Showing posts with label Stealth Aircraft. Show all posts
Showing posts with label Stealth Aircraft. Show all posts

Saturday, 28 December 2024

চীনের আকাশে নতুন যুদ্ধবিমান – চীন-মার্কিন সংঘাত ঘনিয়ে আসছে

২৮শে ডিসেম্বর ২০২৪

চীন যত সময় পাবে, ততই সে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক শক্তির ব্যবধান কমিয়ে ফেলতে থাকবে; হয়তো একসময় চীনই এগিয়ে যাবে। আসন্ন ট্রাম্প প্রশাসনের কাছে প্রশ্ন হাজির হয়েছে - অনিবার্য সংঘাতের আগে যুক্তরাষ্ট্র চীনকে কতটা সময় দেবে?


গত ২৬শে ডিসেম্বর চীনের আকাশে চীনাদের তৈরি দু'টা নতুন ডিজাইনের যুদ্ধবিমানের ওড়ার দৃশ্য সোশাল মিডিয়ায় আসার পর বিশ্বব্যাপী আলোড়ন পড়ে গেছে। চীনা প্রতিরক্ষা দপ্তর এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর কেউই এখনও এব্যাপারে কোন মন্তব্য করেনি। এই বিমানগুলির এখনও কোন অফিশিয়াল নাম জামা যায়নি। একই দিনে চীনা সরকারি মিডিয়া 'শিনহুয়া' জানাচ্ছে যে, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সে তুংএর জন্মদিনে চীনারা তাদের নৌবাহিনীর সর্বশেষ উভচর এসল্ট শিপ পানিতে ভাসিয়েছে। ‘রয়টার্স'এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, দু'টা বিমানের একটা বেশ বড়; যার আকৃতি অনেকটাই হীরার মতো। এটার তিনটা ইঞ্জিন ইনলেট রয়েছে; যার দু'টা রয়েছে বিমানের গা ঘেঁষে; আর বাকিটা রয়েছে উপরের দিকে। এধরণের তিন ইঞ্জিনের বিমান সচরাচর দেখা যায় না। দ্বিতীয় বিমানটা বেশ ছোট আকৃতির। 'এভিয়েশন উইক'এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, চীনা 'চেংডু' কোম্পানি থেকে ওড়া প্রথম বিমানটার সাথে একটা 'জে-২০এস' ফাইটার বিমানও উড়ছিলো। দ্বিতীয় বিমানটা উড়েছিলো 'শেনইয়াং' কোম্পানি থেকে। দু'টা বিমানই ছিল লেজবিহীন; যার অর্থ হলো, এগুলিকে কম্পিউটারের মাধ্যমে আকাশে নিয়ন্ত্রণ করতে হবে। উভয় বিমানেই কোন ৯০ ড্রিগ্রি কোণ নেই; যা বলে দিচ্ছে যে, এগুলিকে রাডার এড়ানো মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। এর আগে মার্কিনীদের তৈরি 'বি-২' এবং 'বি-২১' বোমারু বিমানও 'ফ্লাইং উইং' ডিজাইনের বা লেজবিহীন। এছাড়াও বিভিন্ন মনুষ্যবিহীন ড্রোন বিমানও লেজবিহীন; যেমন মার্কিন 'আরকিউ-১৭০' এবং চীনা 'সিএইচ-৭'। 'দ্যা ওয়ার জোন'এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, লেজবিহীন হবার অর্থ হলো রাডার এড়িয়ে চলার ক্ষেত্রে এই বিমানগুলি একধাপ এগিয়ে। কারণ এর মাধ্যমে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ব্যান্ডের রাডার সিগনাল এড়ানো সম্ভব হবে। তবে লেজ না থাকার কারণে সেই বিমানে যত শক্তিশালী কম্পিউটার সিস্টেমই থাকুক না কেন, সেটার ম্যানিউভার করার সক্ষমতা অপেক্ষাকৃত কম হবে। তথাপি দূরবর্তী মিশনে লম্বা সময় সুপারসনিক ফ্লাইটের ক্ষেত্রে এর সুবিধা রয়েছে।

'রয়টার্স'এর প্রতিবেদনে বলা হচ্ছে যে, মার্কিনীরা তাদের 'নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স' বা 'এনজিএডি' নামের বিমান প্রকল্প কেমন হবে, সেব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের সময় সিদ্ধান্ত নেবে। ব্রিটিশ এবং জাপানিরা একত্রে পরবর্তী জেনারেশনের বিমান নিয়ে একটা প্রকল্পে একত্রে কাজ করছে। 'অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইন্সটিটিউট'এর জ্যেষ্ঠ বিশ্লেষক ইউয়ান গ্রাহামের মতে, এই বিমানগুলি দেখিয়ে দেয় যে, চীনা বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলির নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার মনমানসিকতা রয়েছে। ডিজাইনগুলির ভালো খারাপ যা-ই থাকুক না কেন, এটা বলার অবকাশ নেই যে, ডিজাইনগুলির যথেষ্ট স্বকীয়তা রয়েছে। অনেকেই ধরেই নেয় যে, নতুন কোন কিছু মানেই সেটা যুক্তরাষ্ট্র ও তার বন্ধু দেশগুলির কাছ থেকেই আসতে হবে। কিন্তু এখন চীনাদের মাঝে কোন হীনমন্যতা থাকলে তারা সেটা ঝেড়ে ফেলে দিতে পারে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত 'চায়না মিলিটারি পাওয়ার' প্রতিবেদনে বলা হয়েছে যে, চীনারা 'এইচ-২০' স্টেলথ বোমারু বিমান এবং মধ্যম পাল্লার ফাইটার-বোম্বার ডেভেলপ করছে। অপরদিকে চীনা বিমান নির্মাতা কোম্পানির কর্মকর্তারা বলেছেন যে, তারা ষষ্ঠ জেনারেশনের যুদ্ধবিমানের উপর গবেষণা চালাচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন বিমান বাহিনীর তৎকালীন 'এয়ার কম্ব্যাট কমান্ড'এর প্রধান জেনারেল মার্ক কেলি মন্তব্য করেছিলেন যে, চীনারাও মার্কিনীদের মতো ষষ্ঠ জেনারেশনের যুদ্ধবিমান নিয়ে কাজ করছে; যা হবে মূলতঃ 'সিস্টেম অব সিস্টেমস'। এর মাধ্যমে বিমানের রাডারে ধরা পড়ার সম্ভাবনা আরও কমে যাবে; কম্পিউটারের সক্ষমতাও বহুগুণে বাড়বে; সেন্সরগুলির সক্ষমতাও অনেক বেড়ে যাবে। একইসাথে নতুন যেকোন সিস্টেম এই বিমানের সাথে মুহুর্তের মাঝেই যুক্ত করে ফেলা যাবে।
 
এই বিমানগুলি দেখিয়ে দেয় যে, চীনা বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলির নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার মনমানসিকতা রয়েছে। ডিজাইনগুলির ভালো খারাপ যা-ই থাকুক না কেন, এটা বলার অবকাশ নেই যে, ডিজাইনগুলির যথেষ্ট স্বকীয়তা রয়েছে। অনেকেই ধরেই নেয় যে, নতুন কোন কিছু মানেই সেটা যুক্তরাষ্ট্র ও তার বন্ধু দেশগুলির কাছ থেকেই আসতে হবে। কিন্তু এখন চীনাদের মাঝে কোন হীনমন্যতা থাকলে তারা সেটা ঝেড়ে ফেলে দিতে পারে। 


তিন ইঞ্জিনের বোমারু বিমান!

‘রয়টার্স'এর সাথে কথা বলতে গিয়ে পাঁচজন সামরিক বিশ্লেষক মত দিয়েছেন যে, ডিজাইন দেখে বলা সম্ভব নয় যে, এগুলি রাডারে কতটা ধরা পড়বে অথবা এগুলির ভেতরে কিধরণের সরঞ্জাম রয়েছে। এছাড়াও এগুলি আকাশে কতটা ম্যানিউভার করতে সক্ষম বা এগুলির গতি কতটা হতে পারে, সেব্যাপারেও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এগুলি জানতে পারলেই নিশ্চিত করে বলা সম্ভব যে, এগুলিকে পরবর্তী জেনারেশনের যুদ্ধবিমান বলা যাবে কিনা। 'এভিয়েশন উইক' ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, তিন ইঞ্জিনের প্রথম বিমানটার নিচের দিকের ইঞ্জিন দু'টার ইনলেটগুলি 'ক্যারেট' ধরণের। আর উপরের ইঞ্জিনটার ইনলেট 'ডাইভার্টারলেস সুপারসনিক ইনলেট' বা 'ডিএসআই' ধরণের। বিমানের নিচের দিকের বডি এতটাই বড় যে, এর ভেতরে খুব সহজেই অস্ত্র রাখা যাবে। এর ল্যান্ডিং গিয়ারে ডাবল চাকা দেয়া হয়েছে; যা বলে দিচ্ছে যে, বিমানটাকে যথেষ্ট ভারি ফাইটার-বম্বার হিসেবে ডিজাইন করা হয়েছে। ব্রিটিশ থিঙ্কট্যাঙ্ক 'রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউট' বা 'রুসি'র সিনিয়র ফেলো জাস্টিন ব্রঙ্ক বলছেন যে, বিমানটার বিরাট আকৃতি এবং রাডার এড়ানোর ডিজাইন দেখে মনে হচ্ছে যে, এটা বহুল প্রতীক্ষিত চীনা আঞ্চলিক বোমারু বিমান; যা বহু উঁচু দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরের সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজে আঘাত হানতে পারবে। তবে হতেও পারে যে, এটা চীনাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পের একটা অংশ।

'রয়াল এরোনটিক্যাল সোসাইটি'র এক লেখায় ব্রিটিশ এভিয়েশন বিশ্লেষক বিল সুইটম্যান বলছেন যে, পাশে 'জে-২০এস' বিমানটা থাকায় বোঝা যায় যে, ‘চেংডু'র বিমানটা লম্বায় প্রায় ৭৫ফুট এবং প্রস্থে প্রায় ৬৩ফুট। সেই হিসেবে এর উইং এরিয়া প্রায় ২ হাজার বর্গফুট; যার প্রায় পুরোটাই জ্বালানি বহণে ব্যবহার করা যাবে। বিমানের ডাবল-হুইল ল্যান্ডিং গিয়ার আজকাল ৪৫টন টেইক-অফ ওজনের নিচে কোন বিমানে দেওয়া হয় না। তিনি বলছেন যে, এই বিমানের টেইক-অফ ওজন ৫৪টন বা তারও বেশি হলেও তিনি অবাক হবেন না। এর ফলে এর উইং লোডিং হতে পারে প্রতি স্কয়ার ফুটে ২৭ কেজির মতো; যা তেমন আহামরি কিছু নয়; এবং ফুয়েল ফ্র্যাকশন হতে পারে দশমিক ৪এর মতো। বিমানের ডানার সুইপ এঙ্গেল দেখে মনে হচ্ছে এটা সর্বোচ্চ মাক ১ দশমিক ৮ গতিতে চলতে পারবে। বিমানটার ডানায় একেক পাশে ৫টা করে মোট ১০টা কন্ট্রোল সেগমেন্ট রয়েছে; যার বাইরের দু'টা ওড়ার সময় পুরোপুরিভাবে খোলা ছিল (হয়তো এয়ার ব্রেক হিসেবে)। 'বি-২' এবং 'বি-২১' বিমানের ওড়ার সময় দেখা গেছে যে, এই সেগমেন্টগুলি পুরোপুরিভাবে বন্ধ না করতে পারলে রাডারে ধরা পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে চীনারা বিমানের উপর ব্যবহৃত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বড় কোন আবিষ্কার করতে সক্ষম হয়েছে কিনা, সেব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। 'বি-২' এবং 'বি-২১' বিমানগুলি তাদের ইঞ্জিনগুলির মাঝে শক্তির ব্যালান্সিংএর মাধ্যমে বিমান নিয়ন্ত্রণ করে থাকে। 'চেংডু' ফাইটারও হয়তো সেটা করবে।

'দ্যা ওয়ার জোন'এর প্রতিবেদনে বলা হচ্ছে যে, ‘চেংডু'র বিমানটাতে তিনটা ইঞ্জিন দেয়া হয়েছে; কারণ 'জে-২০' বিমানে ব্যবহৃত চীনাদের ডেভেলপ করা দু'টা 'ডব্লিউএস-১০সি' ইঞ্জিনের পক্ষে এত বড় বিমানের গতি এবং উচ্চতার টার্গেট ধরা সম্ভব হবে না। তবে বিল সুইটম্যান মনে করছেন যে, ইঞ্জিনের ক্ষমতার কারণে বিমানে এতবড় ডিজাইন পরিবর্তন না-ও আনা হয়ে থাকতে পারে। হয়তো মাঝের ইঞ্জিনটাকে টেক-অফ, ইনিশিয়াল ক্লাইম্ব এবং সুপারক্রুজের জন্যে ব্যবহার করা হবে। আর বাকি ইঞ্জিন দু'টাকে ব্যবহার করা হবে ফ্লাইট কন্ট্রোলের জন্যে। আর এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, তৃতীয় ইঞ্জিনটা কি বাকি দু'টার মতো একই ইঞ্জিন কিনা। বিমানটার অস্ত্র বহণ করার অভ্যন্তরীণ কম্পার্টমেন্ট ২৫ফুট লম্বা এবং ৭ফুট চওড়া। এছাড়াও এর দু'টা সাইড বে রয়েছে, যেগুলিতে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহণ করা সম্ভব। তবে অভ্যন্তরীণ কম্পার্টমেন্টের আকার বলে দিচ্ছে যে, এই বিমানে বড় আকারের টার্গেট (বিমান ঘাঁটি, বিমানবাহী যুদ্ধজাহাজ) ধ্বংস করার জন্যে বড় আকারের অস্ত্র বহণ করা হবে। তবে এই বিমানে বহুসংখ্যক সুইসাইড ড্রোনও বহণ করা যেতে পারে; যা কিনা দূরবর্তী টার্গেটে হামলা করতে পারবে। দ্রুতগামী সুপারসনিক বিমান হবার কারণে এগুলি শত্রুর অপেক্ষাকৃত কাছের ঘাঁটিতে মোতায়েন করা যাবে। ধীরগতির বোমারু বিমানগুলিকে দূরবর্তী ঘাঁটিতে রাখতে হয়; যেখান থেকে পরিচালনা করতে গেলে আবার আকাশে রিফুয়েলিংএর জন্যে বিমান প্রয়োজন হয়; যেগুলি আবার শত্রুর বিমান ঘাঁটি থেকে দেড় হাজার কিঃমিঃ দূরে থাকলেও শত্রুর টার্গেটে পরিণত হতে পারে। 'দ্যা ওয়ার জোন'এর প্রতিবেদনে বলা হচ্ছে যে, যেহেতু চীনাদের আকাশে রিফুয়েলিং করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের মতো নয়, তাই দূরবর্তী টার্গেটে হামলা করার ক্ষেত্রে এধরণের বিমান খুবই উপযোগী হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাহিনীগুলি যেসকল জায়গায় বিমান হামলার ভয় করতো না, সেগুলি এখন চীনা বিমানের পাল্লার মাঝে পড়ে যাবে। এই টার্গেটগুলির মাঝে থাকবে মার্কিন ট্যাংকার বিমান, পরিবহণ বিমান, আর্লি ওয়ার্নিং এওয়াকস বিমান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, গোয়েন্দা বিমান এবং ফরওয়ার্ড ঘাঁটিতে মোতায়েন থাকা জাহাজ ও বাহিনী। তাছাড়া শত্রুর মাঝ থেকে এই বিমানগুলি তথ্য পাঠাতে পারবে এবং একই সক্ষমতার মনুষ্যবিহীন ড্রোনগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে।
 
'চেংডু' কোম্পানির ফাইটার-বোম্বার বিমান প্রশান্ত মহাসাগরে সামরিক ব্যালান্সের হিসেব পাল্টে দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন তাদের দূরবর্তী দ্বীপ ঘাঁটিগুলিতে শুধুমাত্র চীনা ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে চিন্তিত ছিল, তখন সেগুলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন ড্রোন এবং দূরপাল্লার স্টেলথ বোমারু বিমানের মতো বহু প্রকার অস্ত্রের সমন্বিত আক্রমণের হুমকিতে পড়ে গিয়েছে। 


যুক্তরাষ্ট্র-চীন অনিবার্য সংঘাত!

মার্কিন থিঙ্কট্যাঙ্ক 'স্টিমসন সেন্টার'এর সিনিয়র ফেলো কেলি গ্রীকো বলছেন যে, চীনারা দিনের বেলায় এই বিমানগুলিকে সবার সামনে দিয়ে ওড়াবার ব্যাবস্থা করেছে; যা উল্লেখ করার মতো। বিমানের ক্ষেত্রে চীনারা যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে হয়তো কিছুটা ভালো অবস্থানে যেতে পারে। তবে মনুষ্যবিহীন বিমান এবং ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সেটা অপেক্ষকৃত কঠিন হতে পারে। যেহেতু পেন্টাগনে এই মুহুর্তে 'এনজিএডি' নিয়ে বিতর্ক চলছে, কাজেই এটা ধরেই নেয়া যায় যে, চীনাদের এই বিমানগুলি পেন্টাগণের আলোচনাকে নতুন করে উস্কে দেবে। 'এভিয়েশন উইক' বলছে যে, চীনারা সরকারিভাবে কিছু না বললেও তারা কয়েক ডজন ব্যক্তির ভুমি থেকে ধারণ করা ভিডিও সোশাল মিডিয়াতে পোস্ট করার উপর কোন সেন্সরশিপ প্রয়োগ করেনি। বিল সুইটম্যান বলছেন যে, একেকটা ছবি একেক দিন তোলা হয়েছে বলে দেখা যাচ্ছে; কিন্তু সবগুলিই একই দিনে সোশাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। এর অর্থ হলো চীনারা নির্দিষ্ট করেই একই দিনে ছবিগুলিকে পোস্ট করেছে; অন্য কথায় এগুলি সাধারণ জনগণের তোলা ছবি নয়।

বিল সুইটম্যান বলছেন যে, ‘চেংডু'র ফাইটার-বোম্বার বিমানটা হয়তো কয়েক বছরের মাঝেই সার্ভিসে আসতে যাচ্ছে; যা পশ্চিমা সামরিক অবস্থানের জন্যে হুমকির কারণ হতে পারে। 'রয়টার্স' মনে করিয়ে দিচ্ছে যে, চীনাদের সামরিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে সামরিক প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে। কিছুদিন আগেই প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুয়ামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সিস্টেমের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা চিন্তাবিদদের কপালে চিন্তার রেখাই বলে দিচ্ছে যে, চীনাদের এই দুই বিমানের উড্ডয়ন, বিশেষ করে 'চেংডু' কোম্পানির ফাইটার-বোম্বার বিমান প্রশান্ত মহাসাগরে সামরিক ব্যালান্সের হিসেব পাল্টে দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন তাদের দূরবর্তী দ্বীপ ঘাঁটিগুলিতে শুধুমাত্র চীনা ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে চিন্তিত ছিল, তখন সেগুলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন ড্রোন এবং দূরপাল্লার স্টেলথ বোমারু বিমানের মতো বহু প্রকার অস্ত্রের সমন্বিত আক্রমণের হুমকিতে পড়ে গিয়েছে। মোটকথা চীন যত সময় পাবে, ততই সে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক শক্তির ব্যবধান কমিয়ে ফেলতে থাকবে; হয়তো একসময় চীনই এগিয়ে যাবে। আসন্ন ট্রাম্প প্রশাসনের কাছে প্রশ্ন হাজির হয়েছে - অনিবার্য সংঘাতের আগে যুক্তরাষ্ট্র চীনকে কতটা সময় দেবে?

Monday, 12 September 2022

স্টেলথ ফাইটারগুলি কি মার্কিন বিমান শক্তির একমাত্র স্তম্ভ হতে চলেছে?

১২ই সেপ্টেম্বর ২০২২
 
মার্কিন কংগ্রেসের অনেকেই ‘এফ-৩৫’ বিমানের মেইনটেন্যান্স খরচ কমাবার জন্যে চাপ দিচ্ছেন। কিন্তু সমস্যা হলো, ‘এফ-৩৫’ বিমানকে তৈরি করা হয়েছে অনেকগুলি বিমানের প্রতিস্থাপক হিসেবে। এতগুলি মিশন একত্রে নেবার ফলে বিমানটা অত্যন্ত জটিল এবং অতি ব্যয়বহুল হয়ে গেছে। ম্যারিন কোরের জন্যে ‘এফ-৩৫বি’ তৈরি করতে গিয়ে বিমানটার বডি চওড়া করতে হয়েছে; যার ফলে ডানা হয়ে গেছে ছোট। ছোট ডানার বিমান শত্রু বিমানের সাথে ডগফাইটে ভালো করবে না; তেলও বেশি খরচ হবে; তাই পাল্লাও হবে কম।

‘স্টেলথ’ প্রযুক্তি যেভাবে যুদ্ধক্ষেত্রে সহায়তা দিচ্ছে…

এভিয়েশন ম্যাগাজিন ‘কী এরো’র এক লেখায় ব্যাখ্যা দেয়া হচ্ছে যে, স্টেলথ অর্থ এই নয় যে, এই বিমানগুলি রাডারে দেখা যাবে না। বরং এগুলি রাডারে এতটাই ছোট হিসেবে দেখা যাবে যে, তার বিরুদ্ধে সহজে কিছু করা সম্ভব হবে না। ‘এফ-২২’ বিমান রাডারে একটা মার্বেলের আকৃতির দেখা যায়; আর ‘এফ-৩৫’ বিমান দেখা যায় একটা গলফ বলের আকৃতির। ‘রাডার ক্রস সেকশন’ বা ‘আরসিএস’ নামে পরিচিত এই হিসেবে যার আকার যত ছোট হবে, তাকে রাডারে তত ছোট দেখা যাবে। ‘এফ-২২’এর ‘আরসিএস’ এক বর্গমিটারের প্রায় ১০ হাজার ভাগের এক ভাগ; ‘এফ-৩৫’এর ১ হাজার ভাগের এক ভাগ। বিপক্ষের একটা ফাইটার বিমান ‘এফ-২২’ বিমানকে মাত্র ৫ থেকে ১০ কিঃমিঃ পাল্লার মাঝে আসলেই কেবল দেখতে পাবে; যার বহু আগেই ‘এফ-২২’ বিমান তার ক্ষেপণাস্ত্রগুলি ছুঁড়ে দেবে। তবে পঞ্চম জেনারেশনের সকল বিমানই অত সহজে শত্রুপক্ষের রাডারকে এড়াতে পারবে না। কারণ বিমানের একেক পাশ রাডারের চোখে ভিন্নভাবে ধরা দেবে। কাজেই কোন অবস্থাতে বিমানটা কোন দিকে ঘুরতে পারবে, তার কিছু বাধ্যবাধকতা থাকবে; নয়তো বিমানটা অপেক্ষাকৃত সহজেই রাডারে ধরা পড়ে যাবে।

‘এফ-২২’ এবং ‘এফ-৩৫’ বিমানগুলি তৈরিই করা হয়েছে স্টেলথ হিসেবে। এগুলির ডিজাইনের মাঝে বহু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার অনেকটাই বিমানের কাঠামোর সাথে সম্পৃক্ত। এছাড়াও বিমানের গায়ের উপরেও রাডার রশ্মি শুষে নেবার মতো রঙ দেয়া হয়েছে। যে বিমানগুলি স্টেলথ হিসেবে ডিজাইন করা হয়নি, সেগুলির ‘আরসিএস’ তুলনামূলকভাবে অনেক বড় এবং সেগুলি অনেক দূর থেকেই শত্রুর রাডারে ধরা পড়ে। ‘বি-৫২’ বোমারু বিমানের ‘আরসিএস’ প্রায় ১’শ বর্গমিটার; ‘এফ-১৫’ বিমানের প্রায় ২৫ বর্গমিটার; ‘এফ-১৬’ এবং ‘মিগ-২৯’ বিমানের প্রায় ৫ বর্গমিটার; ‘এফ/এ-১৮ই সুপার হর্নেট’ এবং ফরাসি ‘রাফাল’ ফাইটারের প্রায় ১ বর্গমিটার; আর ‘ইউরোফাইটার টাইফুন’এর প্রায় আধা বর্গমিটারের মতো। কাজেই যদিও এই বিমানগুলি রাডারে খুব সহজেই ধরা পড়ছে, তথাপি বিভিন্ন পদ্ধতিতে এগুলির ‘আরসিএস’ আরও কমানো সম্ভব; যার ফলে বিমানগুলি রাডারে ধরা পড়বে ঠিকই; তবে কিছুটা দেরিতে। উদাহরণস্বরূপ, যদি ‘এফ-১৬’ বিমানের ‘আরসিএস’ কমিয়ে ‘এফ/এ-১৮ই সুপার হর্নেট’এর কাছাকাছি নিয়ে আসা সম্ভব হয়, তাহলে শত্রুর রাডারে ‘এফ-১৬’কে খুঁজে পাবার দূরত্ব প্রায় ৩০ থেকে ৪৫ শতাংশ কমে যাবে। অর্থাৎ এর ফলে শত্রুর রাডারের পাল্লার বাইরে থেকেই ‘এফ-১৬’ তার অস্ত্রগুলিকে ব্যবহার করে ফেলতে সক্ষম হতে পারে।

সাম্প্রতিক সময়ের আরও আগে থেকেই মার্কিন বাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, তারা তাদের বহরে শুধুমাত্র স্টেলথ বিমানই রাখবে না; পুরোনো ‘নন-স্টেলথ’ বিমানগুলিও তারা রাখবে। একারণেই এই পুরোনো বিমানগুলির কার্যক্ষমতা বৃদ্ধি করতে সেগুলির ‘আরসিএস’ কমাবার প্রযুক্তির উপর গুরুত্ব দেয়া হচ্ছে। যেহেতু পুরোনো বিমানগুলি ইঞ্জিনের ‘ইনটেক’ ও ‘ইনলেট ডাক্ট’ এবং ‘আফটারবার্নার নজল’এর কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ‘আরসিএস’ কমানোটা অনেক বেশি ব্যয়বহুল, তাই সেটা নিশ্চিতভাবেই হচ্ছে না। তবে বিমানগুলির গায়ের উপর রাডার রশ্মি শুষে ফেলার মতো রঙ দেয়া সম্ভব।

প্রতিবেদনে বলা হয় যে, ১৯৮৬ সাল থেকে ‘হেইভ গ্লাস ১ ও ২’ প্রকল্পের অংশ হিসেবে ‘এফ-১৬’ বিমানের উপর রাডার শুষে নেবার রঙ দেয়া হতে থাকে। প্রথমদিকে শুধুমাত্র যে ‘এফ-১৬’গুলি শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা করার মতো কঠিন কাজটা করবে, সেগুলির উপর এই রঙ দেয়া হতে থাকে। এর ফলে বিমানগুলির ‘আরসিএস’ প্রায় ১৫ শতাংশ কমেছিল বলে ধারণা করা হয়। ২০১২এর পর থেকে এরকম আরও রঙএর প্রকল্প হাতে নেয়া হয়। ‘হেইভ গ্লাস ৫’ প্রকল্পের পর ‘এফ-১৬’এর ‘আরসিএস’ মাত্র ১ দশমিক ২ বর্গমিটারে নেমে আসে; যা কিনা শুরুতে ছিল প্রায় ৫ বর্গমিটার। এই রঙ এখন ধীরে ধীরে বেশিরভাগ ‘এফ-১৬’ বিমানের উপরেই দেয়া হচ্ছে।

এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি যার মাধ্যমে একটা বিমানকে শত্রুর নজরদারির বাইরে রাখা সম্ভব তা হলো বিমানের ইলেকট্রনিক সিগনেচার। অর্থাৎ বিমানটা যখন তার ইলেকট্রনিক যন্ত্রগুলি, যেমর রাডার বা যোগাযোগের যন্ত্রগুলিকে দ্রুত পরিবর্তনীয় ফ্রিকুয়েন্সির মাধ্যমে ব্যবহার করে, তখন শত্রু খুব সহজে বিমানটাকে খুঁজে পাবে না।

 
'এফ-১৫ইএক্স' 'বম্ব ট্রাক'। গত দুই দশকে ‘এফ-১৫’ বিমানের উন্নয়নের পিছনে মার্কিনীদের কোন অর্থই খরচ করতে হয়নি; পুরোটাই বন্ধু দেশগুলি দিয়েছে। স্টেলথ বিমানগুলি গতি এবং দ্রুতির দিক থেকে যেমন কিছুটা পিছিয়ে, তেমনি অস্ত্র বহণের ক্ষেত্রেও এগুলির কিছুটা ঘাটতি রয়েছে। ‘এফ-১৫ইএক্স’ বিমানগুলি হয়তো দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রগুলি বহণ করতে পারবে এই স্টেলথ বিমানগুলিকে সহায়তা দেয়ার জন্যে।

‘এফ-১৫ইএক্স’ প্রকল্প… খোলস পাল্টে ৫০ বছরের পুরোনো বিমান?


২০২০ সালের জুলাই মাসে মার্কিন বিমান বাহিনী ‘বোইং’ কোম্পানিকে নতুন একটা বিমান নির্মাণের কনট্রাক্ট দেয়; যার নাম হলে ‘এফ-১৫ইএক্স’। বিমানগুলি কেন কেনা হচ্ছে, সেবিষয়ে অনেকেই আলোচনা করছেন। বিশেষ করে বিমান বাহিনী যখন ‘এফ-৩৫’ স্টেলথ বিমানকেই ভবিষ্যতের ফাইটার হিসেবে নির্বাচন করেছে, তখন পাঁচ দশকের একটা পুরোনো ডিজাইনের বিমান কেন নতুন করে তৈরি করতে হবে, সেব্যাপারে অনেকেই প্রশ্ন করছেন। ১৯৭২ সালে প্রথম ওড়া ‘এফ-১৫’ বিমান ১৯৭৬ সালে উৎপাদন শুরু হয় এবং ২০০১ সালে মার্কিন বিমান বাহিনী শেষ ‘এফ-১৫’ বিমানটা অর্ডার করে। অর্থাৎ দুই দশক ধরে মার্কিনীরা কোন ‘এফ-১৫’ বিমান ক্রয় করেনি। বর্তমানে বিভিন্ন মডেলের প্রায় ৫’শ ‘এফ-১৫’ মার্কিন সার্ভিসে রয়েছে।

নিরাপত্তা ম্যাগাজিন ‘নাইনটিন ফোরটিফাইভ’এর এক লেখায় সামরিক বিশ্লেষক রবার্ট ফার্লে বলছেন যে, ‘এফ-১৫’ বিমানটা মার্কিনীরা তাদের বন্ধু দেশগুলির কাছে বিক্রি করেছে; যার মাঝে রয়েছে জাপান, ইস্রাইল, সৌদি আরব এবং কোরিয়া। এবং বহু বছর ধরে এই বিমানটা পশ্চিমা বিমান শক্তির মূলে রয়েছে। ‘এফ-১৫’ বিমানের এই রপ্তানি সাফল্যই ‘এফ-১৫ইএক্স’ বিমানকে সামনে এনেছে। দুই দশকে মার্কিনীরা কোন ‘এফ-১৫’ বিমান না কিনলেও তাদের বন্ধু দেশগুলি কেনা অব্যাহত রেখেছে। এর ফলে ‘বোইং’ কোম্পানি এই বিমানের উৎপাদন লাইন চালু রেখেছে এবং বিভিন্ন যন্ত্রাংশ প্রতিস্থাপনের মাধ্যমে বিমানটাকে আরও উন্নত করেছে। অর্থাৎ গত দুই দশকে ‘এফ-১৫’ বিমানের উন্নয়নের পিছনে মার্কিনীদের কোন অর্থই খরচ করতে হয়নি; পুরোটাই বন্ধু দেশগুলি দিয়েছে। ফার্লে বলছেন যে, ‘এফ-১৫ইএক্স’ প্রকল্পের দু’টা উদ্দেশ্য রয়েছে। প্রথমতঃ আকাশ প্রতিরক্ষার জন্যে ব্যবহৃত বিমান বাহিনীর পুরোনো ‘এফ-১৫সি/ডি’ বিমানগুলিকে প্রতিস্থাপিত করা; যেগুলির অনেকগুলিই এখন নিয়মত আকাশে ওড়ার মতো অবস্থায় নেই এবং যেগুলির মেইনটেন্যান্সে অনেক বেশি খরচ হচ্ছে। দ্বিতীয়তঃ বিমান বাহিনীর ‘এফ-২২’ এবং ‘এফ-৩৫’ স্টেলথ ফাইটারগুলিকে সহয়তা দেয়ার উদ্দেশ্যে ‘এফ-১৫ইএক্স’ তৈরি করা। স্টেলথ বিমানগুলি গতি এবং দ্রুতির দিক থেকে যেমন কিছুটা পিছিয়ে, তেমনি অস্ত্র বহণের ক্ষেত্রেও এগুলির কিছুটা ঘাটতি রয়েছে। ‘এফ-১৫ইএক্স’ বিমানগুলি হয়তো দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রগুলি বহণ করতে পারবে এই স্টেলথ বিমানগুলিকে সহায়তা দেয়ার জন্যে। বিমান বাহিনী প্রথমে ১’শ ৪৪টা ‘এফ-১৫ইএক্স’ বিমানের কথা বললেও এখন শোনা যাচ্ছে যে, তারা ৮০টার মতো কিনতে পারে। কিন্তু এই সংখ্যাটা পুরোনো ‘এফ-১৫’গুলিকে প্রতিস্থাপন করার জন্যে মোটেই যথেষ্ট নয়।

ফার্লে বলছেন যে, এখনই ‘এফ-১৫ইএক্স’ প্রকল্পের উপর ইউক্রেন যুদ্ধের প্রভাব কতটুকু হবে, তা বলা মুশকিল। তবে যুক্তরাষ্ট্র নতুন করে কোন একটা যুদ্ধে জড়ালে যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে পারাটা যে ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে, সেই চিন্তাটা ইউক্রেন যুদ্ধ আবারও জাগিয়ে তুলেছে। ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে হলে পুরোনো ডিজাইনের ফাইটারগুলি এগিয়ে থাকবে। এছাড়াও ‘এফ-১৫ইএক্স’এর মতো বিমানগুলি তৈরি করতে গিয়ে খরচ খুব দ্রুতই বেড়ে যাবে না; যেটা হতে পারে নতুন ডিজাইনের বিমানের ক্ষেত্রে।

‘ফ্লাইট গ্লোবাল’এর এক খবরে বলা হচ্ছে যে, ৭ই সেপ্টেম্বর মার্কিন বিমান বাহিনী ‘ব্রিটিশ এরোস্পেস সিস্টেমস’কে সাড়ে ৩’শ মিলিয়ন ডলারে নতুন একটা কনট্রাক্ট দিয়েছে; যার বলে কোম্পানিটা মার্কিন বিমান বাহিনীর ‘এফ-১৫ই’ এবং ‘এফ-১৫ইএক্স’ বিমানের জন্যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার যন্ত্রাংশ সরবরাহ করবে। ‘ঈগল প্যাসিভ একটিভ ওয়ার্নিং সারভাইভাবিলিটি সিস্টেমস’ বা ‘ইপিএডব্লিউএসএস’ নামের এই যন্ত্রাংশ কি কাজ করতে পারে, তার বর্ণনা দিতে গিয়ে কোম্পানির প্রকল্প পরিচালক ব্রিজেট ম্যাকডারমট বলছেন যে, এই প্রযুক্তি ‘এফ-১৫’ বিমানগুলিকে উন্নত প্রযুক্তির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সুরক্ষা দেবে। এর সহায়তায় বিমানের পাইলট তার আশেপাশের হুমকিগুলিকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং নিজেকে রক্ষা করতে পারবেন।

 
'এফ-৩৫' বিমানের ভেতর 'এমরাম' ক্ষেপণাস্ত্র বহণ। একেকটা ‘এফ-৩৫’ বিমান তার অত্যন্ত দামি সেন্সরগুলি ব্যবহার করে প্রচুর তথ্য সংগ্রহ করে এবং নেটওয়ার্ক ব্যবহার করে আশেপাশের সকলের কাছ থেকেও তথ্য সংগ্রহ করে। এই তথ্য প্রসেস করে সে প্রচুর তথ্যের মালিক হয় ঠিকই, কিন্তু সেই তথ্য ব্যবহার করার মতো যথেষ্ট অস্ত্র সে বহণ করতে পারে না। স্টেলথ হিসেবে তৈরি করতে গিয়ে বিমানটার অস্ত্রগুলি এর পেটের ভিতরে নিতে হচ্ছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্যে মাত্র চারটা বোমা বা ক্ষেপণাস্ত্র বহণ করা সম্ভব হচ্ছে। একারণেই ‘এফ-১৫ইএক্স’ বিমান তৈরি করা হচ্ছে এবং ‘এফ-১৬’ বিমানগুলিকেও উন্নততর প্রযুক্তি দিয়ে ২০৪০এর পরেও অপারেশনে রাখতে চাইছে মার্কিনীরা।


‘এফ-১৫ইএক্স’ বিমান তৈরি অর্থের অপচয় নয় কি?

তবে প্রশ্ন দাঁড়িয়েছে ‘এফ-১৫ইএক্স’ বিমানের ৮৮ মিলিয়ন ডলার খরচ নিয়ে; যা কিনা ‘এফ-৩৫’ স্টেলথ বিমানের মতোই। কিছু কংগ্রেস সদস্য এই বিমান কেনার ব্যাপারে প্রশ্ন তুলেছেন। ইলিনয়া রাজ্যের সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ২০১৯ সালেই বলেছেন যে, ‘এফ-৩৫’ বিমানের উৎপাদন কমিয়ে ‘এফ-১৫’ বিমান তৈরি করাটা ঠিক হবে না। তবে এখানে বলাই বাহুল্য যে, ‘এফ-৩৫’এর ওয়েবসাইটে বলা হচ্ছে যে, সিনেটর ডাকওয়ার্থএর ইলিনয়া রাজ্যে ‘এফ-৩৫’ তোরির জন্যে ৫ হাজার ৭’শ ৯০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে এবং তা রাজ্যের অর্থনীতিতে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার যোগ করবে। অর্থাৎ সিনেটর ‘এফ-৩৫’এর পক্ষে বলবেন, সেটাই স্বাভাবিক। অপরদিকে যারা ‘এফ-১৫ইএক্স’এর পক্ষে, তারা বলছেন যে, ‘এফ-৩৫’ একটা স্টেলথ বিমান ঠিকই, কিন্তু স্টেলথ হবার জন্যে বিমানটা তার অস্ত্রগুলি বিমানের ভেতরে লুকিয়ে রাখে। ফলশ্রুতিতে এই বিমানটা সর্বোচ্চ ২ দশমিক ৩ টনের মাত্র ৪টা বোমা বা ক্ষেপণাস্ত্র বহণ করতে পারে। যদিও বিমানটা তার দেহের বাইরে আরও প্রায় ৫ দশমিক ৯ টন বোমা বহণ করতে পারে, তথাপি এটা করলে ‘এফ-৩৫’ আর স্টেলথ থাকবে না; অর্থাৎ সহজেই রাডারে দেখা যাবে। অপরদিকে ‘এফ-১৫ইএক্স’ বিমান ১৩ টনের বেশি অস্ত্র বহণ করতে সক্ষম। ‘ইপিএডব্লিউএসএস’ প্রকল্পের পরিচালক ব্রিজেট ম্যাকডারমট বলছেন যে, নতুন করে ‘এফ-১৫’ বিমানের জন্যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার যন্ত্রাংশ অর্ডার করার অর্থ হলো, বিমান বাহিনী দীর্ঘমেয়াদে ‘এফ-১৫’ বিমানগুলিকে কৌশলগত প্রতিরক্ষার অংশ হিসেবে দেখছে।

‘এফ-১৬’ বিমান ২০৪০এর দশক পর্যন্ত চলবে

‘এয়ার এন্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিন’এর এক খবরে বলা হচ্ছে যে, মার্কিন বিমান বাহিনী বিভিন্ন উন্নয়ন কাজের মাধ্যমে ২০৪০এর দশক পর্যন্ত ‘এফ-১৬’ বিমানগুলিকে সার্ভিসে রাখতে চাইছে। বিমান বাহিনীর ‘এফ-১৬’ প্রকল্পের প্রধান কর্নেল টিম বেইলি গত অগাস্ট মাসে এক সাংবাদিক সন্মেলনে বলছেন যে, বিমান বাহিনী আশা করছে যে, সামনের কয়েক দশকে কয়েক’শ ‘এফ-১৬’ সার্ভিসে থাকবে। বিমান বাহিনীর ফাইটার এবং আধুনিক বিমানের প্রকল্প এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল ডেইল হোয়াইট বলছেন যে, সাম্প্রতিক সময়ে ‘এফ-১৬’ বিমানের সার্ভিসের দৈর্ঘ্য বৃদ্ধি করার লক্ষ্যে যেসকল কাজ করা হয়েছে, তাতে এই বিমানগুলি আরও বহুদিন ওড়ার মতো অবস্থায় থাকবে। আর তার কাছে এই বিমানকে প্রতিস্থাপন করার মতো কোন বিমান খোঁজার জন্যে কোন নির্দেশ আসেনি। ‘লকহীড মার্টিন’ বলছে যে, প্রথমে এই বিমানগুলির সার্ভিস লাইফ ৮ হাজার ঘন্টা থাকলেও এখন তা ১২ হাজার ঘন্টায় উন্নীত করা হয়েছে। এর ফলে বিমানগুলি ২০৪৮ সাল পর্যন্ত উড়তে পারবে।
 

'এফ-১৬' বিমান, যার উপরে রয়েছে 'হেইভ গ্লাস ৬' রাডার রশ্মি শুষে নেবার মতো রঙ। ‘হেইভ গ্লাস ৫’ প্রকল্পের পর ‘এফ-১৬’এর ‘আরসিএস’ মাত্র ১ দশমিক ২ বর্গমিটারে নেমে আসে; যা কিনা শুরুতে ছিল প্রায় ৫ বর্গমিটার। এই রঙ এখন ধীরে ধীরে বেশিরভাগ ‘এফ-১৬’ বিমানের উপরেই দেয়া হচ্ছে। ‘লকহীড মার্টিন’ কোম্পানি এখনও ‘এফ-১৬’ বিমান তৈরি করছে মার্কিনীদের বন্ধুদের জন্যে। এর ফলে তারা এই বিমানটাকে নতুন নতুন প্রযুক্তি দিয়ে সাজাচ্ছে। মার্কিন বিমান বাহিনী এই প্রযুক্তিগুলিকে সহজেই পেয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ‘এফ-১৬’ বিমানের রাডারের যে উন্নয়ন করা হয়েছে, তা প্রকৃতপক্ষে তাইওয়ান অর্থায়ন করেছে।

২০২১ সালে মার্কিন বিমান বাহিনী ভবিষ্যতের ফাইটার ফোর্সের একটা কাঠামো প্রকাশ করে; যেখানে বর্তমানে ব্যবহৃত ৭ প্রকারের বিমানের বদলে “৪ প্লাস ১” প্রকারের বিমানের কথা বলা হয়েছে। এর মাঝে ‘এফ-২২’ এবং এর ভবিষ্যৎ প্রতিস্থাপককে একটা প্রকার হিসেবে দেখানো হয়েছে। দ্বিতীয় প্রকার হল ‘এফ-৩৫’ বিমান। তৃতীয় প্রকার হলো ‘এফ-১৫ই’ এবং ‘এফ-১৫ইএক্স’। আর চতুর্থ প্রকার হলো ‘এফ-১৬’। এর সাথে ‘এ-১০’ বিমানগুলিকে “প্লাস ১” হিসেবে ঝুলিয়ে রাখা হয়েছে; যেগুলি ২০৩০ সালে রিটায়ার করার কথা রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল হোয়াইট বলছেন যে, ‘লকহীড মার্টিন’ কোম্পানি এখনও ‘এফ-১৬’ বিমান তৈরি করছে মার্কিনীদের বন্ধুদের জন্যে। এর ফলে তারা এই বিমানটাকে নতুন নতুন প্রযুক্তি দিয়ে সাজাচ্ছে। মার্কিন বিমান বাহিনী এই প্রযুক্তিগুলিকে সহজেই পেয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন যে, সাম্প্রতিক সময়ে ‘এফ-১৬’ বিমানের রাডারের যে উন্নয়ন করা হয়েছে, তা প্রকৃতপক্ষে তাইওয়ান অর্থায়ন করেছে। ‘একটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড এরে’ বা ‘এইএসএ’ ধরণের এই রাডার ‘এফ-১৬’ বিমানের দূরের টার্গেট খুঁজে পাবার সক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে। একইসাথে এই রাডারের মাধ্যমে বিমানগুলি একসাথে বেশি টার্গেট মোকাবিলা করতে সক্ষম হবে। এছাড়াও বিমানগুলি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বেশকিছু যন্ত্রাংশ পেতে চলেছে। ১৯৭৮ সালে সার্ভিসে ঢোকার পর থেকে ‘এফ-১৬’ বিমানে ইঞ্জিন, রাডার, স্বপ্রতিরক্ষা ব্যবস্থা, এবং বিমান বাহিনীর সকল অস্ত্র বহণ করার সক্ষমতার উপর বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তবে জেনারেল হোয়াইট বলেন যে, যেহেতু বিমান বাহিনীতে প্রায় ৯’শ ‘এফ-১৬’ রয়েছে, কাজেই শুধুমাত্র সংখ্যার কারণেই এই বিমানের যেকোন উন্নয়ন যথেষ্ট ব্যয়বহুল হবে। একারণেই ভবিষ্যতের উন্নয়নগুলি মার্কিনীদের বন্ধুদের কাছে নতুন করে যা বিক্রি করা হয়েছে, সেগুলির মাঝেই থাকবে। আর সামনের দিনগুলিতে বেশিরভাগ ‘এফ-১৬’এর গায়ের উপর রাডার রশ্মি শুষে ফেলার মতো কিছু রঙ করা হবে।

‘এফ-৩৫’এর মেইনটেন্যান্স খরচ এবং সময়

মার্কিন সামরিক সদস্যদের ম্যাগাজিন ‘স্যান্ডবক্স’এর এক লেখায় বলা হচ্ছে যে, একেকটা ‘এফ-৩৫’ বিমান তৈরি করা হয়েছে ৮ হাজার ঘন্টা ওড়াবার জন্যে। প্রতি ঘন্টা ওড়ার পিছনে খরচ হয় ৪৪ হাজার ডলার (যদিও কেউ কেউ বলছেন যে এটা ৩৬ হাজার বা ৩৮ হাজার ডলার)। অপরদিকে ‘এফ-১৫ইএক্স’ বিমানগুলি তৈরি করা হচ্ছে ২০ হাজার ঘন্টা ওড়াবার জন্যে; যেখানে প্রতি ঘন্টায় খরচ হবে ২৯ হাজার ডলার। দু’টা বিমানের খরচের কোন রকম তুলনা করা সম্ভব নয়। কারণ একটা ‘এফ-১৫ইএক্স’ যতদিন উড়বে, তা প্রকৃতপক্ষে তিনটা ‘এফ-৩৫’এর জীবনের সমান। দু’টা বিমানের কাজ পুরোপুরিভাবে ভিন্ন হবার কারণেই এই হিসেবটা করাটা অর্থহীন। অন্য কথায় বলতে গেলে, একটা বিমান আরেকটার প্রতিস্থাপক নয়।

মার্কিন ‘কংগ্রেশনাল বাজেট অফিস’ বা ‘সিবিও’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ‘এফ-৩৫’ বিমানগুলি এখন পূর্বের তুলনায় বেশি সময় ওড়ানো সম্ভব হচ্ছে। এখন এই বিমানগুলি প্রায় ৫০ থেকে ৬০ ভাগ সময় ওড়াবার জন্যে প্রস্তুত থাকছে; যা কিনা সামরিক বাহিনীর অন্যান্য বিমানের চাইতে কিছু বেশি অথবা প্রায় সমান। ‘এফ-২২’ বিমানগুলি প্রায় ৪০ শতাংশ ওড়াবার জন্যে প্রস্তুত থাকছে। অপরদিকে ‘এফ-১৫ই’ এবং ‘এফ-১৬সি/ডি’ বিমানগুলি অনেক পুরোনো হবার পরেও ‘এফ-৩৫সি’ বিমানের মতোই প্রস্তুত থাকছে। বিমান বাহিনীর ‘এফ-৩৫এ’ এবং ম্যারিন কোরের ‘এফ-৩৫বি’ বিমানগুলি প্রায় ৬০ শতাংশের মতো প্রস্তুত থাকছে। তবে এখানে যে ব্যাপারটা গুরুত্বপূর্ন তা হলো, ‘এফ-৩৫’ বিমানগুলি একেবারেই নতুন; অপরদিকে বাকিগুলি এগুলির তুলনায় অনেক পুরাতন। পুরাতন বিমানের মেইনটেন্যান্স বেশি লাগে। ‘এফ-৩৫’ বিমানগুলি একেবারে নতুন হবার পরেও অন্য ডিজাইনের কয়েক দশকের পুরাতন বিমানের মতোই প্রস্তুত থাকছে। এছাড়াও প্রতিবেদনে বলা হচ্ছে যে, যে ‘এফ-৩৫’গুলির বয়স ৮ বছরের উপরে, সেগুলির ৪৬ শতাংশ ১ বছরের বেশি সময় ডিপো লেভেল মেইনটেন্যান্সে কাটিয়েছে। অথচ ৭ বছর বা এর কম বছরের পুরোনো বিমানগুলির মাত্র ১০ শতাংশ এক বছর বা তার বেশি সময় ডিপো লেভেল মেইনটেন্যান্সে কাটিয়েছে।
 

যুক্তরাষ্ট্রের অডিট সংস্থা ‘গভার্নমেন্ট একাউন্টাবিলিটি অফিস’ বা ‘জিএও’এর ২০২১এর জুলাইএর এক গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে যে, একটা সময় আসবে, যখন মার্কিন সামরিক বাহিনী ‘এফ-৩৫’এর মেইনটেন্যান্স খরচ বহণ করতে পারবে না। তখন তাদেরকে হয় ক্রয়কৃত বিমানের সংখ্যা কমাতে হবে; অথবা বিমানগুলির ওড়ানো কমিয়ে দিয়ে বেশিরভাগ সময়ে বসিয়ে রাখতে হবে।


‘এফ-৩৫’এর উচ্চ প্রযুক্তির বাস্তবতা

যুক্তরাষ্ট্রের অডিট সংস্থা ‘গভার্নমেন্ট একাউন্টাবিলিটি অফিস’ বা ‘জিএও’এর ২০২১এর জুলাইএর এক গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে যে, একটা সময় আসবে, যখন মার্কিন সামরিক বাহিনী ‘এফ-৩৫’এর মেইনটেন্যান্স খরচ বহণ করতে পারবে না। তখন তাদেরকে হয় ক্রয়কৃত বিমানের সংখ্যা কমাতে হবে; অথবা বিমানগুলির ওড়ানো কমিয়ে দিয়ে বেশিরভাগ সময়ে বসিয়ে রাখতে হবে। ২০৩৬ সাল নাগাদ মার্কিনীদের হাতে ‘এফ-৩৫’ বিমানের সংখ্যা সর্বোচ্চ হবে। তখন যদি বর্তমানের চাইতে মেইনটেন্যান্স খরচ যথেষ্ট পরিমাণে কমানো সম্ভব না হয়, তাহলে সেই খরচ বহণ করা মারাত্মক কঠিন হয়ে যাবে। যে খরচ তারা বহণ করতে সক্ষম, আর যে খরচ প্রকৃতপক্ষে নিতে হবে, তার মাঝে প্রায় ৬ বিলিয়ন ডলারের একটা ঘাটতি দেখা দিতে পারে। অপরদিকে বিমান বাহিনী বলছে যে, যদি তারা ‘এফ-৩৫’এর সকল খুচরা যন্ত্রাংশ বিনামূল্যেও পেয়ে যায়, তাহলেও তাদের মেইনটেন্যান্স খরচ তাদের বহণক্ষমতার চাইতে ১৪ শতাংশ বেশি হবে!

মার্কিন কংগ্রেসের অনেকেই ‘এফ-৩৫’ বিমানের মেইনটেন্যান্স খরচ কমাবার জন্যে চাপ দিচ্ছেন। কিন্তু সমস্যা হলো, ‘এফ-৩৫’ বিমানকে তৈরি করা হয়েছে অনেকগুলি বিমানের প্রতিস্থাপক হিসেবে। এতগুলি মিশন একত্রে নেবার ফলে বিমানটা অত্যন্ত জটিল এবং অতি ব্যয়বহুল হয়ে গেছে। ম্যারিন কোরের জন্যে ‘এফ-৩৫বি’ তৈরি করতে গিয়ে বিমানটার বডি চওড়া করতে হয়েছে; যার ফলে ডানা হয়ে গেছে ছোট। ছোট ডানার বিমান শত্রু বিমানের সাথে ডগফাইটে ভালো করবে না; তেলও বেশি খরচ হবে; তাই পাল্লাও হবে কম। তবে স্টেলথ হবার কারণে বিমানের দূর থেকে যুদ্ধ করার সক্ষমতা বেশি থাকবে। একেকটা ‘এফ-৩৫’ বিমান তার অত্যন্ত দামি সেন্সরগুলি ব্যবহার করে প্রচুর তথ্য সংগ্রহ করে এবং নেটওয়ার্ক ব্যবহার করে আশেপাশের সকলের কাছ থেকেও তথ্য সংগ্রহ করে। এই তথ্য প্রসেস করে সে প্রচুর তথ্যের মালিক হয় ঠিকই, কিন্তু সেই তথ্য ব্যবহার করার মতো যথেষ্ট অস্ত্র সে বহণ করতে পারে না। স্টেলথ হিসেবে তৈরি করতে গিয়ে বিমানটার অস্ত্রগুলি এর পেটের ভিতরে নিতে হচ্ছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্যে মাত্র চারটা বোমা বা ক্ষেপণাস্ত্র বহণ করা সম্ভব হচ্ছে। একারণেই ‘এফ-১৫ইএক্স’ বিমান তৈরি করা হচ্ছে এবং ‘এফ-১৬’ বিমানগুলিকেও উন্নততর প্রযুক্তি দিয়ে ২০৪০এর পরেও অপারেশনে রাখতে চাইছে মার্কিনীরা। পুরোনো ডিজাইনের এই বিমানগুলি ‘এফ-৩৫’এর পাশে ‘বম্ব ট্রাক’ হিসেবে থাকবে। ‘এফ-৩৫’ টার্গেট খুঁজে দেবে; আর ‘এফ-১৫’ বা ‘এফ-১৬’ ক্ষেপণাস্ত্র বা বোমা ছুঁড়বে সেই টার্গেটে। ‘এফ-৩৫’ বিমানের মেইনটেন্যান্স খরচ যদি বাজেটের বাইরে চলে যায়, তখন বিমানগুলিকে বেশিরভাগ সময় বসিয়েই রাখতে হবে। এতে ট্রেনিং ফ্লাইট কমে যাবে এবং পাইলটদের দক্ষতাও ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়াও যদি ক্রয়কৃত বিমানের সংখ্যা কমিয়ে ফেলতে হয়, তখন ৫০ বছরের পুরোনো ডিজাইনের ‘এফ-১৫’ এবং ‘এফ-১৬’ বিমান দিয়েই যুদ্ধ চালিয়ে নিতে হবে। মোটকথা, মার্কিনীরা বুঝতে পারছে যে, পঞ্চম জেনারেশনের স্টেলথ যুদ্ধবিমান শুনতে যতটাই মধুর লাগুক না কেন, বাস্তবতা এগুলির ব্যবহারকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখছে। একারণেই ‘নন-স্টেলথ’ বিমানগুলিকে কমপক্ষে সমান গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে তারা।



সূত্রঃ

‘Have Glass: Making the F-16 less observable’ by Jon Lake, in Key.Aero, 01 April 2021 (https://www.key.aero/article/have-glass-making-f-16-less-observable)

‘Strengthening Our Supply Chain. Securing Our Future.’ In F-35 Lightning II by Lockheed Martin (https://www.f35.com/f35/about/economic-impact.html)

‘Air Force Keeping F-16s, Not Moving Toward Fighter Derived From MR-F or T-7 for Now’ in Air & Space Forces Magazine, 14 April 2022

‘Why the Air Force Wants the F-15EX Fighter’ by Robert Farley in 1945, 10 September 2022 (https://www.19fortyfive.com/2022/09/f-15-ex-still-much-not-known/)

‘Boeing expands purchase of F-15 electronic warfare systems from BAE’ in Flight Global, 08 September 2022

‘How much cheaper is the F-15EX compared to the F-35?’ by Alex Hollings, in Sandboxx, 17 March 2021

‘Availability and Use of F-35 Fighter Aircraft’ in Congressional Budget Office, April 2022

‘U.S. Air Force Authorizes Extended Service Life for F-16’ by Lockheed Martin, 12 April 2017 (https://news.lockheedmartin.com/2017-04-12-U-S-Air-Force-Authorizes-Extended-Service-Life-for-F-16)

‘Watchdog group finds F-35 sustainment costs could be headed off affordability cliff’ in Breaking Defence, 08 July 2021