Showing posts with label Ukraine. Show all posts
Showing posts with label Ukraine. Show all posts

Saturday, 3 May 2025

'নেভাল ড্রোন' হতে পারে বাংলাদেশ নৌবাহিনীর 'ফোর্স মাল্টিপ্লায়ার'

৩রা মে ২০২৫

২৬শে মে ২০২৫। ফরাসি নেভাল সুইসাইড এটাক ড্রোন ছুটে চলেছে তার টার্গেটের দিকে। সর্বশেষ পরীক্ষার মাধ্যমে ফরাসি নৌবাহিনী মনুষ্যবিহীন নেভাল ড্রোনের ব্যবহার, বিশেষ করে সুইসাইড ড্রোনের ব্যবহার, গাইড্যান্স এবং ধ্বংসাত্মক সক্ষমতার ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থানে যেতে চাইছে। ফরাসি নৌবাহিনীর বিবৃতি থেকে যে ব্যাপারটা পরিষ্কার হয় তা হলো, ফরাসি নৌবাহিনী ড্রোন ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। 



ফরাসি নৌবাহিনীর চার প্রকারের নেভাল ড্রোন

গত ২৬শে এপ্রিল ফরাসি নৌবাহিনী ফ্রান্সের উপকূলে 'আনম্যান্ড সারফেস ভেসেল' (ইউএসভি) বা মনুষ্যবিহীন ম্যারিটাইম বা নেভাল ড্রোন নিয়ে একটা পরীক্ষা চালায়। পরীক্ষায় নৌবাহিনীর একটা অফশোর প্যাট্রোল ভেসেল বা ওপিভি থেকে একটা সুইসাইড বা কামিকাজি ড্রোন ছাড়া হয়; যা কিনা পুরোনো একটা ল্যান্ডিং ক্রাফটকে আঘাত করে ব্যাপক ক্ষতিসাধন করে। ২০২১ সাল থেকে শুরু করা 'পোলারিস' কৌশলের অন্তর্ভুক্ত এই পরীক্ষায় সত্যিকারের যুদ্ধাবস্থার সবচাইতে কাছাকাছি অবস্থা তৈরি করে পরীক্ষাটার আয়োজন করা হয়। ফরাসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয় যে, এর আগে গত ডিসেম্বরে ফরাসি সাবমেরিন থেকে টর্পেডো ছোঁড়ার মাধ্যমে একটা জাহাজ ধ্বংস করা হয়। গত ফেব্রুয়ারিতে ফরাসি নৌবাহিনীর একটা 'লাফায়েত-ক্লাস' ফ্রিগেটের খুব কাছে একটা বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে জাহাজের চাপ নেবার সক্ষমতা যাচাই করা হয়। আর গত মার্চ মাসে 'ড্রাগুন ফিউরি' উভচর মহড়ার মাধ্যমে আক্রমণ এবং প্রতিরক্ষামূলক যুদ্ধে ড্রোনের ব্যবহার যাচাই করা হয়। সর্বশেষ পরীক্ষার মাধ্যমে ফরাসি নৌবাহিনী মনুষ্যবিহীন নেভাল ড্রোনের ব্যবহার, বিশেষ করে সুইসাইড ড্রোনের ব্যবহার, গাইড্যান্স এবং ধ্বংসাত্মক সক্ষমতার ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থানে যেতে চাইছে। ফরাসি নৌবাহিনীর বিবৃতি থেকে যে ব্যাপারটা পরিষ্কার হয় তা হলো, ফরাসি নৌবাহিনী ড্রোন ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। গত জানুয়ারিতে ফরাসি নৌবাহিনীর রিয়ার এডমিরাল ডেভিড ডেসফুজেরেস 'নেভাল নিউজ'কে বলেন যে, ফরাসি নৌবাহিনী চার ধরণের নেভাল ড্রোন পেতে চাইছে। এর প্রথমটা হলো সামুদ্রিক মাইন ধ্বংস করার জন্যে; দ্বিতীয়টা হলো হাইড্রোগ্রাফিক সার্ভে কাজের জন্যে; তৃতীয়টা হলো উভচর অপারেশনে ব্যবহার করার জন্যে; আর চতুর্থটা হলো শত্রুর সাথে সরাসরি যুদ্ধ করার জন্যে কমব্যাট বা এটাক ড্রোন।

গত মার্চের উভচর মহড়ায় ফরাসি নৌবাহিনী 'এক্সেইল' কোম্পানির তৈরি 'ড্রিএক্স এইচ-৮' নেভাল ড্রোন ব্যবহার করে। এর আগে এই একই ড্রোন ২০২০ সাল থেকে পরীক্ষা করা হচ্ছিলো হাইড্রোগ্রাফির কাজের জন্যে। অর্থাৎ সমুদ্রাঞ্চলকে জাহাজ চলাচলে নিরাপদ রাখতে এর ব্যবহার খোঁজা হচ্ছিলো। এর মাধ্যমে পানির নিচের ভূমির গঠনপ্রকৃতির একটা ছবি পাওয়া যাচ্ছিলো। আর এই ড্রোন অটোনমাস, বা কোন মনুষ্য নিয়ন্ত্রণ ছাড়াই একটা প্রোগ্রামের মাধ্যমে চালানো সম্ভব। এর ফলে একটা নির্দিষ্ট অঞ্চলের পানির নিচের ত্রিমাত্রিক মানচিত্র তৈরির জন্যে এই ড্রোনগুলিকে একটা নির্দেশনা দিয়ে দিলেই হলো; সর্বদা কোন ব্যক্তিকে এগুলির কাজ নিয়ন্ত্রণ করতে হবে না। 'ড্রাগুন ফিউরি' মহড়ার মাধ্যমে ফরাসি নৌবাহিনী এই কাজটাকেই উভচর অপারেশনে ব্যবহার করতে চাইছে। এরূপ অপারেশনে 'ড্রিএক্স এইচ-৮' ড্রোন শত্রুর নিয়ন্ত্রণে থাকা উপকূলের কাছাকাছি অঞ্চলে পানির নিচের ভূপ্রকৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। ড্রোন ব্যবহারের কারণে ফরাসি সামরিক কোন সদস্যের জীবন হুমকির মাঝে পড়বে না। মহড়ার মাঝে ফরাসিরা আরও দেখতে চাইছিলো যে, কিভাবে এই ড্রোন নিরাপদে ফরাসি 'মিসট্রাল-ক্লাস'এর হেলিকপ্টার ডক ল্যান্ডিং শিপের ডক থেকে পানিতে ওঠা-নামা করানো যায়।
 
ফরাসি নৌবাহিনীর 'ফ্রেম' ফ্রিগেট থেকে নেভাল ড্রোন পানিতে নামানো হচ্ছে। ফরাসি সরকারের মালিকানায় থাকার কারণে নৌবাহিনীর চাহিদার গুরুত্ব অনুধাবন করে 'নেভাল গ্রুপ' মাত্র এক বছরের মাঝে এই ড্রোন ডেভেলপ করে অপারেশনাল অবস্থায় নিয়ে আসতে পেরেছে। এই কোম্পানির কর্মকান্ড অনেক ক্ষেত্রেই ফরাসি সরকারের কৌশলগত চিন্তাভাবনার ফলাফল। আর এর মাঝে এ-ও বোঝা যায় যে, ভূরাজনৈতিক পরিস্থিতি কতটা বেসামাল হবার কারণে ফরাসিরা এতটা দ্রুত এগুচ্ছে।


এর আগে ২০২৪এর ডিসেম্বরে ফরাসি নৌবাহিনী 'থালেস' কোম্পানির কাছ থেকে ১২মিটার লম্বা নেভাল ড্রোনের ডেলিভারি পায়। এটাকে বলা হয় পৃথিবীর প্রথম সার্ভিসে আসা অটোনমাস নেভাল ড্রোন। এই ড্রোনগুলি ফ্রান্স এবং ব্রিটেনের নৌবাহিনীর মাইন ধ্বংস করা জাহাজে বহণ করা যাবে। এগুলি একটা সোনার টেনে নেবে এবং পানির নিচে মাইন খুঁজবে। অটোনমাস হবার কারণে এই ড্রোনগুলি মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই একনাগারে ৪০ ঘন্টা মাইন খুঁজতে পারবে। এই ড্রোন ডেলিভারি পাবার আগেই ফরাসিরা ন্যাটোর অধীনে 'রেপমাস' মহড়ায় অংশ নেয়; যেখানে তারা তাদের নিজস্ব নৌবাহিনী থেকে ৩৮ বছরের পুরোনো ৪২মিটার লম্বা ৪০০টন ওজনের ডাইভিং টেন্ডার জাহাজ 'এশিরন'কে পাঠায়। এই জাহাজ মূলতঃ ব্যবহৃত হয় পানির নিচের বস্তু খোঁজায় ডাইভারদের বহণ করার জন্যে। এই জাহাজ থেকে সুইডেনে নির্মিত 'পিরায়া' নেভাল ড্রোন অপারেট করা হয়েছিলো। একটা ডাইভিং টেন্ডার জাহাজ থেকে মনুষ্যবিহীন নেভাল ড্রোন অপারেট করার অর্থ হলো এসকল ড্রোন অনেক প্রকারের জাহাজ থেকেই অপারেট করা সম্ভব।

২০২৪এর নভেম্বরে ফরাসি সরকারি মালিকানার শিপবিল্ডিং কোম্পানি 'নেভাল গ্রুপ' এবং 'কুয়াচ শিপইয়ার্ড' তাদের প্রথম নেভাল ড্রোন সামনে আনে। 'সীকুয়েস্ট এস' নামের প্রায় ৯মিটার লম্বা এই ড্রোনগুলিকে যেকোন জাহাজে বহণ করা যাবে; যার মাঝে থাকবে ফ্রিগেট, হেলিকপ্টার ক্যারিয়ার ডক ল্যান্ডিং শিপ, সাপ্লাই জাহাজ, ইত্যাদি। এই ড্রোনগুলিকে জাহাজের নিজস্ব বোট পানিতে নামানোর জন্য ব্যবহার করা ক্রেন বা ড্যাভিটের মাধ্যমে অপারেট করা যাবে। ফরাসি নৌবাহিনীর 'ফ্রেম' ফ্রিগেট থেকে এই ড্রোন ইতোমধ্যেই অপারেট করা হয়েছে। এই ড্রোনগুলি সোনারের মাধ্যমে পানির নিচের সাবমেরিন, টর্পেডো এবং ড্রোন খুঁজে পেতে সহায়তা করবে। বিশেষ করে অগভীর পানিতে, যেখানে মাদারশিপের জন্যে অপারেট করা কঠিন, সেখানে এই ড্রোনগুলি চলতে পারবে। ফরাসি সরকারের মালিকানায় থাকার কারণে নৌবাহিনীর চাহিদার গুরুত্ব অনুধাবন করে 'নেভাল গ্রুপ' মাত্র এক বছরের মাঝে এই ড্রোন ডেভেলপ করে অপারেশনাল অবস্থায় নিয়ে আসতে পেরেছে। এই কোম্পানির কর্মকান্ড অনেক ক্ষেত্রেই ফরাসি সরকারের কৌশলগত চিন্তাভাবনার ফলাফল। আর এর মাঝে এ-ও বোঝা যায় যে, ভূরাজনৈতিক পরিস্থিতি কতটা বেসামাল হবার কারণে ফরাসিরা এতটা দ্রুত এগুচ্ছে।
 
অগাস্ট ২০২১। তুর্কি 'এলবাট্রস এস' নেভাল এটাক ড্রোনের ঝাঁক সমন্বিত আক্রমণে। ইউক্রেন যুদ্ধে এবং লোহিত সাগরে পশ্চিমা বাণিজ্যিক জাহাজের উপর ইয়েমেনের হুথি মিলিশিয়াদের আক্রমণে সুইসাইড নেভাল ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে লক্ষ্য করা গিয়েছে। হুথি মিলিশয়ারা নেভাল ড্রোনের সাথে সমন্বয় করে ড্রোন বিমান, জাহাজ-ধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, এমনকি জাহাজ-ধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে। এর ফলে প্রতিরক্ষায় নিয়োজিত পশ্চিমা যুদ্ধজাহাজগুলি মারাত্মক সমস্যায় পড়েছিল।  


ইউক্রেন যুদ্ধ এবং লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের থেকে শিক্ষা

তবে যেকোন জাহাজ থেকে নেভাল ড্রোন অপারেট করার সবচাইতে শক্তিশালী পরীক্ষাটা ছিল সুইসাইড এটাক ড্রোনের ক্ষেত্রে। ইউক্রেন যুদ্ধে এবং লোহিত সাগরে পশ্চিমা বাণিজ্যিক জাহাজের উপর ইয়েমেনের হুথি মিলিশিয়াদের আক্রমণে সুইসাইড নেভাল ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে লক্ষ্য করা গিয়েছে। ইউক্রেনিয়রা কিছু সুইসাইড এটাক ড্রোনের সাথে নিরাপত্তা দেয়ার জন্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা কমব্যাট ড্রোনও ব্যবহার করেছে। এই কমব্যাট ড্রোনগুলি রুশ প্রতিরক্ষা লাইনে টহল হেলিকপ্টারের উপর গুলি করে। কিছু কমব্যাট ড্রোনকে আবার মাদারশিপ হিসেবে ব্যবহার করে তারা; যার মাধ্যমে একটা কমব্যাট ড্রোনের ভেতর কয়েকটা সুইসাইড ড্রোন বিমান বহণ করা হয়। হুথি মিলিশয়ারা নেভাল ড্রোনের সাথে সমন্বয় করে ড্রোন বিমান, জাহাজ-ধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, এমনকি জাহাজ-ধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে। এর ফলে প্রতিরক্ষায় নিয়োজিত পশ্চিমা যুদ্ধজাহাজগুলি মারাত্মক সমস্যায় পড়েছিল। ফরাসিরা এই ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়েই নিজেদের ড্রোন ডেভেলপ করছে।

ফরাসিরা ছাড়াও অন্যান্য নৌবাহিনীও মনুষ্যবিহীন নেভাল ড্রোন নিয়ে পরীক্ষা চালাচ্ছে অথবা নিজেদের নৌবাহিনীতে সেগুলিকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় রয়েছে। মার্কিন নৌবাহিনী 'ঘোস্ট ফ্লীট' নামের প্রকল্পের অধীনে বিভিন্ন ধরণের নেভাল ড্রোন তৈরি করছে; যেগুলি ইন্টেলিজেন্স সংগ্রহ, এটাক, লজিস্টিক্যাল মিশন ছাড়াও অন্যান্য মিশন সম্পাদনে সক্ষম হবে। এছাড়াও চীন, তুরস্ক, ইস্রাইল, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানও নেভাল ড্রোন ডেভেলপ করছে। ২০২১এর মে মাসে তুরস্ক প্রথমবারের মতো তাদের 'উলাক' নেভাল ড্রোন থেকে 'সিরিট' রকেট ছোঁড়ার মাধ্যমে একটা টার্গেট ধ্বংস করেছে। এই ড্রোন দু'টা 'এল-উমটাস' দূরপাল্লার ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও বহণ করতে সক্ষম। উপকূলীয় অঞ্চলে জাহাজের নিরাপত্তা ও নৌস্থাপনার নিরাপত্তা দিতে এই ড্রোনগুলিতে রাডার, নাইট ভিশন ক্যামেরা এবং ১২ দশমিক ৭মিঃমিঃ মেশিন গান বসানো হয়। ২০২২এর জুনে তুর্কিরা দু'টা 'আলবাট্রস এস' এটাক ড্রোনের সাথে একটা 'মির' কমান্ড ড্রোনের সমন্বয়ে আক্রমণকারী ড্রোনের ঝাঁক নিয়ে পরীক্ষা করে। ২০২৩এর এপ্রিলে তুর্কিরা একটা পরীক্ষা চালায়, যেখানে 'মারলিন' নেভাল ড্রোন সাবমেরিন খুঁজে বের করে এবং তার সাথে সমন্বিতভাবে কাজ করা 'মির' নেভাল ড্রোন থেকে টর্পেডো ছুঁড়ে টার্গেট ধ্বংস করা হয়। ২০২৩এর অক্টোবরে তুরস্ক তাদের 'আলবাট্রস এস' সুইসাইড নেভাল ড্রোন পরীক্ষা করে। প্রায় ৭মিটার লম্বা এবং ২টন ওজনের এই ড্রোনগুলি ৪০নটিক্যাল মাইল গতিতে এবং প্রায় ১০ ঘন্টা ধরে চলতে সক্ষম। ইনবোর্ড ডিজেল ইঞ্জিন ব্যবহার করে এই ড্রোন ২৫০কেজি ওয়ারহেড বহণে সক্ষম। অটোনমাস এরকম ৮টা ড্রোন একত্রে টার্গেটে সমন্বিতভাবে হামলা করে এবং শেষ পর্যন্ত ওয়ারহেড বহণ করা একটা ড্রোনের আঘাতে ২২মিটার লম্বা টার্গেট জাহাজটা পুরোপুরিভাবে ধ্বংস হয়। নেভাল ড্রোনগুলিকে আকাশ থেকে সহায়তা দিচ্ছিল 'বায়রাক্তার টিবি-২' ড্রোন বিমান। ২০২৪এর অক্টোবরে কাতার তুরস্ক থেকে 'উলাক ১১' নেভাল ড্রোন ক্রয় করার ঘোষণা দেয়।
 
ফরাসি নৌবাহিনীর ডাইভিং টেন্ডার ভেসেল 'এশিরন'। ৪২মিটার লম্বা এবং ৪০০টনের ৩৮ বছরের পুরোনো এই জাহাজ থেকে নেভাল ড্রোন অপারেট করা হয়েছিল। যুদ্ধজাহাজ হতে হলে এখন আর কোন জাহাজকে জটিল ডিজাইনের হতে হয় না। প্রতিটা জাহাজেই নিজস্ব বোট পানিতে নামাবার জন্যে ক্রেন বা ড্যাভিট থাকে। এই একই ব্যবস্থার মাধ্যমে একটা নেভাল ড্রোনকে জাহাজে বহণ করে পানিতে নামানো সম্ভব; যা কিনা ফরাসি নৌবাহিনী প্রমাণ করেছে। ইউক্রেনিয়রা যা উপকূলের কাছাকাছি করেছে, ফরাসিরা সেটাকে গভীর সাগরে নিয়ে গিয়েছে।   


‘ফোর্স মাল্টিপ্লায়ার' হিসেবে নেভাল ড্রোন

ইউক্রেন যুদ্ধের বাইরে অন্যান্য দেশের সুইসাইড নেভাল ড্রোনগুলি এখন পরীক্ষামূলক থেকে অপারেশনাল সক্ষমতা পর্যায়ে যাচ্ছে। এক্ষেত্রে একটা ঝাঁকে অনেকগুলি ড্রোন ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষাকে ব্যাতিব্যস্ত করে ফেলাটাকেই সবচাইতে কার্যকর মনে করছেন অনেকে। দূরবর্তী টার্গেটের ক্ষেত্রে ফ্রিগেট বা অন্য কোন স্পেশালাইজড জাহাজ থেকে পানিতে নামিয়ে এগুলিকে শত্রুর বিরুদ্ধে ব্যবহার করা যায়। এরূপ নেভাল ড্রোনগুলিকে পানির নিচ দিয়ে চলা সাবমেরিন ড্রোন এবং ড্রোন বিমানের সাথে সমন্বয় করে ব্যবহার করলে শত্রুর সমস্যাকে আরও জটিল করে ফেলা সম্ভব। বিশেষ করে বিভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন ড্রোনের মাধ্যমে আক্রমণ করে শত্রু জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে ফেলা সম্ভব। তবে অনেক দূরবর্তী টার্গেটে ম্যারিটাইম সুইসাইড এটাক ড্রোন দিয়ে হামলা করার ব্যাপারটা এখনও পরীক্ষিত নয়। এধরণের হামলায় ইলেকট্রোম্যাগনেটিক সমস্যার কারণে ড্রোনের সাথে নিজ বাহিনীর যোগাযোগ ব্যাহত হতে পারে। এই সমস্যা দূর করতে হলে এগুলিকে অটোনমাস করা প্রয়োজন। তবে অটোনমাস করতে হলে এগুলিতে যথেষ্ট ভালো সেন্সর যুক্ত করতে হবে; যাতে করে অন্য কোন বস্তুর সাথে সংঘর্ষ এড়াতে পারে এবং টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এছাড়াও শত্রুর নিয়ন্ত্রণে থাকা এলাকায় জ্যামিং এবং সাইবার হামলা এড়াতে গেলে এই ড্রোনগুলিতে অত্যন্ত শক্তিশালী গাইড্যান্স সিস্টেম থাকা প্রয়োজন। তবে এখনও পর্যন্ত বেশিরভাগ নৌবাহিনীতেই নেভাল ড্রোন খোঁজা এবং সেগুলিকে ঠেকাবার জন্যে তেমন কোন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়নি। পানির ঢেউএর মাঝ দিয়ে চলা নিচু এবং ছোট্ট এসকল নৌযানকে খুঁজে পাওয়া বেশ বড় চ্যালেঞ্জ। স্বল্প খরচের এসকল ড্রোনের মাধ্যমে অনেক বড় এবং দামী যুদ্ধজাহাজ ঘায়েল করে ফেলা সম্ভব।

ইউক্রেনিয়রা প্রমাণ করেছে যে, নেভাল ড্রোনের মাধ্যমে শত্রুর নৌবাহিনীকে বন্দরের কাছাকাছি স্থানে পঙ্গু করে ফেলা সম্ভব। ইয়েমেনের হুথিরা প্রমাণ করেছে যে, নেভাল ড্রোন, ড্রোন বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত আক্রমণের মাধ্যমে শত্রুর জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাতিব্যস্ত করে ফেলা সম্ভব। যুদ্ধজাহাজ হতে হলে এখন আর কোন জাহাজকে জটিল ডিজাইনের হতে হয় না। প্রতিটা জাহাজেই নিজস্ব বোট পানিতে নামাবার জন্যে ক্রেন বা ড্যাভিট থাকে। এই একই ব্যবস্থার মাধ্যমে একটা নেভাল ড্রোনকে জাহাজে বহণ করে পানিতে নামানো সম্ভব; যা কিনা ফরাসি নৌবাহিনী প্রমাণ করেছে। ইউক্রেনিয়রা যা উপকূলের কাছাকাছি করেছে, ফরাসিরা সেটাকে গভীর সাগরে নিয়ে গিয়েছে। বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতা ফরাসিদেরকে চিন্তার মাঝে ফেলেছে এবং একইসাথে নিজেদের প্রতিরক্ষাকে দ্রুত উন্নত করতে অনুপ্রেরণা যুগিয়েছে। নেভাল ড্রোনগুলি একপ্রকার 'ফোর্স মাল্টিপ্লায়ার' হিসেবে কাজ করছে; যার মাধ্যমে একটা নৌবাহিনী তাদের স্বাভাবিক শক্তিমত্তার চাইতে বেশি শক্তি প্রদর্শন করতে সক্ষম হবে। ইউক্রেন এক্ষেত্রে প্রমাণ করেছে যে, বহুগুণে শক্তিশালী একটা নৌবাহিনীকেও নেভাল ড্রোনের বিচক্ষণ ব্যবহারের মাধ্যমে পঙ্গু করে ফেলা সম্ভব। তুরস্কও এক্ষেত্রে শিক্ষা নিয়ে অনেক ধরণের নেভাল ড্রোন ডেভেলপ করেছে; যার মাঝে কয়েক প্রকারের কমব্যাট বা এটাক ড্রোনও রয়েছে।
 
২১শে নভেম্বর ২০২৪। মংলায় বাংলাদেশ নৌবাহিনীর 'আইল্যান্ড-ক্লাস' ওপিভি 'কপোতাক্ষ' এবং একই ক্লাসের আরেকটা জাহাজ। বাংলাদেশ নৌবাহিনীর পুরোনো 'আইল্যান্ড-ক্লাস' ওপিভি, ‘ক্যাসল-ক্লাস' কর্ভেট, ‘রিভার-ক্লাস' মাইন সুইপার, কোস্ট গার্ডের 'লীডার-ক্লাস' কর্ভেটগুলি খুব সহজেই বেশকিছু প্রকারের নেভাল ড্রোন বহণ করতে পারে। এখানেই ১৫টা জাহাজ। এগুলির সাথে আরও কিছু সেকেন্ড-হ্যান্ড জাহাজ যুক্ত করলে খুব সহজেই এই সংখ্যাকে ৩০ থেকে ৫০-এ নিয়ে যাওয়া সম্ভব। এরূপ একটা ফ্লীটের পক্ষে ১০০ থেকে ৪০০টা নেভাল ড্রোন, একই সংখ্যক ড্রোন বিমান ছাড়াও ক্রুজ ক্ষেপণাস্ত্র বহণ করা তেমন কঠিন হবে না। 


বাংলাদেশের জন্যে 'ফোর্স মাল্টিপ্লায়ার'

বাংলাদেশ নৌবাহিনীতে সম্পদের মারাত্মক স্বল্পতা রয়েছে। এই স্বল্প সম্পদ দিয়ে সামরিক দিক থেকে শক্তিশালী কোন রাষ্ট্রকে (যেমন ভারত) মোকাবিলা করা খুবই কঠিন কাজ। তবে বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা রয়েছে তাদের নিজেদের শক্তিকে এমন একটা অবস্থানে নিয়ে যাওয়া, যা দিয়ে শত্রুর নৌবাহিনীকে বঙ্গোপসাগর অবরোধ দেয়ার প্রচেষ্টা থেকে নিবৃত করতে পারবে। হঠাৎ করে নৌবাহিনীর জাহাজের সংখ্যা বৃদ্ধি করতে গেলে সেকেন্ড-হ্যান্ড জাহাজ যোগাড় করতে হবে। আর সেক্ষেত্রে শধু সামরিক নয়, বেসামরিক জাহাজও ক্রয় করা যেতে পারে; যেগুলি কিনা সামরিক কাজের জন্যে প্রস্তুত করে নেয়া যেতে পারে। এই জাহাজগুলিকে বিভিন্ন প্রকারের সামরিক সরঞ্জাম বহণের জন্যে উপযোগী করে নেয়া সম্ভব। এর মাঝে ছোট ড্রোন বিমান যুক্ত করতে তেমন কোন পরিবর্তনই প্রয়োজন নেই। জাহাজের আকার অনুযায়ী সেখান থেকে ৪০মিনিট থেকে ১৮ঘন্টা ওড়ার সক্ষমতার ড্রোন অপারেশন পরিচালনা করা যেতে পারে। একইসাথে কনটেইনারের ভেতর বিভিন্ন প্রকারের সক্ষমতার প্যাকেজ বহণ করা যেতে পারে; যেমন, জাহাজ-ধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র; ড্রোন অপারেশনস কমান্ড সেন্টার। এছাড়াও জাহাজের ডেকের উপরেই বিভিন্ন প্রকারের অস্ত্র জুড়ে দেয়া যেতে পারে; যেমন, কাঁধে বহণযোগ্য বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস); ১২ দশমিক ৭মিঃমিঃ, ২০মিঃমিঃ বা ৩০মিঃমিঃ বিমান-বিধ্বংসী কামান।

নেভাল ড্রোন বা 'আনম্যান্ড সারফেস ভেসেল' (ইউএসভি) বাংলাদেশ নৌবাহিনীর জন্যে ‘ফোর্স মাল্টিপ্লায়ার' হিসেবে কাজ করতে পারে। প্রায় সকল জাহাজেই নিজস্ব বোট থাকে এবং বোট পানিতে নামাবার জন্যে ক্রেন বা ড্যাভিটও থাকে। এই মাধ্যমটা ব্যবহার করেই জাহাজে নেভাল ড্রোন বহণ করা যেতে পারে। যত বড় জাহাজ, তত বড় বা তত বেশি সংখ্যক বা প্রকারের নেভাল ড্রোন বহণ করতে সক্ষম হবে। বাংলাদেশ নৌবাহিনীর পুরোনো 'আইল্যান্ড-ক্লাস' ওপিভি, ‘ক্যাসল-ক্লাস' কর্ভেট, ‘রিভার-ক্লাস' মাইন সুইপার, কোস্ট গার্ডের 'লীডার-ক্লাস' কর্ভেটগুলি খুব সহজেই বেশকিছু প্রকারের নেভাল ড্রোন বহণ করতে পারে। এখানেই ১৫টা জাহাজ। এগুলির সাথে আরও কিছু সেকেন্ড-হ্যান্ড জাহাজ যুক্ত করলে খুব সহজেই এই সংখ্যাকে ৩০ থেকে ৫০-এ নিয়ে যাওয়া সম্ভব। এরূপ একটা ফ্লীটের পক্ষে ১০০ থেকে ৪০০টা নেভাল ড্রোন, একই সংখ্যক ড্রোন বিমান ছাড়াও ক্রুজ ক্ষেপণাস্ত্র বহণ করা তেমন কঠিন হবে না। এই জাহাজগুলিকে উচ্চতর সক্ষমতার ফ্রিগেট-কর্ভেটের সাথে গ্রুপ হিসেবে অপারেশনে যুক্ত করতে পারলে একে অপরের সক্ষমতাগুলিকে ব্যবহার করতে পারবে। এগুলির একত্রিত সক্ষমতা তখন প্রতিটা জাহাজের আলাদা সক্ষমতার সাথে যুক্ত হবে এবং নিজেদের একক দুর্বলতা দৃশ্যমান হবে না।

নেভাল ড্রোন বাংলাদেশ নৌবাহিনীর জন্যে 'ফোর্স মাল্টিপ্লায়ার' হিসেবে কাজ করে বঙ্গোপসাগরকে শত্রুর নৌ-অবরোধের চেষ্টা থেকে মুক্ত রাখতে পারবে। তবে সেটা তখনই সম্ভব, যখন বাংলাদেশ নিশ্চিত করে বুঝতে পারবে যে, তারা নিজেদেরকে কোথায় দেখতে চায়। সাত দশকের লিবারাল বিশ্বব্যবস্থা, যা কিনা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠা করেছিলো, তা আজ যুক্তরাষ্ট্র নিজেই ভেঙ্গে ফেলেছে। এরূপ ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের জন্যে সবথেকে বেশি প্রয়োজন নিজেদের রাজনৈতিক চিন্তাকে পাঁচ দশকের নতজানু অবস্থান থেকে সরিয়ে আদর্শিক চিন্তার দিকে ধাবিত করা। এছাড়াও প্রয়োজন রয়েছে নিজেদের ভূকৌশলগত অবস্থানকে 'হোলিস্টিক'ভাবে মূল্যায়ন করা; যাতে করে সামগ্রিকভাবে একটা প্রতিরক্ষা কৌশলের দিকে অগ্রগামী হওয়া সম্ভব হয়। এরূপ একটা কৌশলে উপনীত হবার মাধ্যমে প্রতিরক্ষা সেক্টরকে শক্তিশালী করার জন্যে শক্তিশালী সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে। যুদ্ধ আসছে জেনে শুধু কথায় প্রস্তুতি নিলেই হবে না; গুরুত্বের ক্রম অনুধাবন করে কাজে দেখাতে হবে। সার্বভৌমত্ব এই ক্রমের মাঝে কোথায় স্থান পাবে, তা আজ কেউ প্রশ্ন না করলেও পরাধীনতার স্বাদ নেয়ার পর প্রধান আলোচ্য বিষয় হবে। আজকে কাজ না করার স্বপক্ষে কোন যুক্তিই আগামীকালকের ব্যর্থতার পর কারুর কাছে গ্রহণযোগ্য হবে না। আজকের অদূরদর্শীতা আগামীকালকে জনগণের কাছে দেশদ্রোহীতার সমতুল্য হবে। কারণ ব্যর্থতার দায় কেউই নিতে চাইবে না।







সূত্রঃ
‘French Navy tests one-way attack USV against target at sea’ in Naval News, 29 April 2025

‘French Navy conducts trials with Exail DriX USV’ in Naval News, 18 March 2025

‘French Navy experiments new unmanned systems to support amphibious operations’ in Naval News, 18 March 2025

‘French Navy Tests iXblue’s DriX Unmanned Surface Vessel’ in Naval News, 02 November 2020

‘‘World’s first’ autonomous surface drone system delivered’ in Naval Today, 10 February 2025

‘French Navy steps up USV development and delivery ’ in Naval News, 27 January 2025

‘French Navy Experiments Weaponized Drone Jet Ski for Remote Naval Attacks Without Risking Crews’ in Army Recognition, 29 April 2025

‘France’s Naval Group unveils Seaquest, its first unmanned surface vessel’ in Breaking Defense, 05 November 2024

‘Seaquest S System Successfully Deployed on French Navy FREMM Frigate’ in Army Recognition, 08 November 2024

‘Turkey’s ‘ULAQ’ USV Completes Firing Tests with New Weapon System’ in Naval News, 24 January 2022

‘Türkiye's Okhan USV successfully completes tests’ in Turkiye Today, 20 January 2025

‘Qatar orders Turkish Ulaq USV’ in Janes’, 01 November 2024

‘Turkish Navy successfully tests Albatros S kamikaze naval drone’ in Army Recognition, 09 October 2023

‘For the First Time in the World, a Swarm Attack Concept was Carried Out in a Joint USV-UAV Operation!’ in Defence Turkey, 09 October 2023

‘Turkish “MIR” USV test-fires torpedo for the first time’ in Newsatsea, 19 April 2023

‘Turkey’s Aselsan demonstrates new swarm USV capabilities’ in Naval News, 20 June 2022

Thursday, 13 April 2023

মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনা কতটা গুরুত্বপূর্ণ?

১৩ই এপ্রিল ২০২৩

ঘটনাটা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবকে আরও একধাপ কমতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্র যদি আদর্শিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী অবস্থানে থাকতো, তাহলে এরূপ ঘটনা খুব একটা ক্ষতিকর হতো না। ক্ষতি কতটা হয়েছে, সেটাও মার্কিনীরা পুরোপুরি বুঝতে পারছে কিনা, সেটা নিয়েও সন্দেহ রয়েছে। ব্যাপারটা অনেকটা ‘ভয়েস অব আমেরিকা’র মতো। তাদের এক প্রতিবেদনে তারা এই ডকুমেন্টগুলির ছবি ঝাপসা করে দিয়ে প্রকাশ করেছে। যখন এটা পত্রিকার হেডলাইন হয়ে গিয়েছে এবং পুরো ইন্টারনেটে ছড়িয়ে গেছে, তখন এহেন প্রচেষ্টা হাস্যকরই বটে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কিছু গোপন দলিল অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকে ওয়াশিংটনসহ বিশ্বব্যাপী আলোচনারা ঝড় উঠেছে। যে ব্যাপারটা প্রায় অবাক করার মতো তা হলো, প্রায় মাসখানেক ধরেই এই দলিলাদি অনলাইনে ঘোড়াফেরা করলেও ৬ই এপ্রিল ‘নিউ ইয়র্ক টাইমস’ এই দলিল প্রকাশ করার পরেই এটা জনসন্মুখে আসে। ‘নিউ ইয়র্ক টাইমস’কে বিশ্লেষকেরা বলছেন যে, প্রায় শ’খানেক গোপন দলিল প্রকাশ হয়ে গেছে। এগুলি মূলতঃ ছিল মার্কিন ইন্টেলিজেন্স সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ বা ‘এনএসএ’, ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি’ বা ‘সিআইএ’, ‘ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি’ বা ‘ডিআইএ’, ‘ড্রাগ এনফোর্সমেন্ট এডমিনিস্ট্রেশন’ বা ‘ডিইএ’, এবং ‘ন্যাশনাল নেকনাইস্যান্স অফিস’ বা ‘এনআরও’এর সংগ্রহ করা এবং বিশ্লেষিত বিভিন্ন তথ্য। ডকুমেন্টগুলির উপর লেখা দেখে বোঝা যায় যে, এগুলি হয়তো সর্বোচ্চ মার্কিন সামরিক কর্মকর্তা জয়েন্ট চিফ অব স্টাফএর চেয়ারম্যান জেনারেল মাইক মিলিএর জন্যে তৈরি করা হয়েছিল। তবে ‘নিউ ইয়র্ক ম্যাগাজিন’ বলছে যে, যেকোন কর্মকর্তা, যার যথেষ্ট উচ্চ পর্যায়ের অনুমতি রয়েছে, তার পক্ষে এগুলি দেখা সম্ভব। ফাঁস হওয়া তথ্য মূলতঃ প্রিন্ট করা বিভিন্ন ডকুমেন্ট এবং স্লাইডের ছবি। বিশ্লেষকেরা বলছেন যে, দেখে বোঝা যাচ্ছে যে, এগুলি কেউ একজন পকেটে পুড়েছিল; এরপর অন্য কোথাও নিয়ে গিয়ে সুযোগ বুঝে সেগুলির ছবি তুলে নিয়েছে। এগুলির কিছুর উপরে লেখা রয়েছে যে, এগুলি মার্কিন বন্ধু দেশগুলির সাথে শেয়ার করার জন্যে। আর অন্যগুলির উপরে লেখা রয়েছে যে, সেগুলি শুধুমাত্র মার্কিনীদের জন্যে। এর থেকে যে ব্যাপারটা বোঝা যায় তা হলো, ডকুমেন্টগুলি যুক্তরাষ্ট্র থেকেই বের হয়েছে; অন্য কারুর কাছ থেকে নয়। ‘ওয়াল স্ট্রীট জার্নাল’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ডকুমেন্টের ছবিগুলির পাশে বিভিন্ন বস্তুও দেখা যাচ্ছে, যেগুলি থেকে হয়তো কে এই কাজটা করেছে, তাকে বের করা যেতে পারে। কিছু ডকুমেন্টে আবার কিছু পরিবর্তন করা হয়েছে। তবে সেটা খুব সম্ভবতঃ ডকুমেন্টগুলি ফাঁস করার পরে করা হয়েছে। যেমন, ইউক্রেন যুদ্ধে রুশ হতাহতের সংখ্যা কমিয়ে দেখানো এবং ইউক্রেনের হতাহতের সংখ্যা বাড়িয়ে দেখানোর ব্যাপারটা নিঃসন্দেহে পরে কেউ করেছে।

কিভাবে, কে বা কারা এগুলি করতে পারে

মার্কিন ওপেন সোর্স ইন্টেলিজেন্স সংস্থা ‘বেলিংক্যাট’এর এক বিশ্লেষণে বলা হচ্ছে যে, মার্চের প্রথম দুই দিনে অনলাইনে ‘ডিসকর্ড’ নামের একটা গেমিং বিষয়ক চ্যাটরুমে কেউ একজন প্রায় ৩০টার মতো ডকুমেন্ট পোস্ট করে। এরপর কিছুদিনের মাঝে সেগুলি অন্যান্য সাইটেও চলে আসে। এরপর মাসখানেক পরে এগুলি ‘টেলিগ্রাম’, ‘ফোরচ্যান’ মেসেজ বোর্ড এবং ‘টুইটার’এ ছড়িয়ে পড়লে তা অনেকের সামনেই চলে আসে। ফেব্রুয়ারি মাসের শেষেও সম্ভবতঃ ‘ডিসকর্ড’এ কিছু ডকুমেন্ট প্রকাশ করা হয়। ‘বেলিংক্যাট’এর সাথে কথা বলতে গিয়ে ‘ডিসকর্ড’এর কিছু ব্যাবহারকারী বলছেন যে, খুব সম্ভবতঃ গত ১৭ই জানুয়ারি আরেকটা সার্ভারে এগুলি শেয়ার করা হয়েছিল। ৭ই এপ্রিল এই ডকুমেন্টগুলির বেশ অনেকগুলি সোশাল মিডিয়াতে আসা শুরু হয়। ডকুমেন্টগুলি খুব সম্ভবতঃ সবচাইতে দেরিতে হলে মার্চ মাসে তৈরি করা হয়েছিল। তবে যে ব্যাপারটা নিশ্চিত নয় তা হলো, এগুলি কি শুধুমাত্র একবারের ঘটনা নাকি ধারাবাহিক ঘটনার অংশ? অথবা যে ফাঁস করেছে, তার কাছে এগুলির বাইরেও কি আরও ডকুমেন্ট রয়েছে কিনা।

কে এই কাজটা করেছে এবং কেন, সেটা এখনও কেউ নিশ্চিত করে বলতে না পারলেও এর পেছনে যে রাশিয়ার হাত নেই, সেব্যাপারে অনেকেই নিশ্চিত। লন্ডনের ‘ব্রুনেল ইউনিভার্সিটি’র শিক্ষক ড্যান লোমাস ‘ফিনানশিয়াল টাইমস’কে বলছেন যে, ডকুমেন্টগুলি একদিকে যেমন তথ্য সংগ্রহে মার্কিন ইন্টেলিজেন্সের দক্ষতাকে তুলে ধরে, তেমনি তা রুশ ইন্টেলিজেন্স ‘এফএসবি’, ‘জিআরইউ’ এবং ‘এসভিআর’এর ভেতরে মার্কিনীদের ঢুকে পড়াকে তুলে ধরে। এমনিতেই ইউক্রেনে তাদের যুদ্ধটা ভালো যাচ্ছে না। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই কেউ এই কাজটা করেছে বলেই মনে হচ্ছে। নিজেদের ভেতরের শত্রুই প্রকৃতপক্ষে বড় শত্রু।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দক্ষিণ কোরিয় প্রেসিডেন্ট ইউন সুক ইয়ুল। যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে পরিচিত মিশর, দক্ষিণ কোরিয়া এবং ইস্রাইলের মতো দেশগুলি হয়তো তাদের রাষ্ট্রের তথ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে চাইবে; যাতে করে এহেন ঘটনায় তাদের দেশের নাম আবারও না আসে। তবে এই দেশগুলি যেহেতু নিরাপত্তা এবং অস্ত্রের দিক থেকে যুক্তরাষ্ট্রের উপর যথেষ্টই নির্ভরশীল, সেকারণে এই দেশগুলির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সহসাই হুমকির মাঝে পড়বে, সেটা আশা করা যায় না। তবে এতে যুক্তরাষ্ট্রের ইমেজ কিছুটা হলেও খর্ব হবে, তা নিশ্চিত।


এর ফলাফল কি হতে পারে

‘দ্যা ওয়াশিংটন পোস্ট’ বলছে যে, তথ্য ফাঁসের পর থেকে পেন্টাগনে তদন্ত শুরু হয়েছে এবং মার্কিন ইন্টেলিজেন্সের ডকুমেন্ট দেখার উপরে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ‘পলিটিকো’র এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, অনেকেই মনে করছেন যে, ঘটনাটা যুক্তরাষ্ট্রের জন্যে খুবই খারাপ হয়েছে; এমনকি হয়তো দশ বছর আগে এডওয়ার্ড স্নোডেনএর ফাঁস করা তথ্যের চাইতেও এগুলি আরও খারাপ ফলাফল বয়ে আনতে পারে। এর কারণ হলো, ডকুমেন্টগুলিতে একেবারে সর্বশেষ তথ্য রয়েছে। এর মাধ্যমে মার্কিনীরা কি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে অথবা কোন উৎস থেকে তারা তথ্য পেয়ে থাকে, সেগুলিও ঝুঁকিতে পড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং চীন সেক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নিতে পারে। ডকুমেন্টগুলিতে ইউক্রেনের কিছু সামরিক দুর্বলতার কথা উল্লেখিত হয়েছে; যা মস্কোর কাছে অজানা থাকলে হয়তো রুশদের ব্যবহারযোগ্য হতে পারে। তবে ডকুমেন্টগুলির আরও একটা সংবেদনশীল দিক হলো এগুলিতে মার্কিন সিগনালস ইন্টেলিজেন্সের বিভিন্ন তথ্য রয়েছে; যেগুলি যুক্তরাষ্ট্রের শত্রু এবং বন্ধু উভয় ধরণের দেশের যোগাযোগ ব্যবস্থার উপর নজরদারির মাধ্যমে সংগৃহীত। এর ফলে অনেক দেশই হয়তো নিজেদের তথ্যের ব্যাপারে আরও সাবধানতা অবলম্বন করবে। আর যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলির সাথে কূটনৈতিক দিক থেকে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে। ‘পলিটিকো’র বিশ্লেষণে বলা হচ্ছে যে, এরূপ গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তথ্যের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেকেই প্রশ্ন করতে পারে যে, গোপনীয়তা রক্ষা করে যুক্তরাষ্ট্রের সরকারের মাঝেই তথ্য শেয়ার করার সক্ষমতা রয়েছে কিনা।

কি ধরণের তথ্য ফাঁস হয়েছে

কেউই ডকুমেন্টগুলির সত্যতা সম্পর্কে পুরোপুরি স্বীকার না করলেও পেন্টাগন একপ্রকার স্বীকারই করে নিয়েছে যে, ঘটনাটা আসলেই ঘটেছে। আর সকল বিশ্লেষকেরাই বলছেন যে, এগুলি যে সত্যি, তার কোন সন্দেহ নেই। ‘ওয়াশিংটন পোস্ট’এর বিশ্লেষণে বলা হচ্ছে যে, গোপন দলিলাদির মাঝে বিশ্বের বিভিন্ন নেতার রুদ্ধদ্বার বৈঠকের উল্লেখ রয়েছে। এর মাধ্যমে অনেকেই ধারণা করে ফেলতে পারে যে, মার্কিনীরা কিভাবে বা কোথায় বা কার মাধ্যমে এই তথ্য জানতে পেরেছে। আবার রুশ ভাড়াটে সামরিক সংস্থা ইউক্রেনে যুদ্ধে করার জন্যে কোন একসময় ন্যাটোভুক্ত দেশ তুরস্ক থেকে অস্ত্র সংগ্রহ করতে চেয়েছিল। এর মাধ্যমেও তথ্যের উৎস বের করে ফেলা সম্ভব হতে পারে। এছাড়াও এমন কিছু তথ্য এখানে এসেছে, যেগুলি এর আগে অপ্রকাশিত মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের দ্বারা সংগৃহীত। এগুলির সক্ষমতা, এমনকি এগুলি যে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে, তা এর আগে কখনোই প্রকাশ করা হয়নি। এখন রুশরা জানতে পারছে যে, কি ধরণের স্যাটেলাইট মার্কিনীরা রুশদের বিরুদ্ধে ব্যবহার করছে।

১। রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতা

‘নিউ ইয়র্ক টাইমস’ বলছে যে, ডকুমেন্টগুলি দেখিয়ে দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র রাশিয়ার গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলিতে গুরুত্বপূর্ণ অবস্থানে এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মাঝে নিজেদের তথ্য সংগ্রহের ব্যবস্থা করে নিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কথোপকথনের উপরে যেমন যুক্তরাষ্ট্র নজরদারি করতে পারছে, তেমনি রুশ ইন্টেলিজেন্স সংস্থা ‘জিআরইউ’এর অভ্যন্তরীণ পরিকল্পনাও মার্কিনীরা জানতে পারছে। এছাড়াও ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর সক্ষমতা এবং পরিকল্পনার ব্যাপারে কাজে লাগানোর মতো ইন্টেলিজেন্স পাচ্ছে যুক্তরাষ্ট্র; যার অনেকটাই মার্কিনীরা খুব সম্ভবতঃ ইউক্রেনিয়দেরকে সরবরাহ করেছে।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসিএর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফেব্রুয়ারির মাঝামাঝি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি গোপনে রাশিয়াতে সরবরাহ করার জন্যে ৪০ হাজার আর্টিলারি রকেট প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। ডকুমেন্টে বলা হয় যে, এল-সিসি বলে দিয়েছেন যাতে করে এই পরিকল্পনা পশ্চিমারা জানতে না পারে।


২। যুক্তরাষ্ট্র তার বন্ধু দেশগুলির নেতৃত্বের উপর গোয়েন্দাবৃত্তি করছে

‘সিএনএন’এর বিশ্লেষণে বলা হচ্ছে যে, একটা ডকুমেন্টে দেখা যাচ্ছে যে, মার্কিনীরা সিগনালস ইন্টেলিজেন্সের মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকির মন্তব্য জানতে পেরেছে; যেখানে জেলেন্সকি বলছেন যে, রাশিয়ার অভ্যন্তরে রস্টোভে ড্রোন বিমানের মাধ্যমে রুশ লজিস্টিকস টার্গেটে হামলা করা যেতে পারে। কারণ ইউক্রেনের হাতে অত দূরে আঘাত করার মতো অস্ত্র নেই। যদিও এটা অবাক করা ব্যপার নয় যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নেতৃত্বের উপরে নজরদারি করছে, তথাপি ইউক্রেনিয়রা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে যে, মার্কিনীদের তথ্য ফাঁসের কারণে ইউক্রেনিয়দের বসন্তকালীন আক্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে।

ফাঁস হওয়া ডকুমেন্টে যা এসেছে, তাতে বোঝা যাচ্ছে যে, দক্ষিণ কোরিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা চিন্তিত ছিলেন যে, তারা যুক্তরাষ্ট্রকে যে আর্টিলারি শেল সরবরাহ করছেন, তা হয়তো ইউক্রেনের হাতেই যাবে। এটা প্রেসিডেন্ট ইউন সুক ইয়ুলএর জন্যে খুবই সমস্যাজনক; কারণ এটা হবে কোরিয়ার দীর্ঘমেয়াদী নীতির বরখেলাপ। এই নীতি অনুযায়ী দক্ষিণ কোরিয়া কোন যুদ্ধেক্ষেত্রে দুই পক্ষের কোন পক্ষকেই অস্ত্র সরবরাহ করে না। আর বেশিরভাগ ভোটারই এই নীতির পক্ষে। গত বছরের জুনে ‘গ্যালাপ কোরিয়া’র এক জরিপে বলা হয় যে, দেশটার ৭২ শতাংশ জনগণ ইউক্রেনকে শুধুমাত্র মেডিক্যাল, খাদ্য এবং অন্যান্য বেসামরিক সহায়তা দেয়ার পক্ষপাতি। অপরদিকে মাত্র ১৫ শতাংশ জনগণ সামরিক সহায়তা দেয়ার পক্ষপাতি। কোরিয়ার ‘ইয়োনহাপ’ সংবাদ সংস্থাকে দেশটার কর্মকর্তারা বলছেন যে, প্রেসিডেন্টের অফিস থেকে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে, খুব কমই সম্ভাবনা রয়েছে যে, মার্কিনীরা কোরিয়ার শীর্ষ নেতাদের কথোপকথন শুনতে পাবে। তারা বলছেন যে, এই তথ্য অসত্য এবং বিকৃত।

‘ওয়াশিংটন পোস্ট’ ফাঁস হওয়া ডকুমেন্টের বিশ্লেষণে বলছে যে, ফেব্রুয়ারির মাঝামাঝি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি গোপনে রাশিয়াতে সরবরাহ করার জন্যে ৪০ হাজার আর্টিলারি রকেট প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। ডকুমেন্টে বলা হয় যে, এল-সিসি বলে দিয়েছেন যাতে করে এই পরিকল্পনা পশ্চিমারা জানতে না পারে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জেইদ বলছেন যে, ইউক্রেন যুদ্ধে মিশরের নিরপেক্ষ থাকার নীতি পরিবর্তিত হয়নি। আর পেন্টাগনের কর্মকর্তারা বলছেন যে, এধরনের কোন পরিকল্পনা বাস্তবায়নের কোন লক্ষণ তারা দেখেননি। এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী বন্ধু দেশ মিশরের সাথে এই ঘটনার কারণে কোন কূটনৈতিক সমস্যা হবে কিনা।

৩। ইউক্রেনের যুদ্ধ সক্ষমতা নিয়ে মার্কিনীদের সন্দেহ রয়েছে

‘ওয়াশিংটন পোস্ট’এর বিশ্লেষণে বলা হচ্ছে যে, ফাঁস হওয়া ডকুমেন্ট থেকে বোঝা যাচ্ছে যে, ইউক্রেনিয়দের বসন্তকালীন আক্রমণের পরিকল্পনার সফলতার ব্যাপারে মার্কিনীদের যথেষ্ট সন্দেহ রয়েছে। ইউক্রেনের সামরিক সরঞ্জাম, গোলাবারুদ এবং সৈন্যের স্বল্পতার কারণে আক্রমণে খুব বেশি একটা জায়গা রুশদের হাত থেকে পুনর্দখল করার সম্ভাবনা নেই। শুধু তাই নয়, ইউক্রেনিয়দের প্রশিক্ষণ এবং গোলাবারুদের স্বল্পতা আক্রমণে তাদের ক্ষয়ক্ষতিকে অনেক বাড়িয়ে দেবে। 

যদিও এটা অবাক করা ব্যপার নয় যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নেতৃত্বের উপরে নজরদারি করছে, তথাপি ইউক্রেনিয়রা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে যে, মার্কিনীদের তথ্য ফাঁসের কারণে ইউক্রেনিয়দের বসন্তকালীন আক্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। যদি ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তেমন কিছু দেখাতে না পারে, তাহলে সেটা এই তথ্য ফাঁসের ঘটনার কারণে হবে না। আর এই মুহুর্তে যুক্তরাষ্ট্রের চাইতে বড় কোন বন্ধু ইউক্রেনের নেই; কাজেই তথ্য ফাঁসের ঘটনার পরেও তারা যুক্তরাষ্ট্রের উপদেশ শুনতেই বাধ্য হবে।

৪। রুশ ‘ওয়াগনার গ্রুপ’ তুরস্কের কাছ থেকে অস্ত্র কিনতে চেষ্টা করছে

ফেব্রুয়ারি মাসের শুরুতে রুশ ভাড়াটে সামরিক সংস্থা ‘ওয়াগনার গ্রুপ’ আফ্রিকার দেশ মালির মাধ্যমে তুরস্কের কাছ থেকে অস্ত্র কিনতে চেয়েছে বলে ‘ওয়াশিংটন পোস্ট’এর বিশ্লেষণে বলা হচ্ছে। মালির অন্তর্বর্তীকালীন নেতৃত্ব এব্যাপারে রাজিও হয়েছে যে, তারা তুরস্কের কাছ থেকে অস্ত্র কিনে তা ‘ওয়াগনার গ্রুপ’কে সরবরাহ করবে, যাতে তারা সেগুলি ইউক্রেনে ব্যবহার করতে পারে। যদি ব্যাপারটা সত্যি হয়, তাহলে বুঝতে হবে যে, তুরস্ক গোপনে ইউক্রেন যুদ্ধের উভয় পক্ষেই অস্ত্র সরবরাহ করছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এব্যাপারে মন্তব্য করতে চায়নি।

৫। ব্রিটেন ও কানাডার ব্যাপারে মার্কিন তথ্য

গত বছর অক্টোবরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস পার্লামেন্ট সদস্যদেরকে বলেছিলেন যে, ইউক্রেনের কাছাকাছি কৃষ্ণ সাগরের আকাশে একটা রুশ যুদ্ধবিমান একটা ব্রিটিশ ‘আরসি-১৩৫’ সামরিক গোয়েন্দা বিমানের প্রায় ১৫ ফুটের মাঝে চলে আসে। আর আরেকটা যুদ্ধবিমান থেকে একটা ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল, যা রুশরা যান্ত্রিক ত্রুটি বলে আখ্যা দিয়েছিল। ফাঁস হওয়া ডকুমেন্টে দেখা যাচ্ছে যে, মার্কিনীরা ধারণা করছিল যে, রুশরা প্রায় ব্রিটিশ বিমানটাকে ভূপাতিত করে ফেলছিল। ব্রিটিশরা অবশ্য ব্যাপারটাকে এভাবে দেখতে চাইছে না।

‘দ্যা গার্ডিয়ান’এর এক বিশ্লেষণে বলা হচ্ছে যে, একটা ফাঁস হওয়া ডকুমেন্টে দেখা যাচ্ছে যে, ইউক্রেনে ন্যাটো দেশগুলির মোট ৯৭ জন স্পেশাল ফোর্সের সদস্য কাজ করছে; যাদের মাঝে ৫০ জনই ব্রিটিশ। এর তুলনায় মার্কিনী রয়েছে মাত্র ১৪ জন এবং ফরাসি মাত্র ১৫ জন। ব্রিটিশ সরকার এই তথ্য নিয়ে কথা বলতে রাজি হয়নি; বরং ফাঁস হওয়া ডকুমেন্টগুলির সত্যতা নিয়ে প্রশ্ন করেছে। আর ফরাসি সরকার অস্বীকার করেছে যে, তাদের কোন সেনা ইউক্রেনের মাটিতে রয়েছে।

আরেকটা ডকুমেন্টে দেখা যাচ্ছে যে, এবছরের শুরুতে রুশ অনলাইন হ্যাকিং গ্রুপ ‘জারইয়া’ কানাডার একটা গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন কোম্পানির নিয়ন্ত্রণ ব্যবস্থায় হ্যাকিং করে অবস্থান নিয়েছে। এই তথ্য হ্যাকাররা রুশ ইন্টেলিজেন্স সংস্থা ‘এফএসবি’র সাথে শেয়ার করেছে এবং ‘এফএসবি’র পক্ষ থেকে হ্যাকারদেরকে চুপচাপ থাকতে নির্দেশনা দেয়া হয়। কানাডিয়রা এই ব্যাপারটাকে অস্বীকার করেছে। ‘গ্লোব এন্ড মেইল’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, এখন পর্যন্ত এমন কোন ঘটনার খবর তারা নিশ্চিত করতে পারেনি।

৬। ইস্রাইলের গোয়ান্দা সংস্থার উপরে যুক্তরাষ্ট্রের নজরদারি


ইস্রাইলের পত্রিকা ‘হারেতস’এর বিশ্লেষণে বলা হচ্ছে যে, একটা ফাঁস হওয়া ডকুমেন্টে দেখা যাচ্ছে যে, পহেলা মার্চের ‘সিআইএ’এর এক ইন্টেলিজেন্স বিশ্লেষণে সিগনালস ইন্টেলিজেন্সের বরাত দিয়ে বলা হয় যে, ইস্রাইলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’এর নেতৃত্ব প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভকে সমর্থন দিয়েছে। এর মাঝে কিছু ক্ষেত্রে বিশেষভাবে প্রধানমন্ত্রীর বিচার ব্যবস্থায় পরিবর্তন আনার বিরুদ্ধে বলা হয়েছে। ইস্রাইলি কর্মকর্তারা ফাঁস হওয়া মার্কিন ডকুমেন্টকে পুরোপুরিভাবে অস্বীকার করেছে। কোন কোন ইস্রাইলিরা বলছেন যে, মার্কিনীরা হয়তো প্রাক্তন মোসাদ নেতাদের খোলাচিঠিকেই গুরুত্ব দিয়ে তাদের বিশ্লেষণে ব্যবহার করেছে।

৭। মধ্য আমেরিকাতে চীনারা সমুদ্রবন্দর চাইছে


‘মায়ামি হেরাল্ড’এর বিশ্লেষণে বলা হচ্ছে যে, একটা ফাঁস হওয়া ডকুমেন্টে দেখা যাচ্ছে যে, চীনারা মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার ‘ব্লুফিল্ডস’এ একটা গভীর সমুদ্রবন্দর তৈরি করতে চাইছে। মার্কিন বিশ্লেষণে বলা হচ্ছে যে, নিকারাগুয়া সরকার হয়তো অর্থনৈতিক বিনিয়োগের বিনিময়ে চীনা নৌবাহিনীকে বন্দর ব্যবহারের অনুমতি দিতে পারে।

৮। সার্বিয়া ইউক্রেনকে অস্ত্র দেয়ায় সম্মত

‘রয়টার্স’এর এক বিশ্লেষণে বলা হচ্ছে যে, ফাঁস হওয়া একটা ডকুমেন্টে সার্বিয়া ইউক্রেনকে অস্ত্র দিতে রাজি হয়েছে অথবা ইতোমধ্যেই অস্ত্র সরবরাহ করেছে। ইউরোপের মাঝে সার্বিয়াকে রাশিয়ার কাছিকাছি বলেই মনে করা হয়। আর সার্বিয়া রাশিয়ার উপরে অবরোধ দিতে অস্বীকার করেছে। ডকুমেন্টে দেখা যায় যে, ২রা মার্চের একটা স্লাইডে দেখানো হচ্ছে যে, সার্বিয়া অস্ত্র দিতে রাজি বা ইতোমধ্যেই দিয়েছে। তবে তারা ইউক্রেনিয়দেরকে প্রশিক্ষণ দিতে রাজি নয়। সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী ব্যাপারটা অস্বীকার করে বলেন যে, তার সরকার অবশ্যই ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে না; কারণ ইউক্রেন যুদ্ধের কোন পক্ষকেই তার দেশ অস্ত্র দেবে না।

অপরদিকে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলি, যারা কিনা যুক্তরাষ্ট্রের সাথে ‘ফাইভ আইজ’ ইন্টেলিজেন্স জোটের অংশ, তারা স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলাতে উপদেশ দেবে; যা কিনা ওয়াশিংটনের জন্যে অপমানজনক। বিশ্বের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র নিজেদের তথ্য গোপন রাখতে পারছে না, এটা সত্যিই অবাক করার মতো। এডওয়ার্ড স্নোডেনের মতো আরও লোক যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় কাগজপত্র উন্মুক্ত করে দিতে চাইছে - এটা ছোট কোন বিষয় নয়; বরং তা রাষ্ট্রীয় দুর্বলতার লক্ষণ।


যুক্তরাষ্ট্রের বন্ধুরা এটাকে কিভাবে দেখছে?

দক্ষিণ কোরিয়ার উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিম তায়ে-হিও সাংবাদিকদের বলছেন যে, যুক্তরাষ্ট্র হলো এমন একটা দেশ, যাদের রয়েছে বিশ্বের সবচাইতে ভালো গোয়েন্দা সক্ষমতা। আর কোরিয়রা সর্বদাই যুক্তরাষ্ট্রের সাথে সকল প্রকারের ইন্টেলিজেন্স শেয়ার করে থাকে। তিনি অস্বীকার করেন যে, এধরণের তথ্য ফাঁসের কারণে দুই দেশের সম্পর্কে কোন প্রকারের ভাটা পড়তে পারে। মিশর এবং ইস্রাইলের পক্ষ থেকেও ফাঁস হওয়া তথ্যকে গুরুত্বহীন বলে আখ্যা দেয়া হয়েছে এবং ঘটনার সত্যতা অস্বীকার করা হয়েছে। কোরিয়া, মিশর বা ইস্রাইল ব্যাপারটাকে কম গুরুত্ব দিয়ে প্রচার করলেও কেউ কেউ ব্যাপারটাকে অনেক বড় বলেই চিন্তা করছেন। অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল এনগাস ক্যাম্পবেল থিঙ্কট্যাঙ্ক ‘লোয়ি ইন্সটিটিউট’এর এক অনুষ্ঠানে মন্তব্য করেন যে, এপ্রকারের তথ্য ফাঁসের ঘটনা বন্ধুদের কাছে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতায় আঘাত করতে পারে। এই তথ্য কিভাবে পত্রিকার প্রথম পাতায় চলে আসছে, সেই প্রশ্ন তুলে জেনারেল ক্যাম্পবেল বলছেন যে, এই প্রকারের তথ্য গোপন রাখার একটা জাতীয় নিরাপত্তার বাধ্যবাধকতা ছিল।

তথ্য ফাঁসের ঘটনায় ইউক্রেন যুদ্ধে বড় কোন পরিবর্তন আসার সম্ভাবনা কম। কারণ ঘটনা ঘটার আগে থেকেই উভয় পক্ষই যুদ্ধক্ষেত্রে বড় কোন আক্রমণে যাবার মতো অবস্থায় ছিল না। যদি ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তেমন কিছু দেখাতে না পারে, তাহলে সেটা এই তথ্য ফাঁসের ঘটনার কারণে হবে না। আর এই মুহুর্তে যুক্তরাষ্ট্রের চাইতে বড় কোন বন্ধু ইউক্রেনের নেই; কাজেই তথ্য ফাঁসের ঘটনার পরেও তারা যুক্তরাষ্ট্রের উপদেশ শুনতেই বাধ্য হবে। অপরদিকে রাশিয়া তার ইন্টেলিজেন্সের বিশাল ফুঁটোগুলো কিছুটা হলেও মেরামতের সুযোগ পাবে। তবে সেই সুযোগও অসীম নয়।

যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে পরিচিত মিশর, দক্ষিণ কোরিয়া এবং ইস্রাইলের মতো দেশগুলি হয়তো তাদের রাষ্ট্রের তথ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে চাইবে; যাতে করে এহেন ঘটনায় তাদের দেশের নাম আবারও না আসে। তবে এই দেশগুলি যেহেতু নিরাপত্তা এবং অস্ত্রের দিক থেকে যুক্তরাষ্ট্রের উপর যথেষ্টই নির্ভরশীল, সেকারণে এই দেশগুলির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সহসাই হুমকির মাঝে পড়বে, সেটা আশা করা যায় না। তবে এতে যুক্তরাষ্ট্রের ইমেজ কিছুটা হলেও খর্ব হবে, তা নিশ্চিত।

অপরদিকে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলি, যারা কিনা যুক্তরাষ্ট্রের সাথে ‘ফাইভ আইজ’ ইন্টেলিজেন্স জোটের অংশ, তারা স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলাতে উপদেশ দেবে; যা কিনা ওয়াশিংটনের জন্যে অপমানজনক। বিশ্বের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র নিজেদের তথ্য গোপন রাখতে পারছে না, এটা সত্যিই অবাক করার মতো। এডওয়ার্ড স্নোডেনের মতো আরও লোক যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় কাগজপত্র উন্মুক্ত করে দিতে চাইছে - এটা ছোট কোন বিষয় নয়; বরং তা রাষ্ট্রীয় দুর্বলতার লক্ষণ। যে ব্যাপারটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য তা হলো, ঘটনাটা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবকে আরও একধাপ কমতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্র যদি আদর্শিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী অবস্থানে থাকতো, তাহলে এরূপ ঘটনা খুব একটা ক্ষতিকর হতো না। ক্ষতি কতটা হয়েছে, সেটাও মার্কিনীরা পুরোপুরি বুঝতে পারছে কিনা, সেটা নিয়েও সন্দেহ রয়েছে। ব্যাপারটা অনেকটা ‘ভয়েস অব আমেরিকা’র মতো। তাদের এক প্রতিবেদনে তারা এই ডকুমেন্টগুলির ছবি ঝাপসা করে দিয়ে প্রকাশ করেছে। যখন এটা পত্রিকার হেডলাইন হয়ে গিয়েছে এবং পুরো ইন্টারনেটে ছড়িয়ে গেছে, তখন এহেন প্রচেষ্টা হাস্যকরই বটে।

Wednesday, 20 April 2022

ফিনল্যান্ড রাশিয়ার জন্যে কতবড় হুমকি?

২১শে এপ্রিল ২০২২

মার্চ ২০২২। লন্ডনে ব্রিটিশ নেতৃত্বে 'জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্স'এর বৈঠক। ন্যাটোতে যোগদানের আগেই সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোর সাথে সহযোগিতাকে বহুদূরে এগিয়ে নিয়ে গেছে; যা কিনা চিন্তাগত মিল না থাকলে হতো না। এই দুই দেশের লিবারাল সমাজ বাকি ইউরোপের সাথে এতটাই সামঞ্জস্যপূর্ণ যে, এটা বিশ্বাস করাটা কঠিন যে, ন্যাটো এবং এই দুই দেশ আলাদা কিছু। ন্যাটোর ‘আর্টিকেল ৫’ বলছে যে, একটা ন্যাটো সদস্য দেশ আক্রান্ত হলে বাকিরা সরাসরি সহায়তা দেবে। সুইডেন এবং ফিনল্যান্ড এই আর্টিকেলের অংশ নয়; তবে তারা সেখান থেকে খুব বেশি দূরেও নয়।

 
ইউক্রেনে রুশ হামলা শুরু হবার পর থেকে উত্তর ইউরোপের নরডিক অঞ্চলের সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আলোচনা শোনা যাচ্ছে। এই দুই দেশ ন্যাটোতে যোগদান করবে কিনা সেই প্রশ্নের চাইতে এদের ন্যাটোতে যোগদানের প্রেক্ষাপট এবং আঞ্চলিক ভূরাজনীতিতে এর প্রভাব বুঝতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ। ‘ডিফেন্স নিউজ’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, একদিকে ফিনল্যান্ড যেমন ন্যাটোতে যোগদানের ব্যাপারে দ্রুত অগ্রগামী হতে চাইছে, অন্যদিকে সুইডেন চিন্তাভাবনা করে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে। গত ১৩ই এপ্রিল সুইডেনের রাজধানী স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসনের সাথে যৌথ সংবাদ সন্মেলনে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন বলেন যে, ইউক্রেনে রুশ হামলা ফিনল্যান্ডের নিরাপত্তা কৌশলকে নতুনভাবে দেখতে বাধ্য করেছে। তিনি বলেন যে, কোন সময় বেঁধে না দিলেও ফিনল্যান্ড কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মাঝে ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অপরদিকে সুইডিশ প্রধানমন্ত্রী এন্ডারসন বলেন যে, সুইডেন তার স্বার্থের জন্যে কোনটা ভালো, সেব্যাপারে যথেষ্ট চিন্তা করেই সিদ্ধান্ত নেবে। পরদিন ১৪ই এপ্রিল রুশ সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন যে, সুইডেন এবং ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে রাশিয়া বল্টিক সাগরে আগের সমঝোতা বাতিল করে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে। ১২ই এপ্রিল ‘ফিনিস বিজনেস পলিসি ফোরাম’এর প্রকাশিত এক জরিপে বলা হচ্ছে যে, দেশের ৮৪ শতাংশ জনগণ রাশিয়াকে ফিনল্যান্ডের প্রতি বড় হুমকি বলে মনে করছে। ৬০ শতাংশ মানুষ ন্যাটোতে যোগ দেয়ার পক্ষপাতি; যেখানে গত বছর অক্টোবরে তা ছিল মাত্র ২৬ শতাংশ।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ন্যাটোতে যোগদানের আগেই সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোর সাথে সহযোগিতাকে বহুদূরে এগিয়ে নিয়ে গেছে; যা কিনা চিন্তাগত মিল না থাকলে হতো না। এই দুই দেশের লিবারাল সমাজ বাকি ইউরোপের সাথে এতটাই সামঞ্জস্যপূর্ণ যে, এটা বিশ্বাস করাটা কঠিন যে, ন্যাটো এবং এই দুই দেশ আলাদা কিছু। ন্যাটোর ‘আর্টিকেল ৫’ বলছে যে, একটা ন্যাটো সদস্য দেশ আক্রান্ত হলে বাকিরা সরাসরি সহায়তা দেবে। সুইডেন এবং ফিনল্যান্ড এই আর্টিকেলের অংশ নয়; তবে তারা সেখান থেকে খুব বেশি দূরেও নয়। ১৯৯৪ সালে এই দুই দেশ ন্যাটোর ‘পার্টনারশিপ ফর পীস’ প্রকল্প এবং ১৯৯৭ সালে ‘ইউরো আটলান্টিক পার্টনারশিপ কাউন্সিল’এর অংশ হয়। উভয় দেশই ন্যাটোর ‘পার্টনারশিপ ইন্টারঅপারাবিলিটি ইনিশিয়েটিভ’এর অধীনে আফগানিস্তান, বলকান এবং ইরাকে সেনা পাঠিয়েছিল।

নরওয়েতে সদ্য সমাপ্ত হওয়া ন্যাটোর বিশাল সামরিক মহড়া ‘কোল্ড রেসপন্স ২০২২’এ সুইডেন এবং ফিনল্যান্ড অংশ নেয়। এই দুই দেশের সেনারা মহড়ায় ন্যাটোর সেনাদের শত্রুর ভূমিকায় অবতীর্ণ হয়ে তাদেরকে অতি ঠান্ডা আবহাওয়ায় যুদ্ধ করার জন্যে প্রশিক্ষণ দেয়। এছাড়াও নরডিক অঞ্চল এবং বল্টিক সাগরের নিরাপত্তা দিতে ব্রিটিশ নেতৃত্বে তৈরি করা ‘জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্স’ বা ‘জেইএফ’এর সদস্য হিসেবে সুইডেন এবং ফিনল্যান্ড নাম লেখায় ২০১৭ সালে। ‘জেইএফ’এর অধীনেও ২০১৯ সালে বল্টিক ও উত্তর সাগরে বড় আকারের মহড়া হয়, যেখানে এই দুই দেশ অংশ নেয়। গত মার্চ মাসে লন্ডনে ‘জেইএফ’এর বৈঠক ছাড়াও বল্টিক সাগরে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে সুইডেন অংশ নেয়।

তথাপি রাশিয়ার সাথে সরাসরি সীমানা এবং দীর্ঘ সংঘাতের ইতিহাসের কারণে ফিনল্যান্ডের ইতিহাস বেশকিছুটা আলাদা; যদিও সেখানে বাকি নরডিক দেশ নরওয়ে এবং সুইডেনকে আলাদা করে দেখাটা কঠিন।

ফিনল্যান্ড – নারী শাসিত সমাজ, নাকি অন্য কিছু?

ফিনল্যান্ডের লিবারাল চিন্তার রাজনৈতিক পরিমন্ডলে যেকেউ মহিলাদের দাপট দেখতে পাবে। দেশটার বর্তমান প্রধানমন্ত্রী সান্না মারিন মাত্র ৩৪ বছর বয়সে ২০১৯ সালে দেশের প্রধানমন্ত্রী হন। তার ক্যাবিনেটে তার ‘সোশাল ডেমোক্র্যাটিক পার্টি’ ছাড়াও রয়েছে আরও চারটা কোয়ালিশন দলের মন্ত্রী। ক্যাবিনেটের ১৯ জন মন্ত্রীর মাঝে ১২ জনই মহিলা; যাদের বেশিরভাগের বয়সই ৪০ বছরের নিচে! ইতোমধ্যেই তার ক্যাবিনেট সদস্যরা মন্ত্রীপদে বহাল থেকে ৮ সন্তানের জন্ম দিয়েছেন; এবং একজন এখনও অন্তঃসত্ত্বা! ‘সেন্টার পার্টি’র ৩২ বছর বয়সী প্রধান কাত্রি কুলমিনি ছিলেন অর্থমন্ত্রী। দলে তাকে প্রতিস্থাপন করা ব্যক্তিটিও একজন মহিলা। আইনমন্ত্রী হয়েছেন ৫৬ বছর বয়সী সুইডিশ ভাষাভাষী অভিজ্ঞ আনা হেনরিকসন; যিনি ‘সুইডিশ পিপলস পার্টি’র উপপ্রধান। বামপন্থী ‘লেফট এলায়েন্স’এর প্রধান ৩২ বছর বয়সী লি এন্ডারসন শিক্ষামন্ত্রী হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ‘গ্রীন লীগ’এর প্রধান ৩৫ বছর বয়সী মারিয়া ওহিসালো। কেউ কেউ মন্তব্য করেছেন যে, মারিনের ক্যাবিনেটের মাত্র ৩৭ শতাংশ পুরুষ হবার কারণে লিঙ্গবৈষম্য তৈরি হচ্ছে! কিন্তু আসলেই কি ফিনল্যান্ডের নীতি মহিলা রাজনীতিবিদেরা নিয়ন্ত্রণ করছে? ফিনল্যান্ডের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে, দেশটার দীর্ঘমেয়াদী নীতির উপর স্বল্প সময়ের জন্যে নির্বাচিত এই রাজনীতিবিদদের প্রভাব যথেষ্টই কম। যে ব্যাপারটা নিশ্চিত তা হলো, রাষ্ট্রের ভিত এই রাজনীতিবিদেরা নন। দেশটার লিবারাল সংস্কৃতির সাথে সাংঘর্ষিক চিন্তাগুলি, বিশেষ করে প্রতিরক্ষার ক্ষেত্রে কঠোর নীতিগুলি সেদিকেই ইঙ্গিত দেয়। ফিনল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি এবং দীর্ঘমেয়াদী নীতি সংঘাতের ভূরাজনীতি, বিশেষ করে রাশিয়ার সাথে সংঘাত দ্বারা যথেষ্টই প্রভাবিত।

 

রাশিয়ার সাথে ফিনল্যান্ডের বিশাল সীমানা হাজারো হ্রদে পরিপূর্ণ হওয়ায় রাশিয়া থেকে আক্রমণ করে ফিনল্যান্ডের জমি দখল করাটা একেবারেই অবাস্তব। একইসাথে দেশটার অতিশীতল আবহাওয়া এবং দেশের মানুষের যুদ্ধ করার সক্ষমতা দেশটাকে দখলের জন্যে অনুপযুক্ত করে তোলে; যেটা সোভিয়েতরা টের পেয়েছে।

ফিনল্যান্ডের ভূকৌশলগত অবস্থান

ফিনল্যান্ডের পশ্চিমে রয়েছে বথনিয়া উপসাগর; যার পশ্চিমে রয়েছে সুইডেন। উত্তর পশ্চিমে রয়েছে সুইডেন এবং নরওয়ে। পূর্বের প্রায় পুরোটাই রাশিয়া। আর দক্ষিণে রয়েছে ফিনল্যান্ড উপসাগর; যার ওপাড়ে রয়েছে এস্তোনিয়া। দক্ষিণ পূর্বে কারেলিয়ান যোযক পার হয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ শহর এবং বন্দর সেইন্ট পিটার্সবার্স। এই সরু যোযকের পশ্চিমে ফিনল্যান্ড উপসাগর এবং পূর্বে লাদোগা হ্রদ। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এই যোযকের পুরোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দখল করে নেয়। রাশিয়া এখনও এটার মালিক। রাশিয়ার হাতে থাকলে এই যোযক সেইন্ট পিটার্সবার্গকে স্ট্র্যাটেজিক ডেপথ দেয়।

দেশটার বেশিরভাগ মানুষ উপকূলীয় সমতলে বসবাস করে। এখানে বার্লি, রাই এবং আলুর চাষ হলেও উত্তর মেরুর বেশ কাছে হওয়ায় এখানে কৃষির সম্ভাবনা সর্বদাই একটা নির্দিষ্ট গন্ডির মাঝে সীমাবদ্ধ। ২ লক্ষাধিক মানুষ বাস করে এমন ৫টা শহর রয়েছে ফিনল্যান্ডে। এছাড়াও আরও ১’শ ৭টা ছোট শহর রয়েছে। বেশিরভাগ শহরই উপকূলের পাশে এবং কোন না কোন বড় কারখানাকে ঘিরে গড়ে উঠেছে। উপকূলীয় অঞ্চলে আরও রয়েছে ১ লক্ষ ৮০ হাজার দ্বীপ; যার বেশিরভাগ সুইডেন এবং ফিনল্যান্ডের মূল ভূখন্ডের মাঝে। ৫৫ লক্ষ মানুষের দেশ ফিনল্যান্ড; যেখানে প্রতি বর্গ কিঃমিঃএ ইইউএর মাঝে সবচাইতে কম লোকের বসবাস।

দেশটার ‘লেইক ডিসট্রিক্ট’ বা হ্রদ অঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলে রাশিয়ার সীমানা ঘেঁষে অবস্থিত। পুরো ফিনল্যান্ডে ৫৬ হাজারের বেশি হ্রদ রয়েছে; যেগুলি বিভিন্ন হিমবাহের বরফ গলা পানি থেকে সৃষ্ট! সবচাইতে বেশি হ্রদ রয়েছে ‘লেইক ডিসট্রিক্টে’। সবচাইতে বড় সাইমা হ্রদকে একটা খালের মাধ্যমে ফিনল্যান্ড উপসাগরের সাথে যুক্ত করা হয়েছে। এই খাল দিয়ে হ্রদ অঞ্চলের কাঠ বার্জে করে পরিবহণ করা হয়। ইইউএর মাঝে সবচাইতে বেশি কাঠ উৎপাদন করে ফিনল্যান্ড। দেশটার ৮০ শতাংশ ভূমিই মূলতঃ বনভূমি। তবে নদী, হ্রদ এবং জলাভূমি যোগ করলে মোট জলাভূমি দেশটার প্রায় এক তৃতীয়াংশ। দেশটার সর্বউত্তরে রয়েছে ল্যাপল্যান্ড এলাকা, যেখানে অক্টোবরের শুরু থেকে মে মাসের শুরু পর্যন্ত শীতকাল থাকে। শীতকালে উত্তরাঞ্চল সূর্য দেখেনা; আর গ্রীষ্মকালে সূর্য অস্তই যায়না! এখানকার বেশিরভাগ নদীই পুরোপুরিভাবে বরফে ঢাকা। স্বল্প সময়ের গ্রীষ্মকালে এখানকার বরফ গলে বিশাল জলাভূমি তৈরি করে।

সমুদ্রসোতের কারণে উপকূলীয় অঞ্চলে শীতকাল এবং গ্রীষ্মকালের সময় সমান। হেলসিনকিতে গ্রীষ্মকালীন তাপমাত্রা গড়ে ১৭ ডিগ্রী সেলসিয়াসের মতো থাকে। তবে শীতকালে তা গড়ে শূণ্যের নীচে ৫ ডিগ্রীর মতো থাকে। তারপরেও অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত তুষারপাত হয় এবং দেশটার অপাক্ষাকৃত উষ্ণ উপকূলীয় অঞ্চলও বছরে ৩ থেকে ৪ মাস বরফাচ্ছাদিত থাকে। দেশটায় তেমন কোন বড় পাহাড় না থাকলেও উত্তর এবং পূর্বাঞ্চলের এলাকাকে ‘বিপজ্জনক’ বলে বলা হয়। সর্বোচ্চ পাহাড় মাত্র ১৩’শ মিটার উঁচু।

ফিনল্যান্ডের দক্ষিণ উপকূল মাত্র ৮০ কিঃমিঃ চওড়া ফিনল্যান্ড উপসাগরের উপর কর্তৃত্ব করছে। একারণেই সেইন্ট পিটার্সবার্গ থেকে বের হওয়া যেকোন রুশ জাহাজের উপর ফিনল্যান্ড নজর রাখতে পারে এবং দরকার বিশেষে সেগুলিকে হুমকিতেও ফেলতে পারে। সেইন্ট পিটার্সবার্গ থেকে রাশিয়ার জাহাজের মহাসমুদ্রে পৌঁছাবার জন্যে বৈরী ফিনল্যান্ড একটা বড় হুমকি। সেকারণেই রাশিয়া সর্বদা চায় ফিনল্যান্ড অন্ততঃ তার বিরুদ্ধে না যাক। কারেলিয়ান যোযক সেইন্ট পিটার্সবার্গের নিরাপত্তা জন্যে গুরুত্বপূর্ণ; যেকারণে রাশিয়া যুদ্ধ করে এই অঞ্চল দখল করেছিল। তবে রাশিয়ার সাথে ফিনল্যান্ডের বিশাল সীমানা হাজারো হ্রদে পরিপূর্ণ হওয়ায় রাশিয়া থেকে আক্রমণ করে ফিনল্যান্ডের জমি দখল করাটা একেবারেই অবাস্তব। একইসাথে দেশটার অতিশীতল আবহাওয়া এবং দেশের মানুষের যুদ্ধ করার সক্ষমতা দেশটাকে দখলের জন্যে অনুপযুক্ত করে তোলে; যেটা সোভিয়েতরা টের পেয়েছে।

ফিনল্যান্ড – যাকে কেউই চায়নি

ন্যাপোলিয়নের সময় ঊনিশ শতকের শুরুতে রুশরা চাইছিল যে, সুইডেন ব্রিটিশ রয়াল নেভিকে বল্টিক সাগরে ঢুকতে বাধা দিক। সুইডেন সেটা করতে রাজি না হওয়ায় ১৮০৮ সালে সুইডেনের কাছ থেকে রুশরা ফিনল্যান্ড নামের এলাকাটা দখল করে নেয়। পরের বছর ফিনিসরা রাশিয়ার অধীনত্ব মেনে নেয়। গ্র্যান্ড ডাচি অব ফিনল্যান্ড নামে রাশিয়ার অধীনে একটা রাজ্য গঠিত হয়। ফিনল্যান্ডের অঞ্চলগুলি রাশিয়ার সাথে পরবর্তী চুক্তিগুলির মাধ্যমে নিশ্চিত করা হয়। তবে ফিনল্যান্ড স্বাধীন ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়া দুর্বল হয়ে পড়লে জার্মানরা ফিনল্যান্ডের কর্তৃত্ব নিয়ে নেয়। এরপর জার্মান এবং রাশিয়ায় ক্ষমতা নেয়া সোভিয়েতদের সমর্থকদের মাঝে ফিনল্যান্ডে গৃহযুদ্ধ চলে, যার মাঝ দিয়ে দেশটার স্বাধীন অস্তিত্বের আলোচনার শুরু। এখানে ব্রিটিশ বা ফরাসিদের কোন ভূমিকা ছিল না; কারণ তারা ফ্রান্সের রণাঙ্গনে ব্যস্ত ছিল। তবে ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের মাধ্যমে ফিনল্যান্ড থেকে জার্মান সেনারা চলে যায়। ১৯১৯ সাল থেকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্রিটিশ এবং ফরাসি মিত্রশক্তি যুদ্ধ শুরু করে। সেসময় তাদের ফোকাস ছিল রাশিয়ার উত্তরাঞ্চল এবং এস্তোনিয়া; ফিনল্যান্ড নয়। ব্রিটিশরা এস্তোনিয়া এবং লাটভিয়ার জন্ম দিলেও ফিনল্যান্ড কারুর কাছেই গুরুত্ব পায়নি। রাশিয়ায় ক্ষমতা নেয়া বলশেভিকরা ১৯২০ সালে ফিনল্যান্ডকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যদিও তারা এস্তোনিয়া এবং লাটভিয়াকে দখল করে নিয়েছিল। অর্থাৎ তখন পর্যন্ত ফিনল্যান্ড রাশিয়ার কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। এই হিসেবটা অবশ্য খুব অল্প সময়ের মাঝেই পাল্টে যায়, যখন সোভিয়েত ইউনিয়ন নিজেদেরকে সংগঠিত করে ক্রমেই আগ্রাসী হতে থাকে। এসময়েই রাশিয়ার উপর নির্ভরশীল ফিনল্যান্ড রাশিয়াকে হুমকি হিসেবে দেখতে থাকে।

১৯৩৯-৪০ সালের 'উইন্টার' যুদ্ধ। এই যুদ্ধে ফিনল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সোভিয়েতরা ফিনল্যান্ডের বৈরী আবহাওয়া, কঠিন ভূপ্রকৃতি এবং ফিনিস সেনাদের দৃঢ়তার ব্যাপারে একটা ধারণা পায়।


রাশিয়ার সাথে ফিনল্যান্ডের সম্পর্ক অবিশ্বাসের

তবে জন্মের পর থেকেই ফিনল্যান্ডের প্রতিরক্ষা চিন্তাটা ছিল রাশিয়াকে ঘিরে। রাশিয়ার সাথে দেশটার ১৩’শ ৪০ কিঃমিঃএর বিশাল স্থলসীমানা রয়েছে। আর এই পুরো সীমানা জুড়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে ১৯৩৯ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে ফিনল্যান্ড। ১৯৩৯ সালের নভেম্বর থেকে ১৯৪০ সালের মার্চ মাস পর্যন্ত ‘উইন্টার’ যুদ্ধ বলে পরিচিত সংঘাতে সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে বসে। এসময় ব্রিটিশ এবং ফরাসিরা ফিনিসদের কোন সহায়তা দেয়নি। তবে প্রচন্ড শীতের মাঝে তিন মাস যুদ্ধের পর উভয় পক্ষই যুদ্ধ শেষ করতে বাধ্য হয়। ফিনল্যান্ডের অফিশিয়াল হিসেবে সেই যুদ্ধে প্রায় ২৬ হাজার মানুষ নিহত হয় এবং আরও প্রায় ৪৪ হাজার হয় আহত। সোভিয়েতরা যুদ্ধে সাড়ে ৪৮ হাজার মৃত এবং দেড় লক্ষাধিক আহত ও শীতে অসুস্থ হওয়ার কথা স্বীকার করে। তবে পরবর্তী রুশ গবেষকেরা মৃতের সংখ্যাকে ৫৩ হাজার থেকে ৬৪ হাজার বলে দাবি করেছেন। আরও কিছু গবেষণায় এই সংখ্যা ১ লক্ষাধিক বলেও উল্লেখ করা হয়। যুদ্ধে সোভিয়েতরা ১ হাজারের বেশি ট্যাংক এবং ২’শর বেশি যুদ্ধবিমান হারায়। এই যুদ্ধে ফিনল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সোভিয়েতরা ফিনল্যান্ডের বৈরী আবহাওয়া, কঠিন ভূপ্রকৃতি এবং ফিনিস সেনাদের দৃঢ়তার ব্যাপারে একটা ধারণা পায়। ১৯৪১ সালে জার্মানরা সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পরে ফিনল্যান্ড জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দেয়। ১৯৪৪ সাল পর্যন্ত সোভিয়েতদের সাথে এই যুদ্ধে ফিনিশরা আরও ৬৩ হাজার মানুষ হারায়; এছাড়াও আরও দেড় লক্ষাধিক হয় আহত। অপরদিকে সোভিয়েতরা হারায় আড়াই লক্ষাধিক সেনা; এবং আরও সাড়ে ৫ লক্ষের বেশি আহত ও শীতে অসুস্থ্য হয়। যুদ্ধে ফিনিসরা গড়ে সাড়ে ৪ লক্ষ সেনা যুদ্ধক্ষেত্রে মোতায়েন রেখেছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে ফিনল্যান্ডের সোভিয়েত বিরোধী অবস্থান তাদেরকে পরবর্তীতে ভুগিয়েছে; কারণ ১৯৪৫ সালে জার্মানি যুদ্ধে হেরে যায়। বিজয়ী সোভিয়েতদের কাছে ফিনিসরা ভাইবর্গ বন্দর শহর সহ বেশকিছু ভূমি ছেড়ে দিতে বাধ্য হয় এবং যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে ৮ বছরের মাঝে ৩’শ মিলিয়ন ডলার দিতে রাজি হয়। এছাড়াও সমরাস্ত্র তৈরি এবং রাখার ব্যাপারে ফিনল্যান্ডের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা ছিল; যেমন ফিনল্যান্ডের নৌবাহিনীতে কোন সাবমেরিন থাকতে পারবে না। এছাড়াও রাজধানী হেলসিনকির দক্ষিণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পোরক্কালা উপদ্বীপ ৫০ বছরের জন্যে সোভিয়েত ইউনিয়নের কাছে লীজ দিতে বাধ্য হয় ফিনল্যান্ড। এই উপদ্বীপ রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ বন্দর থেকে বের হওয়া যেকোন জাহাজের ফিনল্যান্ড উপসাগর অতিক্রম করার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। পোরক্কালা থেকে মাত্র ৮০ কিঃমি দক্ষিণে রয়েছে এস্তোনিয়ার টালিন বন্দর; এই দুয়ের মাঝ দিয়ে রাশিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ গিয়েছে। তবে সোভিয়েতরা ১৯৫৬ সালেই এই উপদ্বীপ ফিনল্যান্ডের কাছে ফিরিয়ে দেয়।

ঠান্ডা যুদ্ধ পরবর্তী ফিনল্যান্ডের প্রতিরক্ষা চিন্তা


পুরো ঠান্ডা যুদ্ধের মাঝে ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নকে তুষ্ট করেই চলেছে। তবে পশ্চিমের সাথে তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়েছে। ১৯৯০ সালে জার্মানির একত্রীকরণ এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ১৯৪৭ সালের যুদ্ধের বাধ্যবাধকতাসমূহকে বাতিল বলে ঘোষণা দেয়। ততদিনে ফিনল্যান্ডের লিবারাল নীতির কারণে পশ্চিমারা ব্যাপারটাকে খারাপ চোখে দেখেনি। ফিনল্যান্ড সাবমেরিন রাখার নীতি পরিবর্তন করলেও এখনও তারা কোন সাবমেরিন ক্রয়ের পরিকল্পনা করেনি। যদিও সাম্প্রতিক সময়ে রাশিয়ার সাথে উত্তেজনার মাঝে ব্যাপারটা আলোচিত হচ্ছে।

রাশিয়ার সাথে ফিনল্যান্ডের বিশাল সীমানা রক্ষা করতে ফিনিসরা কিছু নীতির পক্ষে, যা কিনা পশ্চিমা লিবারাল চিন্তার সাথে সাংঘর্ষিক। ১৯৯৯ সালে ‘অটোয়া কনভেশন’এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারত ব্যাতীত বিশ্বের বেশিরভাগ দেশ এন্টি-পার্সোনেল মাইন বা একজন মানুষ হত্যা বা আহত করার মতো ক্ষমতার মাইন তৈরি, ব্যবহার, স্টক বা রপ্তানি না করার ব্যাপারে সম্মত হয়। ২০১১ সালে পশ্চিমা দেশগুলির মাঝে শেষ দেশ হিসেবে ফিনল্যান্ড এই কনভেনশনে স্বাক্ষর করে। ‘রয়টার্স’ বলছে যে, দেশটার অনেকেই রাশিয়ার সাথে তাদের বিশাল স্থলসীমানা রক্ষার্থে মাইনকে অতি প্রয়োজনীয় হিসেবে দেখে। ২০১৮ সালে তৎকালীন ফিনিস প্রতিরক্ষামন্ত্রী জুসসি নিনিস্তো সাংবাদিকদের বলেন যে, ফিনল্যান্ড নিজেদের মতো করে ‘বাউন্ডিং মাইন’ ধরণের একটা মাইন ডেভেলপ করছে, যা রিমোট কন্ট্রোলে কাজ করবে। ট্রিগার টিপলে এই মাইন মাটি থেকে লাফ দিয়ে উপরে উঠে গিয়ে বহু বুলেটে বিভক্ত হয়ে মাটিতে থাকা শত্রুদের সকলকে একত্রে ঘায়েল করবে। তিনি বলেন যে, দেশের জরুরী প্রয়োজনে ‘অটোয়া কনভেনশন’এর মত চুক্তিগুলি অদরকারি কাগজ হয়ে যেতে পারে।

ফিনল্যান্ডে সকল পুরুষদের সেনাবাহিনীতে সার্ভিস দেয়া বাধ্যতামূলক। দেশটার সেনাবাহিনীর সদস্যসংখ্যা মাত্র ২০ হাজারের মতো; যা যুদ্ধের সময় বহুগুণ করার পরিকল্পনা রয়েছে। ১৯৯৫ সালে ফিনল্যান্ড প্রথমবারের মতো তাদের সেনাবাহিনীতে মহিলাদের রিক্রুট করা আরম্ভ করে। তবে মহিলাদের ক্ষেত্রে সার্ভিস হলো ঐচ্ছিক। গড়ে প্রতিবছর মোট রিক্রুটের প্রায় আড়াই শতাংশ থাকে মহিলা। ২০১৮ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী নিনিস্তো এক টেলিভিশন সাক্ষাতে বলেন যে, ফিনল্যান্ডের প্রতিরক্ষার একটা মূল স্তম্ভ হলো সম্ভাব্য যুদ্ধের সময় ২ লক্ষ ৮০ হাজার সেনার একটা বাহিনী তৈরি করতে পারার মতো সক্ষমতা তৈরি করা। আর সেটা নিশ্চিত করতে শুধু পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক রিক্রুট করলেই হবে না; মহিলাদেরকেও এই পরিকল্পনার মাঝে আনতে হবে। ‘বিবিসি’র এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, নিনিস্তো ফিনল্যান্ডের সামরিক বাহিনীতে মহিলাদের ভূমিকা নিয়ে নতুন একটা আলোচনার জন্ম দিয়েছেন; যা দেশটার নিরাপত্তার সাথে সম্পর্কিত। তবে দেশটার পুরো সমাজেই নারী নির্যাতনের পরিস্থিতি ভয়াবহ। লিবারাল সমাজ হলেও দেশটার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরিপের হিসেবে ফিনল্যান্ডের ৩৫ বছরের নিচে সকল মহিলার অর্ধেকের বেশি কোন না কোন প্রকারের যৌন হয়রানির শিকার হয়েছে। একারণে সামরিক বাহিনীতে মহিলাদের সার্ভিস দেয়ার বিষয়টা আলোচনার উর্ধ্বে নয়।

‘স্ট্যাটিস্টা’র হিসেবে ফিনল্যান্ডের ১৯ বছরের নীচে জনসংখ্যা সাড়ে ১১ লক্ষ; ২০ থেকে ৩৯ বছরের জনসংখ্যা ১৩ লক্ষ ৮০ হাজার; ৪০ থেকে ৫৯ বছরের জনসংখ্যাও ১৩ লক্ষ ৮০ হাজার; আর ৬০ বছরের অধিক বয়সের জনসংখ্যা ১৬ লক্ষ ৩৩ হাজার। অর্থাৎ দেশটায় বৃদ্ধ মানুষ বেশি। ০ দশমিক ০২ শতাংশ হারে বৃদ্ধি পাওয়া জনসংখ্যার যে এই দশা হবে, তা অবশ্য অনুমেয়। বয়সভিত্তিক জনসংখ্যার এই হিসেবে যুদ্ধ করার জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হবে ২০ থেকে ৩৯ বছর বয়সের। এর সাথে ১৫ থেকে ১৯ এবং ৪০ থেকে ৫০ বছরের কিছু মানুষও থাকবে। তাহলে দেশের যুদ্ধ করার সক্ষমতার মানুষ ২০ লক্ষের মত হতে পারে। এর মাঝে মহিলা বাদ দিলে শুধু ১০ লক্ষ পুরুষের মাঝ থেকেই ২ লক্ষ ৮০ হাজার সৈন্যের বাহিনী তৈরি করতে হবে; যা খুব একটা সহজ কাজ না হলেও অসম্ভব নয়। ২ লক্ষ ৮০ হাজার সেনার একটা বাহিনী যেকোন রুশ হামলার জন্যে মারাত্মক প্রতিরোধ হিসেবে দাঁড়াবে।

ফিনল্যান্ডের বিমান বাহিনীর 'এফএ-১৮' যুদ্ধবিমানের ডানার নিচে দু'টা দূরপাল্লার 'জেএএসএসএম' ক্ষেপণাস্ত্র। ২০১১ সালের অক্টোবরে মার্কিন সরকার ১’শ ৯৩ মিলিয়ন ডলারে ফিনল্যান্ডের কাছে ‘জেএএসএসএম’ ক্ষেপণাস্ত্র বিক্রি করার অনুমতি দেয়। ফিনিসরা এখন ২১ শতকের প্রযুক্তি ব্যবহার করে আশেপাশের সকল সমুদ্রপথ রাশিয়ার জন্যে বন্ধ করে দিতে সক্ষম।


ফিনল্যান্ডের যুদ্ধ প্রস্তুতি, ২০০৭-২০১২

২০১২ সালের সেপ্টেম্বরে ‘পলিটিকো’র এক প্রতিবেদনে বলা হয় যে, বেশিরভাগ মানুষই জানে না যে, ছোট্ট জনসংখ্যার ফিনল্যান্ডের রয়েছে ইউরোপের সবচাইতে বড় আর্টিলারি বাহিনী এবং সবচাইতে উন্নত আকাশ সার্ভেইল্যান্স ব্যবস্থাগুলির একটা। এছাড়াও দেশটার সামরিক ইন্টেলিজেন্স, স্পেশাল ফোর্স এবং সাইবার প্রতিরক্ষা বহু দেশ থেকে উন্নততর। তবে রাশিয়ার সাথে ফিনল্যান্ডের সম্পর্ক খারাপ হচ্ছে সেসময় থেকেই। ফিনল্যান্ড ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘এফএ-১৮’ যুদ্ধবিমানে ব্যবহার করার জন্যে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য দূরপাল্লার ‘এজিএম-১৫৮ জেএএসএসএম’ ক্ষেপণাস্ত্র কেনার অনুরোধ করে; যুক্তরাষ্ট্র তখন তা প্রত্যাখ্যান করে। তবে ২০০৮ সালের মার্চে জর্জিয়াতে রুশ সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া এবং এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের জর্জিয়া এবং ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রস্তাবের পর জুলাই মাসে মার্কিন সরকার ফিনল্যান্ডের কাছে ৪’শ ৩৫ মিলিয়ন ডলারে ৩’শ অত্যাধুনিক দূরপাল্লার রাডার গাইডেড ‘এমরাম’ আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেয়; যদিও ‘টেকনিক্যাল’ কারণে এর ডেলিভারি ২০১২এর আগে হয়নি।

রাশিয়া ইতোমধ্যেই ২০০৮ সালের অগাস্টে জর্জিয়ায় সামরিক হামলা করে; যা ফিনল্যান্ডের ব্যাপারে মার্কিন সরকারের নীতিকে আরও পরিবর্তন করার অজুহাত দেয়। ২০১১ সালের অক্টোবরে মার্কিন সরকার ১’শ ৯৩ মিলিয়ন ডলারে ফিনল্যান্ডের কাছে ‘জেএএসএসএম’ ক্ষেপণাস্ত্র বিক্রি করার অনুমতি দেয়। ৩’শ ৭০ কিঃমিঃ পাল্লার এই ক্ষেপণাস্ত্র বেশিরভাগ রাডারের চোখকে ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্র এই অস্ত্র এর আগে ন্যাটোর কোন সদস্য রাষ্ট্রকেও দেয়নি! ২০১৮ সালের মার্চে ফিনিস বিমান বাহিনীর ‘এফএ-১৮’ যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্রের টেস্ট ফায়ারিং করা হয়। ২০১২ সালের মার্চে এই বিক্রি নিশ্চিত হবার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিনল্যান্ডের ন্যাটোর সাথে সহযোগিতা বৃদ্ধি এবং আরও সামরিক সরঞ্জাম কেনাকাটার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। ‘পলিটিকো’র প্রতিবেদনে বলা হচ্ছে যে, এটা ফিনল্যান্ডকে রাশিয়ার বিরুদ্ধে একটা শক্তিশালী ডিটারেন্ট দিয়েছে। ফিনিস নিরাপত্তা বিশ্লেষক চার্লি স্যালোনিয়াস পাস্তারনাক ২০১২ সালের সেপ্টেম্বরে এক প্রতিবেদনে বলেন যে, ফিনিসরা এখন ২১ শতকের প্রযুক্তি ব্যবহার করে আশেপাশের সকল সমুদ্রপথ রাশিয়ার জন্যে বন্ধ করে দিতে সক্ষম। তিনি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পিছনে ২০০৮ সালে রাশিয়ার জর্জিয়া আক্রমণ এবং ২০০৯ সালে বড় সামরিক মহড়ার কথা উল্লেখ করেন। ২০১০ সাল থেকে ন্যাটো উত্তর ইউরোপে কতগুলি সামরিক মহড়া করেছে, সেটার হিসেব রাখাটাই কঠিন হয়ে যায়। সুইডেন এবং ফিনল্যান্ডকে বাদ দিয়ে ন্যাটোর উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। একারণেই ন্যাটো এই দুই দেশের সাথে সামরিক সম্পর্ক জোরদার করছে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নরওয়ে, যে কিনা ন্যাটোর সদস্য। নরওয়ের সাথে সুইডেন ও ফিনল্যান্ড ঘনঘন সামরিক মহড়া দিচ্ছে। পুতিন যত বেশি হুঁশিয়ারি উচ্চারণ করছেন, ফিনল্যান্ডের ডানপন্থীরা তত শক্তিশালী হচ্ছে এবং দেশটার প্রতিরক্ষার ব্যাপারে আরও শক্তিশালী পদক্ষেপ নেবার কথা বলছে।

আরও অস্ত্র এবং সামরিক বাজেট বৃদ্ধি, ২০১৪-বর্তমান

২০১৪ সালের জানুয়ারি মাসে ফিনল্যান্ড ২’শ ২৫ মিলিয়ন ডলার খরচে ডাচ সেনাবাহিনীর ১’শ ‘লেপার্ড-২এ৬’ ট্যাংক কিনে নেয়ার সিদ্ধান্ত নেয়। মার্কিন থিংকট্যাংক ‘আটলান্টিক কাউন্সিল’এর এক লেখায় বলা হচ্ছে যে, ১৯৮৪ থেকে ১৯৯০ সালের মাঝে ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ১’শ ৬০টা ‘টি-৭২এম১’ ট্যাংক কেনে। এগুলি ২০০৩ সালের পর জার্মান সেনাবাহিনীর কাছ থেকে কেনা ১’শ ২৪টা ‘লেপার্ড-২এ৪’ ট্যাংক দিয়ে প্রতিস্থাপন করা হয়। স্টকে থাকা ১’শটা ‘লেপার্ড-২এ৪’ ট্যাংককে ডাচ সেনাবাহিনীর ট্যাংক দিয়ে প্রতিস্থাপন করার পরিকল্পনা ছিল। তবে কিছুদিন পরেই বোঝা যায় যে, ফিনিসরা আসলে পুরোনো ট্যাংক প্রতিস্থাপন করছিল না; তারা ট্যাংকের সংখ্যা দ্বিগুণ করে ২’শতে নিয়ে যাচ্ছিলো। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ওয়েবসাইট বলছে যে, ২০২১এর ডিসেম্বরে ফিনিসরা জার্মান কোম্পানি ‘ক্রাউস-মাফেই ওয়েগমান’এর সাথে ১১ মিলিয়ন ডলার খরচে সবগুলি ‘লেপার্ড-২’ ট্যাংক উন্নয়নের চুক্তি করে। এর ফলে ফিনিস ট্যাংকগুলি নতুন হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন গোলা নিক্ষেপ করতে সক্ষম হবে। এই প্রকল্প ফিনিসরা নিয়েছে সুইডেনের সাথে সমন্বয় করে; যাতে দরকারে দুই দেশের মাঝে গোলাবারুদ আদানপ্রদান সম্ভব হয়।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিনীরা ঘোষণা দেয় যে, তারা ৬’শ ২২ মিলিয়ন ডলারে ফিনল্যান্ডের কাছে ১’শ ১২টা ‘হারপুন’ জাহাজ ধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১’শ ১৩ মিলিয়ন ডলারে ৬৮টা ‘ইএসএসএম’ বিমান ধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রি করছে। প্রায় আড়াই’শ কিঃমিঃ পাল্লার ‘হারপুন ব্লক ২ প্লাস ইআর’ ক্ষেপণাস্ত্রগুলি ফিনল্যান্ডের ‘হামিনা ক্লাস’ মিসাইল বোটগুলিতে ‘আরবিএস-১৫’ ক্ষেপণাস্ত্রের স্থলাভিষিক্ত হবে। এছাড়াও কিছু ক্ষেপণাস্ত্র ভূমি থেকে নিক্ষেপণযোগ্য হিসেবে রাখা হবে। নতুন ক্ষেপণাস্ত্রে সজ্জিত হয়ে ফিনল্যান্ড সরু সমুদ্রপথের উপর রুশ জাহাজের বিরুদ্ধে নতুন হুমকি তৈরি করতে পারবে। একই বছরের জুলাই মাসে ফিনল্যান্ড ঘোষণা দেয় যে, তারা ইস্রাইলের কাছ থেকে ‘গ্যাব্রিয়েল’ জাহাজ ধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনবে। প্রায় ২’শ মিলিয়ন ডলারে কেনা এই ক্ষেপণাস্ত্র এবং ‘ইএসএসএম’ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভবিষ্যৎ ৪টা ‘স্কোয়াড্রন ২০২০’ কর্ভেটে বসানো হবে। এই ক্ষেপণাস্ত্রগুলি বল্টিক এবং ফিনল্যান্ড উপসাগরে ফিনল্যান্ডের নৌসক্ষমতাকে অনেক বাড়িয়ে দেবে।

২০২১এর সেপ্টেম্বরে ফিনিস প্রতিরক্ষা মন্ত্রণালয় পার্লামেন্টের সামনে একটা রিপোর্ট পেশ করে; যেখানে বলা হয় যে, ফিনল্যান্ডের প্রতিরক্ষা আবহ বেশ থমথমে এবং অনিশ্চিত। ফিনল্যান্ডের পাশে আর্কটিক অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। আর ফিনিসরা চিন্তিত যে, রুশরা ফিনল্যান্ডের আশেপাশের এলাকায় বিশাল সমরশক্তি মোতায়েন রেখেছে। প্রতিবেদনে পুরো ফিনল্যান্ড জুড়ে প্রতিরক্ষা কাঠামো তৈরির কথা বলা হয়; বিশেষ করে আঞ্চলিক ইউনিট গঠনের উপর গুরুত্ব দেয়া হয়, যেখানে রিজার্ভ সেনাদের যথেষ্ট ভূমিকা থাকবে। আঞ্চলিকভাবে ফিনল্যান্ডের আশেপাশের দেশগুলির সাথে প্রতিরক্ষা সহযোগিতাগুলির উপর গুরুত্ব আরোপ করে বলা হয় যে, ‘নরডিক ডিফেন্স কোঅপারেশন’, ইইউ, ন্যাটো, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সাথে ফিনল্যান্ডের সহযোগিতা বৃদ্ধি করতে হবে। ন্যাটো এবং ইইউএর সাথে সামরিক মহড়া এবং আন্তর্জাতিক সমস্যা নিরসনে অংশ নেয়ার কথাও বলা হয়।

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে ফিনল্যান্ড তার প্রতিরক্ষার পিছনে খরচ ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। পাঁচ দলের কোয়ালিশন সরকার আগামী চার বছরের সামরিক বাজেট ৭০ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। অতিরিক্ত খরচের মাঝে থাকবে ১ দশমিক ৯ বিলিয়ন ডলারে বিভিন্ন অস্ত্র এবং বন্দুক; ১’শ ৭৭ মিলিয়ন ডলারে সীমানা পাহাড়ার জন্যে আকাশে সার্ভেইল্যান্সে সক্ষম ইন্টেলিজেন্স। ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আনত্তি কাইক্কোনেন বলেন যে, ইউরোপে যুদ্ধ শুরুর কারণে ফিনল্যান্ডের নিরাপত্তা আবহ পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। একারণেই প্রতিরক্ষা বাজেট যথেষ্ট বৃদ্ধি করার প্রস্তাব দেয়া হয়েছে। ‘ডিফেন্স পোস্ট’ বলছে যে, গত ১২ই এপ্রিল ফিনিস সেনাবাহিনী ঘোষণা দেয় যে, তারা প্রায় ১৫ মিলিয়ন ডলার খরচে ১ থেকে ২ হাজার ছোট আকৃতির ইন্টেলিজেন্স ড্রোন ক্রয় করতে যাচ্ছে।

ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ নরওয়ের বিমান বাহিনীর 'এফ-৩৫' স্টেলথ যুদ্ধবিমান। ফিনল্যান্ডের প্রতিরক্ষার পিছনে বিনিয়োগের সবচাইতে বড় ঘোষণা আসে ২০২১এর ডিসেম্বরে; যখন ফিনল্যান্ড ঘোষণা দেয় যে, তারা মার্কিন ‘এফ-৩৫’ স্টেলথ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে।


ফিনল্যান্ডের প্রতিরক্ষার পিছনে বিনিয়োগের সবচাইতে বড় ঘোষণা আসে ২০২১এর ডিসেম্বরে; যখন ফিনল্যান্ড ঘোষণা দেয় যে, তারা মার্কিন ‘এফ-৩৫’ স্টেলথ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। ‘এয়ার ফোর্স ম্যাগাজিন’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, গত ১১ই ফেব্রুয়ারি ফিনল্যান্ড ৯ দশমিক ৪ বিলিয়ন ডলারে ৬৪টা ‘এফ-৩৫’ বিমান কেনার ব্যাপারটা নিশ্চিত করেছে। এই প্রকল্পে ফিনিস প্রতিরক্ষা শিল্প বিমানের কিছু অংশ তৈরি করবে এবং ২০২৬ থেকে শুরু করে ২০৩০ সালের মাঝে বিমানগুলির ডেলিভারি পাবে তারা। এই বিমানগুলি ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র থেকে কেনা ৫৭টা ‘এফএ-১৮’ বিমানকে প্রতিস্থাপিত করবে।

ফিনল্যান্ড ইউক্রেনকে ব্যপকভাবে সামরিক সহায়তা দিচ্ছে। ‘ডিফেন্স নিউজ’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ফিনল্যান্ড তাদের যুদ্ধকালীন সামরিক সদস্যের সংখ্যাকে সাড়ে তিন লক্ষ থেকে আড়াই লক্ষে নামিয়ে আনার পরিকল্পনা করার কারণে প্রায় ১ লক্ষ কালাশনিকভ রাইফেল অদরকারি হয়ে পড়েছে। এই রাইফেলগুলি এখন ইউক্রেন যাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী আনত্তি কাইক্কোনেন বলছেন যে, ইউক্রেনে রুশ হামলার পর ফিনল্যান্ড সিদ্ধান্ত নিয়েছে যে, তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে উন্নয়ন করতে ইস্রাইল থেকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করতে যাচ্ছে। গত ৫ই মার্চ কাইক্কোনেন ফিনিস মিডিয়া ‘ওয়াইএলই’র সাথে এক সাক্ষাতে বলেন যে, ‘এফ-৩৫’ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তের পরে এটা আরেকটা বড় খরচের খাত। ইস্রাইলের ‘আইএআই’ এবং ‘রাফায়েল’ কোম্পানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির জন্যে প্রতিযোগিতা করছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ফিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে তিনি বলেন যে, যদিও তাদের সীমান্ত এলাকা শান্তিপূর্ণই রয়েছে, তথাপি তাদের নিরাপত্তাকে শক্তিশালী করাটা খুবই প্রয়োজন। মহামারির কারণে ফিনল্যান্ডের রিজার্ভ সেনারা তাদের ট্রেনিং থেকে বঞ্চিত হয়েছে; যা এখন নিশ্চিত করা হবে। কাইক্কোনেন দৃঢ়তার সাথে বলেন যে, পশ্চিমা দেশগুলির সাথে ফিনল্যান্ডের সম্পর্ক এতটাই গভীর যে, যদি ফিনল্যান্ড আক্রান্ত হয়, তাহলে ইইউএর সদস্য দেশগুলি নিঃসন্দেহে ফিনল্যান্ডকে বাঁচাতে এগিয়ে আসবে। তিনি বলেন যে, ব্রিটেনের সাথে নিরাপত্তার ব্যাপারে ফিনিসরা আলোচনা করছে। এর একদিন আগেই ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ওয়াশিংটন সফর করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেন এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কোন্নয়নের ব্যাপারে কথা বলেন। আলোচনার মাঝেই বাইডেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসনকে ফোন করে কথা বলেন; যা ফিনল্যান্ডের সাথে সম্পর্কের ক্ষেত্রে সুইডেনের গুরুত্বকে তুলে ধরে। ‘ওয়াইএলই’ বলছে যে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর তারা জনমত জরিপ করে পেয়েছে যে, দেশের ৫৩ শতাংশ জনগণ ন্যাটোতে যোগদানের পক্ষে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষার জন্যে নরওয়ে ও সুইডেনের উপর নির্ভরশীলতা

বাইডেন ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে আলোচনার মাঝেই সুইডেনের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন, কারণ ফিনল্যান্ডের প্রতিরক্ষার কথা বলতে গেলে সুইডেনের কথা আসবেই; সাথে আসবে নরওয়ের কথা। ২০২১এর সেপ্টেম্বরে ফিনল্যান্ড সুইডেনের সাথে একটা সামরিক চুক্তি করে, যার মাঝে বলা হয় যে, দুই দেশ তাদের পদাতিক বাহিনীর জন্যে যেসকল অস্ত্র ও গোলাবারুদ কিনবে, সেগুলি একে অপরের সাথে মিল রেখে কিনবে। ‘আর্মি টেকনলজি’ বলছে যে, এই চুক্তির পাঁচ মাস আগে দুই দেশ এব্যাপারে একটা সমঝোতায় পৌঁছেছিল। এছাড়াও ২০২১এর জুলাই মাসে ফিনল্যান্ড ১৬ মিলিয়ন ডলার খরচে ফিনিস কোম্পানি ‘প্যাট্রিয়া গ্রুপ’এর কাছ থেকে পদাতিক সেনাদের ব্যবহৃত লেজার ও ইনফ্রারেড টার্গেটিং যন্ত্র এবং রাতের বেলায় যুদ্ধ করার জন্যে নাইট ভিশন গগলস অর্ডার করে। ‘প্যাট্রিয়া’র মালিকানার অর্ধেক ফিনিস সরকারের; বাকি অর্ধেক নরওয়ের ‘কংসবার্গ’ কোম্পানির। ‘প্যাট্রিয়া গ্রুপ’এর ওয়েবসাইটে বলা হচ্ছে যে, কোম্পানিটার সাথে ফিনল্যান্ডের সম্পর্ক অনেক পুরোনো এবং যথেষ্ট গভীর। ১৯৬০এর দশক থেকে ফিনল্যান্ডের নৌবাহিনীর জাহাজগুলির ডিজেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণের কাজ করছে তারা। ১৯৯০এর দশক থেকে ফিনিস বিমান বাহিনীর ব্যবহৃত ‘এফএ-১৮’ ফাইটার বিমান, ‘হক মার্ক৫১’ ট্রেনিং বিমান, ‘এনএইচ ৯০’ হেলিকপ্টার, ‘কাসা সি-২৯৫এম’ পরিবহণ বিমান এবং ‘গ্রোব জি-১১৫ই’ ট্রেনিং বিমানগুলিকে তারা রক্ষণাবেক্ষণ করছে। এছাড়াও ‘প্যাট্রিয়া’ ফিনল্যান্ডের বিমান বাহিনী, সেনাবাহিনী এবং বর্ডার গার্ডের বেসিক পাইলট ট্রেনিংএর দায়িত্বে রয়েছে। ‘প্যাট্রিয়া’র মালিকানায় থাকা ‘নাম্মো’ নামের কোম্পানি নরওয়ের সাথে যৌথভাবে গোলাবারুদ ও রকেট মোটর তৈরি করে। নরওয়ের ‘কংসবার্গ এভিয়েশন মেইনটেন্যান্স’ কোম্পানির অর্ধেক শেয়ার ‘প্যাট্রিয়া’র হাতে।

নভেম্বর ২০১৮। নরওয়েতে মহড়ায় অংশ নিচ্ছে ফিনল্যান্ডের সেনারা। ফিনল্যান্ড আজ প্রায় পুরোপুরিভাবেই পশ্চিমা সমাজের অন্তর্গত। তার সামরিক বাহিনীও পশ্চিমাদের সাথে সমন্বিতভাবে কাজ করছে। লিবারাল চিন্তার ফিনল্যান্ড পশ্চিমাদের যতটা কাছের, বহুকাল রুশ প্রভাবে থাকা ইউক্রেন ততটা কাছের নয়। ইউক্রেনকে পশ্চিমারা রক্ষা না করলেও ফিনল্যান্ডের প্রশ্নটা ভিন্ন; দেশটা ন্যাটোতে যোগদান করুক, আর না করুক। অর্থনৈতিক এবং সামরিক উভয় দিক থেকেই ফিনল্যান্ডের সাথে যুদ্ধ রাশিয়ার জন্যে কাম্য নয়। তবে শক্তিশালী ফিনল্যান্ড বল্টিক সাগরে রুশ নৌবাহিনীকে বন্দরের মাঝে আটকে ফেলতে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনকে বিরাট সহায়তা দিতে পারে।


ফিনল্যান্ড - ভূকৌশলগত সজারু

ফিনল্যান্ডকে কেউ চায়নি। রাশিয়াও একসময় ফিনল্যান্ডকে গুরুত্ব দেয়নি। তবে এই পরিস্থিতি দ্রুতই পাল্টে যায়। ভূপ্রকৃতি, আবহাওয়া এবং দেশটার জনগণের যুদ্ধ করার সক্ষমতা ফিনল্যান্ডকে ভূকৌশলগত সজারুতে রূপান্তরিত করেছে; যা রাশিয়া টের পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কিন্তু বল্টিক সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর নিয়ন্ত্রণমূলক অবস্থানে থাকার কারণে ফিনল্যান্ডকে প্রতিবেশী রাশিয়া এড়িয়ে যেতে পারছে না। ফিনল্যান্ডের অবস্থান রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ সমুদ্রবন্দরের জন্যে এবং রুশ জাহাজ চলাচলের জন্যে হুমকি। অপরদিকে রাশিয়ার মতো বিশাল দেশের পাশে ফিনল্যান্ডের জন্ম হবার কারণে দেশটাকে সর্বদাই হুমকির মাঝে থাকতে হয়েছে। রাশিয়া তার নিরাপত্তা নিশ্চিতে ফিনল্যান্ডকে অন্ততঃ তার বিপক্ষে দেখতে চায় না। রাশিয়া তার স্বার্থকে হাসিল করতে একবার ফিনল্যান্ডের সাথে যুদ্ধ করেছে। তবে সেই যুদ্ধ জিততে হয়েছে বিরাট খরচের বিনিময়ে; রাশিয়া নিঃসন্দেহে সেটা ভুলেনি।

ফিনল্যান্ডের জন্মের সময় ব্রিটিশরা সহায়তা না দিলেও সাম্প্রতিককালে ব্রিটিশ এবং মার্কিনীরা নিজের রাশিয়াকে নিয়ন্ত্রণে ফিনল্যান্ডের গুরুত্বপূর্ণ ব্যবহার খুঁজে পেয়েছে। সেই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করেই গত পনেরো বছর ধরে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ন্যাটো ফিনল্যান্ডকে সামরিক দিক থেকে শক্তিশালী করছে; যা রাশিয়া হুমকি হিসেবে দেখেছে। তবে একইসাথে পশ্চিমা দেশগুলি বল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া ছাড়াও পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, এমনকি ইউক্রেনকেও সহায়তা দিয়েছে। এগুলির মাঝে ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাশিয়া একেবারেই নিতে পারেনি। রাশিয়াকে হয়তো হিসেব করতে হয়েছে যে, কোন দেশটার ন্যাটোর মাঝে যাওয়াটা রাশিয়ার জন্যে অপেক্ষাকৃত বেশি হুমকির। সেই হিসেবে বল্টিক রাষ্ট্রগুলি এবং ফিনল্যান্ডের তুলনায় ইউক্রেন বড় হুমকি ছিল। একারণেই রাশিয়া ইউক্রেনে হামলা করেছে; বাকিগুলিকে বাদ রেখে। সেই হিসেবে ফিনল্যান্ডে রুশ হামলার সম্ভাবনা খুবই কম। অন্ততঃ ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির পর ফিনল্যান্ডের মতো আরেকটা দেশ আক্রমণ পুতিনের জন্যেও অবাস্তব ব্যাপার।

ফিনল্যান্ড আজ প্রায় পুরোপুরিভাবেই পশ্চিমা সমাজের অন্তর্গত। তার সামরিক বাহিনীও পশ্চিমাদের সাথে সমন্বিতভাবে কাজ করছে। লিবারাল চিন্তার ফিনল্যান্ড পশ্চিমাদের যতটা কাছের, বহুকাল রুশ প্রভাবে থাকা ইউক্রেন ততটা কাছের নয়। ইউক্রেনকে পশ্চিমারা রক্ষা না করলেও ফিনল্যান্ডের প্রশ্নটা ভিন্ন; দেশটা ন্যাটোতে যোগদান করুক, আর না করুক। তথাপি ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করবে কিনা, সেটা রাশিয়ার জন্যে প্রভাব ধরে রাখার প্রশ্ন। আর ফিনল্যান্ড ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ন্যাটোর উপর নিরাপত্তাগত দিক থেকে এতটাই নির্ভরশীল হয়ে গেছে যে, দেশটাকে আর পশ্চিম থেকে আলাদা করা যাচ্ছে না। ফিনল্যান্ড প্রতিদিনই শক্তিশালী হচ্ছে। ভূকৌশলগত সজারু ফিনল্যান্ডকে আক্রমণ করা যেমন অবান্তর হয়ে যাচ্ছে, তেমনি পশ্চিমা ঘেঁষা ফিনল্যান্ড বল্টিক সাগরে রাশিয়ার সমুদ্রপথের নিরাপত্তাকে ক্রমেই হুমকির মাঝে ফেলে দিচ্ছে। অন্ততঃ মার্কিন ‘জেএএসএসএম’ এবং ‘হারপুন’ ক্ষেপণাস্ত্রগুলি রুশ জাহাজের জন্যে বিরাট হুমকি। রাশিয়ার পক্ষে তার আঞ্চলিক প্রভাব ধরে রাখাটা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। অর্থনৈতিক এবং সামরিক উভয় দিক থেকেই ফিনল্যান্ডের সাথে যুদ্ধ রাশিয়ার জন্যে কাম্য নয়। তবে শক্তিশালী ফিনল্যান্ড বল্টিক সাগরে রুশ নৌবাহিনীকে বন্দরের মাঝে আটকে ফেলতে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনকে বিরাট সহায়তা দিতে পারে।



সূত্র –

‘Finland’ in Britannica (https://www.britannica.com/place/Finland/Plant-and-animal-life)
‘Finland Geography’ in Country Reports (https://www.countryreports.org/country/Finland/geography.htm)
‘A Frozen Hell : The Russo-Finnish Winter War of 1939-1940’ by William R Trotter (1991)
‘Finland at War: The Winter War 1939-40’ by Vesa Nenye, Peter Munter and Toni Wirtanen (2015)
‘Finland at War: The Continuation and Lapland Wars 1941-45’ by Vesa Nenye, Peter Munter, Toni Wirtanen and Chris Birks (2016)
‘The Baltic States from 1914 to 1923: The First World War and the Wars of Independence’ by Lt. Col. Andrew Parrott in Baltic Defence Review No. 8 Vol 2/2002
‘Total population of Finland from 2016 to 2021, by age group’ at Statista (https://www.statista.com/statistics/521152/population-of-finland-by-age/)
‘Raytheon delays AMRAAM deliveries to Finnish Air Force’ in Airforce Technology, 03 September 2012
‘Finland tones up its security muscles’ in Politico, 19 September 2012 (https://www.politico.eu/article/finland-tones-up-its-security-muscles/)
‘Long-Term Development Key to Sustained Air Defence Capability’ in Finnish Defence Forces (https://puolustusvoimat.fi/en/web/ilmavoimat/development_of_finlands_air_defense_capability)
‘Valmet Corporation (Valmet Oy)’ in Encyclopedia (https://www.encyclopedia.com/books/politics-and-business-magazines/valmet-corporation-valmet-oy)
‘Finland Buys One Hundred Tanks from the Netherlands’ in Atlantic Council, 22 January 2014
‘US approves $735 million sale to Finland of Harpoon anti-ship and ESSM air defense missiles’ in The Defense Post, 06 February 2018
‘Finland develops 'bounding' mine as military deterrence’ in Reuters, 08 March 2018
‘Finland has second thoughts about its women soldiers’ in BBC, 03 July 2018
‘Finland to acquire Israel’s Gabriel anti-ship missile system’ in The Defense Post, 06 July 2018
‘The Finnish Defence Forces has received the total delivery of the Main Battle Tank Leopard 2A6’ in Finnish Defence Forces, 25 October 2019 (https://maavoimat.fi/en/-/puolustusvoimat-on-vastaanottanut-kaikki-leopard-2a6-taistelupanssarivaunut)
‘Marin's Government deviated from the principle of gender equality’ in University of Helsinki, 20 December 2019 (https://researchportal.helsinki.fi/en/publications/marins-government-deviated-from-the-principle-of-gender-equality)
‘Firepower and interoperability of the Army MBTs Leopard 2 to improve’ in Finnish Defence Forces, 07 December 2021 (https://maavoimat.fi/en/-/firepower-and-interoperability-of-the-army-mbts-leopard-2-to-improve)
‘Senop to supply laser sights and image intensifiers to Finland’ in Army Technology, 08 July 2021
‘Finland and Sweden sign arrangement for joint procurement of weapons’ in Army Technology, 06 September 2021
‘Finnish government publishes defence report’ in Janes, 14 September 2021 (https://www.janes.com/defence-news/news-detail/finnish-government-publishes-defence-report)
‘Finnish Defence Forces to Upgrade Leopard 2 Main Battle Tank Fleet’ in The Defense Post, 10 December 2021
‘Finland Formalizes Deal for 64 Block 4 F-35s’ in Air Force Magazine, 11 February 2022
‘Finland buying Israeli air defence weapons’ in YLE, 05 March 2022 (https://yle.fi/news/3-12345358)
‘Today I welcomed President Niinistö of Finland to the White House to talk about European security’. (https://twitter.com/POTUS/status/1499907464623501332)
‘Audit clears Finnish F-35 buy amid rising spending on pandemic, Ukraine’ in Defense News, 28 March 2022
‘Finland to Spend $15M on New Surveillance Drones’ in The Defence Post, 12 April 2022
‘Finland and Sweden pursue unlinked NATO membership’ in Defense News, 15 April 2022
‘Patria's Successful Strategic Partnership with the Finnish Air Force’ (https://www.patriagroup.com/services/strategic-defence-partnership-concept/strategic-partnership-with-the-finnish-air-force)

Sunday, 3 April 2022

ভারত কি যুক্তরাষ্ট্রের বন্ধু, নাকি রাশিয়ার বন্ধু?

০৩রা এপ্রিল ২০২২

০১লা এপ্রিল ২০২২। দিল্লীতে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সাথে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।  ভারত চীনকে পছন্দ না করলেও চীনের বন্ধু দেশ রাশিয়াকে দূরে ঠেলে দিতে চাইছে না। এতে পরিষ্কার যে, নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকার যুক্তরাষ্ট্রের যত কাছের বন্ধুই হোক না কেন, ভারতের সেকুলার বাস্তবতাগুলি থেকে দিল্লীর নেতৃত্বের বের হয়ে আসাটা কঠিন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েই মোদির উগ্রবাদী সরকার যখন গণতান্ত্রিক আদর্শগুলিকে পদদলিত করেছে, তখন ইউক্রেনে গণতন্ত্র রক্ষায় ভারতের অংশ নেয়ার আশা করাটা অর্থহীন।

 
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এখন পৃথিবীর অনেক দেশই তাদের শীর্ষ কূটনীতিকদেরকে ভারতের রাজধানী দিল্লীতে পাঠাচ্ছে। ৩১শে মার্চ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারত সফরে এসে যথেষ্ট সন্মানই পেয়েছেন। ‘দ্যা গার্ডিয়ান’ পত্রিকা বলছে যে, ল্যাভরভ দিল্লী সফরে শুধু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরএর সাথেই দেখা করেননি, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও সাক্ষাৎ করতে পেরেছেন। ল্যাভরভকে এই সন্মান দেয়া হয়েছে যখন ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ স্ট্রস এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি সেটা পাননি। ল্যাভরভ জয়শংকরের সাথে সাক্ষাতে বলেছেন যে, ইউক্রেনের ব্যাপারটা শুধু ইউক্রেন নিয়ে নয়, বরং বিশ্বব্যবস্থা নিয়ে। তিনি বলছেন যে, যুক্তরাষ্ট্র ইউরোপের সকল স্বাধীনতা কেড়ে নিয়ে ওয়াশিংটনের নীতি অনুসরণ করতে বাধ্য করেছে। আর পশ্চিমারা এখন সকল ইস্যুকে ইউক্রেন সমস্যার সাথে যুক্ত করে কথা বলতে চাইছে। তার কথায়, পশ্চিমারা যখন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধকে গণতন্ত্র আর একনায়কতন্ত্রের মাঝে লড়াই বলে আখ্যা দিচ্ছে, তখন তারা গোপন করে যাচ্ছে যে, পশ্চিমারাই যুক্তরাষ্ট্রকে কেন্দ্রে রেখে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তিনি এও বলেন যে, ইউক্রেন এখন বুঝতে পারছে যে, ন্যাটোতে যোগদান করাটা কোন অপশন নয়। ল্যাভরভ তার কথাগুলিকে শক্ত ভিত দিতে সাংবাদিকদেরকে বলেন যে, অনেক বছর আগে রাশিয়া আন্তর্জাতিক বাণিজ্যের জন্যে ভারত, চীন এবং অন্যান্য দেশের সাথে লেনদেনের ক্ষেত্রে ডলার এবং ইউরোর বদলে নিজস্ব জাতীয় মুদ্রা ব্যবহার করার কথা বলা শুরু করে। বর্তমান পরিস্থিতিতে এটা আরও গুরুত্ব পাবে বলে বলেন তিনি। ‘দ্যা গার্ডিয়ান’ মনে করিয়ে দিচ্ছে যে, ল্যাভরভ দিল্লী সফর করার আগেই বেইজিং ঘুরে এসেছেন; যেখানে তিনি ‘বহু মেরুর গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা’র কথা বলেন, যেখানে সুবিচার নিশ্চিত হবে।

‘রয়টার্স’ বলছে যে, ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকে ভারত রাশিয়া থেকে কমপক্ষে ১ কোটি ৩০ লক্ষ ব্যারেল তেল কিনেছে; যেখানে পুরো ২০২১ সালে ভারত রাশিয়া থেকে কিনেছিল ১ কোটি ৬০ লক্ষ ব্যারেল তেল। আন্তর্জাতিক বাজারে পশ্চিমা দেশগুলি যখন রুশ তেল কেনা থেকে বিরত থাকছে, তখন ভারত মূল্যছাড়ের সুযোগ নিয়ে বিপুল পরিমাণ তেল কিনছে। ‘ব্লুমবার্গ’ বলছে যে, রাশিয়া ভারতকে যুদ্ধের আগের মূল্যে তেল সরবরাহ করছে। বিভিন্ন খবরে বলা হচ্ছে যে, ভারত এবং রাশিয়া পশ্চিমা অবরোধ এড়িয়ে নিজেদের মাঝে বাণিজ্য চালিয়ে নিতে ভারতীয় রূপির উপর ভিত্তি করে একটা ব্যবস্থা চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘দ্যা হিন্দু’ পত্রিকা বলছে যে, রাশিয়া এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা দুই দেশের মাঝে বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের সমস্যা দূরীকরণের জন্যে বৈঠক করেছে। তারা এমন কিছু ব্যাংকের কথা বলছেন, যেগুলি পশ্চিমা অবরোধে কোন সমস্যায় পতিত হবে না।

ল্যাভরভের দিল্লী সফরের মাত্র কয়েক ঘন্টা আগে দিল্লী সফরের সময় মার্কিন উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দালীপ সিং ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর দেয়া অর্থনৈতিক অবরোধকে কোন দেশ যদি এড়াতে চায়, তাহলে সেই দেশকে এর ফলাফল বহণ করতে হবে। যুক্তরাষ্ট্র চাইছে না যে কোন দেশ ডলার ভিত্তিক ব্যবস্থাকে বাইপাস করে রুবলকে শক্তিশালী করুক; বিশেষ করে যুক্তরাষ্ট্রের বন্ধু এবং সহযোগী দেশগুলির কাছ থেকে ওয়াশিংটন এটা আশা করে না। দালীপ সিং বলেন যে, চীনের সাথে জোটে রাশিয়া সর্বদাই দুর্বল সদস্য হিসেবে থাকবে। রাশিয়ার সাথে পার্টনারশিপে চীন যতটা এগিয়ে থাকবে, সেটা ভারতের জন্যে ততটাই সমস্যার কারণ হবে। চীনের সাথে ভারতের যদি কোন দ্বন্দ্ব দেখা দেয়, সেক্ষেত্রে কেউই এটা আশা করতে পারে না যে রাশিয়া ভারতকে রক্ষা করার জন্যে এগিয়ে আসবে। তবে সিং কিছুদিন আগেই রাশিয়া থেকে ভারতের ‘এস-৪০০’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সময় রুপি এবং রুবলের আদানপ্রদানের ব্যাপারে কিছু বলতে রাজি হননি। মার্কিন আইন অনুসারে যুক্তরাষ্ট্রের শত্রু দেশের কাছ থেকে কেউ কিছু কিনলে যুক্তরাষ্ট্র সেই দেশের উপর অবরোধ আরোপ করতে পারে। সেই হিসেবে ‘এস-৪০০’ কেনার জন্যে যুক্তরাষ্ট্র তুরস্কের উপর অবরোধ দিলেও ভারতের উপর অবরোধ দেয়া থেকে বিরত থেকেছে। কারণ চীনকে নিয়ন্ত্রণে ভারত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী। ‘নিউজউইক’এর এক প্রতিবেদনে মনে করিয়ে দেয়া হচ্ছে যে, গত ২২শে মার্চ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে, ইউক্রেন ইস্যুর কারণে যুক্তরাষ্ট্রের ‘কোয়াড’ জোটে সহযোগী দেশ ভারতের অবস্থান দোদুল্যমান হয়ে গিয়েছে।

 
৩১শে মার্চ ২০২২। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সাথে ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস। ব্রিটিশ পররাষ্ট্র সচিব ইউরোপের সিদ্ধান্তহীনতাকে তুলে ধরে ভারতের সিদ্ধান্তকেই ন্যায্যতা দিয়ে এসেছেন। তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে, আগের মতোই ভারতের সেই ‘তৃতীয় ব্লক’এ থাকাটাই যুক্তিযুক্ত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুরো পশ্চিমা বিশ্বব্যবস্থাই যখন ধ্বসে পড়ছে, তখন ব্রিটেনের এই প্রচেষ্টা কতটুকু শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত, তা প্রশ্ন করা যেতেই পারে।

প্রায় একই সময়ে দিল্লী সফর করা ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস ইউক্রেনের ব্যাপারটাকে গণতন্ত্র রক্ষার লড়াই বললেও তিনি ভারতের সাথে সুর মিলিয়েই কথা বলেছেন। দালীপ সিংএর কথার পুরো উল্টো ভাষায় তিনি সাংবাবিকদের বলেন যে, তিনি বলে দেবেন না যে ভারতের কি করতে হবে। ২০১৪ সালে ক্রিমিয়া সমস্যার পর ইউরোপ রাশিয়ার উপর অবরোধ দেয়ার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেয়নি; এখন সকলে এর ফলাফল দেখতে পাচ্ছে। অপরদিকে জয়শংকর বলেন যে, ইউক্রেন যুদ্ধের ফলাফল এখনও অনেকটাই দেখতে বাকি রয়েছে। এখন পর্যন্ত জ্বালানি এবং খাদ্যশস্যের মূল্যের উপর এর প্রভাব পড়েছে। সামনের দিনগুলিতে আর্থিক লেনদেন এবং লজিস্টিকস যদি সমস্যায় পতিত হয়, তাহলে তা বাকি বিশ্বের জন্যে মারাত্মক বিপর্যয় ডেকে আনবে।

‘বিবিসি’র এক বিশ্লেষণে বলা হচ্ছে যে, বিশ্বের অনেক রাষ্ট্রের কূটনীতিকেরা ভারত সফরে এসে ভারতকে তাদের পক্ষে নেবার চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত ভারত এক্ষেত্রে নিরপেক্ষ থাকতে চাইছে। ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক বেশ গভীর এবং ভারতের বেশিরভাগ অস্ত্র রাশিয়া থেকে কেনা। ভারতের এই অবস্থান দেশটাকে সমস্যা নিরসনে অপ্রত্যাশিতভাবে মধ্যস্ততাকারী হিসেবে সামনে নিয়ে আসতে পারে। ল্যাভরভ ইতোমধ্যেই বলেছেন যে, দিল্লীর মধ্যস্ততার ব্যাপারে মস্কোর কোন আপত্তি নেই। অপরদিকে দিল্লী থেকে বলা হয়েছে যে, ভারতও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে প্রস্তুত।

ঠান্ডা যুদ্ধের সময় জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য হিসেবে ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক রেখে চলেছিল; যদিও ভারতের সেকুলার কংগ্রেস সরকারের সাথে পশ্চিমের, বিশেষ করে ব্রিটেনের সম্পর্ক ছিল গভীর। ভারতের বিমান এবং নৌবাহিনীর বহু যুদ্ধসরঞ্জামই ছিল ব্রিটেনে তৈরি। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ব্লকের বাইরে তৃতীয় একটা ব্লকে নিজের অবস্থান ধরে রেখেছিল ভারত, যার উপর ব্রিটেনের প্রচ্ছন্ন প্রভাব ছিল যথেষ্ট। সেসময়েই ভারতে রুশ নির্মিত অস্ত্রের ভিত্তি তৈরি হয়েছে, যে বাস্তবতা থেকে ভারত আজ অবধি বের হতে পারছে না। তবে ঠান্ডা যুদ্ধের পর, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উগ্র ডানপন্থী বিজেপি সরকার ক্ষমতা নেবার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সখ্যতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র ভারতকে ‘এপাচি’ এবং ‘শিনুক’ হেলিকপ্টার, ‘সি-১৭’ এবং ‘সি-১৩০জে’ পরিবহণ বিমান, ‘পি-৮আই’ ম্যারিটাইম প্যাট্রোল বিমান, ‘এমএইচ-৬০আর’ সাবমেরিন ধ্বংসী হেলিকপ্টার, ‘এম-৭৭৭’ আর্টিলারি হাউইটজারসহ আরও অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে; যেগুলি মূলতঃ হিমালয়ের পাদদেশে এবং ভারত মহাসাগরে চীনা প্রভাবকে নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ‘কোয়াড’ সামরিক জোটের সদস্য হিসেবে ভারত আঞ্চলিকভাবে চীনের প্রভাবকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিচ্ছে, তথাপি ঠান্ডা যুদ্ধের সময়কার ‘তৃতীয় ব্লক’এর সদস্য হিসেবে চিন্তা করা থেকে ভারত সরে আসছে না। ভারত চীনকে পছন্দ না করলেও চীনের বন্ধু দেশ রাশিয়াকে দূরে ঠেলে দিতে চাইছে না। এতে পরিষ্কার যে, নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকার যুক্তরাষ্ট্রের যত কাছের বন্ধুই হোক না কেন, ভারতের সেকুলার বাস্তবতাগুলি থেকে দিল্লীর নেতৃত্বের বের হয়ে আসাটা কঠিন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েই মোদির উগ্রবাদী সরকার যখন গণতান্ত্রিক আদর্শগুলিকে পদদলিত করেছে, তখন ইউক্রেনে গণতন্ত্র রক্ষায় ভারতের অংশ নেয়ার আশা করাটা অর্থহীন। অপরদিকে ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস ইউরোপের সিদ্ধান্তহীনতাকে তুলে ধরে ভারতের সিদ্ধান্তকেই ন্যায্যতা দিয়ে এসেছেন। তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে, আগের মতোই ভারতের সেই ‘তৃতীয় ব্লক’এ থাকাটাই যুক্তিযুক্ত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুরো পশ্চিমা বিশ্বব্যবস্থাই যখন ধ্বসে পড়ছে, তখন 'গ্লোবাল ব্রিটেন'এর এই প্রচেষ্টা কতটুকু শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত, তা প্রশ্ন করা যেতেই পারে।

Friday, 1 April 2022

যুক্তরাষ্ট্র কি আসলেই চাইছে যে ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধে জয়ী হোক?

০২রা এপ্রিল ২০২২

লুহানস্ক, পূর্ব ইউক্রেন, ২৫শে ফেব্রুয়ারি ২০২২। যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই জানে যে, ট্যাংক বিধ্বংসী অস্ত্র দিয়ে রুশ বাহিনীকে ইউক্রেন থেকে বিতাড়িত করা সম্ভব নয়; তবে দীর্ঘমেয়াদে রাশিয়াকে ইউক্রেনে আটকে রাখা সম্ভব। ট্যাংক, আর্টিলারি এবং যুদ্ধবিমান সরবরাহ করে হারানো ভূমি পুনরুদ্ধারের কোন আশা ইউক্রেনকে দেখাতে ইচ্ছুক নয় যুক্তরাষ্ট্র। অর্থাৎ রুশ বাহিনীর ইউক্রেন ত্যাগই চাইছে না যুক্তরাষ্ট্র!

 
মার্কিন মিডিয়া ‘এনবিসি’র এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ইউক্রেনকে যথেষ্ট যুদ্ধ সহায়তা না দেয়ার জন্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সমালোচনায় মুখর হয়েছেন রিপাবলিকান রাজনীতিবিদ, প্রাক্তন কূটনীতিবিদ এবং সামরিক কর্মকর্তারা। অনেকেই বলছেন যে, বাইডেন প্রশাসন রাশিয়াকে উস্কে দেয়ার ভয়ে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা থেকে বিরত থেকেছে। অনেক চাপের মুখে শেষ পর্যন্ত ওয়াশিংটন গত জানুয়ারি মাসে ‘জ্যাভেলিন’ ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ফেব্রুয়ারি মাসে রুশ হামলা শুরু হবার পর ‘স্টিঙ্গার’ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল জ্যাক কীন রিপাবলিকান ঘরানার টিভি চ্যানেল ‘ফক্স নিউজ’কে বলছেন যে, যুক্তরাষ্ট্রের মূল মিশন হওয়া উচিৎ ছিল ইউক্রেনিয়ানদের সহায়তা দিয়ে রুশ বাহিনীকে হারিয়ে তাদেরকে ইউক্রেন থেকে বিতাড়িত করা। কিন্তু আপাতঃদৃষ্টে মনে হচ্ছে যে, যুক্তরাষ্ট্র চাইছে না যে, পুতিন যুদ্ধে হেরে যাক! কারণ যুক্তরাষ্ট্র মনে করছে যে, পুতিন হেরে গেলে এমন কিছু করবেন, যা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে না। জেনারেল কীন বলছেন যে, তিনি তার সূত্রে জেনেছেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে যুক্তরাষ্ট্র উপদেশ দিয়েছে যাতে ইউক্রেন রাশিয়াকে কিছু ছাড় দিয়ে একটা যুদ্ধবিরতি চুক্তি করে ফেলে। জেলেন্সকি ট্যাংক চাইছেন রুশ হামলা আটকাতে নয়; বরং প্রতিআক্রমণ করে হারানো ভূমি ফিরে পেতে। তিনি ‘মিগ’ ফাইটার বিমান চাইছেন ট্যাঙ্কগুলিকে রক্ষা করতে; আর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চাইছেন ‘মিগ’গুলিকে রক্ষা করতে। কিন্তু যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এগুলির কোনটাই দিতে চাইছে না।

‘ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন্স’এর এক লেখায় মারগারিতা খিওসতোভা, ওলগা লাইমার এবং দেনিস দাভিদেঙ্কোসহ ইউক্রেনের চারজন কর্মকর্তা ইউক্রেনের জন্যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জিততে কি কি দরকার এবং সেগুলি কোথা থেকে পাওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা করেছেন। তারা বলছেন যে, পশ্চিমারা ইউক্রেনকে এতদিন পর্যন্ত যেসব অস্ত্র দিয়েছে, সেগুলি রুশ বাহিনীকে আটকে দিয়েছে। কিন্তু এখন রুশ বাহিনীকে ইউক্রেনের মাটি থেকে বিতাড়িত করার লক্ষ্যে ইউক্রেনের দরকার আক্রমণাত্মক অস্ত্র। কারণ শুধুমাত্র প্রতিরোধের মাধ্যমে যুদ্ধ জেতা সম্ভব নয়। আর যুদ্ধ যদি লম্বা হয়, তাহলে রুশরা নিজেদেরকে পুনর্বিন্যাস করতে পারবে; সামরিক শক্তিকে বৃদ্ধি করতে পারবে; এবং অর্থনৈতিক অবরোধের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। কাজেই ইউক্রেনের জন্যে খুব দ্রুত অস্ত্রের প্রয়োজন। ট্যাংক বিধ্বংসী অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ট্যাংক ধ্বংস করা গেলেও প্রতিআক্রমণ করা সম্ভব নয়। এজন্যে দরকার ট্যাংক এবং অন্যান্য সাঁজোয়া যান। পোল্যান্ড, বুলগেরিয়া এবং চেক রিপাবলিকের কাছে এই মুহুর্তে সোভিয়েত ডিজাইনের কয়েক’শ ‘টি-৭২’ ট্যাংক রয়েছে। এছাড়াও পূর্ব ইউরোপের দেশগুলির কাছে শত শত সোভিয়েত আমলের সাঁজোয়া যান রয়েছে। আর যুক্তরাষ্ট্রও তাদের নিজেদের ‘এম-২ ব্র্যাডলি’ ফাইটিং ভেহিকল এবং ‘হামভি’ আর্মার্ড ভেহিকল দিতে পারে; যাদের সাথে তারা ‘জ্যাভেলিন’ ক্ষেপণাস্ত্রও সরবরাহ করতে পারে। আর যেহেতু রুশ সেনারা এখন বিভিন্ন শহরের চারিপাশে শক্ত অবস্থান নিচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে উৎখাত করতে প্রয়োজন আর্টিলারি। ন্যাটো দেশগুলি ইউক্রেনকে সোভিয়েত ডিজাইনের ‘ডি-২০’ ১৫২ মিঃমিঃ কামান, ‘২এস১’ ১২২ মিঃমিঃ সেলফপ্রপেল্ড আর্টিলারি এবং বিভিন্ন ক্যালিবারের আর্টিলারি রকেট দিতে পারে। এছাড়াও বুলগেরিয়ার কাছে রয়েছে গোটা ২০এর মতো ‘টচকা-ইউ’ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র; যেগুলি ইউক্রেন বেশ সফলতার সাথে যুদ্ধে ব্যবহার করেছে। তবে লেখকদের সবচাইতে বড় দাবি ছিল যুদ্ধবিমানের। তারা বলছেন যে, পোল্যান্ড এবং বুলগেরিয়ার কাছে যে ‘মিগ-২৯’ ফাইটার বিমানগুলি রয়েছে, সেগুলি ইউক্রেন পাবার জন্যে জোর দাবি জানিয়ে আসছে। এই বিমানগুলি রুশ বোমারু বিমানকে প্রতিহত করতে পারবে। এছাড়াও তারা বলছেন যে, মার্কিন বিমান বাহিনী বর্তমানে তাদের ‘এ-১০ ওয়ার্থগ’ গ্রাউন্ড এটাক বিমানগুলিকে রিটায়ার করিয়ে দিচ্ছে। এগুলি যখন মার্কিনীদের কোন কাজেই আসবে না, তাহলে তারা কেন ইউক্রেনকে এগুলি দিচ্ছে না? ইউক্রেনের পাইলটরা খুব স্বল্প সময়ের মাঝেই এগুলি কিভাবে চালাতে হয়, তা শিখে নেবে। এছাড়াও তারা গুরুত্বপূর্ণ যোগাযোগ যন্ত্রপাতি এবং রাতে যুদ্ধ করার জন্যে নাইট ভিশন যন্ত্রপাতি চেয়েছেন।

ইউক্রেনের থিংকট্যাঙ্ক ‘নিউ ইউরোপ সেন্টার’এর প্রতিষ্ঠাতা আলিওনা গেটমানচুক ‘দ্যা আটলান্টিক কাউন্সিল’এর এক লেখায় প্রায় একই ধরনের আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে, কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্র রাশিয়াকে উস্কে দেয়া হবে মনে করে ইউক্রেনকে ‘জ্যাভেলিন’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে চায়নি। কিন্তু শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে যে, দুর্বল ইউক্রেনই পুতিনকে উস্কে দিয়েছে। পশ্চিমারা এখনও ইউক্রেনকে দরকারমতো অস্ত্র সরবরাহ করতে চাইছে না। কেউ কেউ হাসিতামাশার মাঝে বলছেন যে, ইউক্রেনকে সবচাইতে বেশি অস্ত্র দিচ্ছে রাশিয়া! কারণ দখল করার মাধ্যমে ইউক্রেনিয়ানরা বহু রুশ অস্ত্র পাচ্ছে; যা পশ্চিমা অস্ত্রের সরবরাহের তুলনায় অনেক বেশি।

মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বাইডেন প্রশাসনকে সমর্থন দিয়ে বলছেন যে, ইউক্রেনকে যুক্তরাষ্ট্র পৃথিবীর যেকোন দেশের চাইতে বেশি সহয়তা দিয়েছে; এবং অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এমনকি ঠান্ডা যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে কাউকে সরাসরি অস্ত্র দেয়নি। মার্কিন ইন্টেলিজেন্স সংস্থা ‘সিআইএ’র প্রাক্তন কর্মকর্তা মার্ক পলিমেরোপলোস ‘এনবিসি’কে বলছেন যে, এটা ঠিক যে বাইডেন প্রশাসন ধীরে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটাও ঠিক যে, ইউক্রেন যা চাইবে সেটাই দেয়া উচিৎ হবে না। বরং ‘সিআইএ’ এবং মার্কিন স্পেশাল অপারেশন্সএর কর্মকর্তারা যেটা ভালো মনে করছেন, সেগুলিই ইউক্রেনকে দেয়া উচিৎ; কারণ তারাই বুঝবেন যে, ইউক্রেনের কি প্রয়োজন।

যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই জানে যে, ট্যাংক বিধ্বংসী অস্ত্র দিয়ে রুশ বাহিনীকে ইউক্রেন থেকে বিতাড়িত করা সম্ভব নয়; তবে দীর্ঘমেয়াদে রাশিয়াকে ইউক্রেনে আটকে রাখা সম্ভব। ট্যাংক, আর্টিলারি এবং যুদ্ধবিমান সরবরাহ করে হারানো ভূমি পুনরুদ্ধারের কোন আশা ইউক্রেনকে দেখাতে ইচ্ছুক নয় যুক্তরাষ্ট্র। অর্থাৎ রুশ বাহিনীর ইউক্রেন ত্যাগই চাইছে না যুক্তরাষ্ট্র! বিশ্বব্যবস্থা ধরে রাখতে হিমসিম খাওয়া যুক্তরাষ্ট্রের বর্তমানে মূল লক্ষ্য হলো চীনকে নিয়ন্ত্রণ। এমতাবস্থায় চীনের সমর্থনে ইউক্রেনে হেরে যাওয়া বা জিতে যাওয়া রাশিয়া নয়; অথবা ন্যাটো সীমানায় যুদ্ধংদেহী রাশিয়াও নয়; বরং ইউক্রেনের কাদায় লম্বা সময়ের জন্যে আটকে যাওয়া রাশিয়াই যুক্তরাষ্ট্রের কাছে অধিক শ্রেয়।