Showing posts with label Sixth Generation Fighter Aircraft. Show all posts
Showing posts with label Sixth Generation Fighter Aircraft. Show all posts

Saturday, 28 December 2024

চীনের আকাশে নতুন যুদ্ধবিমান – চীন-মার্কিন সংঘাত ঘনিয়ে আসছে

২৮শে ডিসেম্বর ২০২৪

চীন যত সময় পাবে, ততই সে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক শক্তির ব্যবধান কমিয়ে ফেলতে থাকবে; হয়তো একসময় চীনই এগিয়ে যাবে। আসন্ন ট্রাম্প প্রশাসনের কাছে প্রশ্ন হাজির হয়েছে - অনিবার্য সংঘাতের আগে যুক্তরাষ্ট্র চীনকে কতটা সময় দেবে?


গত ২৬শে ডিসেম্বর চীনের আকাশে চীনাদের তৈরি দু'টা নতুন ডিজাইনের যুদ্ধবিমানের ওড়ার দৃশ্য সোশাল মিডিয়ায় আসার পর বিশ্বব্যাপী আলোড়ন পড়ে গেছে। চীনা প্রতিরক্ষা দপ্তর এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর কেউই এখনও এব্যাপারে কোন মন্তব্য করেনি। এই বিমানগুলির এখনও কোন অফিশিয়াল নাম জামা যায়নি। একই দিনে চীনা সরকারি মিডিয়া 'শিনহুয়া' জানাচ্ছে যে, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সে তুংএর জন্মদিনে চীনারা তাদের নৌবাহিনীর সর্বশেষ উভচর এসল্ট শিপ পানিতে ভাসিয়েছে। ‘রয়টার্স'এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, দু'টা বিমানের একটা বেশ বড়; যার আকৃতি অনেকটাই হীরার মতো। এটার তিনটা ইঞ্জিন ইনলেট রয়েছে; যার দু'টা রয়েছে বিমানের গা ঘেঁষে; আর বাকিটা রয়েছে উপরের দিকে। এধরণের তিন ইঞ্জিনের বিমান সচরাচর দেখা যায় না। দ্বিতীয় বিমানটা বেশ ছোট আকৃতির। 'এভিয়েশন উইক'এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, চীনা 'চেংডু' কোম্পানি থেকে ওড়া প্রথম বিমানটার সাথে একটা 'জে-২০এস' ফাইটার বিমানও উড়ছিলো। দ্বিতীয় বিমানটা উড়েছিলো 'শেনইয়াং' কোম্পানি থেকে। দু'টা বিমানই ছিল লেজবিহীন; যার অর্থ হলো, এগুলিকে কম্পিউটারের মাধ্যমে আকাশে নিয়ন্ত্রণ করতে হবে। উভয় বিমানেই কোন ৯০ ড্রিগ্রি কোণ নেই; যা বলে দিচ্ছে যে, এগুলিকে রাডার এড়ানো মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। এর আগে মার্কিনীদের তৈরি 'বি-২' এবং 'বি-২১' বোমারু বিমানও 'ফ্লাইং উইং' ডিজাইনের বা লেজবিহীন। এছাড়াও বিভিন্ন মনুষ্যবিহীন ড্রোন বিমানও লেজবিহীন; যেমন মার্কিন 'আরকিউ-১৭০' এবং চীনা 'সিএইচ-৭'। 'দ্যা ওয়ার জোন'এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, লেজবিহীন হবার অর্থ হলো রাডার এড়িয়ে চলার ক্ষেত্রে এই বিমানগুলি একধাপ এগিয়ে। কারণ এর মাধ্যমে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ব্যান্ডের রাডার সিগনাল এড়ানো সম্ভব হবে। তবে লেজ না থাকার কারণে সেই বিমানে যত শক্তিশালী কম্পিউটার সিস্টেমই থাকুক না কেন, সেটার ম্যানিউভার করার সক্ষমতা অপেক্ষাকৃত কম হবে। তথাপি দূরবর্তী মিশনে লম্বা সময় সুপারসনিক ফ্লাইটের ক্ষেত্রে এর সুবিধা রয়েছে।

'রয়টার্স'এর প্রতিবেদনে বলা হচ্ছে যে, মার্কিনীরা তাদের 'নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স' বা 'এনজিএডি' নামের বিমান প্রকল্প কেমন হবে, সেব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের সময় সিদ্ধান্ত নেবে। ব্রিটিশ এবং জাপানিরা একত্রে পরবর্তী জেনারেশনের বিমান নিয়ে একটা প্রকল্পে একত্রে কাজ করছে। 'অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইন্সটিটিউট'এর জ্যেষ্ঠ বিশ্লেষক ইউয়ান গ্রাহামের মতে, এই বিমানগুলি দেখিয়ে দেয় যে, চীনা বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলির নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার মনমানসিকতা রয়েছে। ডিজাইনগুলির ভালো খারাপ যা-ই থাকুক না কেন, এটা বলার অবকাশ নেই যে, ডিজাইনগুলির যথেষ্ট স্বকীয়তা রয়েছে। অনেকেই ধরেই নেয় যে, নতুন কোন কিছু মানেই সেটা যুক্তরাষ্ট্র ও তার বন্ধু দেশগুলির কাছ থেকেই আসতে হবে। কিন্তু এখন চীনাদের মাঝে কোন হীনমন্যতা থাকলে তারা সেটা ঝেড়ে ফেলে দিতে পারে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত 'চায়না মিলিটারি পাওয়ার' প্রতিবেদনে বলা হয়েছে যে, চীনারা 'এইচ-২০' স্টেলথ বোমারু বিমান এবং মধ্যম পাল্লার ফাইটার-বোম্বার ডেভেলপ করছে। অপরদিকে চীনা বিমান নির্মাতা কোম্পানির কর্মকর্তারা বলেছেন যে, তারা ষষ্ঠ জেনারেশনের যুদ্ধবিমানের উপর গবেষণা চালাচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন বিমান বাহিনীর তৎকালীন 'এয়ার কম্ব্যাট কমান্ড'এর প্রধান জেনারেল মার্ক কেলি মন্তব্য করেছিলেন যে, চীনারাও মার্কিনীদের মতো ষষ্ঠ জেনারেশনের যুদ্ধবিমান নিয়ে কাজ করছে; যা হবে মূলতঃ 'সিস্টেম অব সিস্টেমস'। এর মাধ্যমে বিমানের রাডারে ধরা পড়ার সম্ভাবনা আরও কমে যাবে; কম্পিউটারের সক্ষমতাও বহুগুণে বাড়বে; সেন্সরগুলির সক্ষমতাও অনেক বেড়ে যাবে। একইসাথে নতুন যেকোন সিস্টেম এই বিমানের সাথে মুহুর্তের মাঝেই যুক্ত করে ফেলা যাবে।
 
এই বিমানগুলি দেখিয়ে দেয় যে, চীনা বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলির নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার মনমানসিকতা রয়েছে। ডিজাইনগুলির ভালো খারাপ যা-ই থাকুক না কেন, এটা বলার অবকাশ নেই যে, ডিজাইনগুলির যথেষ্ট স্বকীয়তা রয়েছে। অনেকেই ধরেই নেয় যে, নতুন কোন কিছু মানেই সেটা যুক্তরাষ্ট্র ও তার বন্ধু দেশগুলির কাছ থেকেই আসতে হবে। কিন্তু এখন চীনাদের মাঝে কোন হীনমন্যতা থাকলে তারা সেটা ঝেড়ে ফেলে দিতে পারে। 


তিন ইঞ্জিনের বোমারু বিমান!

‘রয়টার্স'এর সাথে কথা বলতে গিয়ে পাঁচজন সামরিক বিশ্লেষক মত দিয়েছেন যে, ডিজাইন দেখে বলা সম্ভব নয় যে, এগুলি রাডারে কতটা ধরা পড়বে অথবা এগুলির ভেতরে কিধরণের সরঞ্জাম রয়েছে। এছাড়াও এগুলি আকাশে কতটা ম্যানিউভার করতে সক্ষম বা এগুলির গতি কতটা হতে পারে, সেব্যাপারেও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এগুলি জানতে পারলেই নিশ্চিত করে বলা সম্ভব যে, এগুলিকে পরবর্তী জেনারেশনের যুদ্ধবিমান বলা যাবে কিনা। 'এভিয়েশন উইক' ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, তিন ইঞ্জিনের প্রথম বিমানটার নিচের দিকের ইঞ্জিন দু'টার ইনলেটগুলি 'ক্যারেট' ধরণের। আর উপরের ইঞ্জিনটার ইনলেট 'ডাইভার্টারলেস সুপারসনিক ইনলেট' বা 'ডিএসআই' ধরণের। বিমানের নিচের দিকের বডি এতটাই বড় যে, এর ভেতরে খুব সহজেই অস্ত্র রাখা যাবে। এর ল্যান্ডিং গিয়ারে ডাবল চাকা দেয়া হয়েছে; যা বলে দিচ্ছে যে, বিমানটাকে যথেষ্ট ভারি ফাইটার-বম্বার হিসেবে ডিজাইন করা হয়েছে। ব্রিটিশ থিঙ্কট্যাঙ্ক 'রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউট' বা 'রুসি'র সিনিয়র ফেলো জাস্টিন ব্রঙ্ক বলছেন যে, বিমানটার বিরাট আকৃতি এবং রাডার এড়ানোর ডিজাইন দেখে মনে হচ্ছে যে, এটা বহুল প্রতীক্ষিত চীনা আঞ্চলিক বোমারু বিমান; যা বহু উঁচু দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরের সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজে আঘাত হানতে পারবে। তবে হতেও পারে যে, এটা চীনাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পের একটা অংশ।

'রয়াল এরোনটিক্যাল সোসাইটি'র এক লেখায় ব্রিটিশ এভিয়েশন বিশ্লেষক বিল সুইটম্যান বলছেন যে, পাশে 'জে-২০এস' বিমানটা থাকায় বোঝা যায় যে, ‘চেংডু'র বিমানটা লম্বায় প্রায় ৭৫ফুট এবং প্রস্থে প্রায় ৬৩ফুট। সেই হিসেবে এর উইং এরিয়া প্রায় ২ হাজার বর্গফুট; যার প্রায় পুরোটাই জ্বালানি বহণে ব্যবহার করা যাবে। বিমানের ডাবল-হুইল ল্যান্ডিং গিয়ার আজকাল ৪৫টন টেইক-অফ ওজনের নিচে কোন বিমানে দেওয়া হয় না। তিনি বলছেন যে, এই বিমানের টেইক-অফ ওজন ৫৪টন বা তারও বেশি হলেও তিনি অবাক হবেন না। এর ফলে এর উইং লোডিং হতে পারে প্রতি স্কয়ার ফুটে ২৭ কেজির মতো; যা তেমন আহামরি কিছু নয়; এবং ফুয়েল ফ্র্যাকশন হতে পারে দশমিক ৪এর মতো। বিমানের ডানার সুইপ এঙ্গেল দেখে মনে হচ্ছে এটা সর্বোচ্চ মাক ১ দশমিক ৮ গতিতে চলতে পারবে। বিমানটার ডানায় একেক পাশে ৫টা করে মোট ১০টা কন্ট্রোল সেগমেন্ট রয়েছে; যার বাইরের দু'টা ওড়ার সময় পুরোপুরিভাবে খোলা ছিল (হয়তো এয়ার ব্রেক হিসেবে)। 'বি-২' এবং 'বি-২১' বিমানের ওড়ার সময় দেখা গেছে যে, এই সেগমেন্টগুলি পুরোপুরিভাবে বন্ধ না করতে পারলে রাডারে ধরা পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে চীনারা বিমানের উপর ব্যবহৃত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বড় কোন আবিষ্কার করতে সক্ষম হয়েছে কিনা, সেব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। 'বি-২' এবং 'বি-২১' বিমানগুলি তাদের ইঞ্জিনগুলির মাঝে শক্তির ব্যালান্সিংএর মাধ্যমে বিমান নিয়ন্ত্রণ করে থাকে। 'চেংডু' ফাইটারও হয়তো সেটা করবে।

'দ্যা ওয়ার জোন'এর প্রতিবেদনে বলা হচ্ছে যে, ‘চেংডু'র বিমানটাতে তিনটা ইঞ্জিন দেয়া হয়েছে; কারণ 'জে-২০' বিমানে ব্যবহৃত চীনাদের ডেভেলপ করা দু'টা 'ডব্লিউএস-১০সি' ইঞ্জিনের পক্ষে এত বড় বিমানের গতি এবং উচ্চতার টার্গেট ধরা সম্ভব হবে না। তবে বিল সুইটম্যান মনে করছেন যে, ইঞ্জিনের ক্ষমতার কারণে বিমানে এতবড় ডিজাইন পরিবর্তন না-ও আনা হয়ে থাকতে পারে। হয়তো মাঝের ইঞ্জিনটাকে টেক-অফ, ইনিশিয়াল ক্লাইম্ব এবং সুপারক্রুজের জন্যে ব্যবহার করা হবে। আর বাকি ইঞ্জিন দু'টাকে ব্যবহার করা হবে ফ্লাইট কন্ট্রোলের জন্যে। আর এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, তৃতীয় ইঞ্জিনটা কি বাকি দু'টার মতো একই ইঞ্জিন কিনা। বিমানটার অস্ত্র বহণ করার অভ্যন্তরীণ কম্পার্টমেন্ট ২৫ফুট লম্বা এবং ৭ফুট চওড়া। এছাড়াও এর দু'টা সাইড বে রয়েছে, যেগুলিতে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহণ করা সম্ভব। তবে অভ্যন্তরীণ কম্পার্টমেন্টের আকার বলে দিচ্ছে যে, এই বিমানে বড় আকারের টার্গেট (বিমান ঘাঁটি, বিমানবাহী যুদ্ধজাহাজ) ধ্বংস করার জন্যে বড় আকারের অস্ত্র বহণ করা হবে। তবে এই বিমানে বহুসংখ্যক সুইসাইড ড্রোনও বহণ করা যেতে পারে; যা কিনা দূরবর্তী টার্গেটে হামলা করতে পারবে। দ্রুতগামী সুপারসনিক বিমান হবার কারণে এগুলি শত্রুর অপেক্ষাকৃত কাছের ঘাঁটিতে মোতায়েন করা যাবে। ধীরগতির বোমারু বিমানগুলিকে দূরবর্তী ঘাঁটিতে রাখতে হয়; যেখান থেকে পরিচালনা করতে গেলে আবার আকাশে রিফুয়েলিংএর জন্যে বিমান প্রয়োজন হয়; যেগুলি আবার শত্রুর বিমান ঘাঁটি থেকে দেড় হাজার কিঃমিঃ দূরে থাকলেও শত্রুর টার্গেটে পরিণত হতে পারে। 'দ্যা ওয়ার জোন'এর প্রতিবেদনে বলা হচ্ছে যে, যেহেতু চীনাদের আকাশে রিফুয়েলিং করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের মতো নয়, তাই দূরবর্তী টার্গেটে হামলা করার ক্ষেত্রে এধরণের বিমান খুবই উপযোগী হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাহিনীগুলি যেসকল জায়গায় বিমান হামলার ভয় করতো না, সেগুলি এখন চীনা বিমানের পাল্লার মাঝে পড়ে যাবে। এই টার্গেটগুলির মাঝে থাকবে মার্কিন ট্যাংকার বিমান, পরিবহণ বিমান, আর্লি ওয়ার্নিং এওয়াকস বিমান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, গোয়েন্দা বিমান এবং ফরওয়ার্ড ঘাঁটিতে মোতায়েন থাকা জাহাজ ও বাহিনী। তাছাড়া শত্রুর মাঝ থেকে এই বিমানগুলি তথ্য পাঠাতে পারবে এবং একই সক্ষমতার মনুষ্যবিহীন ড্রোনগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে।
 
'চেংডু' কোম্পানির ফাইটার-বোম্বার বিমান প্রশান্ত মহাসাগরে সামরিক ব্যালান্সের হিসেব পাল্টে দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন তাদের দূরবর্তী দ্বীপ ঘাঁটিগুলিতে শুধুমাত্র চীনা ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে চিন্তিত ছিল, তখন সেগুলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন ড্রোন এবং দূরপাল্লার স্টেলথ বোমারু বিমানের মতো বহু প্রকার অস্ত্রের সমন্বিত আক্রমণের হুমকিতে পড়ে গিয়েছে। 


যুক্তরাষ্ট্র-চীন অনিবার্য সংঘাত!

মার্কিন থিঙ্কট্যাঙ্ক 'স্টিমসন সেন্টার'এর সিনিয়র ফেলো কেলি গ্রীকো বলছেন যে, চীনারা দিনের বেলায় এই বিমানগুলিকে সবার সামনে দিয়ে ওড়াবার ব্যাবস্থা করেছে; যা উল্লেখ করার মতো। বিমানের ক্ষেত্রে চীনারা যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে হয়তো কিছুটা ভালো অবস্থানে যেতে পারে। তবে মনুষ্যবিহীন বিমান এবং ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সেটা অপেক্ষকৃত কঠিন হতে পারে। যেহেতু পেন্টাগনে এই মুহুর্তে 'এনজিএডি' নিয়ে বিতর্ক চলছে, কাজেই এটা ধরেই নেয়া যায় যে, চীনাদের এই বিমানগুলি পেন্টাগণের আলোচনাকে নতুন করে উস্কে দেবে। 'এভিয়েশন উইক' বলছে যে, চীনারা সরকারিভাবে কিছু না বললেও তারা কয়েক ডজন ব্যক্তির ভুমি থেকে ধারণ করা ভিডিও সোশাল মিডিয়াতে পোস্ট করার উপর কোন সেন্সরশিপ প্রয়োগ করেনি। বিল সুইটম্যান বলছেন যে, একেকটা ছবি একেক দিন তোলা হয়েছে বলে দেখা যাচ্ছে; কিন্তু সবগুলিই একই দিনে সোশাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। এর অর্থ হলো চীনারা নির্দিষ্ট করেই একই দিনে ছবিগুলিকে পোস্ট করেছে; অন্য কথায় এগুলি সাধারণ জনগণের তোলা ছবি নয়।

বিল সুইটম্যান বলছেন যে, ‘চেংডু'র ফাইটার-বোম্বার বিমানটা হয়তো কয়েক বছরের মাঝেই সার্ভিসে আসতে যাচ্ছে; যা পশ্চিমা সামরিক অবস্থানের জন্যে হুমকির কারণ হতে পারে। 'রয়টার্স' মনে করিয়ে দিচ্ছে যে, চীনাদের সামরিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে সামরিক প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে। কিছুদিন আগেই প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুয়ামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সিস্টেমের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা চিন্তাবিদদের কপালে চিন্তার রেখাই বলে দিচ্ছে যে, চীনাদের এই দুই বিমানের উড্ডয়ন, বিশেষ করে 'চেংডু' কোম্পানির ফাইটার-বোম্বার বিমান প্রশান্ত মহাসাগরে সামরিক ব্যালান্সের হিসেব পাল্টে দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন তাদের দূরবর্তী দ্বীপ ঘাঁটিগুলিতে শুধুমাত্র চীনা ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে চিন্তিত ছিল, তখন সেগুলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন ড্রোন এবং দূরপাল্লার স্টেলথ বোমারু বিমানের মতো বহু প্রকার অস্ত্রের সমন্বিত আক্রমণের হুমকিতে পড়ে গিয়েছে। মোটকথা চীন যত সময় পাবে, ততই সে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক শক্তির ব্যবধান কমিয়ে ফেলতে থাকবে; হয়তো একসময় চীনই এগিয়ে যাবে। আসন্ন ট্রাম্প প্রশাসনের কাছে প্রশ্ন হাজির হয়েছে - অনিবার্য সংঘাতের আগে যুক্তরাষ্ট্র চীনকে কতটা সময় দেবে?

Monday, 3 October 2022

ষষ্ঠ জেনারেশনের ফাইটার বিমান … প্রতিযোগিতার মাঝেই প্রতিযোগিতা

০৪ঠা অক্টোবর ২০২২
 
মার্কিনীরা মনে করছে না যে তারা প্রযুক্তিতে চীনাদের চাইতে পিছিয়ে যাচ্ছে। নিজেদের প্রযুক্তিগুলি কে কার আগে কাজে লাগাতে পারে, সেই সক্ষমতা নিয়েই প্রতিযোগিতা হচ্ছে। মার্কিনীরা প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকতে যেই ঝুঁকি নিতে প্রস্তুত, চীনারা ততটা নয়। এটা দুই দেশের চিন্তাগত পার্থক্যের কারণেই।

‘গ্রেট পাওয়ার’ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক সক্ষমতা বিষয়ে যে জায়গাগুলিতে প্রযুক্তিগত উতকর্ষতা নিয়ে বেশি কথা হচ্ছে, তার মাঝে একটা হলো আকাশ প্রযুক্তি। বর্তমানে আকাশ প্রযুক্তির সর্বশেষ হলো পঞ্চম জেনারেশনের ফাইটার বিমান। যুক্তরাষ্ট্র তাদের ‘এফ-২২’ এবং ‘এফ-৩৫’ যুদ্ধবিমানকে ইতোমধ্যেই বিশ্বের সেরা ফাইটার বিমান হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এর প্রতিদ্বন্দ্বী হিসেবে চীন উৎপাদন করছে ‘জে-২০’ এবং রাশিয়া উৎপাদন করছে ‘সুখোই-৫৭’। এর বাইরে চীনাদের একাধিক প্রকল্প রয়েছে; তুরস্কও তাদের নিজস্ব পঞ্চম জেনারেশনের ফাইটার বিমান ডেভেলপ করছে। এখন ইতোমধ্যেই এর পরের জেনারেশন, বা ষষ্ঠ জেনারেশনের ফাইটার জেট নিয়ে কথা শুরু হয়ে গেছে।

গত সেপ্টেম্বর মাসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মার্কিন বিমান বাহিনীর ‘এয়ার কমব্যাট কমান্ড’এর প্রধান জেনারেল মার্ক কেলি বলেন যে, তিনি জানেন না যে, চীনে এই মুহুর্তে কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসের প্রস্তুতি ছাড়া আর কি হচ্ছে। তবে নিশ্চিত করে বলতে পারেন যে, কোন বিষয়টা নিয়ে চীনে কোন কথাই হচ্ছে না। চীনে এই মুহুর্তে ষষ্ঠ জেনারেশনের ফাইটার বিমানের প্রয়োজন নিয়ে কোন আলোচনাই নেই। তবে তিনি বলেন যে, তিনি নিশ্চিত যে, চীনারা এই বিষয়ে সঠিক পথেই রয়েছে। একারণে তিনি মনে করেন যে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিৎ প্রতিযোগিদের চাইতে কমপক্ষে এক মাস আগে হলেও ষষ্ঠ জেনারেশনের ফাইটার তৈরি করা।

ফাইটার বিমানের ‘জেনারেশন’এর অর্থ কি?

ষষ্ঠ জেনারেশনের বিমান বলতে আসলে কি বোঝায়? আগে বুঝতে হবে যে, এই ‘জেনারেশন’ ব্যাপারটা আসলে কি। মার্কিন বিমান বাহিনীর এক ডকুমেন্টে লেঃ জেনারেল হক কারলাইল একটা ধারণা দেয়ার চেষ্টা করেছেন যে, এককটা জেনারেশনের ফাইটার বিমান বলতে কি বোঝানো হচ্ছে। ১৯৪৫ সাল থেকে ১৯৫৫ সালের মাঝে ডেভেলপ করা প্রথম জেট ফাইটারগুলিকে (এফ-৮৬, মিগ-১৫) বলা হচ্ছে প্রথম জেনারেশনের ফাইটার। ১৯৫৫ থেকে ১৯৬০ সালের মাঝে ডেভেলপ করা দ্বিতীয় জেনারেশনের ফাইটারগুলিতে (মিগ-২১, এফ-১০৬) নতুন তিনটা প্রযুক্তি বা সক্ষমতা অন্তর্ভুক্ত হয়; এগুলি হলো, সুপারসনিক গতি, বা শব্দের চাইতে বেশি দ্রুততায় ওড়ার সক্ষমতা; বিমানের নিজস্ব রাডার; এবং প্রথম গাইডেড ক্ষেপণাস্ত্র। তৃতীয় জেনারেশনের ফাইটারগুলি (এফ-৪ই, মিগ-২৩, মিরাজ এফ-১) মোটামুটিভাবে ১৯৬০ থেকে ১৯৭০এর মাঝে ডেভেলপ করা। এগুলিতে প্রথম মাল্টি-রোল কনসেপ্ট অন্তর্ভুক্ত হয়; অর্থাৎ একটা ডিজাইনের বিমানই অনেকগুলি মিশন সফলভাবে সম্পাদন করতে পারবে। একইসাথে বিমানগুলিতে নতুন ধরণের অনেক ইলেকট্রনিক্স অন্তর্ভুক্ত করা হয় এবং প্রথমবারের মতো নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানার মতো অস্ত্র বহণের ব্যবস্থা করা হয়।

১৯৭০ থেকে ২০০০ সালের মাঝে ডেভেলপ করা বিমানগুলিকে বলা হচ্ছে চতুর্থ জেনারেশনের ফাইটার বিমান। ‘এফ-১৫’, ‘এফ-১৬’, ‘এফ-১৪’, ‘এফ/এ-১৮’, ‘মিগ-২৯’, ‘সুখোই-২৭’, ‘মিরাজ-২০০০’, ‘টর্নেডো’, ‘রাফাল’, ‘গ্রিপেন’, ’ইউরোফাইটার টাইফুন’সহ আরও অনেক বিমান এই ক্যাটাগরিতে পড়েছে। এগুলিতে ইলেকট্রনিক্সের আরও উন্নয়ন করা হয় এবং নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানার ব্যাপারটাকে আরও পাকাপোক্ত করা হয়। একইসাথে আকাশে শত্রুপক্ষের বিমানের সাথে ডগফাইটে সফলতা আনার জন্যে ডিজাইনে অনেক পরিবর্তন আসে। রাডারের সক্ষমতা অনেক বৃদ্ধি করা হয় এবং প্রথমবারের মতো রাডারে ধরা না পড়া ‘স্টেলথ’ যুদ্ধবিমান (এফ-১১৭) তৈরি করা হয়। ২০০০ সালের পরে ডেভেলপ করা পঞ্চম জেনারেশনের যুদ্ধবিমানের মাঝে ইলেকট্রনিক্স এবং সেন্সরের পুরোপুরিভাবে সমন্বয় করা হয়। অর্থাৎ বিমান যেসব তথ্য সংগ্রহ করবে, সেগুলি সমন্বয় করে একত্রে ডিসপ্লে করা হয়। স্টেলথ প্রযুক্তির আরও অনেক উন্নয়ন করা হয়; যাতে করে শত্রুপক্ষের বিমানের চোখে পড়ার আগেই টার্গেটে হামলা করা সম্ভব হচ্ছে। এছাড়াও এর মাঝে নেটওয়ার্কভিত্তিক যুদ্ধ করার সক্ষমতা দেয়া হয়; যার অর্থ হলো, এই বিমানগুলি নিজ পক্ষের বিভিন্ন ইউনিট, তা বিমান হোক, বা ভূমি বা পানিতেই হোক, সেগুলির সংগ্রহ করা তথ্যকে নেটওয়ার্ক ব্যবহার করে সংগ্রহ করবে এবং তা প্রসেস করে যুদ্ধে ব্যবহার করতে পারবে; এমনকি অন্যান্য বিমান বা অন্যান্য ইউনিটকে কমান্ড দিতে বা নিয়ন্ত্রণও করতে পারবে। মোটকথা এই বিমানগুলি অন্যান্য বিমান বা যেকোন ইউনিটের সক্ষমতাকে ব্যবহার করার ক্ষমতা রাখে। তবে এক্ষেত্রে সক্ষমতা অনেকটাই নির্ভর করবে নেটওয়ার্কের সক্ষমতা এবং বিভিন্ন বাহিনীর মাঝে তথ্য আদানপ্রদানের সংস্কৃতির উপরে।

 
ষষ্ঠ জেনারেশনের ফাইটার বিমানের আদৌ প্রয়োজন রয়েছে কিনা, তা নিয়ে কেউ কেউ প্রশ্ন করছেন। ‘এফ-৩৫’ বিমানের যে সক্ষমতা রয়েছে, সেটাকে পেরিয়ে আরও সক্ষমতার কতটুকু প্রয়োজন রয়েছে? ষষ্ঠ জেনারেশনের ফাইটার বিমানের জন্যে যেসকল প্রযুক্তিগত উন্নয়নের কথা বলা হচ্ছে, সেগুলি পঞ্চম জেনারেশনের উপরে সক্ষমতাকে আসলে কতটুকু বৃদ্ধি করবে? অথচ এগুলি ডেভেলপ করতে এবং তৈরি করতে বিশাল অর্থ গুণতে হবে। 

ষষ্ঠ জেনারেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে?

‘ব্রেকিং ডিফেন্স’ বলছে যে, যেসব দেশ ষষ্ঠ জেনারেশনের ফাইটার নিয়ে কাজ করছে, তারা তাদের প্রকল্পকে গোপন রেখেছে। আর এর মাঝে চীনারা তাদের এই প্রকল্পকে সবচাইতে বেশি গোপন রেখেছে। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে চীনের ‘চেংডু এরোস্পেস কর্পোরেশন’এর প্রধান ডিজাইনার ওয়াং হাইফেং বলেন যে, চীনারা পরবর্তী জেনারেশনের যুদ্ধবিমানের জন্যে চিন্তাভাবনা করছে; যাতে করে নতুন ধরণের এই বিমান ২০৩৫ নাগাদ চীনা বিমান বাহিনীতে সার্ভিসে আসতে পারে। তিনি চীনাদের ষষ্ঠ জেনারেশন প্রকল্প নিয়ে কিছু না বললেও মার্কিনীদের প্রকল্পে কি কি থাকতে পারে, তার একটা ধারণা দিয়েছেন; এর মাঝে থাকবে ড্রোনের সাথে একটা গ্রুপে কাজ করতে পারা; আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা; স্টেলথ সক্ষমতাকে আরও বৃদ্ধি করা; এবং বিমানের সেন্সরগুলি এমন হবে, যা কিনা কোন নির্দিষ্ট দিক নয়, বরং সকল দিক থেকেই তথ্য সংগ্রহ করতে পারবে। এছাড়াও লেজার অস্ত্রের সংযোজন, এবং ‘এডাপটিভ ইঞ্জিন’এর ব্যবহার হতে পারে সেই বিমানে।

মার্কিন বিমান বাহিনীর এই প্রকল্পের নাম হলো ‘নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স’ বা ‘এনজিএডি’ বা ‘এনগ্যাড’। এটা অত্যন্ত জটিল একটা প্রকল্প; কারণ এর মাঝে রয়েছে একটা পাইলট চালিত বিমানের নকশা করা; নতুন ধরণের অস্ত্র ডেভেলপ করা; এমনকি নতুন ধরণের কয়েক প্রকারের ড্রোনেরও ডিজাইন করা। বিমান বাহিনীর সচিব ফ্রাঙ্ক কেনডাল বলছেন যে, এরকম একেকটা বিমানের খরচ কয়েক’শ মিলিয়ন ডলার হয়ে যেতে পারে। যদিও কেনডাল বলছেন যে, মার্কিনীরা এই দশকের মাঝেই এই বিমানের ডেভেলপমেন্ট শেষ করতে পারবে, তথাপি যুক্তরাষ্ট্রের সকল প্রকল্পই দেরিতে শেষ হওয়ায় কেউই নিশ্চিত করে বলতে পারছে না যে, এত জটিল একটা প্রকল্প ঠিক সময়মতো শেষ হবে। কাজেই অনেকেই ধারণা করছেন যে, এই দেরির সুবাদেই চীনের সাথে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত দূরত্ব কমে আসবে।

জাতীয় নিরাপত্তা ম্যাগাজিন ‘নাইনটিন ফোরটিফাইভ’এর এক লেখায় ব্রেন্ট ইস্টউড প্রশ্ন করছেন যে, ষষ্ঠ জেনারেশনের ফাইটার বিমানের আদৌ প্রয়োজন রয়েছে কিনা। ‘এফ-৩৫’ বিমানের যে সক্ষমতা রয়েছে, সেটাকে পেরিয়ে আরও সক্ষমতার কতটুকু প্রয়োজন রয়েছে? চীনের সর্বোচ্চ প্রযুক্তির বিমানগুলি আসলে কতটুকু সক্ষম, সেটা সম্পর্কে তো কেউ এখনও তেমন জানেই না। তাহলে কেন বলা হচ্ছে যে, আরও সক্ষম নতুন প্রজন্মের বিমানের প্রয়োজন? আর ষষ্ঠ জেনারেশনের ফাইটার বিমানের জন্যে যেসকল প্রযুক্তিগত উন্নয়নের কথা বলা হচ্ছে, সেগুলি পঞ্চম জেনারেশনের উপরে সক্ষমতাকে আসলে কতটুকু বৃদ্ধি করবে? অথচ এগুলি ডেভেলপ করতে এবং তৈরি করতে বিশাল অর্থ গুণতে হবে। যদি ‘এফ-৩৫’ বিমান দিয়েই আকাশের নিয়ন্ত্রণ নেয়া সম্ভব হয়, তাহলে ষষ্ঠ জেনারেশনের বিমান ডেভেলপ না করে সেই অর্থ দিয়ে আরও বেশি ‘এফ-৩৫’ কেনা প্রয়োজন।

 
চীনারা খুব সম্ভবতঃ তাদের পঞ্চম জেনারেশনের 'জে-২০' বিমানের অভিজ্ঞতাকে পুঁজি করেই ষষ্ঠ জেনারেশনের বিমান তৈরি করতে চাইছে। প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে মেনে নিয়ে তারা কম ঝুঁকিপূর্ণ পথে এগুচ্ছে; যেপথে তারা যুক্তরাষ্ট্রের সাথে ধীরে ধীরে সক্ষমতার ব্যবধান কমাতে পারবে। তাড়াহুড়া নয়, বরং চীনের ধীরে চলার চিন্তাটাই মার্কিনীদের সাথে চীনাদের মূল পার্থক্য। মার্কিনীরা এখন ভবিষ্যতের বিভিন্ন মাইলস্টোনের কথা বলছে। এই মাইলস্টোনগুলিই বলে দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র চীনের সাথে মাইলস্টোনগুলির আগেই সংঘাতের ছুতো খুঁজছে।

মার্কিনীদের সাথে চীনাদের চিন্তাগত পার্থক্য

জেনারেল মার্ক কেলি বলছেন যে, চীনারা মূলতঃ মার্কিনীদেরকেই অনুসরণ করছে। কারণ স্টেলথ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করা, কম্পিউটারের প্রসেসিং সক্ষমতা ও তথ্য সংগ্রহ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করা, এবং নতুন নতুন সিস্টেমকে দ্রুত বিমানের সাথে যুক্ত করে ‘রিপ্রোগ্রাম’ করে নিতে পারার সক্ষমতা – এগুলি মূলতঃ মার্কিনী চিন্তা। যদি এখানে কোন ভিন্নতা থাকে, তা খুবই সূক্ষ্ম। যেমন, চীনারা খুব ধীরে ধীরে একটা ফাইটার বিমান থেকে অন্য ফাইটার বিমান ডেভেলপ করে; যেমনটা তারা করেছিল রুশ ‘সুখোই-২৭’ ও ‘সুখোই-৩০’ বিমান থেকে চীনাদের নিজস্ব ‘জে-১৬’ বিমান ডেভেলপ করার ক্ষেত্রে। অপরদিকে জাতি হিসেবে মার্কিনীরা নতুন কিছু ডেভেলপ করতে গিয়ে বড় আকারের লাফ দেয়। সিঁড়ির বর্তমান ধাপ ছেড়ে দিয়ে পরের ধাপ পুরোপুরি এড়িয়ে সামনের ধাপ ধরার জন্যে সেই লাফ দেয় মার্কিনীরা। চীনারা এধরণের কাজ করে না; তারা ধীরে ধীরে এগিয়ে বারংবার চেষ্টা করতে থাকে। এর মাঝে দূরের ধাপটা ধরতে গিয়ে কোন সমস্যায় পড়লে তারা কাছাকাছি ধাপটা ধরে ফেলতে পারে।

চীনারা প্রযুক্তির দিক থেকে কখনোই তাড়াহুড়া করেনি। জেনারেল কেলি বলছেন যে, চীনারা সর্বদাই সহজ পথটাকেই বেছে নিয়েছে। প্রতিরক্ষা ম্যাগাজিন ‘দ্যা ওয়ার জোন’এর এক লেখায় থমাস নেডউইক বলছেন যে, চীনারা শুধু রুশ ‘সুখোই-২৭’ থেকেই শেখেনি। তারা রুশ ‘সুখোই-৩৫’ বিমান কিনে সেটা নিয়ে গবেষণা করেছে। এর ফলে পঞ্চম জেনারেশনের বিমানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ‘থ্রাস্ট ভেকটরিং ইঞ্জিন’ এবং অস্ত্রগুলি ডেভেলপ করতে পেরেছে। এভাবেই তারা হয়তো ‘জে-২০’ বিমানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ষষ্ঠ জেনারেশনের বিমান ডেভেলপ করবে।

যুক্তরাষ্ট্র কি আসলেই প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়ছে?

যে ব্যাপারটা পরিষ্কার তা হলো, মার্কিনীরা মনে করছে না যে তারা প্রযুক্তিতে চীনাদের চাইতে পিছিয়ে যাচ্ছে। নিজেদের প্রযুক্তিগুলি কে কার আগে কাজে লাগাতে পারে, সেই সক্ষমতা নিয়েই প্রতিযোগিতা হচ্ছে। মার্কিনীরা প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকতে যেই ঝুঁকি নিতে প্রস্তুত, চীনারা ততটা নয়। এটা দুই দেশের চিন্তাগত পার্থক্যের কারণেই। মার্কিন বিমান বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান জেনারেল কেনেথ উইলসবাক গত সেপ্টেম্বরে সাংবাদিকদের সামনে চীনাদের পঞ্চম জেনারেশনের যুদ্ধবিমান ‘জে-২০’ নিয়ে তার মতামত ব্যক্ত করেন। তিনি বলেন যে, এটা চীনাদের সবচাইতে শক্তিশালী ফাইটার বিমান। এটা নিয়ে মার্কিনীরা খুব বেশি একটা গবেষণার সুযোগ পায়নি। এটা ভালো একটা বিমান। কিন্তু এটা নিয়ে চিন্তা করে রাতের ঘুম নষ্ট করার কোন কারণ নেই। তার ধারণা, মার্কিন পঞ্চম জেনারেশনের বিমানগুলি চীনাদের বিমানের চাইতে অনেক বেশি সক্ষমতার। এর আগে মার্কিন বিমান বাহিনীর চীফ অব স্টাফ জেনারেল চার্লস ব্রাউন চীনা ‘জে-২০’ বিমানের পক্ষে ভালো কিছু মন্তব্য করলেও তিনি বলেন যে, এই বিমান নিয়ে তিনি চিন্তিত নন মোটেই।

জেনারেল মার্ক কেলি বুঝিয়ে দিয়েছেন যে, চীনারা প্রযুক্তির দিক থেকে মার্কিনীদেরকেই অনুসরণ করবে। কিন্তু চিন্তাগত দিক থেকে তারা মার্কিনীদের থেকে ভিন্ন। মার্কিনীরা প্রযুক্তির উপরেই তাদের সকল চিন্তাকে সীমাবদ্ধ করলেও চীনারা তা করছে না। বরং প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে মেনে নিয়ে তারা কম ঝুঁকিপূর্ণ পথে এগুচ্ছে; যেপথে তারা যুক্তরাষ্ট্রের সাথে ধীরে ধীরে সক্ষমতার ব্যবধান কমাতে পারবে। তাড়াহুড়া নয়, বরং চীনের ধীরে চলার চিন্তাটাই মার্কিনীদের সাথে চীনাদের মূল পার্থক্য। আর এই চিন্তাটা এখন মার্কিনীদের সিদ্ধান্তকে যথেষ্টই প্রভাবিত করছে। মার্কিনীরা এখন ভবিষ্যতের বিভিন্ন মাইলস্টোনের কথা বলছে, যেই মাইলস্টোনগুলি প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সমতা এনে দিতে পারে। মার্কিনীরা হয়তো চীনাদের সেই মাইলস্টোনগুলি ধীরে সুস্থে ধরে ফেলা দেখতে চাইছে না। মোটকথা, এই মাইলস্টোনগুলিই বলে দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র চীনের সাথে মাইলস্টোনগুলির আগেই সংঘাতের ছুতো খুঁজছে।



সূত্রঃ

‘China ‘on track’ for 6th-gen fighter, US Air Force needs to get there first: ACC chief’ in Breaking Defense, 26 September 2022

‘5th Generation Fighters’ by Lt. Gen. Hawk Carlisle, USAF (unclassified)

‘China racing for 6th-gen fighter edge over US’ in Asia Times, 01 October 2022

‘China Is Working On Its Own Sixth-Generation Fighter Program: Official’ by Thomas Nedwick, in The Warzone, The Drive, 28 September 2022 (https://www.thedrive.com/the-war-zone/china-is-working-on-its-own-sixth-generation-fighter-program-official )

‘China should ‘worry’ about Taiwan 2027 timeline, J-20 is just ‘OK’ fighter: PACAF chief’ in Breaking Defense, 19 September 2022

‘Do We Really Need 6th-Generation Stealth Fighters?’ by Brent M. Eastwood, in 1945, 22 July 2022 (https://www.19fortyfive.com/2022/07/do-we-really-need-6th-generation-stealth-fighters/)

‘Beyond the F-22 or F-35: What Will the Sixth-Generation Jet Fighter Look Like?’ by Sebastian Roblin, in The National Interest, 21 July 2018