Showing posts with label F-16. Show all posts
Showing posts with label F-16. Show all posts

Friday, 2 June 2023

তুর্কি-মার্কিন সম্পর্ক… নির্ভরশীলতার খেলা

০২রা জুন ২০২৩

তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে পরিবর্তন করা 'এফ-১৬ ওজগুর', যা পুরোনো 'ব্লক-৩০' ভার্সনের 'এফ-১৬' পরিবর্তন করে করা হয়েছে। তুরস্ক ‘ব্লক-৩০’ ভার্সনের বিমানগুলিকে পরিবর্তন করতে পারলেও ‘ব্লক-৫০’ বিমানগুলিকে পরিবর্তন করার জন্যে ‘সোর্স কোড’ যুক্তরাষ্ট্র তুরস্ককে দেয়নি। একারণেই এই বিমানগুলির জন্যে ‘ভাইপার আপগ্রেড কিট’ চাইছে তুরস্ক। অতএব, যুক্তরাষ্ট্রের উপরে তুরস্কের নির্ভরশীলতা এখনই কেটে যাচ্ছে না এবং একইসাথে তুরস্কের পররাষ্ট্রনীতির উপর মার্কিন প্রভাবও চলে যাচ্ছে না।


গত ২৯শে মে তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তাইয়িপ এরদোগানকে নির্বাচন বিজয়ে অভিনন্দন জানাতে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলাপের বিষয়বস্তু তুলে ধরে বাইডেন সাংবাদিকদের বলেন যে, এরদোগান এখনও তুরস্কের জন্যে ‘এফ-১৬’ যুদ্ধবিমান নিয়ে কথা বলতে চান। তবে ওয়াশিংটন চাইছে সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি। বাইডেন এরদোগানকে বলেন যে, তারা এক সপ্তাহ পর আবারও কথা বলবেন। ‘ভয়েস অব আমেরিকা’র এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, এই প্রথম বাইডেন সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি এবং তুরস্কের জন্যে ‘এফ-১৬’ যুদ্ধবিমানের ইস্যুদু’টাকে একত্রে নিয়ে এসে কথা বললেন। তবে হোয়াইট হাউজ এবং তুর্কি সরকারের বিবৃতিতে ‘এফ-১৬’ নিয়ে কথা হয়েছে বলে উল্লেখ করা হয়নি। হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারিন জঁ-পিয়েরে সাংবাদিকদের বলেন যে, এখানে কোন শর্তের ব্যাপার নেই। প্রেসিডেন্ট বাইডেন সর্বদাই তুরস্কের কাছে ‘এফ-১৬’ বিক্রির ব্যাপারে পরিষ্কারভাবে আগ্রহী ছিলেন। একই দিনে সুইডেন সফরকালে মার্কিন পররাষ্ট্র সচিব এন্টনি ব্লিনকেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অস্বীকার করেন যে, তার সরকার সুইডেনের ইস্যুর সাথে ‘এফ-১৬’ ইস্যুকে যুক্ত করেছে। তবে ‘আল জাজিরা’ মনে করিয়ে দিচ্ছে যে, গত জানুয়ারিতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন যে, তুরস্ক যদি সুইডেনকে ন্যাটো সদস্য হতে দেয়, তাহলে মার্কিন কংগ্রেস তুরস্কের ‘এফ-১৬’ ক্রয়ের ব্যাপারটাকে ভালো চোখে দেখবে।

এখানে উল্লেখ্য যে, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার ২০২২এর মে মাসে ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটের সদস্যপদের জন্যে আগ্রহ প্রকাশ করে। ন্যাটোর চুক্তি অনুযায়ী সকল সদস্য দেশের অনুমতি মিললেই কেবল নতুন কোন দেশ ন্যাটোর সদস্যভুক্ত হতে পারবে। এই দুই দেশের সদস্যপদ পাওয়া ঝুলে যায় তুরস্ক এবং হাঙ্গেরির বিরোধিতার কারণে। তবে শেষ পর্যন্ত এবছরের এপ্রিলে উভয় দেশের সমর্থনের পর ফিনল্যান্ড ন্যাটোর সদস্যভুক্ত হয়; যদিও তুরস্কের বিরোধিতার কারণে সুইডেনের সদস্যপদ ঝুলে যায়। ‘রয়টার্স’ মনে করিয়ে দিচ্ছে যে, ২০২১এর অক্টোবরে তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছে ৪০টা নতুন ‘এফ-১৬’ যুদ্ধবিমান এবং পুরোনো ‘ব্লক-৫০’ ভার্সনের ৭৯টা ‘এফ-১৬’এর জন্যে ‘ভাইপার আপগ্রেড কিট’ চায়। এই পুরো চুক্তির মূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার।

তুরস্কের সামনে বড় বাধা হলো মার্কিন কংগ্রেস। কংগ্রেসের ক্ষমতা রয়েছে বড় ধরণের সামরিক বিক্রয়ে বাধা দেয়ার। কংগ্রেস চায় তুরস্ক প্রতিবেশী দেশ গ্রিসের সাথে সম্পর্কন্নোয়ন করুক, উত্তর ইরাকে সেনা অভিযান বন্ধ করুক, যুক্তরাষ্ট্রের ইচ্ছানুযায়ী রাশিয়ার উপরে অর্থনৈতিক অবরোধ আরোপ করুক এবং তার মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন করুক। গত ৩০শে মে সিনেটর মেনেনডেজ সাংবাদিকদের বলেন যে, তুরস্ককে ‘এফ-১৬’ দেয়ার আগে দেখতে হবে যে, তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত দেশগুলি এবং তার প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্কোন্নয়ন করে কিনা। মেনেনডেজ বাইডেন প্রশাসনকে ‘এফ-১৬’ বিক্রির ব্যাপারটাকে স্থগিত রাখতে বলেছেন। তার কথায়, পররাষ্ট্র সচিব ব্লিনকেন তাকে আশ্বাস দিয়েছেন যে, হোয়াইট হাউজ তার কথা শুনবে।

গত এপ্রিলে ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্যপদের জন্যে সমর্থন দেয়ার দুই সপ্তাহ পর মার্কিন কংগ্রেস অপেক্ষাকৃত ছোট আড়াইশো মিলিয়ন ডলার মূল্যের তুরস্কের পুরোনো ‘এফ-১৬’ যুদ্ধবিমানগুলির জন্যে সফটওয়্যার আপগ্রেড বিক্রির প্রকল্পে অনুমতি দেয়। তবে তুরস্ক এখনও সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তির বিরোধী; কারণ আঙ্কারা মনে করে যে, সুইডেন তুরস্কের বিচ্ছিন্নতাবাদী ‘কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি’ বা ‘পিকেকে’কে আশ্রয় এবং সমর্থন দিচ্ছে; যাদেরকে তুরস্ক সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে থাকে। তবে ‘ব্রুকিংস ইন্সটিটিউশন’এর ফেলো আসলি আয়দিনতাশবাশ ‘ভয়েস অব আমেরিকা’কে বলছেন যে, এরদোগান যদিও সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তিকে কাজে লাগাতে চাইছেন, তথাপি তিনি বাস্তববাদী। খুব সম্ভবতঃ জুলাই মাসের ন্যাটো বৈঠকের শেষ মুহুর্ত পর্যন্ত একটা নাটকীয়তা দেখা যাবে। এমনকি হয়তো বৈঠকের রাত্রেই দেখা যাবে তুরস্ক সুইডেনের ব্যাপারে সন্মতি দিয়েছে।

তবে তুরস্কে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত জেমস জেফরি ‘ভয়েস অব আমেরিকা’কে বলছেন যে, ‘এফ-১৬’ ছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের সম্পর্ক এখন বেশ জটিল এবং তা মূলতঃ আদান-প্রদানের মাঝে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। আঙ্কারার সাথে ওয়াশিংটনের সম্পর্কের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় হবে রাশিয়াকে নিয়ন্ত্রণ করা, আঞ্চলিকভাবে ইরানের প্রভাবকে নিয়ন্ত্রণ করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। অপরদিকে ‘মিডলইস্ট ইন্সটিটিউট’এর বিশ্লেষক হাওয়ার্ড আইসেনস্টাটএর মতে, রাশিয়া থেকে ‘এস-৪০০’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করাটা ওয়াশিংটনের সাথে আঙ্কারার সম্পর্কের ক্ষেত্রে সবচাইতে কন্টকময় অধ্যায়। কিছুদিন আগেই তুর্কি মিডিয়াতে বলা হয় যে, তুরস্ক তার ‘এস-৪০০’ ব্যবস্থাগুলিকে বাইডেন প্রশাসনের অনুরোধ সত্ত্বেও ইউক্রেনে পাঠাতে অস্বীকার করেছে।

তুরস্কের বিমান বাহিনীর মূল স্তম্ভই হলো ‘এফ-১৬’ যুদ্ধবিমান। ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে ‘এস-৪০০’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ‘অপরাধে’ তুরস্ককে ‘এফ-৩৫’ স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প থেকে বহিষ্কার করলে তুরস্ক বিপদে পড়ে যায়। কারণ এর ফলশ্রুতিতে আগামী কয়েক বছরের মাঝেই পুরোনো ‘এফ-১৬’ বিমানগুলিকে প্রতিস্থাপন করার মতো কোন যুদ্ধবিমান তুরস্কের কাছে থাকবে না।

২০২২ সালের জুন মাসে তুরস্কের ‘সাভুনমা সানায়িএসটি’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় যে, তুরস্ক তার ‘এফ-১৬’ যুদ্ধবিমানগুলির জন্যে ‘ওজগুর’ নামক উন্নয়ন প্রকল্প নিয়েছে। আর ‘তুরডেফ’এর গত মে মাসের এক প্রতিবেদনে বলা হয় যে, ইতোমধ্যেই পরিবর্তিত ‘এফ-১৬ ওজগুর’ তুর্কি বিমান বাহিনীকে ডেলিভারি দেয়া হয়েছে। গত ১৮ই মে তুর্কি মিডিয়া ‘এনটিভি’কে দেয়া এক সাক্ষাতে তুরস্কের সামরিক শিল্পের প্রধান ইসমাঈল দেমির বলেন যে, এই প্রকল্পের মাধ্যমে ৩৫টা পুরোনো ‘ব্লক-৩০’ ভার্সনের ‘এফ-১৬’এর মিশন কম্পিউটারসহ মোট ১৪টা বড় রকমের পরিবর্তন করে এগুলিকে প্রায় তুর্কি বিমান বানিয়ে ফেলা হবে। শুধু তা-ই নয়, এই পরিবর্তন শেষে বিমানগুলিতে তুরস্কের নিজস্ব ‘মুরাদ এইএসএ’ রাডার সংযুক্ত করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন করার পর এই বিমানগুলি তুরস্কের নিজস্ব ‘আতমাকা’ জাহাজধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ‘গেজগিন’ ক্রুজ ক্ষেপণাস্ত্র বহণ করতে পারবে। তথাপি এভিয়েশন ম্যাগাজিন ‘এভিয়াসি অনলাইন’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, তুরস্ক ‘ব্লক-৩০’ ভার্সনের বিমানগুলিকে পরিবর্তন করতে পারলেও ‘ব্লক-৫০’ বিমানগুলিকে পরিবর্তন করার জন্যে ‘সোর্স কোড’ যুক্তরাষ্ট্র তুরস্ককে দেয়নি। একারণেই এই বিমানগুলির জন্যে ‘ভাইপার আপগ্রেড কিট’ চাইছে তুরস্ক। অতএব, যুক্তরাষ্ট্রের উপরে তুরস্কের নির্ভরশীলতা এখনই কেটে যাচ্ছে না এবং একইসাথে তুরস্কের পররাষ্ট্রনীতির উপর মার্কিন প্রভাবও চলে যাচ্ছে না।

Monday, 12 September 2022

স্টেলথ ফাইটারগুলি কি মার্কিন বিমান শক্তির একমাত্র স্তম্ভ হতে চলেছে?

১২ই সেপ্টেম্বর ২০২২
 
মার্কিন কংগ্রেসের অনেকেই ‘এফ-৩৫’ বিমানের মেইনটেন্যান্স খরচ কমাবার জন্যে চাপ দিচ্ছেন। কিন্তু সমস্যা হলো, ‘এফ-৩৫’ বিমানকে তৈরি করা হয়েছে অনেকগুলি বিমানের প্রতিস্থাপক হিসেবে। এতগুলি মিশন একত্রে নেবার ফলে বিমানটা অত্যন্ত জটিল এবং অতি ব্যয়বহুল হয়ে গেছে। ম্যারিন কোরের জন্যে ‘এফ-৩৫বি’ তৈরি করতে গিয়ে বিমানটার বডি চওড়া করতে হয়েছে; যার ফলে ডানা হয়ে গেছে ছোট। ছোট ডানার বিমান শত্রু বিমানের সাথে ডগফাইটে ভালো করবে না; তেলও বেশি খরচ হবে; তাই পাল্লাও হবে কম।

‘স্টেলথ’ প্রযুক্তি যেভাবে যুদ্ধক্ষেত্রে সহায়তা দিচ্ছে…

এভিয়েশন ম্যাগাজিন ‘কী এরো’র এক লেখায় ব্যাখ্যা দেয়া হচ্ছে যে, স্টেলথ অর্থ এই নয় যে, এই বিমানগুলি রাডারে দেখা যাবে না। বরং এগুলি রাডারে এতটাই ছোট হিসেবে দেখা যাবে যে, তার বিরুদ্ধে সহজে কিছু করা সম্ভব হবে না। ‘এফ-২২’ বিমান রাডারে একটা মার্বেলের আকৃতির দেখা যায়; আর ‘এফ-৩৫’ বিমান দেখা যায় একটা গলফ বলের আকৃতির। ‘রাডার ক্রস সেকশন’ বা ‘আরসিএস’ নামে পরিচিত এই হিসেবে যার আকার যত ছোট হবে, তাকে রাডারে তত ছোট দেখা যাবে। ‘এফ-২২’এর ‘আরসিএস’ এক বর্গমিটারের প্রায় ১০ হাজার ভাগের এক ভাগ; ‘এফ-৩৫’এর ১ হাজার ভাগের এক ভাগ। বিপক্ষের একটা ফাইটার বিমান ‘এফ-২২’ বিমানকে মাত্র ৫ থেকে ১০ কিঃমিঃ পাল্লার মাঝে আসলেই কেবল দেখতে পাবে; যার বহু আগেই ‘এফ-২২’ বিমান তার ক্ষেপণাস্ত্রগুলি ছুঁড়ে দেবে। তবে পঞ্চম জেনারেশনের সকল বিমানই অত সহজে শত্রুপক্ষের রাডারকে এড়াতে পারবে না। কারণ বিমানের একেক পাশ রাডারের চোখে ভিন্নভাবে ধরা দেবে। কাজেই কোন অবস্থাতে বিমানটা কোন দিকে ঘুরতে পারবে, তার কিছু বাধ্যবাধকতা থাকবে; নয়তো বিমানটা অপেক্ষাকৃত সহজেই রাডারে ধরা পড়ে যাবে।

‘এফ-২২’ এবং ‘এফ-৩৫’ বিমানগুলি তৈরিই করা হয়েছে স্টেলথ হিসেবে। এগুলির ডিজাইনের মাঝে বহু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার অনেকটাই বিমানের কাঠামোর সাথে সম্পৃক্ত। এছাড়াও বিমানের গায়ের উপরেও রাডার রশ্মি শুষে নেবার মতো রঙ দেয়া হয়েছে। যে বিমানগুলি স্টেলথ হিসেবে ডিজাইন করা হয়নি, সেগুলির ‘আরসিএস’ তুলনামূলকভাবে অনেক বড় এবং সেগুলি অনেক দূর থেকেই শত্রুর রাডারে ধরা পড়ে। ‘বি-৫২’ বোমারু বিমানের ‘আরসিএস’ প্রায় ১’শ বর্গমিটার; ‘এফ-১৫’ বিমানের প্রায় ২৫ বর্গমিটার; ‘এফ-১৬’ এবং ‘মিগ-২৯’ বিমানের প্রায় ৫ বর্গমিটার; ‘এফ/এ-১৮ই সুপার হর্নেট’ এবং ফরাসি ‘রাফাল’ ফাইটারের প্রায় ১ বর্গমিটার; আর ‘ইউরোফাইটার টাইফুন’এর প্রায় আধা বর্গমিটারের মতো। কাজেই যদিও এই বিমানগুলি রাডারে খুব সহজেই ধরা পড়ছে, তথাপি বিভিন্ন পদ্ধতিতে এগুলির ‘আরসিএস’ আরও কমানো সম্ভব; যার ফলে বিমানগুলি রাডারে ধরা পড়বে ঠিকই; তবে কিছুটা দেরিতে। উদাহরণস্বরূপ, যদি ‘এফ-১৬’ বিমানের ‘আরসিএস’ কমিয়ে ‘এফ/এ-১৮ই সুপার হর্নেট’এর কাছাকাছি নিয়ে আসা সম্ভব হয়, তাহলে শত্রুর রাডারে ‘এফ-১৬’কে খুঁজে পাবার দূরত্ব প্রায় ৩০ থেকে ৪৫ শতাংশ কমে যাবে। অর্থাৎ এর ফলে শত্রুর রাডারের পাল্লার বাইরে থেকেই ‘এফ-১৬’ তার অস্ত্রগুলিকে ব্যবহার করে ফেলতে সক্ষম হতে পারে।

সাম্প্রতিক সময়ের আরও আগে থেকেই মার্কিন বাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, তারা তাদের বহরে শুধুমাত্র স্টেলথ বিমানই রাখবে না; পুরোনো ‘নন-স্টেলথ’ বিমানগুলিও তারা রাখবে। একারণেই এই পুরোনো বিমানগুলির কার্যক্ষমতা বৃদ্ধি করতে সেগুলির ‘আরসিএস’ কমাবার প্রযুক্তির উপর গুরুত্ব দেয়া হচ্ছে। যেহেতু পুরোনো বিমানগুলি ইঞ্জিনের ‘ইনটেক’ ও ‘ইনলেট ডাক্ট’ এবং ‘আফটারবার্নার নজল’এর কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ‘আরসিএস’ কমানোটা অনেক বেশি ব্যয়বহুল, তাই সেটা নিশ্চিতভাবেই হচ্ছে না। তবে বিমানগুলির গায়ের উপর রাডার রশ্মি শুষে ফেলার মতো রঙ দেয়া সম্ভব।

প্রতিবেদনে বলা হয় যে, ১৯৮৬ সাল থেকে ‘হেইভ গ্লাস ১ ও ২’ প্রকল্পের অংশ হিসেবে ‘এফ-১৬’ বিমানের উপর রাডার শুষে নেবার রঙ দেয়া হতে থাকে। প্রথমদিকে শুধুমাত্র যে ‘এফ-১৬’গুলি শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা করার মতো কঠিন কাজটা করবে, সেগুলির উপর এই রঙ দেয়া হতে থাকে। এর ফলে বিমানগুলির ‘আরসিএস’ প্রায় ১৫ শতাংশ কমেছিল বলে ধারণা করা হয়। ২০১২এর পর থেকে এরকম আরও রঙএর প্রকল্প হাতে নেয়া হয়। ‘হেইভ গ্লাস ৫’ প্রকল্পের পর ‘এফ-১৬’এর ‘আরসিএস’ মাত্র ১ দশমিক ২ বর্গমিটারে নেমে আসে; যা কিনা শুরুতে ছিল প্রায় ৫ বর্গমিটার। এই রঙ এখন ধীরে ধীরে বেশিরভাগ ‘এফ-১৬’ বিমানের উপরেই দেয়া হচ্ছে।

এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি যার মাধ্যমে একটা বিমানকে শত্রুর নজরদারির বাইরে রাখা সম্ভব তা হলো বিমানের ইলেকট্রনিক সিগনেচার। অর্থাৎ বিমানটা যখন তার ইলেকট্রনিক যন্ত্রগুলি, যেমর রাডার বা যোগাযোগের যন্ত্রগুলিকে দ্রুত পরিবর্তনীয় ফ্রিকুয়েন্সির মাধ্যমে ব্যবহার করে, তখন শত্রু খুব সহজে বিমানটাকে খুঁজে পাবে না।

 
'এফ-১৫ইএক্স' 'বম্ব ট্রাক'। গত দুই দশকে ‘এফ-১৫’ বিমানের উন্নয়নের পিছনে মার্কিনীদের কোন অর্থই খরচ করতে হয়নি; পুরোটাই বন্ধু দেশগুলি দিয়েছে। স্টেলথ বিমানগুলি গতি এবং দ্রুতির দিক থেকে যেমন কিছুটা পিছিয়ে, তেমনি অস্ত্র বহণের ক্ষেত্রেও এগুলির কিছুটা ঘাটতি রয়েছে। ‘এফ-১৫ইএক্স’ বিমানগুলি হয়তো দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রগুলি বহণ করতে পারবে এই স্টেলথ বিমানগুলিকে সহায়তা দেয়ার জন্যে।

‘এফ-১৫ইএক্স’ প্রকল্প… খোলস পাল্টে ৫০ বছরের পুরোনো বিমান?


২০২০ সালের জুলাই মাসে মার্কিন বিমান বাহিনী ‘বোইং’ কোম্পানিকে নতুন একটা বিমান নির্মাণের কনট্রাক্ট দেয়; যার নাম হলে ‘এফ-১৫ইএক্স’। বিমানগুলি কেন কেনা হচ্ছে, সেবিষয়ে অনেকেই আলোচনা করছেন। বিশেষ করে বিমান বাহিনী যখন ‘এফ-৩৫’ স্টেলথ বিমানকেই ভবিষ্যতের ফাইটার হিসেবে নির্বাচন করেছে, তখন পাঁচ দশকের একটা পুরোনো ডিজাইনের বিমান কেন নতুন করে তৈরি করতে হবে, সেব্যাপারে অনেকেই প্রশ্ন করছেন। ১৯৭২ সালে প্রথম ওড়া ‘এফ-১৫’ বিমান ১৯৭৬ সালে উৎপাদন শুরু হয় এবং ২০০১ সালে মার্কিন বিমান বাহিনী শেষ ‘এফ-১৫’ বিমানটা অর্ডার করে। অর্থাৎ দুই দশক ধরে মার্কিনীরা কোন ‘এফ-১৫’ বিমান ক্রয় করেনি। বর্তমানে বিভিন্ন মডেলের প্রায় ৫’শ ‘এফ-১৫’ মার্কিন সার্ভিসে রয়েছে।

নিরাপত্তা ম্যাগাজিন ‘নাইনটিন ফোরটিফাইভ’এর এক লেখায় সামরিক বিশ্লেষক রবার্ট ফার্লে বলছেন যে, ‘এফ-১৫’ বিমানটা মার্কিনীরা তাদের বন্ধু দেশগুলির কাছে বিক্রি করেছে; যার মাঝে রয়েছে জাপান, ইস্রাইল, সৌদি আরব এবং কোরিয়া। এবং বহু বছর ধরে এই বিমানটা পশ্চিমা বিমান শক্তির মূলে রয়েছে। ‘এফ-১৫’ বিমানের এই রপ্তানি সাফল্যই ‘এফ-১৫ইএক্স’ বিমানকে সামনে এনেছে। দুই দশকে মার্কিনীরা কোন ‘এফ-১৫’ বিমান না কিনলেও তাদের বন্ধু দেশগুলি কেনা অব্যাহত রেখেছে। এর ফলে ‘বোইং’ কোম্পানি এই বিমানের উৎপাদন লাইন চালু রেখেছে এবং বিভিন্ন যন্ত্রাংশ প্রতিস্থাপনের মাধ্যমে বিমানটাকে আরও উন্নত করেছে। অর্থাৎ গত দুই দশকে ‘এফ-১৫’ বিমানের উন্নয়নের পিছনে মার্কিনীদের কোন অর্থই খরচ করতে হয়নি; পুরোটাই বন্ধু দেশগুলি দিয়েছে। ফার্লে বলছেন যে, ‘এফ-১৫ইএক্স’ প্রকল্পের দু’টা উদ্দেশ্য রয়েছে। প্রথমতঃ আকাশ প্রতিরক্ষার জন্যে ব্যবহৃত বিমান বাহিনীর পুরোনো ‘এফ-১৫সি/ডি’ বিমানগুলিকে প্রতিস্থাপিত করা; যেগুলির অনেকগুলিই এখন নিয়মত আকাশে ওড়ার মতো অবস্থায় নেই এবং যেগুলির মেইনটেন্যান্সে অনেক বেশি খরচ হচ্ছে। দ্বিতীয়তঃ বিমান বাহিনীর ‘এফ-২২’ এবং ‘এফ-৩৫’ স্টেলথ ফাইটারগুলিকে সহয়তা দেয়ার উদ্দেশ্যে ‘এফ-১৫ইএক্স’ তৈরি করা। স্টেলথ বিমানগুলি গতি এবং দ্রুতির দিক থেকে যেমন কিছুটা পিছিয়ে, তেমনি অস্ত্র বহণের ক্ষেত্রেও এগুলির কিছুটা ঘাটতি রয়েছে। ‘এফ-১৫ইএক্স’ বিমানগুলি হয়তো দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রগুলি বহণ করতে পারবে এই স্টেলথ বিমানগুলিকে সহায়তা দেয়ার জন্যে। বিমান বাহিনী প্রথমে ১’শ ৪৪টা ‘এফ-১৫ইএক্স’ বিমানের কথা বললেও এখন শোনা যাচ্ছে যে, তারা ৮০টার মতো কিনতে পারে। কিন্তু এই সংখ্যাটা পুরোনো ‘এফ-১৫’গুলিকে প্রতিস্থাপন করার জন্যে মোটেই যথেষ্ট নয়।

ফার্লে বলছেন যে, এখনই ‘এফ-১৫ইএক্স’ প্রকল্পের উপর ইউক্রেন যুদ্ধের প্রভাব কতটুকু হবে, তা বলা মুশকিল। তবে যুক্তরাষ্ট্র নতুন করে কোন একটা যুদ্ধে জড়ালে যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে পারাটা যে ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে, সেই চিন্তাটা ইউক্রেন যুদ্ধ আবারও জাগিয়ে তুলেছে। ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে হলে পুরোনো ডিজাইনের ফাইটারগুলি এগিয়ে থাকবে। এছাড়াও ‘এফ-১৫ইএক্স’এর মতো বিমানগুলি তৈরি করতে গিয়ে খরচ খুব দ্রুতই বেড়ে যাবে না; যেটা হতে পারে নতুন ডিজাইনের বিমানের ক্ষেত্রে।

‘ফ্লাইট গ্লোবাল’এর এক খবরে বলা হচ্ছে যে, ৭ই সেপ্টেম্বর মার্কিন বিমান বাহিনী ‘ব্রিটিশ এরোস্পেস সিস্টেমস’কে সাড়ে ৩’শ মিলিয়ন ডলারে নতুন একটা কনট্রাক্ট দিয়েছে; যার বলে কোম্পানিটা মার্কিন বিমান বাহিনীর ‘এফ-১৫ই’ এবং ‘এফ-১৫ইএক্স’ বিমানের জন্যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার যন্ত্রাংশ সরবরাহ করবে। ‘ঈগল প্যাসিভ একটিভ ওয়ার্নিং সারভাইভাবিলিটি সিস্টেমস’ বা ‘ইপিএডব্লিউএসএস’ নামের এই যন্ত্রাংশ কি কাজ করতে পারে, তার বর্ণনা দিতে গিয়ে কোম্পানির প্রকল্প পরিচালক ব্রিজেট ম্যাকডারমট বলছেন যে, এই প্রযুক্তি ‘এফ-১৫’ বিমানগুলিকে উন্নত প্রযুক্তির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সুরক্ষা দেবে। এর সহায়তায় বিমানের পাইলট তার আশেপাশের হুমকিগুলিকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং নিজেকে রক্ষা করতে পারবেন।

 
'এফ-৩৫' বিমানের ভেতর 'এমরাম' ক্ষেপণাস্ত্র বহণ। একেকটা ‘এফ-৩৫’ বিমান তার অত্যন্ত দামি সেন্সরগুলি ব্যবহার করে প্রচুর তথ্য সংগ্রহ করে এবং নেটওয়ার্ক ব্যবহার করে আশেপাশের সকলের কাছ থেকেও তথ্য সংগ্রহ করে। এই তথ্য প্রসেস করে সে প্রচুর তথ্যের মালিক হয় ঠিকই, কিন্তু সেই তথ্য ব্যবহার করার মতো যথেষ্ট অস্ত্র সে বহণ করতে পারে না। স্টেলথ হিসেবে তৈরি করতে গিয়ে বিমানটার অস্ত্রগুলি এর পেটের ভিতরে নিতে হচ্ছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্যে মাত্র চারটা বোমা বা ক্ষেপণাস্ত্র বহণ করা সম্ভব হচ্ছে। একারণেই ‘এফ-১৫ইএক্স’ বিমান তৈরি করা হচ্ছে এবং ‘এফ-১৬’ বিমানগুলিকেও উন্নততর প্রযুক্তি দিয়ে ২০৪০এর পরেও অপারেশনে রাখতে চাইছে মার্কিনীরা।


‘এফ-১৫ইএক্স’ বিমান তৈরি অর্থের অপচয় নয় কি?

তবে প্রশ্ন দাঁড়িয়েছে ‘এফ-১৫ইএক্স’ বিমানের ৮৮ মিলিয়ন ডলার খরচ নিয়ে; যা কিনা ‘এফ-৩৫’ স্টেলথ বিমানের মতোই। কিছু কংগ্রেস সদস্য এই বিমান কেনার ব্যাপারে প্রশ্ন তুলেছেন। ইলিনয়া রাজ্যের সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ২০১৯ সালেই বলেছেন যে, ‘এফ-৩৫’ বিমানের উৎপাদন কমিয়ে ‘এফ-১৫’ বিমান তৈরি করাটা ঠিক হবে না। তবে এখানে বলাই বাহুল্য যে, ‘এফ-৩৫’এর ওয়েবসাইটে বলা হচ্ছে যে, সিনেটর ডাকওয়ার্থএর ইলিনয়া রাজ্যে ‘এফ-৩৫’ তোরির জন্যে ৫ হাজার ৭’শ ৯০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে এবং তা রাজ্যের অর্থনীতিতে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার যোগ করবে। অর্থাৎ সিনেটর ‘এফ-৩৫’এর পক্ষে বলবেন, সেটাই স্বাভাবিক। অপরদিকে যারা ‘এফ-১৫ইএক্স’এর পক্ষে, তারা বলছেন যে, ‘এফ-৩৫’ একটা স্টেলথ বিমান ঠিকই, কিন্তু স্টেলথ হবার জন্যে বিমানটা তার অস্ত্রগুলি বিমানের ভেতরে লুকিয়ে রাখে। ফলশ্রুতিতে এই বিমানটা সর্বোচ্চ ২ দশমিক ৩ টনের মাত্র ৪টা বোমা বা ক্ষেপণাস্ত্র বহণ করতে পারে। যদিও বিমানটা তার দেহের বাইরে আরও প্রায় ৫ দশমিক ৯ টন বোমা বহণ করতে পারে, তথাপি এটা করলে ‘এফ-৩৫’ আর স্টেলথ থাকবে না; অর্থাৎ সহজেই রাডারে দেখা যাবে। অপরদিকে ‘এফ-১৫ইএক্স’ বিমান ১৩ টনের বেশি অস্ত্র বহণ করতে সক্ষম। ‘ইপিএডব্লিউএসএস’ প্রকল্পের পরিচালক ব্রিজেট ম্যাকডারমট বলছেন যে, নতুন করে ‘এফ-১৫’ বিমানের জন্যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার যন্ত্রাংশ অর্ডার করার অর্থ হলো, বিমান বাহিনী দীর্ঘমেয়াদে ‘এফ-১৫’ বিমানগুলিকে কৌশলগত প্রতিরক্ষার অংশ হিসেবে দেখছে।

‘এফ-১৬’ বিমান ২০৪০এর দশক পর্যন্ত চলবে

‘এয়ার এন্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিন’এর এক খবরে বলা হচ্ছে যে, মার্কিন বিমান বাহিনী বিভিন্ন উন্নয়ন কাজের মাধ্যমে ২০৪০এর দশক পর্যন্ত ‘এফ-১৬’ বিমানগুলিকে সার্ভিসে রাখতে চাইছে। বিমান বাহিনীর ‘এফ-১৬’ প্রকল্পের প্রধান কর্নেল টিম বেইলি গত অগাস্ট মাসে এক সাংবাদিক সন্মেলনে বলছেন যে, বিমান বাহিনী আশা করছে যে, সামনের কয়েক দশকে কয়েক’শ ‘এফ-১৬’ সার্ভিসে থাকবে। বিমান বাহিনীর ফাইটার এবং আধুনিক বিমানের প্রকল্প এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল ডেইল হোয়াইট বলছেন যে, সাম্প্রতিক সময়ে ‘এফ-১৬’ বিমানের সার্ভিসের দৈর্ঘ্য বৃদ্ধি করার লক্ষ্যে যেসকল কাজ করা হয়েছে, তাতে এই বিমানগুলি আরও বহুদিন ওড়ার মতো অবস্থায় থাকবে। আর তার কাছে এই বিমানকে প্রতিস্থাপন করার মতো কোন বিমান খোঁজার জন্যে কোন নির্দেশ আসেনি। ‘লকহীড মার্টিন’ বলছে যে, প্রথমে এই বিমানগুলির সার্ভিস লাইফ ৮ হাজার ঘন্টা থাকলেও এখন তা ১২ হাজার ঘন্টায় উন্নীত করা হয়েছে। এর ফলে বিমানগুলি ২০৪৮ সাল পর্যন্ত উড়তে পারবে।
 

'এফ-১৬' বিমান, যার উপরে রয়েছে 'হেইভ গ্লাস ৬' রাডার রশ্মি শুষে নেবার মতো রঙ। ‘হেইভ গ্লাস ৫’ প্রকল্পের পর ‘এফ-১৬’এর ‘আরসিএস’ মাত্র ১ দশমিক ২ বর্গমিটারে নেমে আসে; যা কিনা শুরুতে ছিল প্রায় ৫ বর্গমিটার। এই রঙ এখন ধীরে ধীরে বেশিরভাগ ‘এফ-১৬’ বিমানের উপরেই দেয়া হচ্ছে। ‘লকহীড মার্টিন’ কোম্পানি এখনও ‘এফ-১৬’ বিমান তৈরি করছে মার্কিনীদের বন্ধুদের জন্যে। এর ফলে তারা এই বিমানটাকে নতুন নতুন প্রযুক্তি দিয়ে সাজাচ্ছে। মার্কিন বিমান বাহিনী এই প্রযুক্তিগুলিকে সহজেই পেয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ‘এফ-১৬’ বিমানের রাডারের যে উন্নয়ন করা হয়েছে, তা প্রকৃতপক্ষে তাইওয়ান অর্থায়ন করেছে।

২০২১ সালে মার্কিন বিমান বাহিনী ভবিষ্যতের ফাইটার ফোর্সের একটা কাঠামো প্রকাশ করে; যেখানে বর্তমানে ব্যবহৃত ৭ প্রকারের বিমানের বদলে “৪ প্লাস ১” প্রকারের বিমানের কথা বলা হয়েছে। এর মাঝে ‘এফ-২২’ এবং এর ভবিষ্যৎ প্রতিস্থাপককে একটা প্রকার হিসেবে দেখানো হয়েছে। দ্বিতীয় প্রকার হল ‘এফ-৩৫’ বিমান। তৃতীয় প্রকার হলো ‘এফ-১৫ই’ এবং ‘এফ-১৫ইএক্স’। আর চতুর্থ প্রকার হলো ‘এফ-১৬’। এর সাথে ‘এ-১০’ বিমানগুলিকে “প্লাস ১” হিসেবে ঝুলিয়ে রাখা হয়েছে; যেগুলি ২০৩০ সালে রিটায়ার করার কথা রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল হোয়াইট বলছেন যে, ‘লকহীড মার্টিন’ কোম্পানি এখনও ‘এফ-১৬’ বিমান তৈরি করছে মার্কিনীদের বন্ধুদের জন্যে। এর ফলে তারা এই বিমানটাকে নতুন নতুন প্রযুক্তি দিয়ে সাজাচ্ছে। মার্কিন বিমান বাহিনী এই প্রযুক্তিগুলিকে সহজেই পেয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন যে, সাম্প্রতিক সময়ে ‘এফ-১৬’ বিমানের রাডারের যে উন্নয়ন করা হয়েছে, তা প্রকৃতপক্ষে তাইওয়ান অর্থায়ন করেছে। ‘একটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড এরে’ বা ‘এইএসএ’ ধরণের এই রাডার ‘এফ-১৬’ বিমানের দূরের টার্গেট খুঁজে পাবার সক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে। একইসাথে এই রাডারের মাধ্যমে বিমানগুলি একসাথে বেশি টার্গেট মোকাবিলা করতে সক্ষম হবে। এছাড়াও বিমানগুলি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বেশকিছু যন্ত্রাংশ পেতে চলেছে। ১৯৭৮ সালে সার্ভিসে ঢোকার পর থেকে ‘এফ-১৬’ বিমানে ইঞ্জিন, রাডার, স্বপ্রতিরক্ষা ব্যবস্থা, এবং বিমান বাহিনীর সকল অস্ত্র বহণ করার সক্ষমতার উপর বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তবে জেনারেল হোয়াইট বলেন যে, যেহেতু বিমান বাহিনীতে প্রায় ৯’শ ‘এফ-১৬’ রয়েছে, কাজেই শুধুমাত্র সংখ্যার কারণেই এই বিমানের যেকোন উন্নয়ন যথেষ্ট ব্যয়বহুল হবে। একারণেই ভবিষ্যতের উন্নয়নগুলি মার্কিনীদের বন্ধুদের কাছে নতুন করে যা বিক্রি করা হয়েছে, সেগুলির মাঝেই থাকবে। আর সামনের দিনগুলিতে বেশিরভাগ ‘এফ-১৬’এর গায়ের উপর রাডার রশ্মি শুষে ফেলার মতো কিছু রঙ করা হবে।

‘এফ-৩৫’এর মেইনটেন্যান্স খরচ এবং সময়

মার্কিন সামরিক সদস্যদের ম্যাগাজিন ‘স্যান্ডবক্স’এর এক লেখায় বলা হচ্ছে যে, একেকটা ‘এফ-৩৫’ বিমান তৈরি করা হয়েছে ৮ হাজার ঘন্টা ওড়াবার জন্যে। প্রতি ঘন্টা ওড়ার পিছনে খরচ হয় ৪৪ হাজার ডলার (যদিও কেউ কেউ বলছেন যে এটা ৩৬ হাজার বা ৩৮ হাজার ডলার)। অপরদিকে ‘এফ-১৫ইএক্স’ বিমানগুলি তৈরি করা হচ্ছে ২০ হাজার ঘন্টা ওড়াবার জন্যে; যেখানে প্রতি ঘন্টায় খরচ হবে ২৯ হাজার ডলার। দু’টা বিমানের খরচের কোন রকম তুলনা করা সম্ভব নয়। কারণ একটা ‘এফ-১৫ইএক্স’ যতদিন উড়বে, তা প্রকৃতপক্ষে তিনটা ‘এফ-৩৫’এর জীবনের সমান। দু’টা বিমানের কাজ পুরোপুরিভাবে ভিন্ন হবার কারণেই এই হিসেবটা করাটা অর্থহীন। অন্য কথায় বলতে গেলে, একটা বিমান আরেকটার প্রতিস্থাপক নয়।

মার্কিন ‘কংগ্রেশনাল বাজেট অফিস’ বা ‘সিবিও’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ‘এফ-৩৫’ বিমানগুলি এখন পূর্বের তুলনায় বেশি সময় ওড়ানো সম্ভব হচ্ছে। এখন এই বিমানগুলি প্রায় ৫০ থেকে ৬০ ভাগ সময় ওড়াবার জন্যে প্রস্তুত থাকছে; যা কিনা সামরিক বাহিনীর অন্যান্য বিমানের চাইতে কিছু বেশি অথবা প্রায় সমান। ‘এফ-২২’ বিমানগুলি প্রায় ৪০ শতাংশ ওড়াবার জন্যে প্রস্তুত থাকছে। অপরদিকে ‘এফ-১৫ই’ এবং ‘এফ-১৬সি/ডি’ বিমানগুলি অনেক পুরোনো হবার পরেও ‘এফ-৩৫সি’ বিমানের মতোই প্রস্তুত থাকছে। বিমান বাহিনীর ‘এফ-৩৫এ’ এবং ম্যারিন কোরের ‘এফ-৩৫বি’ বিমানগুলি প্রায় ৬০ শতাংশের মতো প্রস্তুত থাকছে। তবে এখানে যে ব্যাপারটা গুরুত্বপূর্ন তা হলো, ‘এফ-৩৫’ বিমানগুলি একেবারেই নতুন; অপরদিকে বাকিগুলি এগুলির তুলনায় অনেক পুরাতন। পুরাতন বিমানের মেইনটেন্যান্স বেশি লাগে। ‘এফ-৩৫’ বিমানগুলি একেবারে নতুন হবার পরেও অন্য ডিজাইনের কয়েক দশকের পুরাতন বিমানের মতোই প্রস্তুত থাকছে। এছাড়াও প্রতিবেদনে বলা হচ্ছে যে, যে ‘এফ-৩৫’গুলির বয়স ৮ বছরের উপরে, সেগুলির ৪৬ শতাংশ ১ বছরের বেশি সময় ডিপো লেভেল মেইনটেন্যান্সে কাটিয়েছে। অথচ ৭ বছর বা এর কম বছরের পুরোনো বিমানগুলির মাত্র ১০ শতাংশ এক বছর বা তার বেশি সময় ডিপো লেভেল মেইনটেন্যান্সে কাটিয়েছে।
 

যুক্তরাষ্ট্রের অডিট সংস্থা ‘গভার্নমেন্ট একাউন্টাবিলিটি অফিস’ বা ‘জিএও’এর ২০২১এর জুলাইএর এক গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে যে, একটা সময় আসবে, যখন মার্কিন সামরিক বাহিনী ‘এফ-৩৫’এর মেইনটেন্যান্স খরচ বহণ করতে পারবে না। তখন তাদেরকে হয় ক্রয়কৃত বিমানের সংখ্যা কমাতে হবে; অথবা বিমানগুলির ওড়ানো কমিয়ে দিয়ে বেশিরভাগ সময়ে বসিয়ে রাখতে হবে।


‘এফ-৩৫’এর উচ্চ প্রযুক্তির বাস্তবতা

যুক্তরাষ্ট্রের অডিট সংস্থা ‘গভার্নমেন্ট একাউন্টাবিলিটি অফিস’ বা ‘জিএও’এর ২০২১এর জুলাইএর এক গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে যে, একটা সময় আসবে, যখন মার্কিন সামরিক বাহিনী ‘এফ-৩৫’এর মেইনটেন্যান্স খরচ বহণ করতে পারবে না। তখন তাদেরকে হয় ক্রয়কৃত বিমানের সংখ্যা কমাতে হবে; অথবা বিমানগুলির ওড়ানো কমিয়ে দিয়ে বেশিরভাগ সময়ে বসিয়ে রাখতে হবে। ২০৩৬ সাল নাগাদ মার্কিনীদের হাতে ‘এফ-৩৫’ বিমানের সংখ্যা সর্বোচ্চ হবে। তখন যদি বর্তমানের চাইতে মেইনটেন্যান্স খরচ যথেষ্ট পরিমাণে কমানো সম্ভব না হয়, তাহলে সেই খরচ বহণ করা মারাত্মক কঠিন হয়ে যাবে। যে খরচ তারা বহণ করতে সক্ষম, আর যে খরচ প্রকৃতপক্ষে নিতে হবে, তার মাঝে প্রায় ৬ বিলিয়ন ডলারের একটা ঘাটতি দেখা দিতে পারে। অপরদিকে বিমান বাহিনী বলছে যে, যদি তারা ‘এফ-৩৫’এর সকল খুচরা যন্ত্রাংশ বিনামূল্যেও পেয়ে যায়, তাহলেও তাদের মেইনটেন্যান্স খরচ তাদের বহণক্ষমতার চাইতে ১৪ শতাংশ বেশি হবে!

মার্কিন কংগ্রেসের অনেকেই ‘এফ-৩৫’ বিমানের মেইনটেন্যান্স খরচ কমাবার জন্যে চাপ দিচ্ছেন। কিন্তু সমস্যা হলো, ‘এফ-৩৫’ বিমানকে তৈরি করা হয়েছে অনেকগুলি বিমানের প্রতিস্থাপক হিসেবে। এতগুলি মিশন একত্রে নেবার ফলে বিমানটা অত্যন্ত জটিল এবং অতি ব্যয়বহুল হয়ে গেছে। ম্যারিন কোরের জন্যে ‘এফ-৩৫বি’ তৈরি করতে গিয়ে বিমানটার বডি চওড়া করতে হয়েছে; যার ফলে ডানা হয়ে গেছে ছোট। ছোট ডানার বিমান শত্রু বিমানের সাথে ডগফাইটে ভালো করবে না; তেলও বেশি খরচ হবে; তাই পাল্লাও হবে কম। তবে স্টেলথ হবার কারণে বিমানের দূর থেকে যুদ্ধ করার সক্ষমতা বেশি থাকবে। একেকটা ‘এফ-৩৫’ বিমান তার অত্যন্ত দামি সেন্সরগুলি ব্যবহার করে প্রচুর তথ্য সংগ্রহ করে এবং নেটওয়ার্ক ব্যবহার করে আশেপাশের সকলের কাছ থেকেও তথ্য সংগ্রহ করে। এই তথ্য প্রসেস করে সে প্রচুর তথ্যের মালিক হয় ঠিকই, কিন্তু সেই তথ্য ব্যবহার করার মতো যথেষ্ট অস্ত্র সে বহণ করতে পারে না। স্টেলথ হিসেবে তৈরি করতে গিয়ে বিমানটার অস্ত্রগুলি এর পেটের ভিতরে নিতে হচ্ছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্যে মাত্র চারটা বোমা বা ক্ষেপণাস্ত্র বহণ করা সম্ভব হচ্ছে। একারণেই ‘এফ-১৫ইএক্স’ বিমান তৈরি করা হচ্ছে এবং ‘এফ-১৬’ বিমানগুলিকেও উন্নততর প্রযুক্তি দিয়ে ২০৪০এর পরেও অপারেশনে রাখতে চাইছে মার্কিনীরা। পুরোনো ডিজাইনের এই বিমানগুলি ‘এফ-৩৫’এর পাশে ‘বম্ব ট্রাক’ হিসেবে থাকবে। ‘এফ-৩৫’ টার্গেট খুঁজে দেবে; আর ‘এফ-১৫’ বা ‘এফ-১৬’ ক্ষেপণাস্ত্র বা বোমা ছুঁড়বে সেই টার্গেটে। ‘এফ-৩৫’ বিমানের মেইনটেন্যান্স খরচ যদি বাজেটের বাইরে চলে যায়, তখন বিমানগুলিকে বেশিরভাগ সময় বসিয়েই রাখতে হবে। এতে ট্রেনিং ফ্লাইট কমে যাবে এবং পাইলটদের দক্ষতাও ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়াও যদি ক্রয়কৃত বিমানের সংখ্যা কমিয়ে ফেলতে হয়, তখন ৫০ বছরের পুরোনো ডিজাইনের ‘এফ-১৫’ এবং ‘এফ-১৬’ বিমান দিয়েই যুদ্ধ চালিয়ে নিতে হবে। মোটকথা, মার্কিনীরা বুঝতে পারছে যে, পঞ্চম জেনারেশনের স্টেলথ যুদ্ধবিমান শুনতে যতটাই মধুর লাগুক না কেন, বাস্তবতা এগুলির ব্যবহারকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখছে। একারণেই ‘নন-স্টেলথ’ বিমানগুলিকে কমপক্ষে সমান গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে তারা।



সূত্রঃ

‘Have Glass: Making the F-16 less observable’ by Jon Lake, in Key.Aero, 01 April 2021 (https://www.key.aero/article/have-glass-making-f-16-less-observable)

‘Strengthening Our Supply Chain. Securing Our Future.’ In F-35 Lightning II by Lockheed Martin (https://www.f35.com/f35/about/economic-impact.html)

‘Air Force Keeping F-16s, Not Moving Toward Fighter Derived From MR-F or T-7 for Now’ in Air & Space Forces Magazine, 14 April 2022

‘Why the Air Force Wants the F-15EX Fighter’ by Robert Farley in 1945, 10 September 2022 (https://www.19fortyfive.com/2022/09/f-15-ex-still-much-not-known/)

‘Boeing expands purchase of F-15 electronic warfare systems from BAE’ in Flight Global, 08 September 2022

‘How much cheaper is the F-15EX compared to the F-35?’ by Alex Hollings, in Sandboxx, 17 March 2021

‘Availability and Use of F-35 Fighter Aircraft’ in Congressional Budget Office, April 2022

‘U.S. Air Force Authorizes Extended Service Life for F-16’ by Lockheed Martin, 12 April 2017 (https://news.lockheedmartin.com/2017-04-12-U-S-Air-Force-Authorizes-Extended-Service-Life-for-F-16)

‘Watchdog group finds F-35 sustainment costs could be headed off affordability cliff’ in Breaking Defence, 08 July 2021

Thursday, 23 February 2017

আমার মেধা আমি কাকে ব্যবহার করতে দেবো?

২৩শে ফেব্রুয়ারী ২০১৭
সরাসরি দেখা যায়না বলেই ইলেকট্রনিক্স চিপমেকার ইন্টেল তাদের পণ্যকে বাজারজাত করতে কম্পিউটারের গায়ে লিখে দিয়েছে “Intel Inside”. ঠিক এই ব্যাপারটা F-15 এবং F-16-এর ক্ষেত্রে ঘটলেও কেউ বলে দেয়নি যে এই বিমানগুলির ভেতরের যে জিনিসগুলি এগুলিকে এতো ভয়ঙ্কর করেছে, সেগুলি কাদের তৈরি। এই দু’টি বিমানই একসময় একই ইঞ্জিনে উড়েছে। এই ইঞ্জিনের নাম “Pratt & Whitney F100”. ‘প্র্যাট এন্ড হুইটনি’ কোম্পানি এই ইঞ্জিন তৈরি করেছে, যা ঐ বিমানদু’টির “হার্ট”। যুক্তরাষ্ট্রে গর্ব করার জিনিসগুলির মাঝে এই ইঞ্জিন একটি।

বর্তমান বিশ্বে মার্কিন শক্তির সাথে সমার্থক হিসেবে ব্যবহৃত হয়েছে যেসব বিষয়, তার মাঝে একটি হচ্ছে মার্কিন সামরিক শক্তি। সেই সামরিক শক্তির মাঝে আবার চোখ বন্ধ করলে সামরিক বিমানই চোখের সামনে ভেসে ওঠে। আর সেই বিমানগুলির মাঝে যেগুলি সবচাইতে বেশি উচ্চারিত হয়েছে তার মাঝে রয়েছে McDonnell Douglas F-15 এবং General Dynamics F-16. এই বিমানগুলি মার্কিনীদেরকে সারা দুনিয়া দাপিয়ে বেড়াতে সাহায্য করেছে। ১৯৭০-এর দশকে তৈরি করা এই বিমানগুলি তাদের বয়স দেখাতে শুরু করলেও এখনও সেগুলির কদর কমেনি। প্রকৃতপক্ষে মার্কিন বিমান শক্তির দাপট এতটাই ছিল যে আকাশে বিমানগুলিকে এখন পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। ইউরোপ, রাশিয়া এবং চীন নিজেদের ফাইটার বিমান তৈরি করলেও মার্কিনীদের এই বিমানগুলির মতো ভয়ঙ্কর নাম কুড়াতে সক্ষম হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোন বিমান কত মানুষ হত্যা করেছে অথবা কত কত সম্পদ ধ্বংস করেছে, অথবা কতগুলি দেশকে ধূলিস্মাত করেছে, সেই হিসেব করলে F-15 এবং F-16 বেশ উপরের দিকেই থাকবে।

কিন্তু যে ব্যাপারগুলি নিয়ে সবচাইতে কম আলোচনা হয়, তা হলো যেগুলি সরাসরি দেখা যায় না। সরাসরি দেখা যায়না বলেই ইলেকট্রনিক্স চিপমেকার ইন্টেল তাদের পণ্যকে বাজারজাত করতে কম্পিউটারের গায়ে লিখে দিয়েছে “Intel Inside”. ঠিক এই ব্যাপারটা F-15 এবং F-16-এর ক্ষেত্রে ঘটলেও কেউ বলে দেয়নি যে এই বিমানগুলির ভেতরের যে জিনিসগুলি এগুলিকে এতো ভয়ঙ্কর করেছে, সেগুলি কাদের তৈরি। এই দু’টি বিমানই একসময় একই ইঞ্জিনে উড়েছে। এই ইঞ্জিনের নাম “Pratt & Whitney F100”. ‘প্র্যাট এন্ড হুইটনি’ কোম্পানি এই ইঞ্জিন তৈরি করেছে, যা ঐ বিমানদু’টির “হার্ট”। F-16-এর বর্তমানে জেনারেল ইলেকট্রিক বা জিই-এর ইঞ্জিন ব্যবহৃত হলেও প্রথমদিকে প্র্যাট এন্ড হুইটনির ইঞ্জিনই ব্যবহৃত হয়েছে। ইঞ্জিন তৈরিতে বহু ইঞ্জিনিয়ারের নির্ঘুম রাত গিয়েছে, স্ত্রীর সাথে হয়েছে ছাড়াছাড়ি, অথবা চিন্তায় চুল পড়ে গিয়েছে সব। আর এসব ইঞ্জিনিয়ারদের মাঝে যারা ইঞ্জিনের গবেষণার কাজগুলি করেছেন, তাদের কাছ থেকে চাহিদাটাও ছিল অনেক বেশি। আসলে এই গবেষকেরাই মার্কিন এই যুদ্ধবিমানগুলিকে বাকি বিশ্ব থেকে এগিয়ে রেখেছিলেন। এই গবেষকরাই তাদের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে মার্কিন সামরিক শক্তিকে উপরে থাকতে সহায়তা করেছেন। অথচ এই গবেষকদের নাম খুব কমই শোনা যায়। এমনই একজন গবেষকের নাম আব্দুস সাত্তার খান।
১৯৪১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার খাগাতুয়া গ্রামে জন্মগ্রহণকারী বিজ্ঞানী আব্দুস সাত্তার খান। ১৯৭৮ সালে নিকেল ও তামার সংকর ধাতু নিয়ে গবেষণায় যখন তিনি প্রভূত অগ্রগতি অর্জন করেন, তখন ইঞ্জিন তৈরির কোম্পানি 'প্র্যাট এন্ড হুইটনি' তাকে টেনে নেয়। তিনি সেখানে “Pratt & Whitney F100” ইঞ্জিন নিয়ে কাজ শুরু করেন। এই সংকর ধাতুর কাজটি জেট ইঞ্জিনের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যা কিনা কপি করা খুব কষ্টকর। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত উতকর্ষতা বলতে যা বোঝায়, তার মাঝে একটি হচ্ছে এই সংকর ধাতুর প্রযুক্তি।


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে F-15 এবং F-16-এর ইঞ্জিন

অধ্যাপক আব্দুস সাত্তার খানের জন্ম ১৯৪১ সালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার খাগাতুয়া গ্রামে। তাঁকে তৈরি করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়; ছিলেন রসায়নের ছাত্র। তবে বাংলাদেশকে তিনি কিছু দিতে পারেননি (১৯৯১ সালের ঘুর্নিঝড়ের সময় ৬১ হাজার ডলারের সহায়তা ছাড়া); দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। ১৯৭৩ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং আইওয়া স্টেট ইউনিভার্সিটির এমেস ল্যাবরেটরিতে যোগ দেন। ১৯৭৬ সালে সাত্তার খান এমেস ল্যাবরেটরি ছেড়ে যোগ দেন জেট প্রপালশন ল্যাবরেটরিতে, যা নাসা লুইস রিসার্চ সেন্টার নামে অধিক পরিচিত। এ সময় তিনি অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন সংকর ধাতু নিয়ে কাজ করা শুরু করেন, যা কিনা ব্যবহার হয় জেট এবং রকেট ইঞ্জিনে। ১৯৭৮ সালে নিকেল ও তামার সংকর ধাতু নিয়ে গবেষণায় যখন তিনি প্রভূত অগ্রগতি অর্জন করেন, তখন ইঞ্জিন তৈরির কোম্পানি প্র্যাট এন্ড হুইটনি তাকে টেনে নেয়। তিনি সেখানে “Pratt & Whitney F100” ইঞ্জিন নিয়ে কাজ শুরু করেন। এই সংকর ধাতুর কাজটি জেট ইঞ্জিনের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যা কিনা কপি করা খুব কষ্টকর। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত উতকর্ষতা বলতে যা বোঝায়, তার মাঝে একটি হচ্ছে এই সংকর ধাতুর প্রযুক্তি। জেট ইঞ্জিনে ব্যবহৃত হয় বলেই বিশ্বে নিকেল খনিগুলি যুক্তরাষ্ট্রের কাছে অতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, প্র্যাট এন্ড হুইটনিতে সাত্তার হয়ে যান চিফ ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার। ১৯৮৬ সালে F-15 এবং F-16 -এর ইঞ্জিনের জ্বালানি খরচ কমানোয় বিশেষ অবদান রাখার জন্য পান ইউনাইটেড টেকনোলজিস (প্র্যাট এন্ড হুইটনির প্যারেন্ট কোম্পানি) স্পেশাল অ্যাওয়ার্ড। ১৯৯৪ সালে উচ্চগতিসম্পন্ন জেট বিমানের ইঞ্জিন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে অবদানের জন্য ‘ইউনাইটেড টেকনোলজিস রিসার্চ সেন্টার অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পদক লাভ করেন। ১৯৯৩ সালে পান ‘প্রাট অ্যান্ড হুইটনি’র বিশেষ অ্যাওয়ার্ড। ২০০০ সাল পর্যন্ত তিনি এই কোম্পানিতে কাজ করেছেন। ২০০৮ সালের ৩১ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
আব্দুস সাত্তার কি করে অতটা নিশ্চিত হয়েছিলেন যে তাঁর আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা F-15 এবং F-16-এর বোমায় তাঁর পরিবারের কোন সদস্য মৃত্যুবরণ করবে না? F-15 এবং F-16 যুদ্ধবিমানের বোমায় নিহত হাজারো মানুষের (মূলত মুসলিম জনগণ) আর্তচিৎকারের দায়ভার কি আব্দুস সাত্তার নেবেন? সাত্তারের মতো আর যেসব বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের হাজারো অস্ত্র তৈরিতে সহায়তা দিয়েছেন তারাও কি যুক্তরাষ্ট্রের মানবতাবিরোধী কর্মকান্ডের দায়ভার নেবেন? হাজারো মানুষের হত্যাকান্ডের অংশীদার হয়ে গর্ববোধ করবেন? কোন আদর্শিক ভাবধারাকে তুলে ধরতে কিছু লোক F-15 এবং F-16-এর ধ্বংসক্ষমতাকে নিজের বলে মনে করে আব্দুস সাত্তার খানকে বাহবা দিয়েছেন? কোন সেই আদর্শ, যাকে তুলে ধরতে লাখো মানুষের লাশের পাহাড় রচনা করা হয়েছে?

বাংলাদেশে অনেক মানুষই আছেন যারা আব্দুস সাত্তারের আবিষ্কার নিয়ে গর্ব করেন। তাঁরা যুক্তরাষ্ট্রের দুনিয়া নিয়ন্ত্রণের সাফল্যের সাথে নিজেদের একাকার করে দিতে চান। এই সাফল্যের মাঝেই তারা আব্দুস সাত্তারকে দেখেন। সবাই হয়তো সেভাবে না দেখলেও কিছু বিষয় নিয়ে কেউ মাথা ঘামান না। যেমন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের প্রযুক্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। পৃথিবীর এক দেশ আরেক দেশে একটি যুদ্ধবিমান (বা প্রযুক্তিগত দিক থেকে অগ্রগামী অন্য কোন অস্ত্র বা ম্যাটেরিয়াল) রপ্তানি করতে পারবে কিনা, সেটা ঠিক করে দেয় যুক্তরাষ্ট্র; কারণ সেই যুদ্ধবিমানের ইঞ্জিন (বা অন্য কোন অতি গুরুত্বপূর্ণ অংশ) অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের তৈরি হয়ে থাকে। তারা বলে দেন যুক্তরাষ্ট্রে তৈরি জিনিস উমুক দেশে রপ্তানি করা যাবে না; কেননা উমুক দেশের তুমুক মানবাধিকার সমস্যা রয়েছে। অথচ বাংলাদেশ (এবং বিশ্বের অন্যান্য বহু দেশ) কখনও কি চিন্তা করেছে যে বাংলাদেশের মেধা কোথায় ব্যবহৃত হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করা দরকার ছিল? বাংলাদেশের মেধা ব্যবহার করে তৈরি যুদ্ধাস্ত্র যখন লাখো মানুষের মৃত্যুর কারণ হয়, তখন কি কেউ একবারও বলেছেন যে – “এই হত্যাকান্ডের অংশ আমরা হতে চাই না”। কেউ কি বলেছেন যে - “আমাদের মেধাকে আমরা পশ্চিমাদের সাম্রাজ্যবাদী হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে দেব না”। F-15 এবং F-16 যুদ্ধবিমানের বোমায় নিহত হাজারো মানুষের (মূলত মুসলিম জনগণ) আর্তচিৎকারের দায়ভার কি আব্দুস সাত্তার নেবেন? সাত্তারের মতো আর যেসব বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের হাজারো অস্ত্র তৈরিতে সহায়তা দিয়েছেন তারাও কি যুক্তরাষ্ট্রের মানবতাবিরোধী কর্মকান্ডের দায়ভার নেবেন? হাজারো মানুষের হত্যাকান্ডের অংশীদার হয়ে গর্ববোধ করবেন?

আব্দুস সাত্তার কি করে অতটা নিশ্চিত হয়েছিলেন যে তাঁর আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা F-15 এবং F-16-এর বোমায় তাঁর পরিবারের কোন সদস্য মৃত্যুবরণ করবে না? “Pratt & Whitney F100” ইঞ্জিনের প্রযুক্তি ডেপেলপ করতে গিয়ে তিনি কোন জাতীয়তায় উদ্বুদ্ধ ছিলেন? যারা আজ আব্দুস সাত্তারের পক্ষে কথা বলছেন, তারা কোন জাতীয়তার? আন্তর্জাতিক সীমানা, ভিসা এবং রঙ্গিন পাসপোর্ট পেরিয়ে তাদের কাছে জাতীয়তা এক উদ্ভট জিনিস হিসেবে হাজির হওয়াটাই স্বাভাবিক। তারপরেও তারা নিজেদের স্বার্থ হাসিলে জাতীয়তাকে ব্যবহার করেন। আদর্শিক চিন্তার এই মানুষগুলির কাছে জাতীয়তা একটি ব্যবহারিক যন্ত্র ছাড়া আর কিছুই নয়। প্রশ্ন থাকবে যে তারা কোন আদর্শিক ভাবধারাকে তুলে ধরতে F-15 এবং F-16-এর ধ্বংসক্ষমতাকে নিজের বলে মনে করে আব্দুস সাত্তার খানকে বাহবা দিয়েছেন? কোন সেই আদর্শ, যাকে তুলে ধরতে লাখো মানুষের লাশের পাহাড় রচনা করা হয়েছে? লাশের উপরে স্থাপিত সেই আদর্শের সাফাই গাইতেই তারা F-15 এবং F-16-এর মাঝে সেই আদর্শের রক্ষাকর্তা দেখতে পান। যারা এখনও জাতীয়তা নিয়ে মারামারি করেন, তারা যে চিন্তাচেতনায় কতটা পিছিয়ে রয়েছেন, সেটা বুঝে ওঠার আগেই হয়তো F-15 এবং F-16-এর “আদর্শিক বোমা”য় নিহত হবেন। প্রশ্নটা F-15 এবং F-16 নিয়ে নয়; বরং F-15 এবং F-16 কে ব্যবহার করে কারা দুনিয়া নিয়ন্ত্রণ করবে, সেটা; মানুষের মেধাকে ব্যবহার করে দুনিয়ার নিয়ন্ত্রক হবে কারা, সেটা। পৃথিবীতে আদর্শিক টানাপোড়েনের এই সময়ে সিদ্ধান্ত নেবার পালা – “আমার মেধা আমি কাকে ব্যবহার করতে দেবো?”
 

----------------------------------------------------------------

অধ্যাপক আব্দুস সাত্তার খানের ৩১টি প্যাটেন্টের তালিকাঃ

1) Khan, Abdus S, Nazmy, Mohamed,’ MCrAlY bond coating and method of depositing said bond coating’, US patent No. 20050003227 (January 6, 2005)

2) Khan, Abdus S, Fried, Reinhard, ‘ Thermally loaded component of a gas turbine comprises heat insulating ceramic layer used for gas turbine blades’ DE10332938 (February 10, 2005)

3) Khan, Abdus S, Nazmy, Mohamed, ‘ Method of applying a thermal barrier coating system to a superalloy substrate’, W02005038074 (April 28, 2005)

4) Allen, William P, Vernoesi, William, Hall, Robert J, Maloney, Michael J., Appleby, John W, Hague, Douglas D. and Khan, Abdus S. ’Reflective coatings to reduce heat transfer’, US patent No 6,887,587 (May 3, 2005)

5) Khan, Abdus S, Fernihough John, Konter, Maxim, ‘Method of repairing a ceramic coating’, US patent No. 6,890,587 (May 10, 2005)

6) Khan, Abdus S., Konter, Maxim, Schmees, Robert, ‘ Bond or overlay MCrAlY coating’, US patent No. 6,924,045 (August 2, 2005)

7) Fried, Reinhard, Goecmen, Alkan, Khan, Abdus.S, ’ Temperature-stable protective coating over a metallic substrate surface, and a process for producing the protective coating’, US patent No. 6,720,087 (April 13, 2004)

8) Duda, Thomas, Jung, Arnd, Khan, Abdus S, ‘Method of depositing MCrAlY coating on an article and the coated article’, European patent No. EP1411148 (April 21, 2004)

9) Khan, Abdus S., Bossmann, Hans-Peter, Duda, Thomas, Schnell, Alexander, Stefansson, Karl-Johan, Toennes, Christoph T, ‘Method of depositing an oxidation and fatigue resistant MCrAlY coating’, US patent No. 20040079648 (April 29, 2004)

10) Khan, Abdus S., Duda, Thomas, ‘Method of depositing a local coating’, US patent No.20040159552 (August 19, 2004)

11) Khan, Abdus S, Duda, Thomas, Hoebel, Mathias, Schnell, Alexander, ’A method of depositing a local coating’, US patent No. 20040163583 (August 24, 2004)

12) Khan, Abdus S, Boston, Ian W and Hearley, James. A,’ Method of depositing a wear resistant seal coating and seal system’, US patent No.20040185294 (Sept. 23, 2004)

13) Schnell, Alexander, Kurz, Wilfred, Hoebel, Mathias, Khan, Abdus S., Konter, Maxim Bezencon, Cyrille, ‘MCrAlY type alloy coating’, European patent US patent No.20040234808 (November 25, 2004)

14) Schnell, Alexander, Hoebel, Mathias, Kurz, Wilfred, Khan, Abdus S., Konter, Maxim, Bezencon, Cyrille, ‘Method of growing a MCrAlY coating and an article coated with the MCrAlY coating’, US patent No.20040244676 (December 9, 2004)

15) Khan, Abdus S., Fried, Reinhard, ‘Method of applying a coating system’, European patent No. EP1491658 (December 29, 2004)

16) Khan, Abdus S, Fried, Reinhard, ‘Method of applying a coating’, European patent No. EP 1491657 (December 29, 2004)

17) Khan, Abdus S, Duda, Thomas, Schnell, Alexander, Jung, Arnd, ‘A method of depositing a coating’, European patent No. EP 1491650 (December 29, 2004)

18) Fernihough, John, Khan, Abdus S., Konter, Maxim, Oehl, Markus, Dorn, Joachim-Hans, 'Process of repairing a coated component’, US patent No. 6,569,492 (May 27, 2003)

19) Beers, Russell A, Noetzel, Allan A, Khan, Abdus S., ‘Oxidation and fatigue resistant coating’, US patent No. 20030211356 (November 3, 2003)

20) Allen, William P, Vernoesi, William, Hall, Robert J, Maloney, Michael J., Appleby, John W, Hague, Douglas D. and Khan, Abdus S. ’Reflective coatings to reduce heat transfer’, US patent No. 6,652,987 (November 25, 2003)

21) Khan, Abdus S., Zagorski, Alexander, Savell A, Katsnelson, Savell, S, Pozdniakov, Georgij A, 'Method for treating the bond coating of a component’ European patent No. EP1215301 (June 19, 2002)

22) Beers, Russell A, Khan, Abdus S, Noetzel, Allan A, ‘Oxidation resistant coatings for copper’, US Patent No 6,277,499 (August 21, 2001)

23) Mullen, Richard S, Allen, William P, Gell, Maurice L, Barkalow, Richard H., Noetzel, Allan A., Appleby, John W, Khan, Abdus S. 'Multiple nanolayer coating system’, US Patent No. 5,687,679 (November 18, 1997)

24) Khan, Abdus S, Murphy, Kenneth S, Fenton, Richard J, ‘Method for improving oxidation and spallation resistance of diffusion aluminide coatings’, W09530779 (November 16, 1995)

25) Khan, Abdus S., 'Non-destructive test for coated carbon-carbon composite articles’, US Patent No. 5,317,901 (June 7, 1994)

26) Khan, Abdus S, Wright, Robert J.’ A method for protecting article from hydrogen absorption by Application of alumina coating’, US Patent No. 5,252,362 (October 12, 1993)

27) Senterfitt, Donald R, Hamner, Larry D., Mullaly, James. R, Khan, Abdus S, Smeggil, John. G, 'Leading edge heat Pipe arrangement’, US Patent No. 4,966,229 (October 30, 1990)

28) Gostic, William J, Khan, Abdus S, Murphy, Kenneth S, 'Oxidation resistant single crystals’ US Patent No. 4,878,965 (November 7, 1989)

29) Hecht, Ralph J, Khan, Abdus S, Barkalow, Richard H, 'Substrate tailored coatings’, US Patent No. 4,758,480 (July 19, 1988)

30) Bourdeo, Girad G, Khan, Abdus S,’ Nickel base superalloy’ British patent No. GB02110240 & FR-2517329 (June 3, 1983)

31) Barrett, Charles A, Lowell, Carl E, Khan, Abdus S, 'A ternary NiCrAl system’, US Patent No. 4,340,425 (July 20, 1982)