Showing posts with label Modi. Show all posts
Showing posts with label Modi. Show all posts

Sunday, 3 April 2022

ভারত কি যুক্তরাষ্ট্রের বন্ধু, নাকি রাশিয়ার বন্ধু?

০৩রা এপ্রিল ২০২২

০১লা এপ্রিল ২০২২। দিল্লীতে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সাথে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।  ভারত চীনকে পছন্দ না করলেও চীনের বন্ধু দেশ রাশিয়াকে দূরে ঠেলে দিতে চাইছে না। এতে পরিষ্কার যে, নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকার যুক্তরাষ্ট্রের যত কাছের বন্ধুই হোক না কেন, ভারতের সেকুলার বাস্তবতাগুলি থেকে দিল্লীর নেতৃত্বের বের হয়ে আসাটা কঠিন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েই মোদির উগ্রবাদী সরকার যখন গণতান্ত্রিক আদর্শগুলিকে পদদলিত করেছে, তখন ইউক্রেনে গণতন্ত্র রক্ষায় ভারতের অংশ নেয়ার আশা করাটা অর্থহীন।

 
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এখন পৃথিবীর অনেক দেশই তাদের শীর্ষ কূটনীতিকদেরকে ভারতের রাজধানী দিল্লীতে পাঠাচ্ছে। ৩১শে মার্চ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারত সফরে এসে যথেষ্ট সন্মানই পেয়েছেন। ‘দ্যা গার্ডিয়ান’ পত্রিকা বলছে যে, ল্যাভরভ দিল্লী সফরে শুধু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরএর সাথেই দেখা করেননি, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও সাক্ষাৎ করতে পেরেছেন। ল্যাভরভকে এই সন্মান দেয়া হয়েছে যখন ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ স্ট্রস এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি সেটা পাননি। ল্যাভরভ জয়শংকরের সাথে সাক্ষাতে বলেছেন যে, ইউক্রেনের ব্যাপারটা শুধু ইউক্রেন নিয়ে নয়, বরং বিশ্বব্যবস্থা নিয়ে। তিনি বলছেন যে, যুক্তরাষ্ট্র ইউরোপের সকল স্বাধীনতা কেড়ে নিয়ে ওয়াশিংটনের নীতি অনুসরণ করতে বাধ্য করেছে। আর পশ্চিমারা এখন সকল ইস্যুকে ইউক্রেন সমস্যার সাথে যুক্ত করে কথা বলতে চাইছে। তার কথায়, পশ্চিমারা যখন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধকে গণতন্ত্র আর একনায়কতন্ত্রের মাঝে লড়াই বলে আখ্যা দিচ্ছে, তখন তারা গোপন করে যাচ্ছে যে, পশ্চিমারাই যুক্তরাষ্ট্রকে কেন্দ্রে রেখে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তিনি এও বলেন যে, ইউক্রেন এখন বুঝতে পারছে যে, ন্যাটোতে যোগদান করাটা কোন অপশন নয়। ল্যাভরভ তার কথাগুলিকে শক্ত ভিত দিতে সাংবাদিকদেরকে বলেন যে, অনেক বছর আগে রাশিয়া আন্তর্জাতিক বাণিজ্যের জন্যে ভারত, চীন এবং অন্যান্য দেশের সাথে লেনদেনের ক্ষেত্রে ডলার এবং ইউরোর বদলে নিজস্ব জাতীয় মুদ্রা ব্যবহার করার কথা বলা শুরু করে। বর্তমান পরিস্থিতিতে এটা আরও গুরুত্ব পাবে বলে বলেন তিনি। ‘দ্যা গার্ডিয়ান’ মনে করিয়ে দিচ্ছে যে, ল্যাভরভ দিল্লী সফর করার আগেই বেইজিং ঘুরে এসেছেন; যেখানে তিনি ‘বহু মেরুর গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা’র কথা বলেন, যেখানে সুবিচার নিশ্চিত হবে।

‘রয়টার্স’ বলছে যে, ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকে ভারত রাশিয়া থেকে কমপক্ষে ১ কোটি ৩০ লক্ষ ব্যারেল তেল কিনেছে; যেখানে পুরো ২০২১ সালে ভারত রাশিয়া থেকে কিনেছিল ১ কোটি ৬০ লক্ষ ব্যারেল তেল। আন্তর্জাতিক বাজারে পশ্চিমা দেশগুলি যখন রুশ তেল কেনা থেকে বিরত থাকছে, তখন ভারত মূল্যছাড়ের সুযোগ নিয়ে বিপুল পরিমাণ তেল কিনছে। ‘ব্লুমবার্গ’ বলছে যে, রাশিয়া ভারতকে যুদ্ধের আগের মূল্যে তেল সরবরাহ করছে। বিভিন্ন খবরে বলা হচ্ছে যে, ভারত এবং রাশিয়া পশ্চিমা অবরোধ এড়িয়ে নিজেদের মাঝে বাণিজ্য চালিয়ে নিতে ভারতীয় রূপির উপর ভিত্তি করে একটা ব্যবস্থা চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘দ্যা হিন্দু’ পত্রিকা বলছে যে, রাশিয়া এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা দুই দেশের মাঝে বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের সমস্যা দূরীকরণের জন্যে বৈঠক করেছে। তারা এমন কিছু ব্যাংকের কথা বলছেন, যেগুলি পশ্চিমা অবরোধে কোন সমস্যায় পতিত হবে না।

ল্যাভরভের দিল্লী সফরের মাত্র কয়েক ঘন্টা আগে দিল্লী সফরের সময় মার্কিন উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দালীপ সিং ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর দেয়া অর্থনৈতিক অবরোধকে কোন দেশ যদি এড়াতে চায়, তাহলে সেই দেশকে এর ফলাফল বহণ করতে হবে। যুক্তরাষ্ট্র চাইছে না যে কোন দেশ ডলার ভিত্তিক ব্যবস্থাকে বাইপাস করে রুবলকে শক্তিশালী করুক; বিশেষ করে যুক্তরাষ্ট্রের বন্ধু এবং সহযোগী দেশগুলির কাছ থেকে ওয়াশিংটন এটা আশা করে না। দালীপ সিং বলেন যে, চীনের সাথে জোটে রাশিয়া সর্বদাই দুর্বল সদস্য হিসেবে থাকবে। রাশিয়ার সাথে পার্টনারশিপে চীন যতটা এগিয়ে থাকবে, সেটা ভারতের জন্যে ততটাই সমস্যার কারণ হবে। চীনের সাথে ভারতের যদি কোন দ্বন্দ্ব দেখা দেয়, সেক্ষেত্রে কেউই এটা আশা করতে পারে না যে রাশিয়া ভারতকে রক্ষা করার জন্যে এগিয়ে আসবে। তবে সিং কিছুদিন আগেই রাশিয়া থেকে ভারতের ‘এস-৪০০’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সময় রুপি এবং রুবলের আদানপ্রদানের ব্যাপারে কিছু বলতে রাজি হননি। মার্কিন আইন অনুসারে যুক্তরাষ্ট্রের শত্রু দেশের কাছ থেকে কেউ কিছু কিনলে যুক্তরাষ্ট্র সেই দেশের উপর অবরোধ আরোপ করতে পারে। সেই হিসেবে ‘এস-৪০০’ কেনার জন্যে যুক্তরাষ্ট্র তুরস্কের উপর অবরোধ দিলেও ভারতের উপর অবরোধ দেয়া থেকে বিরত থেকেছে। কারণ চীনকে নিয়ন্ত্রণে ভারত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী। ‘নিউজউইক’এর এক প্রতিবেদনে মনে করিয়ে দেয়া হচ্ছে যে, গত ২২শে মার্চ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে, ইউক্রেন ইস্যুর কারণে যুক্তরাষ্ট্রের ‘কোয়াড’ জোটে সহযোগী দেশ ভারতের অবস্থান দোদুল্যমান হয়ে গিয়েছে।

 
৩১শে মার্চ ২০২২। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সাথে ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস। ব্রিটিশ পররাষ্ট্র সচিব ইউরোপের সিদ্ধান্তহীনতাকে তুলে ধরে ভারতের সিদ্ধান্তকেই ন্যায্যতা দিয়ে এসেছেন। তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে, আগের মতোই ভারতের সেই ‘তৃতীয় ব্লক’এ থাকাটাই যুক্তিযুক্ত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুরো পশ্চিমা বিশ্বব্যবস্থাই যখন ধ্বসে পড়ছে, তখন ব্রিটেনের এই প্রচেষ্টা কতটুকু শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত, তা প্রশ্ন করা যেতেই পারে।

প্রায় একই সময়ে দিল্লী সফর করা ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস ইউক্রেনের ব্যাপারটাকে গণতন্ত্র রক্ষার লড়াই বললেও তিনি ভারতের সাথে সুর মিলিয়েই কথা বলেছেন। দালীপ সিংএর কথার পুরো উল্টো ভাষায় তিনি সাংবাবিকদের বলেন যে, তিনি বলে দেবেন না যে ভারতের কি করতে হবে। ২০১৪ সালে ক্রিমিয়া সমস্যার পর ইউরোপ রাশিয়ার উপর অবরোধ দেয়ার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেয়নি; এখন সকলে এর ফলাফল দেখতে পাচ্ছে। অপরদিকে জয়শংকর বলেন যে, ইউক্রেন যুদ্ধের ফলাফল এখনও অনেকটাই দেখতে বাকি রয়েছে। এখন পর্যন্ত জ্বালানি এবং খাদ্যশস্যের মূল্যের উপর এর প্রভাব পড়েছে। সামনের দিনগুলিতে আর্থিক লেনদেন এবং লজিস্টিকস যদি সমস্যায় পতিত হয়, তাহলে তা বাকি বিশ্বের জন্যে মারাত্মক বিপর্যয় ডেকে আনবে।

‘বিবিসি’র এক বিশ্লেষণে বলা হচ্ছে যে, বিশ্বের অনেক রাষ্ট্রের কূটনীতিকেরা ভারত সফরে এসে ভারতকে তাদের পক্ষে নেবার চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত ভারত এক্ষেত্রে নিরপেক্ষ থাকতে চাইছে। ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক বেশ গভীর এবং ভারতের বেশিরভাগ অস্ত্র রাশিয়া থেকে কেনা। ভারতের এই অবস্থান দেশটাকে সমস্যা নিরসনে অপ্রত্যাশিতভাবে মধ্যস্ততাকারী হিসেবে সামনে নিয়ে আসতে পারে। ল্যাভরভ ইতোমধ্যেই বলেছেন যে, দিল্লীর মধ্যস্ততার ব্যাপারে মস্কোর কোন আপত্তি নেই। অপরদিকে দিল্লী থেকে বলা হয়েছে যে, ভারতও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে প্রস্তুত।

ঠান্ডা যুদ্ধের সময় জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য হিসেবে ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক রেখে চলেছিল; যদিও ভারতের সেকুলার কংগ্রেস সরকারের সাথে পশ্চিমের, বিশেষ করে ব্রিটেনের সম্পর্ক ছিল গভীর। ভারতের বিমান এবং নৌবাহিনীর বহু যুদ্ধসরঞ্জামই ছিল ব্রিটেনে তৈরি। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ব্লকের বাইরে তৃতীয় একটা ব্লকে নিজের অবস্থান ধরে রেখেছিল ভারত, যার উপর ব্রিটেনের প্রচ্ছন্ন প্রভাব ছিল যথেষ্ট। সেসময়েই ভারতে রুশ নির্মিত অস্ত্রের ভিত্তি তৈরি হয়েছে, যে বাস্তবতা থেকে ভারত আজ অবধি বের হতে পারছে না। তবে ঠান্ডা যুদ্ধের পর, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উগ্র ডানপন্থী বিজেপি সরকার ক্ষমতা নেবার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সখ্যতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র ভারতকে ‘এপাচি’ এবং ‘শিনুক’ হেলিকপ্টার, ‘সি-১৭’ এবং ‘সি-১৩০জে’ পরিবহণ বিমান, ‘পি-৮আই’ ম্যারিটাইম প্যাট্রোল বিমান, ‘এমএইচ-৬০আর’ সাবমেরিন ধ্বংসী হেলিকপ্টার, ‘এম-৭৭৭’ আর্টিলারি হাউইটজারসহ আরও অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে; যেগুলি মূলতঃ হিমালয়ের পাদদেশে এবং ভারত মহাসাগরে চীনা প্রভাবকে নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ‘কোয়াড’ সামরিক জোটের সদস্য হিসেবে ভারত আঞ্চলিকভাবে চীনের প্রভাবকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিচ্ছে, তথাপি ঠান্ডা যুদ্ধের সময়কার ‘তৃতীয় ব্লক’এর সদস্য হিসেবে চিন্তা করা থেকে ভারত সরে আসছে না। ভারত চীনকে পছন্দ না করলেও চীনের বন্ধু দেশ রাশিয়াকে দূরে ঠেলে দিতে চাইছে না। এতে পরিষ্কার যে, নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকার যুক্তরাষ্ট্রের যত কাছের বন্ধুই হোক না কেন, ভারতের সেকুলার বাস্তবতাগুলি থেকে দিল্লীর নেতৃত্বের বের হয়ে আসাটা কঠিন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েই মোদির উগ্রবাদী সরকার যখন গণতান্ত্রিক আদর্শগুলিকে পদদলিত করেছে, তখন ইউক্রেনে গণতন্ত্র রক্ষায় ভারতের অংশ নেয়ার আশা করাটা অর্থহীন। অপরদিকে ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস ইউরোপের সিদ্ধান্তহীনতাকে তুলে ধরে ভারতের সিদ্ধান্তকেই ন্যায্যতা দিয়ে এসেছেন। তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে, আগের মতোই ভারতের সেই ‘তৃতীয় ব্লক’এ থাকাটাই যুক্তিযুক্ত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুরো পশ্চিমা বিশ্বব্যবস্থাই যখন ধ্বসে পড়ছে, তখন 'গ্লোবাল ব্রিটেন'এর এই প্রচেষ্টা কতটুকু শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত, তা প্রশ্ন করা যেতেই পারে।

Monday, 23 May 2016

বাংলাদেশের সম্পদ কি যথেষ্ট?

২৪শে মে ২০১৬

পানির কষ্ট যে একবার পেয়েছে, সে জানে যে সবচাইতে বড় সম্পদ কোনটি। 



গুজরাট রাজ্যের রাজার গল্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবার আগে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। সেখানে তার কাজের লিস্টির মাঝে যেসব কাজকে ফলাও করে বলা হয়, সেগুলির মাঝে ছিল বিদ্যুত এবং পানি নিয়ে ব্যাপক কিছু কর্মকান্ড। তিনি নাকি সেখানে সাড়ে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুত উতপাদন ক্ষমতা থেকে একেবারে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত (যা বাংলাদেশের দ্বিগুণ) উতপাদন ক্ষমতায় উন্নীত করেছিলেন। যার ফলে ফসলের ক্ষেতগুলিকে তিনি নাকি রক্ষা করেছিলেন সেচের ব্যবস্থা করে। ১৫০ খানার বেশি পানি শোধনাগার স্থাপন করে রিভার্স অসমোসিস প্রসেসের মাধ্যমে মাটির বহু গভীর থেকে তোলা পানির ব্যাপক পরিমাণ খণিজ সরানোর ব্যবস্থা করেন তিনি। এরপর সুপেয় পানির অভাব দূরীকরণের জন্যে সেই পানি তিনি ২ হাজার কিলোমিটার পাইপলাইন এবং ১ লক্ষ ১৫ হাজার কিলোমিটার সাবসিডিয়ারি পাইপলাইন স্থাপন করে রাজ্যের মোট ১৮,০০০ গ্রামের মাঝে ১০,০০০ গ্রামে ২২৫ কোটি লিটার পানি প্রতিদিন পৌঁছে দিয়েছেন। ১১ হাজার হাজার পানির রিজার্ভার তৈরি করেছেন। ৫৬ হাজার বস্তা বালু জমা করেছেন, যাতে কখনো বন্যা হলে বন্যার পানি বস্তা দিয়ে আটকে রেখে পরে ব্যবহার করার ব্যবস্থা করতে পারেন। গুজরাট গ্রীন রেভোলিউশন কোম্পানি স্থাপন করে ‘ড্রিপ ইরিগেশন’এর ব্যবস্থা করেছেন ফসলের ক্ষেতে, যাতে পানির ব্যবহার সর্বনিম্ন হয়। এতকিছু করার পরেও বেশিরভাগ মূল্যায়নেই নাকি বলা হয় যে গুজরাটের বেশিরভাগ মানুষ এখনও দারিদ্র সীমার নিচেই রয়ে গেছে; মানে পুরোটাই ফাঁপা। আসলে এই কর্মকান্ডকে মূল্যায়ন করা আমাদের এখনকার লক্ষ্য নয়। সেগুলি ঠিকমতো হয়েছিল কিনা, বা পুরোটাই চাপাবাজি কিনা, সেটাও আমাদের মাথাব্যাথা নয়। তাহলে এগুলির এখানে উল্লেখ করা কেন?

উপরের এই গল্প ফাঁদার উদ্দেশ্য হচ্ছে কিছু চিন্তার উদ্রেক ঘটানো। অনেকেই হয়তো উপরের অংশটুকু পড়ে মনে করবেন যে এই ভদ্রলোককে (মানে লেখককে আরকি!) আবার বাংলাদেশে মোদি সাহেবের ক্যাম্পেইন ম্যানেজার কে বানালো? আবার কেউবা মনে করতে পারেন যে মোদি সাহেবের ‘উন্নতি’র মডেল আমাদের দেশেও কপি-পেস্ট করা উচিত। আবার কেউবা এ-ও মনে করতে পারেন যে আমরা মোদি সাহেবের চাইতে কম যাই না। যাহোক, যে যাই মনে করুন, এই লেখার উদ্দেশ্য একটু অন্য রকম চিন্তার শুরু করা। যেমন একটু চিন্তা করলেই বোঝা যাচ্ছে যে ভারতের এই গুরুত্বপূর্ণ রাজ্যটিতে পানির কি ব্যাপক হাহাকার। বিদ্যুত উতপাদনের রেকর্ড গড়তে হচ্ছে পানির সরবরাহ নিশ্চিত করতে। আবার মাটি খুঁড়ে পানি বের করতে করতে এমন অবস্থা হয়েছে যে পানি পেতে গিয়ে এক্কেবারে পৃথিবীর কেন্দ্রে (!) চলে যেতে হচ্ছে! পানির সাথে এত্তো বেশি মিনারেল উঠে আসছে যে সেটা আর পানযোগ্য থাকছে না। সেই পানিকে রিভার্স অসমোসিস প্রসেসের মাধ্যমে শোধন করে খেতে হচ্ছে। বলে নেয়া উচিত যে এই প্রসেসে বাংলাদেশে মিনারেল ওয়াটার পরিশোধন করে বোতলজাত করা হয়। অর্থাৎ গুজরাটের গ্রামের মানুষকে বাঁচিয়ে রাখতে বোতলের পানিই পাইপ দিয়ে সরবরাহ করতে হচ্ছে। তা-ও আবার লক্ষ কিলোমিটার পাইপলাইন দিয়ে; সেটাও আবার যাচ্ছে ১০ হাজার গ্রামে! এর অর্থ গ্রামের মানুষকে বাঁচিয়ে রাখতে লক্ষ কিলোমিটার পাইপলাইন বসিয়ে বোতলের মিনারেল ওয়াটার সরবরাহ করতে হচ্ছে। সেই পানি স্টোর করে রাখার জন্যে হাজার হাজার রিজার্ভার তৈরি করা হয়েছে। বালুর বস্তা রেডি রাখা হয়েছে বন্যার পানি যাতে তাড়াতাড়ি পালিয়ে সমুদ্রে চলে যেতে না পারে সেজন্য। বন্যার পানি সেখানে সৃষ্টিকর্তার বিশেষ দান; তাই সেটাকে আটকে রেখে পরবর্তীতে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। পানির এই উত্তোলন, শোধন, পরিবহণ, সংরক্ষণ, ব্যবহার – এই পুরো প্রসেসে কি পরিমাণ সম্পদ ব্যয় করতে হচ্ছে একবার চিন্তা করে দেখুন তো! কি পরিমাণ বিদ্যুত প্রতিদিন লাগতে পারে মাটির বহু নিচ থেকে পানি উঠিয়ে ১৫০টা পানি শোধনাগার চালাতে? এবং সেই পানি পাম্প করে লক্ষ কিলোমিটার পাইপলাইন দিয়ে হাজার হাজার গ্রামে সরবরাহ করতে? কি পরিমাণ বিনিয়োগ লাগতে পারে এই পুরো প্রসেসটাকে একবার বসাতে এবং সর্বক্ষণের জন্যে চালু রাখতে? বন্ধ হয়ে গেলে তো একেবারে জীবন-মরণ সমস্যা, তাই না?

 
https://agricultureandfarming.files.wordpress.com/2013/06/rri_rivers_in_bangladesh_image5.jpg
পানির দেশের মানুষ হয়ে গুজরাটের মতো মরুপ্রায় অঞ্চলের মানুষের পানির কষ্ট যেমন অনুধাবন করা সম্ভব নয়, তেমনি পানি যে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, সেটাও বোঝা কষ্টকর।

তাতে আমাদের কি?

কোথায় যাচ্ছি এই আলোচনা নিয়ে? মোদি সাহেবকে (অথবা যেই সাহেবকেই সেখানে বসানো হোক) আসলে কতটাই না পরিশ্রম করতে হচ্ছে এই রাজ্যকে বাঁচিয়ে রাখতে; ঠিক কিনা? শুধুমাত্র বেঁচে থাকতে তাদের এতটা কষ্ট করতে হচ্ছে! গুজরাটের ১৮৫টা নদীর মাঝে মাত্র ৮টা নদীতে নাকি সারা বছর পানি থাকে; বাকিগুলি শুকিয়ে যায়। পুরো ভারতে বৃষ্টিপাত গড়ে খুবই কম। সেখানে আবার গুজরাট রাজ্যে অন্য রাজ্যগুলির তুলনায় আরও অনেক কম বৃষ্টিপাত হয় – বছরে মাত্র ৮০ সেন্টিমিটার। এখন একটু চোখ ফেরানো যাক বাংলাদেশের দিকে। একবার একটু চিন্তা করে দেখুন তো – বাংলাদেশে কোন গ্রামে কি রিভার্স অসমোসিস পদ্ধতিতে পানি শোধন করে সেটা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করতে হচ্ছে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে আর্সেনিকের জন্যে বিকল্প পানির ব্যবস্থা করতে হচ্ছে। কিন্তু সেটা হচ্ছে পানিসম্পদের ম্যানেজমেন্ট ঠিকমতো না করার জন্যে; প্রকৃতিতে পানি কম থাকার জন্যে নয়। গুজরাটের মতো এক চিমটি বৃষ্টির জন্যে চাতক পাখির মতো বসে থাকতে হচ্ছে না। একটু অপেক্ষা করলেই আকাশ থেকে শত শত পাইপলাইনের মাধ্যমে বৃষ্টি এসে পড়ছে! সেটাও আবার চলছে মাসের পর মাস। নদীর সার্ফেস ওয়াটার ব্যবহার করতে পারছিনা; সেটা আমাদের দোষ। সৃষ্টিকর্তাকে কিছু বলার তো নেই। বছরের পর বছর নদী ড্রেজিং করিনি; গঙ্গা ব্যারাজের মতো প্রজেক্ট পায়ে ঠেলেছি বিদেশীদের কথা শুনে শুনে – এগুলিতো আমাদের দোষ। আল্লাহ এদেশে শতশত নদী দিয়ে সেগুলির সাথে আবার খালা-বিল-নালা যোগ করে পৌঁছে দিয়েছেন একেবারে অজোপাড়াগাঁ পর্যন্ত। ফসলের ক্ষেতের মাঝ থেকে ফসল নৌকায় উঠিয়ে সেই নৌকা খালের মাঝ দিয়ে দড়ি দিয়ে টেনে নদী পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে – একটা টাকাও খরচ হচ্ছে না। গরম লাগলে গ্রামের ছোকরারা পানিতে ঝাঁপ দিয়ে গোসল সেড়ে নিচ্ছে। নদী-খাল-বিলে হাঁসের চাষ করা হচ্ছে পানি থাকার কারণে। লক্ষ লক্ষ টন স্বাদু পানির মাছ উতপাদিত হচ্ছে। সমুদ্রবন্দর থেকে জাহাজে করে কম খরচে মালামাল পৌঁছে যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ শিল্প এলাকাগুলিতে। হাজার হাজার নৌকা-লঞ্চে করে লাখ লাখ মানুষ শহর থেকে শহরে চলাচল করছে। নদীর পানি ব্যবহৃত হচ্ছে শিল্পের কাজে। নদীর পানি বর্ষার শেষে ধরে রাখতে পারি নাই; সেটাতো আমাদের দোষ। যথেষ্ট পানি তো ছিলোই নদীতে। সেই পানি তো আর বসে থাকবে না; সমুদ্রে চলে যাবে ধরে না রাখলে – সে-ই তো স্বাভাবিক। আর একারণেই গুজরাটের মতো খরা এলাকার মতো পাম্প দিয়ে মাটির নিচ থেকে পানি তুলতে হচ্ছে কোটি কোটি টাকার ডিজেল তেল খরচ করে। ঠিকমতো ব্যবহার করতে পারলে বাংলাদেশের পানি সম্পদ আমাদের জন্যে সৃষ্টিকর্তার কতোবড় আশীর্বাদ, সেটা কি আমরা গুজরাটের উপরের গল্প থেকে এখনো ধরতে পারিনি?

http://www.theindependentbd.com/assets/news_images/Water-Resource.jpg
অন্য অনেককে না দিয়ে সৃষ্টিকর্তার কেন খেয়াল হলো একটা জাতিকে পানি সম্পদে পূর্ণ করে ফেলা? - এই প্রশ্নের উত্তরের মাঝেই রয়েছে সেই জাতির উদ্দেশ্য


আরেকটা গল্প দিয়ে শেষ করি…

ধরুন, একটা দেশের সম্পূর্ণ আয় ১০০ টাকা। মোটামুটিভাবে বেঁচে থাকতে তার খরচ করতে হয় ৫ টাকা। অর্থাৎ নিজের কিছু চেলাচামুন্ডা পুষে ট্রেনিং দিয়ে সেগুলিকে শক্তিশালী সিকিউরিটি হিসেবে গড়ে তোলার জন্যে তার হাতে থাকে ৯৫ টাকা। আরেকটি দেশের সম্পূর্ণ আয় ১,০০০ হাজার টাকা। মোটামুটিভাবে বেঁচে থাকতে তার খরচ করতে হয় ৯০০ টাকা। অর্থাৎ সে মোটামুটি ১০০ টাকা পাচ্ছে তার চেলা-চামুন্ডা বাহিনী তৈরি করতে। তাহলে এই দু’দেশের মাঝে পার্থক্য কি তেমন একটা কিছু থাকলো (৯৫ বনাম ১০০); যদিও তাদের একজনের আয় আরেকজনের ১০ গুণ?

মরাল অব দ্যা স্টোরি – একটা দেশের সম্পদের পরিমাণ শুধু তার হাতে কি পরিমাণ অর্থ-বিত্ত-সম্পদ আছে তা-ই নয়। সেই সম্পদের কতটুকু তার নূন্যতমভাবে বেঁচে থাকার জন্যে ব্যবহার করতে হচ্ছে, আর সেই সম্পদ আসলে সঠিকভাবে ব্যবহার করতে পারছে কি-না, তার উপরে। বিপুল অর্থ থাকার পরেও একজনের মরুভূমির মাঝে বেঁচে থাকতে অসম্ভব পরিশ্রম করতে হতে পারে; আরেকজনের আবার সবুজ-শ্যামলা ক্ষেতের মাঝে ফকিরের মতো বিত্ত থাকার পরেও বেঁচে থাকতে এক চিমটি পরিশ্রমই যথেষ্ট হতে পারে। এক্ষেত্রে বিত্ত কম থাকার পরেও দ্বিতীয়জনের ঘুষির শক্তি কিন্তু প্রথমজনের চাইতে অনেক বেশি হতে পারে; কারণ তার বেশিরভাগ শক্তিই রিজার্ভে রয়ে গেছে। দ্বিতীয়জন (ফকির) যদি একবার বুঝে যায় যে সে আসলে দরিদ্র নয়, বরং সম্পদ আসলে তারই বেশি, কারণ তার বেঁচে থাকা সহজ; তাহলে প্রথমজন (মুরুভূমির বাসিন্দা) যদি দ্বিতীয়জনের প্রতিবেশী হয়, তাহলে তার (প্রথমজনের) মাঝে মৃত্যুভয় জন্মাতে এক মুহুর্তও লাগবে না। তাহলে দ্বিতীয়জনের (ফকির) এই বুঝ কিভাবে আসবে? খুব সহজ – যখন সে বুঝতে পারবে যে তাকে এত্তোসব সম্পদ কেউ একজন উপহার দিয়েছেন সম্পদের উপরে বসে বসে ডিমে তা দেবার জন্যে নয়।