Showing posts with label Rakhaine. Show all posts
Showing posts with label Rakhaine. Show all posts

Monday, 12 February 2024

মিয়ানমারে রাষ্ট্রীয় দুর্যোগ – প্রতিবেশী বাংলাদেশের সামনে অপশন

১২ই ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে আটক হওয়া অকটেন এবং সয়াবিন তেলের বিশাল চালান। চোরাচালানের ধরণ দেখিয়ে দিচ্ছে যে, রাখাইনের এই বিদ্রোহী গ্রুপগুলি লজিস্টিক্যাল সমস্যায় ভুগছে। বিশেষ করে সরকারের কাছ থেকে দখল করা যানবাহণ চালাবার জন্যে পেট্রোল বা অকটেন, বিদ্যুৎ উৎপাদন এবং নৌযান চালানোর জন্যে ব্যবহৃত ডিজেল এবং বিদ্রোহী সেনাদের খাবার রান্নার জন্যে খাবার তেল এবং মসলা-জাতীয় পণ্যের সরবরাহের ব্যাপক ঘাটতি দৃশ্যমান।


তেল, পিঁয়াজ, আদা, রসুন!

সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি আন্তর্জাতিক শিরোনাম হয়েছে। বিশেষ করে বাংলাদেশে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলাপ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে গোলাগুলি, গুলিতে হতাহত মানুষ, সীমান্ত ছাড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরে মর্টার ও রকেট, শতশত মিয়ানমার সামরিক সদস্যের বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ, বিজিবির হাতে মিয়ানমারের সশস্ত্র বেসামরিক ব্যাক্তির গ্রেপ্তার, ইত্যাদি সংবাদ হেডলাইন হয়েছে। তবে অপেক্ষাকৃত কম জানাজানি হয়েছে মিয়ানমার সীমান্তে চোরাচালানের ধরণ পরিবর্তনের গল্প। যে ব্যাপারটা এতকাল জানাই ছিলো তা হলো, মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে ইয়াবা, গাঁজা, ক্রিস্টাল মেথ ইত্যাদি মাদক। আর এর পেমেন্ট হয় ভারতের সাথে কুষ্টিয়া ও যশোর সীমান্ত দিয়ে স্বর্ণের মাধ্যমে। তবে এবার মিয়ানমারের মাদকের পেমেন্ট দেয়া হচ্ছে মিয়ানমার সীমান্ত দিয়েই – বিভিন্ন পণ্যের মাধ্যমে। এই পণ্যের মাঝে প্রথমেই রয়েছে জ্বালানি তেল (অকটেন এবং ডিজেল), খাবার তেল (সয়াবিন), এবং আরও কিছু মসলা-জাতীয় খাবার; যেমন পিঁয়াজ, আদা, রসুন। ডিসেম্বর-জানুয়ারির মাঝে একমাসে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছে সাড়ে ৭ টনের বেশি অকটেন এবং প্রায় ৪ টনের মতো সয়াবিন তেল। গত ২৫শে ডিসেম্বর একদিনে বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে ধরা পড়েছে ১৮'শ লিটার অকটেন, ৩৭'শ লিটার সয়াবিন তেল এবং ১'শ ৩৬ লিটার ডিজেল।

এই মালামালগুলি মিয়ানমারে কাদের হাতে যাচ্ছে? মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির ৩'শ ৩০ জন সদস্যের বাংলাদেশে পালিয়ে আসার কাহিনীই বলে দিচ্ছে যে, বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত এখন কাদের দখলে। মিয়ানমারের সরকারি এই সেনারা মিয়ানমারের অভ্যন্তরে পালাতে পারেনি; তাই বাংলাদেশে পালিয়ে এসেছে। আর তাদের সংখ্যা বলে দিচ্ছে যে, বিদ্রোহী গ্রুপের সামরিক শক্তি কতটুকু। তবে একইসাথে চোরাচালানের ধরণ দেখিয়ে দিচ্ছে যে, রাখাইনের এই বিদ্রোহী গ্রুপগুলি লজিস্টিক্যাল সমস্যায় ভুগছে। বিশেষ করে সরকারের কাছ থেকে দখল করা যানবাহণ চালাবার জন্যে পেট্রোল বা অকটেন, বিদ্যুৎ উৎপাদন এবং নৌযান চালানোর জন্যে ব্যবহৃত ডিজেল এবং বিদ্রোহী সেনাদের খাবার রান্নার জন্যে খাবার তেল এবং মসলা-জাতীয় পণ্যের সরবরাহের ব্যাপক ঘাটতি দৃশ্যমান। ব্যাপারটা এমন নয় যে, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর এই ঘাটতিগুলি ছিল না। বরং মিয়ানমার সরকার নিজস্ব লজিস্টিকস ব্যবস্থায় এই ঘাটতিগুলি পূরণ করতে পারতো। বিদ্রোহীরা রাখাইনের বড় অঞ্চলের নিয়ন্ত্রণ নিলেও লজিস্টিকসের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই; যা কিনা যুদ্ধের ফলাফলকে প্রভাবিত করতে পারে।

রাখাইনে বিদ্রোহী গ্রুপের হাতে দখল হওয়া সেনাবাহিনীর বিপুল পরিমাণ অস্ত্র। যেকোন সশস্ত্র বিদ্রোহ বা ইনসার্জেন্সিকে এগিয়ে নিতে হলে যে শর্তগুলি পূরণ আবশ্যকীয়, তার মাঝে একটা হলো বাইরের কোন শক্তির সমর্থন। এই সমর্থন হতে হবে রাজনৈতিক, সামরিক, আর্থিক এবং লজিস্টিক্যাল। বাইরের সমর্থন ছাড়া যেকোন সশস্ত্র সংগ্রাম বেশিদূর এগুতে পারে না।




সশস্ত্র বিদ্রোহ বা ইনসার্জেন্সির স্বরূপ

যেকোন সশস্ত্র বিদ্রোহ বা ইনসার্জেন্সিকে এগিয়ে নিতে হলে যে শর্তগুলি পূরণ আবশ্যকীয়, তার মাঝে একটা হলো বাইরের কোন শক্তির সমর্থন। এই সমর্থন হতে হবে রাজনৈতিক, সামরিক, আর্থিক এবং লজিস্টিক্যাল। বাইরের সমর্থন ছাড়া যেকোন সশস্ত্র সংগ্রাম বেশিদূর এগুতে পারে না। একারণেই বিদ্রোহী গোষ্ঠীগুলি হয় বাইরের সমর্থনে সংগ্রাম শুরু করে অথবা কোন এক সময় বাইরের সমর্থন খোঁজে। বিশেষ করে রাষ্ট্রীয় বাহিনী যখন বিদ্রোহীদেরকে কোণঠাসা করে ফেলতে উদ্যত হয়, তখন বিদ্রোহীরা বাইরের, বিশেষ করে রাষ্ট্রের সীমান্তের সাথে লাগোয়া অন্য রাষ্ট্রগুলির সমর্থন চায়। সেই রাষ্ট্র হয় জাতিরাষ্ট্রের সীমানার কনসেপ্টকে মেনে চলে অথবা সেটাকে ভেঙ্গে ফেলে। ১৬৪৮ সালের ওয়েস্টফালিয়ান চুক্তির আওতায় লিপিবদ্ধ করা জাতিরাষ্ট্রের কনসেপ্টগুলির একটা হলো, একটা রাষ্ট্র অপর রাষ্ট্রের রাজনৈতিক সীমানাকে মেনে চলবে এবং সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

এই কনসেপ্টগুলি অনুযায়ী জাতিরাষ্ট্রের বাউন্ডারিগুলি আজও পরিচালিত হলেও নিয়মগুলিকে নিয়মিতই বাঁকানো হয়েছে। তবে সেটা মূলতঃ সম্ভব হয়েছে জাতিরাষ্ট্রের কনসেপ্টগুলিকে লালন-পালন করা শক্তিশালী দেশগুলির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে। শক্তিশালী রাষ্ট্রগুলির মদদ ছাড়া বাকি রাষ্ট্রগুলি জাতিরাষ্ট্রের কনসেপ্টগুলিকে বাঁকানোর সাহস করেনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানি খিলাফত থেকে আলাদা হবার জন্যে আরবদেরকে সামরিক সহায়তা দিয়েছিল ব্রিটেন। 'লরেন্স অব এরাবিয়া' নামে মুভি তৈরি করে এই ব্যাপারটাকে পরবর্তীতে জনপ্রিয়তা দেয়া হয়েছিলো। ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের সময় ভারতের পিছনে সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ এবং ব্রিটেনের পরোক্ষ মদদ ছিলো। ১৯৮০এর দশকে আফগান মুজাহিদদের সহায়তা দেয়া পাকিস্তানের পিছনে যুক্তরাষ্ট্রের মদদ ছিলো। শ্রীলংকার তামিল বিদ্রোহীদের ভারতীয় সমর্থনের পিছনে ইউরোপিয়দের মদদ ছিলো। ভিয়েতনাম যুদ্ধে দক্ষিণ ভিয়েতনামের বিদ্রোহীদের পিছনে উত্তর ভিয়েতনামের সরাসরি সমর্থন সম্ভব হয়েছিলো সোভিয়েত ইউনিয়নের কারণে। ১৯৬০এর দশকে নাইজেরিয়ার বায়াফ্রা বিদ্রোহীদেরকে বড় কোন রাষ্ট্র সরাসরি মদদ না দিলেও ক্যাথোলিক সংগঠনগুলির মাধ্যমে পরোক্ষ মদদ দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং আরও কিছু দেশ।

তবে এক্ষেত্রে সীমান্তবর্তী দেশগুলির অবস্থান হয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ সীমান্ত হলো লজিস্টিক্যাল সহায়তা পাবার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়াও রাষ্ট্রের যদি সমুদ্রসীমা থাকে, তাহলে বিদ্রোহীরা সেই সমুদ্রসীমা ব্যবহার করেও লজিস্টিক্যাল সহায়তা পেতে পারে। যেমন, শ্রীলংকার তামিল বিদ্রোহীরা গভীর সমুদ্রে অবস্থান করা জাহাজ থেকে ছোট ছোট বোটে করে সাপ্লাই আনার ব্যবস্থা করতো। তবে কোন কোন ক্ষেত্রে বিমান পথেও এটা সম্ভব। যেমন, বায়াফ্রা যুদ্ধের সময় নাইজেরিয়ার সামরিক বাহিনী বায়াফ্রা অঞ্চলের সমুদ্রসীমা দখলে নিয়ে নিলে বিমানের মাধ্যমে সহায়তা দেয়া হতো। এতে সাপ্লাই নিয়ে অবতরণের সময় নাইজেরিয় বাহিনীর গুলিতে বহু পরিবহণ বিমান ভূপাতিত হয়েছিল।



মিয়ানমারের ভৌগোলিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহগুলির বেশিরভাগই অনেক পুরোনো। এই লেখার উদ্দেশ্য নয় এই বিদ্রোহী গোষ্ঠীগুলির ইতিহাসের চুলচেরা বিশ্লেষণ। বরং এখানে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ তা হলো, বিদ্রোহী গ্রুপগুলির কে কার কাছ থেকে রাজনৈতিক এবং লজিস্টিক্যাল সহায়তা পাচ্ছে, সেটা খুঁজে দেখা। কারণ এই সহায়তা দেয়ার পিছনে একটা রাষ্ট্রের কিছু রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হয়। মিয়ানমার একটা কৃত্রিম রাষ্ট্র; যা ব্রিটিশরা তৈরি করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এই রাষ্ট্রের বাউন্ডারিগুলি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে করে আশেপাশের রাষ্ট্রগুলির সাথে এই রাষ্ট্রের বিভিন্ন দ্বন্দ্ব লেগে থাকে। মিয়ানমারের আয়তন বিশাল; কিন্তু সীমান্তবর্তী এলাকার সাথে রাজধানী এবং এর আশেপাশের এলাকাগুলির যোগাযোগ দুর্গম। দেশের একটা বড় অঞ্চল বনভূমি এবং পাহাড়ি; যার মাঝ দিয়ে গিয়েছে প্রচুর নদনদী। প্রচুর বৃষ্টিপাতের কারণে মিয়ানমারে সারাবছর ধরে স্থল পরিবহণ বেশ কঠিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমার ছিল জাপানি বাহিনীর সাথে ব্রিটিশ এবং তার মিত্রদের একটা ফ্রন্ট। প্রায় চার বছর ধরে মিয়ানমারে যুদ্ধ চলেছে। যুদ্ধে শত্রুর গুলির চাইতে বেশি সেনা হতাহত হয়েছে মিয়ানমারের বৈরী পরিবেশের কারণে। এটা সবচাইতে খারাপ যুদ্ধক্ষেত্রগুলির মাঝে একটা বলে ইতিহাতে পরিচিত। উভয় পক্ষই দুই লক্ষাধিক সেনা হারিয়েছে। আর বার্মিজরা হারিয়েছে প্রায় ১০ লক্ষ মানুষ।


রাখাইন প্রদেশের লজিস্টিক্যাল বাস্তবতা

মিয়ানমারের বাকি অংশ থেকে আরাকান বা রাখাইন ভৌগোলিকভাবে আলাদা। এর কারণ হলো আরাকান পর্বত; যা কিনা হিমালয়ের একটা শাখা। প্রায় সাড়ে ৯'শ কিঃমিঃ লম্বা এই পর্বতের সর্বোচ্চ উচ্চতা ১০ হাজার ফুট। এই পর্বতের মাঝ দিয়ে যাবার রাস্তা মাত্র দু'টা। মূলতঃ এই দু'টা রাস্তার মাধ্যমেই রাখাইন রাজ্য বাকি মিয়ানমারের সাথে যুক্ত। রাজধানী নে-পি-দো থেকে সড়কপথে রাখাইনের মূল শহর সিতওয়ে (প্রাক্তন আকিয়াব) যাওয়া যায় এই দুই পথের একটা দিয়ে। সাধারণ হিসেবে সাড়ে ৬'শ কিঃমিঃ এই রাস্তা পাড়ি দিতে ১৪ ঘন্টারও বেশি সময় লাগে। প্রাক্তন রাজধানী রেঙ্গুন (যা ১ হাজার কিঃমিঃ দূরে) থেকে সড়কপথে সিতওয়ে আসতে লাগে কমপক্ষে সাড়ে ১৮ ঘন্টা। এর মাঝে আবার রাখাইন রাজ্যে রয়েছে বড় কয়েকটা নদী; যেগুলির উপর দিয়ে সেতুর সংখ্যা সীমিত। এই দুর্গম পরিবহণ ব্যবস্থার কারণে রাখাইনের সাথে বাকি মিয়ানমারের মূল যোগাযোগ হয় সমুদ্রপথে। রাখাইনের রয়েছে ৪'শ কিঃমিঃএর বেশি লম্বা সমুদ্রতট; যেখানে রয়েছে কয়েকটা সুমুদ্রবন্দর। রাখাইনের সিতওয়ে এবং কিউকপিউ বন্দরে জাহাজ আসে রেঙ্গুন থেকে। মাঝে মাঝে জাহাজগুলি নাফ নদী দিয়ে মংডু পর্যন্তও যায়। এসব কারণেই ১৯৯০এর দশক থেকে মিয়ানমার তার নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করতে সক্রিয় হয়েছে। আন্তর্জাতিক অবরোধ এবং নিজস্ব সামরিক ইন্ডাস্ট্রির সক্ষমতার কারণে মিয়ানমার তার নৌবাহিনীর বেশিরভাগ জাহাজ নিজেরাই তৈরি করেছে। রাখাইন রাজ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এই নৌসক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ।

সেনা এবং রসদ পরিবহণ করার জন্যে মিয়ানমার নৌবাহিনীর ৮টার মতো পুরোনো সেনা পরিবহণ এবং ৫টা মালামাল পরিবহন জাহাজ রয়েছে। এই জাহাজগুলি রাখাইনের বন্দরগুলিতে ভিড়তে পারে। তবে বন্দরের বাইরে সমুদ্রতট ব্যবহার করে রসদ নামাবার জন্যে মিয়ানমার নৌবাহিনীর হাতে রয়েছে পুরোনো ১০টা ল্যান্ডিং ক্রাফট; এবং ২০০৫ থেকে ২০২০ সালের মাঝে নিজেদের দেশে তৈরি করা ২৬টা ল্যান্ডিং ক্রাফট। নতুন ২৬টা ল্যান্ডিং ক্রাফট একত্রে ৬৪টা সাঁজোয়া যান বহণে সক্ষম। তবে রাখাইনকে নিয়ন্ত্রণে মিয়ানমারের সবচাইতে বড় পদক্ষেপ ছিল প্রায় ১৫ হাজার টনের বিশাল উভচর যুদ্ধজাহাজ 'মোয়াত্তামা'। ২০১৯ সালে আন্তর্জাতিক অবরোধকে হাসিঠাট্টার খোরাক বানিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র দক্ষিণ কোরিয়া এই জাহাজটা মিয়ানমারকে হস্তান্তর করে। এই জাহাজ একসাথে ৩৫টার মতো সামরিক গাড়ি, সাড়ে ৩'শ সেনা এবং ২টা ল্যান্ডিং ক্রাফট বহণ করে। তবে স্বল্প দূরত্বের জন্যে এই জাহাজ আরও অনেক বেশি সেনা বহণ করতে পারে। সেনা এবং রসদ বহণের সক্ষমতা ছাড়াও মিয়ানমারের নৌবাহিনীর হাতে রয়েছে ৫টা ফ্রিগেট, ৩টা কর্ভেট, ৪টা ওপিভি; যেগুলি দীর্ঘ সময় ধরে সমুদ্রে টহল দিতে সক্ষম। এর বাইরেও তাদের রয়েছে উপকূলের কাছাকাছি টহল দেয়ার মতো বহু ছোট ছোট প্যাট্রোল বোট। এই জাহাজগুলি অন্ততঃ কাগজে কলমে হলেও রাখাইনের উপকূলকে অবরোধ দেয়ার সক্ষমতা রাখে। রাখাইনের বিদ্রোহী গোষ্ঠীগুলির সমুদ্রপথে বাইরে থেকে সহায়তা পেতে হলে মিয়ানমার নৌবাহিনীর চোখকে ফাঁকি দিতে হবে। আর সেটা কষ্টকর হলে রাখাইনের সাথে যে দেশগুলির স্থল সীমান্ত রয়েছে, সেই দেশগুলির সরাসরি বা পরোক্ষ সহায়তা চাইবে। কারণ আরাকান পর্বত পারি দিয়ে মিয়ানমারের অন্যান্য অঞ্চল ঘুরে রাখাইনে খুব কমই রসদ আসা সম্ভব। আর বাস্তবতা হলো, রাখাইনের সাথে স্থলসীমান্ত রয়েছে শুধুমাত্র বাংলাদেশের। উত্তরে বাংলাদেশ, পূর্বে আরাকান পর্বত, পশ্চিমে বঙ্গোপসাগর – এর মাঝেই হলো রাখাইন।

রাখাইনের কিউকপিউ-তে চীন একটা গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছে; যেখানে মধ্যপ্রাচ্য থেকে আসা তেলের জাহাজগুলি তেল খালাস করবে এবং এই তেল পাইপলাইনের মাধ্যমে চীনে পৌঁছাবে। এর ফলে মার্কিন-নিয়ন্ত্রিত মালাক্কা প্রণালিকে বাইপাস করে চীন মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করতে পারবে। যদিওবা এর পরিমাণ চীনের চাহিদার তুলনায় তেমন কিছুই নয়; তথাপি 'গ্রেট পাওয়ার' প্রতিযোগিতার মাঝে এর গুরুত্ব যথেষ্ট। চীন এই প্রকল্পগুলি হাতে নেবার পর থেকেই রাখাইনে গণহত্যা শুরু হয়েছে এবং এর স্বাভাবিক ফলাফল হলো সশস্ত্র বিদ্রোহ; যা এখন চীনা প্রকল্পগুলিকে হুমকির মাঝে ফেলেছে। 'গ্রেট পাওয়ার' প্রতিযোগিতাতে চীনকে 'ব্যাকফুটে' রাখতে যুক্তরাষ্ট্র চাইবে যাতে করে বাংলাদেশ তার নীতি পরিবর্তন করে রাখাইনের বিদ্রোহীদের লজিস্টিক্যাল সাপোর্ট নিশ্চিত করে; অথবা অন্ততঃ নিরপেক্ষ ভূমিকা নিয়ে সীমানার কিছু অংশ ইয়াবার বিনিময়ে জ্বালানি তেলের বাণিজ্যকে চলতে দেয়। বলাই বাহুল্য যে, এতে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক খারাপ হতে বাধ্য।


রাখাইনের জাতীয়তাবাদ এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতা

রাখাইন রাজ্যে রয়েছে বহু উগ্র জাতীয়তাবাদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধু ১৯৪২ সালেই রাখাইনের জাতীয়তাবাদী বৌদ্ধদের হাতে প্রায় ৪০ হাজার মুসলিম নিহত হয়। ১৯৭০-এর দশকে একবার; ১৯৯০এর দশকে আরেকবার; এবং ২০১৬এর পর থেকে রাখাইনে মুসলিম জনগোষ্ঠীর উপর মিয়ানমার সামরিক বাহিনীর পাশবিক হামলার সময় এই জাতীয়তাবাদীরা সরাসরি অংশ নেয় এবং মুসলিমদের ধনসম্পদ দখলে যথেষ্ট পারদর্শীতা দেখায়। সেসময় অবশ্য বিশ্বব্যাপী রাখাইনের মুসলিমদের পক্ষে খুব কমই সহমর্মীতা দেখা গিয়েছিল। জাপান, সিঙ্গাপুর, কোরিয়া, থাইল্যান্ডের মতো যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলি মিয়ানমারকে পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় বিনিয়োগ-কেন্দ্র বানিয়ে ফেলেছিলো। কথাসর্বস্ব সহমর্মীতাকে ছাপিয়ে মিয়ানমারে মার্কিন-সমর্থিত গণতন্ত্রকামীদের ক্ষমতায় নিয়ে আসাটা বেশি গুরুত্ব পেয়েছিল। চীনের সীমান্ত রাষ্ট্র মিয়ানমারে একটা মার্কিন-সমর্থিত রাষ্ট্রের অবস্থান ভূরাজনৈতিক দিক থেকে হয়ে যায় গুরুত্বপূর্ণ। সেসময় কেউই রাখাইনের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হয়নি; কারণ এতে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টাটা পিছিয়ে যেতে পারে। ১৯৯১ সালে মার্কিন-সমর্থিত গণতন্ত্রী নেতা অং সান সু-কি-কে নোবেল পুরষ্কার দেয়ার পর সু-কি তার পুরষ্কারকে পুরোপুরিভাবে কাজে লাগান ২০১৯ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক আদালতে। রাখাইনের মুসলিমদের উপর গণহত্যার ব্যাপারটাকে তিনি কতটা সুন্দরভাবে সমর্থন দিয়েছেন, তা ইতিহাস হয়ে রয়েছে। কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের সামরিক বাহিনী আবারও ক্ষমতা দখল করলে যে গণতান্ত্রিক বিদ্রোহ শুরু হয়, সেই বিদ্রোহের পক্ষে পশ্চিমা দেশগুলিকে বেশ সোচ্চার দেখা গেছে। অর্থাৎ মিয়ানমারের সামরিক বাহিনীর পাশবিকতা নয়, বরং পশ্চিমা দেশগুলির স্বার্থই ঠিক করেছে যে মিয়ানমারের কোন ব্যাপারটা সকলে গুরুত্ব দেবে।

জন্মের পর থেকে সাত দশক ধরে মিয়ানমারের বহু রাজ্যে সশস্ত্র বিদ্রোহ চলছে। এই বিদ্রোহগুলিকে সমর্থ দিচ্ছে পার্শ্ববর্তী দেশগুলি। মিয়ানমারের ইতিহাসের বেশিরভাগ সময় ধরেই দেশটার স্থলসীমানার বিশাল অংশ মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণে ছিল না; এখনও নেই। এই অঞ্চলগুলি শাসন করে বিদ্রোহী গ্রুপগুলি। এদের রয়েছে নিজস্ব অর্থনীতি, সামরিক বাহিনী এবং আইন ব্যবস্থা। অর্থাৎ মানচিত্রের মিয়ানমার, আর বাস্তবিক মিয়ানমার এক নয়। শক্তিশালী দেশগুলি, বিশেষ করে চীন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মিয়ানমারের অঞ্চলটাতে নিজেদের প্রভাব ধরে রাখতেই প্রচুর সম্পদশালী এই দেশটার এমন অবস্থা করে রেখেছে। রাখাইনে বরং এরূপ সশস্ত্র বিদ্রোহ নতুন; কারণ রাখাইন চীনের সীমানায় নয়। রাখাইনের গুরুত্ব বাড়তে থাকে যখন রাখাইনের উপকূলে গ্যাসের খনি আবিষ্কৃত হয়। ২০১৩ সালে এই খনি থেকে পাইপলাইনের মাধ্যমে চীনের কুনমিং প্রদেশে গ্যাস রপ্তানি শুরু হয়। একইসাথে রাখাইনের কিউকপিউ-তে চীন একটা গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছে; যেখানে মধ্যপ্রাচ্য থেকে আসা তেলের জাহাজগুলি তেল খালাস করবে এবং এই তেল পাইপলাইনের মাধ্যমে চীনে পৌঁছাবে। এর ফলে মার্কিন-নিয়ন্ত্রিত মালাক্কা প্রণালিকে বাইপাস করে চীন মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করতে পারবে। যদিওবা এর পরিমাণ চীনের চাহিদার তুলনায় তেমন কিছুই নয়; তথাপি 'গ্রেট পাওয়ার' প্রতিযোগিতার মাঝে এর গুরুত্ব যথেষ্ট। চীন এই প্রকল্পগুলি হাতে নেবার পর থেকেই রাখাইনে গণহত্যা শুরু হয়েছে এবং এর স্বাভাবিক ফলাফল হলো সশস্ত্র বিদ্রোহ; যা এখন চীনা প্রকল্পগুলিকে হুমকির মাঝে ফেলেছে।

রাখাইনে সশস্ত্র বিদ্রোহ সেখানে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চীনা প্রকল্পগুলির প্রতি সরাসরি হুমকি। সেখানে যেকোন প্রকারের অরাজকতা এবং নাশকতা চীনকে বিচলিত করবে এবং 'গ্রেট পাওয়ার' প্রতিযোগিতায় চীনকে চাপের মাঝে ফেলবে। রাখাইনের ভৌগোলিক বাস্তবতায় সেখানকার বিদ্রোহীদের বাংলাদেশের স্থলসীমানার উপর নির্ভর করা ছাড়া খুব বেশি অপশন নেই। কারণ সমুদ্রপথ মিয়ানমার নৌবাহিনীর দখলে। বাংলাদেশ হলো রাখাইনের সবচাইতে কাছের ভূমি যেখানে যেকোন লজিস্টিক্যাল সাপোর্ট পাওয়া সম্ভব; অন্ততঃ কাগজে-কলমে হলেও। এই কাগজে-কলমের ব্যাপারটা বাস্তবে রূপ পাবে কিনা, সেটা নির্ভর করবে বাংলাদেশের রাষ্ট্র-নীতির উপর। 'গ্রেট পাওয়ার' প্রতিযোগিতাতে চীনকে 'ব্যাকফুটে' রাখতে যুক্তরাষ্ট্র চাইবে যাতে করে বাংলাদেশ তার নীতি পরিবর্তন করে রাখাইনের বিদ্রোহীদের লজিস্টিক্যাল সাপোর্ট নিশ্চিত করে; অথবা অন্ততঃ নিরপেক্ষ ভূমিকা নিয়ে সীমানার কিছু অংশ ইয়াবার বিনিময়ে জ্বালানি তেলের বাণিজ্যকে চলতে দেয়। বলাই বাহুল্য যে, এতে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক খারাপ হতে বাধ্য। আবার পশ্চিমারা এটাও চাইছে যে, রাখাইনের উগ্র জাতীয়তাবাদীরা যে সেখানকার সকল মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চাইছে, সেই ব্যাপারটাও বাংলাদেশ যেন 'নরম' দৃষ্টিতে দেখে; অর্থাৎ এই উগ্র জাতীয়তাবাদীদেরকে বাংলাদেশ যেন 'মুসলিম-বিদ্বেষী' বলে আখা না দেয়। কাজেই রাখাইনের অস্থিরতা মূলতঃ চীন এবং বাংলাদেশকে কেন্দ্র করেই।



................................................


সূত্রঃ 



'মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচার হচ্ছে তেল, চাল, ডাল!’, সময় টিভি, ৬ ফেব্রুয়ারি ২০২৪,

‘Rise in fuel, edible oil smuggling to Myanmar prompts urgent action in Cox's Bazar’, The Business Standard, 17 January 2024

‘One held with 1,500 litres of oil while smuggling to Myanmar’, Dhaka Tribune, 13 December 2023

‘Waging Insurgent Warfare: Lessons from the Vietcong to the Islamic State’ by Seth G. Jones, 2017

‘War of the Flea: The Classic Study of Guerilla Warfare’ by Robert Taber, 2002

‘The Evolution of a Revolt’ by T E Lawrence, Army Quarterly and Defence Journal, October 1920

‘Out of the Mountain: The Coming Age of the Urban Guerilla’ by David Kilcullen, 2013

‘Afghanistan the Bear Trap: The Defeat of a Superpower’ by Mohammad Yousaf and Mark Adkin, 2001

‘The World was Going Our Way: The KGB and the Battle for the Third World’ by Christopher Andrew and Vasili Mitrokhin, 2005

‘Biafra: The Nigerian Civil War 1967-1970’ by Peter Baxter, 2019

‘Defeat into Victory’ by Field Marshal Sir William Slim, 1956

‘BGB takes 100 fleeing Myanmar border guards to Teknaf’ in BDNews24, 08 February 2024

‘Myanmar rebel group claims control of India border town’ in BBC, 15 January 2024

‘Myanmar Gives China Green Light to Proceed with Strategic Seaport’ in The Maritime Executive, 31 December 2023

‘Why is Myanmar’s new deep-sea port such hot property?’ in The Interpreter, Lowy Institute, 22 November 2023

Sunday, 19 January 2020

চীন-মিয়ানমার ইকনমিক করিডোর – কতটুকু বাস্তব?

১৯শে জানুয়ারি ২০২০

 
চীন মিয়ানমারের সাথে সম্পর্কোন্নয়ন করে মিয়ানমারের মানবতাবিরোধী কার্যকলাপকে বৈধতা দানে যতটুকু এগুলো, বঙ্গোপসাগরে মিয়ানমারের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের আস্থা অর্জনে ততটাই পেছালো; যা কিনা রাখাইনে চীনের কৌশলগত কিউক পিউ বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাংঘর্ষিক। অর্থনৈতিক দিক থেকে মিয়ানমার এবং বাংলাদেশ উভয়েই চীনের সাথে সম্পর্কোন্নয়নে আগ্রহী হলেও অত্র অঞ্চলে চীনের রাজনৈতিক প্রভাব গুটিকয়েক ব্যক্তির মাঝেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে।

   

১৮ই জানুয়ারি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংএর প্রথম মিয়ানমার সফরের সময় মোট ৩৩টা সমঝোতা স্বাক্ষরিত হয়। ‘ফিনানশিয়াল টাইমস’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হলো; আর এটা হলো এমন সময়ে, যখন অং সান সু কির সরকার রাখাইন প্রদেশের মুসলিমদের উপর নির্যাতন চালানোর জন্যে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে। এরকম পরিস্থিতির মাঝেই স্বাক্ষরিত এই সমঝোতাগুলির সবচাইতে গুরুত্বপূর্ণ দিক ছিল ‘চায়না-মিয়ানমার ইকনমিক করিডোর’ বা ‘সিএমইসি’; যার মাঝে রয়েছে রাখাইনের কিউক পিউতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং সেই বন্দরের সাথে চীনের পশ্চিমাঞ্চলের কুনমিংএর রেল যোগাযোগ স্থাপন। এছাড়াও চীনের সীমানার কাছাকাছি একটা স্পেশাল ইকনমিক জোন এবং বাণিজ্যিক রাজধানী ইয়াংগনে একটা শিল্পাঞ্চল করার ঘোষণাও এসেছে। তবে ‘সিএমইসি’র বাস্তবতাগুলি আলোচনার ঊর্ধ্বে নয়। কিউক পিউ থেকে ইতোমধ্যেই গ্যাস এবং তেলের পাইপলাইন চীন পর্যন্ত গিয়েছে; যা কিনা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নিয়ন্ত্রণে থাকা মালাক্কা প্রণালী বাইপাস করে চীনের জ্বালানি চাহিদা কিছুটা হলেও পূরণ করছে। এই পাইপলাইন যেভাবে চীনের স্বার্থ পূরণ করছে, তেমনি মিয়ানমারে অনেকেই মনে করছেন যে, কিউক পিউতে গভীর সমুদ্রবন্দর হলে সেটার সুবিধাও চীনই ভোগ করবে; মিয়ানমার নয়।

মিয়ানমারকে চীন সবসময়ই আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে জাতিসংঘে, সুরক্ষা দিয়ে গেছে। এমনকি মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলিমদের উপর ব্যাপক নির্যাতনের পরেও মিয়ানমারের পাশে থাকে চীন। ‘এমনেস্টি ইন্টারন্যাশনাল’এর আঞ্চলিক পরিচালক নিকোলাস বেকুয়েলিন বলছেন যে, চীনের সমর্থন মিয়ানমারের সামরিক বাহিনীকে মুসলিমদের উপর নির্যাতন বৃদ্ধি করতে শক্তি যুগিয়েছে। মিয়ানমারের বেসামরিক নেতা নোবেল পুরষ্কার বিজয়ী অং সান সু কি রাখাইনের মুসলিমদের উপর নির্যাতনকে বৈধতা দিয়ে সারা বিশ্বে ধিক্কার কুড়িয়েছেন।

‘নিউ ইয়র্ক টাইমস’ মনে করিয়ে দিচ্ছে যে, মিয়ানমারের উত্তর এবং পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী প্রদেশগুলি দেশটাতে চীনা বিনিয়োগের জন্যে সবচাইতে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। একইসাথে উন্নয়নশীল বিভিন্ন দেশে চীনা ঋণের ফাঁদের উদাহরণ তৈরি হয়ে যাওয়ায় মিয়ানমারের কর্মকর্তারা পানিবিদ্যুৎ এবং সমুদ্রবন্দরের চুক্তিগুলিকে মুলতুবি রেখেছিলেন অথবা সেগুলির ব্যাপারে নতুন করে আলোচনার কথা বলেছেন। মিয়ানমারের সর্বউত্তরের কাচিন প্রদেশের প্রভাবশালী ব্যাপটিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট হাকালাম স্যামসন বলছেন যে, চীন সর্বদাই বলে যে মিয়ানমারে তাদের বিনিয়োগ হলো মিয়ানমারের জনগণের উন্নয়নের জন্য; কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটা পুরোপুরি অন্যরকম। চীনারা তাদের প্রকল্পগুলিতে শুধু চীনা নাগরিকদেরই চাকুরি দেয়। এমনকি তারা তাদের খাদ্যদ্রব্যও চীন থেকে নিয়ে আসে; মিয়ানমার থেকে কিছুই কেনে না। কাচিন প্রদেশ হলো সেই তিন প্রদেশের একটা, যেগুলি শি জিনপিংএর সফর থেকে বিনিয়োগের প্রস্তাব পাচ্ছে। কাচিন প্রদেশেই ২০১১ সালে মাইতসোন পানিবিদ্যুৎ প্রকল্প আটকে যায়। কাচিনের কিছু গুরুত্বপূর্ণ স্থান এতে পানির নিচে চলে যেতো; আর উৎপাদিত বিদ্যুৎ রপ্তানি হবার কথা ছিল চীনে। প্রকল্পটা আবারও নেয়া হতে পারে - এই গুজব ছড়িয়ে পড়লে ২০১৯ সালে সেখানে রাস্তায় নেমে আসে মানুষ।
 
 
অস্থির প্রদেশগুলির মাঝ দিয়ে তৈরি ‘চায়না-মিয়ানমার ইকনমিক করিডোর’ বা ‘সিএমইসি’ প্রথম দিন থেকেই নিরাপত্তাহীন থাকবে। মিয়ানমারের জনগণকে চীন যথেষ্ট নির্ভরশীল করে তৈরি করতে পারেনি, যা কিনা এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে পারতো। অন্যদিকে চীনের আগ্রাসী ঋণের বেড়াজালে আটকে যাবার ভয় থেকেও মিয়ানমার বের হতে পারছে না। কিউক পিউ বন্দরের জন্যে দীর্ঘমেয়াদি দরকষাকষি এটাই দেখিয়ে দেয়। 

২০১৮ সালে রাখাইন প্রদেশে গভীর সমুদ্রবন্দর তৈরির প্রকল্পকে আলোচনার মাধ্যমে ৭ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়। রাখাইনের মানুষের অধিকার খর্ব হওয়া ছাড়াও বিশাল ঋণের ফাঁদে ফেলে বন্দরের নিয়ন্ত্রণ দখলের ব্যাপারে সন্দেহ তৈরি হয়। ‘রাখাইন ইকনমিক ইনিশিয়েটিভ’এর এক্সিকিউটিভ ডিরেক্টর ইউ খিন মাউং কি বলছেন যে, চীনা বিনিয়োগ জনগণের জন্যে কল্যাণকর না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। আর সংঘাতপূর্ণ এলাকায় বিনিয়োগ সর্বদাই ঝুঁকিপূর্ণ। বিচ্ছিন্নতাবাদী শান প্রদেশের পরিকল্পনা ও অর্থমন্ত্রী ইউ সোয়ে নিউন্ট লোউইন বলছেন যে, সীমান্ত প্রদেশে সহিংসতার কারণে চীনা বিনিয়োগ কমে গেছে। তিনি শি জিনপিংএর কাছ থেকে শান্তির আশা করছেন। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলির কয়েকটার উপর চীনাদের যথেষ্ট প্রভাব রয়েছে। গ্রুপগুলির নেতারা চীনে আশ্রয় পায়। এমনকি একবার একটা শান্তি আলোচনায় মিয়ানমারের রাজধানী নে পি দোতে পৌঁছাবার জন্যে বিচ্ছিন্নতাবাদী নেতার জন্যে বিমান চার্টার করে দেয় বেইজিং। মিয়ানমারের জাতিগত সহিংসতায় সামরিক সরকার, চীন এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির নেতৃবৃন্দ - এরা সকলেই লাভবান হয়েছে; শুধু সাধারণ জনগণ ছাড়া। মিয়ানমারে চীনের প্রস্তাবিত বিনিয়োগেরও একই চেহারা হতে পারে।

‘গ্রেট পাওয়ার’ প্রতিযোগিতাতে টিকে থাকতে চীন চাইছে কৌশলগত মালাক্কা প্রণালীকে বাইপাস করতে। তবে মালাক্কা প্রণালী যেমন চীনের নিয়ন্ত্রণে নেই, তেমনি বঙ্গোপসাগর চীনের নিয়ন্ত্রণে রয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কাজেই কিউক পিউতে গভীর সমুদ্রবন্দর তৈরি করা এবং সেই বন্দরের সাথে চীনের সরাসরি রেল সংযোগ তৈরি করার প্রকল্প সর্বদাই অবরোধের হুমকিতে থাকবে। আর এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে চীনারা মিয়ানমারের মুসলিমদের উপর অত্যাচার মেনে নেবার যে নীতিতে এগুচ্ছে, তা দীর্ঘমেয়াদে চীনের ভূরাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করছে। কারণ চীনের বেশিরভাগ জ্বালানিই আসে মুসলিম বিশ্ব থেকে। তদুপরি রাখাইন, কাচিন এবং শান প্রদেশে সহিংসতা বন্ধে চীন কতটুকু অগ্রণী ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে প্রশ্নের শেষ নেই। অস্থির প্রদেশগুলির মাঝ দিয়ে তৈরি এই করিডোর প্রথম দিন থেকেই নিরাপত্তাহীন থাকবে। মিয়ানমারের জনগণকে চীন যথেষ্ট নির্ভরশীল করে তৈরি করতে পারেনি, যা কিনা এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে পারতো। অন্যদিকে চীনের আগ্রাসী ঋণের বেড়াজালে আটকে যাবার ভয় থেকেও মিয়ানমার বের হতে পারছে না। কিউক পিউ বন্দরের জন্যে দীর্ঘমেয়াদি দরকষাকষি এটাই দেখিয়ে দেয়। পরিশেষে, চীন মিয়ানমারের সাথে সম্পর্কোন্নয়ন করে মিয়ানমারের মানবতাবিরোধী কার্যকলাপকে বৈধতা দানে যতটুকু এগুলো, বঙ্গোপসাগরে মিয়ানমারের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের আস্থা অর্জনে ততটাই পেছালো; যা কিনা রাখাইনে চীনের কৌশলগত কিউক পিউ বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাংঘর্ষিক। অর্থনৈতিক দিক থেকে মিয়ানমার এবং বাংলাদেশ উভয়েই চীনের সাথে সম্পর্কোন্নয়নে আগ্রহী হলেও অত্র অঞ্চলে চীনের রাজনৈতিক প্রভাব গুটিকয়েক ব্যক্তির মাঝেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে।

Thursday, 16 February 2017

ওয়েস্টফালিয়ান সিস্টেম এবং মিয়ানমারের গণতন্ত্র

১৬ই ফেব্রুয়ারী ২০১৭
১৬৪৮ সালে ইউরোপ ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধ (Thirty Years’ War) থেকে বাঁচে ওয়েস্টফালিয়ার চুক্তির (Peace of Westphalia) মাধ্যমে। এই চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হওয়া ছাড়াও আরও কিছু ব্যাপারে ইউরোপের দেশগুলি ঐকমত্যে পৌঁছে। এর মাঝে একটি ছিল রাষ্ট্রের সার্বভৌমত্ব। একটি দেশ অপর দেশের সার্বভৌমত্ব স্বীকার করে নেবে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। আর এই পুরো ব্যাপারটিকে তদারকি করবে তৎকালীন ইউরোপের শক্তিধর দেশগুলি, যারা নিজেদের মাঝে একটি ‘ব্যালান্স অব পাওয়ার’ (Balance of Power) রাখবে, যার মাধ্যমে তারা যুদ্ধ এড়াবে। ১৯৯০ সাল পর্যন্ত এই 'ওয়েস্টফালিয়ান সিস্টেম' মোটামুটি কাজ করেছে, অর্থাৎ শক্তিশালী দেশগুলির স্বার্থের দেখভাল করেছে। কিন্তু এর পর থেকে এটি ঠিকমতো কাজ করছে না।


ওয়েস্টফালিয়ান সিস্টেম আসলে কি?

১৬৪৮ সালে ইউরোপ ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধ (Thirty Years’ War) থেকে বাঁচে ওয়েস্টফালিয়ার চুক্তির (Peace of Westphalia) মাধ্যমে। এই চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হওয়া ছাড়াও আরও কিছু ব্যাপারে ইউরোপের দেশগুলি ঐকমত্যে পৌঁছে। এর মাঝে একটি ছিল রাষ্ট্রের সার্বভৌমত্ব। একটি দেশ অপর দেশের সার্বভৌমত্ব স্বীকার করে নেবে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। আর এই পুরো ব্যাপারটিকে তদারকি করবে তৎকালীন ইউরোপের শক্তিধর দেশগুলি, যারা নিজেদের মাঝে একটি ‘ব্যালান্স অব পাওয়ার’ (Balance of Power) রাখবে, যার মাধ্যমে তারা যুদ্ধ এড়াবে। তবে সমস্যা হলো যুদ্ধ এড়ানো সম্ভব হয়নি; কারণ সবাই সবার স্বার্থ নিয়ে ব্যাতিব্যস্ত। শক্তিশালী দেশগুলি ওয়েস্টফালিয়ার নীতিগুলি নিজেদের উপরে প্রযোজ্য হতে দেয়নি। জোর যার, মুল্লুক তার – এই পদ্ধতিতেই চলেছে। নীতিগুলি মানতে বাধ্য ছিল শুধু ছোট দেশগুলি, যারা সবসময়ই বড় কোন শক্তির সাথে থাকতে বাধ্য হতো। ছোট দেশগুলিকে নিয়ন্ত্রণে রাখার ১৬৪৮ সালের এই নিয়মখানাই পরবর্তীকালে ঔপনিবেশিক আমলে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করা হয়। ছোট কোন দেশ অন্য দেশের ভেতর নাক গলাতে পারবে না, যদি না সেখানে বড় কোন শক্তির ইন্ধন থাকে। যেমন – কোরিয়ার যুদ্ধে কমিউনিস্ট উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম যুদ্ধে কমিউনিস্ট উত্তর ভিয়েতনামকে ইন্ধন যুগিয়েছে সোভিয়েত ইউনিয়ন এবং চীন। ঊনিশ শতকে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং অস্ট্রিয়ার সাথে শক্তিশালী রাষ্ট্র হিসেবে নাম লেখায় জার্মানি। উসমানিয়া খিলাফত তখন দুর্বল হলেও তাদের প্রভাব ছিল যথেষ্ট। প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়া-হাঙ্গেরী সাম্রাজ্য এবং উসমানিয়া খিলাফতের পতন হয়; আর রাশিয়ার স্থানে জন্ম নেয় নতুন আদর্শিক শক্তি সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত শক্তিশালী দেশগুলি ছিল ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, জার্মানি এবং ইতালি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা মূলত হয়ে যায় যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। আর ১৯৯০ সাল থেকে শুধু যুক্তরাষ্ট্র। শক্তিশালী দেশগুলি ‘ব্যালান্স অব পাওয়ার’এর মাধ্যমে ওয়েস্টফালিয়ান সিস্টেমকে ধরে রাখছিল। কিন্তু ১৯৯০ সালের পর থেকে সোভিয়েত ইউনিয়নের পতনে দুনিয়ার ব্যালান্স পরিবর্তন হয়ে যায়।

  

২০১৭-এর জানুয়ারীতে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেবার ঠিক আগে আগে মার্কিন ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান ডিরেক্ট ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর উপদেষ্টা পরিষদ ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল’ বা এনআইসি (National Intelligence Council) একটি রিপোর্ট বের করে। এখানে বলা হচ্ছে যে আগামী পাঁচ বছরের মাঝেই দুনিয়ার উপরে মার্কিন শাসনের অবসান ঘটতে আসতে যাচ্ছে এবং দুনিয়াটা এখন যে নিয়মে চলছে, সে নিয়ম কেউ আর মানবে না, বা নতুন কোন নিয়ম সেটার স্থলাভিষিক্ত হতে যাচ্ছে, যা কিনা মার্কিনীদের তৈরি নয়। পাঁচ বছর যে কতটা অল্প সময়, তার একটা ধারণ পাওয়া যাবে এভাবে – কেউ যদি ২০১২ সালের জানুয়ারীতে বলে যে ২০১৬-এর ডিসেম্বরের মাঝে দুনিয়ায় মার্কিন কর্তৃত্ব থাকবে না, তাহলে কেমন অদ্ভূত শোনাতো ব্যাপারটা।

বর্তমান সময়ে ওয়েস্টফালিয়ান সিস্টেম কাজ করছে না বলে লিখেছেন মার্কিন আদর্শিক চিন্তাবিদ হেনরি কিসিঞ্জার। তিনি বলছেন যে দুনিয়ার ব্যবস্থাটাই (World Order) এখন সংকটের মাঝে পড়েছে। কিসিঞ্জারের কথার রেশ পাওয়া যায় সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা রিপোর্টে। ২০১৭-এর জানুয়ারীতে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেবার ঠিক আগে আগে মার্কিন ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান ডিরেক্ট ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর উপদেষ্টা পরিষদ ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল’ বা এনআইসি (National Intelligence Council) একটি রিপোর্ট বের করে। ‘Global Trend: Paradox of Progress’ নামের এই রিপোর্টে বলা হয়,

“The next five years will see rising tensions within and between countries. Global growth will slow, just as increasingly complex global challenges impend. An ever-widening range of states, organizations, and empowered individuals will shape geopolitics. For better and worse, the emerging global landscape is drawing to a close and era of American dominance following the Cold War. So, too, perhaps is the rules-based international order that emerged after World War II. It will be much harder to cooperate internationally and govern in ways publics expect. Veto players will threaten to block collaboration at every turn, while information “echo chambers” will reinforce countless competing realities, undermining shared understandings of world events.”

অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আগামী পাঁচ বছরের মাঝেই দুনিয়ার উপরে মার্কিন শাসনের অবসান ঘটতে আসতে যাচ্ছে এবং দুনিয়াটা এখন যে নিয়মে চলছে, সে নিয়ম কেউ আর মানবে না, বা নতুন কোন নিয়ম সেটার স্থলাভিষিক্ত হতে যাচ্ছে, যা কিনা মার্কিনীদের তৈরি নয়। পাঁচ বছর যে কতটা অল্প সময়, তার একটা ধারণ পাওয়া যাবে এভাবে – কেউ যদি ২০১২ সালের জানুয়ারীতে বলে যে ২০১৬-এর ডিসেম্বরের মাঝে দুনিয়ায় মার্কিন কর্তৃত্ব থাকবে না, তাহলে কেমন অদ্ভূত শোনাতো ব্যাপারটা। এনআইসি-এর রিপোর্টে আরও বলা হয়,

“Underlying this crisis in cooperation will be local, national and international differences about the proper role of government across an array of issues ranging from the economy to the environment, religion, security, and the rights of individuals. Debates over moral boundaries – to whom is owed what – will become more pronounced, while divergence in values and interests among states will threaten international security.”

অর্থাৎ কেউ কারও কথা শুনবে না; সকলে সকলের স্বার্থ দেখতে শুরু করবে।
  
ওয়েস্টফালিয়ান সিস্টেমের ভবিষ্যৎ কি?

আজ পৃথিবীব্যাপী মার্কিন শক্তি কমার [১] সাথে সাথে মার্কিন নিয়মের ব্যাত্যয় ঘটছে। ওয়েস্টফালিয়ান সিস্টেমের সার্বভৌমত্ব এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে বারংবার। গণতন্ত্র রক্ষার নামে এখন এক দেশের সৈন্য অন্য দেশে ঢুকে পড়ছে খুব সহজেই। এখন সেখানে আর মার্কিন সেনার দরকার হচ্ছে না। তবে এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো –

১। অস্ত্রের মুখে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হচ্ছে। [২] গণতন্ত্রকে বাঁচাতে গিয়ে চরমতম মানবাধিকার লঙ্ঘনকেও গিলে ফেলতে হচ্ছে। অর্থাৎ পশ্চিমা আদর্শ এখন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে।

২। অপেক্ষাকৃত ছোট দেশগুলির কাছে অন্য দেশের সীমানায় ঢোকাটা স্বাভাবিক ব্যাপার হয়ে যাচ্ছে। অর্থাৎ ‘ব্যালান্স অব পাওয়ার’এর চিন্তাটি এখন নেই। এভাবে ছোট দেশগুলিও প্রভাব খাটানোর উপায় পেয়ে যাচ্ছে, যা তারা সময়-সুযোগমত ব্যবহার করছে।

৩। গণতন্ত্রকে অবস্থান দিতে হচ্ছে সার্বভৌমত্বের উপরে। গণতন্ত্রকে বাঁচাতে গিয়ে সার্বভৌমত্বকে ভূলুন্ঠিত করতে হচ্ছে। অর্থাৎ পশ্চিমা আদর্শকে বাঁচাতে গিয়ে ভূরাজনৈতিক ব্যালান্সের (ওয়েস্টফালিয়ান সিস্টেম) চিন্তাটি ছোট হয়ে আসছে। তাহলে আদর্শ যদি সামনের দিনগুলিতে আরও দুর্বল হয়ে যায়, তাহলে ভূরাজনৈতিক ব্যালান্সের সাথে তো আদর্শও যাবে।

ওয়েস্টফালিয়ান সিস্টেমে মিয়ানমারের মুসলিমদের ইস্যুটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, সুতরাং সেটা সেই দেশের সার্বভৌমত্বের বিষয়। মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ মিয়ানমার সরকারের অনুমতি ছাড়া ঐ দেশের নির্যাতিত মুসলিমদের কাছে ত্রাণ নিয়ে যায়নি, এবং তারা বলেছে যে তারা মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে সেখানে আবার মিয়ানমারের সার্বভৌমত্বকে পুরোপুরি লঙ্ঘন না করার কথা বলা হচ্ছে। ইন্দোনেশিয়াও মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে বারংবার কথা বলছে; বাংলাদেশে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে।

কেইস স্টাডি – মিয়ানমারের অত্যাচারিত মুসলিমরা
২০১৭ সালে মার্কিন দুনিয়ার নিয়মগুলি ভাঙ্গার কাহিনী দেখা যাবে। উদাহরণস্বরূপ বলা যায় মিয়ানমারের মুসলিমদের উপর অত্যাচারের পর পার্শ্ববর্তী দেশগুলির হস্তক্ষেপ।

১। এখানে কেউ বলবেন যে মানবাধিকারের পক্ষে দাঁড়ানোটা ঐ দেশগুলির দায়িত্ব ছিল। কিন্তু তাহলে তো এটাও বলা যায় যে ব্যাপারটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, সুতরাং সেটা সেই দেশের সার্বভৌমত্বের বিষয় (ওয়েস্টফালিয়ান সিস্টেম)। মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ মিয়ানমার সরকারের অনুমতি ছাড়া ঐ দেশের নির্যাতিত মুসলিমদের কাছে ত্রাণ নিয়ে যায়নি, এবং তারা বলেছে যে তারা মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে সেখানে আবার মিয়ানমারের সার্বভৌমত্বকে পুরোপুরি লঙ্ঘন না করার কথা বলা হচ্ছে। ইন্দোনেশিয়াও মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে বারংবার কথা বলছে; বাংলাদেশে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে।

২। এই ত্রাণবাহী জাহাজের প্রভাবে মিয়ানমারের মুসলিমদের উপর অত্যাচার বন্ধ হবার সম্ভাবনা ক্ষীণ। অর্থাৎ এখানে মানবাধিকারকেও প্রাধান্য দেয়া হলো না। আবার মিয়ানমারে সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, ভারত, ভিয়েতনামের মতো অনেক দেশ বিপুল বিনিয়োগ করছে; তাই তারাও চাইবে না যে মিয়ানমারের মানবাধিকার নিয়ে বেশি উচ্চবাচ্য হোক। অর্থাৎ পশ্চিমা আদর্শের একটি ভিত্তিকে (বাজার অর্থনীতি) তুলে ধরা হচ্ছে আরেকটির (মানবাধিকার) উপর।

৩। তারও উপরে রয়েছে গণতন্ত্র। মিয়ানমারে বিনিয়োগ শুরু হয়েছে তথাকথিত গণতন্ত্রের বাতাস বয়ে যাবার কারণেই। অং সান সু-চি-কে নোবেল প্রাইজ দেয়া হয়েছে তো মিয়ানমারে গণতন্ত্র আনার জন্যেই। সেখানে নির্বাচন হচ্ছে; সু-চি-কে গুরুত্বপূর্ণ অবস্থান দেয়া হয়েছে। পুরষ্কারস্বরূপ মার্কিনীরা মিয়ানমারের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে এবং সেখানে ব্যাপক বিনিয়োগ হচ্ছে। সু-চি ভোটের জন্যে জনগণের কাছে দায়বদ্ধ। তাই মিয়ানমারে যখন মুসলিম-বিরোধী চেতনা দানা বাঁধছে, তখন সু-চি যে ভোট হারাবার ভয়ে মুসলিমদের পক্ষ নেবেন না, সেটাই স্বাভাবিক। আর পশ্চিমারাও গণতন্ত্র রক্ষার জন্যে মুসলিমদের উপর অত্যাচারের বিরুদ্ধে কিছু বাক্যবাণ ছাড়া আর কিছুই ছুঁড়বে না। ড্রোন থেকে ছোঁড়া হেলফায়ার মিসাইলগুলি তো গণতন্ত্র আর বাজার অর্থনীতিকে রক্ষার জন্যই, নয় কি?


 
মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কূটনীতি ঐ দেশগুলির ক্ষেপে যাওয়া মুসলিমদের ঠান্ডা করার জন্যে; মিয়ানমারকে ভয় দেখাবার জন্যে নয়। ভয় দেখাতে চাইলে হয়তো মালয়েশিয়া-ইন্দোনেশিয়া বঙ্গোপসাগরে বাংলাদেশের সাথে ‘লাইভ-ফায়ারিং জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ’ করে তারপর মিয়ানমারের সিতওয়ে বন্দরে যৌথভাবে ত্রাণ পাঠাবার কথা বলতো। ত্রাণবাহী জাহাজটির সাথে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার চারটা যুদ্ধজাহাজ এবং ৮টা যুদ্ধবিমান আসতো এবং সেগুলিকে বাংলাদেশের সামরিক বাহিনী এসকর্ট করে বঙ্গোপসাগরে নিয়ে আসতো – তাহলেই বোঝা যেতো কে কার কথা শোনে। মিয়ানমার যদি বুঝতে পারতো যে এই ভীতি প্রদর্শন শুধু ফাঁকা বুলি নয়; এরা দরকার হলে সামরিক অভিযানেও পিছপা হবে না, তাহলে মিয়ানমার সরকার সত্যিকারের ভয় পেতো।

মিয়ানমারের যা প্রাপ্য ছিল...

মিয়ানমারে যে পরিমাণ বিনিয়োগ হচ্ছে, তাতে মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিমাদের কোন ব্যবস্থা নেবার প্রশ্নই আসে না। সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাই সেখানে কোন ড্রোন হামলা হবে না। গণতন্ত্র এবং বাজার অর্থনীতি স্থান পাবে মানবাধিকারের উপরে, যদিও সবগুলিকেই পশ্চিমারা তাদের আদর্শে ভিত্তি বলে থাকে। মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কূটনীতি ঐ দেশগুলির ক্ষেপে যাওয়া মুসলিমদের ঠান্ডা করার জন্যে; মিয়ানমারকে ভয় দেখাবার জন্যে নয়। ভয় দেখাতে চাইলে হয়তো মালয়েশিয়া-ইন্দোনেশিয়া বঙ্গোপসাগরে বাংলাদেশের সাথে ‘লাইভ-ফায়ারিং জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ’ করে তারপর মিয়ানমারের সিতওয়ে বন্দরে যৌথভাবে ত্রাণ পাঠাবার কথা বলতো। ত্রাণবাহী জাহাজটির সাথে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার চারটা যুদ্ধজাহাজ এবং ৮টা যুদ্ধবিমান আসতো এবং সেগুলিকে বাংলাদেশের সামরিক বাহিনী এসকর্ট করে বঙ্গোপসাগরে নিয়ে আসতো – তাহলেই বোঝা যেতো কে কার কথা শোনে। মিয়ানমার যদি বুঝতে পারতো যে এই ভীতি প্রদর্শন শুধু ফাঁকা বুলি নয়; এরা দরকার হলে সামরিক অভিযানেও পিছপা হবে না, তাহলে মিয়ানমার সরকার সত্যিকারের ভয় পেতো। ওয়েস্টফালিয়ান সিস্টেমে বাংলাদেশ এবং মিয়ানমারে ত্রাণের জাহাজ পাঠানোতে মিয়ানমারের সার্বভৌমত্ব লংঘন হয়েছে সন্দেহ নেই। কিন্তু যে ওয়েস্টফালিয়ান সিস্টেম এখন ধূলায় মিশাচ্ছে, সেটাকে আঁকড়ে ধরে থেকে কার স্বার্থকে তুলে ধরা হচ্ছে? রাষ্ট্রের শক্তি শুধু পেশীতে নয়; চিন্তা-চেতনায়। সেই চিন্তা-চেতনাকে বাস্তবায়ন করা, রক্ষা করা এবং ছড়িয়ে দেয়াটাই রাষ্ট্রের লক্ষ্য। একটা রাষ্ট্রের এহেন লক্ষ্য শত্রুর মনে ভীতির সঞ্চার করে। মিয়ানমার সেই ভয় পায়নি বলেই তারা সেখানের মুসলিমদের উপর অত্যাচার করে পার পেয়ে যাচ্ছে।



[১] ‘ওবামার যুদ্ধগুলো লড়বে কে?’, সাম্প্রতিক দেশকাল, ১৯ জানুয়ারী ২০১৭

‘প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা’, সাম্প্রতিক দেশকাল, ০১ সেপ্টেম্বর ২০১৬

‘যুক্তরাষ্ট্র কি নিজের যঙ্গেই যুদ্ধরত?’, সাম্প্রতিক দেশকাল, ১৬ ফেব্রুয়ারী ২০১৭

[২] ‘পশ্চিম আফ্রিকার সাম্প্রতিক ভূরাজনীতি’, সাম্প্রতিক দেশকাল, ২৬ জানুয়ারী ২০১৭