিল। পাশের ছোট বোটগুলি হলো ATC, CCB এবং monitor, যেগুলি সবগুলিই কনভার্ট করা ল্যান্ডিং ক্রাফট। জাহাজের উপর থেকে হেলিকপ্টার অপারেট করতো।


এই বোটগুলি একটা ভাসমান ঘাঁটির (Mobile Riverine Base or MRB) সাথে যুক্ত থাকতো, যেখান থেকে তারা মিশন পরিচালনা করতো। এই ঘাঁটিগুলি প্রধান নদীর মুখে অবস্থান করতো; সেখান থেকে এসল্ট ফোর্স আক্রমণে যেত। সেই ঘাঁটির প্রধান জাহাজ ছিল দুইটি ব্যারাক শিপ, যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৈরি ট্যাঙ্ক ল্যান্ডিং শিপ (Landing Ship Tank or LST) থেকে পরিবর্তন (conversion) করে তৈরি করা। এর সাথে থাকতো দুইখানা ফ্লোটিং ব্যারাক যেগুলি নিজে চলতে পারতো না, একটা রিপেয়ার শিপ (LST থেকে পরিবর্তন করে তৈরি) যা ছোট বোটগুলিকে মেরামতের কাজ করতো, একটা নেট লেয়িং শিপ (Net Laying Ship) যা জাল বিছিয়ে পানির নিচে দিয়ে ফ্রগম্যানদের আক্রমণ থেকে ঘাঁটিকে রক্ষা করতো, এবং দুইখানা টাগবোট, যা পানিতে কোনকিছু ঠেলাঠেলি বা টানাটানির কাজ করতো। পুরো ঘাঁটিটি জায়গা পরিবর্তন করতে পারতো; যখন যেখানে দরকার চলে যেত এবং মিশন শেষ করে আবার স্থান পরিবর্তন করতো। এখানে ঘাঁটির বড় জাহাজগুলির ড্রাফট ছিল ৮ফুট থেকে ১১ফুট, অর্থাৎ এই ঘাঁটি শুধু বড় নদীর মুখে অবস্থান করতো। এখানে উল্লেখযোগ্য যে মার্কিন নৌবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তৈরি করা অনেকগুলি জাহাজ ব্যবহার করেছে এই নদী-কেন্দ্রিক বাহিনী তৈরি করতে। জাহাজ এবং ছোট বোটের এই বাহিনী ছিল নৌবাহিনীর অধীনে, কিন্তু এদের দ্বারা পরিবাহিত সেনারা ছিল মার্কিন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের। মেকং নদীর বদ্বীপে এসল্ট অপারেশন চালানোর জন্যে TF-117-কে তৈরি করা হয়েছিল। তবে এই বাহিনী নদীতে পাহাড়ার কাজ করতো না; সেই কাজ করতো Task Force 116 (TF-116). এসল্ট ফোর্সের কাজ শুরুর আগেই এই TF-116 কাজ শুরু করে।
 
গ্লাস-ফাইবারে তৈরি ৩১ ফুট লম্বা Patrol Boat River (PBR) ভিয়েতনাম যুদ্ধের সময়ে সবচাইতে বেশি সংখ্যক তৈরি করা হয়েছিল। এগুলি সর্বক্ষণ মেকং নদীর বদ্বীপ পাহাড়া দিতো। আর মাত্র ৯ইঞ্চি গভীর পানিতে চলতে পারতো!

মেকং রিভার প্যাট্রোল

TF-116 বা River Patrol Force কাজ করা শুরু করে ১৯৬৬ সাল থেকে। এর প্রধান বোট ছিল গ্লাস-ফাইবারে তৈরি ৩১ ফুট লম্বা Patrol Boat River (PBR). ওয়াটার জেটে চলা এই বোটগুলি মাত্র ৯ ইঞ্চি পানিতে চলতে সক্ষম ছিল! অস্ত্র হিসেবে এই বোটগুলি ১২.৭মিমি এবং ৭.৬২মিমি মেশিন গান এবং গ্রেনেড লঞ্চার ব্যবহার করতো। এসল্ট ফোর্সের বোটগুলি যেখানে ঘন্টায় ১২ থেকে ১৬ নটিক্যাল মাইলের বেশি গতিতে চলতে পারতো না, সেখানে এই ছোট্ট PBR বোটগুলি ২৫ থেকে ২৯ নটিক্যাল মাইল বেগে চলতে পারতো। ভিয়েতনামি গেরিলাদের ব্যবহার করা বোট এরা তাড়া করতো; তাদেরকে নদীর মাঝে ও পাড় ঘেঁষে ধাওয়া করতো; সারাদিন ধরে নদীতে টহল দিয়ে ছোট-বড় সকল নৌকায় অস্ত্র, সামরিক জনবল ও অন্যান্য সাপ্লাই-এর চালান ধরার জন্যে তল্লাশি করতো। অত্যন্ত অগভীর নদী-নালাও এদের প্যাট্রোল থেকে রক্ষা পেত না। ভিয়েতনামে যুদ্ধ করার উদ্দেশ্যে ২৫০টি এরকম বোট তৈরি করা হয়েছিল। মোট পাঁচটি River Division পাঁচটি স্থান (নদীর তীর বা ভাসমান কোন ঘাঁটি) থেকে অপারেট করতো, যেগুলির একেকটিতে দুইটি করে সেকশন থাকতো। একেকটি সেকশনে ১০টি করে এভাবে ২০টি বোট থাকতো প্রতি ডিভিশনে। এগুলিকে সাপোর্ট দেবার জন্যে ৫টি জাহাজ মোটামুটি সবসময়েই প্রস্তুত ছিল। এই জাহাজগুলি ছিল সেই TF-117-এর ঘাঁটির মতোই, অর্থাৎ কেন্দ্রে থাকতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তৈরি করা ট্যাঙ্ক ল্যান্ডিং শিপ, যেগুলিকে পরিবর্তন করে ব্যবহার করা হয়েছিল। এই জাহাজগুলির ডেকের উপরে হেলিপ্যাড বসানো হয়েছিল যেখান থেকে হেলিকপ্টারে করে সৈন্য পাঠানো হতো।
  
মার্কিন নৌবাহিনী তাদের বেশকিছু ল্যান্ডিং শিপকে রকেট লঞ্চার দিয়ে সাজিয়ে ফায়ার সাপোর্ট শিপ বানিয়ে ফেলে। এই জাহাজগুলি উভচর অভিযানের সময়ে বেশ ব্যাপক পরিমাণে ধ্বংসজজ্ঞ চালাতে সক্ষম ছিল।


মেকং-এর মাইন সুইপার এবং ফায়ার সাপোর্ট শিপ

TF-116 এবং TF-117-এর যে ফোর্সগুলির কথা বলা হয়েছে, তা ছাড়াও মেকং বদ্বীপ অঞ্চলে স্পেশাল ফোর্সের সৈন্যরা অপারেট করতো। এরা আলাদা ঘাঁটিতে থাকতো এবং বিভিন্ন ধরনের নৌযান ছাড়াও হেলিকপ্টার ব্যবহার করতো। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে নদী-কেন্দ্রিক বাহিনী তৈরিতে, যেটা মেকং বদ্বীপ অঞ্চলে দেখা গিয়েছিল। TF-116-এর অধীনে ছিল Mine Division 112 (Mine Squadron 11, Detachment Alpha), যার কাজ ছিল প্রধান সমুদ্রবন্দর সায়গনের সাথে সমুদ্রের সংযোগ করা প্রধান নদীপথকে মাইন থেকে মুক্ত রাখা। ৫৭ ফুট লম্বা কাঠের তৈরি Mine Sweeping Boat (MSB)-গুলি দেখতে পল্কা হলেও এগুলির কাজ ছিল খুবই গুরুত্বপূর্ণ। নদীতে মাইনসুইপিং করে এরা সমুদ্রবন্দরকে সচল রেখেছিল। মার্কিনীরা অনেক ধরনের মাইনসুইপারের সাথে এই MSB-গুলি তৈরি করেছিল ১৯৫০-এর দশকে কোরিয়ার যুদ্ধের সময়ে।

রিভার এসল্ট ফোর্সের জন্যে ফায়ার সাপোর্ট দিতে গিয়ে মার্কিন সেনাবাহিনী এক সমস্যায় পড়ে। মেকং-এর জংলা যায়গার মাটিতে আর্টিলারি ফায়ার করার পরে নরম মাটিতে ডুবেই যেত। তাই তারা কিছু পন্টুন ডিজাইন করে, যেগুলি টাগবোট দিয়ে টেনে নিয়ে বিভিন্ন সুবিধাজনক যায়গায় নিয়ে যেত এবং সেখান থেকে ইনডিরেক্ট ফায়ার সাপোর্ট দিত। তবে এই বাইরেও উপকূলের কাছাকাছি ফায়ার সাপোর্ট দিতে তাদের ছিল ফায়ার সাপোর্ট শিপ।

ভিয়েতনাম যুদ্ধে মার্কিন নৌবাহিনীর সবচাইতে আলাদা রকম ইউনিটগুলির অন্যতম ছিল Inshore Fire Support Division 93 (IFSDIV93), যেটার দায়িত্ব ছিল উভচর অভিযানের সময় স্থলভাগের উপরে গোলাবর্ষণ। এই ইউনিটের ফ্ল্যাগশিপ ছিল USS Carronade, যেটা কিনা ১৯৫০-এর দশকে কোরিয়ার যুদ্ধের অভিজ্ঞতা থেকে ডিজাইন করা হয়েছিল এই কাজের জন্যেই। ৭৫ মিটার লম্বা এই জাহাজ প্রতি মিনিটে ২৪০টা আর্টিলারি রকেট নিক্ষেপে সক্ষম ছিল। এর সাথে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তৈরি ৬৩ মিটার লম্বা তিনটি Landing Ship Medium (Rocket) বা LSM(R); এগুলিও সমান সংখ্যক রকেট নিক্ষেপ করতে পারতো। চারটি জাহাজেই রকেটের সাথে সাথে একটি করে ৫ ইঞ্চি কামান ছিল। LSM(R)-গুলি কোরিয়ার যুদ্ধে ব্যবহৃত হয় এবং যুদ্ধশেষে ডিকমিশন করে ফেলা হয়। ভিয়েতনামে এই জাহাজগুলি আবারও ব্যাপকভাবে ব্যবহার হলেও যুদ্ধক্ষেত্র থেকে ফেরার সাথে সাথেই ডিকমিশন করে ফেলা হয়। 

  
আমেরিকান গৃহযুদ্ধের সময়ে তৈরি রিভার মনিটর। মার্কিনীরা রিভারাইন ফোর্স গঠন করেছে বেশ কয়েকবার, কিন্তু কখনোই সেটা রেখে দেয়নি; প্রতিবারই ভেঙ্গে ফেলেছে। তারা দরকার হাজির হলেই কেবল রিভারাইন ফোর্স গঠন করেছে।
 
রিভারাইন ফোর্সের স্থায়িত্ব – মার্কিনী বনাম কলম্বিয়া/রোমানিয়া/সার্বিয়া

উপরে বর্ণিত মার্কিনীদের বেশিরভাগ বোটের ক্ষেত্রেই দেখা গেছে যে তারা সেগুলিকে কাজ শেষ হয়ে গেলেই অবসরে পাঠিয়ে দিয়েছে বা বিক্রি করে দিয়েছে। মার্কিনীরা কখনোই সবসময়ের জন্যে নদী-কেন্দ্রিক বাহিনী ধরে রাখতে চায়নি। ১৮৩৫ থেকে ১৮৪২ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে আদিবাসীদের সাথে সংঘটিত Second Seminole War-এ আমেরিকা প্রথম রিভার ফোর্স তৈরি করে। যুদ্ধ শেষে সেটা তারা রাখেনি। এরপরে ১৮৬১ থেকে ১৮৬৫ সালের আমেরিকান গৃহযুদ্ধের সময়েও রিভার ফোর্স তৈরি করা হয়; সেটাও যুদ্ধ শেষে রাখা হয়নি। তাদের এই চিন্তাটা কলম্বিয়া বা রোমানিয়ার বাহিনী থেকে পুরোপুরি আলাদা। আমরা এখানে সার্বিয়ার কথাও আনতে পারি। দানিয়ুব নদী রোমানিয়া থেকে সার্বিয়ায় ঢুকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের উপর দিয়ে গিয়ে হাঙ্গেরীতে ঢুকেছে। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই দানিয়ুব এবং সাভা নদী রক্ষায় নৌবাহিনী নিয়োজিত করেছিল। বিশ্বযুদ্ধের সময়ে সার্বিয়ার বিদ্রোহীরা জার্মান-অধিকৃত সার্বিয়াতে দানিয়ুবের নদীপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতো। যুদ্ধের পর থেকে যুগোস্লাভিয়া এবং পরে সার্বিয়ানরা প্যাট্রোল বোট, এসল্ট ল্যান্ডিং ক্রাফট এবং মাইনসুইপার তৈরিতে বেশ গুরুত্ব দিতে থাকে। ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে তারা প্রতিবেশী দেশ হাঙ্গেরীতে তাদের তৈরি ৩.৫ ফুট ড্রাফটের Nestin-class রিভার মাইনসুইপার বিক্রিও করে। নদীর মাইনসুইপারের ব্যাপারটা সার্বিয়ানদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে নদীপথের অর্থনৈতিক গুরুত্ব বেশি। ভিয়েতনাম যুদ্ধে মার্কিনীরা মাইনসুইপার ব্যবহার করেছিল একই গুরুত্বপূর্ণ কাজে; কিন্তু তারা সার্বদের মতো এই চিন্তাটাকে স্থায়িত্ব দেয়নি। ‘দরকার হলে তৈরি করে নেব’ –এই ধরনের একটা প্রবণতা তাদের মাঝে বিরাজ করেছে; আজও করছে। ২০০৫ সালের দিকে এসে নদী-কেন্দ্রিক এই চিন্তাটা তাদেরকে আবারও ধরে বসেছে; অর্থাৎ তাদের আবারো দরকার পড়েছে।
  
২০০৩ সালে ইরাক দখলে পর মার্কিনীরা আবারও রিভারাইন ফোর্সের গুরুত্ব বুঝতে শুরু করেছে। এবার তারা কোস্টাল এবং রিভারাইন একত্রে ডেভেলপ করছে। এর জন্যে তাদের রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা।

বাগদাদ থেকে ঢাকা……

২০০৩ সালে ইরাক দখল করে নেবার পরে ইরাকে মার্কিন বাহিনী বুঝতে শেখে যে তাদের জন্যে ইউফ্রেটিস নদী নিয়ন্ত্রণের একটা বাহিনী দরকার। বেশ তাড়াহুড়া করেই ভিয়েতনাম যুদ্ধের রিভারাইন ফোর্সের আদলে তারা আবারও সেই বাহিনী গঠন করে। Riverine Squadron 1 (RIVRON-1) নামের প্রথম ইউনিটটিকে ২০০৭ সালের মার্চে ইরাকের হাদিথা বাঁধ রক্ষার্থে পাঠানো হয়। ২০১২ সালের জুনে মার্কিন ম্যারিন কোরের Marine Expeditionary Security Group (MESG)-2-এর সাথে মিলে গিয়ে Coastal Riverine Force (CORIVFOR) তৈরি করা হয়। এর দায়িত্ব বর্তায় নদী এবং সমুদ্রবন্দর, উপকূলীয় স্থাপনা এবং মার্কিনীদের জন্যে গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় নৌপথের নিরাপত্তা দেওয়া। অর্থাৎ একদিকে যেমন নৌবাহিনী ও ম্যারিন কোরের সমন্বয়ে এই ফোর্স তৈরি করা হলো, তেমনি উপকূলীয় এবং নদীর অপারেশনকে একত্রে হিসেব করা শুরু হলো। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্যে নদী-কেন্দ্রিক যুদ্ধ নতুন না হলেও আজকের এই সেনাদের জন্যে নতুন; তাদের শিখতে হচ্ছে সবকিছুই। ইরাকে মোতায়েনের মাধ্যমে প্রতি নিয়তই তারা অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকে। ভিয়েতনামের মতোই এই ফোর্সের মুখরোচক নাম হয় “Brown Water Navy”.

এসময়েই প্রশ্ন উত্থাপন করা হয় এই বাহিনীর স্থায়িত্ব নিয়ে। তাদের সামরিক চিন্তাবিদদের মাঝে যে প্রশ্নটি আসে তা হলো – আমরা কি এই বাহিনীকে শুধু ইরাকের জন্যেই তৈরি করছি, নাকি বাকি বিশ্বে ব্যবহার করার কথা মাথায় রেখে একে সেভাবেই ডিজাইন করবো? মার্কিনীরা দ্বিতীয় অপশনটাকেই বেছে নিয়েছে। ২০০৬ সালের মার্চে তৈরি করা এক রিপোর্টে রিভার ফোর্স কেমন হওয়া উচিত, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতার আলোকে বিশ্বের ৩৮টি দেশের একটি লিস্ট তৈরি করা হয়, যেসব দেশের নদী এবং ততসংলগ্ন এলাকা নিয়ন্ত্রণ করার জন্যে তাদের রিভারাইন ফোর্স কতটুকু প্রস্তুত, সেটার উত্তর খোঁজা হয়। লিস্টে যেসব দেশের নদীপথ বেশি লম্বা এবং যেসব দেশের বদ্বীপ অঞ্চল বেশি বড়, অর্থাৎ যেগুলি নিয়ন্ত্রণ করতে অনেক বড় ফোর্স লাগতে পারে, সেগুলিকে আলাদাভাবে হাইলাইট করা হয় এই বলে যে সেগুলিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মতো যথেষ্ট শক্তি তাদের নেই এবং ভবিষ্যতেও সেইসব দেশের সরকার ও মানুষের সাহায্য ব্যতীত ওইসব নদী-অঞ্চল নিয়ন্ত্রণ করা কঠিন। “গ্যাপ কান্ট্রি” বলে পরিচিত এই দেশগুলিতে ভবিষ্যত অপারেশনের কথা মাথায় রেখেই তারা তাদের হিসেব কষে। নদীপথের মোট দৈর্ঘ্য বিবেচনায় প্রথম সাড়ির ২২টি দেশের মাঝে বাংলাদেশের নাম রয়েছে প্রথম দশের ভেতরে। আর আরেকটি লিস্ট করা হয়েছে বদ্বীপের আকার (বর্গ কিঃমিঃ) হিসেবে, যেখানে রয়েছে মাত্র ১০টি দেশের নাম। এই লিস্টে বাংলাদেশের নাম ‘এক’ নম্বরে! আমাদের বদ্বীপ এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে আমরা যত উদাসীনই হই না কেন, দুনিয়ার উল্টোপাশে যুক্তরাষ্ট্র কিন্তু বেশ চিন্তিত। ২০০৮ সালে যুক্তরাষ্ট্র তাদের রাজনৈতিক ও সামরিক নীতি অনুসারে বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স Special Wardare Diving Slvage (SWADS) গড়তে সহায়তা করে। বাংলাদেশের নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে তারা বেশ নিয়মিতই Metal Shark 38 Defiant, SafeBoats 25ft Defender আর Rigid Hull Inflatable Boat (RHIB) সিরিজের ছোট দ্রুতগামী বোট দিয়ে যাচ্ছে, আবার একই সাথে নিয়মিত যৌথ মহড়াও চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজির সাথে সমন্বয় করে এগুনোর ফলে আমাদের স্বার্থ যতটা না রক্ষিত হচ্ছে, তার চাইতে বেশি লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের বদ্বীপের কতটুকু যে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, সেটা বরং আজ চিন্তা করার সময় এসেছে। এদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 
বাংলাদেশের নদীগুলি দেশের মাঝ দিয়ে ধমনীর মতো প্রবাহিত এবং একইসাথে দেশের স্থলভাগকে সুঁই-সূতা দিতে সেলাই করে রেখেছে। এদেশে রিভারাইন ফোর্স থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার হবার কথা ছিল; কিন্তু তা হয়নি। আমাদের চিন্তা ভুল পথে প্রবাহিত হওয়াটাই এর জন্যে দায়ী।

 
যমুনা নদীর অর্থনৈতিক গুরুত্ব এবং এর নিরাপত্তা

চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী আর খুলনা অঞ্চলের ম্যারিটাইম গুরুত্ব মোটামুটি অনেকেই বোঝেন। তবে এর সাথে এই অঞ্চলগুলির নিরাপত্তা নিয়ে খুব একটা ভাবেন না। আর এই অঞ্চলগুলির বাইরের অঞ্চলগুলির নৌ-নিরাপত্তার কোন অস্তিত্বই নেই তাদের কাছে। এই দেশের অভ্যন্তরে ৯০% জ্বালানি তেল পরিবাহিত হয় নৌপথে। উজানে বেশিরভাগ নদীতে বাঁধ দেওয়ার ফলে নদীতে নাব্যতার যে সংকট দেখা দিয়েছে, তার মাঝেও নদীপথের গুরুত্ব যথেষ্ট পরিমাণে কমেনি। বরং এখন অনেকেই নদীপথের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশংকায় নতুন কর্মপদ্ধতি দেখতে চাইছেন। নদী ড্রেজিং-এর মাঝেই সমাধান যে নিহিত, সেটা আজ অনেকেই বুঝতে পারছেন। বাংলাদেশের নদীগুলির প্রকৃত গুরুত্ব খুঁজতে তাকাতে হবে দেশের মধ্যে ধমনীর মতো করে প্রবাহিত পদ্মা-মেঘনা-যমুনার দিকে। যমুনা দিয়েই শুরু করা যাক।

উত্তরাঞ্চলে দেশের বিশাল শস্যক্ষেতে রাসায়নিক সারের সাপ্লাই দিতে সবচাইতে গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে বাঘাবাড়ি ঘাট এবং তার সাথে সেকেন্ডারি গুরুত্বে রয়েছে নগরবাড়ি ঘাট। উত্তরাঞ্চলে সেচের জন্যে জ্বালানি তেলের সরবরাহও বাঘাবাড়ি দিয়েই হয়। শুষ্ক মৌশুমে বাঘাবাড়ি পর্যন্ত নাব্যতা রক্ষা বর্তমানে একটা বড় সমস্যা। সেখান থেকে উত্তরে নাব্যতা আরও অনেক খারাপ। গাইবান্ধা এবং কুড়িগ্রাম অঞ্চলে যমুনা নদীতে একসময় তেলের ডিপো ছিল, যা এখন নাব্যতার অভাবে অকার্যকর। তেলের সাপ্লাই নিশ্চিত না হওয়ায় উত্তরাঞ্চলে তেলের উপরে নির্ভর করে বিদ্যুত কেন্দ্র স্থাপন করা সম্ভব হচ্ছে না। জামালপুরের বাহাদুরাবাদ থেকে যমুনা পাড় হয়ে গাইবান্ধার ফুলছড়িঘাট ও বালাসিঘাট পর্যন্ত রেলওয়ের ফেরি ছিল (এখনও আছে), যা এখন নাব্যতার অভাবে কাজ করছে না। উত্তরাঞ্চলের বিখ্যাত নদীবন্দর কুড়িগ্রামের চিলমারী এবং বগুড়ার সারিয়াকান্দিরও শুষ্ক মৌশুমে একই অবস্থা হয়; তবে বর্ষায় এই বন্দরগুলিতে পানি থাকে। যমুনার পূর্বপাড়েও রয়েছে গুরুত্বপূর্ণ বন্দর গুঠাইল বাজার। এই বন্দরগুলি কৃষিজ পণ্যের জন্যে বিখ্যাত। জামালপুরের সরিষাবাড়ির জগন্নাথগঞ্জে রেলওয়ের ফেরিঘাট রয়েছে, যা যমুনা সার কারখানার সাথে যুক্ত, কিন্তু নাব্যতার কারণে এটা এখন অকার্যকর। তিস্তা নদীর নাব্যতার অবস্থাও যা-তা; তাই রংপুরকে নদীপথে দেশের বাকি অঞ্চলের সাথে যুক্ত করা যাচ্ছে না। দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করার জন্যে যমুনা নদীতে নাব্যতা বৃদ্ধি করা ছাড়া কোন গত্যন্তর নেই। ব্যাপক খননের মাধ্যমে যমুনা নদীকে অর্থনৈতিকভাবে পুরোপুরি ব্যবহার করতে গেলে সেখানে নিরাপত্তার প্রশ্নটাও এসে যাবে। নদীপথ, নদীবন্দর, গুরুত্বপূর্ণ স্থাপনা (যেমন যমুনা নদীতে বর্তমান বঙ্গবন্ধু সেতু এবং ভবিষ্যতের অন্যান্য সেতু) পাহাড়া দিতে রিভার প্যাট্রোল বা নৌটহলের ব্যবস্থা করতে হবে। দেশের দক্ষিণাঞ্চলের নদীতে কোস্ট গার্ড এবং নৌবাহিনী বর্তমানে যেভাবে টহল দিচ্ছে সেভাবে যমুনাতেও টহলের ব্যবস্থা করতে হবে। কুড়িগ্রামের পূর্বে যমুনাতে সীমানা টহলও এই ফোর্সের কাজ হওয়া উচিত। আলাদা ম্যারিটাইম জোন গঠন করতে হবে এই টহলের জন্যে। বর্তমানে কোস্ট গার্ড এই দায়িত্ব পালন করছে বলে তারাই এই কাজের জন্যে সবচাইতে উপযুক্ত বলে মনে হয়। Harbour Patrol Boat (HPB), High-Speed Patrol Boat (HSPB) ছাড়াও একেবারে অগভীর পানিতে চলার জন্যে উপযোগী বোট এই নদীপথ, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং নদীবন্দরগুলির আশেপাশে টহলে দরকার হবে। বাংলাদেশের শিপইয়ার্ডগুলি এধরনের বোট এখন তৈরি করছে।

রিভারাইন ফোর্স (যমুনা)

তবে যমুনাতে টহলই সব নয়। এই নদী দেশের পশ্চিমাঞ্চলের সাথে মধ্যাঞ্চলের সেলাই-সদৃশ। এই সেলাইকে তখনই সেলাই বলা যাবে যখন যে কোন স্থান দিয়ে সামরিক বাহিনীর নদী পারাপারের সুবন্দোবস্ত থাকবে। এর জন্যে দরকার হবে রিভার এসল্ট ফোর্স। যেকোন সময়ে নদী পারাপার নিশ্চিত করা এবং নদীর দুই পাড় নিরাপদ রাখাই হবে এই ফোর্সের প্রধান কাজ এবং এগুলি হবে মূলত বিভিন্ন ল্যান্ডিং ক্রাফট, যেমন LCT, LCU, LCM, LCVP ইত্যাদি, যা নৌবাহিনীই সবচাইতে ভালো হ্যান্ডেল করতে পারবে। এগুলির সংখ্যা এবং আকার হওয়া উচিত কি পরিমাণ সৈন্য এবং রসদ একবারে পরিবহণ করা হবে, সেটার উপরে। এই এসল্ট ফোর্সের সেনারা আসা উচিত সেনাবাহিনী থেকে, যেটা নদীর দুই পাড়ের সেনাবাহিনীর সাথে কাজ করা সহজ করবে। তবে শুধুমাত্র যমুনা সেতু রক্ষার জন্যে গঠিত ৯৮ কম্পোজিট ব্রিগেড যমুনা নদীর পুরো দৈর্ঘ্যের জন্যে যথেষ্ট না-ও হতে পারে। যমুনায় অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেগুলির নিরাপত্তা দিতে গিয়ে এই ফোর্সের একটি থেকে তিনটি সিকিউরিটি ব্যাটালিয়ন লেগে যেতে পারে। এদের প্রধান কাজ হবে হার্বার ডিফেন্স বা নদীবন্দর রক্ষা। এক্ষেত্রে বন্দরের ভিতরে এবং বাইরে নিরাপত্তা দেওয়াই হবে এই অংশের কাজ। সাথে ৯৮ কম্পোজিটের মতো সেতু রক্ষাও হবে এর দায়িত্ব। এসল্ট ফোর্স হওয়া উচিত আলাদা এবং এর আদর্শ আকৃতি হতে পারে একটা মোবাইল ব্রিগেড।

একই সাথে উভচর অপারেশনে সাহায্য করার জন্যে স্পেশাল ফোর্সের বোটেরও (জিআরপি-তে তৈরি) একটা গ্রুপ দরকার হবে, যে ধরনের বোটের কথা শ্রীলঙ্কা নিয়ে পোস্টে লিখেছি। আর এই রিভার এসল্ট ফোর্সের ফায়ার সাপোর্ট আসবে কিছু ফায়ার সাপোর্ট জাহাজ থেকে, যেগুলি নৌবাহিনীর কাছে থাকাটাই সমীচিন হবে। আমরা এর জন্যে তাকাতে পারি রোমানিয়ার রিভার মনিটরগুলির দিকে। আবার ভিয়েতনামে মার্কিনীদের ব্যবহৃত রকেট ফায়ার সাপোর্ট শিপও আমরা দেখতে পারি, যা কিনা অপেক্ষাকৃত সহজ হবে ডিজাইন করা, কারণ ল্যান্ডিং ক্রাফট ডিজাইন এমনকি বাণিজ্যিক পরিবহণ জাহাজের নকশা পরিবর্তন করেই এটা বানানো সম্ভব। আমাদের দেশের শিপইয়ার্ডগুলি যেহেতু ল্যান্ডিং ক্রাফট তৈরি করে, তাই এটা খুব একটা কঠিন কাজ হবার কথা নয়। ৩ থেকে ৪টা রিভার মনিটর নদীর প্রায় পুরো দৈর্ঘ্যেই নিরাপত্তা দিতে পারবে বলে আশা রাখি। তবে আমাদের এই মনিটরে আমি এন্টি-ট্যাঙ্ক মিসাইল রাখার পক্ষপাতি, যেহেতু সরাসরি স্থলভাগের শত্রুর সাথে সংঘর্ষের একটা সম্ভাবনা এখানে থাকবে। আর এগুলিকে এসল্ট রিভার ক্রসিং অপারেশনে ইনডিরেক্ট ফায়ার সাপোর্টের ক্ষেত্রে সহায়তা করতে পারে একই সংখ্যক রকেট ফায়ার সাপোর্ট শিপ।

রিভারাইন ফোর্সের আরেকটা অংশ গুরুত্বপূর্ণ, যেটা উপরে সার্বিয়ার দানিয়ুব রক্ষার কথা বলতে গিয়ে আলোচনা করেছি, তা হলো মাইনসুইপার। যমুনার প্রতিটি নদীবন্দর মাইনিং করা সম্ভব, কাজেই এগুলিকে মাইন থেকে রক্ষা করাটাও খুবই গুরুত্বপূর্ণ। নদীর অগভীর পানিতে অপারেট করতে সক্ষম মাইনসুইপার এই ফোর্সের অংশ হওয়া উচিত। মাইন পরিষ্কার না করতে পারলে নদীপথ তো অনিরাপদ হতেই পারে, সাথে এসল্ট ফোর্সও বিপদে পড়তে পারে। এই মাইনসুইপারগুলি শান্তিকালীন সময়ে টহল এবং সার্ভের কাজে লাগানো যেতে পারে। ৪ থেকে ৬টি মাইনসুইপার যমুনার জন্যে যথেষ্ট হতে পারে। যমুনার জন্যে উপসংহারে বলা যায় যে, “রিভারাইন ফোর্স (যমুনা)”-তে থাকা উচিত –

- রিভার প্যাট্রোল ফোর্স (HSB, HSPB, other boats, logistical boats, shore bases)

- রিভার এসল্ট ফোর্স (রিভার এলিমেন্ট) (LCT, LCU, LCM, LCVP)

- রিভার এসল্ট ফোর্স (গ্রাউন্ড এলিমেন্ট) (1 independent army brigade)

- ফায়ার সাপোর্ট গ্রুপ (3-4 river monitors, 3-4 rocket fire support ships)

- স্পেশাল ফোর্স বোট গ্রুপ (Special ops forces and GRP boats)

- মাইনসুইপার ফোর্স (4-6 river minesweepers) এবং

- হার্বার ডিফেন্স (2-3 security battalions)।

রিভারাইন ফোর্স (পদ্মা-মহানন্দা)

যমুনা নদীর এই মডেল আমরা মোটামুটিভাবে কপি করতে পারি পদ্মা, মহানন্দা এবং সুরমা নদীর ক্ষেত্রে। যমুনার মতোই এই নদীগুলিতেও খনন করাটা জরুরি। পদ্মা নদীর পশ্চিমাংশের (পাবনা থেকে পশ্চিমে) কথাই এখানে প্রধানত উল্লেখ করতে চাই। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলকে দক্ষিণাঞ্চলের সমুদ্রবন্দরের সাথে সেলাই করে যুক্ত করেছে এই নদী। পাকশীতে দুইটি সেতু (হার্ডিঞ্জ এবং লালন শাহ সেতু) রয়েছে এই নদীতে, যেগুলির নিরাপত্তা খুবই জরুরী। পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট রয়েছে এই নদীতে। এর সাথে যোগ হচ্ছে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র এবং ভবিষ্যতের গঙ্গা ব্যারেজ। পরের দুইটি স্থাপনা তৈরি হলে নদীর গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে। গঙ্গা ব্যারেজ হয়ে গেলে রাজশাহী এবং কুষ্টিয়াসহ বেশ কিছু শহর দেশের অন্যান্য অঞ্চলের সাথে নদীপথে যুক্ত হবে। পদ্মা নদীতে সীমানা টহলের ব্যাপারটাও থাকছে। আর মহানন্দা নদী পদ্মার সাথেই যুক্ত, কাজেই একে আলাদা করে দেখার সুযোগ কম। পদ্মার কথা চিন্তা করে “রিভারাইন ফোর্স (পদ্মা-মহানন্দা)”-তে আমরা যমুনার কপি হিসেবে দেখাতে পারি –

- রিভার প্যাট্রোল ফোর্স (HSB, HSPB, other boats, logistical boats, shore bases)

- রিভার এসল্ট ফোর্স (রিভার এলিমেন্ট) (LCT, LCU, LCM, LCVP)

- রিভার এসল্ট ফোর্স (গ্রাউন্ড এলিমেন্ট) (1 independent army brigade)

- ফায়ার সাপোর্ট গ্রুপ (3-4 river monitors, 3-4 rocket fire support ships)

- স্পেশাল ফোর্স বোট গ্রুপ (Special ops forces and GRP boats)

- মাইনসুইপার ফোর্স (4-6 river minesweepers) এবং

- হার্বার ডিফেন্স (1-2 security battalions)।



রিভারাইন ফোর্স (হাওড়)

অন্যদিকে সিলেটের সুরমা নদী এখনই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে খনন করা হলে এর গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পাবে। সুনামগঞ্জের জামালগঞ্জে ফসলের ক্ষেতে সেচের জন্যে জ্বালানি তেলের ডিপো রয়েছে, আবার সিলেট শহরের দক্ষিণেও রয়েছে রেলের সরবরাহের অধীনে জ্বালানি তেলের ডিপো, যেখানে বিমানের জ্বালানি রাখা হয়। এর পুরোটাই সুরমা নদী ব্যবহার করে করা যায়। এখন সুরমা নদী দিয়ে মূলত বালু, পাথর, কয়লা এবং ছাতকের সিমেন্ট কারখানার সিমেন্ট পরিবহণ হচ্ছে। ঠিকমতো ব্যবহার করা গেলে এই নদী বৃহত্তর সিলেট, তথা সুনামগঞ্জ-নেত্রকোনা-কিশোরগঞ্জের পুরো হাওড় অঞ্চলের অর্থনৈতিক চাবি হতে পারে। তখন হাওড়ে একটা শক্তিশালী রিভা্রাইন ফোর্স দরকার হবে। এই নদী এবং হাওড় যেহেতু অতি গুরুত্বপূর্ণ মেঘনা নদীর সাথে যুক্ত, তাই এর অপারেটিং এরিয়াও বেশ বড় হবে – একেবারে নোয়াখালী থেকে সিলেট পর্যন্ত পুরো নদীপথ। চট্টগ্রাম-ঢাকা নৌপথ এটি। এর মাঝে চাঁদপুর, মেঘনাঘাট, ভৈরব, আখাউড়া, গজারিয়া-এর মতো গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে; রয়েছে মেঘনার উপরে এখন পর্যন্ত তৈরি করা চার-চারটি সেতু। ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেটের সড়ক ও রেলপথ এই নদীর উপর দিয়ে গিয়েছে। আবার একইসাথে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ ফেরী এই নদীর এপাড়-ওপাড় করছে।

তবে হাওড় অঞ্চল হবার কারণে এখানে বড় জাহাজের সংখ্যা বাড়ানো কঠিন হবে, এবং অপেক্ষাকৃত কম ড্রাফটের বোট বেশি ব্যবহার করতে হবে। এখানে উত্তর-পূর্বের সীমানা পর্যন্ত সবক্ষেত্রে বড় নদী না থাকায় মনিটর বাদ দিয়ে, এবং এলাকা বিশাল থাকায় একটা অতিরিক্ত ব্রিগেডের কথা আমরা চিন্তা করতে পারি। তবে এক্ষেত্রে লজিস্টিক সাপ্লাইয়ের জন্যে বেশি বোট লাগতে পারে, কারণ অনেক স্থানেই বর্ষাকালে সাপ্লাই পাঠানোর একমাত্র উপায় হয়ে দাঁড়াবে নৌপথ। এগুলি শান্তিকালীন সময়ে সাধারণ পরিবহণের কাজ করতে পারে।

“রিভারাইন ফোর্স (হাওড়)”-এ থাকা উচিত –

- রিভার প্যাট্রোল ফোর্স (HSB, HSPB, other boats, logistical boats, shore bases)

- রিভার এসল্ট ফোর্স (রিভার এলিমেন্ট) (LCT, LCU, LCM, LCVP)

- রিভার এসল্ট ফোর্স (গ্রাউন্ড এলিমেন্ট) (2 independent army brigades)

- ফায়ার সাপোর্ট গ্রুপ (6-8 rocket fire support ships)

- স্পেশাল ফোর্স বোট গ্রুপ (Special ops forces and GRP boats)

- মাইনসুইপার ফোর্স (6-8 river minesweepers)

- রিভার লজিস্টিক গ্রুপ (shallow-draft transport ships) এবং

- হার্বার ডিফেন্স (2-3 security battalions)।



রিভারাইন ফোর্স (ম্যানগ্রোভ)

এরপরে আসি খুলনা অঞ্চলের দিকে। এই লম্বা আলোচনার শুরুর দিকে কলম্বিয়ার রিভার ফোর্স নিয়ে কথা বলেছি। তাদের PAF জাহাজগুলিকে কেন্দ্র করে গঠিত রিভার এসল্ট ফোর্সগুলি জংলা যায়গায় বেশি কার্যকর, যেখানে বড় ধরনের সেনাবাহিনীর মোকাবিলা করার সম্ভাবনা কম। ঠিক এই অবস্থাটাই বিরাজ করছে সুন্দরবনসহ বৃহত্তর খুলনা অঞ্চলে। এখানে সীমানা পাহাড়া দেওয়া ছাড়াও রয়েছে মংলা বন্দর এবং এর আশেপাশের স্থাপনাগুলিকে রক্ষার বিরাট দায়িত্ব। এখানে রিভারাইন ফোর্স গঠন করতে গেলে যমুনা-পদ্মা-সুরমার এসল্ট ফোর্সের স্থানে কলম্বিয়া-স্টাইলের এসল্ট ফোর্স বেশি কার্যকর হতে পারে। অপেক্ষাকৃত কম ড্রাফটের বোটও এখানে বেশি দরকার হবে। ৩ থেকে ৪টি রিভার এসল্ট গ্রুপ এখানে তৈরি করা যেতে পারে, যেগুলির কেন্দ্রে থাকবে একটি করে কলম্বিয়া-স্টাইলের এসল্ট সাপোর্ট শিপ এবং সাথে একটি করে স্পেশাল ফোর্স-এর বোট গ্রুপ। আমরা আমাদের এলস্ট সাপোর্ট শিপে এন্টি-ট্যাঙ্ক মিসাইল রাখতে পারি নদীপথে কর্তৃত্ব রাখতে। কলম্বিয়ার PAF-এর মতো জাহাজে স্পেশাল ফোর্সের সদস্যদের থাকার জায়গা থাকলে ম্যানগ্রোভ অঞ্চলে অপারেট করতে অনেক সুবিধা হবে। আর যেহেতু এই অঞ্চল অপেক্ষাকৃত দুর্গম, তাই এখানে ড্রোনসহ বিভিন্ন এয়ার এলিমেন্ট বেশি ব্যবহার করতে হতে পারে।

“রিভারাইন ফোর্স (ম্যানগ্রোভ)”-এ থাকা উচিত –

- রিভার প্যাট্রোল ফোর্স (HSB, HSPB, other boats, logistical boats, fixed & floating bases)

- ফায়ার সাপোর্ট গ্রুপ (3-4 assault support ships)

- স্পেশাল ফোর্স বোট গ্রুপ (3-4 Special ops groups with GRP boats)

- মাইনসুইপার ফোর্স (4-6 river minesweepers)

- ড্রোন এলিমেন্ট এবং

- হার্বার ডিফেন্স (1 security battalion)।

শেষবাক্য…

এছাড়াও বাংলাদেশে আরও বহু নদী এবং নদী-কেন্দ্রিক অঞ্চল আছে, যেগুলির গুরুত্বপূর্ণ অনেক। সেগুলিকে নিরাপত্তা দিতে হয়তো আলাদাভাবে রিভারাইন ফোর্স না-ও লাগতে পারে। কিছুদিন আগে দুবলার চরের নিরাপত্তার ব্যাপারে আলোচনা করেছিলাম এক পোস্টে। রিভারাইন ফোর্স গঠনে সেই গুরুত্বপূর্ণ দ্বীপের নিরাপত্তা সুসংগঠিত হতে পারে। আর ওই একই পোস্টে উল্লেখ করা নাফ নদী এখানে আলোচনায় আনছি না, কারণ সেটা উপকূলীয় নিরাপত্তার সাথে যুক্ত। সেটা নিয়েও লিখবো আশা রাখি।

বাংলাদেশের মাঝ দিয়ে ধমনীর মতো প্রবাহিত হওয়া প্রধান নদীগুলি দেশের স্থলভাগকে সুঁই-সূতা দিয়ে যত্ন করে সেলাই করে রেখেছে। আমরা যদি এই সেলাই দুর্বল করে বা খুলে ফেলতে চাই, সেটা আমাদের নিজেদেরই বিপদ। দুর্ভাগ্যজনক যে আমরা সেই সেলাইকে বরং সেলাই হিসেবে না দেখে ডিভাইডার হিসেবে দেখতে শিখেছি। এই চিন্তা পরিবর্তন না করতে পারলে রিভারাইন ফোর্সের গুরুত্ব অনুধাবন করা সম্ভব নয়। আর সেটা না করতে পারলে ভূরাজনৈতিক দিক থেকে আমরা মূর্খই থেকে যাবো। বঙ্গোপসাগরের সাথে যুক্ত সৃষ্টার অদ্ভূত সৃষ্টি এই নদীগুলির ভূরাজনৈতিক গুরুত্বকে না বুঝতে পারলে আমাদের সামনে যে ভবিষ্যত অপেক্ষা করছে, তা আমাদেরকে অবাক করবে বৈকি।