Monday, 26 June 2023
‘ওয়াগনার’-কান্ডের ভূরাজনৈতিক ফলাফল কি হতে পারে?
গত ২৩শে জুন রাশিয়ার ভাড়াটে সামরিক বাহিনী ‘ওয়াগনার গ্রুপ’এর নেতা ইয়েভগেনি প্রিগোজিন ঘোষণা দেন যে, তার সেনারা সুবিচার আদায়ের লক্ষ্যে মার্চ শুরু করেছে। ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে সরে গিয়ে তারা রুশ শহর রস্টোভের নিয়ন্ত্রণ নেয় এবং মস্কো অভিমুখে রওয়ানা দেয়। এর মাঝে রুশ বিমান বাহিনী তাদেরকে টার্গেট করে বোমাবর্ষণ করে। মাত্র ২৪ ঘন্টার মাথায় প্রিগোজিন ঘোষণা দেন যে, তিনি তার বাহিনীকে ইউক্রেনে ফিরিয়ে নিচ্ছেন এবং বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্ততায় রাজি হয়ে তিনি রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যাচ্ছেন। ‘ওয়াগনার গ্রুপ’এর এক দিনের এই নাটক কেনই বা ঘটলো এবং এর ফলাফলগুলিই বা কেমন হবে, সেব্যাপারে নিশ্চিত হতে যে আরও অনেকদিন লাগবে, তাতে সকলেই একমত। তথাপি ঘটনার ব্যাপারে অনেকেরই কিছু বিশ্লেষণ এবং মতামত রয়েছে, যা আলোচনায় আসছে।
‘ওয়াগনার গ্রুপ’ আলোচনায় আসলো কিভাবে?
মার্কিন ভূরাজনৈতিক থিঙ্কট্যাঙ্ক ‘জিওপলিটিক্যাল ফিউচার্স’এর এক লেখায় জর্জ ফ্রীডম্যান প্রশ্ন করেছেন যে, ‘ওয়াগনার গ্রুপ’ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কি করছিলো? একটা ভাড়াটে বাহিনী হিসেবে যুদ্ধক্ষেত্রে তাদের কর্মকান্ড একেবারেই আলাদা। সেখানে তারা নিয়মিত সেনাবাহিনীর সমান্তরালে যুদ্ধ করেছে। প্রকৃতপক্ষে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে পরাজিত করতে না পারার কারণেই ‘ওয়াগনার’এর মতো ভাড়াটে যোদ্ধাদেরকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করতে হয়েছিল; যা কিনা পরবর্তীতে দ্বন্দ্ব এবং বিদ্রোহের জন্ম দিয়েছে। ‘ওয়াগনার’কে কাজে লাগানোটাই ছিল বড় সমস্যা।
ব্রিটিশ থিঙ্কট্যাঙ্ক ‘রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউট’ বা ‘রুসি’র এক লেখায় সামরিক বিশ্লেষক জ্যাক ওয়াটলিং বলছেন যে, ‘ওয়াগনার’কে রুশ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রভাব বিস্তারে ব্যবহার করেছে; যেখানে তারা রুশ রাষ্ট্রীয় সেনাবাহিনীর স্থলাভিষিক্ত হয়ে কাজ করেছে। তবে এই বাহিনীতে রুশ সামরিক বাহিনী এবং সামরিক ইন্টেলিজেন্স ‘জিআরইউ’এর সদস্যরা কাজ করেছে। আর ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তারা এমন একটা বাহিনী মোতায়েন করতে পেরেছিল, যা কিনা অনেক ক্ষেত্রেই রুশ সেনাবাহিনীর চাইতে বেশি কার্যকর ছিল। রুশ বিচার বিভাগের সহায়তাতেই ‘ওয়াগনার’ সাজাপ্রাপ্ত আসামীদেরকে এই বাহিনীতে অন্তর্ভুক্ত করতে পেরেছিল। মোটকথা রাশিয়ার রাষ্ট্রযন্ত্র ‘ওয়াগনার’কে সকল ধরণের সহায়তা দিয়েছে। আর এই সহায়তার ক্ষেত্রে প্রথমেই ছিলেন ‘জিআরইউ’এর জেনারেল ভ্লাদিমির স্তেপানোভিচ আলেক্সেইয়েভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের লোক ইউরি কোভালচুক এবং সের্গেই কিরিয়েঙ্কো ‘ওয়াগনার’ তৈরির সপক্ষের চিন্তাগুলিকে সাজিয়েছিলেন। তবে রাশিয়ার ইন্টেলিজেন্স সংস্থা ‘এফএসবি’ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বাহিনীকে ব্যবহারের বিপক্ষে ছিল। এই দুই গ্রুপকে ঠান্ডা করতে গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ‘ওয়াগনার’ সেনাদের মোতায়েন করার পর দু’টা ভিন্ন কমান্ড কাঠামো গঠন করতে হয়েছিল।
‘ওয়াগনার গ্রুপ’এর প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন কেন এই কাজটা করলেন, সেটার একটা সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন ‘কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টার’এর সিনিয়র ফেলো তাতিয়ানা স্তানোভায়া। টুইটারে এক বিশ্লেষণে তিনি বলছেন যে, প্রিগোজিনের বিদ্রোহ রাশিয়ার সরকারের নিয়ন্ত্রণ নেবার চেষ্টা ছিল না। ক্রেমলিনের শক্তিধর ব্যাক্তিদের চাপের মুখে তিনি ইউক্রেনে একঘরে হয়ে পড়েছিলেন এবং ‘ওয়াগনার’কে টিকিয়ে রাখা তার জন্যে কঠিন হয়ে যাচ্ছিলো। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন; যাতে করে ‘ওয়াগনার’এর কাজ, নিরাপত্তা এবং অর্থায়নের ব্যাপারে কিছুটা নিশ্চয়তা তিনি পেতে পারেন। তিনি ইউক্রেনে তার সেনাদের গুরুত্বপূর্ণ অবদানের ব্যাপারটাকে তুলে ধরে তার দাবি আদায় করতে চেয়েছিলেন। তবে আপাতদৃষ্টে মনে হচ্ছে যে, তার অবদানগুলির কারণে তিনি এই সমস্যা থেকে বেঁচে বের হয়ে আসতে পেরেছেন; কিন্তু রাশিয়াতে তার রাজনৈতিক ভবিষ্যতের বিনিময়ে।
ইউক্রেন যুদ্ধের উপরে কি প্রভাব পড়বে?
‘পলিটিকো’ মনে করিয়ে দিচ্ছে যে, ইউক্রেন যুদ্ধে গত শীতে যখন ইউক্রেনিয়রা পাল্টা আক্রমণ করে খারকিভ এবং খেরসন পুনর্দখল করে নেয়, তখন ক্রেমলিন যুদ্ধক্ষেত্রে দুর্বল অবস্থানগুলিকে শক্তিশালী করতে ‘ওয়াগনার গ্রুপ’এর সদস্যদের মোতায়েন করে। শীতের মাঝে ‘ওয়াগনার’ সদস্যরা যখন ফ্রন্টলাইন ধরে রেখেছিল, তখন রুশরা নতুন সেনা এবং রসদ যোগাড় করতে পেরেছিল। এছাড়াও বাখমুতের যুদ্ধে ‘ওয়াগনার’ সেনারা বড় ভূমিকা রেখেছিল।
২৪শে জুন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি এক বার্তায় বলেন যে, এই ঘটনা দেখিয়ে দেয় যে, রুশ নেতৃত্ব কোনকিছুরই নিয়ন্ত্রণে নেই। একদিনের মাঝে তারা অনেকগুলি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে, রাশিয়ার শহর এবং অস্ত্রের ভান্ডার দখল করে নেয়াটা কত সহজ।
তবে জেলেন্সকি ‘ওয়াগনার’এর ঘটনা থেকে কতটা সুবিধা নিতে পারবেন, তা প্রশ্নবিদ্ধ। ‘রুসি’র রাজনৈতিক বিশ্লেষক মার্ক গ্যালিয়টি ‘ইন মস্কোস শ্যাডো ১০৫’ নামের এক নিয়মিত পডকাস্ট বিশ্লেষণে বলছেন যে, এই ঘটনায় ইউক্রেনের ফ্রন্টলাইনে বড় কোন পরিবর্তন আসবে বলে মনে হয়না; কারণ অন্ততঃ এখন পর্যন্ত ইউক্রেনে রুশ সেনাদের মাঝে অস্ত্র ছেড়ে দেবার বা যুদ্ধ থেকে সরে আসার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এছাড়াও ‘ওয়াগনার’কে থামাবার জন্যে যেহেতু কোন রুশ ইউনিটকে ইউক্রেন থেকে সরাবার প্রয়োজন হয়নি, তাই এই ঘটনার সরাসরি সুবিধা ইউক্রেন খুব কমই পাবে। বরং প্রিগোজিনের কারণে ইউক্রেনের ফ্রন্টলাইনে নেতৃত্বের কোন সমস্যা যদি হয়ে থাকে, সেটা এখন নেই; যা ইউক্রেনকে খুশি করার কথা নয়।
ক্রেমলিনের নিয়ন্ত্রণ কি দুর্বল হলো?
‘পলিটিকো’র এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ইয়েভগেনি প্রিগোজিনের অধীন ‘ওয়াগনার গ্রুপ’এর সদস্যরা যেভাবে রুশ জমি দখল করে ফেলতে পারলো, মস্কোর ২’শ কিঃমিঃএর মাঝে পৌঁছে গেলো, এবং জনগণের সমর্থন পেলো, তা নিঃসন্দেহে প্রমাণ করে দিচ্ছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার খুব শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত নয়। রস্টোভ শহরে ‘ওয়াগনার’এর পক্ষে মানুষের সমর্থন দেখিয়ে দেয় যে, ক্রেমলিনের ক্ষমতাধর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ইউক্রেন যুদ্ধের কমান্ডার জেনারেল ভ্যালেরি গেরাসিমভএর উপর জনগণের আস্থা কমে গেছে। অপরদিকে মার্ক গ্যালিয়টি বলছেন যে, যদিও বেশিরভাগ বিশ্লেষকেরাই বলবেন যে, এই ঘটনার মাধ্যমে পুতিনের নেতৃত্ব দুর্বল হয়েছে, তথাপি ভ্লাদিমির পুতিনের পক্ষে খুব সম্ভবতঃ এর চাইতে ভালো কিছু করার ছিলো না; কারণ একদিকে তিনি সমস্যাটার সমাপ্তি টেনেছেন এবং একইসাথে প্রিগোজিনকে কিনে নিয়েছেন। কারণ ‘ওয়াগনার’ বনাম রুশ সেনাবাহিনীর যুদ্ধ পুরো রাষ্ট্রের জন্যে মারাত্মক হতো। বিশেষ করে ক্রেমলিন নির্দেশ দিলে সেনাবাহিনীর সদস্যরা রুশ ভাড়াটে বাহিনীর উপর গুলি করতে কতটা প্রস্তুত ছিলো, সেটা বরং পুতিনের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতো।
তাতিয়ানা স্তানোভায়া বলছেন যে, প্রিগোজিন খুব সম্ভবতঃ পুতিনের কঠোর বক্তব্য আশা করেননি। কারণ তিনি সরকারের বিরুদ্ধে বিদ্রোহকারীর ভূমিকা নিতে প্রস্তুত ছিলেন না। মার্ক গ্যালিয়টি বলছেন যে, শেষ পর্যন্ত এটা মনে হয়নি যে, রুশ সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক হারে ‘ওয়াগনার’এ যোগ দিয়েছিলো। হয়তো সেটা প্রিগোজিনের সরে দাঁড়ানোর পিছনে একটা কারণ হতে পারে। মস্কোর নিরাপত্তায় নিয়োজিত বাহিনীগুলিকে ‘ওয়াগনার’ পরাজিত করতে পারতো কিনা, সেখানেও সন্দেহ রয়েছে। কারণ যদিও রুশ সেনাবাহিনী ‘ওয়াগনার’এর মতো দ্রুতগামী কোন বাহিনী নয়; তথাপি সেনাবাহিনীর ভারি অস্ত্রের বিরুদ্ধে ‘ওয়াগনার’এর হাল্কা বাহিনী কতটুকু সফল হতো, তা প্রশ্নবিদ্ধ। আর মস্কোর নিয়ন্ত্রণ নিয়ে প্রিগোজিন কি করতেন, সেটা কি নিশ্চিত? তবে জনগণের একটা বড় অংশ ‘ওয়াগনার’কে থামাবার চেষ্টা করেনি; যা কিনা রাষ্ট্রের নেতৃত্বের দুর্বলতা তুলে ধরে। তথাপি প্রশ্ন থেকেই যায়, রুশ ইন্টেলিজেন্স ‘এফএসবি’ কি করছিলো? নিঃসন্দেহে এখানে ‘এফএসবি’র কাজে ঘাটতি ছিলো কিনা, তা খতিয়ে দেখার ব্যাপার হবে। তবে পুতিনের নেতৃত্বের অধীনে ‘এফএসবি’কে ব্যার্থতার জন্যে খুব বড় কোন খেসারত না-ও দিতে হতে পারে। কারণ এর আগেও ‘এফএসবি’ অনেক ভুল করলেও পুতিন তাদের কিছু করেননি।
গ্যালিয়টি বলছেন যে, প্রিগোজিন ১৯৯০এর দশক থেকেই ক্রেমলিনের সমর্থন পেয়ে ধাপে ধাপে উঠে এসেছেন। তবে এখানে গুরুত্বপূর্ণ হলো, প্রিগোজিন ব্যাক্তিগতভাবে লাভবান হলেও তিনি প্রকৃতপক্ষে ক্রেমলিনেরই ইচ্ছার ফলাফল। এটা অসম্ভব নয় যে, প্রিগোজিন বেলারুশে বসে আফ্রিকায় ‘ওয়াগনার’এর কর্মকান্ড পরিচালনা করবেন। কারণ আফ্রিকাতে রুশ প্রভাব ধরে রাখার পিছনে ‘ওয়াগনার’এর কর্মকান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর রুশ সরকারের সমর্থন রয়েছে বলেই অনেক ক্ষেত্রে ‘ওয়াগনার’ সফলতা পেয়েছে। সমস্যা পুতিনের নিজেরই সৃষ্টি। কারণ তিনি প্রিগোজিনের সাথে রুশ প্রতিরক্ষা দপ্তরের দ্বন্দ্বকে চলতে দিয়েছেন। আর এই দ্বন্দ্ব বাজে আকারে পরিণত হবার আগেই তিনি হস্তক্ষেপ করতে ব্যার্থ হয়েছেন।
জর্জ ফ্রীডম্যান প্রশ্ন করছেন যে, ‘ওয়াগনার’এর কারণে যদি ধরে নেয়া হয় যে, পুতিন দুর্বল হয়েছেন, তাহলে এই দুর্বল হওয়ার অর্থ প্রকৃতপক্ষে কি, সেটা দেখতে হবে। যদি তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়, তার অর্থ হলো, তিনি খুব সহজেই কোন কর্মকর্তাকে সরিয়ে দিতে পারবেন না। আর যদি তার নির্দেশনা দেয়ার সক্ষমতা কমে যায়, তাহলে রুশ সামরিক বাহিনীর কমান্ড ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এর অর্থ দাঁড়াবে অন্য কেউ পুতিনকে তার স্থান থেকে সরিয়ে দেবে। অথচ এখন পর্যন্ত এমন কোন ব্যক্তিকে দেখা যাচ্ছে না যে কিনা পুতিনকে সরাবার মতো অবস্থানে এসেছে। আর এরকম কেউ না আসার আগ পর্যন্ত বলা যাচ্ছে না যে মাত্র একদিনের ব্যার্থ অভ্যুত্থানে পুতিন দুর্বল হয়েছেন। জ্যাক ওয়াটলিং বলছেন যে, একদিক দিয়ে চিন্তা করলে রুশ উচ্চপদস্থ ব্যক্তিদের উপরে পুতিনের নিয়ন্ত্রণ আরও বেড়ে গেলো। কারণ ক্রেমলিনের কোন দলই বেঁচে থাকার জন্যে পুতিনকে ছাড়া শক্তিশালী নয়।
বিশ্বব্যাপী রাশিয়ার অবস্থান দুর্বল হবে কি?
তাতিয়ানা স্তানোভায়া মনে করছেন যে, প্রিগোজিনকে হয়তো পুতিন ছেড়ে দিয়েছেন এই শর্তে যে, তিনি বেলারুশে চুপচাপ থাকবেন। তবে মার্ক গ্যালিয়টি বলছেন যে, আপাতদৃষ্টে মনে হচ্ছে যে, রাশিয়া এবং ইউক্রেনে ‘ওয়াগনার’এর কর্মকান্ড শেষ হয়ে গেছে; যদিও বাকি বিশ্বে হয়তো তা এখনও বিদ্যমান। এমনও হতে পারে যে, প্রিগোজিনের সাথে ক্রেমলিনের শেষ পর্যন্ত সেই চুক্তিই হয়েছে। তবে শোইগু নিঃসন্দেহে ‘ওয়াগনার’কে রাশিয়াতে থাকতে দেবেন না। সংস্থাটার ইউনিটগুলি হয়তো রুশ সামরিক বাহিনীর মাঝে বিলীন হয়ে যাবে।
বিশ্বব্যাপী কোন কোন দেশে ‘ওয়াগনার গ্রুপ’এর কর্মকান্ড রয়েছে, তার একটা তালিকা তুলে ধরেছে ‘ডয়েচে ভেলে’। ইউক্রেনে ২০১৪ সালে সর্বপ্রথম ‘ওয়াগনার’এর সদস্যদের দেখা যায় রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিতে। ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তরের হিসেবে প্রিগোজিনের নেতৃত্বে প্রায় ৫০ হাজার সদস্য ছিল। বিদ্রোহের সময় তিনি নিজেই বলেছিলেন যে, তার সাথে ২৫ হাজার সদস্য রয়েছে। বাখমুতের যুদ্ধে এই গ্রুপের সদস্যরা বড় ভূমিকা রেখেছিল; যেখানে অনেকেই ছিল সাজাপ্রাপ্ত আসামি অথবা সামরিক বাহিনী থেকে বরখাস্ত হওয়া সেনাসদস্য। ২০১৫ সাল থেকে ‘ওয়াগনার’এর সদস্যরা সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিচ্ছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে; কারণ গ্রুপের কিছু সদস্য একনায়ক বাশার আল-আসাদের বিরোধীদের হাতে নিহত হয়েছে। গৃহযুদ্ধের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহুর্তে সেখানে ৫ হাজারের বেশি ‘ওয়াগনার’ সদস্য ছিল বলে ধারণা করা হয়; যাদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
তবে ‘ওয়াগনার’এর কর্মকান্ড সবচাইতে বেশি ছড়িয়ে রয়েছে আফ্রিকাতে; যেখানে গ্রুপের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে ব্যাপক। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার গৃহযুদ্ধে ‘ওয়াগনার’ জড়িয়েছে। ২০১৪ সাল থেকে ত্রিপোলি সরকারের বিরুদ্ধে যুদ্ধরত জেনারেল খলিফা হাফতারের অধীনে ‘লিবিয়ান ন্যাশনাল আর্মি’র পক্ষে ‘ওয়াগনার’ সদস্যরা নিরাপত্তা ও প্রশিক্ষণ দেয়ার কাজ করছে বলে জানা যায়। একসময় প্রায় ২ হাজারের মতো ‘ওয়াগনার’ সদস্য লিবিয়াতে ছিল। এখান থেকেই সুদানসহ আফ্রিকার অন্যান্য দেশে ‘ওয়াগনার’এর কর্মকান্ড ছড়িয়ে পড়ে। মার্কিন কর্মকর্তারা অনেকেই অভিযোগ করেছেন যে, সুদানে ‘ওয়াগনার’এর সদস্যরা সেদেশের সামরিক শাসকদের সহায়তায় খনিজ সম্পদের নিয়ন্ত্রণে কাজ করছে।
২০২১ সালে পশ্চিম আফ্রিকার দেশ মালির ক্ষমতা নেয়া সামরিক শাসকেরাও ‘ওয়াগনার’কে সেদেশে কাজ করার সুযোগ করে দিয়েছে। জাতিসংঘ অভিযোগ করছে যে, মালির সামরিক বাহিনীর সাথে সহযোগী হিসেবে ‘ওয়াগনার’ সেখানে মানবতাবিরোধী কর্মকান্ডে জড়িত। এছাড়াও মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেও রয়েছে ‘ওয়াগনার’এর শক্ত অবস্থান। এবছরের ফেব্রুয়ারিতে সেদেশে রুশ রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে বলেন যে, ১ হাজার ৮’শ ৯০ জন রুশ সামরিক উপদেষ্টা সেখানে কাজ করছে। ‘ওয়াগনার’এর সদস্যরা সেখানে প্রশিক্ষণ দেয়ার কাজের পাশাপাশি প্রেসিডেন্ট ফস্টিন আরসাঞ্জএর নিরাপত্তায় কাজ করছে। এর বিনিময়ে ‘ওয়াগনার’ সেদেশের খনিজ সম্পদের ভাগ পেয়েছে বলে বলছেন কেউ কেউ। এছাড়াও ‘রয়টার্স’ বলছে যে, ২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ‘ওয়াগনার’ কাজ করছে। সেদেশের স্পেশাল ফোর্সের সদস্যদেরকেও প্রশিক্ষণ দিয়েছে ‘ওয়াগনার’।
‘ওয়াগনার’এর পর কি?
জর্জ ফ্রীডম্যান বলছেন যে, কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে যে, পুরো ব্যাপারটাই ছিল একটা বানানো ষড়যন্ত্র। যদি তা-ই হয়, তাহলে বেলারুশের প্রেসিডেন্ট, রুশ জেনারেল স্টাফ, পুতিনের অফিসের স্টাফ, এবং ‘ওয়াগনার’এর কিছু লোককেও এই প্রকল্পে যুক্ত করতে হবে। এতগুলি ব্যক্তি যদি এই ষড়যন্ত্র সম্পর্কে জানে, তাহলে সেটা গোপন থাকার প্রশ্নই আসে না। অপরদিকে মার্ক গ্যালিয়টি বলছেন যে, মার্কিন ইন্টেলিজেন্স জুনের মাঝামাঝি থেকেই ‘ওয়াগনার’এর ব্যাপারে বিদ্রোহের মতোই কিছু একটা আশা করছিলো বলে শোনা যাচ্ছে; যা প্রকৃতপক্ষে অবাস্তব নয়। কারণ ইন্টেলিজেন্স সংস্থাগুলি সর্বদাই ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা রাখার চেষ্টা করে। এটাকে আলাদাভাবে দেখার কিছু নেই।
‘রুসি’র জ্যাক ওয়াটলিং বলছেন যে, ‘ওয়াগনার গ্রুপ’এর উৎপত্তি একটা চিন্তা থেকে; যার মাঝে রয়েছে বাণিজ্যিক সংস্থার নিজস্ব বাহিনী তৈরি করা; যেমন ‘গ্যাজপ্রম’ এবং ‘রসকসমস’ তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী তৈরি করছে। এগুলির বিশেষত্ব হলো, সংস্থাগুলি বিশ্বব্যাপী তাদের আয় থেকেই এই বাহিনীগুলিকে চালাবে। সমস্যা হলো, অর্থায়নের জন্যে এই বাহিনীগুলি রুশ সরকারের উপরে সরাসরি নির্ভরশীল না থাকায় এগুলির উপরে নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে। নিয়ন্ত্রণ ধরে রাখার জন্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছে; যা কিনা প্রিগোজিনের ‘ওয়াগনার’এর সাথে দ্বন্দ্বের কারণ হয়েছে।
‘পলিটিকো’ বলছে যে, পুতিন তার ভাষণে ‘ওয়াগনার’এর বিদ্রোহকে ১৯১৭ সালের রুশ গৃহযুদ্ধের সাথে তুলনা দিয়েছেন, যখন বিশ্বযুদ্ধের মাঝে ছিল রাশিয়া। তবে এখানে আরও ভালো উদাহরণ ছিল ১৯৯১ সালের অগাস্টে সোভিয়েত নেতা মিখাইল গরবাচেভের বিরুদ্ধে অভ্যুত্থানের প্রচেষ্টা; যখন কট্টরপন্থীরা গরবাচেভের সংস্কারের বিরোধিতা করেছিল। তবে সেই অভ্যুত্থান প্রচেষ্টায় সমাজতান্ত্রিক সরকারের উপর জনগণের আস্থা নিঃশেষ হয়ে গিয়েছিল; যার ফলশ্রুতিতে কয়েক মাসের মাঝে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়। জ্যাক ওয়াটলিং বলছেন যে, ‘ওয়াগনার’এর একদিনের বিদ্রোহ হয়তো রুশ নেতৃস্থানীয় ব্যক্তিদের উপর ভ্লাদিমির পুতিনের নিয়ন্ত্রণ বাড়িয়ে দিয়েছে; কিন্তু তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের সমস্যার সমাধান দেয়নি। সেখানে যথেষ্ট সক্ষম একটা বাহিনীর অভাব থেকেই যাচ্ছে; যা কিনা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার জয়লাভ করাকে চ্যালেঞ্জের মাঝে ফেলছে। পুতিন ‘ওয়াগনার’এর বিদ্রোহকে ১৯১৭ সালের গৃহযুদ্ধের সাথে তুলনা করেছেন। ১৯১৭ সালের সেই গৃহযুদ্ধ শুরু হয়েছিল যুদ্ধক্ষেত্র থেকেই; এবং তা গৃহযুদ্ধে রূপ নিতে বেশ কয়েক মাস লেগেছিলো। যেটা এখন দেখতে হবে তা হলো, আগামী কয়েক মাসের মাঝে ‘ওয়াগনার’কে উদাহরণ ধরে রুশ বাহিনীর অন্যান্য অংশ থেকে কি কি দাবি উত্থাপিত হয়।
Saturday, 29 April 2023
সুদানের সংঘাত আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা
এপ্রিলের মাঝামাঝি সুদানের সেনাবাহিনী এবং মিলিশিয়ার মাঝে সংঘর্ষ শুরু হবার পর থেকে এপর্যন্ত কমপক্ষে ৫’শ মানুষের প্রাণ গেছে এবং আরও ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ। সুদান থেকে বিশ্বের অনেক দেশের নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে। সাময়িক যুদ্ধবিরতির কথা বলা হলেও সেটার বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েছে। সংঘাতের একপক্ষে রয়েছেন সুদানের সামরিক সরকারের প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান; যিনি দেশটার প্রেসিডেন্টও। আর তার বিরোধী পক্ষে রয়েছে সুদানের মিলিশিয়া ‘র্যাপিড সাপোর্ট ফোর্স’ বা ‘আরএসএফ’; যার প্রধান হলেন জেনারেল মোহামেদ হামদান দাগালো, যিনি হামেদতি নামেও সমধিক পরিচিত। যুদ্ধ শুরুর আগ পর্যন্ত হামেদতি ছিলেন ভাইস প্রেসিডেন্ট। ২০১৯ সালে দুইজন একত্রে একনায়ক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করেছিলেন। তবে পশ্চিমাদের প্রচেষ্টায় সুদানে বেসামরিক সরকার প্রতিষ্ঠার চেষ্টাকে তারা দু’জনেই বারংবার বাধাগ্রস্ত করেছেন। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও সুদানের সামরিক শাসকের সাথে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলি সুসম্পর্ক রেখে চলেছে। ‘আল জাজিরার’র বিশ্লেষণে বলা হচ্ছে যে, ২০২১ সালের অক্টোবরে সুদানের সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনী চেয়েছিল বেসামরিক নেতৃত্বের সাথে ‘আরএসএফ’ মিলিশিয়ার ক্ষমতাও খর্ব করতে। কাজেই অভ্যুত্থানের পর বুরহানের সাথে হামেদতির যে দ্বন্দ্ব শুরু হবে, তা প্রায় জানাই ছিল।
সুদনের সাথে সাতটা দেশের সীমানা রয়েছে; যেকারণে অনেকেই আশংকা করছেন যে, সুদানের এই সংঘাত আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। ‘দ্যা গার্ডিয়ান’এর এক বিশ্লেষণে বলা হচ্ছে যে, লোহিত সাগর, আফ্রিকার সাহেল অঞ্চল এবং ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলের মাঝে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত হবার কারণে সুদানের গুরুত্ব অনেক। এখানকার কৃষি সম্পদের কারণে আঞ্চলিক শক্তিরা সর্বদাই সুদানের রাজনীতিতে জড়িয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এখানে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে সুদানে রুশ নৌঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সুদানে বেসামরিক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন আঞ্চলিক দেশ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবকে সাথে নিয়ে ‘কোয়াড’ নামের একটা জোট গঠন করেছিল। সুদানের পার্শ্ববর্তী লিবিয়া, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং শাদ রাজনৈতিক অস্থিরতার মাঝ দিয়ে গিয়েছে। সুদানের অভ্যন্তরীণ দ্বন্দ্বও আশেপাশের দেশগুলিকে প্রভাবিত করতে পারে।
‘আল জাজিরা’র এক বিশ্লেষণে বলা হচ্ছে যে, সুদানের উপরে মধ্যপ্রাচ্যের দুইটি দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কতটা প্রভাব রয়েছে, তা ফুটে উঠতে শুরু করেছে ২০১৯ সালে দেশটার একনায়ক ওমর আল-বশিরের ক্ষমতাচ্যুতির পর থেকে। ২০২২ সালে সুদানের সামরিক সরকার এবং আমিরাতের দু’টা কোম্পানির মাঝে ৬ বিলিয়ন ডলার সমমূল্যের এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেক কোম্পানিদু’টা লোহিত সাগরের তীরে ‘আবু আমামা’ নামের একটা সমুদ্রবন্দর তৈরি করবে। সুদানের রাজনৈতিক বিশ্লেষক জিহাদ মাশামুন ‘আল জাজিরা’কে বলছেন যে, আমিরাতিরা লোহিত সাগরের বন্দরগুলির নিয়ন্ত্রণ চায়। লোহিত সাগরে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ রয়েছে; আর মধ্য এবং পশ্চিম আফ্রিকাতেও তাদের এই প্রভাব বৃদ্ধি পাচ্ছে। লন্ডনের ‘কিংস কলেজ’এর এসোসিয়েট প্রফেসর আন্দ্রেয়াস ক্রীগ ‘আল জাজিরা’কে বলছেন যে, কিছুদিন আগ পর্যন্তও আমিরাতিরা সুদানের দুই জেনারেলকে সমর্থন দিয়ে যাচ্ছিলো। কিন্তু এখন তারা তাদের নীতিতে পরিবর্তন আনতে পারে। কারণ একসাথে দুইজনকে সমর্থন দিয়ে যাওয়াটা একসময় না একসময় সমস্যার জন্ম দিতো। যদিও সুদানকে সকলেই আফ্রিকার দেশ বলেই বোঝে, তথাপি মধ্যপ্রাচ্যের দেশগুলি সুদানকে আরব দেশ বলে গণ্য করে। কাজেই সুদানে যেকোন সংঘাতের একটা আঞ্চলিক চেহাড়া রয়েছে।
জিহাদ মাশামুন বলছেন যে, সুদানের উত্তরের দেশ মিশর সুদানের সেনাবাহিনীকে মিশরের সেনাবাহিনীর প্রতিচ্ছবি মনে করে। তাদের ধারণা সুদানে স্থিতিশীলতা ধরে রাখার একমাত্র চাবি সেনাবাহিনীর হাতে। অপরদিকে হামেদতিকে তারা ভাড়াটে সেনা হিসেবে দেখে। আন্দ্রেয়াস ক্রীগ বলছেন যে, লিবিয়ার গৃহযুদ্ধে আমিরাত এবং মিশর উভয়েই জেনারেল খলিফা হাফতারের পক্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। এছাড়াও ইথিওপিয়ার সংকটে কে কোন পক্ষ নেবে, সেখানেও তাদের মাঝে দ্বন্দ্ব ছিল। এখন সেখানে সুদান যোগ হলো। তবে এখানে উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্রের অবস্থান। যুক্তরাষ্ট্র সুদানে তার মিত্র দেশ আমিরাত এবং সৌদি আরবকে পাশে রেখেছে সুদানের সামরিক নেতাদের নিয়ন্ত্রণ করতে। কিন্তু এখানেই প্রকাশ পেয়ে যায় যে, আফ্রিকায় যুক্তরাষ্ট্র সরাসরি তার প্রভাব ধরে রাখতে পারছে না; বরং এই কাজে ওয়াশিংটন তার মিত্রদের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে।
ব্রিটিশ থিঙ্কট্যাঙ্ক ‘রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউট’ বা ‘রুসি’র এসোসিয়েট ফেলো স্যামুয়েল রামানি ‘আল জাজিরা’কে বলছেন যে, যদি সংঘাতে হামেদতি সমস্যা পড়ে যান, তাহলে আমিরাতিরা হয়তো ‘আরএসএফ’এর পক্ষ নিতে পারে। সেক্ষেত্রে সরাসরি সহায়তা না দিয়ে তারা হয়তো লিবিয়াতে তাদের এজেন্ট জেনারেল হাফতারের হাত দিয়ে সহায়তা পাঠাতে পারে। হামেদতির সোশাল মিডিয়ার পেইজগুলি আমিরাত থেকেই পরিচালিত হচ্ছে। সেগুলিতে তারা আমিরাতের রাজনৈতিক দর্শনকেই প্রতিফলিত করছে এবং আমিরাতিরা যেধরণের কথা বলে, সেগুলিই তারা ব্যবহার করছে সুদানের সামরিক শাসক জেনারেল বুরহানের বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ আমিরাত এবং মিশর লিবিয়ার গৃহযুদ্ধে একই পক্ষে থাকলেও এখন তারা দুই পক্ষ হয়ে সুদানে রক্তপাত ঘটাতে ইন্ধন যোগাচ্ছে। সুদান বিশ্লেষক জিহাদ মাশামুনের কথায়, যুক্তরাষ্ট্র সুদানের রাজনীতিকে তাদের মিত্রদের কাছে ‘আউটসোর্স’ করেছে। এর ফলশ্রুতিতে দুই জেনারেলের কেউই ক্ষমতা ছেড়ে দিতে চাইছেন না; যা কিনা দেশটার সংঘাতকে আঞ্চলিক সংঘাতে পরিণত করতে চলেছে। কানাডাভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক এন্ড্রু ম্যাকগ্রেগর মার্কিন থিঙ্কট্যাংক ‘জেমসটাউন ফাউন্ডেশন’এর এক লেখায় বলছেন যে, ‘আরএসএফ’এর প্রধান জেনারেল হামেদতি যখন বলছেন যে, ক্ষমতার মালিক জনগণ অথবা এই সংঘাত হলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, তখন কথাগুলি কারুর কাছেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। আবার এটাও ঠিক যে, জেনারেল বুরহানের অধীনে সেনাবাহিনী জানে যে, বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হলে তারা ক্ষমতা হারাবে। আর ‘আরএসএফ’এর জয়লাভ করার অর্থ হলো, ‘আরএসএফ’ সেনাবাহিনীর স্থলাভিষিক্ত হবে। কাজেই সেনাবাহিনীর নেতৃত্বের ক্ষমতা ধরে রাখার একমাত্র পথ হলো সামরিক শাসন বজায় রাখা।
Monday, 17 April 2023
সুদানে আবারও সংঘাত পশ্চিমাদের ক্ষমতার দ্বন্দ্বেরই ফলাফল
পূর্ব আফ্রিকার দেশ সুদানে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছে। ১৫ই এপ্রিল দেশটার সামরিক বাহিনীর সাথে শক্তিশালী মিলিশিয়া ‘র্যাপিড সাপোর্ট ফোর্স’ বা ‘আরএসএফ’এর সদস্যদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ‘আরএসএফ’এর সদস্যরা বলছে যে, তারা তিনটা বিমানবন্দর এবং প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নিয়েছে। সোশাল মিডিয়াতে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে যে, মিলিশিয়ারা মেরোউই বিমানবন্দরে মিশরের বিমান বাহিনীর কয়েকটা ‘মিগ-২৯’ যুদ্ধবিমানসহ বেশ কয়েকজন মিশরীয় সেনাকে আটক করেছে। এছাড়াও মিলিশিয়াদের গোলার আঘাতে রাজধানী খার্তুমের বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটা এয়ারবাস বিমান ধ্বংসপ্রাপ্ত হয়েছে। খার্তুমে মিলিশিয়াদের উপর সুদানের বিমান বাহিনীর ‘মিগ-২৯’ বিমানকে রকেট নিক্ষেপ করতে দেখা যায় বিভিন্ন ভিডিওতে। এছাড়াও পূর্বাঞ্চলের বন্দর শহর পোর্ট সুদানের রাস্তাতেও ট্যাংক দেখা গেছে এবং বিভিন্ন মিডিয়াতে গোলাগুলির শব্দের কথাও বলা হয়। ‘বিবিসি’ বলছে যে, এ পর্যন্ত প্রায় ১’শ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে; আরও প্রায় ১১’শ আহত হয়েছে। ‘আরএসএফ’এর এক বিবৃতিতে বলে হয় যে, সুদানের সেনাবাহিনী খার্তুমে ‘আরএসএফ’এর ‘সোবা’ ক্যাম্প ঘিরে ফেলে এবং সকল প্রকারের অস্ত্র দিয়ে হামলা করে। অপরদিকে সুদানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নাবিল আবদাল্লাহ বলেন যে, ‘আরএসএফ’এর সদস্যরা খার্তুমে কয়েকটা সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে।
২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর থেকে সামরিক বাহিনীর প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান প্রেসিডেন্ট হিসেবে এবং ‘আরএসএফ’এর প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালো ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পশ্চিমা দেশগুলি সামরিক সরকারের সাথে কাজ করছিলো, যাতে করে নির্বাচনের মাধ্যমে সেখানে একটা অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সরকার স্থাপন করা যায়। ২০১৯ সালে দীর্ঘদিনের একনায়ক ওমর আল-বশিরএর সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকে দেশটায় অস্থিরতা লেগেই আছে। আবদাল্লা হামদকএর নেতৃত্বে গঠিত একটা বেসামরিক সরকার জনগণের আকাংক্ষা বাস্তবায়ন করতে না পারার ফলে অনেকেই ধারণা করছিল যে, কিছু একটা ঘটবে; যা ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানে রূপ নেয়। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ছাড়াও দেশটার অর্থনৈতিক দৈন্যতা এবং পশ্চিমা দাতা সংস্থা ‘আইএমএফ’এর কঠোর শর্ত বাস্তবায়নের ফলাফলস্বরূপ সুদানের রাস্তায় গণবিক্ষোভ ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে সামরিক বাহিনীর সাথে মিলিশিয়া বাহিনী ‘আরএসএফ’এর উত্তেজনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশকিছুদিন ধরেই। ১৪ই এপ্রিল ‘রয়টার্স’এর এক প্রতিবেদনে বলা হয় যে, ‘আরএসএফ’ প্রায় এক মাস ধরেই তাদের ইউনিটগুলিকে সংগঠিত করছিল। ১৫ই এপ্রিল ‘আরএসএফ’এর প্রধান জেনারেল হামদান দাগালো, যাকে অনেকেই হামেদতি বলে ডাকে, তিনি ‘আল জাজিরা’কে বলেন যে, তার বাহিনী সকল সামরিক ঘাঁটি দখল করার আগ পর্যন্ত থামবে না। তিনি সেনাপ্রধান জেনারেল আল-বুরহানকে একজন ‘অপরাধী’ বলে আখ্যা দেন এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের অভিযোগ তোলেন।
মার্কিন পররাষ্ট্র সচিব এন্টনি ব্লিংকেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে, সুদানের প্রধান কর্তাব্যক্তিরা কিছুদিন আগেই বেসামরিক নেতৃত্বে যাবার জন্যে একটা গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছিলেন। এই পথে যথেষ্টই অগ্রগতি হয়েছে। দু’দিন আগেই তিনি জেনারেল বুরহানের সাথে কথা বলেছেন এবং জেনেছেন যে, এখনও কিছু ইস্যুর সমাধান হয়নি। এখানে কিছু পক্ষ সেই অগ্রগতিকে ব্যাহত করতে চাইছে। তিনি বলেন যে, বর্তমানে সেখানকার পরিস্থতি ভঙ্গুর। তবে সেখানে বেসামরিক নেতৃত্বে যাবার জন্যে প্রকৃত সুযোগ বর্তমান। অপরদিকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উভয় পক্ষকেই সহিংসতা বন্ধ করে আলোচনার পথে অগ্রসর হবার কথা বলা হয়।
সুদানে গণতন্ত্রায়ন প্রক্রিয়ার ব্যর্থতা
মার্কিন মিডিয়া ‘সিএনএন’এর এক প্রতিবেদনে ‘আরএসএফ’কে রুশ-সমর্থিত মিলিশিয়া বলে আখ্যা দিয়ে তাদের দারফুর যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারগুলিকে তুলে ধরা হয়। 'নিউ ইয়র্ক টাইমস'এর এক প্রতিবেদনে 'আরএসএফ'এর নেতা জেনারেল হামদান দাগালোর ইতিহাস তুলে ধরা হয়; যেখানে বলা হয় কিভাবে তিনি উট বিক্রেতা থেকে মারাত্মক যুদ্ধাপরাধে জড়িয়ে একসময় ক্ষমতার শীর্ষে আরোহন করেছেন। একনায়ক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে তিনি নিজেকে গণতান্ত্রিক নেতাও বলতে শুরু করেছেন। এমনকি সুদানের শীর্ষ নেতাও বনে যেতে চান তিনি। এছাড়াও রাশিয়ার সাথে সম্পর্কোন্নয়ন এবং রুশ ভাড়াটে সামরিক সংস্থা 'ওয়াগনার গ্রুপ'কেও তিনি আলিঙ্গন করেছেন স্বর্ণের খনিগুলি পাহাড়া দেবার জন্যে। ২০১৯ সালে ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করলেও পরবর্তীতে তার 'আরএসএফ' বাহিনীই রাস্তায় জনগণের উপরে হামলা চালিয়ে ১'শরও বেশি মানুষকে হত্যা করেছে। ২০১৯ সালে তিনি 'নিউ ইয়র্ক টাইমস'কে বলেছিলেন যে, যারা তার মিলিশিয়াকে 'জানজাউইদ' বলে থাকে, তারা মিথ্যা কথা রটাচ্ছে। কারণ 'জানজাউইদ' অর্থ হলো ডাকাত দল, যারা রাস্তায় মানুষের সকল কিছু লুটে নেয়। বর্তমানে অনেকেই এই বাহিনীর সংখ্যা ৭০ হাজার থেকে ১ লক্ষ বলে ধারণা করেন। বিভিন্ন ব্যবসায়িক প্রকল্পের মাধ্যমে তিনি প্রচুর সম্পদের মালিকও বনে গেছেন।
মার্কিন থিঙ্কট্যাঙ্ক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ বা ‘সিএসআইএস’এর সিনিয়র এসোসিয়েট এবং মার্কিন ইন্টেলিজেন্স সংস্থা ‘সিআইএ’এর প্রাক্তন সদস্য ক্যামেরন হাডসন ‘সিএনএন’কে বলছেন যে, বর্তমানে পশ্চিমাদের নেতৃত্বে সুদানে চলমান গণতন্ত্রায়নকে সামরিক বাহিনী এবং ‘আরএসএফ’ উভয়েই তাদের অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে দেখছে। সাম্প্রতিক সময়ে চলমান শান্তি আলোচনায় বেসামরিক নেতারা ছিলেনই না; যা কিনা দেখিয়ে দিচ্ছে যে, সুদানে ক্ষমতা কাদের হাতে রয়েছে। তবে এই সংঘাতের ব্যাপারে কেউই অবাক হয়নি। এই পক্ষগুলি নিজেদের সামরিক লক্ষ্যগুলি কিছুটা বাস্তবায়নের আগ পর্যন্ত হয়তো আলোচনায় বসবে না। যুক্তরাষ্ট্র সুদানের নেতৃত্বকে একত্রে বসাতে বিভিন্ন সুবিধা দেয়ার কথা বলেছে; কিন্তু তাদের উপরে চাপ সৃষ্টি করেনি; বা তাদের বিরুদ্ধে শক্ত কোন ব্যবস্থা নেয়নি।
মার্কিন থিঙ্কট্যাঙ্ক ‘দ্যা আটলান্টিক কাউন্সিল’এর ডেপুটি ডিরেক্টর এবং মার্কিন সরকারের রাজস্ব দপ্তরের আফ্রিকা বিষয়ক প্রকল্পের প্রাক্তন প্রধান বেঞ্জামিন মসবার্গ সুদানের সহিংসতা শুরু হবার মাত্র তিন দিন আগে ১২ই এপ্রিল এক লেখায় বলেন যে, দেশের সামরিক বাহিনী এবং ‘আরএসএফ’ মিলিশিয়ার মাঝে দ্বন্দ্বের অবসান না হলে দেশটা বড় রকমের সহিংসতার মাঝে পতিত হতে পারে। মসবার্গ তার লেখায় দেশটাকে অংশগ্রহণমূলক গণতন্ত্রের দিকে নিয়ে যাবার পশ্চিমা প্রকল্পের উদ্দেশ্যগুলির পাশাপাশি তা বাস্তবায়নের সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলছেন যে, সুদানে গণতন্ত্র ফিরিয়ে আনার সাথে তিনটা ব্যাপারকে সবচাইতে গুরুত্ব দেয়া প্রয়োজন; যার প্রথমটা হলো অর্থনৈতিক সংস্কার; দ্বিতীয়টা হলো নিরাপত্তা বাহিনীর সংস্কার এবং তৃতীয়টা হলো দেশটার ব্যাপক দুর্নীতি দূরীকরণ। অর্থনৈতিক সংস্কারের ব্যাপারটা বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলছেন যে, পশ্চিমা দাতা সংস্থাগুলি সুদানকে কতটা সহায়তা দেবে, সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব থাকা উচিৎ। বিশেষ করে আইএমএফএর শর্তগুলি বাস্তবায়নের বাধ্যবাধকতার উপর ভিত্তি করে অর্থ ছাড়ের কথা বলেছেন তিনি। এই শর্তগুলির মাঝে একটা হলো নিরাপত্তা বাহিনীর সংস্কার। নিরাপত্তা বাহিনীকে পুরোপুরিভাবে বেসামরিক নেতৃত্বের অধীন করা ছাড়াও বাহিনীর আকার ছোট করা জরুরি। বাহিনীর অস্তিত্বের জন্যে নতুন একটা উদ্দেশ্য ঠিক করা এবং সেই উদ্দেশ্য অনুযায়ী বাহিনীর আকার ঠিক করার মাধ্যমে এর ব্যয় সংকোচন করা প্রয়োজন। ‘আরএসএফ’ মিলিশিয়াকে সামরিক বাহিনীর অংশ করার পিছনেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহিনীর সংকোচনের বিষয়টিকে এড়িয়ে যাবার বিরুদ্ধে বলেন তিনি।
‘আরএসএফ’ এবং সামরিক বাহিনীর স্বার্থের দ্বন্দ্ব
তবে সামরিক বাহিনীর আকার সংকোচনের মাঝে সেখানে ‘আরএসএফ’এর সদস্যদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে, সেব্যাপারে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ২০০৩ সাল থেকে সুদানের পশ্চিমাঞ্চলে দারফুরে বিদ্রোহী গ্রুপগুলিকে দমন করতে দেশটার একনায়ক ওমর আল-বশির আঞ্চলিক ‘জানজাউইদ’ মিলিশিয়াকে নিয়োগ করেছিল। এরাই পরবর্তীতে সরকারের কাছ থেকে ‘আরএসএফ’ নামে স্বীকৃতি পায় এবং রাজনৈতিকভাবে ব্যাপক শক্তিশালী হয়ে যায়। ‘বিবিসি’ বলছে যে, সামরিক বাহিনী আর ‘আরএসএফ’এর দ্বন্দ্বের মূলে রয়েছে ‘আরএসএফ’কে কত সময়ের মাঝে সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত করা হবে, সেব্যাপারে দুই পক্ষের ভিন্ন চিন্তা। ‘আরএসএফ’ যেখানে বলছে যে, ১০ বছর সময়ের মাঝে তাদেরকে সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত করা উচিৎ, সেখানে সেবাহিনী বলছে এত সময় না নিয়ে মাত্র দুই বছরের মাঝেই সেটা করা সম্ভব। ‘বিবিসি’র এই প্রতিবেদনে যে ব্যপারটা পরিষ্কার তা হলো, সামরিক বাহিনী চাইছে ‘আরএসএফ’কে দ্রুত সামরিক বাহিনীর অধীনে নিয়ে এসে মিলিশিয়ার নেতাদের ক্ষমতাকে খর্ব করতে। অপরদিকে ‘আরএসএফ’এর নেতৃত্ব চাইছে না ক্ষমতা ছেড়ে দিতে। তবে সবচাইতে বড় সমস্যা হলো, মার্কিনীরা সুদানের গণতন্ত্রায়নের মাধ্যমে এই ব্যাপারটাই চাইছে। ব্যাপারটা যে রক্তক্ষয়ী দ্বন্দ্বে রূপ নিতে পারে, সেটা বেঞ্জামিন মসবার্গ তার লেখায় উল্লেখ করেছিলেন। অর্থাৎ এই সংঘাতের সম্ভাবনা কারুর কাছেই অজানা ছিল না।
মসবার্গ সুদানে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র প্রতিষ্ঠার সমস্যাগুলিকে তুলে ধরেছিলেন। আইএমএফএর কঠিন শর্তগুলি বাস্তবায়ন করতে গিয়ে সুদানের জনগণ যে তাদের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, সেই কথা উল্লেখ করে তিনি বলেন যে, যুক্তরাষ্ট্রের উচিৎ এমনভাবে এগুনো, যাতে করে আইএমএফএর চাপে সুদানের জনগণ গণতন্ত্রায়নের বিরুদ্ধে না চলে যায়। আবার সুদানের সামরিক বাহিনী এবং ‘আরএসএফ’ মিলিশিয়া কেউই তাদের ক্ষমতা ছেড়ে দিতে ইচ্ছুক নয়। এই সংস্থাগুলির যথেষ্ট পরিমাণ অর্থনৈতিক ক্ষমতাও রয়েছে; যেগুলি তারা ছেড়ে দিতে অনিচ্ছুক। ‘আরএসএফ’সহ মিলিশিয়াদের হাতে সুদানের স্বর্ণ ক্ষণিগুলি রয়েছে। আবার সুদানের সামরিক বাহিনী বিভিন্ন ব্যবসায়িক কোম্পানির মাধ্যমে আয় করে থাকে। মসবার্গ বলছেন যে, সুদানের নেতৃত্বের উপরে যথেষ্ট পরিমাণে চাপ সৃষ্টি করে এবং আঞ্চলিক বন্ধু দেশ মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের প্রভাবকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের উচিৎ সুদানের গণতন্ত্রায়নকে ত্বরান্বিত করা। তবে সুদানের মানবাধিকার লংঘন করা ব্যক্তি এবং সংস্থাগুলিকে এই গণতন্ত্রায়নের মাঝে রাখার ব্যপারে মসবার্গ কিছু বলেননি। বিশেষ করে দারফুর অঞ্চলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা ‘আরএসএফ’কে সামরিক বাহিনীর অংশ রাখাকে তিনি প্রশ্ন করেননি। বরং গণতন্ত্রায়নের জন্যে আপাততঃ মানবাধিকারের বিষয়গুলিকে দীর্ঘমেয়াদে দেখার কথা বলেন তিনি।
সুদানের সামরিক নেতৃত্বের সাথে ওয়াশিংটনের সম্পর্ক
মার্কিন থিঙ্কট্যাঙ্ক ‘মিডলইস্ট ইন্সটিটিউট’এর এক লেখায় ওয়াশিংটনের নীতির সমালোচনা করেছেন সুদানি গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক জিহাদ মাশামুন। তিনি বলছেন যে, জো বাইডেন সরকার তাদের সুদান নীতিতে তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’, লোহিত সাগরের নিরাপত্তা, এবং চীন ও রাশিয়ার প্রভাব কর্তনের উপরেই বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ মার্কিনীদের কাছে আঞ্চলিক স্থিতিশীলতা অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ। সুদানের সামরিক নেতারা ঠিক একারণেই ইস্রাইলের সাথে সম্পর্কোন্নয়ন করেছে; যাতে করে ইস্রাইলি লবি যুক্তরাষ্ট্রকে সুদানের সামরিক সরকারের পক্ষে রাখতে সহায়তা দেয়।
লোহিত সাগরের নিরাপত্তাও যুক্তরাষ্ট্রের কাছে অতি গুরুত্বপূর্ণ। ভূমধ্যসাগর ও ভারত মহাসাগরের মধ্যবর্তী হবার কারণে লোহিত সাগরের গুরুত্ব যথেষ্ট। যুক্তরাষ্ট্র লোহিত সাগরের দক্ষিণে বাব এল-মান্ডেব প্রণালির পাশে জিবুতিতে তার সামরিক ঘাঁটির নিরাপত্তা নিশ্চিতেও অত্র অঞ্চলে তার প্রভাব ধরে রাখতে চাইছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র চাইছে না যে রাশিয়া বা চীন সমুদ্রপথের উপর যুক্তরাষ্ট্রের এই নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করুক। ঠিক একারণেই সুদানের সমুদ্রবন্দর পোর্ট সুদানে রুশ নৌঘাঁটি প্রতিষ্ঠা করার প্রচেষ্টা সুদানের সামরিক নেতৃত্বকে যুক্তরাষ্ট্রের আরও কাছে টেনে এনেছে। মার্কিনীরা চেয়েছে সুদানিরা যেন রাশিয়াকে কোনভাবেই নৌঘাঁটির সুবিধা না দেয়; বিনিময়ে যুক্তরাষ্ট্র সামরিক শাসকদের ক্ষমতায় টিকে থাকা মেনে নিয়েছে। এছাড়াও সুদানের সামরিক নেতৃত্ব চীনের সাথে সম্পর্ক গভীর করেছে; যা ওয়াশিংটনের প্রভাবকে কমাতে সহায়তা করছে।
জিহাদ মাশামুন বলছেন যে, বাইডেন প্রশাসন স্থিতিশীলতাও ধরে রাখতে চাইছে, আবার সুদানে গণতন্ত্রও প্রতিষ্ঠা করতে চাইছে। বাইডেন প্রশাসনের এই অদ্ভুত নীতির সফলতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। তবে সুদানের সর্বশেষ পরিস্থিতি মাশামুনের দুশ্চিন্তাকেই প্রতিফলিত করছে।
সুদানের ব্যাপারে বাইডেন প্রশাসনের অদ্ভুত নীতির সাথে ইউরোপিয়দের চিন্তার পার্থক্য রয়েছে। ইউরোপিয়রা ওয়াশিংটনের নীতিকে পরিবর্তন করে বেসামরিক নেতৃত্বের সাথে সামরিক নেতৃত্বকেও মেনে নিতে প্রভাবিত করতে চেষ্টা করছে; যদিও ওয়াশিংটনে গণতান্ত্রিক আদর্শকে প্রাধান্য দিয়ে অনেকেই সুদানের সামরিক নেতাদের, বিশেষ করে ‘আরএসএফ’এর নেতাদের ক্ষমতাচ্যুত দেখতে আগ্রহী। পর্তুগালের ‘অটোনমাস ইউনিভার্সিটি অব লিসবন’এর সহকারী অধ্যাপক ফেলিপ দুয়ার্তে ‘দ্যা ন্যাশনাল ইন্টারেস্ট’ ম্যাগাজিনের এক লেখায় বলছেন যে, সুদানে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ‘আরএসএফ’এর প্রধান জেনারেল হামদান দাগালো; কারণ তিনিই সুদানে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলেছেন এবং ইস্রাইলের সাথে সম্পর্কোন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ফেলিপ দুয়ার্তে বলছেন যে, যুক্তরাষ্ট্রের শুধুমাত্র বেসামরিক নেতৃত্ব প্রতিষ্ঠার উপর গুরুত্ব না দিয়ে কারা কারা পশ্চিমাদের সাথে আলোচনার জন্যে যথেষ্ট নমনীয়, সেটা দেখা উচিৎ। কারণ নিজেদের অবস্থান পরিবর্তন করে নমনীয় হওয়ার অর্থই হলো এই নেতারা যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষা করবে। যুক্তরাষ্ট্র যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে নমনীয় সামরিক নেতাদেরকে ক্ষমতাচ্যুত করতে চায়, তাহলে সেটা সুদানে যুক্তরাষ্ট্রের প্রভাবকে কমাতে সহায়তা করবে।
সুদানের রাজনীতিতে পশ্চিমা স্বার্থ
সুদানের সামরিক বাহিনীর দীর্ঘদিনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে উপেক্ষা করেই পশ্চিমা দেশগুলি সুদানে গণতন্ত্রায়নের কাজ করে যাচ্ছে; যা কিনা সুদানের সামরিক বাহিনী এবং মিলিশিয়াগুলিকে অধিকতর মানবাধিকার লঙ্ঘনের কর্মকান্ডে আগ্রহী করেছে। মার্কিনীরা মোটামুটিভাবে ‘আরএসএফ’এর বিরুদ্ধে বললেও ব্রিটিশ এবং ইউরোপিয়রা সুদানে সামরিক ও বেসামরিক সকলকেই আলোচনার টেবিলে দেখতে ইচ্ছুক। সুদানের রাজনীতিতে ব্রিটেন ও ইউরোপের প্রভাব অনেক পুরোনো। সুদানের সীমানা প্রকৃতপক্ষে ব্রিটেন এবং ফ্রান্সের দখলীকৃত ঔপনিবেশিক অঞ্চলের সীমানা; যা একসময় সুদান এবং শাদএর সীমানা হিসেবে পরিচিতি পায়। ব্রিটিশ এবং ফরাসিদের এঁকে দেয়া সেই সীমানাকে কেন্দ্র করেই সুদানে বহুদিন গৃহযুদ্ধ চলেছে। এর মাঝে ২২ বছর যুদ্ধের পরে দক্ষিণ সুদান যুক্তরাষ্ট্রের সমর্থনে আলাদা দেশ হয়েছে। আর দারফুরে ১৭ বছর ধরে যুদ্ধ চলেছে; যেখানে ফ্রান্সের মদদপুষ্ট শাদ সরাসরি জড়িত ছিল। দারফুরের বিদ্রোহীদের দমন করতে সুদানের সরকার ‘জানজাউইদ’ মিলিশিয়াদের ব্যবহার করেছিল; যারা পরবর্তীতে ‘আরএসএফ’ নামে সুদান সরকারের স্বীকৃতি লাভ করে।
আঞ্চলিক মিলিশিয়া ‘আরএসএফ’এর শক্তিশালী হবার কারণ ছিল সুদানের ভৌগোলিক অখন্ডতার প্রতি হুমকি। সুদানের সামরিক সরকারগুলি দেশটার ভৌগোলিক অখন্ডতা রক্ষা করতে সকল প্রকারের মানবাধিকার লঙ্ঘন করলেও পশ্চিমারা সুদানকে ছেড়ে যায়নি। নীল নদের উপরে এবং লোহিত সাগরের পাশে অবস্থিত সুদানের ভূরাজনৈতিক গুরুত্ব সর্বদাই বেশি। সুদানকে দেয়া ‘আইএমএফ’এর ঋণ মওকুফ এবং দেশটাতে বেসামরিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার চেষ্টাটা সেই ভূরাজনৈতিক গুরুত্বেরই প্রমাণ। কিন্তু ওয়াশিংটন ও ইউরোপ সুদানের গণতান্ত্রিক সরকারের গঠনের ব্যাপারে একমত হতে পারেনি। ওয়াশিংটনে অনেকেই সুদানের সরকারে সামরিক নেতৃত্বকে দেখতে না চাইলেও ইউরোপিয়রা বেসামরিক ও সামরিক সকলকেই সুদানের রাজনৈতিক কাঠামোর অংশ করতে চায়। কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপ গণতান্ত্রিক আদর্শ নয়, বরং নিজেদের স্বার্থকেই বেশি প্রাধান্য দিয়েছে। পশ্চিমাদের মাঝে প্রভাব ধরে রাখার এই প্রতিযোগিতাই সুদানের রাজনীতিকে করেছে অস্থির।
Saturday, 28 January 2023
আফ্রিকাকে ঘিরে চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতা ঘনীভূত হচ্ছে
মাত্র কিছুদিন হলো চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী চিন গাং আফ্রিকার পাঁচটা দেশ ভ্রমণ করেছেন। আর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের দক্ষিণ আফ্রিকা সফরের মাত্র একদিন পরই সেখানে হাজির হয়েছে মার্কিন বাণিজ্য সচিব জ্যানেট ইয়েলেন। এছাড়াও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা থমাস গ্রীনফিল্ড পশ্চিম আফ্রিকার দেশ ঘানা সফরে গিয়েছেন। ‘এনপিআর’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, সাম্প্রতিক সময়ে অনেকেই বলছেন যে, আফ্রিকা যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব হারিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন আফ্রিকার দিকে খুব একটা তাকায়নি। এখন জো বাইডেনের প্রশাসন আফ্রিকায় তাদের কার্যক্রম বৃদ্ধি করায় ব্রতী হয়েছে। গত বছরের ডিসেম্বরে ওয়াশিংটন ডিসিতে আফ্রিকার বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই বৈঠকে নীতি বিষয়ক কোন দিকনির্দেশনা ছিল না; বরং আফ্রিকার সাথে যুক্তরাষ্ট্রের সেতু তৈরিই বেশি গুরুত্ব পেয়েছিল। এখন বলা হচ্ছে যে, ২০২৩ সালে প্রেসিডেন্ট বাইডেন নিজে এবং তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও আফ্রিকা সফর করতে পারেন। তবে বর্তমানে আফ্রিকার সাথে মার্কিন বাণিজ্য যতটুকু, চীনের সাথে আফ্রিকার বাণিজ্য তার চারগুণ! মার্কিনীরা চীনা ঋণের ফাঁদের কথা বললেও চীনের বিপরীতে তারা আফ্রিকাকে কি দিতে পারে সেটা পরিষ্কার করতে পারেনি। অপরদিকে আফ্রিকার দেশগুলি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা চাপের মুখে রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক কর্তনের ক্ষেত্রেও আগ্রহী হয়নি।
‘ভয়েস অব আমেরিকা’র এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিরা অস্বীকার করছেন যে, যুক্তরাষ্ট্র আফ্রিকাতে রুশ এবং চীনা প্রভাবকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে; যদিও ইউক্রেন যুদ্ধ শুরুর পর আফ্রিকার দেশগুলি যখন রুশদের দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হতে অস্বীকৃতি জানায়, তখন ওয়াশিংটন আফ্রিকার দেশগুলির সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছে। মার্কিনীরা বলছে যে, তারা বাণিজ্য, স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়েই আফ্রিকার দেশগুলির সাথে সম্পর্কোন্নয়নে বেশি আগ্রহী। মার্কিন বাণিজ্য সচিব জ্যানেট ইয়েলেন আফ্রিকা সফরের সময় বলেন যে, যুক্তরাষ্ট্র চীনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত নয়; শুধুমাত্র আফ্রিকার সাথে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। কিন্তু আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপার্সন মুসা ফাকি মনে করিয়ে দিচ্ছেন যে, পশ্চিমা দেশগুলি একসময় আফ্রিকাকে উপনিবেশ হিসেবে শাসন করেছে। আফ্রিকানরা এখন সকলের সাথেই সহযোগিতা করতে চায়; যতক্ষণ পর্যন্ত তারা আফ্রিকানদের স্বার্থকে সন্মান করবে। চীনের সাথে আফ্রিকার সহযোগিতা এই চিন্তাগুলির উপরেই স্থাপিত।
তবে শক্তিশালী দেশগুলি আফ্রিকাকে নিয়ে প্রতিযোগিতা বরং বাড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হচ্ছে যে, আগামী ১৭ থেকে ২৭শে ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার উপকূলে ভারত মহাসাগরে রাশিয়া এবং চীনের সাথে এক যৌথ নৌমহড়ার আয়োজন করা হয়েছে। ‘মোসি-২’ নামের এই মহড়াটা ইউক্রেন যুদ্ধের প্রথম বার্ষিকীকে স্পর্শ করবে। ‘সিবিএস নিউজ’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই মহড়ার ব্যাপারে তার উদ্বেগ জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডর সমালোচকদের বক্তব্যের প্রত্যুত্তরে বলেন যে, এটা শুধু কিছু বন্ধু দেশের সাথে মহড়া মাত্র। দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় যে, সাম্প্রতিক সময়ে তাদের দেশ ব্রিটেন, চীন, নাইজেরিয়া, এমনকি এক বছর আগে যুক্তরাষ্ট্রের সাথেও যৌথ মহড়ায় অংশ নিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দক্ষিণ আফ্রিকা সফরের সময় বলেন যে, এই মহড়াটা পুরোপুরি স্বচ্ছতা বজায় রেখে করা হচ্ছে এবং মহড়া সম্পর্কে সকল তথ্যই আগে থেকেই দেয়া হয়েছে। রুশ বার্তা সংস্থা ‘তাস’ বলছে যে, এই মহড়ায় একটা রুশ যুদ্ধজাহাজ প্রথমবারের মতো সর্বাধুনিক ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ বহণ করবে।
‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’এর ডেপুটি ডিরেক্টর পলিন ব্যাক্স ‘সিবিএস’কে বলছেন যে, এই মহড়ার পরিকল্পনা বেশ কয়েক মাস আগে থেকেই করা হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে এই মহড়া কিছুটা ভিন্নরকম। কূটনৈতিক জটিলতা এড়াতে দক্ষিণ আফ্রিকা হয়তো অন্য কোন দিন দেখতে পারতো।
মার্কিন থিঙ্কট্যাঙ্ক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’এর গবেষক ক্যামেরন হাডসন ‘ভয়েস অব আমেরিকা’কে বলছেন যে, যদিও মার্কিনীরা বলছে যে, তারা শুধুমাত্র আফ্রিকার উন্নয়নের সহযোগী হতে চায়, প্রকৃতপক্ষে ব্যাপারটা এর চাইতে আরও জটিল। উন্নয়ন সহযোগিতা এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতাকে আলাদা করা যাবে না। মার্কিনীরা একদিকে যেমন চাইছে যে, আফ্রিকার দেশগুলি আন্তর্জাতিক অঙ্গনে চীন এবং রাশিয়ার প্রভাবকে এড়িয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হোক, তেমনি তারা আফ্রিকায় রুশ এবং চীনা কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে চায়। হাডসন প্রশ্ন করছেন যে, প্রেসিডেন্ট বাইডেন আফ্রিকা সফর করতে গেলে গণতন্ত্রকে তুলে ধরার যে আদর্শিক ব্রত তিনি দেখিয়েছিলেন সেটাকে আঁকড়ে ধরে রাখবেন কিনা। আফ্রিকার দেশগুলি যখন গণতন্ত্র থেকে পিছিয়ে যাচ্ছে, তখন তিনি কি আফ্রিকার সরকারগুলির সরাসরি সমালোচনা করবেন, নাকি জাতিসংঘে আফ্রিকার দেশগুলির সমর্থন পেতে আপাততঃ সমালোচনাকে পিছনের সারিতে রাখবেন?
‘মরগ্যান স্ট্যানলি’র এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, চীনারা তাদের ‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ’ বা ‘বিআরআই’এর আওতায় বিশ্বব্যাপী প্রায় ১ ট্রিলিয়ন ডলার বা ১ হাজার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর মাঝে চীনারা বেশ শক্তভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাবার নীতিতে অটল রয়েছে। চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী চিন গাং আফ্রিকা সফরের সময় বলেন যে, কোন দেশের অধিকার নেই আফ্রিকার দেশগুলিকে কোন বিশেষ পক্ষালম্বন করার জন্যে চাপ দেয়ার। আফ্রিকার হওয়া উচিৎ আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র; শক্তিশালী রাষ্ট্রগুলির প্রতিযোগিতার ক্ষেত্র নয়।
‘এনপিআর’ বলছে যে, আফ্রিকার সাধারণ জনগণ আফ্রিকাকে নিয়ে ভূরাজনৈতিক প্রতিযোগিতাকে ভালো চোখে দেখছে না। কিন্তু যখন আফ্রিকার বেশিরভাগ দেশই বাইরের সহায়তার উপর নির্ভরশীল, তখন এই মহাদেশকে নিয়ে যে শক্তিশালী দেশগুলির মাঝে প্রতিযোগিতা হবে, সেটাই স্বাভাবিক। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে আফ্রিকার দেশগুলির সমর্থন না পেয়ে ২০২৩ সালে বাইডেন প্রশাসন যে আফ্রিকার দিকে মনোযোগ দিচ্ছে, তা নিশ্চিত। তবে রাশিয়া এবং চীনের যৌথ প্রভাবকে নিয়ন্ত্রণ করাটা যে খুব সহজ হবে না, সেব্যাপারেও সকলেই একমত। আফ্রিকার দেশগুলিকে নিজেদের বলয়ে নিয়ে আসতে প্রেসিডেন্ট বাইডেন হয়তো গণতন্ত্র ও মানবাধিকারের ব্যাপারে তার আদর্শিক অবস্থান থেকে বেশ খানিকটা সরে আসতে বাধ্য হবেন।
Tuesday, 2 August 2022
কঙ্গো… পশ্চিমা বিশ্বব্যবস্থার আরও একটা ব্যর্থতা
জুলাইএর শেষে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর শতশত মানুষ হামলা করে। হামলাকারীরা নর্থ কিভু এবং সাউথ কিভু প্রদেশের কয়েকটা শহরে শান্তিরক্ষীদের ঘাঁটিতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। সহিংসতায় তিনজন শান্তিরক্ষী সেনাসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। জুলাই মাসের শুরু থেকেই জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে সুসংগঠিতভাবে গণআন্দোলন শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ হলো, ২২ বছর ধরে শান্তিরক্ষী বাহিনী কঙ্গোর মাটিতে থাকার পরেও কেন কঙ্গোলিজরা শান্তিতে নেই; কেন তাদের জীবনের নিরাপত্তা নেই? শান্তিরক্ষীদের মূল কাজটাই ছিল যেখানে সাধারণ মানুষকে ‘এম২৩’সহ বিভিন্ন অস্ত্রধারী গ্রুপগুলির হাত থেকে রক্ষা করা, সেখানে এই অভিযোগ জাতিসংঘের কার্যক্ষমতাকে যথেষ্টই প্রশ্নবিদ্ধ করে। কঙ্গোর পূর্বাঞ্চলে এই মুহুর্তে ১’শরও বেশি অস্ত্রধারী গ্রুপ রয়েছে। জাতিসংঘের মিশন থাকা সত্ত্বেও এই গ্রুপগুলি নিজেদের অবস্থানকে দিনদিন শক্তিশালী করছে। বিক্ষোভকারীরা বলছে যে, জাতিসংঘ যখন বলছে যে, তাদের কাছে ‘এম২৩’ বিদ্রোহীদের দমন করার মতো শক্তি নেই, তখন শান্তিরক্ষী চলে যাক। আর তারা না যাবার আগ পর্যন্ত বিক্ষোভ চলবে বলে বলেন অনেকে।
জাতিসংঘের ব্যর্থতা কি সামরিক না রাজনৈতিক?
বর্তমান সমস্যার মূল হিসেবে অনেকেই কঙ্গোর ‘এম২৩’ বিদ্রোহী গ্রুপের পুনরুত্থানকে দায়ী করেছেন। ‘এম২৩’ গত নভেম্বর মাস থেকে নতুন করে আগ্রাসী অভিযানে বের হয়েছে। ২০১৩ সালের পর থেকে এই গ্রুপ বেশ চুপচাপই ছিল। ‘আল জাজিরা’র সাথে কথা বলতে গিয়ে মানবাধিকার সংস্থা ‘এমনেস্টি ইন্টারন্যাশনাল’এর গবেষক জঁ-মোবের সেঙ্গা বলছেন যে, জাতিসংঘ কঙ্গোর ভৌগোলিক অখন্ডতা রক্ষা করার জন্যে কাজ করেছে এবং সেখানে গণতান্ত্রিক নির্বাচন করার পিছনেও প্রচেষ্টা ছিল তাদের। এছাড়াও ২০১৩ সালে নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট নিয়ে জাতিসংঘ ‘ফোর্স ইন্টারভেনশন ব্রিগেড’ তৈরি করে; যাদের কাজ ছিল আক্রমণে গিয়ে কঙ্গোর বিদ্রোহী গ্রুপগুলিকে অস্ত্র ছাড়তে বাধ্য করা। এই ব্রিগেড ২০১৩ সালে ‘এম২৩’ বিদ্রোহী গ্রুপকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। তবে তাদের সাফল্যের সাথে ব্যার্থতার সংখ্যা মোটেই কম নয়। যেকারণে এর আগেও জাতিসংঘের বিরুদ্ধে মানুষ বিক্ষোভ করেছে। জাতিসংঘ সমস্যার মূল নিয়ে তারা কাজ করেনি। যেমন সমস্যার রাজনৈতিক সমাধান নিয়ে তারা কাজ করেনি; শুধুমাত্র সামরিক দিকটাই তারা দেখেছে। ১৯৯৪ সালের গণহত্যায় জড়িতরা প্রায় তিন দশক ধরে নিঃসঙ্কোচে ঘুরে বেড়াচ্ছে। এর মাঝে রুয়ান্ডা, উগান্ডা এবং অন্যান্য দেশের নাগরিকেরাও রয়েছে। এই ভয়াবহ অপরাধগুলির প্রায় কোন ধরণের জবাবদিহিতাই ছিল না; আর সেকারণেই তারা এই একই কাজ বারংবার করেছে। ২০১৩ সালে ‘এম২৩’ জাতিসংঘের ব্রিগেডের কাছে সামরিকভাবে পরাজিত হলেও তাদের কর্মকান্ডের জন্যে তাদের কোন জবাবদিহিতা করতে হয়নি। যেকারণে তারা আবারও ফিরে এসেছে।
কঙ্গোতে বর্তমানে জাতিসংঘের প্রায় ১৬ হাজার সেনা রয়েছে। এদের বেশিরভাগই এসেছে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ থেকে। ‘মনুস্কো’ নামে পরিচিত এই মিশনের বাৎসরিক বাজেট ১ বিলিয়ন ডলারেরও বেশি। গত বছর এই মিশনের স্থায়িত্ব আরও এক বছর বাড়িয়ে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। কঙ্গোর এই পরিস্থিতি বুঝতে হলে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা আবশ্যিক। জাতিসংঘের ব্যর্থতার সাথে যুক্ত রয়েছে এই অঞ্চলের সমস্যার রাজনৈতিক সমাধান না হওয়া। আর রাজনৈতিক সমাধানের সাথে যুক্ত রয়েছে আশেপাশের দেশগুলি, বিশেষ করে রুয়ান্ডা, বুরুন্ডি এবং উগান্ডার রাজনীতি। এই রাজনীতির এক অংশে রয়েছে জাতিগত বিদ্বেষ; আর অপর অংশে রয়েছে বৃহৎ শক্তিদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের স্বার্থের দ্বন্দ্ব।
একসময় এই অঞ্চল বেলজিয়ামের উপনিবেশ হলেও ফ্রান্সের সাথে বেলজিয়ামের সম্পর্কের কারণে এখানে ফ্রান্সের প্রভাব রয়েছে বরাবরই। ঔপনিবেশিক শক্তিরা এখানে জাতিগত বিভেদকে কাজে লাগিয়েছে প্রায় শতবর্ষ ধরে। রুয়ান্ডা, বুরুন্ডি এবং কঙ্গোর পূর্বাঞ্চলে রয়েছে হুটু এবং টুটসি জাতির বসবাস। এর মাঝে টুটসির সংখ্যা প্রায় ৪০ লক্ষের মতো; হুটুর সংখ্যা এর প্রায় ছয় গুণ। তবে সংখ্যালঘু হলেও টুটসিরা রাজনৈতিক ও সামরিক দিক থেকে শক্তিশালী; যার একটা প্রধান কারণ হলো ঔপনিবেশিক শক্তিরা টুটসিদেরকে শিক্ষিত করেছে এবং তাদেরকে সামরিক বাহিনীতে নিয়োগ দিয়েছে। ১৯৬০এর দশকে এই দেশগুলির স্বাধীনতা ঘোষণার পর সংখ্যাগরিষ্ঠ হুটুরা ক্ষমতা নিয়ে নেয় এবং টুটসিদের উপর অত্যাচার শুরু করে। রুয়ান্ডা থেকে অনেক টুটসি পার্শ্ববর্তী দেশগুলিতে পালিয়ে যায়। এসময়েই শুরু হয় এই অঞ্চলের পরবর্তী ইতিহাস; যা গণহত্যার সকল রেকর্ড ভেঙ্গে ফেলেছে।
কঙ্গোর ইতিহাসকে একদিকে যেমন হুটু ও টুটসিদের বিদ্বেষের কাহিনী থেকে আলাদা করা যাবে না; তেমনি একজন বিশেষ ব্যাক্তির সামরিক ও রাজনৈতিক ক্যারিয়ার থেকে আলাদা করা যাবে না। এই ব্যক্তি হলেন রুয়ান্ডার বর্তমান প্রেসিডেন্ট পল কাগামি।
রুয়ান্ডার গণহত্যা - পল কাগামির ক্ষমতায় আরোহণের পথ
রুয়ান্ডার টুটসি রাজ পরিবারে জন্ম নেয়া পল কাগামি ১৯৭০এর দশকে এক মিলিশিয়া গ্রুপের অংশ হিসেবে তাঞ্জানিয়ার সহায়তায় পার্শ্ববর্তী দেশ উগান্ডার সরকারকে উৎখাতে অংশ নেন। কাগামি ছিলেন রুয়ান্ডা থেকে উৎখাত হওয়া সংখ্যালঘু টুটসি জনগোষ্ঠীর একজন। তিনি উগান্ডাতেই তার পড়াশোনা শেষ করেছেন; যা একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল। টুটসি যোদ্ধাদের সহায়তায় ইয়োওয়েরি মুসেভেনি উগান্ডার ক্ষমতায় আসেন। সেসময় থেকেই মুসেভেনির সাথে কাগামির সখ্যতা। ১৯৯০ সালের অক্টোবরে উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনির প্রত্যক্ষ সহায়তায় টুটসি যোদ্ধারা রুয়ান্ডার অভ্যন্তরে হামলা করে। প্রথমে কাগামি এই বাহিনীর সদস্য ছিলেন না; কারণ সেসময় কাগামি যুক্তরাষ্ট্রের কানসাসের ফোর্ট লিভেনওয়ার্থএ কমান্ড এন্ড জেনারেল স্টাফ কলেজে প্রশিক্ষণ নিচ্ছিলেন। রুয়ান্ডার এই গৃহযুদ্ধে টুটসি ‘রুয়ান্ডান প্যাট্রিওটিক ফ্রন্ট’ বা ‘আরপিএফ’এর বিরুদ্ধে রুয়ান্ডার হুটু সরকারকে সামরিক সহায়তা দিয়েছিল পার্শ্ববর্তী দেশ কঙ্গো এবং সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স। কাগামি যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ‘আরপিএফ’এর নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৯৩ সালে জাতিসংঘের মধ্যস্ততায় ‘আরুশা একর্ডস’এর মাধ্যমে রুয়ান্ডার গৃহযুদ্ধের অবসান হয়। চুক্তি অনুযায়ী ‘আরপিএফ’কে রুয়ান্ডার রাজনীতিতে যথেষ্ট শক্তিশালী অবস্থান দেয়া হয়। সামরিক বাহিনীর অফিসারদের কমপক্ষে অর্ধেক আসতে হবে ‘আরপিএফ’ থেকে। আর পুরো সামরিক বাহিনীর ৪০ শতাংশ সদস্য আসতে হবে ‘আরপিএফ’ থেকে। ১৯৯৩ সালের অক্টোবরে ‘আরুশা একর্ডস’কে বাস্তবায়নের উদ্দেশ্যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। প্রায় আড়াই হাজার সেনার মাঝে সবচাইতে বড় গ্রুপ ছিল দেশটার প্রাক্তন ঔপনিবেশিক শক্তি বেলজিয়ামের।
পরের বছর ১৯৯৪এর ৬ই এপ্রিল রুয়ান্ডার রাজধানী কিগালি বিমানবন্দরে অবতরণের ঠিক আগে একটা ভিআইপি বিমানকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়। বিমানের আরোহীদের মাঝে ছিলেন বুরুন্ডির প্রেসিডেন্ট সিপ্রিয়েন নিতায়ামিরা এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা; উভয়েই ছিলেন হুটু। মার্কিন এবং ব্রিটিশ তদন্ত রিপোর্ট বলে যে, হুটুদের মাঝে উগ্রপন্থীরাই তাদের নিজেদের হুটু প্রেসিডেন্টদ্বয়কে হত্যা করে; যাতে করে টুটসিদের উপর গণহত্যা চালানো যায়। অপরদিকে ফরাসি এবং বেলজিয়ান রিপোর্ট বলে যে, টুটসি ‘আরপিএফ’ যোদ্ধারাই ঐ বিমান ভূপাতিত করেছিল। তবে এই ঘটনার পরপরই রুয়ান্ডার হুটু সামরিক অফিসার থিওনেস্তে বোগোসোরার অধীনে সেনারা তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যা করে এবং টুটসিদের উপর হামলা শুরু করে। শুরু হয় ভয়াবহ গণহত্যা।
১৯৯৪ সালের এপ্রিল থেকে জুলাইএর মাঝে মাত্র ১’শ দিনে মধ্য আফ্রিকার ছোট্ট দেশ রুয়ান্ডাতে ৮ লক্ষের বেশি মানুষকে হত্যা করা হয়; যা কিনা স্বল্প সময়ে হত্যাযজ্ঞের সকল রেকর্ডকে ভেঙ্গে ফেলে। নিহতদের বেশিরভাগই ছিল টুটসি। ছুরি-চাপাতি বা লাঠি-বাঁশ ব্যাবহার করে বা ঘরের ভেতরে পাকরাও করে ঘর জ্বালিয়ে দিয়ে সংখ্যাগরিষ্ঠ হুটু জনগোষ্ঠী সংখ্যালঘু টুটসিদের হত্যা করে।
চার মাস পর ১৯৯৪ সালের জুলাই মাসে গণহত্যা মোটামুটি বন্ধ হলে ‘আরুশা একর্ডস’ অনুযায়ী রুয়ান্ডার নতুন সরকার গঠিত হয়। নিহত প্রেসিডেন্ট হাবিয়ারিমানার রাজনৈতিক দল ‘এমআরএনডি’কে অবৈধ ঘোষণা করা হয়। আর এই শূণ্যস্থান পুরণ করে কাগামির দল ‘আরপিএফ’। আশ্চর্য হলেও সত্যি যে, টুটসিরা মারাত্মক গণহত্যার শিকার হলেও টুটসিদের দল ‘আরপিএফ’এর ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। কাগামি হন ভাইস প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষামন্ত্রী। আর প্রেসিডেন্ট হন প্যাস্তুর বিজিমুনগু, যিনি একজন হুটু হয়েও ‘আরপিএফ’এর সদস্য ছিলেন। সামরিক বাহিনীর নেতৃত্ব, পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকায় কাগামি প্রকৃতপক্ষে রুয়ান্ডার ক্ষমতায় চলে আসেন। ১৯৯৪ সালের বাকি বছরগুলিতে পশ্চিমা দেশগুলি থেকে প্রায় দেড় বিলিয়ন ডলার সমমূল্যের সহায়তা প্রদান করা হয়।
রুয়ান্ডার সরকারে ‘আরপিএফ’এর সদস্যদের সাথে হুটুদের দ্বন্দ্বের জের ধরে দেশব্যাপী ক্ষমতা দখলের হিরিক পড়ে যায়। এমনকি দেশের বাইরেও তা সংক্রমিত হয়। কাগামির প্রধান প্রতিদ্বন্দ্বী সেথ সেন্দাসোঙ্গা ১৯৯৮ সালের মে মাসে কেনিয়াতে এক হামলায় নিহত হন। ২০০০ সালে হুটু প্রেসিডেন্টের সাথে দ্বন্দ্বের পর কাগামি প্রেসিডেন্ট প্রার্থী হন। রুয়ান্ডার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে শুধুমাত্র মন্ত্রীসভা এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই যথেষ্ট; গণভোটের প্রয়োজন নেই। কাগামি খুব সহজেই প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৩ সালে কাগামি রুয়ান্ডার নতুন সংবিধান রচনা করেন; যা অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন প্রতি ৭ বছরের জন্যে; দেশের রাজনীতিতে হুটু বা টুটসি কেউই নিয়ন্ত্রণমূলক অবস্থানে থাকতে পারবে না; জাতিগত পরিচয়ের কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না। ২০০৯ সালে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’এর এক প্রতিবেদনে বলা হয় যে, এই সংবিধানে গণহত্যা বন্ধ করার কথা বলে প্রকৃতপক্ষে একটা একদলীয় শাসনের প্রবর্তন করা হয়। প্রতিবেদনের কথাগুলি প্রকৃতই সত্য; কারণ ২০২২ সালেও কাগামি ক্ষমতা ধরে রেখেছেন।
কঙ্গো এবং পল কাগামি
পল কাগামি ক্ষমতা নিয়েই পার্শ্ববর্তী দেশ জায়ারএর (বর্তমান নাম ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গো) পূর্বে বাস করা টুটসি গ্রুপগুলিকে সামরিক সহায়তা দিতে থাকেন এবং কঙ্গোর অভ্যন্তরে হুটু শরণার্থী শিবিরগুলির উপর হামলা করেন। কারণ এই হুটুরা কাগামির ক্ষমতা ধরে রাখার পিছনে হুমকি হিসেবে কাজ করছিল। বিশেষ করে রুয়ান্ডার প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থকরা কঙ্গো থেকে রুয়ান্ডার অভ্যন্তরে হামলা করছিলো। এরপর কাগামি কঙ্গোর ফরাসি সমর্থিত একনায়ক মোবুটু সেসে সেকোকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা চালাতে থাকেন। লরেন্ট কাবিলার নেতৃত্বে কঙ্গোর বিদ্রোহী গ্রুপকে কাগামি এবং উগান্ডার মুসেভেনি সমর্থন দেন। তবে কাবিলা কঙ্গোর ক্ষমতা নেবার পরপরই কাগামির সাথে শত্রুতা শুরু হয়। কাগামি অভিযোগ করেন যে, কঙ্গো থেকে বিদ্রোহীরা রুয়ান্ডার ভেতর হামলা করছে। জবাবে কাগামি কঙ্গোর অভ্যন্তরে ‘র্যালি ফর কঙ্গোলিজ ডেমোক্র্যাসি’ বা ‘আরসিডি’ গ্রুপকে সমর্থন দিতে শুরু করেন। শুধুমাত্র এঙ্গোলা, নামিবিয়া এবং জিম্বাবুয়ের সরাসরি সমর্থনের কারণে লরেন্ট কাবিলা ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে যান। তবে এই যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং ২০০৩ সাল পর্যন্ত রেডক্রসের হিসেবে ৩০ থেকে ৭৬ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধের কারণে মৃত্যুবরণ করে। ২০০১ সালের জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কাগামি এবং উগান্ডার মুসেভেনি কঙ্গোর পূর্বাঞ্চলের নর্থ কিভু ও সাউথ কিভু অঞ্চলের খনিজ সম্পদের মালিক হবার চেষ্টা করেছেন। কঙ্গোর প্রচুর মূল্যবান খনিজ রুয়ান্ডা হয়ে বাইরের দুনিয়াতে বিক্রি হয়েছে।
২০০১ সালে রুয়ান্ডা ঘোষণা দেয় যে, কঙ্গো থেকে রুয়ান্ডার সকল সেনা সরে এসেছে। এর বিনিময়ে কাগামির সমর্থিত ‘আরসিডি’ লরেন্ট কাবিলার ছেলে জোসেফ কাবিলার সাথে কঙ্গোর ক্ষমতা ভাগাভাগি করে নেয়। তদুপরি কাগামি অভিযোগ করতে থাকেন যে, হুটু বিদ্রোহীরা এখনও কঙ্গোর ভূমি ব্যবহার করে রুয়ান্ডায় হামলা করছে। অপরদিকে কঙ্গোর সরকার বলে যে, হুটুদের কথা বলে কাগামি পুরো অঞ্চলে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন। ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’এর এক বিশ্লেষণে বলা হয় যে, ২০০৫ থেকে ২০০৯ সালের মাঝে লরেন্ট নেকুন্দার নেতৃত্বে কঙ্গোর টুটসিদের গ্রুপকে কাগামি সমর্থন দিয়েছেন; আর ২০১২ সাল থেকে বসকো নেতাগান্দার অধীনে ‘মার্চ ২৩ মুভমেন্ট’ বা ‘এম২৩’কে সমর্থন দিয়েছেন তিনি। ২০১০ সালে জাতিসংঘের আরেক প্রতিবেদনে বলা হয় যে, কঙ্গোর অভ্যন্তরে রুয়ান্ডার সেনাবাহিনী মারাত্মক মানবাধিকার লংঘনের কাজে জড়িত ছিল। আর ২০১২ সালে জাতিগংঘের ফাঁস হওয়া এক গোপন রিপোর্টে বলা হয় যে, রুয়ান্ডার প্রতিরক্ষামন্ত্রী জেমস কাবারেবে প্রকৃতপক্ষে ‘এম২৩’এর নেতৃত্ব দিচ্ছেন!
২০১৯ সালে ফেলিক্স শিসেকেদি কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচিত হলেও রুয়ান্ডার সাথে সম্পর্ক স্বাভাবিক হয়নি। ২০২০ সালেও কাগামির বিরুদ্ধে কঙ্গোর অভ্যন্তরে রুয়ান্ডার সেনা মোতায়েন রাখার অভিযোগ রয়েছে। আর ২০২১ সালের নভেম্বরে ‘এম২৩’ নতুন করে আভিযান শুরু করলে সমস্যা আরও ঘনীভূত হয়।
ফ্রান্সের চক্ষুশূল কাগামি
নিহত হবার আগ পর্যন্ত রুয়ান্ডার হুটু প্রেসিডেন্ট হাবিয়ারিমানাএর সাথে ফ্রান্সের যথেষ্ট সখ্যতা ছিল। ১৯৯০ সালে টুটসি বিদ্রোহী গ্রুপ ‘আরপিএফ’ রুয়ান্ডায় হামলা শুরু করলে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়াঁ মিতেরাঁর সরকার রুয়ান্ডা সরকারকে সহায়তা করার জন্যে ৬’শ প্যারাট্রুপার সেনা পাঠায়। এই সেনারা টুটসি বিদ্রোহীদের বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে নেয় এবং ১৯৯৪ সালে টুটসিদের বিরুদ্ধে গণহত্যা চলার সময় ফরাসি সেনারা হুটু শরণার্থীদেরকে সুরক্ষা দেয়; যাদের মাঝে মানবাধিকার লংঘনকারীরা ছিল বলেও অভিযোগ ওঠে। ‘আরপিএফ’ রুয়ান্ডার ক্ষমতা নেবার পর ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে ৬ মাস লাগে। তারপরেও দু’দেশের সম্পর্ক স্বাভাবিক ছিল না; কাগামির সরকার অভিযোগ করতে থাকে যে, ফ্রান্স গণহত্যাকারীদের সহায়তা দিয়েছে। এরপর ২০০৬ সালে ফরাসি এক বিচারপতি একটা রিপোর্ট প্রকাশ করেন, যেখানে বলা হয় যে, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামি ১৯৯৪ সালে দুই প্রেসিডেন্টের বিমান ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে কাগামি সরকারের ৯ জন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। রুয়ান্ডা সাথেসাথেই ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে ২০০৮-০৯ সালের দিকে কূটনৈতিক সম্পর্ক আবারও পুনপ্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি গণহত্যার পর থেকে প্রথম ফরাসি প্রেসিডেন্ট হিসেবে রুয়ান্ডা সফর করেন। সফরকালে তিনি স্বীকার করেন যে, ১৯৯৪ সালে ফ্রান্স অনেক বড় ভুল করেছে। পরের বছর কাগামিও প্যারিস সফর করেন।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কাছের বন্ধু কাগামি
গত ২৫শে জুলাই ‘রয়টার্স’এর এক খবরে বলা হয় যে, মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান রবার্ট মেনেনডেজ মার্কিন পররাষ্ট্র সচিব এন্টনি ব্লিনকেনের কাছে লেখা এক চিঠিতে রুয়ান্ডাকে মার্কিন আর্থিক সহায়তার ব্যাপারটা পুনর্বিবেচনা করার আহ্বান জানান। চিঠিতে বলা হয় যে, রুয়ান্ডা সরকারের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশ কঙ্গোর অভ্যন্তরে ‘এম২৩’ বিদ্রোহী যোদ্ধাদের সহায়তা দেয়ার অভিযোগ রয়েছে। এমতাবস্থায় মার্কিন সরকার যদি রুয়ান্ডাকে সহায়তা দেয়া চালিয়ে যায়, তাহলে অনেকেই ধরে নিতে পারে যে, রুয়ান্ডার এহেন কর্মকান্ডে মার্কিনীদের সমর্থন রয়েছে। প্রতিবেদনে বলা হয় যে, ২০২১ সালে ১’শ ৪৭ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র রুয়ান্ডার সবচাইতে বড় সহযোগী রাষ্ট্র। এই সহায়তার একটা অংশ যাচ্ছে জাতিসংঘ মিশনে রুয়ান্ডার সেনাদের অংশ নেয়ার প্রশিক্ষণ ও লজিস্টিক্যাল সহায়তা হিসেবে। রুয়ান্ডার একনায়ক পল কাগামি গত ২২ বছর ধরে প্রেসিডেন্ট এবং প্রায় ৩০ বছর ধরে তিনি রুয়ান্ডার বাস্তবিক শাসনকর্তা। সিনেটর মেনেনডেজ কাগামি সরকারের সমালোচনা করলেও গত তিন দশকের বেশি সময় ধরেই রুয়ান্ডার সাথে মার্কিনীদের সখ্যতা কমেনি এক বিন্দুও।
পল কাগামির বিরুদ্ধে গণহত্যায় অংশ নেবার অভিযোগ রয়েছে; তিনি পার্শ্ববর্তী দেশ কঙ্গোর অভ্যন্তরে বহু বছর ধরে সেনা মোতায়েন রেখেছেন এবং সেখানে প্রক্সি যুদ্ধ চালিয়ে নিয়েছেন। তথাপি দেশের অভ্যন্তরে অর্থনৈতিক ক্ষেত্রে কাগামি যেসব পদক্ষেপ নিয়েছেন, তা পশ্চিমাদের, বিশেষ করে মার্কিনীদের যথেষ্টই খুশি করেছে। বিশ্বব্যাংকের হিসেবে পল কাগামি প্রেসিডেন্ট হবার সময় রুয়ান্ডার মাথাপিছু জিডিপি ছিল ৬’শ ৩১ ডলার; যা ২০২০ সালে গিয়ে দাঁড়ায় ২ হাজার ২’শ ১৪ ডলারে। কাগামি রুয়ান্ডাকে উন্মুক্ত বাজার করে দেন এবং দেশকে সিঙ্গাপুর হিসেবে তৈরি করার কথা বলেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ অনেকেই পল কাগামির সরকারের এহেন মুক্ত বাজার অর্থনীতির ভুয়সী প্রশংসা করেন। তবে এই উন্নয়ন শুধুমাত্র রাজধানী শহরের কিছু মানুষই ভোগ করেছে। বেশিরভাগ সম্পদই স্বল্প সংখ্যক মানুষের হাতে চলে গেছে।
১৯৯৪ সালের গণহত্যার পর থেকে রুয়ান্ডা ইংরেজী ভাষাভাষী দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বেশ কাছাকাছি গিয়েছে। ব্রিটেন রুয়ান্ডাকে অর্থনৈতিক সহায়তা দিয়েছে; আর যুক্তরাষ্ট্র দিয়েছে সামরিক সহায়তা ও উন্নয়ন অর্থায়ন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন কাগামিকে বর্তমান সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ নেতাদের একজন বলে আখ্যা দেন। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও কাগামি সরকারের অর্থনৈতিক সংস্কারের ভূয়সী প্রসংসা করে এই বলেন যে, রুয়ান্ডা হলো আন্তর্জাতিক সহায়তা কাজে লাগাবার ক্ষেত্রে সকলের জন্যে উদাহরণস্বরূপ। ব্লেয়ার রুয়ান্ডার সরকারের উপদেষ্টারূপেও কাজ করেছেন। এখানেই শেষ নয়। ২০০৯ সালে ইংরেজী ভাষাভাষী না হয়েও মোজাম্বিকের পর দ্বিতীয় দেশ হিসেবে রুয়ান্ডা ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্ভুক্ত হয়। ২০১২ সালে রুয়ান্ডা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যও নির্বাচিত হয়।
তবে ২০১২ সালের নভেম্বরে কঙ্গোর ‘এম২৩’ বিদ্রোহীদের সহায়তা দানের জন্যে ব্রিটিশ সরকার রুয়ান্ডার জন্যে ২১ মিলিয়ন পাউন্ড সহায়তা স্থগিত করে। জার্মানিও তাই করে। যুক্তরাষ্ট্রও রুয়ান্ডার সামরিক সহায়তা স্থগিত করে। তবে ২০১৩ সালের পর থেকে এই সহায়তাগুলি আবারও দেয়া শুরু হয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র রুয়ান্ডার সবচাইতে বড় সহায়তাকারী দেশ।
পশ্চিমাদের স্বার্থের দ্বন্দ্ব
মধ্য আফ্রিকার দেশ কঙ্গো খনিজ সম্পদের দিক থেকে অত্যন্ত ধনী একটা দেশ। কিন্তু দেশের মানুষ এই খনিজ সম্পদের সুবিধা কখনোই পায়নি। বরং পশ্চিমা শক্তিদের ভূরাজনৈতিক স্বার্থের বলি হয়েছে এখানকার জনগণ। ঔপনিবেশিক শক্তিরা এই অঞ্চল ত্যাগ করলেও এখানকার জনগণ এখনও উপনিবেশ হিসেবেই জীবনযাপন করছে। রুয়ান্ডার গণহত্যায় ৮ লক্ষাধিক মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন পল কাগামি; যিনি তার দেশকে ফ্রান্সের কোল থেকে বের করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কোলে নিয়ে গেছেন। এক্ষেত্রে প্রাক্তন ব্রিটিশ উপনিবেশ উগান্ডা কাগামিকে ক্ষমতায় যেতে বিশাল সহায়তা দিয়েছে। ১৯৯৪ সালের গণহত্যাটা কাগামিকে তার ক্ষমতার ভিত শক্ত করতে যথেষ্ট সহায়তা করেছে। তবে এর ফলশ্রুতিতে ফ্রান্সের সাথে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যে ভূরাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়, তার ফলাফল ভোগ করতে বাধ্য হয় পার্শ্ববর্তী দেশ কঙ্গো। কঙ্গোর গৃহযুদ্ধে রুয়ান্ডা এবং উগান্ডা ভয়াবহ ভূমিকা নেয়; যার ফলশ্রুতিতে কঙ্গোতে ৩০ থেকে ৭৬ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। তথাপি এই দ্বন্দ্ব এখনও শেষ হয়নি; যার ফলাফল দেখা যাচ্ছে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের বিরুদ্ধে বিক্ষোভের মাঝে। আফ্রিকাকে নিজের নিয়ন্ত্রণে নিতে রুয়ান্ডাকে যুক্তরাষ্ট্র তৈরি করছে প্রায় তিন দশক ধরে। এমতাবস্থায় জাতিসংঘে রুয়ান্ডা সমর্থিত ‘এম২৩’ বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া কঠিন হওয়াটাই স্বাভাবিক। আর ফ্রান্স তার শক্তি হারাচ্ছে বেশ কিছুদিন ধরেই। আফ্রিকাতে ফ্রান্সের অবস্থানগুলি দখলে নিতে চাইছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পশ্চিমা বিশ্বব্যবস্থার অসারতার জানান দিচ্ছে ফ্রান্স-যুক্তরাষ্ট্র-ব্রিটেনের দ্বন্দ্বের বলি কঙ্গো ও রুয়ান্ডার লাখো মানুষের লাশ।
……………………………………………………
সূত্র -
‘Why are there protests against UN peacekeepers in DR Congo?’ in Inside Story, Al-Jazeera, 29 July 2022 (https://youtu.be/hP-U3sKyfBs)
‘America’s secret role in the Rwandan genocide’ in The Guardian, 12 September 2017
‘U.S. senator questions aid to Rwanda over human rights, role in Congo’ in Reuters, 26 July 2022
‘Rethinking the Rwandan Narrative for the 25th Anniversary’, by Gerald Caplan in Genocide Studies International, 2018
‘The Rwanda Crisis: History of a Genocide’ by Gerald Prunier, 1999
‘The Responsibility to Protect and the Duty to Prevent Genocide: Lessons to be Learned from the Role of the International Community and the Media During the Rwandan Genocide and the Conflict in the Former Yugoslavia’ by Jeremy Sarkin and Carly Fowler, in Suffolk Transnational Law Review, 2010
‘Hutus 'killed Rwanda President Juvenal Habyarimana'’ in BBC News, 12 January 2010
‘A Thousand Hills: Rwanda's Rebirth and the Man Who Dreamed it’ by Stephen Kinzer, 2008
‘Silent Accomplice: The Untold Story of France's Role in the Rwandan Genocide’ by Andrew Wallis, 2007
‘Paul Kagame And Rwanda: Power, Genocide and the Rwandan Patriotic Front’ by Colin Waugh, 2004
‘Rwanda's Leaders Vow to Build a Multiparty State for Both Hutu and Tutsi’ in The New York Times, 07 September 1994
‘Ex-Rwandan Minister Killed in Kenya’ in Associated Press, 17 May 1998
‘Report of the Panel of Experts on the Illegal Exploitation of Natural Resources and Other Forms of Wealth of the Democratic Republic of the Congo’, United Nations, 12 April 2001
‘Kagame elected Rwandan president’ in BBC News, 17 April 2000
‘The power of horror in Rwanda’, Human Rights Watch, 11 April 2009
‘Rwandans Led Revolt in Congo’ in The Washington Post, 09 July 1997
‘Review of Congo war halves death toll’ in Associated Press, 20 January 2010
‘Delayed UN report links Rwanda to Congo genocide’ in The Guardian, 01 October 2010
‘GDP per capita, PPP (current international $) – Rwanda’, World Bank, 2020
‘Rwanda's Economic Miracle’ in National Review, 13 December 2010
‘Tracking Rwanda's ICT ambitions’ in The New Times, 27 May 2012
‘Paul Kagame: Rwanda's redeemer or ruthless dictator?’ in The Daily Telegraph, 22 July 2010
‘Whispering truth to power: The everyday resistance of Rwandan peasants to post-genocide reconciliation’ by S. Thomson in African Affairs, 2011
‘Kabila Accuses Rwanda of Trying to Profit from Congo Chaos’ in Voice of America, 30 October 2009
‘Averting Proxy Wars in the Eastern DR Congo and Great Lakes’, International Crisis Group, 23 January 2020
‘Rwanda defence chief leads DR Congo rebels, UN report says, in BBC News, 17 October 2012
‘Shake Hands with the Devil: The Failure of Humanity in Rwanda’ by Romeo Dallaire, 2005
‘Securing Human Rights?: Achievements and Challenges of the UN Security Council’ by Bardo Fassbender, 2011
‘France's shame?, in The Guardian, 11 January 2007
‘France issues Rwanda warrants’ in BBC News, 23 November 2006
‘Rwanda cuts relations with France’ in BBC News, 24 November 2006
‘Kabuye's release not condition for resuming ties with France-Museminali’ in The New Times, 25 November 2008
‘On Visit to Rwanda, Sarkozy Admits 'Grave Errors' in 1994 Genocide’ in The New York Times, 25 February 2010
‘Rwanda's Kagame pays 'reconciliation visit' to France’ in BBC News, 12 September 2011
‘The end of the west's humiliating affair with Paul Kagame’ in The Guardian, 25 July 2012
‘Blair takes on unpaid role as Rwanda advise’ in The Guardian, 18 January 2008
‘Rwanda joins the Commonwealth’ in The Daily Telegraph, 29 November 2009
‘UK stops £21m aid payment to Rwanda’ in BBC News, 30 November 2012
‘The Effects of the Exit From Budget Support In Rwanda’, German Institute for Development Evaluation, February 2008
‘Obama accused of failed policy over Rwanda's support of rebel group’ in The Guardian, 11 December 2012
Sunday, 8 May 2022
রাশিয়া এবং পশ্চিমাদের স্বার্থের দ্বন্দ্বের বলি হচ্ছে আফ্রিকা
০৮ই মে ২০২২
‘আল জাজিরা’ বলছে যে, দুই মাসে ইউরোপে সূর্যমুখীসহ ভোজ্যতেলের মূল্য ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় অনেক দেশই নিজেদের মজুত নিশ্চিত করতে রপ্তানি বন্ধ করে দিয়েছে। ইন্দোনেশিয়া সাম্প্রতিক সময়ে পাম তেল রপ্তানি বন্ধ করে দেয়ায় আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রাসেলস ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, যদিও রাশিয়া থেকে খাদ্য আমদানিতে বাধা দেয়া হয়নি, তথাপি রাশিয়ার উপর পশ্চিমা অবরোধের কারণে রুশ বিক্রেতাদেরকে মূল্য পরিশোধ করা কঠিন হয়ে গেছে এবং জাহাজের ইন্সুর্যান্সও পাওয়া যাচ্ছে না। জাতিসংঘের অঙ্গসংগঠন ইউএনডিপির আফ্রিকা বিষয়ক প্রধান অর্থনীতিবিদ রেইমন্ড গিলপিন ৬ই মে জেনেভায় এক সাংবাদিকদের বলেন যে, ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার উপর পশ্চিমাদের অবরোধের কারণে আফ্রিকা অভূতপূর্ব সংকটের মাঝে পড়েছে। করোনার লকডাউন এবং জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকা যখন মারাত্মক সমস্যায় পতিত ছিল, তখনই ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য, সার ও জ্বালানির মূল্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বিশেষ করে আফ্রিকার তিনটা দেশের কথা উল্লেখ করেন, যেখানে মূদ্রাস্ফীতির ফলাফল সবচাইতে বেশি পরিলক্ষিত হবে; যেগুলি হলো আফ্রিকার দক্ষিণাঞ্চলের দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন। আফ্রিকার অনেক দেশই খাদ্য এবং সারের জন্যে রাশিয়া ও ইউক্রেনের উপর নির্ভরশীল। এই দুই দেশ আন্তর্জাতিক বাজারে গম, ভুট্টা, রাই সরিষা ও সূর্যমুখী তেলের প্রধান যোগানদাতা। আফ্রিকার কিছু দেশ তাদের দরকারের প্রায় ৮০ শতাংশ গম এই দুই দেশ থেকে আমদানি করে থাকে।
জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল আহুন্না এজিয়াকোনওয়া বলছেন যে, এখন আফ্রিকার দেশগুলির জন্যে খাদ্য সরবরাহের রাতারাতি কোন বিকল্প নেই। গিলপিন বলছেন যে, পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল, মধ্য আফ্রিকা এবং পূর্ব আফ্রিকার ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলে সামাজিক সংঘাত চলছিল আরও আগে থেকেই; অর্থনৈতিক সমস্যা সেটাকে আরও ঘনীভূত করতে পারে। শহরাঞ্চলে স্বল্প আয়ের মানুষের মাঝে উত্তেজনা দেখা দিতে পারে; সহিংস প্রতিবাদ এবং সংঘাতেও রূপ দিতে পারে। আর যে দেশগুলিতে ২০২২ এবং ২০২৩ সালে নির্বাচনের কথা রয়েছে, সেগুলি বিশেষভাবে বিপদের মাঝে রয়েছে। গত এপ্রিলে আইএমএফও বলেছে যে, মূল্যস্ফীতির কারণে আফ্রিকায় সামাজিক অসন্তোষ দেখা দিতে পারে। এর আগে মার্চ মাসে জাতিসংঘের অঙ্গসংগঠন ‘ডব্লিউএফপি’র প্রধান ডেভিড বীসলি বলেন যে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যাভাবের যে সমস্যা চলছিল, তা অভূতপূর্ব আকার ধারণ করতে পারে। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেন যে, খাদ্য, জ্বালানি এবং পরিবহণ খরচের মারাত্মক বৃদ্ধির কারণে যারা না খেয়ে থাকছে, তাদের জন্যে আরও কম খাবার থাকবে।
উত্তর আফ্রিকার সাথে রাশিয়া ও ইউক্রেনের বাণিজ্য
‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’ বা ‘আইসিজি’ বলছে যে, ইউক্রেন যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু দেশ সরাসরিই রাশিয়া পক্ষ নিয়েছে; আর বাকিরা রাশিয়া এবং পশ্চিম উভয়ের সাথেই সম্পর্ক রেখে চলার নীতিতে এগুচ্ছে। আর এরই মাঝে বিভিন্ন দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্লেষণে বলা হচ্ছে যে, পশ্চিমা দেশগুলি এখন তাদের নিজেদের এলাকা নিয়ে এতটাই ব্যস্ত যে, মধ্যপ্রাচ্য বা আফ্রিকার দুর্ভিক্ষের কথা নিয়ে চিন্তা করার সময় এখন তাদের নেই। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া যুদ্ধরত দুই দেশ থেকে মাত্র ৩ শতাংশ গম আমদানি করে থাকে; কাজেই তারা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত তাদের গমের মজুদ রয়েছে। আর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে খাদ্য আমদানির উচ্চমূল্য তাদেরকে খুব বেশি সমস্যায় ফেলবে না। মরক্কোর ক্ষেত্রেও প্রায় একইরকম; কারণ দেশটার ২০ থেকে ৩০ শতাংশ গম রাশিয়া ও ইউক্রেন থেকে আসে। তবে মরক্কো তাদের ৪০ শতাংশ গম আমদানি করে; এবং সাম্প্রতিক সময়ে খরার কারণে গমের ফলন খারাপ হয়েছে। এমতাবস্থায় সরকার আটার উপর ভর্তুকি তিনগুণ বাড়িয়েছে। এই খরচাগুলি সরকার কোথা থেকে জোগাড় করবে সেটা না বললেও মরক্কোকে খুব সম্ভবতঃ আইএমএফ এবং আন্তর্জাতিক বন্ডের বাজার থেকে ঋণ নিতে হবে। মরক্কো জাতিসংঘের ভোটাভুটিতে রাশিয়ার বিপক্ষে ভোট দেয়নি। তবে এই অবস্থান নেয়ার জন্যে মরক্কোর পশ্চিমা বন্ধুরা দেশটার তেমন সমালোচনা করেনি। বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলের নিয়ন্ত্রণের ব্যাপারেও মরক্কো চিন্তিত থাকতে পারে; কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ভেটো প্রদানের মাধ্যমে মরক্কোর চেষ্টাকে রুখে দিতে পারে। মস্কো এখন পর্যন্ত পশ্চিম সাহারা ইস্যুতে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে।
অপরদিকে মিশরের ব্যাপারটা যথেষ্ট বিপজ্জনক; তারা তাদের ৮০ শতাংশ গমই রাশিয়া এবং ইউক্রেন থেকে আমদানি করে। রুটির মূল্য ৫০ শতাংশ বৃদ্ধি পাওয়া ছাড়াও যুদ্ধের কারণে ভুট্টার মূল্য বৃদ্ধিতে দেশটাতে পশুখাদ্য উৎপাদনেও সমস্যা দেখা দিয়েছে। যুদ্ধের আগে মিশরের পর্যটন ভিত্তিক অর্থনীতিতে রুশ এবং ইউক্রেনিয়ান পর্যটকের সংখ্যা ছিল প্রায় এক-তৃতীয়াংশ। এপ্রিল মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার দেশটাকে ২২ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা ও বিনিয়োগের আস্বাস দিলেও মুদ্রার অবমূল্যায়নের কারণে দরিদ্র্য জনগণের জীবন আরও দুর্বিসহ হবে। ইউক্রেন যুদ্ধের উপর জাতিসংঘের ভোটাভুটিতে মিশর রাশিয়ার বিরুদ্ধাচরণ করার পরপরই মার্কিনীরা মিশরের কাছে ‘এফ-১৫’ যুদ্ধবিমান বিক্রির ইচ্ছা পোষণ করা শুরু করে। অনেকেই মনে করছেন যে, এটা হলো মিশরের কাছে রুশ ‘সুখোই ৩৫’ যুদ্ধবিমান বিক্রি বন্ধের একটা প্রচেষ্টা। কিন্তু এই প্রচেষ্টার পর মিশরের সাথে রাশিয়ার ‘টু প্লাস টু’ কূটনৈতিক বৈঠকে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনা বলে দিচ্ছে যে, মার্কিন কূটনৈতিক সাফল্য কতটা সফল হয়েছে।
‘আইসিজি’এর বিশ্লেষণে বলা হচ্ছে যে, আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল হওয়ায় তিউনিসিয়া অপেক্ষাকৃত দুর্বল অবস্থানে রয়েছে। দেশটা তাদের ৫০ শতাংশ গ্যাস এবং ৭০ শতাংশ জ্বালানি তেল বাজার মূল্যে যথাক্রমে আলজেরিয়া এবং খোলা বাজার থেকে ক্রয় করে। ২০২২ সালের বাজেটে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ব্যারেলপ্রতি ৭৫ ডলার ধরা হয়েছিল। এখন ১’শ ডলার মূল্যের কারণে জ্বালানি আমদানির খরচ ২০১৯ সালে ১ দশমিক ৬ বিলিয়ন থেকে বেড়ে গিয়ে এবছরে ৪ বিলিয়ন ডলার হতে চলেছে। বাজেটের উপর চাপ কমাতে সরকার ইতোমধ্যেই জ্বালানির মূল্য কয়েক দফা বৃদ্ধি করেছে; যা কিনা জনগণের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে। অপরদিকে দেশটা তাদের গমের একটা বড় অংশ আমদানি করে, যার অর্ধেকই আসে ইউক্রেন থেকে। বর্তমান গমের মজুদ জুন মাস পর্যন্ত চলবে। সাম্প্রতিক সময়ে গত ছয় মাসের বাকি ৩’শ মিলিয়ন ডলার আমদানিমূল্যের অর্ধেক চেয়েছে ইউক্রেন; যা না দিলে তারা তিউনিসিয়াকে আর গম সরবরাহ করবে না। কাজেই জুন মাসে নতুন ফসল ঘরে তুলতে পারার আগেই গমের অপ্রতুলতা দেখা দিতে পারে।
আফ্রিকার মাটিতে রাশিয়া ও পশ্চিমাদের স্বার্থের দ্বন্দ্ব
ফরাসি বার্তা সংস্থা ‘আরএফআই’এর এক খবরে বলা হচ্ছে যে, গত ১২ই এপ্রিল আফ্রিকার দেশ ক্যামেরুন রাশিয়ার সাথে একটা সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি মোতাবেক দুই দেশ সামরিক তথ্য আদান প্রদান, প্রশিক্ষণ এবং শিক্ষার ব্যাপারে সহযোগিতা করবে। ২০১৫ সাল থেকে রাশিয়া ক্যামেরুনের সাথে সম্পর্ক রেখে চলেছে। আর জাতিসংঘে সাম্প্রতিক ভোটাভুটিতে ক্যামেরুন রাশিয়ার বিপক্ষে যায়নি। বর্তমানে আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, লিবিয়া, মালি এবং আরও কিছু দেশে রুশ সরকারের সমর্থনপুষ্ট ভাড়াটে ‘ওয়াগনার গ্রুপ’এর সদস্যরা সরকারি বাহিনীকে ট্রেনিং দিচ্ছে এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিচ্ছে।
মার্কিন থিঙ্কট্যাঙ্ক ‘ল’ফেয়ার ইন্সটিটিউট’এর এক বিশ্লেষণে বলা হচ্ছে যে, ইউক্রেনের মাটিতে ব্যাপক ক্ষতির মাঝে পড়ার পরেও আফ্রিকাতে রাশিয়া তার সামরিক ও ব্যবসায়িক অবস্থানগুলিকে চালিয়ে নিচ্ছে। সামনের দিনগুলিতে আফ্রিকার আরও দেশের সাথে রাশিয়ার নিরাপত্তা চুক্তি হবার সম্ভাবনা রয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে রুশরা শূণ্যস্থান পূরণ করেছে এবং মালিতে ফ্রান্সকে প্রস্তিস্থাপিত করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে যে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বা মালির মতো দেশগুলির উপর থেকে পশ্চিমা সহায়তা সড়িয়ে নেবার হুমকি তাদের অবস্থানকে পরিবর্তন করাবে না; বরং তাতে সেখানে রুশ প্রভাব আরও বৃদ্ধি পাবে এবং মার্কিন অবস্থান দুর্বল হবে। শুধু তাই নয়, এতে সেসব দেশের জনগণের উপর আরও বেশি দুর্ভোগ নেমে আসবে। যুক্তরাষ্ট্র বরং চিন্তা করতে পারে যে, আফ্রিকার দেশগুলিতে রুশ প্রভাবের স্থানে অন্য কারুর অবস্থান নেয়াটা পশ্চিমাদের জন্যে কতটা ভয়াবহ হবে। সেই হিসেবে মধ্যম মেয়াদে আফ্রিকাতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ।
‘ল’ফেয়ার ইন্সটিটিউট’ আরও বলছে যে, সুদানে সামরিক অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র দেশটার উপর থেকে ৭’শ মিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা এমন সময়ে সড়িয়ে নেয়, যখন সেখানে অর্থনৈতিক দৈন্যতা এবং খাদ্য নিরাপত্তাহীনতা মারাত্মক আকার ধারণ করেছিলো। এতে বোঝা যায় যে, ওয়াশিংটনের সুদান নীতি যথেষ্ট সমৃদ্ধ নয় এবং সেখানকার গণতন্ত্রকামীদের জন্যে মার্কিন সমর্থনের কথাগুলি নিছক গালগপ্প ছাড়া আর কিছুই নয়। সুদানের উপর মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের প্রভাব অধিক থাকায় এবং এই দেশগুলি ওয়াশিংটনের বন্ধু হওয়ায় মার্কিনীরা হয়তো তাদের মাধ্যমেই সুদানের সাথে সম্পর্ক ধরে রাখতে পারে। সুদানের মতো দেশগুলির নেতারা পশ্চিমা সহায়তা নয়, বরং ক্ষমতা ধরে রাখার বিষয়েই বেশি চিন্তিত থাকে। সুদানের সামরিক সরকারকে মার্কিন বন্ধু দেশ মিশর, আমিরাত, সৌদি আরব, এমনকি ইস্রাইল সহায়তা প্রদান করছে।
আফ্রিকা – ইউক্রেন যুদ্ধের ‘কোল্যাটেরাল ড্যামেজ’
‘দ্যা ওয়াশিংটন পোস্ট’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ২রা মার্চ জাতিসংঘের ভোটাভুটিতে আফ্রিকার ৫৪টা দেশের মাঝে ২৬টা দেশই রাশিয়ার বিরুদ্ধে যায়নি। এরপর যুক্তরাষ্ট্রের যথেষ্ট কূটনৈতিক প্রচেষ্টার পর ৭ই এপ্রিল জাতিসংঘের আরেক ভোটে আফ্রিকার ৩৩টা দেশ রাশিয়ার বিরুদ্ধে যায়নি। আফ্রিকার দেশগুলি রাশিয়া থেকে সাহায্য না পেলেও তারা খাদ্য এবং অস্ত্র আমদানির জন্যে রাশিয়ার উপরে যথেষ্টই নির্ভরশীল। জাতিসংঘের হিসেবে আফ্রিকার ১৪টা দেশ তাদের অর্ধেক গমের জন্যে রাশিয়া এবং ইউক্রেনের উপর নির্ভরশীল; অপরদিকে সোমালিয়া ৯০ শতাংশ এবং ইথিওপিয়া শতভাগ নির্ভরশীল। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের হিসেবে রাশিয়ার সাথে আফ্রিকার বাণিজ্য ৪ বিলিয়ন ডলার; যার ৯০ শতাংশই হলো গমের বাণিজ্য। আর ইউক্রেনের সাথে আফ্রিকার বাণিজ্য সাড়ে ৪ বিলিয়ন ডলার; যার ৫০ শতাংশ গম।
আফ্রিকার অনেক দেশই গৃহযুদ্ধ দ্বারা জর্জরিত অথবা প্রায় যুদ্ধাবস্থার মাঝে রয়েছে। এই যুদ্ধের অস্ত্র অনেক ক্ষেত্রেই রুশ নির্মিত। তবে এই যুদ্ধগুলিতে পশ্চিমাদের স্বার্থ রয়েছে। যুদ্ধরত এই দেশগুলি একদিকে যেমন পশ্চিমাদের কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছে, অন্যদিকে তারা রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে যুদ্ধ চালিয়ে নেবার জন্যে। ‘ল’ফেয়ার ইন্সটিটিউট’ বলছে যে, আফ্রিকাতে রাশিয়াকে প্রতিস্থাপিত করে অন্য কোন শক্তি আসার ব্যাপারটা পশ্চিমাদের কাছে, তথা যুক্তরাষ্ট্রের কাছে ভীতির কারণ। এমতাবস্থায় ইউক্রেন যুদ্ধের মাঝেও পশ্চিমারা আফ্রিকাতে রুশ অবস্থানকে মেনে নিতে বাধ্য হচ্ছে। আফ্রিকাতে রাশিয়া এবং পশ্চিমাদের মাঝে স্বার্থের দ্বন্দ্ব থাকলেও তা ভূরাজনৈতিক বাস্তবতা দ্বারা প্রভাবিত; যা এখন পশ্চিমাদের নিয়ন্ত্রণে নেই। আফ্রিকার অনেকগুলি দেশই যেমন তাদের বাস্তবতাকে প্রাধান্য দিয়ে জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে যায়নি, তেমনি পশ্চিমা দেশগুলিও বাস্তবতা মেনে নিয়ে আফ্রিকাতে রাশিয়াকে প্রতিস্থাপন করার চাইতে মহাদেশটার নিরাপত্তাকেই তাদের স্বার্থের জন্যে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। ‘দ্যা ওয়াশিংটন পোস্ট’ বলছে যে, আফ্রিকা হলো ইউক্রেন যুদ্ধের ‘কোল্যাটেরাল ড্যামেজ’। আর ‘আইসিজি’ বলছে যে, আফ্রিকার দিকে তাকাবার মতো সময় এখন পশ্চিমাদের কাছে নেই। কিন্তু সমস্যা হলো, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং এর ফলশ্রুতিতে সামাজিক অসন্তোষ যখন আফ্রিকাকে ঘিরে ফেলছে, তখন সমস্যার সমাধান দিতে না পারার কারণে সেখানে পশ্চিমারা শুধু প্রভাব হারাবেই। একইসাথে যে ভয়ে পশ্চিমারা রাশিয়াকে আফ্রিকা থেকে বিতাড়িত করতে চাইছে না, সেই ভীতিই বাস্তবে রূপ নেবে।
Saturday, 23 October 2021
তুরস্ক কি আফ্রিকাতে সামরিক শক্তি হিসেবে রূপ নিচ্ছে?
তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়িপ এরদোগান পশ্চিম আফ্রিকার তিন দেশ এঙ্গোলা, টোগো এবং নাইজেরিয়া ঘুরে এসেছেন। এর মাধ্যমে ৩০টা দেশ ভ্রমণ করে তিনি আফ্রিকায় সবচাইতে বেশি দেশ ভ্রমণকারী রাষ্ট্রনায়ক হলেন। নাইজেরিয়া এবং এঙ্গোলার জ্বালানি ও খনিজ সম্পদে তুর্কি বিনিয়োগ এবং দেশগুলির সাথে বাণিজ্য বৃদ্ধির খবরগুলিই মিডিয়াতে এসেছে বেশি। বিশ্লেষকেরা বলছেন যে, আফ্রিকাতে তুরস্কের বাণিজ্য বৃদ্ধি পেলেও তা এখনও ইউরোপের সাথে বাণিজ্যের তুলনায় কিছুই নয়। তবে আফ্রিকায় তুরস্কের কর্মকান্ড বৃদ্ধির ভূরাজনৈতিক গুরুত্ব অর্থনৈতিক ক্ষেত্রে নয়; রয়েছে অন্য কোথাও। মার্কিন থিংকট্যাঙ্ক ‘ইউরেশিয়া গ্রুপ’এর ‘জি জিরো মিডিয়া’র এক লেখায় বলা হচ্ছে যে, তুরস্ক আফ্রিকাতে বড় শক্তিগুলির সাথে সরাসরি প্রতিযোগিতা না করে নিজেদের জন্যে কিছু জায়গা বের করে নিয়েছে; যেখানে তারা বেশ সাফল্য পাচ্ছে। তুরস্কের সবচাইতে বড় সুবিধা হলো, তারা ফ্রান্স, ব্রিটেন বা বেলজিয়ামের মতো উপনিবেশিক শক্তি নয়; এমনকি বর্তমান যুগের বড় শক্তিগুলির একটাও তারা নয়। একইসাথে তুরস্ক নিজেদেরকে যুক্তরাষ্ট্র বা চীনের মতো আগ্রাসী শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছে না।
আফ্রিকায় তুরস্কের মূল লক্ষ্য কি ড্রোন বিক্রি?
‘মিডলইস্ট আই’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, তুর্কি প্রেসিডেন্টের আফ্রিকায় তিন দেশ সফরের ঘটনা তুর্কি মিডিয়াতে খুব কমই এসেছে। বরং পত্রিকাগুলি সরকারি প্রেসনোটকেই মূলতঃ হাইলাইট করেছে; যার মাঝে মূল বক্তব্য ছিল আফ্রিকায় তুরস্কের মানবকল্যাণমূলক কর্মকান্ড এবং উপনিবেশিকতা বিমুখ দিকনির্দেশনা। প্রতিবেদনে বলা হচ্ছে যে, গত দুই দশকে আফ্রিকাতে তুরস্ক তার কূটনৈতিক মিশনের সংখ্যা ১২ থেকে ৪৩শে উন্নীত করা হয়েছে; বাণিজ্য ৫ বিলিয়ন ডলার থেকে ২৫ বিলিয়ন ডলারে উঠেছে; বিনিয়োগ ১’শ মিলিয়ন ডলার থেকে সাড়ে ৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে; ৬ হাজার আফ্রিকান ছাত্র তুরস্কের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়ছে। ‘টারকিশ এয়ারলাইন্স’ আফ্রিকার ৩৯টা দেশের ৬০টা গন্তব্যে যাচ্ছে; যার মাধ্যমে আফ্রিকা এবং বাকি বিশ্বের মাঝে হাব হয়ে যাচ্ছে ইস্তাম্বুল। কিন্তু সাম্প্রতিক সময়ে আফ্রিকার কিছু অংশে সামরিক হস্তক্ষেপ এবং বিভিন্ন দেশে তুর্কিদের তৈরি মনুষ্যবিহীন ড্রোনের বাজার তৈরি হওয়ায় বিশ্লেষকেরা প্রশ্ন করছেন যে, আফ্রিকায় তুরস্ক তার কৌশল পরিবর্তন করে আঞ্চলিক খেলা পরিবর্তন করার মতো অবস্থানে যাবার চেষ্টা করছে কিনা। জার্মানির ‘ইউনিভার্সিটি অব বেইরিউথ’এর গবেষক ইব্রাহিম বাকির আব্দুলাই মনে করছেন যে, সোমালিয়া, লিবিয়া এবং পশ্চিম আফ্রিকায় তুরস্কের ভূমিকা দেখিয়ে দিচ্ছে যে, তুরস্ক আফ্রিকা জুড়েই তার প্রভাব বিস্তার করতে চাইছে।
সাম্প্রতিক সময়ে তুরস্কের তৈরি ড্রোন সিরিয়া, লিবিয়া এবং আজেরবাইজানে ব্যাপক সাফল্য পাবার পর তুর্কিরা প্রচুর ড্রোনের অর্ডার পেতে শুরু করেছে। ইউক্রেন এবং পোল্যান্ডের কাছে তুর্কি ড্রোন বিক্রয়ের খবর এসেছে। মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান প্যারেডে তুর্কি ড্রোন দেখিয়েছে; কিরগিজস্তানও একই ড্রোন অর্ডার করেছে বলছে। এমনকি ব্রিটিশরাও এতে আগ্রহ দেখিয়েছে বলে শোনা যাচ্ছে। আফ্রিকার দেশ তিউনিসিয়াতে তুর্কি ড্রোন বিক্রি হয়েছে, যদিও এই মুহুর্তে তিউনিসিয়ার ক্ষমতা নেয়া প্রেসিডেন্ট কাইস সাইয়েদের সাথে তুরস্কের সম্পর্কের টানাপোড়েন চলছে। মরক্কোতেও তুরস্কের ড্রোন বিক্রি হয়েছে; যেখানে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল পশ্চিম সাহারা নিয়ে মরক্কো এবং আলজেরিয়ার মাঝে ব্যাপক বিরোধ রয়েছে। তুরস্ক দুই দেশের সাথেই সম্পর্ক রেখে চলেছে। ‘আফ্রিকান ইন্টেলিজেন্স’ খবর দিচ্ছে যে, মোজাম্বিকে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যুদ্ধরত রুয়ান্ডার সেনবাহিনী তুর্কি ড্রোন কেনার চিন্তা করছে। কিছুকাল আগ পর্যন্তও তুর্কিরা রুয়ান্ডায় কিছু বড় অবকাঠামো প্রকল্পে কাজ করছিল; এখন সেখানে প্রতিরক্ষাও যোগ হলো। ‘রয়টার্স’ বলছে যে, অফিশিয়ালি ঘোষণা না আসলেও ইথিওপিয়াও তুরস্কের কাছ থেকে ড্রোন কেনার ব্যাপারে একমত হয়েছে। ইথিওপিয়া বর্তমানে বিচ্ছিন্নতাবাদী তিগ্রে অঞ্চলের সাথে প্রায় এক বছর ধরে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে আছে। ইথিওপিয়াতে তুরস্কের বড় রকমের বিনিয়োগ রয়েছে টেক্সটাইল সেক্টরে। দেশটার বড় বড় অবকাঠামোর কাজও তুর্কিরা করছে। নাইজেরিয়াও তার উত্তরাঞ্চলে বোকো হারামের সাথে যুদ্ধে তুর্কি ড্রোন ব্যবহার করতে চাইছে। এঙ্গোলাও তুর্কি ড্রোনের প্রতি আগ্রহ দেখিয়েছে।
আঙ্কারার ‘ফরেন পলিসি সেন্টার’এর ফেলো এমরে চালিসকান বলছেন যে, তুরস্ক মূলতঃ মাঝারি আকৃতির ব্যবসাগুলিতে বিনিয়োগ করেছে; বড় আকারের ব্যবসায় নয়। অর্থাৎ আফ্রিকার সাথে তুরস্কের ব্যবসার প্রসার আসলে খুব বড় কিছু নয়। তবে প্রতিরক্ষা খাতে বিক্রির ব্যাপারগুলি আলাদা; কারণ এর মাঝে থাকে অভিজ্ঞতা ও প্রযুক্তির আদানপ্রদান এবং গভীরতর সহযোগিতা। অনেকেই প্রশ্ন করছেন যে, তুরস্ক কি আফ্রিকাতে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়ার প্রভাবকে চ্যালেঞ্জ করছে কিনা। তারা বলছেন যে, লিবিয়াতে এবং আজেরবাইজানে তুর্কি ড্রোন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পেরেছিল। লিবিয়ার যুদ্ধে পরিবর্তন আনার পরপরই তুরস্ক আফ্রিকাতে শুধুমাত্র মানবিক সহায়তা প্রদানকারী থেকে সামরিক শক্তিতে পরিণত হতে শুরু করে। চালিসকান বলছেন যে, লিবিয়াকে কেন্দ্র করেই আশেপাশের দেশগুলিতে তুরস্ক সামরিক শক্তি হতে চাইছে। তবে লিবিয়ার বাইরে সামরিক ঘাঁটি রাখার মতো অর্থনৈতিক সক্ষমতা তুরস্কের নেই। অপরদিকে চীনারা অস্ত্রও বিক্রি করছে; আবার বিশাল আকারের ঋণও দিচ্ছে।
ইস্তাম্বুলের ‘ইয়েদিতেপে ইউনিভার্সিটি’র এসিসট্যান্ট প্রফেসর ভোলকান ইপেক বলছেন যে, তুরস্কের আফ্রিকায় যাওয়া দেখিয়ে দেয় যে, তারা তাদের আশেপাশের দেশের মাঝে আর কূটনৈতিক কর্মকান্ডকে সীমাবদ্ধ করে রাখতে চাইছে না। এক্ষেত্রে ইউরোপিয় শক্তিদের তুলনায় তুরস্ক এগিয়ে আছে; কারণ তুরস্কের কোন ঔপনিবেশিক ইতিহাস নেই।
তুরস্ক আফ্রিকাতে কার সাথে প্রতিযোগিতা করছে?
‘জি জিরো মিডিয়া’ বলছে যে, আফ্রিকাতে তুরস্কের কর্মকান্ড যার জন্যে সবচাইতে বেশি হুমকির সৃষ্টি করেছে, সে হলো ফ্রান্স। পশ্চিম আফ্রিকায় তুরস্কের অবস্থানের ব্যাপারে সবচাইতে বিরক্ত ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ সরাসরিই বলেছেন যে, তুরস্ক আফ্রিকাতে ফরাসিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। ফরাসি মিডিয়াতে এরদোগানের আফ্রিকা সফরে সাধারণ বাণিজ্যের তুলনায় ড্রোন বাণিজ্যকেই বেশি হাইলাইট করা হয়েছে। ‘ফ্রান্স টুয়েন্টিফোর’এর এক প্রতিবেদনে আফ্রিকাতে তুরস্কের অর্থনৈতিক কর্মকান্ড নিয়ে প্রশ্ন করা হচ্ছে; কারণ তুর্কি মুদ্রা লিরা এখন যথেষ্টই দুর্বল; মুদ্রাস্ফীতি মারাত্মক আকার ধারণ করেছে; দেশটার ব্যাংকিং সেক্টরের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। এমতাবস্থায় ডিসেম্বর মাসে ইস্তাম্বুলে তুরস্ক আফ্রিকা শীর্ষ বৈঠককে কতটুকু স্বার্থক করা সম্ভব? ইতালির ‘ইউনিভার্সিটি অব জেনোয়া’র ফেডেরিকো ডনেলি বলছেন যে, প্রতিবারই আফ্রিকার সাথে তুরস্কের শীর্ষ বৈঠক তুর্কিদের নতুন নীতিকে সামনে নিয়ে এসেছে। এখন নতুন যে দিকটাকে তুর্কিরা গুরুত্ব দিচ্ছে, তা হলো নিরাপত্তা। ড্রোন বিক্রির মাধ্যমে তুর্কিরা আফ্রিকার দেশগুলির সাথে একরকমের দরকষাকষিতে যেতে পারছে; কারণ পশ্চিমাদের ড্রোনগুলির চাইতে কমদামি হলেও তুর্কি ড্রোনগুলির কর্মক্ষমতা যথেষ্ট। আফ্রিকার দেশগুলির নিরাপত্তার জন্যে এই ড্রোনগুলি বড় সুবিধা দিচ্ছে।
ইস্তাম্বুলের সাংবাদিক বারসিন ইনান্স বলছেন যে, এরদোগানের আফ্রিকা সফর তুরস্কের চাইতে ইউরোপেই বেশি আলোচনার জন্ম দিচ্ছে। ইউরোপিয় মিডিয়াতে এব্যাপারে যত বিতর্ক হচ্ছে, তা তুরস্কে প্রায় কখনোই দেখা যায় না। তুরস্কের আফ্রিকা নীতিতে পরিবর্তন এরদোগানের আগেই শুরু হলেও সকলে এব্যাপারে এরদোগানকেই ক্রেডিট দিচ্ছেন। তুরস্কের জ্বালানি উৎসকে আরও শক্ত ভিত দিতে তুরস্ক নাইজেরিয়া থেকে এলএনজি আমদানিতে গুরুত্ব দিতে চাইছে। এই ব্যাপারটা যতটা না হাইলাইট হয়েছে, তার চাইতে ড্রোন বিক্রি নিয়েই কথা হচ্ছে বেশি। নাইজেরিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্ট নাজিম আনিমাশাউন মনে করেননা যে তুরস্ক আফ্রিকাতে কাউকে প্রতিস্থাপিত করতে চাইছে। তিনি বলছেন যে, তুরস্ক তার নিজের জন্যে একটা আলাদা স্থান করে নিতে চাইছে। আরও শক্তিশালী কূটনীতির দিকে যেতে চাইছে তুরস্ক; যেখানে আফ্রিকার দেশগুলি তুরস্কের সাথে পার্টনারিশিপে নিজেরাও লাভবান হবে। উদাহরণস্বরূপ, নাইজেরিয়া চাইছে তার এলএনজির জন্যে বাজার খুঁজতে; যেখানে তুরস্ক এগিয়ে এসেছে নাইজেরিয়ার গ্যাস অবকাঠামোতে বিনিয়োগ করতে। যখন পশ্চিমা তেল কোম্পানিগুলি নিজেদের কর্মকান্ড কমিয়ে ফেলতে চাইছে, তুরস্ক ঠিক সেখানেই নিজেদের জায়গা করে নিতে চাইছে। তুর্কি সাংবাদিক বারসিন ইনান্স বলছেন যে, ইস্তাম্বুলে আসন্ন আফ্রিকা শীর্ষ বৈঠক খুব সহজেই অন্যান্য ইস্যুর নিচে পড়ে যেতে পারে। কারণ তুরস্কের আশেপাশে সিরিয়া, রাশিয়া, ইরাক, ইরান, গ্রিসসহ আরও অনেক ইস্যু রয়েছে; যেগুলি যেকোন সময় সামনে চলে আসতে পারে এবং সেই ইস্যুগুলিকেই মিডিয়া আফ্রিকার চাইতে বেশি গুরুত্ব দিতে পারে। এমনকি তুরস্কে বড় কোন ইস্যু তৈরি না হলেও হয়তো আফ্রিকা শীর্ষ বৈঠক তুর্কি মিডিয়াতে অতবড় হেডলাইন হবে না। তুরস্কের আফ্রিকা নীতি সরকারের কাছে যতটা না গুরুত্বপূর্ণ, সাধারণ জনগণের কাছে ততটা নয়। তবে তুর্কি ব্যবসায়ীরা আফ্রিকার ব্যাপারে যথেষ্টই আগ্রহী। তুর্কি চিন্তাবিদদের মাঝেও খুব কম সংখ্যক আফ্রিকা নিয়ে কথা বলছেন।
তুর্কিরা তাদের উসমানি খিলাফতের ইতিহাসের স্বপ্নে বিভোর। তাই উসমানি সময়ে তুর্কিদের প্রভাবের মাঝে থাকা এলাকাগুলিকেই তুরস্ক টার্গেট করছে। এরদোগানও তুর্কি জনগণের এই আবেগকে কাজে লাগাতে চাইছেন। তবে আফ্রিকা এখনও তুর্কিদের চিন্তায় বেশ ছোট। আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় তুরস্ক এখন সর্বদাই সিরিয়া, রাশিয়া, ককেশাস, ইরাক, ইরান, গ্রিস, ইত্যাদি ইস্যু নিয়ে জর্জরিত; যা কিনা তুর্কি মিডিয়াকে আফ্রিকার ব্যাপারে অনাগ্রহী রেখেছে। এর মাঝে তুরস্কের অর্থনীতি চলছে ধুঁকে ধুঁকে। তুর্কি লিরার ব্যাপক দরপতন এবং মারত্মক মূল্যস্ফীতিই জনগণকে ব্যতিব্যস্ত রাখার জন্যে যথেষ্ট; যা কিনা সামনের নির্বাচনে গুরুত্বপূর্ণ হবে। এমতাবস্থায় এরদোগানের কাছে তুর্কি জনগণের আবেগকে জাগিয়ে রাখাটাই ক্ষমতায় টিকে থাকার ফাউন্ডেশন। তবে তুর্কি জনগণের আবেগকে ব্যবহার করতে গিয়ে তুরস্ক তার নীতিকে যতটা বহির্মুখী করবে, ততই আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিদের সাথে প্রতিযোগিতার মাঝে পড়বে। আফ্রিকা তুরস্কের জন্যে নতুন যুদ্ধক্ষেত্র। এখানে বড় শক্তিদের সাথে প্রতিযোগিতায় তুরস্ক নিজেদের জন্যে আলাদা জায়গা করে নিতে চাইছে। তুরস্কের ড্রোনগুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে ফ্রান্সের দুশ্চিন্তাই হবে সবচাইতে বেশি; কারণ ঔপনিবেশিক শক্তিদের মাঝে দুর্বল হয়ে পড়া ফ্রান্সেরই প্রভাব হারাবার ভয়ে থাকবে সবচাইতে বেশি।





















