Saturday, 7 February 2015

"সী-বেইসিং" - সমুদ্রেই ঘাঁটি!

০৭ ফেব্রুয়ারী ২০১৫



অনেকেরই একটা ধারণা রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা শক্তিশালী নৌবহরের মালিক বলেই উমুক-তমুক কাজ করে বেড়াতে সক্ষম; অন্যরা পারে না। কিন্তু যেটা তারা বুঝতে পারেন না তা হলো, মার্কিনীদের বিশ্বরাজনীতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে একটা শক্তিশালী নৌবহরের দরকার হয় বলেই তারা শক্তিশালী নৌবহরের মালিক। অর্থাৎ এখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য না বুঝতে পারলে তাদের সামরিক শক্তির পাঠোদ্ধার সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের নৌশক্তি তাদের বিরূদ্ধাচরণ করা জনগোষ্ঠীর জন্যে যেমন ভয়ঙ্কর, তাদের এই বাহিনীর সরমশক্তির বিশ্লেষণও তেমনই রোমাঞ্চকর। তারা বর্তমানে আধুনিক যুদ্ধক্ষেত্রের সংজ্ঞা পরিবর্তন করছে প্রতিদিন। তাই যারা স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করেন, তাদের জন্যে মার্কিন সামরিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ একপ্রকার ফরয কাজই হয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে বেশি সামরিক শক্তিধর দেশই শুধু নয়, সামরিক দিক থেকে সবচেয়ে বেশি ব্যস্ত থাকছে মার্কিন বাহিনী। তাই তাদের সমরশক্তির ব্যবহার সমরবিদদের জন্যে পথপ্রদর্শক হিসেবে কাজ করছে প্রতিনিয়ত।

সমুদ্র থেকেই যুদ্ধ পরিচালনা করা এবং সেখান থেকেই স্থলভাগে হামলা চালানো "সী-বেইসিং" কনসেপ্টের মূল


“সী-বেইসিং” কি?

স্নায়ূযুদ্ধের সময়ে মার্কিন স্ট্র্যাটেজি যা ছিল, তা এখন অনেক পরিবর্তন হয়েছে। তবে সেটা বোঝার জন্যে কিছু সামরিক চিন্তাধারা সম্পর্কে ধারণা রাখতে হবে। এর মধ্যে একটি হচ্ছে “সী-বেইসিং” (Seabasing), যার অর্থ হচ্ছে – সমুদ্র থেকে যুদ্ধ চালনা। এখানে সমুদ্রই হবে তাদের জন্যে ঘাঁটি। বহুযুগ ধরে মার্কিনীরা সমুদ্রের উপরে নির্ভর করে ভূরাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। স্থলভাগে যেমন কিছুদূর পরপরেই একেক দেশের সীমানা থাকে, যা কিনা গতিরোধ করে বসে, সমুদ্রপথে কিন্তু তা নেই। পৃথিবীর বেশিরভাগ ‘গোলযোগপূর্ণ’ স্থানেই কিন্তু সমুদ্র থেকে পৌঁছানো সম্ভব। আর রাজনৈতিক যোগসাজসে সমুদ্র থেকে অনেক দূরে থাকা দেশেও সমুদ্র থেকে পৌঁছানো সম্ভব – উদাহরণ, আফগানিস্তান। চারিদিকে স্থলসীমানা-বেষ্টিত হওয়া সত্ত্বেও পাকিস্তানের সহায়তায় যুক্তরাষ্ট্র ২০০১ সালে আরব সাগর থেকে আফগানিস্তানে পৌঁছেছিল (অন্য দিক দিয়েও বিমানপথে পৌঁছেছিল); মানে সমুদ্রকে একটা ঘাঁটি বা বেইস হিসেবে ব্যবহার করেছিল। স্নায়ূযুদ্ধের সময়ে এই “সী-বেইসিং” ছিল বড়সড় স্থলযুদ্ধের একটা ‘সাইড-শো’। অর্থাৎ সর্বদাই প্রধান যুদ্ধের পরিকল্পনা ছিল  স্থলভাগের একেবারে অভ্যন্তরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মানী আর স্নায়ূযুদ্ধের সোভিয়েত স্থলশক্তিকে প্রতিহত করার জন্যে স্ট্র্যাটেজি ছিল স্থলমূখী। এই স্ট্র্যাটেজির একটা প্রধান দিক ছিল সারা বিশ্বে বড় বড় সামরিক স্থাপনা। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলির সহায়তায় পৃথিবীর অনেক দেশে তৈরি হয়েছিল এইসব ঘাঁটি। যেকোন যুদ্ধের সময়ে এই ঘাঁটিগুলি ব্যবহার করে তারা সৈন্য সমাবেশ করেছিল, অথবা করার পরিকল্পনা করেছিল। মানে আসল যুদ্ধটা তারা চিন্তা করেছিল ঘাঁটিতে সৈন্য সমাবেশ করার পরে। ১৯৯০-৯১ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ব্যবহার করেছিল ঘাঁটি হিসেবে। সেক্ষেত্রে পারস্য উপসাগরে থাকা মার্কিন নৌশক্তির গুরুত্ব কম না হলেও সৌদি আরবে জমায়েত করা স্থলশক্তির চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল না। স্থলভাগে ঘাঁটির উপরে এই নির্ভরতায় আজ অনেক পরিবর্তন এসেছে, তাই মার্কিন স্ট্র্যাটেজিতেও এসেছে অনেক পরিবর্তন। ‘সাইড-শো’-তে থাকা “সী-বেইসিং” এখন প্রধান ভূমিকায় চলে এসেছে। 

https://c1.staticflickr.com/6/5497/11347590944_0ef3c55841_b.jpg
USNS Spearhead (JHSV-1) নতুন কনসেপ্টের নতুন ডিজাইনের জাহাজ। সমুদ্রের উপর দিয়ে দ্রুত সৈন্য আনানেওয়াতে এক্সপার্ট। সামনের দিনগুলিতে যুদ্ধের প্রকৃতির ধারণা দিচ্ছে এই ধরনের জাহাজগুলি।

নতুন নতুন ডিজাইন

তাহলে “সী-বেইসিং”-এর এই গুরুত্ব বেড়ে যাওয়া কি খুব নতুন কিছু? না, সেটা নয়। গুরুত্ব বাড়ছে স্নায়ূযুদ্ধ শেষ হবার পর থেকেই। কারণ তখন থেকেই ঘাঁটির সংখ্যা কমছে। কিন্তু তারপরেও মার্কিন নৌবাহিনী এমন কিছু জাহাজের ডিজাইন করেছে, বা জাহাজের ডিজাইন টেস্ট করেছে, যেগুলি স্থলভাগের ঘাঁটির উপরে নির্ভরশীল। “হাই-স্পীড ভেসেল” (HSV) নাম দিয়ে এক ধরনের জাহাজ তারা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসলো টেস্ট করার জন্যে। ক্যাটামারান (দুইটা খোল) ধরনের এই জাহাজের মূল দিক ছিল গতি। অত্যন্ত দ্রুত অল্প সংখ্যক সৈন্য মোতায়েনের উদ্দেশ্যে এই জাহাজ টেস্ট করা শুরু হলো। কিন্তু এই জাহাজগুলি মার্কিন নৌবাহিনীর উভচর জাহাজের (এম্ফিবিয়াস জাহাজ) মতো পানিতে ল্যান্ডিং ক্রাফট বা হোভারক্রাফট ছাড়তে পারে না। উভচর জাহাজগুলি যেমন কোন বন্দর ছাড়াই শত্রুপক্ষের সমুদ্রতটে সৈন্য নামাতে পারে, এই নতুন ধরনের ক্যাটামারান জাহাজগুলি কিন্তু সেটা পারে না। হেলিকপ্টারের মাধ্যমে কিছু সংখ্যক সৈন্য তারা উপকূলে অবতরণ করাতে পারলেও, তাদের ভারী যুদ্ধসরঞ্জামগুলি কিন্তু জাহাজেই রয়ে যাবে। সেগুলি মাটিতে নামাতে তাদের খুব কম করে হলেও একটা শক্তসমর্থ জেটি দরকার হবে। অস্ট্রেলিয়া থেকে আনা HSV নামের এই জাহাজগুলি মার্কিন নৌবাহিনী ফেরত দিয়ে দিয়েছে। তবে নিজেদের জন্যে বেশ কয়েকটি বানাচ্ছে তারা। এগুলির নাম এখন পরিবর্তিত হয়ে হয়েছে JHSV, মানে জয়েন্ট-HSV, যা কিনা ম্যারিন, আর্মি, নেভি সকলের দ্বারা পরিচালিত হবে। এই জাহাজগুলি তৈরি করার আপাত অর্থ দাঁড়াচ্ছে যে যুক্তরাষ্ট্র এখনো তাদের সী-বেইসিং স্ট্র্যাটেজির জন্যে স্থলভাগে কিছু বন্দর বা ঘাঁটির উপরে নির্ভরশীল থাকবে। কিন্তু এই অবস্থানের বিরাট পরিবর্তন হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই – আরেকটি জাহাজের ডিজাইনের মাধ্যমে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যত নতুন ধরনের যুদ্ধজাহাজের ডিজাইন করা হয়েছে, তার মধ্যে এই "মোবাইল ল্যান্ডিং প্ল্যাটফর্ম" বা এমএলপি (MLP) একেবারে সন্মুখে থাকবে। এগুলি সমুদ্রে মাঝে একেকটা ঘাঁটি।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যত নতুন ধরনের জাহাজের ডিজাইন করা হয়েছে, তার মধ্যে উপরের দিকে থাকবে “মোবাইল ল্যান্ডিং প্ল্যাটফর্ম” (MLP)। এই জাহাজগুলি সমুদ্রের মাঝে একটা বন্দর। মানে স্থলভাগের সেই ঘাঁটিটি যেখানে নেই, সেখানেও সী-বেইসিং স্ট্র্যাটেজি এপ্লাই করা সম্ভব হবে। কিন্তু সম্ভব হবে বলেই কি এই জাহাজ বানানো? না! ওই যে প্রথমেই বলেছি – তাদের রাজনৈতিক উদ্দেশ্যই তাদেরকে বলে দিচ্ছে যে কি ধরনের নৌবহর লাগবে। তারা বুঝতে পারছে যে কিছুদিন আগ পর্যন্তও স্থলভাগে যে রাজনৈতিক সহায়তা তারা পেয়েছে ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্যে, সেই সহায়তায় সামনের দিনগুলিতে খরা আসছে। আর সামনের দিনগুলি যখন বলবো, তখন কমপক্ষে ২০ থেকে ৩০ বছরের কথা বলছি। কারণ একটা জাহাজ তৈরি করা হয় খুব কম করে হলেও ওই সময় বিবেচনায়, যদি না সেটা কোন বিশ্বযুদ্ধের কথা বিবেচনায় রেখে করা হয় (দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ছয় বছর; এই ছয় বছরেই হাজার হাজার নৌজাহাজের নবীন অবস্থায় সলীল সমাধি হয়েছিল)। এমএলপি নামের এই জাহাজগুলি তৈরি করা হয়েছে অয়েল ট্যাঙ্কারের ডিজানের উপরে। জাহাজের মাঝখানে বিরাট একটা খালি জায়গা রেখে দেয়া হয়েছে পাশে নোঙ্গর করা ট্র্যান্সপোর্ট জাহাজ থেকে সৈন্য ও রসদ নামানোর জন্যে। র‌্যাম্পের মাধ্যমে পাশের জাহাজ থেকে গাড়ি, ট্যাঙ্ক, কামান, রসদ নামানো যায়, যেই জাহাজ কিনা আনলোড করার জন্যে একটা বন্দরের উপরে নির্ভরশীল ছিল। কাজেই একটু আগেই যে জেএইএসভি নামের ক্যাটামারান জাহাজের কথা বলেছিলাম, সেটি কিন্তু এখন ঘাঁটি ছাড়াই সৈন্য নামাতে পারছে। এই এমএলপি জাহাজের ডিজাইন এমনভাবে করা যে তার এক পাশে অন্য জাহাজ থেকে রসদপাতি নামবে, আর অন্য পাশ থেকে হোভারক্রাফট বা অন্য কোন কানেক্টরের (ল্যান্ডিং ক্রাফট, এম্ফিবিয়াস গাড়ি, ইত্যাদি) সাহায্যে রসদপাতি দ্রুত পৌঁছে যাবে উপকূলে। এখন প্রশ্ন হলো, মার্কিন নৌবাহিনীর এম্ফিবিয়াস জাহাজগুলি তো এই কাজটা করতেই পারতো। তাহলে এরকম উদ্ভট পদ্ধতির দরকার কেন হচ্ছে? কারণ এম্ফিবিয়াস জাহাজগুলি অনেক বেশি দামী; একই সাথে সেগুলি এই কাজে অনেক বেশি এক্সপার্টও বটে। যেখানে বেশি শক্তিশালী শত্রু থাকবে, সেখানে দামী এম্ফিবিয়াস জাহাজগুলি যাবে; আর যেখানে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল, সেখানে এই এমএলপি-জেএইচএসভি এবং অনান্য ট্রান্সপোর্ট জাহাজের কম্বিনেশন কাজ করবে। 

জাহাজটাকে খুব একটা আলাদা কিছু মনে হবে না, কারণ এটা একটা ট্র্যান্সপোর্ট জাহাজ। কিন্তু এটার বহণকৃত অস্ত্র এবং রসদের উপরে নির্ভর করেই বড় ধরনের যুদ্ধগুলি হচ্ছে এবং হবে। এধরনের বেশ কিছু জাহাজ (Maritime Pre-positioning Force) স্ট্র্যাটেজিক লোকেশনে অপেক্ষা করছে সেই সময়ের জন্যে।


সামনের দিনগুলি

যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক এসেসমেন্ট বলছে যে সামনের দিনগুলিতে তাদেরকে সমুদ্রের উপরে নির্ভর করে অনেক বেশি সামরিক মিশনে অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে তাদের বর্তমান শক্তিশালী এম্ফিবিয়াস ফোর্সও টানা-হ্যাঁচড়ার মাঝে পড়ে যাবে। এই সমস্যা মোকাবিলায় তারা তাদের বর্তমান কিছু ট্র্যান্সপোর্ট জাহাজ ব্যবহার করতে চাইছে যেগুলি এম্ফিবিয়াস ফোর্সের সাপোর্টে ব্যবহৃত হয়। “ম্যারিটাইম প্রিপোজিশনিং ফোর্স” (MPF) নামে পরিচিত এই জাহাজগুলি পৃথিবীর হাতে গোণা কয়েকটা স্থানে বসে থাকে। যখনই কোন যুদ্ধ আসন্ন হয়, তখন এই জাহাজগুলি সেই অঞ্চলের দিকে ধাবিত হয়। এই জাহাজগুলি সারা বছর নির্দিষ্ট কিছু সামরিক সরঞ্জাম এবং রসদ নিয়ে বসে থাকে। “প্রি-পোজিশনিং”, মানে আগে থেকেই “পজিশনিং” বা প্রস্তুত করে রাখার এই কনসেপ্টকেই আরও কিছুটা টেনে নিয়ে এমএলপি-জেএইচএসভি এবং অন্যান্য জাহাজের সাথে যুক্ত করে আলাদা ধরনের একটা এম্ফিবিয়াস ফোর্স তৈরি করা হচ্ছে। এতে মার্কিন নৌবাহিনী উভচর অপারেশনের দিক থেকে বর্তমানের চাইতে সামনের দিনগুলিতে প্রায় ৫০% বেশি সৈন্য ও রসদ শত্রুর উপকূলে নামাতে পারবে। আর এটা তারা করতে পারছে এম্ফিবিয়াস জাহাজের সংখ্যা ৫০% না বাড়িয়েই। এখানে তাদের এই সক্ষমতা কিন্তু ৫০% বাড়ছে বললেও কমই বলা হবে। কারণ এমএলপি-এর মতো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তারা যেকোন বেসামরিক ট্র্যান্সপোর্ট জাহাজকেও বন্দর ছাড়া আনলোড করতে পারবে। আর অনেকেই হয়তো জানেন না যে মার্কিনীরা বহুকাল ধরেই তাদের রিটায়ার করা বহু সামরিক এবং বেসামরিক জাহাজ রিজার্ভে রেখে দেয় বছরের পর বছর। “নেভি রিজার্ভ ফ্লীট”-এ থাকে সামরিক জাহাজ, আর “ন্যাশনাল ডিফেন্স রিজার্ভ ফোর্স” (NDRF)-এ থাকে বেসামরিক ট্র্যান্সপোর্ট জাহাজ। ন্যাশনাল ইমার্জেন্সির সময়ে এই জাহাজগুলি ব্যবহার করা হয়। সাধারণ সময়ে রিকুইজিশন করে বেসামরিক জাহাজ ব্যবহার করা হলেও কিছু ক্ষেত্রে সেটা করা সমীচিন হয় না। আর তাই যুক্তরাষ্ট্র কিছু কিছু জাহাজ ৫০ বছরেরও বেশি সময় ধরে রিজার্ভে রেখে দিয়েছে – কোন একদিন ব্যবহার হতে পারে বলে। রিজার্ভে থাকা শতশত এইসব জাহাজ এমএলপি জাহাজের পাশে নোঙ্গর করতে পারবে তাদের রসদ নিয়ে। “সী-বেইসিং” কনসেপ্টের পুরোপুরি সদ্যবহার আমরা সামনের দিনগুলিতে দেখতে যাচ্ছি। যদিও যুক্তরাষ্ট্র তাদের রিজার্ভে রাখা জাহাজের সংখ্যা স্নায়ূযুদ্ধের সময়ের চাইতে অনেক কমিয়ে দিয়েছে, তারপরেও এই ধরনের সক্ষমতা থাকাটা ন্যাশনাল ইমার্জেন্সির সময়ে অনেক বড় ব্যাপার হবে। 

USS Independence (LCS-2)... "লিটোরাল কমব্যাট শিপ"... এই ধরনের জাহাজগুলি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ফ্রিগেটগুলিকে সরিয়ে দিচ্ছে। আর আমরা এখনো ফ্রিগেট/কর্ভেট/ডেস্ট্রয়ারের ক্লাসিফিকেশন নিয়ে ব্যাস্ত

USS Zumwalt (DDG-1000)... "সী-বেইসিং" কনসেপ্ট-এর সবচাইতে শক্তিশালী অংশগুলির মধ্যে একটি হবে এটি। নিজেদের জাহাজের নিরাপত্তা দেবার চাইতে শত্রুর উপকূল ধ্বংসস্তূপে পরিণত করাই এর প্রধান দায়িত্ব!


ক্যাটেগরির যুদ্ধ!

এমএলপি-এর পরের দিকের জাহাজগুলির উপরে আবার হেলিকপ্টার ডেকও দেওয়া হয়েছে। কমান্ড এন্ড কন্ট্রোলের জন্যে কিছু ফ্যাসিলিটিও দেওয়া হয়েছে। এখন এই জাহাজগুলি সমুদ্রে ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে। এই ভাসমান ঘাঁটিগুলি শত্রুর উপকূল থেকে খুব একটা দূরে থাকবে না। কাজেই এই জাহাজগুলিকে উপকূল থেকে আক্রমণ করা বিমান, জাহাজ এবং মিসাইল থেকে বাঁচানোর প্রশ্ন আসবে। এয়ার ডিফেন্সের কাজ বিমানবাহী জাহাজ, ডেস্ট্রয়ার এবং এম্ফিবিয়াস এসল্ট শিপ করবে। তবে স্বল্প গভীরতার পানিতে শত্রুর দ্রুতগামী জাহজগুলিকে মোকাবিলার জন্যে তৈরি হচ্ছে “লিটোরাল কমব্যাট শিপ” (LCS)। এই জাহাজগুলি তৈরি করাই হয়েছে অল্প গভীরতার পানিতে ছোট সাইজের জাহাজের সাথে যুদ্ধ করার জন্যে। জুমওয়াল্ট-ক্লাসের “ডেস্ট্রয়ার”গুলি তৈরি করা হয়েছে সমুদ্রে দাঁড়িয়ে থেকেই স্থলভাগ ধ্বংসস্তূপে পরিণত করার জন্যে। স্নায়ূযুদ্ধের ডীপ-সী ফাইটিং স্ট্র্যাটেজি এখন আর নেই। 

যারা যুদ্ধজাহাজের ক্যাটেগরি নিয়ে মারামারি করছেন, তারা কতটা ছেলেখেলায় মেতেছেন, এই আলোচনার পরে আশা করি বুঝতে পারবেন। MLP, JHSV, LCS এরকম আরও কত্ত কতো ব্র্যান্ড নিউ ক্যাটেগরি তারা এখন তৈরি করছে। বাংলাদেশ নৌবাহিনীর জন্যে যখন দুর্জয়-ক্লাস জাহাজগুলি তৈরি করা হচ্ছিলো, তখন অনেকে অনেকভাবে এই জাহাজগুলিকে কোন একটা ক্যাটেগরিতে ফেলতে চাচ্ছিলেন, যেই ক্যাটেগরিগুলি আমেরিকান এবং ব্রিটিশরা তৈরি করেছিল। ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কর্ভেট, স্লুপ, ফ্রিগেট এবং আরও অনেক ধরনের জাহাজ তৈরি করেছিল ট্র্যান্সপোর্ট কনভয়গুলিকে এসকর্ট করার জন্যে। আমেরিকানরা প্রথম তৈরি করেছিল ল্যান্ডিং শিপ, যেটা তৈরি করতে মার্কিন নৌবাহিনীর সংবিধান পরিবর্তন করতে হয়েছিল (জাহাজ মাটিতে উঠালে কোর্ট মার্শাল হবার কথা; কিন্তু ল্যান্ডিং শিপ তো বানানোই হয়েছিল মাটিতে উঠানো জন্যে)। কিন্তু যখন এই বৃহত শক্তিরা নিজেরাই এই ক্যাটেগরিগুলি ফেলে দিয়ে নতুন ক্যাটেগরি বানাচ্ছে, তখন আমাদের কি বোঝা উচিত নয় যে – নিজেদের দরকারে আসলে অন্যের ক্যাটেগরি দিয়ে কাজ হয় না? নিজের ক্যাটেগরি নিজেরা তৈরি করার মাঝেই নিজেদের স্বাধীন চিন্তার বহিঃপ্রকাশ।

Monday, 5 January 2015

লুঙ্গি, গামছা এবং ব্র্যান্ডিং বাংলাদেশ

০৬ ডিসেম্বর ২০১৪

ফিজি-এর অভ্যুত্থানের নেতা জর্জ স্পেইট এবং তার সহযোগী। স্যুটের সাথে ঐতিহ্যবাহী পোষাক পড়াটা দেশের ব্র্যান্ডিং-এর একটা উদাহরণ




জর্জ স্পেইট নামে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ফিজির এক ব্যক্তি অভ্যুত্থান করে বসেন ২০০০ সালে। বহু দূরের ছোট্ট একটা দ্বীপে প্রায় ১৫ বছর আগে ঘটে যাওয়া এই ঘটনাটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না ঠিকই, কিন্তু একটা ব্যাপার আমার মনে দাগ কেটেছিল – তাঁর পোষাক। লোকটা স্যুট-টাই পড়তেন ঠিকই, কিন্তু তারই সাথে প্যান্টের বদলে লুঙ্গির মতো একটা কাপড় পড়তেন, যেটা পুরো গোড়ালি পর্যন্ত পৌঁছতো না। এটা ফিজি-এর ঐতিহ্যবাহী পোষাক; বেশিরভাগ মানুষই পড়ে সেটা। তবে এখানে ব্যাপার হচ্ছে, জর্জ স্পেইট বা তাঁর মতো অন্যান্য মানুষেরা সেটা অফিশিয়াল ড্রেস হিসেবে পড়ছেন; শুধু শখে নয়। অতো দূরে যাওয়ার তো দরকার নেই; এই ব্যাপারটা আমরা আমাদের প্রতিবেশী ভারতেই দেখতে পাই। পারমাণবিক শক্তিধর ভারতের অনেক রাজনীতিবিদেরাই তাঁদের ঐতিহ্যবাহী পোষাক পরিধান করে থাকেন। ঐ পোষাকে তাঁরা অফিশিয়াল মিটিং-ও করেন। মার্কেটিং-এর ছাত্র হওয়ায় এবং মার্কেটিং রিসার্চে ক্যারিয়ার করার সুবাদে আমি এই পোষাকের মাঝে মার্কেটিং-এর ভেতরের উচ্চ চিন্তার একটা বিষয়ের গন্ধ পাই, যেটা হলো – ব্র্যান্ডিং। 

 "বাংলাদেশ - ল্যান্ড অব স্টোরিস" - বাংলাদেশকে ব্র্যান্ডিং-এর জন্যে সুন্দর একটা বিজ্ঞাপণ এটি। কিন্তু ব্র্যান্ডিং-এর জন্যে বিজ্ঞাপণ ছাড়াও আরও কিছু জিনিস লাগবে

শুধু বিজ্ঞাপণে চলবে না!

বাংলাদেশকে ব্র্যান্ডিং করার কতো প্রয়াসই না আমাদের চোখে পড়েছে বিগত বছরগুলিতে, যদিও তার সাফল্য নিয়ে প্রশ্ন রয়েই গেছে। এই সাফল্য শুধু ছোটখাটো কিছু ব্র্যান্ডিং চেষ্টায় বেশিদূর এগুবে না। এক্ষেত্রে দরকার দেশের প্রতিটি মানুষের একাত্মতা। ব্যাপারটা বোঝার সবচাইতে সহজ উদাহরণ হলো – দশজন মানুষের চিতকার একজন মানুষের চিতকারের চেয়ে বেশি জোরে হবে; তাই দেশের মার্কেটিং করার জন্যে যতো বেশি মানুষ পাওয়া যাবে, ততোই ভালো। তবে এখানে ব্র্যান্ডিং এলিমেন্ট-গুলি অনুধাবন করার বিষয় রয়েছে। যেগুলি জিনিস শুধুমাত্র আমাদের, শুধু সেগুলিই ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে এগিয়ে থাকবে। আবার কিছু জিনিস পুরোপুরি আমাদের একার না হলেও আমাদের বাংলাদেশ ব্র্যান্ডের সাথে যায়; সেগুলিও গুরুত্ব পাবে। শুধু কক্সবাজার, সুন্দরবন, পার্বত্য জেলা আর চা বাগান নিয়ে থাকলেই হবে না; আরও ব্র্যান্ড এলিমেন্ট চাই। তবে আমি আজকের এই আলোচনায় সব ব্র্যান্ড এলিমেন্টের লিস্ট নিয়ে বসবো না; বরং কিছু পথ বাতলে দেবো, যেখানে দৃষ্টি সহজে যায় না। একটা দেশের ব্র্যান্ডিং আরেক দেশে কি করে করা হয়, সেটা বুঝতে হবে। ব্র্যান্ডিং বাংলাদেশ কি শুধু পর্যটনের জন্যে? একটু চিন্তা করে দেখুন তো। এক নিঃশ্বাসে বলতে বললে কোন কোন দেশের নাম প্রথমেই আপনার মনে আসে? পজিটিভ চিন্তা নিয়ে কোন কোন দেশের নাম প্রথমে আসে মনে? এবার মনে করে দেখুন তো, এই দেশগুলির কয়টি দেশের পর্যটন-ভিত্তিক বিজ্ঞাপণ আপনি দেখেছেন? যদি আমার এই লেখাগুলি পড়তে পড়তে এই প্রশ্নগুলি মনে মনে আউড়িয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে দেশের ব্র্যান্ডিং শুধুমাত্র বিজ্ঞাপণ তৈরি করে হবে না। আরও কিছু লাগবে; সেই কথাতেই আসছি। 

http://www.gopixpic.com/1024/levis-jeans-wallpaper/http:||www*bollywoodmantra*com|albums|wallpapers|levis-501-jeans|akshay-kumar___48543*jpg/
বলিউড তারকা অক্ষয় কুমার লিভাইজ জিন্সের বিজ্ঞাপণে। লিভাইজ জন্ম দিয়েছে এমন একটা সংস্কৃতির, যা একসময় এদেশে ছিল না।


ব্র্যান্ডটা কার, আর প্রডাক্টটাইবা কার?

ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে আর কাউকে দেখানো দুষ্কর। তারা তাদের দেশের নাম দিয়ে দেশের মার্কেটিং করেনি; করেছে তাদের দেশ থেকে উতপন্ন ব্র্যান্ড দিয়ে। উদাহরণস্বরূপ – কোকা-কোলা, হলিউড, ম্যাকডোনাল্ডস, নাইকি, লিভাইজ, প্লেবয়, মাইক্রোসফট, ইন্টেল, এপল, আইবিএম... আরও অনেক আছে। তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো এখানে বেশিরভাগ ব্র্যান্ডই হচ্ছে লাইফস্টাইল ব্র্যান্ড, মানে অত্যাবশ্যকীয় পণ্যের ব্র্যান্ড নয়। কিন্তু এই ব্র্যান্ডগুলি এতটাই সাফল্য পেয়েছে যে মানুষের জীবনের অত্যাবশ্যকীয় সঙ্গী হয়ে গেছে। এখানে লাইফস্টাইলের কথা যখন বলছি, তখন ব্র্যান্ডের কার্যকলাপকে আরও একটু ভালো করে বিশ্লেষণের ব্যাপার রয়েছে। এখানে প্রতিটি ব্র্যান্ডই কিছু নির্দিষ্ট লাইফস্টাইল মানুষের সামনে নিয়ে এসেছে, যেগুলি এই ব্র্যান্ডগুলির সংস্পর্শে আসার আগে মানুষ জানতো না। যেমন কোকা-কোলা নিয়ে এসেছে সফট ড্রিংকস; ম্যাকডোনাল্ডস নিয়ে এসেছে ফাস্ট ফুড; লিভাইজ নিয়ে এসেছে জিন্স। এখন আমরা এই লাইফস্টাইলগুলিকে নিয়ে যদি একটু ঘাটাঘাটি করি, তাহলে দেখবো যে এই নতুন লাইফস্টাইলগুলি কিছু পুরোনো লাইফস্টাইলকে সড়িয়ে দিয়ে সেগুলির জায়গা দখল করেছে। যেমন, বিভিন্ন ধরনের পানীয় এবং শরবতের জায়গা দখল করেছে সফট ড্রিঙ্কস-এর বোতল; নাস্তা-জাতীয় বেশকিছু খাবারের জায়গা দখল করেছে ফাস্ট ফুড; আর বেশ অনেক ধরনের পরিধেয় কাপড়ের স্থলাভিষিক্ত হয়েছে জিন্স। এই সবগুলি লাইফস্টাইল প্রডাক্টই কিন্তু আমেরিকান; কিন্তু এখন দুনিয়ার সকলে নিজের মনে করে নিয়েছে। এই প্রডাক্টগুলির মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেদের ব্রান্ডিং করেছে এবং বাকি বিশ্বের সাথে তাদের সংস্কৃতিগত দূরত্ব কমানোর চেষ্টা করেছে। তারা নিজেরা বাকি দুনিয়ার সকলের সাথে মিশে যাবার চেষ্টা করেনি, বরং এই শক্তিশালী ব্রান্ডিং-এর মাধ্যমে বাকি বিশ্বকেই বাধ্য করেছে তাদের সাথে মিশে যেতে। আর এই প্রসেস যুগ যুগ ধরে চলেছে, তাই বেশিরভাগ মানুষের চোখেই পড়েনি। প্রতিটি দেশের বাজারেই এই প্রডাক্টগুলির অনেক লোকাল ব্রান্ড রয়েছে, তাই অনেকেই মনে করতে পারেন যে একই জিনিস তো আমরাও তৈরি করছি; আমাদেরই তো ব্রান্ডিং হচ্ছে। কিন্তু ভুলে গেলে চলবে না যে খোদ প্রডাক্টটাই যে আমেরিকার!

উদাহরণ চাই

যুক্তরাষ্ট্রকে বিষোগদার করার জন্যে আজকে লিখছি না। বরং নিজেদের ব্রান্ডিং-এর ক্ষেত্রে ওদের থেকে কিছু শেখার রয়েছে কিনা, সেটাই আজকের বিষয়। উপরে যে প্রডাক্টগুলির কথা বলেছি, সেখানে কিন্তু উল্লেখ করেছি যে এই প্রডাক্টিগুলি পুরোনো কিছু প্রডাক্টকে বাজার থেকে সড়িয়ে দিয়েছে। এই সড়ে যাওয়া প্রডাক্টগুলি বেশিরভাগক্ষেত্রেই একেকটি দেশের ঐতিহ্যবাহী প্রডাক্ট, যেগুলি নিজেদের ব্রান্ডিং-এর ক্ষেত্রে অমূল্য সম্পদ হতে পারতো। এখন নিশ্চয়ই বোঝাতে পারছি কেনো উপরের লেখাগুলি লিখেছি। পশ্চিমা ধাঁচের কাপড়ের উপরে আমরা এতটাই নির্ভরশীল হয়ে পড়ছি যে একসময় দেশের বাইরে থেকে কেউ আসলে তাকে আমরা বোঝাতেই পারবো না যে আমাদের নিজস্ব কোন পরিধেয় কাপড় একসময় ছিল! চিন্তা করে দেখেছি কি যে লুঙ্গি, গামছা, শাড়ী – এগুলি এখন শহরের কত শতাংশ মানুষ নিয়মিত পড়ে? কত শতাংশ মানুষ বাড়িতে বা বাইরে পড়ে? আর কত শতাংশ মানুষ অফিশিয়ালি পড়ে? অফিশিয়াল ড্রেস হিসেবে মহিলাদের মাঝে অনেকেই এখনো শাড়ী পড়ে থাকেন। আমাদের রাজনৈতিক নেত্রীরাও শাড়ী পড়েন। কিন্তু কয়জন পুরুষ রাজনীতিককে দেখেছেন লুঙ্গি-পাঞ্জাবি পরিধান করে অফিসে যেতে? জর্জ স্পেইট এবং তাঁর মতো অনেকেই নিজের দেশের ব্র্যান্ডিং-এর চলমান উদাহরণস্বরূপ। এই উদাহরণ তৈরি করতে যে সাহসটুকু প্রয়োজন, সেটা আমাদের নেতৃবর্গের আছে কি?

ভারতীয় ডিওডোরেন্টের বিজ্ঞাপণগুলি এখন অন্য ধরনের লাইফস্টাইলের দিক নির্দেশনা দিচ্ছে।


আগে ব্র্যান্ড এলিমেন্ট, তারপরে ব্র্যান্ডিং

আমেরিকাকে উদাহরণ হিসেবে নিয়ে আমাদের এখানে ব্র্যান্ডিং করছে আমাদের বৃহত প্রতিবেশী ভারত। তারা তাদের সংস্কৃতির মার্কেটিং করছে বেশ কিছু প্রডাক্টের মাধ্যমে, যেমন বলিউড, টিভি সিরিয়াল, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ক্রীম, হেয়ার অয়েল, ডিওডোর‌্যান্ট, মোবাইল ফোন, ইত্যাদি। এই প্রতিটি প্রডাক্টই কিন্তু আমাদের দেশের লোকাল ব্র্যান্ডগুলির রয়েছে। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যে লাইফস্টাইলটা প্রমোট করা হচ্ছে সেটা। আমাদের দেশের ব্র্যান্ডগুলির মেসেজ সেই লাইফস্টাইল থেকে অনেক অনেক দূরে। আর এই প্রডাক্টগুলির বেশিরভাগেরই মার্কেট লীডার হচ্ছে ভারতীয় ব্রান্ড অথবা মাল্টিন্যাশনাল ব্র্যান্ড, যেগুলির মূল মার্কেটিং মেসেজ ঠিক করা হয় ভারতে। ডাবিং করা এবং অতি ঘন ঘন প্রচার করা এই এডভার্টাইজমেন্টগুলিতে এমন ধরনের লাইফস্টাইল পোমোট করা হয়, যেগুলি আমাদের দেশের ১% মানুষের মাঝেও পাওয়া যাবে না। এখানে একটা কথা না বললেই নয়। এই প্রডাক্টগুলি সবই কিন্তু লাইফস্টাইল প্রডাক্ট। বেশিরভাগ অত্যাবশ্যকীয় প্রডাক্টে কিন্তু বাংলাদেশী ব্র্যান্ডগুলিই বেশি ভালো করছে। আবার কিছু প্রডাক্ট রয়েছে এশীয় দেশগুলির দখলে –যেমন জাপান, চীন, কোরিয়া, মালেশিয়ার মতো দেশের ব্র্যান্ডগুলি। এগুলি কিন্তু এমন ধরনের ব্র্যান্ড, যা খুব সহজে মানুষের মানষিকতায় পরিবর্তন আনতে পারবে না। তার মানে এসব দেশের ব্র্যান্ডগুলির ক্ষেত্র শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ। বাংলাদেশের মানুষের লাইফস্টাইলে সেগুলির ছাপ কমই। অর্থাৎ আমাদের দেশের ঐতিহ্যবাহী ব্র্যান্ড এলিমেন্টগুলির অপেক্ষাকৃত কম ক্ষতি করেছে এই এশিয়ান ব্র্যান্ডগুলি। ব্র্যান্ডিং-এর এই বিষয়গুলি বুঝে উঠতে পারলে তবেই কিন্তু আমরা নিজেদের ব্র্যান্ড এলিমেন্ট নিয়ে মার্কেটিং-এ নামতে পারবো। আগে রক্ষা করতে হবে ব্র্যান্ড এলিমেন্টগুলিকে, তারপরে ব্র্যান্ডিং! বিলুপ্তপ্রায় ব্র্যান্ড এলিমেন্ট নিয়ে বাংলাদেশ ব্র্যান্ডিং এগুবে না। 

 বলার মতো একটা বিজ্ঞাপণ প্রচার করেছে আমানত শাহ লুঙ্গি। দেশের নিজস্ব ব্র্যান্ড এলিমেন্টগুলি টিকিয়ে রাখতে মেধার সমন্বয় ঘটাতে হবে

আশা, নাকি নিরাশা?

আমানত শাহ লুঙ্গির একটা বিজ্ঞাপণের কথা মনে পড়ে গেল। আমি সাধুবাদ জানাই সেই কোম্পানি এবং এডভার্টাইজিং এজেন্সি দু’টোকেই। আবার অন্যদিকে ভারতে ‘লুঙ্গি ড্যান্স’-এর মতো ফালতু একটা সিনেমার গানের মাধ্যমে আমাদের লুঙ্গি হারাবার একটা শঙ্কাও কিন্তু তৈরি হয়েছে। খেলাধূলার ক্ষেত্রেও অবস্থা ভালো নয়। কাবাডি যে আমাদের জাতীয় খেলা, সেটা কয়জনের মনে আছে? ক্রিকেট আমাদের খেলা নয়, তবু বহু যুগে খেলতে খেলতে নিজেদের খেলা হয়ে গেছে। আর ক্রিকেটে চিয়ার লীডার এবং বেইসবল ক্যাপের গুরুত্ব এখনো খুব বেশি নয়। খেলা ছেড়ে যাই খাবারে। ব্রিটিশরা চা খাওয়ানো শিখিয়েছিল আমাদের। কিন্তু আমেরিকার কফি সংস্কৃতি ব্রিটিশ এই সংস্কৃতিকে ধরলো বলে। চা আমাদের প্রডাক্ট না হলেও আমরা চা উতপাদন করি; আর অন্যদিকে কফি পুরোটাই আমদানি নির্ভর। একসময় দেশের মানুষ সরিষার তেলে রান্না করতো। কিন্তু কিভাবে যে আমেরিকান সয়াবিনের প্রতি বাঙ্গালীর আসক্তি হয়ে গেল। এখন আবার সয়াবিনের দুষ্প্রাপ্যতার কারণে আমদানী করা পাম তেলকেই আমাদের সয়াবিন বলে খাওয়ানো হচ্ছে। খাওয়া ছেড়ে যানবাহনের ক্ষেত্রে গেলে দেখি যে, বাংলাদেশের একেবারেই নিজস্ব বাহন রিক্সার শেষ দিনগুলিও এখন গুনতে হচ্ছে। তবে সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে আমাদের ভাষা। বাংলা ভাষাকে আমরা এখনো বলার মতো কোন উচ্চতায়ই নিয়ে যেতে পারিনি। বাংলা ভাষায় এখনো আমরা টেকনিক্যাল ফিল্ডের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার) জন্যে উচ্চশিক্ষার বই লিখতে পারিনা। অথচ পূর্ব এশিয়ার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই পুরোপুরি নিজেদের ভাষায় পড়াশুনা করা যায়। এমতাবস্থায় হিন্দি এবং ইংরেজীর সাথে বাংলা কতটুকু পেরে উঠবে, সেটা চিন্তার বিষয়ই বৈকি। অথচ এই ভাষার নাম এই দেশের নামেরই অর্ধাংশ! এত কিছুর পরেও আমি আশাবাদী। এদেশের তরুন প্রজন্ম অনেক প্রতিভাবান। তবে তাদেরকে মুক্ত চিন্তা করতে দিতে পারলেই কেবল তারা তাদের প্রতিভাকে দেশের ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে কাজে লাগাতে পারবে, নইলে নয়। কাজটা সহজ মনে হলেও, বাস্তবে ভীষণ কঠিন! এত্তো এত্তো ব্র্যান্ডিং মেসেজের মাঝে মুক্ত চিন্তার সুযোগ কোথায়?

কিছুদিন আগে ডক্টর জিল্লুর রহমানের একটা আর্টিকেল পড়ছিলাম, যেখানে তিনি ইলিশকে বাংলাদেশের ব্র্যান্ডিং-এর বেশ বড় একটা এলিমেন্ট হিসেবে দেখেছেন। আমি তাঁর সাথে একমত। তবে ইলিশের সাথে আরও একটা বড় ব্র্যান্ডিং এলিমেন্ট আছে, যেটি চোখে পড়ে না। ইলিশ কিন্তু কাঁটা-চামচ দিয়ে খাবার জিনিস নয়; কব্জি ডুবিয়ে খেতে হবে। বাঙ্গালীর ঐতিহ্য কিন্তু কব্জি ডুবিয়ে খাওয়া; কাঁটা-চামচ দিয়ে খাওয়া নয়। কাজেই যে মানুষটি কব্জি ডুবিয়ে খেতে পছন্দ করেন, এবং বিদেশীদের সাথে মিটিং-এ লুঙ্গি-গামছা-পাঞ্জাবী পড়েন, তার ক্ষেত্রে বিদেশী শক্তিদের ধারণা অন্যরকম থাকবে। তারা ধরেই নেবেন, যে ব্যক্তিকে এত্তো এত্তো ব্রান্ডিং মেসেজ দেবার পরেও তাঁর ঐতিহ্য থেকে সড়াতে পারা যায়নি, তাকে আর যাই হোক খুব সহজে কিনে ফেলা যাবে না!

Tuesday, 23 December 2014

রাইজিং সান ওভার দ্যা ইন্ডিয়ান ওশান!

২৪ ডিসেম্বর ২০১৪

বিখ্যাত মানুষের ছেলেমেয়েদের মানুষ হতে না পারার উদাহরণ অনেক আছে। কিন্তু শিক্ষিত মানুষেরা সাধারণত তাদের সন্তানদের স্বল্পশিক্ষিত করে রাখতে চান না। এই ব্যাপারটা যখন পুরো সমাজের মাঝে সঞ্চালিত হয়, তখন দেখা যায় যে একটা শিক্ষিত সমাজের মাঝে জন্ম নেয়া শিশুরা সবাই ভালো শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ঠিক একইভাবে, সমাজের সর্বোচ্চ শিক্ষার পরিধি যখন বেশ সমৃদ্ধ হয়, তখন সেই সমাজে জন্ম নেয়া এবং শিক্ষা নেয়া মানুষের শিক্ষার পরিধিও বাড়ে। উর্ধগামী একটা সমাজে জন্মানো শিশুরা উর্ধে ওঠার জন্যেই প্রস্তুতি নিতে থাকে। যেই সমাজ সর্বদা নতুন আবিষ্কারের মাধ্যমে নিজেদের জীবনব্যবস্থাকে উন্নত করেছে, সেখানে উন্নতির মাপকাঠি সবসময় উর্ধগামী হবে, সেটাই স্বাভাবিক। এক জিনিশ দু'বার আবিষ্কার করার দরকার হয় না; একবার করা হলে পরমুহূর্ত থেকেই সেটার উন্নততর কিছু একটা তৈরির জন্যে গবেষণা শুরু হয়ে যায়। এভাবে সমাজে জ্ঞানের পরিধি দিন দিন বাড়তেই থাকে। আর একবার একটা পর্যায়ে পৌঁছে যাবার পরে পিছনে আর ফিরে তাকাতে হয় না। এই জ্ঞানের পরিধি একেকটা সমাজের ক্ষেত্রে একেক রকম বলেই কেউ এগিয়ে অথবা কেউ পিছিয়ে আছে। আর যে একবার এগিয়ে যায়, তাকে নতুন করে কিছু উদ্ভাবন করতে হয় না। যুদ্ধ-বিগ্রহ বা প্রাকৃতিক দুর্যোগে পিছিয়ে পড়লেও সেখানে জ্ঞানের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে না। দুর্যোগের পরপরই আবারো ঠিক যেখানে থেমেছিল, সেখান থেকেই শুরু হয় তাদের জ্ঞানের অগ্রযাত্রা। সমাজের চিন্তাধারার ক্ষেত্রেও এই ব্যাপরটাই হয়। একবার এগিয়ে গেলে কেউ পিছনে ফিরে যেতে চায় না; এটাই নিয়ম। এতগুলি কথা কেন লিখলাম? এখন সে কথাতেই আসি।


আইজেএন হোসো তৈরি হয় ১৯২২ সালে। জাপানের তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ। তখনকার সময় এই জাহাজ প্রমাণ দিয়েছিল জাপান কতদূর এগিয়েছে। বহুবছর এধরনের জাহাজ বানাবার চর্চা না থাকলেও এই জ্ঞান একেবারে গিলে ফেলার নয়।

৯০ বছরের ইতিহাস

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিরা আমেরিকা এবং তার মিত্রদের কাছে হেরে গিয়েছিল। যুদ্ধের আগেই অনেকেই প্রশ্ন তুলেছিল যে আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল পাওয়ারকে জাপানের পক্ষে টেক্কা দেওয়া সম্ভব ছিল কিনা। জাপানি নৌবাহিনী প্রধান ইসোরোকু ইয়ামামোতো নিজেই বিশ্বাস করেননি যে জাপান আমেরিকাকে যুদ্ধে হারাতে পারবে। তবু সেই যুদ্ধে অবতীর্ণ হবার আগে জাপান তাদের জ্ঞান-বুদ্ধির ক্ষেত্রে একটা পর্যায়ে পৌঁছেছিল, যেটার উপরে ভর করেই তারা সাহস পেয়েছিল আমেরিকার মতো সম্পদশালী দেশের বিরূদ্ধে যুদ্ধ শুরু করার। সম্পদের ক্ষেত্রে ঘাটতি থাকলেও সেসময় জ্ঞান-বুদ্ধিতে জাপানিরা আমেরিকা থেকে খুব বেশি একটা পিছিয়ে ছিল বললে ভুল হবে। জাপানি রাজকীয় নৌবহরের প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ 'আইজেএন হোশো' অপারেশনে আসে ১৯২২ সালে। মার্কিন প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ 'ইউএসএস ল্যাংলি' সার্ভিসে আসে ১৯২০ সালে। ১৯১২ সালে ল্যাংলি তৈরি হয়েছিল কয়লাবাহী জাহাজ হিসেবে; পরে সেটাকে বিমানবাহী যুদ্ধজাহাজে রূপ দেওয়া হয়। অন্যদিকে হোসো প্রথম থেকেই ডিজাইন করা হয়েছিল বিমানবাহী যুদ্ধজাহাজ হিসেবে। ব্রিটিশদের প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ 'এইচএমএস আর্গাস' অপারেশনাল হয়েছিল ১৯১৮ সালে। সেসময় এ ধরনের জাহাজ ছিল এই দেশগুলির জ্ঞান-বুদ্ধির শিখরের প্রমাণ। ব্যাপারটা আজও তাই। প্রযুক্তি এবং জ্ঞানের একটা পর্যায়ে পৌঁছাতে না পারলে এধরনের জাহাজ তৈরির চিন্তা করাটাই কঠিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রমাণ করেছিল যে এধরনের জাহাজ সাম্রাজ্যবাদী শক্তি প্রদর্শনে কতটা অপরিহার্য। আর একারণেই যুদ্ধে হেরে যাবার পরে জাপানিদের এধরনের জাহাজ বানানোর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা ছিল। আমেরিকানরা জাপানিদের সংবিধান তৈরি করে দিয়েছিল এই ব্যাপারগুলিকে মাথায় রেখেই। তারা জানতো যে জ্ঞান-বুদ্ধিতে জাপান এমন একটা পর্যায়ে উঠে গেছে যে আটকে রাখা না হলে খুব শিগগিরই জাপানি ডকইয়ার্ডগুলি আবারো বিমানবাহী জাহাজ তৈরি শুরু করবে। জাপানিরা আরেকটা যুদ্ধ চায়নি বলেই আমেরিকানদের তৈরি করা সংবিধান মেনে চলেছে এতকাল।

জাপানি নৌবহরের ১৪,০০টনের 'ওসুমি-ক্লাস'-এর এই জাহাজগুলি প্রথম জানান দেয় জাপানের 'যুদ্ধ-বিরোধী' সংবিধানের অবাস্তবতার
সাংবিধানিক পরিবর্তন

সোভিয়েত রাশিয়ার সাথে স্নায়ু যুদ্ধের সময়ে জাপান তাদের প্রতিরক্ষার জন্যে আমেরিকার উপরেই নির্ভর করেছে। প্রশান্ত মহাসাগরে মার্কিন সেনা, নৌ, বিমান ও ম্যারিন বাহিনীর প্রধান ঘাঁটি জাপানেই। শীতল যুদ্ধের পর থেকে আমেরিকানরা পৃথিবীর অন্যান্য স্থানে - প্রধানত মধ্যপ্রাচ্যে - বেশি ব্যস্ত হয়ে যাওয়ায় জাপান থেকে তাদের সামরিক বাহিনীর বেশিরভাগটাই সরিয়ে নিয়েছে; এখনো নিচ্ছে। তারা পরিবর্তিত বিশ্বে জাপানকে তাদের নিরাপত্তার অংশীদার মেনে নিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানকে আরও বেশি সক্রিয় হবার পেছনে মত দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপাখ্যান ভুলে তারা আন্তর্জাতিক রাজনীতিতে জাপানকে আরও বেশি অগ্রগামী ভূমিকা নিতে বলছে। শীতল যুদ্ধের পর থেকে এই অঞ্চলে মার্কিন নীতিতে চীনের গুরুত্ব বেড়ে যাওয়ায় জাপানের সাহায্য মার্কিনীদের জন্যে অপরিহার্য হয়ে পড়েছে। আর সারা বিশ্বে সন্ত্রাসবিরোধী যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সীমিত সম্পদের উপরে যে চাপ পড়েছে, সেটা কমিয়ে কমিয়ে আনতেও জাপানের সক্রিয় হাত দেখতে চাইছে যুক্তরাষ্ট্র। এই সক্রিয়তার অংশ হিসেবে জাপান তাদের 'প্যাসিফিস্ট' সংবিধানে পরিবর্তন আনতে পিছপা হচ্ছে না। এই পরিবর্তন কারো কারো কাছে দরকারী মনে হলেও প্রতিবেশী চীন এবং কোরিয়াকে তাদের বিশ্বযুদ্ধের ক্ষত মনে করিয়ে দিচ্ছে।

১৯,০০০টনের ‘হাইয়ূগা-ক্লাস’-এর দু’টি জাহাজ তৈরি করার সময় অনেকেই আওয়াজ তুলেছিলেন, কিন্তু জাপানি নৌবাহিনী কথার মারপ্যাঁচে বেরিয়ে গিয়েছে আবারো

চুপি চুপি যা হয়েছে

সংবিধানের পরিবর্তন তো মাত্র হলো। এর আগের কিছু ব্যাপার উল্লেখ না করলেই নয়। যে বিমানবাহী যুদ্ধজাহাজের কথা দিয়ে আলোচনার শুরু, সেই বিমানবাহী যুদ্ধজাহাজেই ফেরত যাচ্ছি। এই ধরনের জাহাজ একটা 'এগ্রেসিভ প্ল্যাটফর্ম' হিসেবে পরিচিত। সাধারণত দূরদেশে যুদ্ধ করার দরকার হয় যাদের, তাদেরই এধরনের জাহাজের প্রয়োজন বেশি। তার মানে হলো, যাদের আন্তর্জাতিক নীতি যতটা এগ্রেসিভ, বিমানবাহী যুদ্ধজাহাজের প্রয়োজনীয়তাও তাদের কাছে বেশি। পাওয়ার প্রজেকশনের এটা মোক্ষম অস্ত্র। এক্ষেত্রে অর্থনীতি অবশ্য বড় একটা ভূমিকা রাখে, কারণ এই ধরনের জাহাজ যথেষ্ট দামী। আর এগুলিকে অপারেট করার বার্ষিক খরচও অনেক অর্থনীতির ধরাছোঁয়ার বাইরে। ব্রিটিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ এবং ইটালিয়ানরা ইউরোপের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর মালিক। পররাষ্ট্র নীতির কারণেই এই দেশগুলি আগের চাইতে বেশি ঝুঁকছে বিমানবাহী যুদ্ধজাহাজের দিকে। এই ধরনের জাহাজের বেশ কাছাকাছি কিছু জাহাজ রয়েছে উভচর অভিযান চালাবার জন্যে, যেই জাহাজগুলি দেখতে অনেক ক্ষেত্রেই বিমানবাহী যুদ্ধজাহাজের মতো, যদিও বাস্তবে সেটা নয়। তবে যেটা বাস্তব তা হলো এই জাহাজগুলি বিমানবাহী যুদ্ধজাহাজের মতোই এগ্রেসিভ প্ল্যাটফর্ম। এর আগে একটা পোস্টে এই জাহাজগুলি নিয়ে লিখেছিলাম, তাই এখানে সেগুলি নিয়ে লিখছি না। তবে জাপানের কথা হচ্ছে বিধায় কথা না বলেও পারছি না। সংবিধানকে পাশ কাটিয়েই জাপান ১৯৯৫ সাল থেকে নৌবাহিনীর জন্যে কিছু জাহাজ বানিয়েছে; যেমন - ১৪,০০০ টনের ‘ওসুমি-ক্লাস’-এর ‘ল্যান্ডিং ট্র্যান্সপোর্ট ডক'। এই ক্লাসের তিনটি জাহাজ বানাবার পরে অনেকেই প্রশ্ন তুলেছিল,কারণ জাহাজগুলি দেখতে ছোটখাটো বিমানবাহী যুদ্ধজাহাজের মতো। জাপান তখন বলেছিল যে এগুলি ‘ল্যান্ডিং শিপ ট্যাঙ্ক’;জাপান থেকে দূরে ব্যবহারের জন্য নয়। এরপরে ২০০৬ সালে বানানো শুরু করে ১৯,০০০টনের ‘হাইয়ূগা-ক্লাস’-এর দু’টি জাহাজ;যেগুলিও বিমানবাহী যুদ্ধজাহাজের মতো। এরপরে ২০১২ সালে শুরু হয়েছে ২৭,০০০টনের ‘ইজুমো-ক্লাস’-এর দু’টি জাহাজের কাজ। আগে বানানো যেকোন জাহাজের চাইতে এগুলি অনেক অনেক বড়! এবারেও জাপানি নৌবাহিনীর ওই একই কথা - এগুলি আসলে 'হেলিকপ্টার ডেস্ট্রয়ার'। এরই মাঝে জাপানি নৌবহরে যুক্ত হয়েছে ১৫,০০০টনের ৩টি ও ২৫,০০০টনের দু’টি সরবরাহ বা সাপ্লাই জাহাজ। উপরে বর্ণিত এত্ত বড় বড় জাহাজের বিতর্কের গভীরে এই সাপ্লাই জাহজগুলি হারিয়েই গেছে। খুব কম লোকই প্রশ্ন করেছে যে এই জাহাজগুলি কি বানানো হয়েছে জাপানের উপকূল প্রহরায় সহায়তা দিতে,নাকি ভারত মহাসাগর পর্যন্ত পাহারা দিতে? এই সাপ্লাই জাহাজগুলি জাপানি নৌবাহিনীর পা অনেক লম্বা করে দিয়েছে। অনেকেই বলবে যে জাপানের সম্পূর্ণ বাণিজ্য সমুদ্র-নির্ভর; কাজেই নৌবাহিনীর দূর দেশে যেতে হতেই পারে - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপান ঠিক যে কথাগুলি ব্যবহার করেছিল নিজেদের নৌশক্তি বৃদ্ধির সময়। চীন যেমন তার তেলের জন্যে এবং অনেক বাণিজ্যের জন্যে মালাক্কা প্রণালী এবং ভারত মহাসাগরীয় সমুদ্রপথের উপরে নির্ভরশীল, ঠিক তেমনি জাপানিরাও একই সমুদ্রপথের উপরে নির্ভরশীল। আর দু'টি দেশের মাঝে সম্পর্ক আজকাল তেমন মধুর যাচ্ছে না। চীনা নৌবাহিনী আজকের আলোচনার অংশ নয়, তাই এখানে চীন নিয়ে বেশি কিছু লিখলাম না। তবে এটা বলতে বাধা নেই যে চীনারাও মালাক্কা প্রণালীর বদলি কোন সাপ্লাই রুট খুঁজতে খুঁজতে ভারত মহাসাগর তথা বঙ্গোপসাগরের দিকেই তাকাচ্ছে। কাজেই দু'টি দেশের জাতীয় নিরাপত্তাই তাদেরকে হাজির করছে ভারত মহাসাগরে। চীনের জন্যে এটা নতুন হলেও জাপানের জন্যে কিন্তু নতুন নয়।
০৯ এপ্রিল ১৯৪২ঃ জাপানি বিমানবাহী যুদ্ধজাহাজের বিমান ব্রিটিশ বিমানবাহী যুদ্ধজাহাজ এইচএমএস হার্মিস-এর উপরে বিমান হামলার পর ডুবে যাচ্ছে হার্মিস। এই জায়গাটা শ্রীলংকার কাছাকাছি।


অতীতেও যুদ্ধ দেখেছে ভারত মহাসাগর

১৯৪২ সালের এপ্রিল মাসে জাপানী নৌবহরের সবচাইতে শক্তিশালী যুদ্ধজাহাজের বহর ভারত মহাসাগরে ব্রিটিশ নৌবহরের খোঁজে ঢুঁ মেরে যায়। মাত্র কয়েক দিনের এই ভিজিটে ছয়টি বিমানবাহী যুদ্ধজাহাজের এই নৌবহর শ্রীলঙ্কার কলম্বো এবং ত্রিঙ্কোমালীসহ বঙ্গোপসাগরের আশেপাশে হামলা চালায়। ব্রিটিশদের একটি বিমানবাহী যুদ্ধজাহাজসহ ৮টি যুদ্ধজাহাজ ও ২৩টি বাণিজ্য জাহাজ এই হামলায় ডুবে যায়; ধ্বংস হয় ৪০টিরও বেশি যুদ্ধবিমান। এখানে বলা গুরুত্বপূর্ণ যে জাপানিদের এই নৌবহর এসেছিল সদ্য অধিকৃত ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমান ইন্দোনেশিয়া) থেকে, সরাসরি জাপান থেকে নয়। মানে এখানে সাপ্লাই ঘাঁটি হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়াকে জাপানিরা ব্যবহার করেছিল। যুদ্ধের বাকি সময়ে আর কোন শক্তিশালী জাপানি নৌবহর এই দিকে আসেনি ঠিকই কিন্তু জাপানি সাবমেরিনগুলি পুরো ভারত মহাসাগরেই বিচরণ করেছে এবং অনেক জাহাজ ডুবিয়েছে। এই ঘাঁটিগুলি না থাকলে ভারত মহাসাগরে অভিযান চালানো জাপানিদের জন্যে কঠিন হতো। এখানেই নৌবাহিনী 'পা লম্বা' করার কথাটা এসে যাচ্ছে, যেটা উপরে উল্লেখ করেছিলাম। সাপ্লাই জাহাজের সহায়তায় কোন ঘাঁটি ছাড়াই ভারত মহাসাগরে অনেকদূর পর্যন্ত টহল দেওয়া সম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত মহাসাগরে জাপানি নৌবাহিনীর উদ্দেশ্য ছিল অপেক্ষাকৃত ছোট - ব্রিটিশ সমুদ্রপথের ক্ষতিসাধন করা, যেটা মূলত জাপানি সাবমেরিনগুলি করার চেষ্টা করেছে। জাপানের তেল, লোহা, এলুমিনিয়াম, রাবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাপ্লাই যেত প্রধানত মালেশিয়া-ইন্দোনেশিয়া এলাকা থেকে। তাই ভারত মহাসাগর তাদের জন্যে ছিল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের কথা চিন্তা করলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। জাপান এবং চীন উভয়েরই বেশিরভাগ তেল আসছে মধ্যপ্রাচ্য থেকে। কাজেই বর্তমানে উভয়েই এই এলাকার উপরে ভীষণভাবে নির্ভরশীল। কাজেই এই দুই দেশের এই এলাকায় এসে প্রতিদ্বন্দিতামূলক অবস্থানে আসার চিন্তা করাটা অমূলক হবে না।

২৭,০০০টনের 'ইজুমো-ক্লাস'-এর দু'টি জাহাজ তৈরি হচ্ছে। অনেকেই অনেক কিছুর গন্ধ পাচ্ছেন। কিন্তু প্যাসিফিস্ট সংবিধান আর নেই। কাজেই এখন কোন কিছুরই ছুতো নেই আর।

সমুদ্রপথের ঝুঁকি ও নিরাপত্তা

উপরে জাপানি নৌবাহিনীর বর্তমান কয়েকটি জাহাজের কথা বলেছি যেগুলি অনেককে ভাবাচ্ছে। কিন্তু কেন ভাবাচ্ছে, সেটাও বোঝার ব্যাপার রয়েছে। এই জাহাজগুলি কিন্তু বিমানবাহী যুদ্ধজাহাজ নয়; এগুলির কোনটি থেকেই ফিক্সড উইং বিমান ওঠানামা করতে পারবে না; শুধু হেলিকপ্টার ওঠানামা করবে। তাহলে কেন চিন্তিত সবাই? কারণ এই জাহাজগুলি একে একে সবার ধৈর্যকে চ্যালেঞ্জ করছে। ২৭,০০০টনের 'ইজুমো-ক্লাস' জাহাজগুলি তারা একবারে তৈরি করেনি; ধীরে ধীরে জাহাজের আকার বাড়িয়েছে। প্রতিবারেই কথা উঠেছে; আর প্রতিবারেই কথার মারপ্যাঁচে জাপানিরা বের হয়েছে সেখান থেকে। এভাবে গুটি গুটি পায়ে এগুনোর পুরোটাই হয়েছে জাপানের প্যাসিফিস্ট সংবিধান বহাল থাকা অবস্থায়। আর সাম্প্রতিক সময়ের সাংবিধানিক পরিবর্তন এ অবস্থায় কতটা প্রভাব ফেলে সেটাই দেখার বিষয়। জাপানি নৌবহর পৃথিবীর সবচাইতে শক্তিশালী নৌবহরের একটি। চারটা বিরাট 'হেলিকপ্টার ডেস্ট্রয়ার' ও তিনটা 'ডক ল্যান্ডিং শিপ' ছাড়াও তাদের ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট রয়েছে ৪৩টি। এই বহর কতটা বড়, সেটার ধারণা দিচ্ছি অন্য নৌবহরের আকৃতির ধারণা দিয়ে - ব্রিটিশ রয়েল নেভির ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট রয়েছে ১৯টি, ফ্রান্সের রয়েছে ২১টি, স্পেনের রয়েছে ১১টি, ইটালির রয়েছে ১৫টি। আর এই এলাকার কাছাকাছি চীনের রয়েছে কমপক্ষে ৬৫টি, কোরিয়ার ২২টি, আর ভারতের রয়েছে ২৪টি। ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট হচ্ছে এই যুগে সমুদ্রে কর্তৃত্ব করার প্রধান অস্ত্র। এগুলিকে সাহায্য করার জন্যে ছোট ফ্রিগেট বা কর্ভেটেরও গুরুত্ব থাকে। এগুলি সমুদ্রপথ পাহাড়া দেওয়া থেকে শুরু করে বিমানবাহী যুদ্ধজাহাজকে এসকর্ট করা পর্যন্ত সকল কার্যক্রমে জড়িত থাকে; একেবারে ওয়ার্কহর্স যাকে বলে আরকি। যার সমুদ্রপথ যত বেশি ঝুঁকিপূর্ণ হবে, সে এই ধরনের জাহাজ তত বেশি রাখতে চাইবে - এটাই স্বাভাবিক। কাজেই গুরুত্বপূর্ণ এই অঞ্চলে কে নিজের সমুদ্রপথকে ভবিষ্যতে কতটা ঝুঁকিপূর্ণ মনে করছে, সেটাই দেখার ব্যাপার হচ্ছে।

২৫,০০০টনের 'মাশু-ক্লাস'-এর এই সাপ্লাই জাহাজগুলি জাপানি নৌবহরের পা অনেক লম্বা করবে।

এখানেই জ্ঞান-বুদ্ধি

যে কথা দিয়ে শুরু করেছিলাম সে কথা দিয়েই শেষ করবো। জ্ঞান-বুদ্ধির ক্ষেত্রে একটা পর্যায়ে জাপান পৌঁছে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই। সেখান থেকে অনেক কিছুই শিক্ষা নিয়েছে তারা। আমরা এখনও প্যাসিফিস্ট জাপানের চেহারাটাই দেখতে বেশি ভালোবাসি। তাই বিশ্বযুদ্ধের শিক্ষা বলতে আমরা হিরোশিমা-নাগাসাকির ধ্বংসস্তূপকেই মনে করি। স্ট্র্যাটেজিক শিক্ষা নিয়ে কোন চিন্তাই আমাদের মনে আসে না। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে আমাদেরকে কোন চিন্তা না দিয়েই জাপান পৃথিবীর সবচাইতে শক্তিশালী নৌবহরের একটি তৈরি করেছে। এই বহর তৈরি করতে অর্থনৈতিকভাবেও তাদেরকে তেমন বেগ পেতে হয়নি; সামরিক ক্ষেত্রে জিডিপি-এর মাত্র ১% খরচ করছে জাপান। ভারত করছে ২.৫%; কোরিয়া ২.৮%। জাপান আগামীকালই বিমানবাহী যুদ্ধজাহাজ তৈরি করতে না পারলেও তারা চাইলে সেটা তুলনামূলকভাবে অল্প সময়েই অর্জন করতে পারবে। হাজার হোক, ৯২ বছর আগে যারা এই ধরনের জাহাজ তৈরি করেছে, তাদের জন্যে খুব বেশি কষ্ট হবার কথা নয়। এখানেই সেই জ্ঞান-বুদ্ধির কথা আসছে। নতুন করে খুব কম জিনিসই তাদের উদ্ভাবন করতে হবে। আর বিমানবাহী জাহাজের কাছাকাছি গোছের কিছু জাহাজ বানিয়ে ফেলে অভিজ্ঞতার ক্ষেত্রেও তারা ঘাটতি কমিয়ে এনেছে। এখন শুধু গুরুত্ব বুঝে এই অভিজ্ঞতাকে কাজে লাগানো।

তবে এগুলির মানে এই নয় যে আগামীকালই আমরা যুদ্ধ দেখতে শুরু করবো। বরং আরও একটা স্নায়ু যুদ্ধের আবির্ভাব হবার লক্ষণ দেখা যাচ্ছে, যেখানে ফোকাল পয়েন্ট হবে ভারত মহাসাগর। চীনের সাথে সাথে 'রাইজিং সান'-কে ভারত মহাসাগরে আবির্ভূত হতে দেখলে অবাক হবার কিছু থাকবে না। অর্থনৈতিকভাবে চীন এবং জাপান যেভাবে দক্ষিণ এশিয়াতে প্রতিযোগিতাতে লিপ্ত হয়েছে, তাতে স্ট্র্যাটেজিক দিক থেকে গরম এই এলাকার তাপমাত্রা আরও কয়েক ডিগ্রী বেড়ে গেছে। সকলেই অর্থনৈতিক প্রসঙ্গ নিয়ে কথা বলেই ফুল স্টপ দিয়ে দিচ্ছেন। তাপমাত্রা বাড়লে সেখানে যে পেশী শক্তির আবির্ভাব শুরুর সম্ভাবনাও তৈরি হয়, সেটা অনেকেই মাথায় রাখেননি। হয়তো জাপানের বহু যুগের প্যাসিফিস্ট চিন্তাধারা তাদের চিন্তাকে মুহূর্তেই ঠান্ডা করে দিচ্ছে। তবে সেই ঠান্ডা চিন্তা থেকে বের হবার সময় এখনই।

রাইজিং সান ওভার দ্যা ইন্ডিয়ান ওশান; ফারেনহাইট রাইজিং!